এসআইআর বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে সরব হয়েছিল বিরোধী শিবির। তাঁর বিরুদ্ধে ১৯৩ জন সাংসদ চিঠি দিয়েছিলেন। তবে বিরোধীদের সেই দাবি পূরণ হয়নি। বরং এ বার আরও বড় দায়িত্ব পেতে পারেন জ্ঞানেশ কুমার। আসন্ন বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ হলে দেশের নতুন নির্বাচনী মানচিত্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।
গত এপ্রিল মাসে লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল আনা হয়েছিল। তবে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় সেই বিল পাশ করানো সম্ভব হয়নি। এ বার রাজ্যগুলির দাবি মেনে নতুন প্রস্তাব আনার পরিকল্পনা করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। পাশাপাশি আগামী ২৫ বছর আসন পুনর্বিন্যাস বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে রাজ্যগুলির লোকসভা আসনের সংখ্যায় আর কোনও পরিবর্তন হবে না।
নতুন প্রস্তাব অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের কাজ পরিচালনা করবে একটি বিশেষ কমিশন। সুপ্রিম কোর্টের এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের নেতৃত্বে থাকবেন। কমিশনের অন্য সদস্যদের মধ্যে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনের মনোনীত কোনও এক জন নির্বাচন কমিশনার। এ ছাড়াও বিভিন্ন রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনাররা এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত। ওই বছরই পরবর্তী লোকসভা নির্বাচন হওয়ার কথা। ফলে তার আগে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। সেই কারণেই এই প্রক্রিয়ায় জ্ঞানেশ কুমারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
আসন পুনর্বিন্যাস সংক্রান্ত দ্বিতীয় বিল, ২০২৬-এ কমিশনের মেয়াদ নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ, কত দিন ধরে কমিশন কাজ করবে, তা ঠিক করবে কেন্দ্র।
বিলে আরও বলা হয়েছে, প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কমিশনকে সাহায্য করার জন্য ১০ জন সদস্যকে যুক্ত করা হবে। তাঁদের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের পাঁচ জন লোকসভার সাংসদ এবং পাঁচ জন বিধায়ক থাকবেন।
তবে এই সাংসদ ও বিধায়কদের কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনও ভোটাধিকার থাকবে না। এমনকি কমিশনের কোনও সিদ্ধান্তে তাঁদের স্বাক্ষর করার অধিকারও থাকবে না। তাঁরা শুধুমাত্র কমিশনকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা করবেন।
সব মিলিয়ে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নতুন প্রস্তাব ঘিরে জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়ছে। বিলটি পাশ হলে দেশের নির্বাচনী মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। সেই প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
- More Stories On :
- Gyanesh Kumar
- New election map

