• ২১ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Football

খেলার দুনিয়া

এক ডার্বি হেরেই ছন্দপতন! কলকাতা লিগে বড় ধাক্কা মোহনবাগানের

ডার্বির শোক এখনপ কাটিয়ে উঠতে পারেনি মোহনবাগান। এবার লজ্জার হার হল জাতীয় ক্লাব মোহনবাগানের। রবিবাসরীয় ম্যাচে সাদার্ন সমিতির কাছে ২-০ গোলে হারল সবুজ-মেরুন। কলকাতা লিগে বেশ বড় ধরনের ধাক্কা খেল শতাব্দী প্রাচীন মোহনবাগান। রবিবার জোড়া গোল করে দলকে জেতালেন সৌগত হাঁসদা। কলকাতা লিগে চাপের মুখে পড়ল সবুজ মেরুন ব্রিগেড।এদিন বড় ব্যবধানে জিততে চেয়েছিলেন মোহনবাগানের কোচ বাস্তব রায়। তাতে সুপার সিক্সে জায়গা করে নিত দল। সেই আশায় জল ঢেলে দিল সাদার্ন সমিতি। এদিন প্রথমার্ধেই জোড়া গোল করেন সাদার্নের সৌগত। তারপর শত চেষ্টা করেও বিপক্ষের জালে বল গড়াতে পারেনি মোহনবাগান৷ আর ম্যাচেও ফেরা হয়নি। ম্যাচে বারবার আক্রমণ শানিয়েছে, গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছে বাগানের স্ট্রাইকাররা। প্রসঙ্গত, চলতি মরশুমের কলকাতা লিগে মোহনবাগান ছিল অপরাজেয়। এক ডার্বি হেরেই কি ছন্দপতন মোহনবাগানের? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ময়দানে।

আগস্ট ২০, ২০২৩
খেলার দুনিয়া

৪ বছর বাদ ডার্বি জয় ইস্টবেঙ্গলের, মোহনবাগানের বিশ্বকাপার কোনও কাজে এল না

ইস্টবেঙ্গল: ১ (নন্দকুমার) মোহনবাগান: ০East Bengal vs Mohun Bagan match: দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট। তছনছ হয়ে গেল মোহনবাগান ডিফেন্স। নন্দকুমারের শট জাল কাঁপিয়ে দিল সবুজ মেরুনের। ওই এক গোলের ব্যবধান আর কমানো গেল না। যুব ভারতী ক্রীড়াঙ্গনে জ্বলল লাল হলুদ মশাল। ৪ বছর পর ডার্বি জয় পেল ইস্টবেঙ্গল।বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কটিশ-অজি বিশ্বকাপারের পা পড়ল ডার্বির মেগা মঞ্চে। জ্বলে উঠল গ্যালারি। কিন্তু নিমিষেই তা উধাও হয়ে গেল নন্দকুমারের গোলে। মোহনবাগান গ্যালারিতে তখন শ্মশানের নিরবতা।ভারতীয় ফুটবলে উইঙ্গাররাও যে অনায়াসে খেলার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে তা শনিবার যুব ভরতীর ডার্বিতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নন্দকুমার। বোরহার থেকে বল রিসিভ করে যেভাবে নন্দকুমার চলতি ডুরান্ডের অন্যতম দর্শনীয় গোল করলেনন। তাও আবার ট্রান্সফার মার্কেটে ঝড় তোলা অনিরুদ্ধ থাপাকে মাটি ধরিয়ে। এবার আলোচনায় নন্দকুমার। শেষবার যুব ভারতী লাল-হলুদ আবির ভেসেছিল আইলিগে। আইএসএল জমানায় এবারই প্ৰথম।ম্যাচের আগেই লাল হলুদ বস কার্লেস কুয়াদ্রাত স্পষ্ট জানিয়েছিলেন, মোহনবাগানকে বধ করতেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। তা যে কেবল কথার কথা ছিল তা নয়। স্প্যানিয়ার্ড তা বুঝিয়ে দিলেন। এবার আইএসএল-এ খাতায় কলমে সর্বশ্রেষ্ঠ স্কোয়াড গড়েছে নাকি মোহনবাগান। এত শক্তিশালী স্কোয়াডের মালিক হয়েও ফার্নান্দোর ফ্লুইড পাসিং ফুটবল বন্ধ করে দিলেন কুয়াদ্রাত। স্রেফ দুটো প্ল্যানিংয়ে। লিস্টন কোলাসোকে সেভাবে নড়তে পারলেন না মাঝমাঠ থেকে সেভাবে বলের সাপ্লাই না পেয়ে। কোলাসোকে একেবারে বোতলবন্দি করলেন খাবরা। জেভিয়ের সিভেরিও, নন্দকুমার, মহেশরা টানা মোহনবাগান রক্ষণের উপর চাপ বাড়িয়ে গেলেন। শুভাশিস, হ্যামিল, আনোয়াররা টানা সেই চাপ ধরে রাখতে পারলেন না।ম্যাচের শুরুতে অবশ্য সাদিকু বেশ চনমনে ফুটবল উপহার দিচ্ছিলেন। ভয় ধরাচ্ছিলেন ইস্টবেঙ্গল রক্ষণে। মাঝমাঠের দখল নিয়ে ইস্টবেঙ্গল খেলায় আধিপত্য কায়েম করে।ম্যাচের প্ৰথম পর্ব বাদ দিলে ডার্বি বেশিক্ষণ ধরেই ঘুম পাড়িয়ে দিল। কুশলী কুয়াদ্রাত ম্যাচ বেঁধে রাখতে চেয়েছিলেন মিডফিল্ডেই। জানতেন, লিস্টন, মনবীরদের কাছে বলের সাপ্লাই কমে গেলেই ভুলের বহর বাড়বে বাগানে। ঠিক সেটাই হল। খেলার শেষ দশ মিনিট যুবভারতীতে মুষলধারে বৃষ্টি।ইস্টবেঙ্গল প্ৰথম একাদশ: প্রভসুখন গিল, নুঙ্গা, খাবরা, নন্দকুমার, মন্দার রাও দেশাই, সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ, জর্ডন এলসে, জেভিয়ের সিভেরিওমোহনবাগান প্রথম একাদশ: বিশাল কাইথ, ব্রেন্ডন হ্যামিল, আনোয়ার আলি, শুভাশিস বোস, আশিস রাই, গ্লেন মার্টিন্স, হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা, আর্মান্দো সাদিকু, মনবীর সিং, লিস্টন কোলাসো

আগস্ট ১২, ২০২৩
রাজ্য

বর্ধমানে স্কুলের ক্রীড়া পরিকাঠামো দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় অধিনায়কের আক্ষেপ ছাত্র-ছাত্রীদের ক্রীড়া অনিহায়

প্রতি বছরের ন্যায় এবছরেও ধুমধামের সাথে শুরু হল বর্ধমান শহরের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা। শহরের প্রান্তে অবস্থিত দেওয়ানদিঘী অঞ্চলের বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুল বর্ধমান মডেল স্কুলে শুক্রবার দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতযোগীতার সূচনা হয়। সম্প্রীতির বার্তা জানিয়ে একঝাঁক গ্যাস বেলুন আকাশে ওড়ানো হয়। মশাল প্রজ্জ্বলন করে ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বধোন করেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও সুনামের সাথে কলকাতা ময়দানের তিন প্রধান খেলা বর্ষিয়ান গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি।উদ্বোধনী ভাষণে আক্ষেপের স্বরে বর্ষীয়ান খেলোয়াড় জানান, খেলার মাঠে যাওয়ার প্রবণতা এই প্রজন্মের ছেলে-মেয়েদের ক্রমশই কমে যাচ্ছে। তিনি বলেন, আমাদের সময়ে আমরা বেশী খেলতাম বলে অবিভাবকদের বকুনি খেতাম, আর এখন ঠিক তাঁর উল্টোটা। তিনি বাচ্ছাদের মাঠমুখী করার জন্য অবিভাবকদেরও এগিয়ে আসতে বলেন। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য নয়, মানসিক দৃঢ়তা বাড়াতে, দলবদ্ধ ভাবে কোনও কাজ করার মানসিকতা গড়তে ও প্রতি পদক্ষেপের জেতার জেদ তৈরি করতে এর কোনও বিকল্প নেই।বর্ষীয়ান খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি আরও বলেন, শুধু মাত্র ক্রিকেট বা ফুটবল নয়, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবল টেনিস-খেলেও কেরিয়ার তৈরি করা যায়। তিনি বলেন, আমার পরিচিত এক প্রো-কবাডি খেলোয়ারের সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিলো, সে বলেছিলো একটু ভালো কবাডি খেলোয়াড় প্রো-কবাডি টুর্নামেন্ট খেলে বছরে এক কোটি টাকার কাছাকাছি আয় করে। সেই উদাহরণ টেনে তিনি বলেন, শুধুমাত্র জনপ্রিয় খেলার পিছনে না ছুটে বাচ্ছার যেটা মন চায় খেলুক।তিনি বর্ধমানের এই স্কুলের পরিকাঠামো-র ভুয়াসী প্রশংসা করে বলেন, এখানে দুইটি প্রমান মাপের মাঠ, একটি প্রসস্ত ইন্ডোর অডিটোরিয়াম সবই আছে শুধুমাত্র অভাব একঝাঁক উৎসাহী ক্রীড়াপ্রেমী ছাত্র-ছাত্রী। ভাস্কর গাঙ্গুলি স্কুলের কর্নধার অচিন্ত্য কুমার মণ্ডলকে জানান, তাঁকে কোনও প্রয়োজনে লাগলে তিনি তাঁর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত।ভাস্কর গাঙ্গুলি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ী বাচ্ছাদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন। উপস্থিত ছিলেন প্রবীন ক্রীড়া সাংবাদিক ও ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভ ও লাইব্রেরির কিউরেটর আরুপ পাল। স্কুলের কর্নধার অচিন্ত্য কুমার মণ্ডল জনতার কথাকে বলেন, আমার দৃঢ় বিশ্বাস খেলাধুলা কখনই পড়াশোনা-কে ক্ষতি করে না বরং আরও মনোযোগী হতে ও ভবিষ্যৎ জীবনে লড়াইয়ের রসদ যোগান দেয়।

জানুয়ারি ২০, ২০২৩
খেলার দুনিয়া

খেললেন, খেলালেন, গোল করলেন। শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মাঠে উজার করে দিলেন মেসি

তিনি ফুটবলের রাজকুমার নন, রাজাও নন। তিনি ফুটবলের শিল্পী। পায়ের বলটাকে তুলি ভেবে সবুজ গালিচা তে আপন মনে ছবি আঁকেন। সেই শিল্পী কাতার ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের শুরুতেই পেনাল্টিতে গোল দিয়ে কোনঠাসা করে দিলেন বিপক্ষকে। আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করায় পৌঁছে গেলো বিশ্বকাপের ফাইনালে।এই লাতিন আমেরিকান ফুটবলের দেশটি শেষ তিনটি বিশ্বকাপের মধ্যে দুবার ফাইনালে উঠলো। এটি নিয়ে তাঁরা মোট ছয়বার বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দিতা করবে। আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ তে চাম্পিয়ান এবং ১৯৩০, ১৯৯০ এবং ২০১৪ সালে রানার-আপ হয়।লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যচের শুরু থেকেই বিদ্যুৎ গতিতে আক্রমণ শানিয়ে গেছে আর্জেন্টিনা। তাঁদের আক্রমণের ঝাঁজে বেসামাল হয়ে পরে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ। ২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজ দুটি গোল করেন এবং ৩৪ মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন।পেনাল্টি থেকে গোল করার সাথে সাথে লিওনেল মেসির বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে হয় ১১, যারফলে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলে একজন আর্জেন্টিয়ান হিসাবে তালিকায় একেবারে প্রথম স্থানে নিয়ে যায়। এই ম্যাচটি মেসির ২৬তম বিশ্বকাপ ম্যাচ, তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ছুঁয়ে ফেলেন।আর্জেন্টিনা সমর্থকেরা উদ্বেগে রেখেছিলো মেসির বাম হ্যামস্ট্রিং-এ চোট, খেলার বিভিন্ন সময়ে ছোট খাটো আঘাত লাগলেও সেরকম কিছু অঘটন ঘটেনি। চোট আঘাতে জর্জরিত হওয়া সত্ত্বেও তার খেলায় এর কোনও প্রভাব বুঝতে দেননি বিশ্ব ফুটবলের এই শিল্পী। খেলার প্রথম আধঘণ্টা সমানে সমানে টক্কর দেয় ক্রোয়েশিয়া। বেশ কয়েকটি গোলের সুজোগ-ও তাঁরা করে ফেলে। শেষ ১৫ মিনিটে খেলার ছবিটাই বদলে দেয় আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণে নাজেহাল করে তোলে ক্রয়েশিয়াকে। বিশ্বকাপ ছবার সেমিফাইনাল খেলে ছবারই জয়লাভ করে তাঁরা।এখনও পর্যন্ত কাতার বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলেছেন এল এন-১০ সব প্রতিপক্ষ-ই তাঁকে জোনাল মার্কিংয়ে রেখেছিল, বাদ যাইনি ক্রোয়েশিয়াও। মেসি পায়ে বল এলেই পায়ের ওপর ঝাঁপিয়ে পরছিল তিন থেকে চার জন ফুটবলার। এসব করেও মেসিকে বেশিক্ষণ বন্দি রাখতে পারলেন না ক্রোট রা। বার বার বামদিক ডানদিক করে দিশেহারা করে দিলেন প্রতিপক্ষকে। ম্যচ যত এগোল মেসি সারা মাঠে তার বাম পা টিকে তুলির মত ব্যবহার করে রংবাহারি করে দিলেন সবুজ গালিচা। তিনি রক্ষণ ভাগ চিরে পাস দিয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করলেন। সতীর্থকে দিয়ে গোল করলেন। নিজে গোল করালেন। শেষ বাঁশি না বাজা অবধি নিজেকে নিঁগড়ে দিলেন। তাঁর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য যেনো সব কিছু বাজি রাখতে তৈরি তিনি।

ডিসেম্বর ১৪, ২০২২
খেলার দুনিয়া

হিরো ডোমিনিক লিভাকোভিচ, ৪-২ পেনাল্টিতে বিদায় ব্রাজিলের

নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। অতিরিক্ত সময়ের খেলার প্রথমার্ধের শেষ মিনিটে গোল করেছিলেন নেইমার। কিন্তু সেই গোলের ব্যবধান বাড়তি সময়ের দ্বিতীয়ার্ধে শোধ করে দেয় ক্রোয়েশিয়া। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। টান টান খেলা চলতে থাকে। বাড়তে থাকে উত্তেজনা। তারপরই খেলা গড়ায় টাইব্রেকার। পর পর সব পেনাল্টিতেই গোল করেন ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। প্রথমেই ব্রাজিলের রডরিগো মিশ করেন পেনাল্টি। শেষমেশ জয় পায় ক্রোয়েশিয়া। নির্দিষ্ট ৯০ মিনিটের খেলা গোলশূন্য ছিল। ক্রোয়েশিয়ার গোলকিপার ছিল এদিনের খেলার হিরো। এদিন ব্রাজিল ৭টা কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি।Croatias hero... again! 🇭🇷🧤#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/w8QroYs2aJ FIFA World Cup (@FIFAWorldCup) December 9, 2022

ডিসেম্বর ০৯, ২০২২
রাজ্য

‘জাতের নামে বজ্জাতি’র বিরুদ্ধে বন্ধুত্ব ও সম্প্রীতি মাধ্যমে সুস্থ পৃথিবী গড়তে ফুটবলের মাঠে এসএফআই

আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে খেলা হবে স্লোগান সামনে রেখে রে রে করে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবার বস্তবের ফুটবল মাঠে সত্যি সত্যি বল পায়ে খেলতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিপক্ষ সিপিএম-এর ছাত্র যুব সংগঠন। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনায় মাতলো এসএফআই ও ডিওয়াইএফআই।সম্প্রীতির ফুটবল খেলা হল বর্ধমানে। ভারত কাতার বিশ্বকাপ ফুটবলে প্রতিনিধিত্ব না করলেও বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা সহ সারা ভারত। কাতারে যখন ধর্মীয় ফতোয়া, ধর্ম,বর্ণ বিশেষে বিভাজন চলছে, ঠিক তখনই বর্ধমানে রাজপথে সম্প্রীতির বর্ণময় মিছিল করলো এসএফআই এবং ডিওয়াইএফআই।বর্ধমানের মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে হল সম্প্রীতির ফুটবল ম্যাচ। বর্ণময় মিছিলে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন সহ বিভিন্ন দেশের জার্সি ছিল বাম ছাত্র ও যুবদের গায়ে। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ চৌধুরী জানান আমাদের দেশে ধর্ম নিয়ে বিভাজন চলছে, কাতারে চলছে ফতোয়া, চলছে লিঙ্গ বৈষম্য। আমরা সারা বিশ্বকে এই বার্তা দিতে চাইছি না ধর্ম, না বর্ণ, না লিঙ্গ বৈষম্য, না রাজনীতি। চাই ঐক্য ও সম্প্রীতির বিশ্ব।

ডিসেম্বর ০৮, ২০২২
খেলার দুনিয়া

বিশ্বকাপ ফুটবলের মহারণে কখন, কোন সময়ে কোয়ার্টার ফাইনালে কোন দল খেলবে, দেখে নিন একনজরে

ফিফা ফুটবল বিশ্বকাপে আগামী কাল, শুক্রবার( ৯ ডিসেম্বর, রাত ৮.৩০টা) থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। এই পর্বে মোট ৮টি দল অংশ নেবে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অংশ নেবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এশিয়া থেকে কোনও দেশ কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। যদিও নকআউটে খেলেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনালে একমাত্র আফ্রিকান দল টিকে রয়েছে, মরোক্কো। পাঁচটি দল ইউরোপের, ফ্রান্স, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল, ইংল্যান্ড। লাতিন আমেরিকার দুই বড় দল ব্রাজিল ও আর্জেন্তিনা তো রয়েছে। কোন দিন, কোন সময়ে, কে কার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে তার সূচি নিম্নে দেওয়া হল।এক নজরে কোয়ার্টার ফাইনাল ম্যাচঃ(ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম)প্রথম ম্যাচঃব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, ৯ ডিসেম্বর, রাত ৮.৩০টাদ্বিতীয় ম্যাচঃনেদারল্যান্ড বনাম আর্জেন্তিনা, ১০ ডিসেম্বর, রাত ১২.৩০টাতৃতীয় ম্যাচঃমরক্কো বনাম পর্তুগাল, ১০ ডিসেম্বর, রাত ৮.৩০টাচতুর্থ ম্যাচঃইংল্যান্ড বনাম ফ্রান্স, ১১ ডিসেম্বর, রাত ১২.৩০টাএবারের বিশ্বকাপে একাধিক তথাকথিত বড় দল অপেক্ষাকৃত সাধারণ দলের কাছে হেরে গিয়েছে। বিদায় নিয়েছে স্পেনের মতো হেভিওয়েট দল। তবে এখনও মেসি, এমবাপে, ক্রিশ্চানো রোনাল্ডোর মতো তারকারা রয়েছে। ফুটবল বোদ্ধাদের নজরে এখন আর কোনও অঘটন ঘটে কিনা সেদিকে। আফ্রিকার একমাত্র দল মরোক্কো আর কোনও বড় দলকে বেগ দেয় কিনা সেটাও দেখার।

ডিসেম্বর ০৮, ২০২২
রাজ্য

তৃণমূল কংগ্রেসের নিচুতলা নেতাদের সতর্ক করে যুবনেত্রী জানালেন "বাপেরও বাপ আছে"

নদীয়ার চাপড়ার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকদেব ব্রহ্মের বিরোধীদের হুঁশিয়ারি সম্পর্কে সরব হলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, এইসব বড় বড় কথা যাঁরা বলছেন তাঁরা নিজেকে মমতা বন্দ্যপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা ভাবছেন। যাঁরা নিজেদেরকে দলের থেকেও বড় মনে করবেন তাঁদের ক্ষেত্রে মানুষ অবধি সুযোগ যাবে না। দলই ঠিক সময়ে তাঁদেরকে বসিয়ে দেবে। একই সঙ্গে সায়নী স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেখছেন তো অভিষেকদা যাবার পরেই এদিন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে পদ থেকে ইস্তফা দিতে হয়েছে।সায়নী আরও বলেন, কেউ যদি ভাবে আমি তৃণমূল করি, তৃণমূল আমাদের জায়গা দিয়েছে। কিন্তু আমরা আমাদের লিডারের কথা অমান্য করে, প্রশাসনকে অমান্য করে ধমকি দেব ধামকি দেব সেই সব চলবে না। তাদের যেন মাথায় থাকে বাপেরও বাপ আছে।রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের আউশগ্রামের একটি ফুটবল প্রতিযোগিতার আসরে সায়নী ঘোষ উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন খেলা হবে। দুমাস পর খেলা হবে। এখানে উল্লেখ্য চাপড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকদেব ব্রহ্ম প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পঞ্চায়েত ভোটের দিন সিপিএম ও বিজেপিকে ঘর থেকে বার হতে দেব না। ওদের ঘরবন্দী করে রাখবো।পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে প্রতিনিয়ত বলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবুও রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত ভোটে বিরোধীদের টাইট দেওয়ার নানা নিদান দিচ্ছেন প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে।

ডিসেম্বর ০৫, ২০২২
খেলার দুনিয়া

মেসি ম্যাজিকে উচ্ছ্বসিত, উদ্ভাসিত ক্রিকেট বিশ্ব, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের গ্রুপ লিগের প্রাথমিক ম্যাচে সৌদি আরবে কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবল বিশ্বের একাংশ গেল গেল রব তুলেছিলেন। মেসি ম্যাজিক নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন অনেকে। এদিন নকআউটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরতে পরতে মেসি ম্যাজিক উদ্ভাসিত হল। একের পর অস্ট্রেলিয়া ডিফেন্ডারকে হেলায় ডজ করলেন। লিওনেল মেসির গোলেই খেলার প্রথমার্ধের ৯ মিনিটে এগিয়ে নীল-সাদাদের দল। তারপর অ্যালভারেজের গোলে ২-০ করে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের মুখোমুখি হবে মারাদোনার দেশ। এদিন খেলার শুরু থেকেই মাঠের দখল নেয় আর্জেন্টিনা। সারা মাঠজুড়ে খেলতে থাকে মেসিরা। আর্জেন্টিনার থেকে অস্ট্রেলিয়া ফুটবলাররা উচ্চতায় বেশি হলেও কর্ণার বা ফ্রিকিকের কোনও সুযোগ নিতে পারেনি হলুদ জার্সিধারীরা। তবে আর্জেন্টিনার ডিফেন্ডাররা গোলকিপারের দিকে ব্যাকপাস দিতে গিয়ে কয়েকবার বিপদ ডেকে আনছিলেন। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে অস্ট্রেলিয়ার গোলের দিকে শট নেন। আর্জেন্টিনার ডিফেন্ডারের পিঠে লেগে বল দ্বিতীয় পোস্টে গোলে ঢুকে যায়। ফের খেলার ৮০ মিনিটের মাথায় বড় সুযোগ পায় অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডার মার্টিনেজ বল ক্লিয়ার করে সে যাত্রা দলকে রক্ষা করেন। একাধিক সুযোগ পেলেও আর্জেন্টিনা গোল দিতে পারেনি। ফুটবলের রাজপুত্র এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে তুলে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার। তবে এদিন ফের নিজের জাত চিনিয়েছেন লিওনেল। মেসির পায়ের যাদু দেখার পর আপাতত তাঁর সমালোচকরা মুখ বন্ধ রাখবেন বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। যেভাবে অস্ট্রেলিয়া বক্সে মেসি শাসন করেছে তা ছিল দেখার মতো। আরও বেশি গোল হতে পারত আর্জেন্টিনার। মেসির পায়ের জাদুতে কুপোকাৎ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে প্রথম নকআউটে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছে আমেরিকাকে। নেদারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা।

ডিসেম্বর ০৪, ২০২২
খেলার দুনিয়া

কাতার বিশ্বকাপের মাঝে জমাটি মহিলা ফুটবলের আসর বর্ধমানে

ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স নিয়ে চায়ের কাপে তুফান তুলছে বাঙালি। যতই আইপিএল (ক্রিকেট) থাকুক চার বছর অন্তর এই মহাযজ্ঞ-র আশায় বুক বাঁধে চায়ের দোকানি থেকে কর্পোরেট বাবু হয়ে টিউশান পড়ানো বেকার ছেলেটা...। ভারত খেলছে না তো কি হয়েছে? ব্রাজিল - আর্জেন্টিনা সমর্থনে দেশ দু ভাগ। সাধে কি লোকে বলে গ্রেটেস্ট শো অন আর্থ!। রাতে নাকি চুরি কমে গেছে! কারণ? বাঙালি রাত জেগে ফুটবল দেখছে। কাতার যখন ফুটবলের মহাযজ্ঞে ব্যস্ত, ঠিক সেই সময় বর্ধমানের অদূরে রবিবার ছুটির দিনে হয়ে গেল মহিলাদের একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট।শহর বর্ধমান থেকে কয়েক কিলোমিটার দূরে দামোদর পেড়িয়ে এক ছোট্ট গ্রাম বেরুগ্রাম। রবিবার শীতের আমেজে বেরুগ্রাম পশ্চিম পাড়ায় তুরুক দিঘির ফুটবল ময়দানে স্বর্গীয় সুনীল কুমার ঘোষের স্মৃতির উদ্দেশ্যে একদিনব্যাপী মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করেছে। কালনা, গুড়াপ, সগরাই ও বোলপুর থেকে এই চারটি দল আসে।জমজমাট এই টুর্নামেন্টের প্রধান অতিথ ছিলেন প্রাক্তন ভারতীয় মহিলা ফুটবল দলের অধিনায়িকা কুন্তলা ঘোষ দস্তিদার। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় ও কোচ সবিতা মজুমদার, বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট গৌতম গাঙ্গুলী, বর্ধমান ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও কলকাতা বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বনবিহারী যশ এবং আদর্শ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত সুবীর দে।চারটি দলের এই খেলায়, প্রথম সেমিফাইনালে বোলপুর আর সগরাই এর মধ্যে যে খেলা হয় তাতে বোলপুর জয়লাভ করে সরাসরি ফাইনালে পৌঁছে যায়। পরের সেমিফাইনাল ম্যাচে গুড়াপ বানাম কালনার খেলায় গুরাপ জয়লাভ করে। ফাইনালের খেলা অক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে। বিশ্বকাপের খেলা চললেও এই খেলায় দর্শক সমাগম ছিলো দেখার মত। খেলাটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুদেষ্ণা আচার্য। তাঁর অনবদ্য সঞ্চালনা খেলাটিকে এক অন্য মাত্রা দেয়। তিনি জনতার কথা কে জানান, বিশ্বকাপ জ্বরের মধ্যেও যথেষ্ট দর্শক সমাগম হয়েছিল আজ বেরুগ্রামে। প্রত্যেকটি দলের মেয়েরা জানপ্রান দিয়ে লড়াই করে নিজেদেরকে ভারতীয় ফুটবল দলের অধিনায়িকার সামনে উজার করে দেয়। চুড়ান্ত খেলায় বোলপুর বনাম গুরাপের ম্যাচে বোলপুর এক গোলে জয়লাভ করে। এই খেলার মুল উদ্যোক্তা তরুণ ঘোষ।

নভেম্বর ২৭, ২০২২
খেলার দুনিয়া

কাতার বিশ্বকাপে বড়সড় অঘটন, প্রথম ম্যাচেই চাপে পড়ল মেসির আর্জেন্টিনা

২০১৯ থেকে কেউ হারাতে পারেনি আর্জেন্টিনাকে। নীল সাদা জার্সি-ধারীরা টানা ৩৬ ম্যাচ অপরাজিত। অপরাজিত আর্জেন্টিনাকে হারতে হল সৌদি আরবের কাছে। কাতারের লুসেইল স্টেডিয়ামে ১-০ এগিয়েও শেষে আর্জেন্টিনা হারল ১-২ গোলে। অফসাইডের জন্য মেসির দলের ৩টে গোল বাতিল হয়ে যায়। আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি। সৌদি আরবের গোলদাতা আল সেহরি, আল দসেরি। বড়সড় অঘটন ঘটাল সৌদি আরব।চলতি কাতার বিশ্বকাপের প্ৰথম অঘটনের কাহিনী ঘটে গেল আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে। মেসি ১০ মিনিটেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। পিছিয়ে থেকেও দমে যায়নি সৌদি আরব। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে আল সেহরি এবং সালেম আল দাসওয়ারি গোল করেন। দুজনেই বিশ্বফুটবলের ইতিহাসে নাম লেখালেন।প্রথমার্ধে মেসির গোলে ১-০ এগিয়ে মাঠ ছেড়েছিল মারাদোনার দেশ। দ্বিতীয়ার্ধে খেলার সমতা ফেরান সৌদি আরবের সালেহ আল সেহরি। পাঁচ মিনিট পর ফের গোল আরবের। সেই গোল আর শোধ করতে পারেনি মেসির দল। চেষ্টার কোনও কসুর করেনি আর্জেন্টিনা। আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু ডিফেন্স মজবুত ছিল সৌদি আরবের। তা আর ভাঙা যায়নি। গোলকিপার একাধিক সেভ করেছে। পরবর্তী মেক্সিকো ম্যাচ এখন টিকে থাকার লড়াই আর্জেন্টিনার কাছে।

নভেম্বর ২২, ২০২২
খেলার দুনিয়া

বর্ধমানের জঙ্গলমহলে টানটান ফুটবল টুর্নামেন্ট, জিতলেই এক লাখ

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের একেবারে শেষপ্রান্তে গেঁড়াই গ্রামে শুরু হল একমাস ধরে টানটান ফুটবল ম্যাচ। মোট ১৬ টি দল এই ম্যাচে খেলবে। এবারে এই প্রতিযোগিতা পড়ল পঞ্চাশতম বর্ষে। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল লালন এলাকায় দাতা লালন হিসেবে পরিচিত। তিনিই এই কর্মকান্ডের রুপকার। গোটা এলাকার মানুষের আগ্রহ আর উৎসাহ মিলে এই প্রতিযোগিতা একটা গ্রামীণ মেলার রূপ নেয়।বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি শম্পা ধারা, বিধায়ক অভেদানন্দ থান্ডার, যুবনেতা রাসবিহারী হালদার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ছিলেন পদ্মশ্রী শিক্ষাবিদ সুজিত চট্টোপাধ্যায়। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। আতশ বাজি পোড়ানো হয়। পরিবেশিত হয় আদিবাসী নাচ, ডান্ডিয়া;,মেয়েদের ঢাকের দল ও মেয়েদের ব্যাণ্ডের অনুষ্ঠান। সম্পূর্ণ মেয়েদের রেফারি টিম খেলা পরিচালনা করে। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার মানুষের ঢল নামে। এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা পুরস্কার পাবেন এক লক্ষ টাকার। এইরকম একটা প্রত্যন্ত এলাকায় এমন ফুটবল ম্যাচ সত্যিই তারিফ করার মতই।আয়োজক আব্দুল লালন জানান, ফুটবলের প্রতি হারিয়ে যাওয়া উন্মাদনা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।

অক্টোবর ৩০, ২০২২
খেলার দুনিয়া

ভরসা দিতে পারবেন?‌ বাগানে খেলতে এলেন অস্ট্রেলিয়ার পেত্রাতোস

এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এমন একজন ফুটবলারকে চাইছিলেন, যিনি স্ট্রাইকারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনেও খেলতে পারেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে এবং ক্লাব ফুটবলে স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন দিমিত্রি পেত্রাতোস। এবার সবুজমেরুণের আক্রমণভাগকে ভরসা দিতে মঙ্গলবার কলকাতা চলে এলেন এই অসি ফুটবলার। এটিকে মোহনবাগান যে স্ট্রাইকার সমস্যাতে ভুগছে, ডুরান্ড কাপেই তার প্রমাণ পাওয়া গেছে। পজিটিভ স্ট্রাইকার বলতে যা বোঝায়, সেই অর্থে তেমন ফুটবলার এই মুহূর্তে এটিকে মোহনবাগানে তেমন নেই। লিস্টন কোলাসে, আশিক কুরুনিয়ান, হুগো বোমাসরা পজিটিভ স্ট্রাইকার নন। মনবীর সিং, কিয়ান নাসিরিদের একার দক্ষতার ম্যাচ জেতানোর ক্ষমতা নেই। এখন দেখার এদের সঙ্গে যোগ দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা দিমিত্রি পেত্রাতোস।পেত্রাতোসকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন এটিকে মোহনবাগানের কর্তারা। কয়েকশ সবুজমেরুণ সমর্থকও হাজির ছিলেন। এই অসি ফুটবলার বিমানবন্দর থেকে বার হতেই সমর্থকরা জয় মোহনবাগান স্লোগান দেন। তাদের সঙ্গে পেত্রাতোসের মুখেও শোনা যায়, জয় মোহনবাগান। বিমানবন্দরে নেমেই সংবাদমাধ্যমকে পেত্রাতোস জানান, এএফসি কাপ জয়ের লক্ষ্য নিয়েই তিনি এটিকে মোহনবাগানে খেলতে এসেছেন।দেশের হয়ে রাইট উইঙ্গারেও খেলেছেন দিমিত্রি পেত্রাতোস। প্রয়োজনে জুয়ান ফেরান্দো পেত্রাতোসকে উইঙ্গারেও ব্যবহার করতে পারেন। এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর পেত্রাতোস বলেছিলেন, বিভিন্ন পজিশনে খেলতে পারি, সেটা কোচ জানেন। কোচই ঠিক করবেন আমাকে কোন পজিশনে খেলাবেন। এখানে আমাকে কোন জায়গায় খেলতে হবে, তা ঠিক করবেন কোচ। যে কোনও ফুটবলারের কাছে গোল করাটা বড় ব্যাপার। কোচ যদি আমাকে সেই দায়িত্ব দেন, আপ্রান চেষ্টা করব দায়িত্ব পালন করার। গোল করতেই হবে, এটা ভেবে আমি কখনও মাঠে নামি না। মাঠে নেমে খেলা উপভোগ করাটাই লক্ষ্য থাকে। দলের সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রথম কাজ। ব্রেন্ডন হ্যামিলও দলে রয়েছে। আশা করছি দ্রুত মানিয়ে নিতে পারব। ৬ বছর আগে দুরন্ত ফ্রিকিকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পেত্রাতোস। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে ওই রকম গোল নাকি আর কেউ করতে পারেননি।

আগস্ট ৩০, ২০২২
খেলার দুনিয়া

সুমিতের ‘‌উপহার’‌ ‌আত্মঘাতী গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের

ডুরান্ড কাপের মরণবাঁচন ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে বাজিমাত এটিকে মোহনবাগানের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টিকে রইল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। সুমিত পাসির উপহার দেওয়া আত্মঘাতী গোলে জয় পেল সবুজমেরুণ।আড়াই বছর পর কলকাতায় ডার্বি। উত্তাল কলকাতা। টিকিটের হাহাকার। যুবভারতীর গ্যালারি কানায় কানায় ভর্তি। ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে। দুই দলের কাছেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে থাকার মরণবাঁচন লড়াই। দুর্দান্ত একটা ম্যাচের সবরকম রসদই মজুত ছিল। প্রথমার্ধে ম্যাড়মেড়ে ফুটবল। দ্বিতীয়ার্ধে বদলে গেল ছবিটা। দুর্দান্ত ফুটবল উপহার দিলেন দুই দলের ফুটবলাররা।এদিন প্রথমার্ধে কোনও দলের কোচই ঝুঁকি নিতে চাননি। তার মধ্যেই আধিপত্য ছিল এটিকে মোহনবাগনের। ইমামি ইস্টবেঙ্গল তাঁর দলের তুলনায় অনেকটাই দুর্বল। তা সত্ত্বেও শুরু থেকে আক্রমণের রাস্তায় হাঁটেননি সবুজমেরুণ কোচ। প্রথমার্ধে বিক্ষিপ্ত লগ্নে আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, হুগো বুমোসরা লালহলুদ ডিফেন্সে হানা দিলেও ইভান গঞ্জালেস, কিরিয়াকোরা সজাগ থাকায় কাজের কাজ কিছু হয়নি। ১৬ মিনিটে একটা ভাল প্রয়াস করেছিলেন আশিক কুরুনিয়ান। একক প্রচেষ্ঠায় বল ধরে ডিফেন্ডারদের চক্রব্যূহ ভেদ করে এগিয়ে গিয়ে বাঁপায়ে শট নিয়েছিলেন। তাঁর সেই শট পোস্টের অনেকদূর দিয়ে বেরিয়ে যায়। ২০ মিনিটেও আশিস, বুমোসদের একটা প্রয়াস ঠান্ডা মাথায় সামাল দেন কিরিয়াকোরা। ২২ মিনিটে কুরুনিয়ানারের সেন্টারে পা ছোঁয়াতে পারলে গোল পেতেন লিস্টন।৩৪ মিনিটে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম প্রয়াস। ইভান গঞ্জালেসের বাঁপায়ের দুরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই কর্ণার পেয়েছিল এটিকে মোহনবাগান। হুগো বুমোসের কর্ণার বিপদমুক্ত করেন লালহলুদ গোলকিপার কমলজিৎ সিং। প্রথমার্ধে সবাই যখন ধরে নিয়ে ম্যাচ গোলশূন্য থাকতে চলেছে, তখনও সুমিত পাসির আত্মঘাতী গোলে এগিয়ে যায় এটিকো মোহনবাগান। লিস্টনের কর্ণার সুমিত পাসির বুকে লেগে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে একেবারে ভিন্ন ছবি। সমতা ফেরানোর জন্য শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ৫ মিনিটের মধ্যে দুদুটি সুযোগও তৈরি হয়। ৪৭ মিনিটে ক্লেইটন সিলভার সেন্টার এটিকে মোহনবাগান রক্ষণে বিপদমুক্ত হয়ে ফিরলে ফিরতি বলে শট নেন অনিকেত যাদব। বল অল্পের জন্য বাইরে যায়। এক মিনিট পরেই সেই ক্লেইটন সিলভার সেন্টার এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে একা পেয়েও জালে রাখতে পারেননি সুমিত পাসি। গোলটি করতে পারলে ভুলের প্রায়াশ্চিত্য হত।The only way to celebrate a Derby goal! 💚️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/1GyJO7VW44 ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 28, 2022৫৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। ইভান গঞ্জালেসের ভুলে বক্সের ঠিক মাথায় বল পেয়ে যান আশিক কুরুনিয়ান। বল নিয়ে ভেতরে ঢুকে শট নেন। তাঁর সেই শট দারুণ তৎপরতার সঙ্গে বাঁচান লালহলুদ গোলকিপার। ৫৬ মিনিটে বক্সের মধ্যে লুজ বল পেয়ে যান পোগবা। তাঁর শট গোললাইন থেকে বাঁচান কিরিয়াকু।দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণে খেলাটা দারুণ জমে উঠেছিল। দুই দলই ইতিবাচক ফুটবল খেলায় গোলের সুযোগও তৈরি হয়। তবে কাজে লাগাতে পারেনি। ৭২ মিনিটে ডানদিক থেকে উঠে এসে দারুণ সেন্টার করেছিলেন ইভান গঞ্জালেস। ক্লেইটন সিলভার হেড সরাসরি সবুজমেরুণ গোলকিপার বিশাল কাইথের হাতে চলে যায়। ৭৪ মিনিটে বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন এটিকে মোহনবাগানের কার্ল ম্যাকহিউ।

আগস্ট ২৮, ২০২২
খেলার দুনিয়া

ডার্বির আগে হতাশ লালহলুদ কোচ কনস্টানটাইন, চ্যালেঞ্জ নিচ্ছেন জুয়ান ফেরান্দো

ডার্বির আগে সমস্যায় ইমামি ইস্টবেঙ্গল। প্রস্তুতিতে ব্যাঘাত। দল নিয়ে অনুশীলনেই নামতে পারলেন না স্টিফেন কনস্টানটাইন। বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। ঘন্টাখানেক অপেক্ষা করার পর ফুটবলারদের নিয়ে হোটেলে ফিরে গেলেন লালহলুদ কোচ।এদিন ক্লোজ ডোর অনুশীলনের পরিকল্পনা ছিল ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনের। কিন্তু অনুশীলন শুরুর আগে প্রবল বৃষ্টি। ফলে পরিকল্পনায় ব্যাঘাত। ডুরান্ড কাপে দুদুটি ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর দলের। এখনও জয়ের মুখ দেখেনি ইমামি ইস্টবেঙ্গল। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ডার্বিতে জেতা ছাড়া রাস্তা নেই। কিন্তু শক্তিশালী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে লালহলুদ ব্রিগেড কতটা জ্বলে উঠতে পারে, সেটাই দেখার।শক্তির বিচারে জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান অনেকটাই এগিয়ে। ইমামি ইস্টবেঙ্গলের মতো এখনও জয় পায়নি সবুজমেরুণ শিবির। পয়েন্টের বিচারে লালহলুদের চেয়ে পিছিয়ে রয়েছে। এই অবস্থায় ডার্বি ম্যাচ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ডার্বিতে মাঠে নামার আগে তিনি বলেন, ডার্বির আবেগ সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি এই ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। জয় ছাড়া কিছু ভাবছি না। অতীতের পরিসংখ্যানকে আমি কখনও গুরুত্ব দিই না। কে কটা ম্যাচ জিতেছে তার কোনও প্রভাব রবিবারের ম্যাচে পড়বে না। আমাদের লক্ষ্য হল তিন পয়েন্ট নিশ্চিত করা। আশা করি সেটাই হবে। ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে তাঁর দল যে চাপে নেই, সেকথাও পরিস্কার করে দিয়েছেন ফেরান্দো। তিনি বলেন, ডার্বি নিয়ে কোনও চাপ নেই। শেষ দুটো ম্যাচে জিততে পারিনি বলে হতাশ হলেও চিন্তিত নই। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জিততেও পারতাম। খারাপ খেললে বা গোলের সুযোগ তৈরি করতে না পারলে চাপ থাকত। একটা অনুশীলন ম্যাচ খেলে নেমে পড়েছি ডুরান্ডে। দল সবে তৈরি হয়েছে। কিছু ভুলত্রুটি হচ্ছে। আশা করছি ডার্বিতে সেটা হবে না।এদিকে, ডার্বির আগে অনুশীলনের সুযোগ না পেয়ে হতাশ ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। তিনি বলেছেন, অনুশীলনটা খুবি জরুরি ছিল। এটা কঠিন ম্যাচ। আমরা অনেক দেরিতে প্রস্তুতি শুরু করেছি। উন্নতি করার অনেক জায়গা রয়েছে। আমরা এখনও ম্যাচ ফিট হওয়ার চেষ্টা করছি। সব ম্যাচেই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করি। রবিবারের ম্যাচেও সেটাই করব। এই ম্যাচ আমাদের সামনে আরও একটা সুযোগ।আই লিগ ও আইএসএল মিলিয়ে শেষ পাঁচটি সাক্ষাতে এগিয়ে পালতৌলা নৌকা। ইস্টবেঙ্গল শেষবার মোহনবাগানকে হারিয়েছে ২০১৯ সালের ২৭ জানুয়ারি। করোনা অতিমারী পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে আইএসএল ডার্বি। ২০২০ সালের ১৯ জানুয়ারির পর ফের যুবভারতীতে বসছে বড় ম্যাচের আসর। ডুরান্ড কাপে কলকাতার বড় ম্যাচে পারস্পরিক দ্বৈরথে লাল হলুদের জয় ৮টি ম্যাচে, ৬টিতে জিতেছে সবুজ মেরুন, পাঁচটি ড্র।

আগস্ট ২৭, ২০২২
খেলার দুনিয়া

সুযোগ নষ্টের খেসারত দিয়ে মোহনবাগানের পথে ইস্টবেঙ্গল

ডার্বির ড্রেস রিহার্সাল মোটেই সুখের হল না ইমামি ইস্টবেঙ্গলের কাছে। রাজস্থান ইউনাইটেডের কাছে আটকে যেতে হল লালহলুদ ব্রিগেডকে। সুহের, সুমিত পাসিদের অজস্র গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইমামি ইস্টবেঙ্গলকে। ম্যাচের ফল গোলশূন্য।রবিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে প্রথম একাদশ বেছে নেওয়ার জন্য রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচই ছিল ইমামি ইস্টবেঙ্গলের কাছে ড্রেস রিহার্সাল। এদিন প্রথম একাদশে চারচারটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন লালহলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। দুই বিদেশি অ্যালেক্স লিমা ও কিরিয়াকু প্রথম একাদশে। সঙ্গে আগের ম্যাচে পরিবর্ত হিসেবে নামা তুহিন দাস ও জেরি। আগের ম্যাচে মাত্র একজন গোলকিপার নিয়ে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এদিন রিজার্ভ বেঞ্চে নবীন কুমার।রাজস্থান ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। তাই এদিন সতর্ক হয়ে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই অবশ্য লালহলুদের আধিপত্য। ভিপি সুহের, সুমিত পাসিরা একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। ১৭ মিনিটে এগিয়ে যেতে পারত ইমামি ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে আক্রমণে উঠে এসে সেন্টার করেন সুহের। সামনে রাজস্থান ইউনাইটেডের গোলকিপারকে একা পেয়েও বাইরে হেড করেন সুমিত। এক মিনিট পরেই সুহেরের সুযোগ নষ্ট। ২৬ মিনিটে অমরজিৎ সিংয়ের দুর্দান্ত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। পেনিট্রেটিভ জোনে সুহের, সুমিত, অমরজিৎরা আর একটু তৎপর হলে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যেত ইমামি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে দুদুটি পরিবর্তন করেন স্টিফেন কনস্টানটাইন। কিরিয়াকুর জায়গায় ইভান গঞ্জালেস ও অমরজিৎ সিংয়ের জায়গায় সৌভিক চক্রবর্তী। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে লালহলুদের আক্রমণের ঝাঁঝ বেশি ছিল। তবে গোলের মুখ খুলতে পারেননি সুমিত পাসি, সুহের। বরং রাজস্থান ইউনাইটেডের সামনে জয়ের সুযোগ এসে গিয়েছিল। ৬১ মিনিটে পেনাল্টি পায় রাজস্থান। বারবোসার শট ঝাঁপিয়ে বাঁচান লালহলুদ গোলকিপার কমলজিৎ। শেষদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেজান্দ্রোকে। তাতেই লাভের লাভ কিছু হয়নি। পরপর দুটি ম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠার কাজ কঠিন করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের মতোই অবস্থা লালহলুদের।

আগস্ট ২৫, ২০২২
খেলার দুনিয়া

মুম্বইয়ের কাছে আটকে গিয়ে চাপ বাড়ল এটিকে মোহনবাগানের

২৮ আগস্ট ডুরান্ত কাপের ডার্বি। তার আগে চূড়ান্ত অস্বস্তিতে এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির কাছে হার। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয়ের আশায় রীতিমতো শক্তিশালী দল নামিয়েছিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। তাতেই হাল ফিরল না এটিকে মোহনবাগানের। দ্বিতীয় ম্যাচে জয় অধরা। মুম্বই এফসির সঙ্গে ড্র করে চাপে পড়ে গেল সবুজমেরুণ। ম্যাচের ফল ১১। ২৮ আগস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে না পারলে ডুরান্ত থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে জুয়ান ফেরান্দোর দলের। গত মরশুমে আইএসএলে সবুজমেরুণের সবচেয়ে ধারাবাহিক ছিলেন লিস্টন কোলাসো। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধেও পুরনো ছন্দে ছিলেন। একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। এদিনও শুরু থেকেই দারুণ দাপট দেখান কোলাসো। উইং দিয়ে বারবার ভেতরে ঢুকে ব্যতিব্যস্ত রাখছিলেন মুম্বই সিটি এফসি ডিফেন্সকে। রাজস্থান ম্যাচের ভুলের প্রায়াশ্চিত্য করেন লিস্টন। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শুরু থেকেই প্রাধান্য ছিল এটিকে মোহনবাগানের। ২ মিনিটেই এগিয়ে যেতে পারত সবুজমেরুণ। বক্সের মাথা থেকে নেওয়া লিস্টন কোলাসোর শট পোস্টে লেগে ফিরে আসে। মিনিট দশেক পরে আরও একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু শট নিতে দেরী করায় গোল পাননি। ৩৯ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। আশিস রাই গোললাইনে পৌঁছে সেন্টার করেন। মুম্বই সিটি গোলকিপার ফুরবা লাচেনপা বল বিপন্মুক্ত করতে যান। তাঁর হাতে লেগে বল চলে যায় লিস্টন কোলাসোর কাছে। ডানপায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন লিস্টন। প্রথমার্ধেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মুম্বই সিটি এফসি। কিন্তু গ্রেগ স্টিওয়ার্টের পাস থেকে বিপিন সিং-এর শট বাঁচিয়ে দেন এটিকেএমবির গোলরক্ষক বিশাল কাইথ।৬৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিয়ান নাসিরির পাস থেকে মনবীর সিং শট নেওয়ার আগে গ্রিফিটের চ্যালেঞ্জ কোনও বিপদ তৈরি হয়ে দেয়নি মুম্বইয়ের জন্য। ৭৭ মিনিটের মাথায় মুম্বই সিটি এফসির হয়ে ম্যাচে সমতায় ফেরান জর্জে পেরেইরা ডিয়াজ। সঞ্জীব স্ট্যালিনের পাস থেকে হেডে মুম্বইকে সমতায় ফিরিয়ে আনেন তিনি। ম্যাচের একে বারে শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান কিন্তু শেষ মুহূর্তের শটটি লক্ষ্যে ছিল না। এই ম্যাচে ড্র-এর ফলে দুই ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১ এবং চার দলের গ্রুপে তারা রয়েছে তৃতীয় স্থানে।

আগস্ট ২৪, ২০২২
খেলার দুনিয়া

বাগানের মতো হাল হল না লালহলুদের, প্রথম ম্যাচে ড্র ইস্টবেঙ্গলের

লালহলুদ সমর্থকরা স্বপ্ন দেখতেই পারেন। মরশুমের প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে অন্তত এটিকে মোহনবাগানের মতো মুখ থুবড়ে পড়তে হল না। ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় নৌ বাহিনীর সঙ্গে গোলশূন্য ড্র করল ইমামি ইস্টবেঙ্গল। একাধিক সুযোগ নষ্ট করে জেতা ম্যাচ হাতছাড়া করলেন পিভি সুহেররা। জয় না এলেও এদিন যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়েছে লালহলুদ ব্রিগেড।মরশুমের প্রথম ম্যাচ যে কোনও দলের কাছেই কঠিন। তার ওপর অন্য দলগুলির তুলনায় অনেক দেরিতে প্রস্তুতিতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। বিদেশিরাও দলে যোগ দিয়েছেন দেরিতে। ফলে এখনও সেভাবে দলকে গুছিয়ে নিতে পারেননি স্টিফেন কনস্টানটাইন ও তাঁর সহকারী বিনু জর্জ। তার মধ্যেই যতটা সম্ভব বোঝাপড়া তৈরি করে নিয়েছেন।এদিন ভারতীয় নৌ বাহিনীর বিরুদ্ধে বিদেশি ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন কনস্টানটাইন। শুরুতেই চোট পেয়ে বেরিয়ে যান মহেশ সিং। তাঁর পরিবর্তে তুহিন দাসকে মাঠে নামান লালহলুদ কোচ কনস্টানটাইন। পরিবর্ত হিসেবে মাঠে নেমে নজরকাড়া ফুটবল উপহার দিলেন এই মিডফিল্ডার। তাঁর দিক দিয়েই এদিন ইস্টবেঙ্গলের অধিকাংশ আক্রমণ গড়ে ওঠে। বলের দখল বেশি থাকলেও প্রথমার্ধে সেরকম সহজ সুযোগ তৈরি করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। তার মধ্যেই ২১ মিনিটে অমরজিৎ সিং গোল করার সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি।দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন করেন স্টিফেন কনস্ট্যানটাইন। অ্যালেক্স লিমার সঙ্গে মাঠে নামান রাকিপকে। রাকিপকে রাইট ব্যাকের জায়গায় নামিয়ে সুমিত পাসিকে আক্রমণভাগে তুলে দেন। এরপর মাঠে নামান মহীতোষ রায় ও শৌভিক চক্রবর্তীকে। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেকবেশি আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন সুমিত পাসি। তাঁর শট পোস্টে লাগে। ৭৫ মিনিটে একা গোলকিপারকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৮২ মিনিটে তুহিনের সেন্টার ফাঁকা গোলে ঠেলতে পারেননি সুহের। সুযোগগুলো কাজে লাগাতে পারলে জিতেই মাঠ ছাড়ত ইস্টবেঙ্গল।

আগস্ট ২২, ২০২২
খেলার দুনিয়া

প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল এটিকে মোহনবাগান!‌ অঘটন রাজস্থানের

ডুরান্ড কাপে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল এটিকে মোহনবাগনকে। ধারেভারে অন্য দলগুলির তুলনায় অনেকটাই এগিয়ে। এইরকম শক্তিশালী দলই কিনা ডুরান্ডের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল! জুয়ান ফেরান্দোর দলকে ৩২ ব্যবধানে হারিয়ে অঘটন ঘটাল রাজস্থান ইউনাইটেড। তুলে নিল রুদ্ধশ্বাস জয়। দুদুবার এগিয়ে গিয়েও সুযোগ নষ্টের খেসারত দিতে হল এটিকে মোহনবাগানকে।শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড ধারেভারে অনেকটাই পিছিয়ে ছিল। তাসত্ত্বেও এদিন দারুণ ফুটবল উপহার দিল। যদিও ম্যাচের শুরু থেকেই সবুজমেরুণের প্রাধান্য ছিল। একের পর এক সুযোগ তৈরি হলেও হেলায় নষ্ট করেন আশিক কুরুনিয়ান, কিয়ান নাসিরিরা। ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের ৪৩ মিনিটে কিয়ান নাসিরি গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন। মিনিট তিনেক পরেই প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে রাজস্থান ইউনাইটেডের হয়ে সমতা ফেরান আমনজেলদিয়েভ। এরপর ৪৬ মিনিটে আশিক কুরুনিয়ানের গোলে ফের এগিয়ে যায় সবুজ মেরুন।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এটিকে মোহনবাগান। কিয়ান নাসিরি, জনি কাউকোদের বেশ কয়েকটি শট দারুণ দক্ষতায় রুখে দেন রাজস্থান ইউনাইটেডের গোলকিপার নীরজ কুমার। ৬১ মিনিটে রেমসাঙ্গার গোলে সমতা ফেরায় রাজস্থান ইউনাইটেড। ৭৬ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে সহজতম সুযোগ নষ্ট করেন মনবীর সিং। ফাঁকা গোল পেয়েও তিনি ক্রসবারে মারেন। ৭৯ মিনিটে রাজস্থানের উইলিয়ামসও একটি সহজ সুযোগ নষ্ট করেন।শেষ ১০ মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এটিকে মোহনবাগান। কিয়ান, মনবীর, আশিস রাইরা সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের ইনজুরি সময়ে বাজিমাত রাজস্থান ইউনাইটেডের। একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন নিকুম। শেষ অবধি জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হল এটিকে মোহনবাগানকে।

আগস্ট ২০, ২০২২
খেলার দুনিয়া

চারজন অধিনায়ক এটিকে মোহনবাগানে!‌ শনিবার নামছে ডুরান্ড অভিযানে

শনিবার ডুরান্ড কাপ অভিযানে নামছে এটিকে মোহনবাগান। যুবভারতীতে তাদের প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। ডুরান্ড কাপ অভিযানে নামার আগে ২৭ জনের দল ঘোষণা করেছেন সবুজমেরুণ কোচ জুয়ান ফেরান্দো। পাশাপাশি এই মরয়শুমের জন্য চারজন অধিনায়ককে বেছে নিয়েছেন তিনি। চারজন অধিনায়ক হলেন প্রীতম কোটাল, শুভাশিস বসু, জনি কাউকো ও ফ্লোরেন্তিন পোগবা। গোটা মরশুম জুড়ে এই চার ফুটবলার এটিকে মোহনবাগানকে নেতৃত্ব দেবেন।ডুরান্ড কাপে এটিকে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড তেমন শক্তিশালী নয়। তাসত্ত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। আসলে মরশুমের প্রথম ম্যাচ। তাই সতর্কভাবে এগোতে চান ফেরান্দো। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে সবুজমেরুণ কোচ বলেন, ডুরান্ড কাপ প্রাচীন ও ঐতিহ্যশালী প্রতিযোগিতা। শনিবার প্রতিযোগিতায় আমাদের প্রথম ম্যাচ। রাজস্থান ইউনাইটেডের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি। আই লিগের ক্লাব হলেও দলটা ভাল। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ কঠিন হয়। এই ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সতর্কভাবে শুরু করতে হবে। আই লিগে নিজেদের প্রথম মরশুমে দারুণ পারফরমেন্স করেছিল রাজস্থান ইউনাইটেড। তরুণ ফুটবলারদের নিয়ে দলটা তৈরি। যথেষ্ট গতি আছে। তাই বিপক্ষকে সমীহ করছেন সবুজমেরুণ কোচ।তাঁর দল কঠিন গ্রুপে রয়েছে বলে মনে করছেন জুয়ান ফেরান্দো। সবুজমেরুণ কোচের কথায়, আমরা যথেষ্ট কঠিন গ্রুপে পড়েছি। পরের পর্বে যেতে অন্তত সাতআট পয়েন্ট দরকার। তবে প্রত্যেক ম্যাচে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। ডার্বি নিয়ে এখন থেকে ভাবছি না। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। বিদেশি ছাড়াও বেশ কয়েকজন নতুন ফুটবলার দলে সই করেছে। সব বিদেশিই ফিট। কোন চারজনকে খেলাব, ম্যাচের দিন সকালে ঠিক করব।ডুরান্ড কাপের জন্য ২৭ সদস্যের যে দল এটিকে মোহনবাগান ঘোষণা করেছেন, তাতে রয়েছেনঃগোলরক্ষকঃ বিশাল কাইথ, অর্শ আনোয়ার, অভিলাস পাল, দেবনাথ মণ্ডল।ডিফেন্ডারঃ ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিস রাই, দীপক টাংরি, সুমিত রাঠি,রভী রানা।মিডফিল্ডারঃ জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, প্রণয় হালদার, লেনি রড্রিগেজ, লালরিনলিনা হামতে, অভিষেক সূর্যবংশী, রিকি সাবং, এনসন সিং।ফরোয়ার্ডঃ লিস্টন কোলাসো, দিমিত্রিচ পেত্রাতোস, মনবীর সিং, আশিক কুরুনিয়ান, কিয়ান নাসিরি গিরি, ফারদিন আলি মোল্লা।

আগস্ট ১৯, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 14
  • 15
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

দিল্লির কোচ হয়েই সৌরভের বড় চাল! আইপিএল নিলামে ফিরিয়ে আনতে চান কোন দুই তারকাকে?

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের ছোট নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চাইছে দিল্লি। তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। শুধু কোচিং নয়, দল গঠনের কাজেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর বক্তব্যে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে এই দুই ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, দুজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা ২০২৭ সালের আইপিএলের ছোট নিলামের আসর। ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।ম্যাকগার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসেবে দিল্লির দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে তাঁকে ধরে রাখতে বিশেষ অধিকার প্রয়োগ করেছিল ফ্র্যাঞ্চাইজি। সে বার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর রান করার গতি ছিল ১৯৯.৪৯।অন্য দিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। তবে মাত্র এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বার আবার তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সৌরভের দল।সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লি ক্যাপিটালসে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং বিভাগেও বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটার বদলের পথেও হাঁটছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজনকে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে তারা। এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফেরানোর পরিকল্পনার কথাও উঠে এসেছে।আইপিএলে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পর পর দুবার প্লে-অফে জায়গা করতে পারেনি দলটি।এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দিল্লি। বিদায় জানানো হয়েছে হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলকে।এ বার সৌরভের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে পারলে দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটাই এখন দেখার। বাংলার মহারাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাইদিল্লিকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মৃত্যুর আগে বাবাকেও বলেছিলেন ‘তুমিও খুন হয়ে যেতে পারো’! চিকিৎসকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

মৃত্যুর আগে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তরুণ চিকিৎসক। কখনও সাহায্য চেয়েছিলেন, কখনও আবার প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। কালীপুজোর দিন নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ৩০ বছর বয়সি চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে র্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। এমনকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পরিবারের।অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। ২০২৪ সালে সেখান থেকেই এমবিবিএস পাশ করেন তিনি। পরে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেন। বর্তমানে স্নাতকোত্তর চিকিৎসা পাঠে ভর্তির জন্য নিট-পিজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।তবে মৃত্যুর আগে তাঁর ফেসবুক প্রোফাইলে করা একাধিক পোস্ট এখন তদন্তকারীদের নজরে এসেছে। ওই পোস্টগুলিতে বারবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একটি পোস্টে সাহায্য চেয়ে তাঁকে বাঁচতে সাহায্য করার আবেদন জানান। অন্য একটি পোস্টে নিজের চারপাশে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এই পোস্টগুলি কেন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিজিতের ভগ্নিপতি সুদীপ্ত সরকার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, হস্টেলে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের জীবন নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করে তাঁকে খুনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলি মুছে ফেলার জন্যও তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।অভিজিতের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের সন্দেহ, এর পিছনে পরিকল্পিত অপরাধ থাকতে পারে। হস্টেলের কয়েক জন আবাসিক এবং স্থানীয় বাসিন্দার একাংশের দাবি, ঘটনার দিন হস্টেলের ভিতর থেকে বাঁচার জন্য চিৎকার শোনা গিয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে পরিবারের তরফে এখনও নির্দিষ্ট করে কারও নাম জানানো হয়নি।পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে অভিজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।অভিজিতের বাবা জ্ঞানেন্দ্র সরকারের অভিযোগ, তাঁর ছেলে হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে তাঁদের সন্দেহ। এমনকি তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জ্ঞানেন্দ্র জানান, রবিবার দুপুর ৩টে নাগাদ ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় অভিজিৎ তাঁকে সতর্ক থাকতে বলেছিল। এমনকি বাবাকে বলেছিল, তুমিও খুন হয়ে যেতে পারো।নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন অভিজিৎ। সাপজোলা দেশবন্ধু হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ওই স্কুলের শিক্ষক গোলক মণ্ডল জানান, অভিজিৎ তাঁর ছাত্র ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিল।ডাক্তারি পাশ করার পর মাঝেমধ্যে বাড়িতে এলেও বেশির ভাগ সময় নিজের ঘরে মোবাইল ও ল্যাপটপ নিয়ে পড়াশোনা করত অভিজিৎ। এমন এক মেধাবী তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে।র্যাগিংয়ের অভিযোগ, মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের তোলা খুনের আশঙ্কাসব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিজিতের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

দিঘায় পর্যটকদের জন্য একগুচ্ছ চমক! হোম স্টে করলেই মিলবে ৫ লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ বড় পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুন করে সাজিয়ে তোলা হবে। পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দফতরকে সঙ্গে নিয়ে এই কাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।শুধু দিঘা নয়, আশপাশের একাধিক এলাকাকেও নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর এবং পেটুয়ার মতো এলাকাকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, এমন পর্যটনকেন্দ্র তৈরি করা, যেখানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষও কম খরচে ঘুরতে যেতে পারবেন।মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর এবং আশপাশের উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করা হবে। এই এলাকাগুলিতে যাঁরা হোম স্টে তৈরি করতে চান, তাঁদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে। নতুন দোকান, হোটেল বা লজ তৈরি করতে চাইলেও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দিঘার হারিয়ে যাওয়া ঝাউবন ফিরিয়ে আনতে সমুদ্রসৈকত জুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ তৈরি হবে বলে মনে করছে সরকার।দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের কাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান খুলতে চাইলে আবেদন করতে পারবেন। হোটেল, লজ বা হোম স্টে তৈরির ক্ষেত্রেও সরকার সাহায্য করবে। হোম স্টে তৈরির জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরনো স্নেক পার্ক আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অমরাবতী পার্কের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য সরকারি উদ্যোগে হেলিকপ্টার পরিষেবা চালুর কথাও ভাবছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের ব্যবস্থা করতে তৈরি করা হবে সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক বাসের জন্য চার্জ দেওয়ার পরিকাঠামো।অন্যদিকে, চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি দুর্যোগ মোকাবিলা শাখা তৈরির পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে দিঘা ও আশপাশের উপকূলবর্তী এলাকাকে নতুন করে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। আগামী দিনে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েও শেষরক্ষা হল না। ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায়। প্রায় ১৭ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এই মামলার তদন্তে পরেশরাম দাসকে দুবার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিধায়কের ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চার জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও পরেশরাম দাসের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বিধাননগর পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

পেট্রল পাম্পের উল্টো দিকের বাড়িতে দাউদাউ আগুন! বেলেঘাটায় আতঙ্ক, ছুটে এল দমকলের চার ইঞ্জিন

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগল। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উল্টো দিকে ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্য অংশেও। আগুনের গ্রাসে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর বাড়ির ভিতরে থাকা সকলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। স্থানীয়দের দাবি, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকা। কারণ, বাড়িটির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পেট্রল পাম্প। পাশেই রয়েছে কালীপুজোর মণ্ডপ। শুধু তা-ই নয়, বাড়িটির নীচে রয়েছে একাধিক দোকান। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আতশবাজির ফুলকি এসে বাড়িতে পড়েছিল। তা থেকেই আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ বা দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।অন্য দিকে, কাঁথিতেও কালীপুজোর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাঁথির সিএস মাঠে যাওয়ার রাস্তার ধারে একটি বাইকের শোরুমের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় একাধিক নতুন বাইক। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।কাঁথির গোডাউনে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বেলেঘাটা এবং কাঁথিদুই জায়গার অগ্নিকাণ্ডের কারণই খতিয়ে দেখা হচ্ছে।

নভেম্বর ০৯, ২০২৬
খেলার দুনিয়া

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেই পকেট থেকে চিরকুট! পাকিস্তানের হামজার কাণ্ড দেখে অবাক নেটপাড়া

সেঞ্চুরি করার আনন্দই আলাদা। আর সেই সেঞ্চুরি যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তা হলে আনন্দ যে আরও বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক এমনই এক কীর্তি গড়লেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার হামজা জহুর। ভারতকে হারিয়ে দলকে জেতানোর পাশাপাশি নজর কাড়লেন আরও একটি কারণে। ম্যাচের শেষে পকেট থেকে একটি চিরকুট বার করে ক্যামেরার সামনে ধরলেন তিনি। তাতে কী লেখা ছিল?মাঠে নামার আগেই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন হামজা। চিরকুটে লিখেছিলেন, এই ম্যাচে তিনি ৫০ রান করবেন। সেই কাগজই ম্যাচের শেষে সকলকে দেখান তিনি। তাতে লেখা ছিল, আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা। তবে শুধু ৫০ রান নয়, শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই দলকে জেতালেন পাকিস্তানের এই ব্যাটার। ম্যাচের পর হামজা জানান, তাঁর এই ইনিংস ভাইকে উৎসর্গ করেছেন।প্রথমে ব্যাট করে ভারত ২০৮ রান তোলে। দলের হয়ে নজর কাড়েন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। আর্যবীর করেন ২২ রান। অন্বয়ের সংগ্রহ মাত্র ১০।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাঁদের ব্যাটিংয়েই ম্যাচে ফেরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান হামজা।এর পর দলের নিচের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হামজা। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ডাগআউট থেকে তাঁকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কথাই মাথায় রেখে ব্যাট করেছেন। দলের হয়ে ম্যাচ জেতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফও হামজার প্রশংসা করেছেন। তাঁর মতে, চাপের মুখে হামজার এমন ইনিংস খেলায় তিনি অবাক নন। সতীর্থের দক্ষতা সম্পর্কে তিনি জানেন। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছেন হামজা, তার প্রশংসা করেছেন অধিনায়ক।এ দিনের ইনিংসের পর হামজাকে নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। পাকিস্তানের এই ক্রিকেটারের নামও হামজা। সেই মিল থেকেই অনেক নেটাগরিক তাঁকে পাকিস্তানের ধুরন্ধর ক্রিকেটার বলে উল্লেখ করছেন।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

১০৩ বছরের পুজোয় বড় চমক! বড়মার সাজে নতুন কী সংযোজন, দেখতে ভিড় নৈহাটিতে

হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। গলায় নতুন সীতা হার। তার সঙ্গে সোনা ও রুপোর নানা গয়নায় সেজে উঠেছেন নৈহাটির বড়মা। ১০৩ বছরের পুজোয় এ বার দেবীর সাজে যুক্ত হয়েছে এই দুই নতুন অলঙ্কার। রবিবার বিকেলে নতুন সাজে ভক্তদের দর্শন দিয়েছেন বড়মা। সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১১০ কেজি গয়নায় সেজেছেন দেবী। নতুন সাজ দেখতে সকাল থেকেই নৈহাটিতে ভক্তদের ঢল নেমেছে।নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার দর্শনের জন্য রবিবার ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন ভক্তেরা। অনেকে মানত পূরণ করতে দণ্ডিও কাটেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় নজরদারিও চালানো হয়।এ বার বড়মার সাজে বিশেষ আকর্ষণ হিরে, চুনি ও পান্না বসানো নতুন টিপ এবং সীতা হার। এ ছাড়াও দেবীর গলায় ও শরীরে রয়েছে নানা সোনার ও রুপোর অলঙ্কার। রয়েছে রুপোর মুকুট, সোনার বালা, চুড়ি এবং পায়ের নূপুর।পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের দানেই প্রতি বছর বড়মার গয়নার সম্ভার বাড়ছে। এ বারও ভক্তদের দেওয়া উপহার হিসেবে এসেছে নতুন সীতা হার এবং হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। বিসর্জনের সময় দেবীর সোনার চোখ গঙ্গায় বিসর্জন দেওয়ার প্রথাও এ বার বজায় থাকবে।বড়মার কাছে মানত পূরণ করতে দূরদূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত। দণ্ডি কাটার জন্যও ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কর্তৃপক্ষের দাবি, গত দুদিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিপুল ভিড় সামলাতে মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা। নজরদারি চালানো হচ্ছে শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।রবিবার সন্ধ্যায় সিঁদুর দানের পর শুরু হয় দেবীবরণের পর্ব। রাত সাড়ে এগারোটায় গঙ্গাজল আনার কথা। তার পর মধ্যরাতে শুরু হবে মূল পুজো। রাত দেড়টায় অঞ্জলি দেওয়ার সময় মন্দিরে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভোর তিনটেয় ভক্তদের মধ্যে সন্দেশ ও প্রসাদ বিতরণ করা হবে।বড়মার ভোগের আয়োজনেও রয়েছে নানা পদ। দেবীর জন্য রাখা হয়েছে খিচুড়ি, পোলাও, মাছভাজা, পাঁচমিশেলি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। অন্য দিকে, মহাদেবের ভোগে রয়েছে লুচি, সাদা ভাত, ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার তরকারি, সুজির হালুয়া ও মিষ্টি।বড়মার নতুন সাজ দেখতে যেমন ভক্তদের উৎসাহ চোখে পড়ছে, তেমনই পুজো ও দর্শনের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও। ১০৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় এ বার নতুন অলঙ্কারের আকর্ষণ যে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে, তা নৈহাটির ভিড়েই স্পষ্ট।

নভেম্বর ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal