সামনেই আসন পুনর্বিন্যাসের লড়াই। কিন্তু সেই লড়াইয়ে নামার আগেই কি ভাঙনের মুখে বিরোধীদের ইন্ডি জোট? গত এপ্রিল মাসে সংসদে একটি বিল আটকে দিয়ে বিরোধীরা নিজেদের বড় সাফল্য বলে দাবি করেছিল। সেই সময় থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছিল। কিন্তু মাত্র ছ’মাসের মধ্যে বদলে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি। জোটের একাধিক শরিকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। ফলে আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধীরা কতটা একজোট থাকতে পারবে, তা নিয়েই প্রশ্ন উঠছে।
গত কয়েক মাসে একের পর এক শরিক দলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতি হয়েছে। আম আদমি পার্টি এবং ডিএমকে-র সঙ্গে দূরত্ব বেড়েছে রাহুল গান্ধীদের। তৃণমূলেও বড় ভাঙন দেখা দেওয়ায় সাংসদদের সংখ্যা কমেছে বলে দাবি করা হচ্ছে। অন্য দিকে, উদ্ধব ঠাকরের শিব সেনাও ভাঙনের মুখে পড়েছে।
এর মধ্যেই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। শরদ পওয়ারের দলও এই বিলের বিরোধিতায় কংগ্রেসের পাশে থাকছে না বলে জল্পনা ছড়িয়েছে। এমনকি শনিবারের বিরোধী জোটের বৈঠকেও তাদের প্রতিনিধিরা যোগ দেননি। সূত্রের দাবি, শরদ পওয়ারের দল এ বার শাসক শিবিরের দিকে ঝুঁকতে পারে। এমনকি সুপ্রিয়া সুলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই জল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসে ইন্ডি জোটের শরিকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন এবং আরজেডির মনোজ ঝা-সহ কয়েক জন নেতা। এ ছাড়াও উদ্ধব ঠাকরের শিব সেনা, মুসলিম লিগ এবং বাম দলগুলির প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। মোট ১২টি দলের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন।
মূলত আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিরোধী শিবিরের মধ্যে যে আগের মতো ঐক্য নেই, তা স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ডিএমকে-র অবস্থানও এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা বিলকে সমর্থন করার কথা জানিয়ে দেওয়ায় বিরোধী শিবিরের কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফলে সংসদে এই বিল আটকানোর মতো সংখ্যাগরিষ্ঠতা বিরোধীদের হাতে থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
অন্য দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশের নারীশক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিজেপি। আসন পুনর্বিন্যাস এবং মহিলাদের প্রতিনিধিত্বের বিষয়টি ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে এক দিন আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছিলেন, কংগ্রেসের হাতে পর্যাপ্ত সাংসদ সংখ্যা থাকুক বা না থাকুক, আসন পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করা হবে। অর্থাৎ সংসদে সংখ্যার নিরিখে বিরোধীরা পিছিয়ে থাকতে পারে, সেই আশঙ্কা কার্যত স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা।
সব মিলিয়ে আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বিরোধীদের লড়াইয়ের আগে ইন্ডি জোটের অভ্যন্তরীণ টানাপড়েনই এখন বড় চর্চার বিষয়। একের পর এক শরিকের অবস্থান বদল এবং পারস্পরিক অবিশ্বাসের আবহে রাহুল গান্ধীরা কতটা ঐক্য ধরে রাখতে পারবেন, এখন সেটাই দেখার।
- More Stories On :
- India Bloc
- Rahul Gandhu
- Delimitation Bill

