• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, রবিবার ২২ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Court

কলকাতা

ফ্ল্যাট কিনলেই গাড়ি রাখার জায়গা আপনার নয়! পার্কিং নিয়ে বড় রায় কলকাতা হাই কোর্টের

ফ্ল্যাট কিনলেই তার সঙ্গে গাড়ি রাখার জায়গার মালিকানা পাওয়া যায় না। ফ্ল্যাটের বিক্রয় দলিলে বা রেজিস্ট্রি করা নথিতে পার্কিংয়ের জায়গার কথা স্পষ্ট করে লেখা না থাকলে, সেই জায়গার উপর আইনি অধিকার দাবি করা যাবে না। একটি গুরুত্বপূর্ণ মামলায় এমনই পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। পার্কিংয়ের জায়গার অধিকার চেয়ে এক ফ্ল্যাট মালিকের করা আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জানায়, আবেদনকারী শ্রাবণ কুমার আগরওয়াল প্রমাণ করতে পারেননি যে, সংশ্লিষ্ট গাড়ি রাখার জায়গাটি তাঁর কেনা ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল। রেজিস্ট্রি করা বিক্রয় দলিলেও ওই পার্কিংয়ের জায়গা তাঁর নামে হস্তান্তরের কোনও উল্লেখ ছিল না।মামলার সূত্রপাত কলকাতার গল্ফ গ্রিন আর্বান কমপ্লেক্সের একটি ফ্ল্যাটকে ঘিরে। শ্রাবণ কুমার আগরওয়াল জয়ন্ত কুমার বসু এবং অনিতা বসুর কাছ থেকে ওই আবাসনের ৩এ নম্বর ফ্ল্যাটটি কিনেছিলেন। ১৯৯৩ সালের ৩০ মার্চ রেজিস্ট্রি করা দলিলের মাধ্যমে ফ্ল্যাটটির মালিকানা তাঁর হাতে আসে।তবে ফ্ল্যাট বিক্রির দিনই আগের মালিকেরা একটি আলাদা চিঠি দিয়েছিলেন শ্রাবণকে। সেখানে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে গাড়ি রাখার জায়গা বরাদ্দ হলে সেটিও তাঁকে হস্তান্তর করা হবে।এর আগে ১৯৯২ সালের নভেম্বর মাসে বসু দম্পতি গাড়ি রাখার জায়গার জন্য হাউজিং বোর্ডের কাছে আবেদন করেছিলেন। সেই সময় তাঁরা ৭ হাজার টাকা জমাও দিয়েছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে প্রথমে বিজি-৩ নম্বর পার্কিংয়ের জায়গা বরাদ্দের সিদ্ধান্ত হয়। পরে ১৯৯৭ সালের ২৯ অক্টোবর বিজি-৯ নম্বর জায়গাটি জয়ন্ত কুমার বসুর নামে বরাদ্দ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।কিন্তু ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করে হাউজিং বোর্ড ১৯৯৭ সালের সেই বরাদ্দ বাতিল করে দেয়। বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বর্তমান ফ্ল্যাট মালিক শ্রাবণ।আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর হলে তার সঙ্গে যুক্ত অধিকারও নতুন মালিকের কাছে চলে আসে। তাই আগের মালিকদের নামে পার্কিংয়ের জায়গা বরাদ্দ হওয়ার অধিকারও শ্রাবণের পাওয়ার কথা। প্রয়োজনীয় টাকা, স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্ট্রেশনের খরচ দিতেও তিনি রাজি ছিলেন বলে আদালতে জানানো হয়।অন্য দিকে, হাউজিং বোর্ডের আইনজীবী এই দাবির বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, ১৯৯৩ সালে ফ্ল্যাট কেনাবেচার যে রেজিস্ট্রি করা দলিল হয়েছিল, তাতে পার্কিংয়ের জায়গার কোনও উল্লেখ ছিল না। তাই শুধু ফ্ল্যাট কেনার কারণে আলাদা করে গাড়ি রাখার জায়গার অধিকার দাবি করতে পারেন না আবেদনকারী।দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পার্থসারথি সেন জানান, ১৯৯৩ সালের বিক্রয় দলিলে পার্কিংয়ের জায়গার কোনও উল্লেখ নেই। সম্পত্তি হস্তান্তর আইনের ৮ নম্বর ধারায় সম্পত্তির সঙ্গে যুক্ত অধিকার নতুন মালিকের কাছে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে পার্কিংয়ের জায়গাটি যে ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল, তার কোনও প্রমাণ দিতে পারেননি আবেদনকারী।আদালত আরও জানায়, হাউজিং বোর্ড আগের মালিকের নামে পার্কিংয়ের জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই, কিন্তু সেই জায়গার মালিকানা বা চূড়ান্ত হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই বরাদ্দ বাতিলের সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আগের মালিকদের। বর্তমান ফ্ল্যাট মালিকের সেই দাবি করার অধিকার নেই।সব দিক বিবেচনা করে শ্রাবণ কুমার আগরওয়ালের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। এই রায়ের ফলে আবারও স্পষ্ট হল, ফ্ল্যাট কেনার সময় শুধু ঘরের মালিকানা নয়, গাড়ি রাখার জায়গার অধিকারও বিক্রয় দলিলে স্পষ্ট করে উল্লেখ থাকা জরুরি।

নভেম্বর ২২, ২০২৬
দেশ

অবিবাহিত ছেলের দুর্ঘটনায় মৃত্যু, ক্ষতিপূরণ পাবেন শুধু মা? বাবা ও বোনদের নিয়ে বড় রায় হাই কোর্টের!

অবিবাহিত ছেলের পথ দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁর আয়ের উপর নির্ভরশীল হিসেবে সাধারণত মাকেই ধরা হবে। বাবা ও বোনেরা ছেলের উপার্জনের উপর নির্ভর করতেন, এমন প্রমাণ না থাকলে তাঁরা ক্ষতিপূরণের টাকা পাবেন না। একটি গুরুত্বপূর্ণ মামলায় এমনই রায় দিল হিমাচল প্রদেশ হাই কোর্ট।বিচারপতি সুশীল কুকরেজার একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, অবিবাহিত কোনও যুবকের মৃত্যু হলে তাঁর বাবা ও বোনেরা যে আর্থিক ভাবে তাঁর উপর নির্ভরশীল ছিলেন, তা আলাদা করে প্রমাণ করতে হবে। তবে সাধারণ ভাবে মাকে মৃত ছেলের আয়ের উপর নির্ভরশীল বলে বিবেচনা করা হবে।বিচারপতি বলেন, মৃত যুবকের বাবা হওয়ার কারণে কোনও ব্যক্তিকে এবং তাঁর বোন হওয়ার কারণে অন্য আবেদনকারীদের সরাসরি নির্ভরশীল বলে ধরে নেওয়া যায় না। এই মামলায় একমাত্র মৃতের মাকেই তাঁর আয়ের উপর নির্ভরশীল হিসেবে বিবেচনা করা হয়েছে।আদালতের পর্যবেক্ষণ, সাধারণত বাবার নিজের উপার্জনের কোনও না কোনও ব্যবস্থা থাকে। অন্য দিকে, ভাই বা বোনেরা নিজেরা উপার্জন করতে পারেন অথবা বাবার উপর নির্ভরশীল থাকতে পারেন। তাই বিশেষ প্রমাণ ছাড়া তাঁদের মৃত ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল বলে গণ্য করা যায় না।মামলাটি ৩১ বছর বয়সি মোহিতের মৃত্যুকে কেন্দ্র করে। ২০২০ সালের ২৫ নভেম্বর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ, খোদরি গ্রামের কাছে একটি দ্রুতগতির গাড়ি বেপরোয়া ভাবে এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই বা পরে তাঁর মৃত্যু হয়।মোহিতের পরিবারের দাবি ছিল, তিনি মাসে ১৫ হাজার টাকা উপার্জন করতেন। তাঁর আয়ের উপর নির্ভরশীল ছিলেন বাবা, মা এবং দুই বোন। এই যুক্তিতে পরিবারের তরফে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনালে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়।প্রথমে ট্রাইব্যুনাল পরিবারকে ১৭ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই টাকার উপর বার্ষিক সাড়ে সাত শতাংশ হারে সুদ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু ক্ষতিপূরণের অঙ্ক এবং পরিবারের সদস্যদের নির্ভরশীল হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়ে আপত্তি ওঠে। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা।শুনানিতে হাই কোর্ট জানায়, মোহিত মাসে ১৫ হাজার টাকা উপার্জন করতেন বলে দাবি করা হলেও তার পক্ষে কোনও নথি বা প্রমাণ জমা দেওয়া হয়নি। তাই ট্রাইব্যুনাল তাঁর মাসিক আয় ৮ হাজার ২৫০ টাকা ধরে যে হিসাব করেছিল, তা বহাল রাখে আদালত।সব দিক বিবেচনা করে নির্ভরশীলতা বাবদ ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ১১ লক্ষ ৮ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে অন্যান্য খাতে আরও ৭০ হাজার টাকা যোগ করা হয়। ফলে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ১১ লক্ষ ৭৮ হাজার ৮০০ টাকা।আদালতের নির্দেশ, সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা পাবেন একমাত্র মৃত যুবকের মা। বাবা ও দুই বোনকে মৃতের আয়ের উপর নির্ভরশীল হিসেবে প্রমাণ করা যায়নি বলেই তাঁরা এই ক্ষতিপূরণের অংশ পাবেন না।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

আরজি করের প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইকে ফের চাপে ফেলল হাইকোর্ট! কী নির্দেশ বিচারপতির?

আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সিবিআই কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পাশাপাশি ঘটনার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। এই বিষয়টি তদন্তের বাইরে রাখা যাবে না।তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করেছে আদালত। তাই আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, তার সবকটিই সিবিআইকে তদন্তের আওতায় আনতে হবে।অর্থাৎ, চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শুরু করে পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।এর আগে গত ১ অক্টোবর মামলার শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ৯ অগস্ট থেকে ওঠা সমস্ত অভিযোগ তদন্তের আওতায় আনার নির্দেশ দিল আদালত। ফলে আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

নভেম্বর ২০, ২০২৬
কলকাতা

‘আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন’, অভিষেককে নিয়ে ফের ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট! কী নির্দেশ বিচারপতির?

আদালতের নির্দেশ ও বিচারপতিদের নিয়ে মন্তব্যের জেরে ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মন্তব্য নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি বলেন, আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। আদালতের বিরুদ্ধে মন্তব্য বেদনাদায়ক। তবে একই দিনে ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে আদালত। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডিজে মামলার শুনানি ছিল। সেখানে অভিষেকের রক্ষাকবচ তুলে নেওয়ার পক্ষে সওয়াল করে রাজ্য। রাজ্যের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থাকে নিশানা করে মন্তব্য করছেন। তাঁর বক্তব্য, বৃহস্পতিবার এক ব্যক্তিকে রক্ষাকবচ দিতে আদালত রাজি না হওয়ার পরেই বিচারব্যবস্থা নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিষেক।রাজ্যের বক্তব্য শোনার পরেই অভিষেকের আইনজীবীর উদ্দেশে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, কেন এমন হচ্ছে? এই ধরনের মন্তব্য করলে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে, তা কি জানেন না? আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন।এর পরেই বিচারপতি বলেন, সংবাদপত্র পড়েন এমন সকলেই জানেন, সাম্প্রতিক সময়ে কী ধরনের মন্তব্য করা হচ্ছে। একজন সাংসদ এই ধরনের মন্তব্য করলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে, সেই প্রশ্নও তোলেন তিনি। বিচারপতির কথায়, আদালতের বিরুদ্ধে মন্তব্য করছেন, এটা খুবই বেদনাদায়ক।অন্য দিকে, ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচ তুলে নেওয়ার দাবি জানায় রাজ্য। সেই সময় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি জানতে চান, তদন্তে কতটা অগ্রগতি হয়েছে এবং এমন কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, যার কারণে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো যাবে না।রাজ্যকে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তিনি জানান, সেই রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।অভিষেক তদন্তে সহযোগিতা করছেন বলেও আদালতে উল্লেখ করেন বিচারপতি। তাঁর বক্তব্য, অভিষেক তদন্তে সহযোগিতা করছেন না, এমন কোনও বিষয় আদালতের সামনে নেই। তাই এই মুহূর্তে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ানো যাবে না, এমন কোনও কারণও আদালত দেখতে পাচ্ছে না।এর পরেই ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।অর্থাৎ, আদালতের মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করা হলেও ডিজে মামলায় আপাতত স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

নভেম্বর ২০, ২০২৬
দেশ

জন্ম না দত্তক, সরকারি নথিতে আর আলাদা পরিচয় নয়! ঐতিহাসিক রায় হাই কোর্টের

জন্মসূত্রে সন্তান হোক বা দত্তক নেওয়া, দুজনের পরিচয়ই এক। সরকারি নথিতে দত্তক সন্তানদের আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন নেই। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কেরল হাই কোর্ট। আদালতের নির্দেশ, সরকারি নথিতে কোনও সন্তানকে দত্তক পুত্র বা দত্তক কন্যা বলে উল্লেখ করা যাবে না। এক তরুণীর আত্মমর্যাদার লড়াইয়ের মামলাতেই এই নির্দেশ দিয়েছে আদালত।মামলাকারী আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, সরকারি নথিতে তাঁকে বাবার দত্তক কন্যা হিসেবে নয়, শুধু কন্যা হিসেবেই স্বীকৃতি দেওয়া হোক। তাঁর প্রকৃত পরিচয় গোপন রাখতে আদালত রায়ে তাঁকে আনমোল নামে উল্লেখ করেছে। মামলাটির শুনানিতে বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন জানান, জন্মসূত্রে পাওয়া সন্তান এবং দত্তক নেওয়া সন্তানের মধ্যে সরকারি নথিতে আলাদা পরিচয় রাখার কোনও প্রয়োজন নেই।কেরল হাই কোর্ট রাজ্যের সরকারি ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দত্তক সন্তানদের জন্য থাকা পৃথক বিভাগগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি উত্তরাধিকার শংসাপত্র দেওয়ার নিয়মেও পরিবর্তন আনতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ২০২৪ সালে মামলাকারীর বাবার মৃত্যু হয়। ওই বছরের অক্টোবর মাসে ত্রিশূরের তহসিলদারের দপ্তর থেকে তাঁকে একটি উত্তরাধিকার শংসাপত্র দেওয়া হয়েছিল। সেই শংসাপত্রে তাঁর নামের পাশে দত্তক কন্যা কথাটি লেখা ছিল। এই উল্লেখ নিয়েই আপত্তি জানান তিনি। সরকারি নথিতে বাবার কন্যা হিসেবে স্বীকৃতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তরুণী।শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, সরকারি ই-ডিস্ট্রিক্ট পোর্টালে দত্তক সন্তানদের চিহ্নিত করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। সেই নিয়ম মেনেই সরকারি আধিকারিকেরা শংসাপত্র তৈরি করেছেন। তবে রাজ্য সরকারের এই যুক্তি মানতে চায়নি আদালত।বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন স্পষ্ট জানান, দত্তক পুত্র বা দত্তক কন্যা শব্দগুলি অপমানজনক নয়। তবে সরকারি নথিতে এ ভাবে আলাদা করে পরিচয় উল্লেখ না করাই উচিত। মামলাকারীকে নতুন উত্তরাধিকার শংসাপত্র দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।এই রায়ের ফলে সরকারি নথিতে দত্তক সন্তানদের পরিচয় উল্লেখের নিয়মে বদল আসতে পারে। এক তরুণীর ব্যক্তিগত লড়াই থেকে উঠে এল বড় প্রশ্নসন্তানের পরিচয় কি জন্মের ভিত্তিতে আলাদা হওয়া উচিত? কেরল হাই কোর্টের এই রায় সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

আদালতকে ‘নীরব দর্শক’ বলেই বিপাকে অভিষেক! ১৫ দিনের মধ্যে জবাব চাইল কলকাতা হাই কোর্ট

আদালত ও বিচারপতিদের নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে অভিষেককে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর।ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন সমাজমাধ্যমের একটি পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, কালীঘাটে তাঁর বাড়ির সামনে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনাগোনা দেখা গিয়েছে। এমনকি বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।এই ঘটনার পর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টকেও নীরব দর্শক বলে কটাক্ষ করেন তিনি। অভিষেকের সেই মন্তব্য নিয়েই আপত্তি জানিয়েছে কলকাতা হাই কোর্ট।বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের এই মন্তব্য আদালত অবমাননার শামিল হতে পারে। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, তা জানতে চেয়েই শোকজ নোটিস পাঠানো হয়েছে।বিচারপতির আরও বক্তব্য, অভিষেক নিজেই কলকাতা হাই কোর্টে একাধিক মামলায় মামলাকারী এবং বিচারপ্রার্থী। তাই বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় বলেও পর্যবেক্ষণ আদালতের।এখন আদালতের এই শোকজ নোটিসের জবাব কী দেন অভিষেক, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও আইনি মহলের। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

নভেম্বর ১৭, ২০২৬
দেশ

দাদুর সম্পত্তিতে নাতির কি অধিকার নেই? বড় রায় সুপ্রিম কোর্টের, জানুন উত্তরাধিকার আইনের নিয়ম

দাদুর সম্পত্তিতে নাতির কি জন্মগত অধিকার রয়েছে? বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ছেলে কি ভাগ চাইতে পারেন? এই প্রশ্নের উত্তর দিল সুপ্রিম কোর্ট। হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, দাদুর কাছ থেকে বাবা যে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান, সেই সম্পত্তিতে ছেলের জন্মগত কোনও অধিকার থাকে না। সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চে মামলাটির শুনানি হয়।মামলাটি প্রায় ২৮ বছরের পুরনো। ১৯৯৭ সালে নাবালক অবস্থায় মায়ের মাধ্যমে আদালতে মামলা করেছিলেন এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, ১ হাজার ৮১১ বর্গফুটের একটি সম্পত্তির অর্ধেক অংশের মালিকানা তাঁকে দিতে হবে। তাঁর বক্তব্য ছিল, ওই সম্পত্তির আসল মালিক ছিলেন তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণ। তাই সেই সম্পত্তিতে তাঁর বাবা এবং তাঁরও অধিকার রয়েছে।মামলার সূত্রে জানা যায়, একটি আপসের মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছিলেন আবেদনকারীর বাবা। কিন্তু ১৯৯৭ সালে তিনি সেই সম্পত্তি বিক্রি করে দেন। এর পরেই ছেলের সঙ্গে বাবার সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ শুরু হয়। ছেলের দাবি ছিল, বাবার পাওয়া সম্পত্তিতে তাঁরও অংশ রয়েছে।প্রথমে নিম্ন আদালতে মামলা হয়। পরে হাই কোর্টেও বিষয়টি ওঠে। সেখানে আবেদনকারীর দাবি খারিজ করে দেওয়া হয়। আদালতের বক্তব্য ছিল, হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-এর ৮ নম্বর ধারা অনুযায়ী, ঠাকুরদার মৃত্যুর পর তাঁর সম্পত্তি আইনি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যায়। বাবা নিজের ভাগের সম্পত্তির একক মালিক হয়ে যান। তাই সেই সম্পত্তিতে ছেলের জন্মগত কোনও অধিকার তৈরি হয় না।এই মামলায় সুপ্রিম কোর্টও একই আইনি অবস্থান স্পষ্ট করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী বাবা তাঁর বাবার কাছ থেকে যে সম্পত্তি পান, তা তাঁর নিজের সম্পত্তি হিসাবেই বিবেচিত হবে। সেই সম্পত্তিতে তাঁর ছেলের জন্মগত অধিকার থাকে না।আদালত আরও জানিয়েছে, কোনও হিন্দু ব্যক্তি মারা গেলে তাঁর সম্পত্তি আইন অনুযায়ী নির্দিষ্ট উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়। আইনের প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের তালিকায় ছেলে এবং মৃত ছেলের ছেলের উল্লেখ রয়েছে। কিন্তু জীবিত ছেলের ছেলের নাম ওই তালিকায় নেই। অর্থাৎ, বাবা জীবিত থাকলে তাঁর ছেলে শুধু নাতি হওয়ার কারণে ঠাকুরদার সম্পত্তিতে সরাসরি অধিকার দাবি করতে পারেন না।এই মামলায় আদালত আরও জানিয়েছে, ঠাকুরদা এন রামকৃষ্ণের মৃত্যুর পর ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ হয়েছিল। ফলে আবেদনকারীর বাবা নিজের ভাগের সম্পত্তির একক মালিক হয়েছিলেন।এই রায়ের ফলে পারিবারিক সম্পত্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় আরও স্পষ্ট হল। দাদুর সম্পত্তি বাবা উত্তরাধিকার সূত্রে পেলেই নাতি সেখানে জন্মগত অধিকার দাবি করতে পারবেন না। তবে সম্পত্তির ধরন, উত্তরাধিকারের পরিস্থিতি এবং প্রযোজ্য আইনি বিধানের উপর নির্ভর করে অন্য ক্ষেত্রে সিদ্ধান্ত আলাদা হতে পারে।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

স্বামীকে এনকাউন্টার করা হতে পারে! অভিষেকের পিএ-র স্ত্রীর আর্জি খারিজ হাই কোর্টে

স্বামীকে এনকাউন্টার করা হতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শালবনি জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। সুমিতের নিরাপত্তা চেয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন গ্রহণ করল না হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। ফলে আপাতত এই মামলায় কোনও অন্তর্বর্তী সুরক্ষা পেলেন না সুমিত।মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। কিন্তু আদালত জানিয়ে দেয়, বিশেষ কোনও কারণ না থাকায় এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়। তাই নিয়ম মেনেই নিয়মিত বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠানো হয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায় শালবনি জমি দুর্নীতি মামলা এবং ডায়মন্ড হারবার পুলিশের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাঁর জামিনের আবেদন আগেই খারিজ হয়েছে। প্রথমে সিআইডি এবং পরে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই পরিস্থিতিতে স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন সুস্মিতা।আদালতে জমা দেওয়া আবেদনে সুস্মিতার দাবি, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। জোর করে সুমিতের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও দাবি, পুলিশি হেফাজতে সুমিতের উপর চাপ তৈরি করা হচ্ছে। যে কোনও সময় তাঁকে এনকাউন্টার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সুস্মিতা।শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। স্বামীর নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন সুস্মিতা। গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। তা সম্ভব না হলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের প্রস্তাব দিয়েছেন সুমিতের স্ত্রী।তবে সুস্মিতার এই আবেদনের দ্রুত শুনানি করতে রাজি হয়নি হাই কোর্ট। মামলাটি জরুরি ভিত্তিতে শোনার মতো বিশেষ কোনও কারণ নেই বলেই জানিয়েছে আদালত। ফলে আপাতত নিয়মিত বেঞ্চেই মামলাটির শুনানির অপেক্ষা করতে হবে।উল্লেখ্য, শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিনের আবেদন আগেই খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানেও আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা করেন সুমিত।সেই মামলায় অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, সুমিতকে জামিন দেওয়া হলে রাজনৈতিকভাবে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পুজোর ছুটির পর ১৬ নভেম্বর তাঁর জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যেই স্বামীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে নতুন করে আদালতের দ্বারস্থ হলেন সুস্মিতা রায়।

নভেম্বর ১০, ২০২৬
দেশ

৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড! সরকারি কর্মীদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কোনও আলাদা নির্দেশের প্রয়োজন নেই। কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয় ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। একটি মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আলাদা করে সাসপেনশনের নির্দেশ জারির প্রয়োজন নেই।মামলাটি বিহারের। সমস্তিপুর সদর হাসপাতালের ম্যানেজার বিশ্বজিৎ সিং ওরফে বিশ্বজিৎ রামানন্দের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, এক ব্যক্তির বকেয়া ৩৬ হাজার ৪২১ টাকা মজুরি ছাড়ার জন্য তিনি ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন বিশ্বজিৎ। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু প্রায় এক বছর পর সেই জামিন বাতিল করে পটনা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ।মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পটনা হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয়। একই সঙ্গে দায়রা আদালতের জামিনের নির্দেশ বহাল রাখে। তবে শুনানির সময় সরকারি কর্মীদের সাময়িক বরখাস্তের নিয়ম নিয়েও গুরুত্বপূর্ণ কথা জানায় শীর্ষ আদালত।বেঞ্চের বক্তব্য, কোনও সরকারি কর্মী গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে। একে বলা হয় স্বয়ংক্রিয় সাময়িক বরখাস্ত। অর্থাৎ, এই ব্যবস্থা কার্যকর করার জন্য আলাদা করে কোনও নির্দেশ জারি করার প্রয়োজন নেই। বিশ্বজিৎ যেহেতু সরকারি কর্মী এবং ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন, তাই তাঁকে স্বয়ংক্রিয় ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে।শুনানিতে বিহার সরকারের আইনজীবী জানান, ওই কর্মীকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে সেই নির্দেশ প্রত্যাহার করে তাঁকে আবার একই হাসপাতালে, একই পদে নিয়োগ করা হয়। এই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিহার সরকারকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

আদালতের চাপে শেষমেশ মাথা নোয়াল এসএসসি, চাকরি ফিরছে ৭৯ শিক্ষক-শিক্ষিকার!

আদালত অবমাননার মামলায় শেষ পর্যন্ত পদক্ষেপ করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি ফিরে পাওয়ার আশা দেখছেন ওই ৭৯ জন।আদালতের নির্দেশের পরেও কোনও পদক্ষেপ করেনি এসএসসি। সেই কারণে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন শিক্ষক-শিক্ষিকারা। মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে কমিশন জানায়, ছসপ্তাহের মধ্যে তাঁদের চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি মেনেই এ বার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি।মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, ৭৯ জনই যোগ্য শিক্ষক। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশতিনটি স্তরেই তাঁরা অংশ নিয়েছিলেন। প্রতিটি স্তরের চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম ছিল। কিন্তু নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আগে শেষ হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর অংশ নেওয়া হয়নি তাঁদের।এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার নিয়োগ বাতিল হয়। সেই তালিকায় নাম ছিল এই ৭৯ জনেরও। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আগের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা যোগ্য এবং যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ নেই, তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগের কথা বলা হয়েছিল। সেই সুযোগ পাওয়ার দাবিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ৭৯ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের আইনজীবীর বক্তব্য, এসএসসির গাফিলতির কারণেই এই শিক্ষক-শিক্ষিকাদের চাকরি হারাতে হয়েছে।আপার প্রাইমারির কাউন্সেলিং চলার সময় ৭৯ জনকে সেখানে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারীদের বক্তব্য খতিয়ে দেখে এসএসসিকে নির্দেশ দেন, সব দিক বিবেচনা করে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। কিন্তু সেই নির্দেশের পরেও কমিশন কোনও কার্যকর পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তাই ফের আদালতের দ্বারস্থ হন শিক্ষক-শিক্ষিকারা। দায়ের হয় আদালত অবমাননার মামলা।সেই মামলার শুনানিতে এসএসসির তরফে জানানো হয়, শূন্যপদের হিসাব খতিয়ে দেখে ছসপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আদালতে সেই প্রতিশ্রুতি দিয়ে মুচলেকাও জমা দেয় কমিশন। অবশেষে সেই প্রতিশ্রুতি মেনেই ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। দীর্ঘ অপেক্ষার পর তাঁদের চাকরি ফিরে পাওয়ার পথ খুলল।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

কোটি টাকা উদ্ধারের ঘটনায় নতুন মোড়! অভিষেকের আপ্তসহায়কের স্ত্রী হাইকোর্টে, চাইলেন সিবিআই তদন্ত

ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনায় এ বার নতুন মোড়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। এমনই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। শুধু তাই নয়, পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশি হেফাজতে স্বামীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।সুমিতের স্ত্রীর দাবি, পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে ইচ্ছাকৃত ভাবে জড়ানোর চেষ্টা করছে পুলিশ। জোর করে স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁর উপর চাপ দেওয়া হয়েছে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন সুস্মিতা। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত করা হোক। অথবা তদন্তের দায়িত্ব দেওয়া হোক সিবিআইকে। আদালত আগেই সুস্মিতাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই ওই টাকার সন্ধান পাওয়া গিয়েছে।তবে পুলিশের এই দাবি মানতে চাননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে পুলিশের বিরুদ্ধেই সরব হন তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে এই ঘটনা সাজানো হয়েছে। সুমিতকে ফাঁসানোর চেষ্টা চলছে। এমনকি তাঁকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন অভিষেক।এ বার সেই টাকা উদ্ধারের ঘটনা নিয়েই সরাসরি আদালতের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী। তাঁর অভিযোগ, পুলিশি হেফাজতে সুমিতের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে। তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্যই গোটা ঘটনা সাজানো হয়েছে বলেও দাবি সুস্মিতার।সব মিলিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও বাড়ল। পুলিশের দাবি, অভিষেকের আপ্তসহায়ককে জেরা করেই টাকার সন্ধান মিলেছে। অন্য দিকে, সেই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সুমিতের পরিবার। এ বার কলকাতা হাই কোর্ট এই মামলায় কী অবস্থান নেয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৯, ২০২৬
দেশ

দিল্লির শিশুদের ফুসফুসও আর গোলাপি নেই! বায়ুদূষণ নিয়ে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট

দিল্লির বায়ুদূষণ নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। রাজধানীর বিষাক্ত বাতাসের প্রভাব পড়ছে শিশুদের ফুসফুসেও। এমনই দাবি করা হয়েছে এক বক্ষরোগ বিশেষজ্ঞের রিপোর্টে। সেখানে বলা হয়েছে, দিল্লির শিশুদের ফুসফুসও আর গোলাপি নেই। এই রিপোর্টের কথা শুনানিতে তুলে ধরেন আদালতের সহায়তাকারী আইনজীবী। তবে কোনও ব্যক্তির অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া মতামত নয়, বরং গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে চায় দেশের শীর্ষ আদালত।দিল্লি ও সংলগ্ন এলাকার বায়ুদূষণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত-বান্ধব সিনিয়র আইনজীবী অপরাজিতা সিং শুনানির সময় স্যার গঙ্গারাম হাসপাতালের এক বক্ষরোগ বিশেষজ্ঞের রিপোর্টের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ওই রিপোর্টে দিল্লির শিশুদের ফুসফুসের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দূষণের কারণে শিশুদের ফুসফুসের স্বাভাবিক রংও বদলে যাচ্ছে বলে দাবি করা হয়েছে সেখানে।তবে এই বক্তব্যে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, কোনও ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না। কোনও স্বীকৃত গবেষণা পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্র আদালতে পেশ করতে হবে। তবেই সেই তথ্য বিবেচনা করা হবে।শুনানিতে দিল্লি ও সংলগ্ন এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আদালতের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে বেঞ্চ। আদালতের মতে, এই বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপের একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। অতিরিক্ত হস্তক্ষেপ করলে সাধারণ মানুষের মধ্যে আইন অমান্য করার প্রবণতা তৈরি হতে পারে।এর পরিবর্তে দীপাবলির মতো উৎসবকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে বায়ুদূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে আদালত। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে শীর্ষ আদালত।দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করা হবে, তা ঠিক করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য তৈরি নির্দিষ্ট পরিকল্পনার উপরেই ভরসা রাখবে আদালত। এ ক্ষেত্রে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা দূষণ মোকাবিলার পর্যায়ভিত্তিক কর্মসূচির সুপারিশ বিবেচনা করা হবে।দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ নতুন সমস্যা নয়। প্রতি বছর শীতের আগে থেকেই দূষণের মাত্রা বাড়তে শুরু করে। তার প্রভাব পড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে ভোগা মানুষেরা বেশি সমস্যায় পড়েন। এই পরিস্থিতিতে শিশুদের ফুসফুসের স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞের রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মমতার বাড়ির কালীপুজো ঘিরেও অশান্তি! কালীঘাটে রাস্তা আটকে পুজো, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর বড় হুঁশিয়ারি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অশান্তির রেশ কাটতে না কাটতেই এবার বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো ঘিরে। কালীঘাটে নিজের বাড়ির প্রবেশপথ আটকে নতুন নতুন কালীপুজোর আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুরনো ক্লাবগুলির পুজোর আয়োজনে বাধা দেওয়া হলেও রাতারাতি নতুন পুজো শুরু হচ্ছে। শনিবার দুপুরে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাটে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।ঘটনার সূত্রপাত শুক্রবার মাঝরাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালীঘাটে তাঁর বাড়ির সামনে জমায়েত করেছিলেন অনুগামীরা। সেই সময় কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক কালীমূর্তি নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, তাঁদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন দুপক্ষের লোকজন।এর মধ্যেই অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় তাঁর ব্যানার ও কাটআউট। তা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দুপক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়।তবে অভিষেকের অনুগামীদের অভিযোগ, পুলিশের সামনেই তাঁদের হেনস্থা করা হয়েছে। সেই সময় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ উঠেছে।এই ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সেই সময়ও কালীঘাটে উত্তেজনা তৈরি হয়। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কালীপুজোর আগে পরিকল্পিত ভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।মমতার দাবি, দীর্ঘদিন ধরে যে ক্লাবগুলি কালীপুজোর আয়োজন করে আসছে, তাদের পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাতারাতি নতুন নতুন পুজোর আয়োজন করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁর বাড়িতে ঢোকার রাস্তাও কার্যত আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এ ভাবে অশান্তি চলতে থাকলে তিনি চুপ করে থাকবেন না। প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। মমতার কথায়, আমি দরকার হলে আবারও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ব।অভিষেকের বাড়ির সামনে জন্মদিন পালন ঘিরে রাতভর উত্তেজনা এবং তার পর মমতার বাড়ির কালীপুজো নিয়ে নতুন বিতর্কপরপর এই দুই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাটে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

নভেম্বর ০৭, ২০২৬
দেশ

ফের বড় আইনি ধাক্কা অভিষেককে! হাইকোর্টের রক্ষাকবচ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, কী হবে সাংসদের?

নতুন করে আইনি চাপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই শীর্ষ আদালতে মামলা দায়ের করল রাজ্য। ফলে অভিষেকের আইনি সুরক্ষা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর দাবি ছিল, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই মামলাগুলি করা হচ্ছে। আদালতে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মোট ১৬টি এফআইআরের কথা জানিয়েছিলেন তৃণমূল সাংসদ।গত অগস্ট মাসে অভিষেককে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ২৫ অগস্ট আদালতের নির্দেশে বলা হয়েছিল, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেওয়া হবে। ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলির ক্ষেত্রে এই সুরক্ষা পেয়েছিলেন তিনি।তবে হাইকোর্টের সেই নির্দেশে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল রাজ্য সরকার। নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের সেই আবেদন খারিজ করে দেন। এর পরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য।রাজ্যের বক্তব্য, অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যথেষ্ট গুরুতর। ফৌজদারি মামলায় অভিযুক্তদের জন্য আলাদা আইনি ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে আগাম জামিনের আবেদন করতে পারতেন অভিষেক। কিন্তু সেই পথে না গিয়ে তিনি কেন রক্ষাকবচ চেয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য।রাজ্যের আরও যুক্তি, একাধিক এফআইআরকে একসঙ্গে চ্যালেঞ্জ করে সুরক্ষা চাওয়া যায় না। প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদা করে আইনি পদক্ষেপ করা উচিত। কোনও অভিযুক্তকে একাধিক মামলায় একসঙ্গে সাধারণ বা সার্বিক রক্ষাকবচ দেওয়া যায় না বলেও দাবি রাজ্যের।শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করা হয়েছে। দীপাবলির ছুটির পর আদালত খুললে মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। এখন শীর্ষ আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক ও আইনি মহলের।হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ বহাল থাকবে, নাকি রাজ্যের আবেদনে সেই নির্দেশে কোনও পরিবর্তন হবে, তা স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের শুনানির পরেই।

নভেম্বর ০৭, ২০২৬
দেশ

বোমাতঙ্ক বম্বে হাই কোর্টে! নিশানায় অমিতাভ বচ্চনের ‘জলসা’ও, তল্লাশি চালিয়ে কী পেল পুলিশ?

বম্বে হাই কোর্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানোকে কেন্দ্র করে শুক্রবার মুম্বইয়ে চাঞ্চল্য ছড়াল। ওই ইমেলে আদালত চত্বর, মহালক্ষ্মী রেসকোর্স এবং বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলো জলসায় হামলার আশঙ্কার কথা জানানো হয়। খবর পেয়েই তিনটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তবে কোথাও সন্দেহজনক কিছু মেলেনি বলে তদন্তকারীরা জানিয়েছেন।এই হুমকি ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইমেল পাঠানোর পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও বিপজ্জনক বস্তু বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ঘটনার আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।এর আগে গত ২ নভেম্বর, সোমবার মহারাষ্ট্রের একাধিক জেলা ও দায়রা আদালতেও বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। আদালত চত্বরে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেই খবর পাওয়ার পরেই সংশ্লিষ্ট আদালতগুলিতে তল্লাশি শুরু করে পুলিশ।বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দলও তল্লাশিতে অংশ নেয়। তবে দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা চালানোর পরেও কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। পর পর আদালতে বোমা হামলার হুমকি এবং এ বার বম্বে হাই কোর্টের পাশাপাশি অমিতাভ বচ্চনের বাড়ির নাম উঠে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নভেম্বর ০৬, ২০২৬
দেশ

২০২১ সালে বেকসুর খালাস, পরে ধর্ষণে দোষী সাব্যস্ত! তেজপালের সাজা নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

২০১৩ সালের ধর্ষণ মামলায় আপাতত কোনও স্বস্তি পেলেন না তেহেলকা পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপাল। তাঁর ১০ বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। ফলে সাজা ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তাঁর আবেদন বিচারাধীন থাকলেও আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বম্বে হাই কোর্টের ৬ অগস্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তেজপাল।২০১৩ সালে নিজের এক জুনিয়র সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তেজপালের বিরুদ্ধে। ২০২১ সালে নিম্ন আদালত তাঁকে এই মামলায় বেকসুর খালাস করেছিল। কিন্তু সেই রায় খারিজ করে বম্বে হাই কোর্ট তাঁকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের কারাদণ্ডের সাজা দেয়।হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেজপাল। তাঁর আবেদন ছিল, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত রাখা হোক। কিন্তু বৃহস্পতিবার সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। ফলে ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজা আপাতত বহাল থাকল।

নভেম্বর ০৬, ২০২৬
কলকাতা

কলকাতা-সহ ৭ পুরসভায় এখনই ভোট নয়! হাই কোর্টের নির্দেশে বড় ধাক্কা, কবে হবে নির্বাচন?

কলকাতা, হাওড়া-সহ রাজ্যের সাতটি পুরসভায় এখনই হচ্ছে না নির্বাচন। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতা হাই কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তে পুরভোট নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে নির্বাচন হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালত জানিয়ে দেয়, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভাগুলির নির্বাচন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না। অর্থাৎ, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত আইনি জট কাটাতে হবে। তার পরেই ভোটের প্রক্রিয়া শুরু করতে পারবে নির্বাচন কমিশন।রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শুরু করে সরকার। কলকাতা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার পরিকল্পনা নেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধী দলগুলি। তাদের আপত্তি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।পুজোর ছুটির মধ্যে মামলা দায়ের হওয়ায় বিষয়টি হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে ওঠে। শুক্রবার সেই মামলার শুনানির পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা মিটে যাওয়ার আগে পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। ফলে নভেম্বরের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চিত হয়ে পড়ল।দীর্ঘদিন ধরেই রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে নির্বাচন হয়নি। কোথাও পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে, কোথাও আবার পুরবোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসকেরা দায়িত্ব সামলাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে। দ্রুত নির্বাচন করানোর পক্ষে সওয়াল করে আসছিল রাজ্য সরকারও।আদালতের নির্দেশের পর এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আদালতের নির্দেশের পর এ বিষয়ে তাঁদের কিছু বলার থাকতে পারে না। তবে দীর্ঘদিন ভোট না হলে সাধারণ মানুষকেই সমস্যায় পড়তে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন।হাই কোর্টের এই নির্দেশের পর কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরসভায় কবে নির্বাচন হবে, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আপাতত ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তির দিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

নভেম্বর ০৬, ২০২৬
দেশ

ঋতব্রত-সহ ১০ বিধায়কের দলত্যাগ মামলা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! স্পিকারকে ঘিরে নতুন মোড়

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভার স্পিকার কোনও পদক্ষেপ না করায় তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠাল শীর্ষ আদালত। একই সঙ্গে দ্রুত মামলার শুনানি শেষ করার জন্য হাই কোর্টের প্রধান বিচারপতিকে একটি ডিভিশন বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে মামলাটির শুনানির জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়াই উপযুক্ত আইনি পদক্ষেপ। তাই শীর্ষ আদালত এই পর্যায়ে আবেদনটি খারিজ করেছে। তবে মামলাকারীকে হাই কোর্টে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্রুত মামলার নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতিকে বিষয়টি একটি ডিভিশন বেঞ্চে পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবীরা জানান, প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও বিধানসভার স্পিকার এই বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ করেননি। সেই কারণেই সরাসরি সুপ্রিম কোর্টে মামলার শুনানির আবেদন জানানো হয়েছিল। তবে সেই আর্জি শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, সব রাজ্য সুপ্রিম কোর্টে এলে কী ভাবে চলবে?উল্লেখ্য, ঋতব্রত-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত সেপ্টেম্বর মাসেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সময় শীর্ষ আদালত আশা প্রকাশ করেছিল, ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও স্পিকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। এর পরেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শোভনদেব। এবার অবশ্য শীর্ষ আদালত মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।এখন কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ঋতব্রত-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কী পদক্ষেপ করা হয়, সে দিকেই নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৫, ২০২৬
দেশ

‘প্রতিবাদের যুগ চলছে, আদালতে এলেন কেন?’ সংরক্ষণ মামলায় আবেদনকারীকে প্রশ্ন প্রধান বিচারপতির

প্রশ্নফাঁস থেকে ভোটচুরি, নির্বাচন ও এসআইআর নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এই আবহেই সংরক্ষিত বিধানসভা আসনে পরিবর্তনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের এক ভোটার। শুনানির সময় তাঁকে প্রশ্ন করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আন্দোলনের পথে না হেঁটে তিনি আদালতে এলেন কেন, তা জানতে চান প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য, এটা প্রতিবাদ ও বিক্ষোভের যুগ। সম্ভবত আপনারও সেই পথ অনুসরণ করা উচিত ছিল। জবাবে আবেদনকারীর আইনজীবী জানান, তাঁদের প্রতিবাদ করার কোনও ইচ্ছা নেই। তা ছাড়া তাঁর গলাও ব্যথা।উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার ১৯১-কাদিপুর বিধানসভা কেন্দ্রের ভোটার জগদীশ সিং এই মামলা করেছেন। তাঁর দাবি, ১৯৫২ সালের প্রথম নির্বাচন থেকে গত সাত দশকেরও বেশি সময় ধরে কাদিপুর বিধানসভা আসনটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই ব্যবস্থায় মাত্র চার-পাঁচটি পরিবার উপকৃত হয়েছে বলেও অভিযোগ তাঁর।জগদীশের দাবি, লোকসভা ও বিধানসভা আসনে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন আনার ব্যবস্থা করা হোক। পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে যেমন পর্যায়ক্রমে সংরক্ষিত আসন বদলের নিয়ম রয়েছে, বিধানসভা আসনের ক্ষেত্রেও তেমন ব্যবস্থা চালুর কথা বিবেচনা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিক আদালত।আবেদনকারীর যুক্তি, সংরক্ষিত আসন পরিবর্তনের কোনও নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় সংবিধানের ১৪, ১৫ ও ১৯ নম্বর অনুচ্ছেদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাঁর দাবি, এর ফলে ওই কেন্দ্রের ভোটারেরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সীমিত সুযোগ পান। কারণ, তাঁরা কেবল তফসিলি জাতির প্রার্থীদেরই ভোট দিতে পারেন।মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে। শুনানিতে বিচারপতিরা জানান, ভোটদানের ক্ষেত্রে ভোটারেরা যে জাতপাতকেই একমাত্র গুরুত্ব দেন, এমনটা ধরে নেওয়া যায় না।বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, বহুদলীয় গণতন্ত্রে ভোটারেরা প্রার্থীর ধর্ম বা জাতপাতের বদলে রাজনৈতিক দল এবং তাদের আদর্শ বিবেচনা করে ভোট দেবেন, সেটাই প্রত্যাশিত।তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে পর্যায়ক্রমে পরিবর্তন আনার দাবিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। ফলে আবেদনকারীর দাবি আপাতত আদালতের সমর্থন পেল না।

নভেম্বর ০৪, ২০২৬
দেশ

দুবাই থেকে ফিরতেই হবে টুলু মণ্ডলকে! ১৭ নভেম্বরের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

দুবাই থেকে দেশে ফিরতেই হবে টুলু মণ্ডলকে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে না বলে আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। পাথর পাচার এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযুক্ত টুলু বর্তমানে পরিবারকে নিয়ে দুবাইয়ে রয়েছেন।বীরভূমে পাথর পাচার ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে টুলু মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে জেলা পুলিশ। অভিযোগ, সরকারি কর্মীদের একাংশের সঙ্গে যোগসাজশ করে খনিজ পরিবহণের জন্য প্রয়োজনীয় ডিসিআর এড়িয়ে যেতেন তিনি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর ১০০ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে সেই অঙ্ক প্রায় ৮৫০ কোটি টাকা বলে দাবি তদন্তকারীদের।এই মামলায় পুলিশের তৎপরতা বাড়তেই এলাকা ছেড়ে চলে যান টুলু। পরে তিনি দুবাইয়ে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। এ দিন সুপ্রিম কোর্টে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। তিনি জানান, আদালতের রক্ষাকবচ পেলে দেশে ফিরতে রাজি টুলু। তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পুলিশ টুলুর বিরুদ্ধে পদক্ষেপ করছে।আদালতে সওয়াল করতে গিয়ে মুকুল বলেন, টুলু মণ্ডল দাউদ ইব্রাহিম নন। তিনি দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দুবাইয়ে বৈধ ব্যবসা করছেন।এর পরেই রাজ্য পুলিশের বক্তব্য জানতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শী নাগুর বেঞ্চ। রাজ্য পুলিশের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, টুলু দেশে ফিরলে আপাতত তাঁকে গ্রেফতার করা হবে না। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।দুই পক্ষের বক্তব্য শোনার পর ১৭ নভেম্বরের মধ্যে টুলুকে ভারতে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত জানায়, ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। এই সময়ের মধ্যে পরবর্তী রক্ষাকবচের জন্য স্থানীয় আদালতে আবেদন করতে হবে টুলুকে।ফলে আপাতত দুবাই ছেড়ে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা পাথর পাচার ও রাজস্ব ফাঁকির অভিযোগের তদন্ত চলবে। মামলার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের।

নভেম্বর ০৪, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 26
  • 27
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

চিকিৎসককে মারলেই ৫০ হাজার টাকা জরিমানা! হাসপাতাল ভাঙচুরে হতে পারে ৩ বছরের জেল, বড় নির্দেশ রাজ্যের

চিকিৎসকের গায়ে হাত তুললে কিংবা হাসপাতালে ভাঙচুর চালালে এ বার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দিতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। এমনকি দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজ, নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন আইনের বিধান আরও কঠোর ভাবে কার্যকর করা হবে। সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কোনও স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা কিংবা হাসপাতাল বা নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডও হতে পারে। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।শুধু জরিমানা বা জেলেই শেষ নয়, হাসপাতালের সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণও দিতে হবে অভিযুক্তকে। নির্দেশিকায় বলা হয়েছে, ভাঙচুরের ফলে কত টাকার ক্ষতি হয়েছে, তা আদালত খতিয়ে দেখবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে নতুন নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এ বার থেকে আরও কড়া নজরদারি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই দিক থেকে নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নভেম্বর ২১, ২০২৬
কলকাতা

ফেসবুকে অতিসক্রিয় কর্মীরা! তৃণমূলের গোপন তথ্য ফাঁস নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া সতর্কবার্তা

তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

যে ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন, সেই দেশেরই প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প! রাহুলকে নিশানা বিজেপির

একসময় ভারতকে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই এ বার ভারতের অর্থনীতির প্রশংসা! শুধু তা-ই নয়, ভারতের সুদের হার কম রাখার নীতির উদাহরণ টেনে আমেরিকাকেও একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করেই এ বার কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করল বিজেপি।গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের আর্থিক বৃদ্ধির কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতে সুদের হার কম থাকা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ৭ শতাংশ হারে বেড়েছে। আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের অর্থনীতি আরও দ্রুত বাড়তে পারত বলে মনে করেন তিনি।ট্রাম্প বলেন, ভারতের মতো সুদের হার কম থাকলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকি ২০ শতাংশ পর্যন্ত হতে পারত। তাঁর আরও বক্তব্য, ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভও যদি ভারতের মতো নীতি অনুসরণ করে, তা হলে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, সুদের হার বেশি রাখার ফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সুদের হার কমানো প্রয়োজন।ট্রাম্পের এই মন্তব্যকেই এ বার কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি। সমাজমাধ্যমে বিজেপি নেতা আশিস সুদ রাহুল গান্ধীকে নিশানা করেন। তাঁর বক্তব্য, ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। অথচ রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্য দেখতে চাইছেন না। দেশের প্রতিটি বিষয়েই তাঁরা অকারণে বিরোধিতা করছেন বলে অভিযোগ করেন তিনি।বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁর দাবি, নানা কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। মোদী সরকারের নেতৃত্বেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।তবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর আগের অবস্থান নিয়ে। ২০২৫ সালের জুলাই মাসে ভারতকে ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও সেই সময় সমালোচনা করেছিলেন তিনি।সেই ট্রাম্পের মুখেই এখন ভারতের অর্থনীতির প্রশংসা। একদিকে ভারতের আর্থিক বৃদ্ধির স্বীকৃতি, অন্যদিকে আমেরিকার সুদের হার কমানোর পক্ষে সওয়াল। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

আমার কথা শুনেই কমেছে সোনার দাম! দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন মোদী?

বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই সোনার দাম কমা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এক বছর আগে দেশবাসীকে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই সোনার দাম কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর কথা মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।শনিবার লখনউয়ে আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই দেশের অর্থনীতি এবং সোনার দাম নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে এক বছর যেন কেউ সোনা না কেনেন।সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই কথা মেনে নিয়েছিলেন। আজও মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। তার ফলে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।এ দিনের অনুষ্ঠানে শুধু সোনার দাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দিনে চাকরির সুযোগ কমে যেতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মোদীর মতে, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না।প্রধানমন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে পাঁচ হাজার নতুন শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলেও মনে করেন তিনি।এই প্রসঙ্গে মোদী বলেন, আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র নিয়ে কোট-প্যান্ট পরে যাঁরা ঘুরছেন, তাঁদের তুলনায় দক্ষ ও গুণী ব্যক্তিদের কদর বাড়বে।অর্থাৎ, শুধু শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নয়, বাস্তবে কাজ করার দক্ষতাই আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নভেম্বর ২১, ২০২৬
রাজ্য

ন্যানো বিদায়ের ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা! এ বার ট্রাক তৈরি করবে কোন সংস্থা?

এক সময় যে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা ঘিরে আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল হয়েছিল, সেই সিঙ্গুরেই এ বার নতুন করে শিল্পের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। সেখানে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই খবর জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তর দাবি, খুব শীঘ্রই সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। তাঁর কথায়, সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে, যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে।সম্প্রতি সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব। সিঙ্গুরের বেকার যুবকেরা পরিবেশবান্ধব শিল্প চান। সরকার সব জায়গায় কাজ করেছে।এক সময় সিঙ্গুরের জমিতে টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরির উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলন, বিক্ষোভ এবং অনশনের পর শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। এ বার সেই সিঙ্গুরেই নতুন করে কারখানা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন খড়গপুর আইআইটিতে এসেছিলেন। সেই দিনই সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা তৈরির খবর সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে দীর্ঘদিন পর সিঙ্গুরে শিল্প ফিরবে কি না, সেই আশায় নতুন করে বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬
বিনোদুনিয়া

স্বভূমির নতুন ঠিকানায় টলিউডের তারকাদের মিলনমেলা, ‘পাগলা ঘোড়া’র সাফল্যে সমৃদ্ধ প্রযোজনা সংস্থা, পরিচালক শেখর দাশ ও সমগ্র কলাকুশলীগণ

নতুন ঠিকানায় পথচলা শুরু করল স্বভূমি এন্টারটেইনমেন্ট। স্বভূমি এন্টারটেইনমেন্টের উদ্যোগে কর্ণধার ডঃপ্রবীর ভৌমিক, কার্যনির্বাহী প্রযোজক বিপাশা ঘোষাল, CEO তিয়াস ভট্টাচার্য ও গণমাধ্যম ও মার্কেটিং এর দায়িত্ব প্রাপ্ত রানা বসু ঠাকুর এনাদের ব্যবস্থাপনায় পোদ্দার নগরে সংস্থার নতুন অফিসে আয়োজিত হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে নতুন অফিসের শুভ সূচনা হয়। এই উপলক্ষে চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর দাস। তাঁর পরিচালনায় নির্মিত পাগলা ঘোড়া সম্প্রতি ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), গোয়ার ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের নির্বাচিত ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই ছবিটি ওই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা চলচ্চিত্র। ফলে ছবিটির এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্র জগতের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী অ্যানি-সহ টলিউডের আরও একাধিক পরিচিত মুখ। ও অভাগী-র কলাকুশলীদের সঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল ও অভিনেত্রী পূজা গোস্বামী, অভিনেত্রী দীর্ঘই পাল, অভিনেতা জয়ন্ত হোড় সহ অন্যান্য বিশিষ্টরা।চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয়, আগামী দিনের কাজ এবং বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে অতিথিদের মধ্যে চলে আলাপচারিতা ও আড্ডা। স্বভূমি এন্টারটেইনমেন্টের নতুন অফিসের এই শুভ সূচনা শুধু একটি নতুন কর্মস্থলের সূচনা নয়, বরং চলচ্চিত্র জগতের পরিচিত মানুষদের একত্রিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছিল।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

রাজস্থান থেকে দেহ নিয়ে কোচবিহার ফিরছিলেন! উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের তিন ভাই-সহ মৃত ৫

রাজস্থান থেকে এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না তাঁদের। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন সদস্য এবং দুই অ্যাম্বুল্যান্স চালক। শনিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের আজিজুল হক। তিনি কোচবিহারের বালাভূ এলাকার বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। আজিজুলের দেহ কোচবিহারে ফিরিয়ে আনতে রাজস্থানে গিয়েছিলেন তাঁর দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাম্বুল্যান্সের দুই চালক।অ্যাম্বুল্যান্সে আজিজুলের দেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামের কাছে ঘটে যায় দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা অ্যাম্বুল্যান্সটি। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় গাড়ির জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হায়দরগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দুজন চালক ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিবারের তিন সদস্যও ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁদের বাড়িতে।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অ্যাম্বুল্যান্সের গতি কত ছিল, চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ কোচবিহারের বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal