মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক পাণ্ডিয়া! বদলে মুম্বইয়ে আসছেন ভারতের তারকা পেসার, বড় চমক আইপিএলে
আইপিএলে বড়সড় দলবদল হতে চলেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পঞ্জাব কিংসে যোগ দিতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে মুম্বইয়ে আসছেন পঞ্জাবের তারকা পেসার অর্শদীপ সিং। দুই দলের মধ্যে এই দলবদল নিয়ে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। এখন শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের সরকারি অনুমোদনের অপেক্ষা। হার্দিকের পঞ্জাবে যাওয়া নিশ্চিত হলে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদেরও হতাশ হতে হবে। কারণ, হার্দিককে দলে পাওয়ার দৌড়ে ছিল কেকেআরও।২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে মুম্বইয়ের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। তাঁর নেতৃত্বে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল আগের সাফল্য ধরে রাখতে পারেনি। ২০২৪ সালের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছিল মুম্বই। জয়ের হার ছিল ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬টি ম্যাচের মধ্যে নটিতে জয় পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ধারাবাহিকতার অভাব এবং নেতৃত্ব নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে হার্দিককে। গত মরশুমের পর থেকেই তাঁর মুম্বই ছাড়ার জল্পনা আরও জোরালো হয়।হার্দিককে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। সেই তালিকায় প্রথম দিকেই ছিল কলকাতা নাইট রাইডার্সের নাম। তবে হার্দিককে পেতে মুম্বই যে ক্রিকেটারদের চেয়েছিল, তাঁদের ছাড়তে রাজি হয়নি কেকেআর। লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালসও। কিন্তু তারাও নিজেদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ছাড়তে চায়নি।শেষ পর্যন্ত হার্দিককে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে যায় পঞ্জাব কিংস। দুই দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে হার্দিকের বদলে অর্শদীপ সিংকে মুম্বইয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। অর্শদীপের উত্থানের পিছনে পঞ্জাব কিংসের বড় ভূমিকা রয়েছে। সেই দলের হয়েই নজর কেড়েছিলেন তিনি। এবার নতুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে।অর্শদীপ মুম্বইয়ে যোগ দিলে জসপ্রীত বুমরার সঙ্গে তাঁর জুটি নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হবে। ভারতীয় দলের দুই তারকা পেসারকে একসঙ্গে পেতে পারে মুম্বই। ফলে আগামী মরশুমে মুম্বইয়ের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে এই দলবদলের পর সবচেয়ে বড় প্রশ্ন মুম্বইয়ের পরবর্তী অধিনায়ক কে হবেন? সূত্রের খবর, আগামী মরশুমে ফের রোহিত শর্মার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার কথা ভাবছে মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ হার্দিকের বিদায়ের সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের অধিনায়কত্বেও ফিরতে পারেন হিটম্যান। সব মিলিয়ে আইপিএলের আগামী মরশুমের আগে মুম্বই শিবিরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

