• ২৪ কার্তিক ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

DA

বিনোদুনিয়া

'মি অ্যান্ড মুই' এর ক্যালেন্ডারে কভার গার্ল টলি হার্টথ্রব এনা

বাংলা নববর্ষ পড়ে গেছে। করোনার চোখরাঙানি সরিয়ে আমরা নতুন বছরটা একটু ভালোভাবে কাটাচ্ছি। আর নববর্ষ উপলক্ষ্যে নতুন চমক নিয়ে এল মি অ্যান্ড মুই। তারা তাদের বাংলা নববর্ষের ক্যালেন্ডার লঞ্চ করল। প্রেম মুখার্জি ও ঋদ্ধি মুখার্জির মি আ্যান্ড মুই এর নববর্ষের ক্যালেন্ডারে রয়েছে চমক।এই ক্যালেন্ডারের কভার পেজে রয়েছেন অভিনেত্রী ও প্রযোজক টলি হার্টথ্রব এনা সাহা। এছাড়া তৃণা সাহা, রূপসা মুখোপাধ্যায়, অর্কজা আচার্যর মতো পরিচিত মুখকেও দেখা যাবে নববর্ষের ক্যালেন্ডারে। এই ক্যালেন্ডারের অংশ হতে পেরে এনা সাহা জানিয়েছেন, খুব ভালো লাগছে। প্রথমবার ওদের সঙ্গে কাজ করছি। খুব এনজয় করছি। এত সুন্দর একটা কভার দিয়েছে। দেখতে খুব ভালো লাগছে। অভিনেত্রী তৃণা সাহা জানালেন, পুরো ক্যালেন্ডারটাই বাঙালিকে কেন্দ্র করে হয়েছে। আমাকে এবং বাকীদেরকেও বাঙালি সাজেই দেখতে পাওয়া যাবে। তিনি আরও জানান, এত সুন্দরভাবে একটা বাঙালি ক্যালেন্ডার করা হয়েছে তার জন্যই আমি এবং বাকীরা মি অ্যান্ড মুই এর পার্ট হয়েছি। এরকম যেন আরও হয়। বাংলা কালচার এবং লুক কে আমরা যেন আরওভাবে এনকারেজ করি।ছবি : প্রকাশ পাইন

মে ০২, ২০২২
দেশ

প্রদ্যুত কিশোর ও আশিসলাল এক মঞ্চে থাকলে রাতের ঘুম উড়বে অন্যদের

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি ঘোষণায় তোলপাড়। নতুন কমিটির সভাপতি হয়েছেন সুবল ভৌমিক। তাছাড়া ৬ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটিতেও আছেন সুবল ভৌমিক। তাছাড়া বাকি পাঁচজন হলেন সুস্মিতা দেব, আশিসলাল সিং, আশিস দাস, ভৃগুরাম রিয়াং ও মামন খান। আরও একাধিক পদ ঘোষণা করা হয়েছে। তবে দলের নয়া কমিটি ঘোষণার পর থেকেই ত্রিপুরা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন বিজেপি বিধায়কের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। এঁদের পাশাপাশি ত্রিপুরা তৃণমূলের একাধিক নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ-বিক্ষোভ চলছে।ত্রিপুরা তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি আশিসলাল সিং কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জনতার কথা-কে। আশিসবাবু বলেন, আমি দলের সৈনিক। দুঃসময়ে দলে ছিলাম। তবে দলের বোঝা হয়ে লাভ নেই। দলকে যদি জেতাতে না পারি তাহলে পদে থেকে কী হবে? আশিসলাল সিংয়ের মতোই আশিস দাসও নতুন কমিটি নিয়ে নিরাশ। এর আগে সোশাল মিডিয়ায় দলের নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ক্ষমতাসীন দলের বিধায়ক পদ ছেড়ে ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন আশিস দাস। সাড়া ফেলে দিয়েছিলেন বাংলা ও ত্রিপুরার রাজনৈতিক মহলে। কিন্তু সময় যত গড়িয়েছে ততই তিনি ঘরে বসে গিয়েছেন। দূরে থেকেছেন রাজনীতি থেকে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দেখাই যায়নি বললেই চলে।এদিন আশিস দাস জনতার কথা-কে বলেন, ত্রিপুরার মানুষ খুব সেন্টিমেন্টাল। ত্রিপুরার মানুষের পালস নিয়ে যেভাবে খেলা হচ্ছে রাজ্যের মানুষ কিন্তু ক্ষমা করবে না। অতিদর্পে হত লঙ্কা। ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে ২০২৬-এ কিছু একটা হবে। এক্ষেত্রে ১০০ শতাংশ নেগেটিভ দিকের কথা বলেন তিনি। তাঁর ব্যাঙ্গ, পরকীয়া করতে অনেকে আনন্দ পায়। ধরা পড়লে পরকীয়ার স্বাদ কি তখন বুঝবে। ত্রিপুরায় পরকীয়া চলছে। এটা ধরা পড়বে। রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে আশিস দাস বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ সময়ই বলবে। তবে বলতে পারি একটা সম্ভাবনাটা নষ্ট হয় গেল।তৃণমূলের নয়া কমিটি গঠন নিয়ে দলের একাংশ ক্ষুব্ধ। রতন সরকার, বেচারাম দাস, অসিত ঘোষ, দুর্যোধন দাসদের মতো একনিষ্ঠরা দলে জায়গা পায়নি। ত্রিপুরা তৃণমূলের একটা বড় অংশ যোগাযোগ রাখছে তিপ্রা মথার নেতৃত্বের সঙ্গে। একথা স্বীকারও করেছে তিপ্রা মথা। রাজনৈতিক মহলের মতে, মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুর ও টানা ২৪ বছরের ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের সময় ত্রিপুরায় উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছিল। এই দুই পরিবারের কেউ ত্রিপুরাকে ঠকায়নি। সর্বদা ত্রিপুরার মানুষের পাশে ছিল। এখন তিপ্রা মথার চেয়ারম্যান মহারাজ বীর বিক্রমের নাতি প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মন। শচীন্দ্রলালের পুত্র আশিসলাল সিং ত্রিপুরা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। অভিজ্ঞ মহলের মতে, প্রদ্যুত কিশোর ও আশিসলাল এক হয়ে লড়াই করলে বাকিরা বেসামাল হয়ে যাবে। রাজ্যে ক্ষমতা দখলের লড়াই হবে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে। তারপর সিপিএম, কংগ্রেস থাকবে। লড়াইয়ে থাকতে পারে আম আদমি পার্টিও। কিন্তু তৃণমূল কংগ্রেস কোন স্থানে থাকবে তা নিয়ে সংশয়ে পড়েছে দলেরই একাংশ।আশিস দাসেরবিজেপি ত্যাগ করে মস্তক মুন্ডনআশিসলালের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূল তাদের দুই প্রার্থীকে লড়াইয়ের জন্য আর্থিক সাহায্য দিয়েছিল। তা সত্বেও আগরতলা পূর্ব আসনের প্রার্থীকে দলীয় প্রচারের জন্য কয়েকলক্ষ টাকা নির্বাচনী প্রচারকার্যের জন্য দিয়েছিলেন আশিসলাল সিং। ২০১৮ বিধানসভা নির্বাচনে ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতিকে কোনও ফান্ড দেয়নি দল। প্রার্থীদের মাত্র ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। তখনও ত্রিপুরায় যাতায়াত করা নেতাদের হোটেল বিল, গাড়ির ভাড়া দিয়েছিলেন আশিসলাল সিং। ২০১৯ লোকসভা নির্বাচনে একটা আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী মামন খানকে প্রচারের জন্য একটা টাকাও দেয়নি দলীয় নেতৃত্ব। ১৭ লক্ষ টাকা দিয়েছিলেন আশিসলাল সিং। দলের ওই অংশের দাবি, শুধু দলীয় কর্মীদের পাশে নয়, আর্থিক ভাবেও দলের পাশে বারংবার দাঁড়িয়েছেন শচীন্দ্রলাল পুত্র। মান রেখেছেন পিতার।তৃণমূল সূত্রে খবর, গত ২১ জুলাই দলবদলুরা দলে আসেনি। ৮২ জন নেতা-কর্মীসহ কৈলাশহরে গ্রেফতার হয়েছিলেন আশিসলাল। সারা ত্রিপুরায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল ভাষণ চলেছে। প্রতিদিন কয়েকশো লোক যোগ দিয়েছেন তৃণমূলে। পোলো টাওয়ারে রাতের অন্ধকারে দলবদলুরা যোগ দিতেই দলে যোগদান পর্ব কমতে শুরু করল। মে থেকে জুলাই প্রায় ৫২ হাজার নেতা-কর্মী যোগ দিয়েছিল তৃণমূলে।ত্রিপুরা তৃণমূলের একাংশের বক্তব্য, যুব, মহিলা, এসটি মোর্চায় শিক্ষিত কাজের লোক থাকা সত্বেও তাঁদের দল দায়িত্ব দেয়নি। সভাপতি করা হয়েছে তৃতীয় শ্রেণি, অষ্টমশ্রেণি পাস লোকজনদের। কেউ আবার জেল খেটে জামিনে রয়েছেন। ওই মামলা কিন্তু রাজনৈতিক নয়। মোদ্দা কথা, ত্রিপুরায় সম্ভাবনা অনেকটাই নষ্ট হয়ে গেল বলে আশিস দাসের মতোই দলের নেতা-কর্মীদের অনেকে মনে করছেন।

মে ০১, ২০২২
বিনোদুনিয়া

সিমলার জায়তি আর্ট গ্যালারিতে ভারতবর্ষের চিত্রকলার বিভিন্ন মাধ্যম তুলে ধরা হল

সিমলার জায়তি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্র প্রদর্শনীর। ২৭ মে এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ১ মে পর্যন্ত। ১৯ জন শিল্পীর ৪টি করে ছবি অর্থাৎ মোট ৭৬টি ছবি এই চিত্র প্রদর্শনীতে দেখানো হচ্ছে। এই চিত্র প্রদর্শনী সম্পর্কে বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের সভাপতি অশোক রায় জনতার কথা- কে জানালেন, এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভারতবর্ষের চিত্রকলার বিভিন্ন মাধ্যম তুলে ধরা হয়েছে। কলকাতা, জয়পুর, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং অসমের শিল্পীদের ছবি আছে এই চিত্র প্রদর্শনীতে। কলকাতার ৭ জন চিত্রশিল্পীর ছবি এই চিত্র প্রদর্শনীতে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ১৫ বছর ধরে আমার ছবি আঁকার বিষয় মাইথোলজি। জায়তি আর্ট গ্যালারিতে আমার ৪টে ছবিও মাইথোলজির ওপর ভিত্তি করেই আঁকা হয়েছে। বিভিন্ন চিত্র প্রদর্শনীর মতো এই চিত্রপ্রদর্শনীতেও যে যে আঁকাগুলো রয়েছে সেগুলো অনেকে কিনছেনও। জানা গেছে বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের অধীনে ৪-৮ নভেম্বর আন্তর্জাতিক চিত্রশিল্প উৎসব অনুষ্ঠিত হবে কলকাতায়।

এপ্রিল ৩০, ২০২২
খেলার দুনিয়া

মালোকাই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে ইতিহাস সৃষ্টি করলো বাংলার জলকন্যা সায়নী

ইংলিশ চ্যানেলের পর এবার মার্কিন মুলুকের মালোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করলো বাংলার জলকন্যা সায়নী দাস। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের মহিলা সাঁতারু হিসাবে সায়নী-ই প্রথম মালোকাই চ্যানেল জয়ের নজির সৃষ্টি করলেন। জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী।শুক্রবার সকালে সুদূর মার্কিন মুলক থেকে ফোন করে মেয়ের সেই ইতিহাস সৃষ্টির কথাই সংবাদ মাধ্যম কে জানান সায়নীর বাবা তথা কোচ রাধেশ্যাম দাস। মহিলা সাঁতারু হিসাবে সায়নী এই নিয়ে চার চারটি চ্যানেল জয়ের দৃষ্টান্ত তৈরি করতে পারায় উচ্ছশিত সায়নির পরিবার ও দেশের সাঁতারু মহল।সায়নীর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা শহরের বারুই পাড়ায়। ছোট বয়স থেকেই বাবা রাধেশ্যাম দাসের হাত ধরে সাঁতারে হাতে খড়ি হয় সায়নীর। তার পর থেকে কঠিন অনুশীলনের মধ্য দিয়ে সায়নী নিজেকে কার্যত জলকন্যা হিসাবেই গড়ে তোলেন। রটনেষ্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয়ের দৃষ্টান্ত তৈরী করে। আর এবার সায়নী মালোকই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করলো।পাইলটের সাথে সায়নিরাধেশ্যাম দাস জানিয়েছেন, মালোকাই চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে সায়নী টানা দুবছর কঠিন অনুশীলন চালিয়ে যায়। তার পর মালোকাই চ্যানেল জয়ের লক্ষ্যে ২৯ শে মার্চ মেয়ে সায়নীকে নিয়ে তিনি মার্কিন মুলুকে পা রাখেন। এপ্রিল মাসের প্রথম দুসপ্তাহের মধ্যে মালোকাইয়ের জলে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সায়নী জলে নামতে পারেননি। ওই সময়ে হাওয়ার গতীবেগ প্রতি ঘন্টায় ৩৫-৪৫ কিমি থাকায় জলের ঢেউ ২ মিটারের উপরে থাকছিল। তাই তখন মালোকাইয়ের জলে নামা ঝুঁকিপূর্ণ ছিল।সায়নীর পাইলটও ভালো আবহাওয়ার জন্য একটু অপেক্ষা করতে বলেন। সায়নী তাঁর পাইলটের বক্তব্য মেনে নেয়। কারণ ২০১৭ সালে ইংলিশ চ্যানেলে নামার আগে সায়নীকে এই ধরনের প্রতিকূল আবহাওয়া জনিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।বাবা মা ও দলের সাথেরাধেশ্যাম বাবু আরও জানান, আবহাওয়া প্রতিকুল থাকার সময়টা মালোকাইয়ের জলে সায়নী নামতে না পারলেও অনুশীলন বন্ধ করে নি। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে টানা বাইশ দিন থাকাকালীনও সায়নী কঠিন অনুশীলনে চালিয়ে যায়। মালোকাই চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিল গোডিং সায়নীকে দায়িত্ব নিয়ে অনুশীলন করান। আর পাইলট ম্যাথিউ বাকম্যান আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নজর রেখে চলেন। পরে অনুকুল আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে ২৮ এপ্রিল ভারতীয় সময় সকাল ১০ টা নগাদ সায়নী মালোকইয়ের জলে নামে। তার পর থেকে টানা ১৯ ঘন্টার বেশী সময় সাঁতার কেটে সায়নী মালোকাই চ্যালেন জয়ের লক্ষে পৌছে যায় বলে রাধেশ্যাম বাবু এদিন জানিয়েছেন। সায়নী জানিয়েছে, মালোকাই চ্যানেল জয় করার লক্ষ ছিল তাঁর। সেই জয় তিনি পেয়েছেন। একই সঙ্গে সায়নী জানান, এই জয় তিনি উৎসর্গ করেছেন দেশের সকল ক্রীড়া প্রেমী মহিলাদের উদ্দেশ্যে।

এপ্রিল ২৯, ২০২২
বিনোদুনিয়া

নূপুর ডান্স একাডেমির বার্ষিক উৎসব

কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে সম্প্রতি হয়ে গেলো কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমির বার্ষিক উৎসব। শহর জুড়ে তার প্রস্তুতি ছিল তুঙ্গে। উক্ত অনুষ্ঠানের জন্যে কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমি ও উড়ান মানুষের কাছে আবেদন করেছিলো এটি কে যাতে শহরের একটা বড় উৎসব করে তোলা যায়। উৎসবের জন্যে এসে হাজির হয়েছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার কুমার শর্মা এবং তার টিম কত্থক রকার্স । এবং তাঁরা হাজির করলেন ত্রিনাদ, যা এর আগে দেশের বাইরে অনুষ্ঠিত হলেও দেশে এই প্রথম। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে ওঠে নির্দিষ্ট দিন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চ থেকে আয়োজকদের পক্ষ থেকে কুমার শর্মা জি কে বরণ করে নেন ইন্ট্রোলিঙ্ক-এর কর্ণধার শ্রী তন্ময় সাহা। নূপুর ডান্স অ্যাকাডেমির একাধিক ছাত্র ছাত্রীরা শুরুতেই করেন নৃত্য পরিবেশন, নৃত্য এবং গানের মধ্য দিয়ে উঠে আসে ধর্ষণের বিরুদ্ধে স্বর। এরপর শুরু হয় কাঙ্খিত সেই ত্রিনাদ। নাচ, গান, তাল মিলিয়ে সে এক অদ্ভূত আবেশ মেতে ওঠেন দর্শকরা। কত্থক রকার্স বুঝিয়ে দেয় বিদেশের মাটিতে তাঁরা যেমন জমিয়ে এসেছেন, দেশের মাটিতেও তার অন্যথা হবে না। শব্দ, আলোর এক মায়াবী পরিবেশে মোহিত হয়ে ওঠেন দর্শকাসনের প্রতিটি মানুষ। এক দর্শকের কথায়, যারা আসেন নি তাঁরা বুঝতেও পারলেন না কত বড় একটা ইতিহাস মিস করে গেলেন তাঁরা। ধর্ষণের উপর তৈরি হওয়া কাজ টি দেখে, দর্শক হিসেবে আসা এক ডাক্তার বাবুর কথায়, আমার দুই মেয়ে আছে, বেনাকাব প্রযোজনা টি দেখার পর মুখ লুকিয়ে আমি হাও হাও করে কেঁদে ফেলেছি। এই সময়ে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক কাজ হয়েছে এটি।আয়োজক সংস্থার পক্ষ থেকে গোপা মুখার্জি বলেন, দীর্ঘ দিন অপেক্ষা করে তারপর উৎসবটি সম্পন্ন করা গেলো । নূপুর এর এই পার্বন পুরো শহরের উৎসব হয়ে উঠবে সেই কামনা করেছিলাম, এবং সবাই কে আহবান করেছিলাম! মানুষ যে এভাবে এরকম অভাবনীয় সাড়া দেবেন আমি ভাবতেই পারি নি! আগামী দিনে শহরের তথা জেলার জন্যে আরো কিছু ভালো ভালো উপহারের পরিকল্পনা করছি আমরা।

এপ্রিল ২৯, ২০২২
বিনোদুনিয়া

অনুষ্ঠিত হলো উত্তরপাড়া গণ ভবনে রঙ্গশ্রী আর্ট এন্ড কালচার এর বার্ষিক নৃত্যানুষ্ঠান ২০২২

উত্তরপাড়া গণ ভবনে হয়ে গেলো রঙ্গশ্রী আর্ট এন্ড কালচার এর বার্ষিক নৃত্যানুষ্ঠান ২০২২। অনুষ্ঠানের নামকরণ করা হয় ভারতীয় সংস্কৃতি সমারোহ গ্লোবাল ডান্স ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আর্ট এন্ড কালচার।প্রতিবছর তারা এই সারা ভারত নৃত্য প্রতিযোগিতা র আয়োজন করে থাকে। এবছর এই বার্ষিক নৃত্যানুষ্ঠান এ বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কথক শিল্পী কেয়া চন্দ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক রাহুল দেব মন্ডল, ওড়িশি শিল্পী অনুপমা দে, কথক শিল্পী কুশল ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর মন্দারমনি অন্তদয় অনাথ আশ্রম এর কর্নধার বলরাম করণ, ওড়িশি নৃত্যশিল্পী প্রদীপ কুমার বেহেরা, ভারত নাট্যম ও ক্রিয়েটিভ ডান্সে এর অপর্ণা চ্যাটার্জী প্রমুখ শিল্পীরা। সকলেই রঙ্গশ্রী র এই উদ্যোগ কে সাধুবাদ জানায়। মঞ্চে অতিথিদের হাতে মানপত্র তুলে দেন রঙ্গশ্রী র দুই কর্ণধার সুরজিৎ ভৌমিক ও লিপাসি ভৌমিক। পরে অতিথিরা ছাত্রীদের হাতে পুরস্কার ও সাটিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে ভারত নাট্যম পরিবেশন করেন অনুপমা দে।কথক নৃত্যে নজর কারে গুরু অঞ্জু ভট্টাচার্য র সুযোগ্য ছাত্রী দিশানি ভৌমিক। এই বছর সারা ভারত নৃত্য প্রতিযোগিতায় সেরা পুরস্কার পেলেন চন্দ্রিমা রায় চৌধুরী। সমগ্র নৃত্যানুষ্ঠান টি পরিকল্পনা ও পরিচালনা য় ছিলেন রঙ্গশ্রী আর্ট এন্ড কালচার এর সভাপতি সুরজিৎ ভৌমিক ও উৎসব অধিকর্তা ও রঙ্গশ্রীর কর্ণধার লিপাসি ভৌমিক। সমগ্র অনুষ্ঠানটি সেদিন সুচারু সঞ্চালনায় ছিলেন দিপায়ন ঘোষ। উত্তরপাড়া গনভবনের এদিনের অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে।

এপ্রিল ২৭, ২০২২
রাজ্য

অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুজনের, সিবিআই তদন্ত দাবি অনুপমের

তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের গাড়ি দুর্ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা। গতকাল রাতে বীরভূমের ইলামবাজারে অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা লাগে। মৃত্যু হয় শিশু কন্যাসহ দুজনের। ঈদের বাজার সেরে ওই দেহরক্ষী বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে সায়গল হোসেন। গরুপাচার কাণ্ডে এই দেহরক্ষীও সিবিআইয়ের নজরে রয়েছেন। তাঁকে তলব করেছিল সিবিআই।অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। এদিন টুইটে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক লিখেছেন, আশা করব সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলাকালীন ওনার আর কোনও খুবই কাছের দেহরক্ষীর এরকম দুর্ঘটনা ঘটবে না। অতিশীঘ্রই সায়গল হোসেনের গাড়ি দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আমার চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছাবে।গরুপাচার কাণ্ডে ইতিমধ্য়ে সিবিআই ৬ বার তলব করেছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় তাঁকে সিবিআই তলব করেছে। এর আগে সিবিআই তলবের দিন অনুব্রত এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর চিনার পার্কে নিজের ফ্লাটে যান। তাঁর আইনজীবী সিবিআইকে জানিয়ে দেয় তাঁকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসকরা। তারপর ফের অনুব্রতর তরফে জানানো হয় মে মাসের তৃতীয় সপ্তাহে তিনি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। সেখানে তিনি কয়েকটি শর্তও আরোপ করেছেন। এসবের মধ্যেই তাঁর দেহরক্ষীর গাড়ি গতকাল, মঙ্গলবার দুর্ঘটনার কবলে পরে। মৃত্যু হয় তার এক শিশু সহ দুজনের। দেহরক্ষীর শারীরিক অবস্থা সংকটজনক।pic.twitter.com/jhRl42VtXD Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) April 27, 2022এদিন অনুপম হাজরা টুইটে আরও লেখেন, গতকাল রাতে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের গাড়ির দুর্ঘটনা ঘটে। সায়গলের মেয়ে মারা যায় ঘটনাস্থলেই। সায়গল হোসেনের অবস্থা সংকটজনক। যতদূর জানি, ওনার সবথেকে বিশ্বস্ত এবং কাছের দেহরক্ষী হলেন সায়গল হোসেন ....যাঁর ঘারে হাত রেখে বেশিরভাগ সময় উনি হাঁটাচলা করতেন।

এপ্রিল ২৭, ২০২২
রাজ্য

মৃত ব্যক্তির নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন করিয়ে টাকা লুট - ফের কাঠগড়ায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত

কেউ মারা গিয়েছেন প্রায় আট বছর আগে। আবার কেউ পাঁচ বছর আগে মারা গিয়েছেন। কিন্তু তাতে আর কি যায় আসে বাংলা আবাস যোজনার অর্থ লুটেরাদের।কাগজে কলমে এই সকল মৃত ব্যক্তিদের নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন করিয়ে লুট কে নেওয়া হল সেই ঘরের টাকা। এমন ঘটনা জানাতে পরেই সোমবার পূর্ব বর্ধমানের কালনা ১ ব্লকের বিডিও-র দ্বারস্থ হলেন মৃতর পরিজনরা। তাঁরা এই দুর্নীতি কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় নান্দাই গ্রাম পঞ্চায়েতকেই কাঠগড়ায় তুলেছেন। ব্লক প্রসাসন অভিযোগের তদন্ত করে কি ব্যবস্থা নেয় সে দিকেই এখন তাকিয়ে মৃতর পরিজনরা।বাংলা আবাস যোজনা নিয়ে কালনার নান্দাই পঞ্চায়েতের বিরুদ্ধে এই প্রথম দুর্নীতির অভিযোগ উঠলো এমটা নয়।চার দিন আগেই কিছু প্রতিবন্ধী ও ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো ব্যক্তি বাংলা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বিডিও কে অভিযোগ জানান। নান্দাই পঞ্চায়েতের দুপসা গ্রাম নিবাসী প্রতিবন্ধী মহসীন মণ্ডল ওই দিন প্রশাসনকে জানান ,কাগজে কলমে তিনি বাংলা আবাস যোজনায় ঘর পেয়েছেন ঠিকই।কিন্তু ঘরের টাকা তিনি পান নি। দুর্নীতি করে তাঁর আই ডি নম্বর ব্যবহার করে ঘরের টাকা অন্য ব্যক্তি হাতিয়ে নিয়েছে। এই দুর্নীতিতে নান্দাই পঞ্চায়েতের প্রধান ও গ্রাম সদস্য যুক্ত বলেও ওই দিন প্রশাসনকে জানান মহসীন মণ্ডল। একই দিনে নান্দাই পঞ্চায়েতের আশ্রম পাড়া নিবাসী বুলু দেবনাথও একইরকম অভিযোগ এনে ওই বিডিওর দ্বারস্থ হন। তিনিও বাংলা আবাস যোজনায় এই আর্থিক দুর্নীতি কাণ্ড নিয়ে পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান ও ১০০ দিনের কাজের সুপারভাইজার কে কাঠগড়ায় তোলেন।এই ঘটনার পর চার দিন কাটতে না কাটতে এদিন ফের বাংলা আবাস যোজনা নিয়ে নান্দাই পঞ্চায়েতের বিরুদ্ধে আরো চঞ্চল্যকর অভিযোগ আনলেন একাধীক বাসিন্দা। স্থানীয় দুপসা গ্রাম নিবাসী ভ্যাবল মোল্লা এদিন বিডিওকে জানান, তাঁর মা নুরনাহার বিবি ১০১৪ সালের ৩০ জুলাই মারা গিয়েছেন। তার পর কাগজে কলমে তাঁরা মায়ের নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন হয়। কিন্তু ঘরের টাকা তাঁরা কেউ পান নি। সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর মায়ের নামে অনুমোদিত হওয়া ঘরের টাকা অন্য জন হাতিয়ে নিয়েছেন। ভ্যাবল মোল্লা ছাড়াও স্থানীয় কুতিরডাঙা মিবাসী শিখা মধু এদিন বিডিওকে অভিযোগে জানান, তাঁর বাবা মহাদেব মধু ২০১৭ সালে মারা যান। তার পরে তাঁর বাবার নামে বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন হলেও ঘরের টাকা তাঁরা পান নি। জালিয়াতি করে অন্যজন তাঁর বাবার নামে অনুমোদিত হওয়া ঘরের টাকা হাতিয়ে নিয়েছে। এই দুই জন ছাড়াও কুতিরডাঙা নিবাসী সুশীলা বিশ্বাসও একই ধরণের অভিযোগ করেছেন। এমন কি প্রকৃত গৃহহীন কে বঞ্চিত রেখে দোতলা বাড়িতে বসবাস করা অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি নিজের স্ত্রীর নামে বাংলা আবাস যোজনার ঘরের টাকা তুলে নিয়েছেন বলে এদিন অনেকে অভিযোগ করেছেন।এদিকে বাংলা আবাস যোজনা নিয়ে একের পর এক এমন বিস্ফোরক অভিযোগ উঠে আসতেই মুখ লুকিয়েছেন নান্দাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমুর ঘোষ ও উপ-প্রধান লিয়াকত শেখ। বিষয়টি নিয়ে এদিও তাঁরা কেউই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চান না । বিডিও (কালনা- ১) সেবন্তী বিশ্বাস এদিন জানান, অভিযোগের তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশাকরা যাচ্ছে তদন্তে খুব তাড়া তাড়ি সত্য সামনে আসবে। তদন্তে অনিয়ম কিছু ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এপ্রিল ২৬, ২০২২
বিনোদুনিয়া

লন্ডন থেকে ফিরেই মঞ্চ কাঁপালেন ডোনা গাঙ্গুলি

গল্পটি, মূলত নারীকেন্দ্রিক,১৮৮০ সাল নাগাদ যার পটভূমিকা নির্মান করা হয়। এতে দুজন মহিলা এবং একজন পুরুষ মূল কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করেছেন যে প্রেম হল একটি মায়া গোলকধাঁধা যা আমাদের ঘিরে থাকে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর মায়া কুমারীদের একত্রে গল্প বলার সাথে এক অস্বাভাবিক আনন্দের পরিবেশ তৈরি করেন। তারা নায়কদের মনে বিভ্রম সৃষ্টি করে। মায়ার খেলা একটি ত্রিকোণ প্রেমের গল্প, যা সখী সমিতি, একটি নারী কেন্দ্রিক থিওসফিক্যাল সমিতির জন্য সরলা রায়ের একান্ত অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে কথক এবং পর্যবেক্ষক হলেন মায়াকুমারী, একটি বিভ্রম সৃষ্টি করার জাদুকরী ক্ষমতা সম্পন্ন জলপরী।এইরকমই এক নৃত্যনাট্য মায়ার খেলা নিয়ে আবার মঞ্চে ফিরলেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। দক্ষিণায়ন ইউকে এর উদ্যোগে দীক্ষামঞ্জরী এর নৃত্য পরিবেশনায় এই প্রয়াস ১৭ এপ্রিল রবীন্দ্রসদনে, ১৯ এপ্রিল জি.ডি.বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হলো। পরে প্রযোজনাটি পরিবেশিত হলো ইজেডসিসি-এর আমন্ত্রণে মোহর-বীথিকা অঙ্গনের সহযোগিতায় শান্তিনিকেতন সৃজনী শিল্পগ্রামে, ২৩ এপ্রিল সন্ধ্যায়। তিনটে জায়গাতেই মানুষের সাড়া ছিল নজরকাড়া। করোনার নানা বিধি নিষেধ মেনে রিহার্সালে মাস্ক পড়ে উপস্থিত হন সব অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা। জোড় কদমে চলেছে রিহার্সাল গানের দলের সঙ্গে। গানের দলে উপস্থিত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা ডা: আনন্দ গুপ্ত। প্রায় দেড় ঘন্টার এই নৃত্যনাট্যে ডোনা গাঙ্গুলি নৃত্য পরিবেশন করেন দীক্ষামঞ্জরী এর ছাত্রীদের নিয়ে। ডোনা গাঙ্গুলি বললেন, করোনা এখন আমাদের জীবনের সাথে চলবে। তাই বলে আমাদের কাজ আমরা করবোনা এমনটা তো চলেনা।তাই এই উদ্যোগে সামিল হওয়া।মঞ্চ কাঁপালেন ডোনা গাঙ্গুলিদক্ষিণায়ন ইউকে এর আমন্ত্রণে এই প্রযোজনায় আমাদের এই অংশগ্রহণ আসা করি সকলের ভালো লেগেছে। প্রযোজনাটা এই বছর জানুয়ারি মাসেই করার কথা থাকলেও করোনার তৃতীয় ঢেউ এর কারণে পিছিয়ে দিতে হয়েছিল। তবে এবার তিনটে ভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হলো। ভালো লাগছে শান্তিনিকেতনেও করা হলো। অন্যদিকে ডা: আনন্দ গুপ্ত বললেন, অনেকদিনের ইচ্ছা ছিল এই প্রোযোজনাটা আমরা করব। সেই হিসেবেই এগিয়েছি। দীক্ষামঞ্জরী এর শিল্পীদের নৃত্যের সাথে লাইভ গানে এই নৃত্যনাট্যটা খুব সুন্দর ভাবে পরিবেশিত হলো। প্রমোদার চরিত্রে ছিলেন ডোনা গাঙ্গুলি, অমরের চরিত্রে রঘুনাথ দাস।অমরের চরিত্রে গান গাইলেন সঙ্গীত পরিচালক ডা: আনন্দ গুপ্ত। সঙ্গীত আয়োজনে ছিলেন সুব্রত বাবু মুখোপাধ্যায়। নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলি। আলোয় দীনেশ পোদ্দার। তালবাদ্যে ছিলেন বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী বিপ্লব মন্ডল।

এপ্রিল ২৫, ২০২২
রাজনীতি

অনুব্রতর আইনজীবীর ইমেইল সিবিআইকে, হাজির হলেই ভয় কেটে যাবে, কটাক্ষ সুকান্তর

বারংবার সিবিআই তলব করলেও এবারও হাজিরা এড়ালেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। জানা গিয়েছে, বিকেলের দিকে ইমেইল করে অনুব্রত মন্ডলের আইনজীবী সিবিআইকে জানিয়েছেন, তাঁর মক্কেল হাঁটতে পারছেন না। তাঁকে চিকিৎসকরা ৪ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত তিনি সিবিআই দফতরে হাজির হতে পারছেন না। এদিকে অনুব্রত সিবিআইতে হাজিরা না দেওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিএম। এদিন জোড়া নোটিশ দিয়েছে সিবিআই। একদিকে গরুপাচার কাণ্ডে বিকেলের মধ্যে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর একটি নোটিশে সিবিআই বলেছে ভোটপরবর্তী হিংসার মামলায় আগামিকাল রবিবার সকাল ১১টার মধ্যে তাদের দফতরে হাজির হতে। নোটিশ দিতে চিনারপার্কে অনুব্রত মন্ডলের ফ্লাটে যান সিবিআই। এদিকে অনুব্রতর সিবিআই দফতরে হাজির না হওয়ায় কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,ওনার সিবিআই দফতরে যাওয়া উচিত। কিন্তু উনি বিভিন্ন অজুহাতে উডবার্নে ভর্তি হচ্ছেন। তবে ওনার রোগ নিয়ে লোকে যা বলছে তাতে মনে হয় ওনারও সম্মানে লাগে। এত আছিলা না করে ওনার সিবিআই-এর সম্মুখীন হওয়া দরকার। উনি কত পেয়েছেন, অন্যরা কত পেয়েছে সব বলে দেওয়াই উচিত। একবার গেলেই তো হল। একবার গেলে ওনার ভয় কেটে যাবে, তখন বারাবার যেতে ইচ্ছে করবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদাম্বরমকে ধরতে পাঁচিল টপকে ঢুকেছিল সিবিআই। এখন চিনারপার্কে যেতে পারছে না সিবিআই। এসবই নাটক।এনিয়ে গরুপাচার কাণ্ডে ৬ বার সিবিআইয়ের তলবে হাজির হলেন না অনুব্রত মন্ডল। সঙ্গে যোগ হয়েছে ভোট পরবর্তী হিংসার মামলা। তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে সিবিআই তলব করছে। গতকালই হাসপাতাল থেকে ছেড়েছে অনুব্রত মন্ডলকে। তিনি কলকাতায় চিনারপার্কের ফ্লাটেই তো আছেন।

এপ্রিল ২৩, ২০২২
খেলার দুনিয়া

কুলদীপ–অক্ষরদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠলেন বাটলার, শীর্ষে রাজস্থান

শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ৩৬। ওবেদ ম্যাকয়ের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে লড়াই জমিয়ে দিয়েছিলেন রভম্যান পাওয়েল। কিন্তু ২০ রানের বেশি তুলতে পারেননি। জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২০৭ রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালস। ১৫ রানে জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছল রাজস্থান রয়্যালস। তবে ওয়াংখেড়ের দর্শকরা এদিন দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকল। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ ছিল মূলত রাজস্থানের ব্যাটারদের সঙ্গে দিল্লির বোলারদের লড়াই। বলা ভাল জস বাটলারের সঙ্গে দিল্লির বোলারদের। কুলদীপ যাদব, মুম্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের উড়িয়ে দিলেন জস বাটলার। বিধ্বংসী মেজাজে ব্যাট করে আবার সেঞ্চুরি বাটলারের। ৬৫ বলে করেন ১১৬। চলতি আইপিএলে তৃতীয় শতরান। একই সঙ্গে আইপিএলে তাঁর মোট সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪। স্পর্শ করলেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনকে। নিজের শেষ ৮ আইপিএল ইনিংসের চারটিতেই সেঞ্চুরি বাটলারের।এদিন টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি বোলারদের কোনও রকম সুযোগ দেননি রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কল। চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন বাটলার। এদিন ললিত যাদবের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ডের এই ওপেনার। দেবদত্ত পাড়িক্কলও নিজেকে দারুণভাবে মেলে ধরেন। তাঁর হাফ সেঞ্চুরি আসে ৫০ বলে। রাজস্থানের এই দুই ওপেনার সবথেকে বেশি নির্দয় ছিলেন কুলদীপ যাদবের ওপর। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৪ রান করে খলিল আমেদের বলে এলবিডব্লুউ হন দেবদত্ত পাড়িক্কল। বাটলার ও দেবদত্তর প্রথম দিকে বাটলার খুব বেশি আক্রমণাত্মক ছিলেন না। হাফ সেঞ্চুরি করার পর রীতিমতো ঝড় তোলেন। পরের ৫০ আসে ২১ বলে। অর্থাৎ ৫৭ বলে সেঞ্চুরি। আইপিলে মোট ৪ সেঞ্চুরির মালিক হলেন বাটলার। চলতি মরশুমে ৩টি। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করে তিনি মুস্তাফিজুরের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। সঞ্জু স্যামসনও ক্রিজে নেমে ঝড় তোলেন। ১৯ বলে ৪৬ রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২২২ রান তোলে রাজস্থান রয়্যালস। জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য মোটেই সহজ ছিল না দিল্লি ক্যাপিটালসের কাছে। তবে দারুণ শুরু করে দলকে আশা জাগিয়েছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। ওপেনিং জুটিতে ৪.২ ওভারে ওঠে ৪৩। এরপরই ধাক্কা। প্রসিদ্ধ কৃষ্ণর বলে ফিরে যান ওয়ার্নার। ১৪ বলে তিনি করেন ২৮। পরের ওভারেই আউট সরফরাজ খান (১)। পৃথ্বী শ এবং অধিনায়ক ঋষভ পন্থ দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এই সময় মনে হচ্ছিল চাপ কাটিয়ে দিল্লি হয়তো জয়ের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। দশম ওভারের শেষ বলে পৃথ্বীকে (২৭ বলে ৩৭) তুলে নিতেই চাপে পড়ে যায় দিল্লি। এক ওভার পরে অধিনায়ক ঋষভ (২৪ বলে ৪৪) ফিরতেই জয়ের আশা শেষ হয়ে যায় দিল্লির। অক্ষর প্যাটেল (১), শার্দূল ঠাকুররা (১০) দলকে নির্ভরতা দিতে পারেননি। ললিত যাদব (২৪ বলে ৩৭) ও রভম্যান পাওয়েল (১৫ বলে ৩৬) চেষ্টা করেছিলেন। ২০ ওভারে ৮ উইকেটে ২০২৭ তুলতে সমর্থ হয় দিল্লি। ২২ রানে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৩২ রানে ২ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।

এপ্রিল ২৩, ২০২২
রাজনীতি

অনুব্রত মন্ডল ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে, থাকবেন কলকাতাতেই

সিবিআই তলবের দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য অনুব্রত মণ্ডল৷ হাসপাতাল সূত্র জানা গিয়েছে, ভর্তি হওয়ার সতেরো দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত। গরুপাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে ৬ এপ্রিল নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। আগের দিন কলকাতায় চিনারপার্কে নিজের ফ্লাটে এসেও ছিলেন অনুব্রত। কিন্তু পরের দিন নিজাম প্যালেসে না গিয়ে শারীরিক অসুস্থতার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এদিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সিবিআই-এর সামনেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল৷ সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রতর আইনজীবীরা জানিয়েছিলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের অনুমতি নিয়ে তাঁদের মক্কেলকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রের দুটি ধমনীতে ব্লকেজ রয়েছে৷ আপাতত তাঁকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এখন তিনি বীরভূম যাচ্ছেন না। চিনারপার্কের ফ্লাটেই তিনি থাকবেন।গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে ৫ বার তলব করেছিল সিবিআই৷ প্রতিবারই কোনও না কোনও কারণে সিবিআয়ের তলব এড়িয়ে গিয়েছেন দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা। এবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন।

এপ্রিল ২২, ২০২২
খেলার দুনিয়া

করোনাও কাবু করতে পারল না, প্রতিবন্ধকতা কাটিয়ে দুরন্ত জয় দিল্লির

ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে চরম অনিশ্চয়তা। আদৌও ম্যাচ হবে তো? করোনার ধাক্কায় রীতিমতো বেসামাল দিল্লি ক্যাপিটালস। মাঠের বাইরে প্রতিবন্ধকতা কাটিয়ে বাইশ গজে দারুণভাবে জ্বলে উঠল দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংসকে ৯ উইকেটে উড়িয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল ঋষভ পন্থের দল। দুই দলের কাছেই এদিন ছিল জয়ের সরণিতে ফেরার লড়াই। প্রথম একাদশে দুটি পরিবর্তন করে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। চোট কাটিয়ে প্রথম একাদশে ফেরেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। আর ওডিয়েন স্মিথের জায়গায় প্রথম একাদশে নেওয়া হয় মাথান এলিসকে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে একটি পরিবর্তন। করোনায় আক্রানত মিচেল মার্শের পরিবর্তে প্রথম একাদশে সরফরাজ খান। টস জিতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান। ভাল শুরু করেছিলেন চোট সারিয়ে এদিন খেলতে নামা অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। শুরু থেকেই ঝড় তুলেছিলেন। ৩.৩ ওভারে ৩৩ রানে পৌঁছে যায় পাঞ্জাব। এরপরই ধাক্কা খায়। শিখর ধাওয়ানকে তুলে নেন ললিত যাদব। ১০ বলে মাত্র ৯ রান করে উইকেটের পেছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ দেন। তবে পাঞ্জাব কিংস সবথেকে বড় ধাক্কা খায় পঞ্চম ওভারে। মুস্তাফিজুর রহমানের তৃতীয় বলে স্টাম্প ছিটকে যায় পাঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের। ১৫ বলে ২৪ রান করে তিনি আউট হন। মায়াঙ্ক ফিরে যাওয়ার পরপরি ধস নামে পাঞ্জাব কিংস ইনিংসে। একে একে ফিরে যান জনি বেয়ারস্টো (৯) ও লিয়াম লিভিংস্টোন (২)। অক্ষর প্যাটেলের বলে লিভিংস্টোনকে দুর্দান্ত স্টাম্প করেন ঋষভ। এরপর হাল ধরার চেষ্টা করেন জিতেশ শর্মা ও শাহরুখ খান। জুটি গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তাঁদের সেই প্রয়াস কার্যকরী করতে দেননি ম্যাচের সেরা বোলার অক্ষর প্যাটেল। জিতেশ শর্মাকে (২৩ বলে ৩২) তুলে নিয়ে পাঞ্জাবের বড় রানের স্বপ্নে জল ঢেলে দেন। শাহরুখ খান করেন ২০ বলে ১২। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। খলিল আমেদ, ললিত যাদব ও কুলদীপ যাদবো ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না দিল্লি ক্যাপিটালসের কাছে। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে ব্যর্থতার পর ছন্দ ফিরে পেয়েছেন ওয়ার্নার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও শুরু থেকে ঝড় তোলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। অন্যপ্রান্তে পৃথ্বী শর ব্যাটেও ঝড়। একের অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পাঞ্জাবের ৩ জোরে বোলার বৈভব আরোররা, কাগিসো রাবাডা ও অর্শদীপ সিং, কেউই নিস্তার পাননি দিল্লির দুই ওপেনারের হাত থেকে। পাওয়ার প্লের ৬ ওভারে ৮১ রানে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। আইপিএলে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান দিল্লির। চলতি আইপিএলেও এটা সর্বোচ্চ। এর আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস তুলেছিল ৭৩/১। ম্যাচের সপ্তম ওভারে জুটি ভাঙে দিল্লির। রাহুল চাহারের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন পৃথ্বী শ। ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২০ বলে ৪১ রান করেন তিনি। ওয়ার্নারের সঙ্গে জুটিতে ওঠে ৮৩। নাথান এলিসকে বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। ১০.৩ ওভারে ১ উইকেটে ১১৯ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। ৩০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। মারেন ১০টি চার ও ১টি ছয়। ১৩ বলে ১২ রান করে অপরাজিত থাকতেন সরফরাজ খান।

এপ্রিল ২০, ২০২২
খেলার দুনিয়া

ডেভিড উইলিয়ামসের দুরন্ত হ্যাটট্রিকে এএফসি কাপের মূলপর্বে সবুজমেরুন

আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এএফসি কাপের মূল পর্বে জায়গা করে নিল এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামসের দুরন্ত হ্যাটট্রিকে বাংলাদেশের ঢাকা আবহনীকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন ম্যাচের প্রথমার্ধে পুরোটাই নিয়ন্ত্রণ করে এটিকে মোহনবাগান। ম্যাচের ৬ মিনিটে বাদিক থেকে জনি কাউকোর বাড়ানো ক্রস থেকে এটিকে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ৭ মিনিট পর সমতা ফিরিয়ে আনার সুযোগ এসেছিল আবহনীর সামনে। কিন্তু জালে বল রাখতে পারেননি ড্যানিয়েল কলিন্ড্রেস।প্রথম গোল খাওয়ার পর চাপে পড়ে যায় ঢাকা আবাহনী। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকবার আক্রমণ তুলে নিয়ে আসেন এটিকে মোহনবাগানের কাউকো-লিস্টনরা। তবে আবাহনীর রক্ষণের তৎপরতায় গোল মুখ খুলতে পারেনি সবুজমেরুন। ম্যাচের ২০ মিনিটের মাথায় প্রবীর দাসের সেন্টার থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন জনি কাউকো। তাঁর শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। একাধিক সুযোগ নষ্টের খেসারত দেওয়া সবুজমেরুন ২৯ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে ব্যবধান বাড়ায়। প্রবীর দাসের সাজিয়ে দেওয়া বল থেকে গোল তুলে আনতে কোনও ভুল করেননি ডেভিড উইলিয়ামস। প্রথমার্ধেই হ্যাটট্রিক পুর্ণ করতে পারতেন এই অস্ট্রেলীয় স্ট্রাইকার। প্রথমার্ধের শেষ দিকে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে তিনি আবহনী গোলরক্ষকের গায়ে মারেন।দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান হঠাৎই খেলা থেকে হারিয়ে যায়। মাঝমাঠের নিয়ন্ত্রণ তুলে নেয় আবহনী। ঢাকা আবহনী একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। পর পর সুযোগ তৈরি করেও সবুজমেরুনের বক্সের মধ্যে গিয়েই খেই হারিয়ে ফেলছিল ঢাকার দল। প্রায় দুটি ক্ষেত্রে নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি আবহনী। একের পর এক আক্রমণ তুলে আনার সুফল পায় ৬১ মিনিটে। রাকিব হোসেনের ডান পায়ের ফ্লিক ধরে বিশ্বমানের গোল করে যান কোস্টা রিকার বিশ্বকাপার ড্যানিয়েল কলিনড্রেস। ম্যাচের ৭০ মিনিটের পর আবার ধীরে ধীরে ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। আবহনীর মরিয়া লড়াই রুখে ফের আক্রমণাত্মক মেজাজে ফিরে আসে সবুজমেরুন। এই সময়ে দুটি সহজ সুযোগ মিসও করে বাগান জনতার প্রিয় ক্লাবটি। গোল নষ্টের মহরার মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ঢাকা আবহনীর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ডেভিড উইলিয়ামস।

এপ্রিল ১৯, ২০২২
রাজ্য

৩০ টাকায় ভাগ্যের চাকা ঘুরল ভাগচাষির, সূর্যাপুরে গরিবের বাড়িতে নতুন সূর্য

কথায় বলে, কপালে থাকলে শাকে বেজেও সোনা আসে। আর একটু সুযোগেই ভাগ্যদেবী সদয় হতে পারে। ভাগ্য সহায় হলেই বাজিমাত। ভাগ্যদেবীর কল্যানে মাত্র ৩০ টাকায় কোটিপতি ভাগচাষি। মালদার হরিশ্চন্দ্রপুর থানার সূর্যাপুর গ্রামের ভাগচাষি মহবুব আলমের জীবনে নতুন সূর্য ওঠে। জানা গিয়েছে, সোমবার সূর্যাপুরের মহবুব আলম মাত্র ৩০ টাকা দিয়ে পাঁচ সেম লটারির টিকিট কাটে। পাঁচ সেমেই ভাগ্যের চাকা ঘুরে যায় মহবুবের। সোমবার সন্ধ্যাতেই লটারির রেজাল্ট বের হতেই একেবারে প্রথম পুরস্কার। মুহূর্তে কোটিপতি হয়ে যান তিনি। পাঁচ টিকিটে এক কোটি পেতেই ভাগচাষি মহবুব ছোটেন হরিশ্চন্দ্রপুর থানায়। ওই পাঁচ টিকিটই তখন তাঁর জানপ্রাণ। নিরাপত্তার অভাব বোধ করাই স্বাভাবিক।অন্যের জমি ভাগে চাষ করে দিনাতিপাত করেন মহবুব আলম। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। ভাঙা বসত বাড়ি। মহবুব জানিয়েছেন, ভাগ্যের চাকা ঘুরবে এই আশায় মাঝে-মধ্যেই লটারির চিকিট কাটতেন তিনি। ডিয়ার লটারিই তাঁর জীবনে বড় বদল নিয়ে এল। রাতারাতি কোটিপতি হওয়ায় আশপাশের গ্রামের লোকজনও এখন এক ডাকে তাঁকে চেনে। তবে এতগুলো টাকা নিয়ে কী করবেন তিনি? ছেলে-মেয়ের ভালভাবে পড়াশুনা করাতে চান মহবুব। পাশাপাশি একটা শখের বাড়ি বানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

এপ্রিল ১৯, ২০২২
খেলার দুনিয়া

দুরন্ত ব্যাটিং, চেন্নাই সুপার কিংসের ‘‌কিলার’‌ হয়ে উঠলেন মিলার

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এদিন শীর্ষস্থান ধরে রাখার লড়াই ছিল গুজরাট টাইটান্সের কাছে। কিন্তু ম্যাচের আগেই ধাক্কা। কুঁচকির চোটের জন্য এদিন ম্যাচ থেকে ছিটকে যান গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় গুজরাটকে নেতৃত্ব দিতে নামেন রশিদ খান। হার্দিকের অভাব বুঝতেই দিলেন না রশিদ খান। ব্যাট হাতে ঝড় তুলে ২১ বলে করেন ৪০। তবে তাঁকে চাপিয়ে নায়ক ডেভিড মিলার। তিনিই হয়ে উঠলেন চেন্নাইয়ের কিলার। নাটকীয় ম্যাচে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল গুজরাট। ৫১ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন কিলার মিলারটস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান রশিদ। গুজরাটের বোলারদের দাপটে শুরুর দিকে সুবিধা করতে পারেননি রবিন উথাপ্পা। ১০ বলে মাত্র ৩ রান করে তিনি মহম্মদ সামির বলে আউট হন। মইন আলিও সুবিধা করতে পারেননি। ৩ বলে ১ রান করে তিনি আলজেরি জোশেফের বলে বোল্ড হন। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে খেলতে নেমে এদিন ভাল বোলিং করেন আলজেরি জোশেফ। ৩২ রানে ২ উইকেট হারানোর পর চেন্নাই সুপার কিংসকে টেনে নিয়ে যান ঋতুরাজ গায়কোয়াড় ও অম্বাতি রায়ুডু। ঋতুরাজ ও অম্বাতির জুটিতে ৫৬ বলে ওঠে ৯২। এই দুনের ব্যাটে ভর করে চাপ কাটিয়ে ওঠে চেন্নাই সুপার কিংস। রায়ুডুকে (৩১ বলে ৪৬) তুলে নেন আলজেরি জোশেফ। এরপর ঋতুরাজ গায়কোয়াড়কে ফেরান যশ দয়াল। ৪৮ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন ঋতুরাজ। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ৫টি ছয়। শেষ দিকে চেন্নাইকে লড়াই করার মতো জায়গায় পোঁছে দেন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে (১৯)। জাদেজা ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ১৬৯/৫ তোলে চেন্নাই। আলজেরি জোশেফ ৩৪ রানে ২ উইকেট নেন। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গুজরাট। প্রথম ওভারেই মুকেশ চৌধুরির বলে ফিরে যান শুভমান গিল (০)। পরের ওভারেই মহেশ থিকসানা তুলে নেন বিজয় শঙ্করকে (০)। চতুর্থ ওভারে অভিনব মনোহরও (১২) তাংর শিকার। ম্যাথু ওয়েডের জায়গায় মাঠে নেমে ঋদ্ধিমান সাহাও (১৮ বলে ১১) সুযোগ কাজে লাগাতে পারেননি। রাহুল তেওয়াটিয়াও (৬) এদিন ব্যর্থ। ১২.৪ ওভারে ৮৭ রানে ৫ উইকেট হারায় গুজরাট। মনে হচ্ছিল চেন্নাইয়ের জয় সময়ের অপেক্ষা। এরপর রুখে দাঁড়ান ডেভিড মিলার ও রশিদ খান। ৩৭ বলে জুটিতে ওঠে ৭০। ১৮তম ওভারে ক্রিস জর্ডনের বলে ২৫ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরের ওভারে পরপর দুবলে রশিদ (২১ বলে ৪০) ও আলজেরি জোশেফকে (০) তুলে নেন ডোয়েন ব্রাভো। শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১৩। ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় গুজরাট। ৫১ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন কিলার মিলার। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও ৬টি ৬।

এপ্রিল ১৭, ২০২২
রাজ্য

বঙ্গ বিজেপিতে একাধিক শীর্ষ নেতার পদত্যাগ, রহস্য খুঁজছেন কেন্দ্রীয় সম্পাদক

বঙ্গবিজেপি থেকে একাধিক শীর্ষ পদাধিকারী পদত্যাগ করায় রহস্য খুঁজছেন দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন। জেলা সভাপতি সম্পর্কে ক্ষোভপ্রকাশ করেছেন গৌরিশংকর ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। এই প্রসঙ্গে ফেসবুক পোস্টে প্রাক্তন সাংসদ অনুপম হাজরা লিখেছেন যাঁরা মাটি কামড়ে পড়ে রইল তাঁরা পদত্যাগ করছেন। অন্যদিকে যাঁদের এতদিন গুরুত্ব দেওয়া হল তাঁরা দল ছেড়ে চলে গেলেন। তাঁর কথায়, রাজ্য থেকে দূরে গিয়ে সংগঠনের কাজ করতে চাইছেন অনেকেই।গৌরীশংকর ঘোষ জেলায় মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, জেলা পদাধিকারী, বিধানসভার প্রার্থী, দুই বিধায়ক, জেলা অবজার্ভার, জোন অবজার্ভারের উপস্থিতিতে ৫১টি মন্ডলে সর্বসম্মত মন্ডল সভাপতি স্থির হয়েছিল। পরে দেখা ১৮ জন মন্ডল সভাপতিকে নিজের ইচ্ছেমত পরিবর্তন করেছেন জেলা সভাপতি। পুরো বিষয়টা সংগঠনের রাজ্য সংগঠন মন্ত্রী ও জেলা সভাপতিকে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে। কিন্তু বিষয়টিকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। তাই আমার মনে হয়েছে রাজ্য সম্পাদক পদে থাকার কোনও যৌক্তিকতা আমার নেই। গৌরীশঙ্করবাবু রাজ্য সভাপতিকে এই মর্মে লিখে পদ থেকে অব্যাহতি চেয়েছেন। যদিও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন বিষয়টি বিবেচনায় রয়েছে।গৌরীশঙ্কর ঘোষের মতো রাজ্য কর্মসমিতির সদস্য বাণী গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর চৌধুরীও দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতির বিরুদ্ধে একই অভিযোগ তুলে রাজ্য সভাপতির কাছে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেছেন। একসঙ্গে একাধিক শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করায় তোলপাড় রাজ্য বিজেপি। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর রাজ্য শীর্ষ নেতৃত্বের অকর্মন্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এদিন পদত্যাগ প্রসঙ্গে রাজ্য নেতৃত্বকে ব্যাঙ্গ করলেন অনুপম হাজরা।ফেসবুকে অনুপম লিখেছেন...আসল রহস্যটা কিকেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত !!!আমি যতদূর জানি গৌরীশংকর বাবু একজন ভালো সংগঠক !!! যাদেরকে এতদিন গুরুত্ব দেয়া হলো তারা সব দল ছেড়ে চলে গেছে, আর যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিলো, তারা ইস্তফা দিচ্ছেন !!!আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার মতো, যারা বঙ্গ-বিজেপির অসময়ে -----...মানে যখন পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিতে যোগ দিতে ভয় পেত অর্থাৎ বঙ্গ-বিজেপির সুসময়ে যোগ দেওয়া রাজিব-সব্যসাচী এবং কিছু অভিনেতা-অভিনেত্রীদের মত জামাই আদর খাওয়া মানুষদের বিজেপিতে আসার অনেক আগে....------ বিজেপিতে যোগদান করে, রাস্তায় নেমে যথেষ্ট পরিমাণে আন্দোলনও করেছিলো যখন অন্যদের মাঠে নেমে আন্দোলন করতে দেখা যেত না, তৃণমূলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ কেসও খেয়েছে আর এখন প্রতিনিয়ত দাদা মাঠে নামুন, আপনাদের আর আন্দোলনে দেখা যায় না কেন? শুধু সোশ্যাল মিডিয়াতে লেকচার দিলে হবে ?? - এই ধরনেরপ্রশ্নের সম্মুখীন হন.......কিন্তু তবুও রাজ্য বিজেপি থেকে দূরে, দিল্লিতে বা অন্য রাজ্যে পার্টির কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে !!!....আসল রহস্যটা কি ???!!!

এপ্রিল ১৭, ২০২২
রাজ্য

'ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব', তৃণমূল ব্লক সভাপতির হুমকি ভিডিও ভাইরাল

হাঁসখালি থেকে বোলপুর-শান্তিনিকেতনসহ রাজ্যের নানা প্রান্তে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড়। ধর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার মুর্শিদাবাদের ভগবানগোলায় মিছিল করে সিপিএম। এরপরই তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা এক নম্বর ব্লক প্রেসিডেন্ট আফরোজ সরকারের হুমকি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিও-তে স্পষ্ট শোনা যায়, তিনি বলছেন, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। (যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি জনতার কথা)।আফরোজ সরকারকে ওই ভিডিও-তে বলতে শোনা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমরা আছি। ধর্ষণ হলে বড়বাবু, এসপিকে বলব গ্রেফতার করার কথা। প্রমান দেখাক ধর্ষণ করেছে। সিপিএম একটা মিছিল বের করে দিয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ঠান্ডা করে দেব। তার জন্য ডান্ডার দরকার। বেশি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে তবে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দবে। আমি পদের ভয় করি না। যুব সভাপতিসহ নানা পদে ছিলাম, সিপিএম যদি উল্টোপাল্টা বলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে আছি আফরোজ সরকার। এমন ঠান্ডা করে দেব বাড়ি থেকে বের হতে পারবে না।তৃণমূল ব্লক সভাপতির এই হুমকির পর সুড় চড়িয়েছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, হুমকি ছাড়া কথাই বলছেন না তৃণমূলীরা। এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে সিপিএম।

এপ্রিল ১৫, ২০২২
খেলার দুনিয়া

হার্দিকের তান্ডব, অভিষেক ম্যাচেই যশের কামাল, শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স

মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্যাট হাতে হার্দিক পান্ডিয়ার তান্ডব। বল হাতে আইপিএলের অভিষেক ম্যাচেই কামাল যশ দয়ালের। জ্বলে উঠলেন প্রাক্তন নাইট তারকা লকি ফার্গুসনও। এই তিনজনের দাপটে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে পৌঁছল গুজরাট টাইটান্স। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮। এদিন টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুটা ভাল হয়নি গুজরাট টাইটান্সের। দ্বিতীয় ওভারেই শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট ম্যাথু ওয়েড (৬ বলে ১২)। প্রথম একাদশে ফিরে সুযোগ কাজে লাগাতে পারলেন না বিজয় শঙ্কর (২)। তৃতীয় ওভারে তাঁকে তুলে নেন কুলদীপ সেন। একসময় ১২ রানে ২ উইকেট হারায় গুজরাট। সপ্তম ওভারের চতুর্থ বলে শুভমান গিলকে (১৪ বলে ১৩) ফেরান রিয়ান পরাগ। ৭ ওভারে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স।ক্রিজে নেমেই এদিন ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। আগের ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করে দলকে বাঁচিয়েছিলেন। এদিনও দারুণভাবে জ্বলে ওঠেন। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক। তাঁকে যোগ্য সহায়তা করেন অভিনব মনোহর। জুটি ওঠে ৮৬। যুজবেন্দ্র চাহাল এসে জুটি ভাঙেন। তাঁর বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিনব মনোহর। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৩ রান করেন তিনি। অভিনব আউট হলেও হার্দিকের ঝন থামাতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহালরা। শেষ পর্যন্ত ৫২ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন তিনি। হার্দিকের ইনিংসে রয়েছে ৮টি চার ও ৪টি ছয়। শেষ দিকে ঝড় তুলে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। নির্ধারিত ২০ ওভারে ১৯২/৪ তোলে গুজরাট।জয়ের জন্য রাজস্থান রয়্যাল তাকিয়ে ছিল জস বাটলারের ব্যাটের দিকে। দারুণ শুরু করেছিলেন ইংল্যান্ডের ওই ওপেনার। বাটলারের দাপটেই ১.৫ ওভারে ২৮ তুলে ফেলে রাজস্থান। দ্বিতীয় ওভারের শেষ বলে ধাক্কা। আইপিএল অভিষেকে নিজের প্রথম ওভারেই দেবদত্ত পাড়িক্কলকে (০) তুলে নেন যশ দয়াল। রবিচন্দ্রন অশ্বিনকে এদিন ৩ নম্বরে পাঠিয়েছিল রাজস্থান টিম ম্যানেজমেন্ট। ষষ্ঠ ওভারের প্রথম বলে মাত্র ৮ রান করে লকি ফার্গুসনের বলে আউট হন অশ্বিন।ষষ্ঠ ওভারেই সবচেয়ে বন ধাক্কা খায় রাজস্থান। ওভারের শেষ বলে ফার্গুসন তুলে নেন বিধ্বংসী মেজাজে থাকা জস বাটলারকে। ৮টি চার ও ৩টি ছয়ের সাহায্যে মাত্র ২৪ বলে ৫৪ রান করে আউট হন তিনি। রান পাননি অধিনায়ক সঞ্জু স্যামসন (১১) ও ভ্যান ডার ডুসেন (৬)। শিমরন হেটমায়ের (১৭ বলে ২৯) চেষ্টা করেছিলেন। কিন্তু বড় জুটি গড়ে না ওঠায় লড়াই করতে পারেনি রাজস্থান। ১৬ বলে ১৮ করেন রিয়ান পরাগ। জিমি নিশামের ব্যাট থেকে আসে ১৭। ২০ ওভারে ১৫৫/৯ তুলতে সমর্থ হয় রাজস্থান। ২৩ রানে ৩ উইকেট নেন লকি ফার্গুসন। ৪০ রানে ৩ উইকেট যশ দয়ালের।

এপ্রিল ১৪, ২০২২
সম্পাদকীয়

'ছুটির সংস্কৃতি' রাজ্য তথা দেশকে কতটা এগিয়েছে!

বিআর আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি। মহাত্মা গান্ধীর জন্মদিনে ছুটি। এমন নানা ছুটি রয়েছে এই দেশে। ঈদ-পুজো-বড়দিনে ছুটি। তাছাড়া শনি-রবিবার তো রয়েছেই। নিত্যনতুন ছুটির বাহানা তো আছে। স্থানীয় উৎসবে ছুটি। তবে এই ছুটির বহর বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি স্তরে। দেশ এভাবেই এগিয়ে যাবে! না এসব নিয়ে কারও মুখে টু-শব্দটি নেই। প্রশ্ন তুললেই পাছে রেরে করে ওঠ।মাস মাইনে না বাড়লেই আন্দোলন। নিশ্চয় আন্দোলন করার হক রয়েছে। কিন্তু সরকারি স্তরের অধিকাংশ ক্ষেত্রের চাকরিজীবীরা কখনও ভেবে দেখেছেন তাঁরা বছরে কতদিন ছুটি উপভোগ করেন। আর কতদিন কাজ করেন। সরকার কখনও কি ভেবেছে? জরুরি পরিষেবায় সেই উপায় নেই। সেখানে বরং অনেক সময় একটু বেশিই ডিউটি করতে হয়। তাঁদের কিন্তু যথাযথ আর্থিক সংস্থান করা হয় না, এই অভিযোগ রয়েছে। কিন্তু ছুটির দেশে কখনও দ্রুত অগ্রগতি সম্ভব। রাজ্যে যেভাবে ছুটির ঘোষণা হয় তাতে তো এখানে ছুটির সংস্কতি বাড়ছে।কাজের গতি বৃদ্ধির কথা চিন্তা করা প্রয়োজন কেন্দ্র ও রাজ্য দুই সরকারের। বিশেষত শিক্ষা ক্ষেত্রে আরও মনোযোগ দেওয়া উচিত। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত। গবেষণার আরও প্রয়োজন রয়েছে। সবাই যে ফাঁক গলে অধ্যাপক হচ্ছেন তা নয়। রীতিমতো পড়াশুনা করে যোগ্যতার সঙ্গে অধ্যাপনা করেন এমন অধ্যাপকের সংখ্যা অনেক। কিন্তু এরই মধ্যে প্রত্যক্ষ রাজনীতি করে কোন যাদুবলে অধ্যাপক হয়ে যাচ্ছেন কেউ কেউ তাতেও সন্দেহ বাড়ে। ছাত্র নেতৃত্বের বিশ্ববিদ্যালয় বা কলেজে চাকরি জুটে যায়। বাম-তৃণমূল দুই আমলেই তা লক্ষ্য করা যাচ্ছে। তারওপর এদের কাজের প্রতি অনীহা থাকাই স্বাভাবিক। তৈলমর্দন বা রাজনীতিই যখন মূল পন্থা। বিশ্ববিদ্যালয় স্তরে কত ঘন্টা ছাত্র-ছাত্রীদের পড়ান, লাইব্রেরিতে কতটা সময় দেন, গবেষণায় কতটা মন দেন, এসব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় কি? তাছাড়া নানা সেমিনারের কারিজুড়ি আছে। তাতে পড়াশুনা বা সমাজ ব্যাবস্থায় কতটা উপকারে লাগে তা-ও ভাবনার বিষয়। তারওপর ছুটির বন্যা।এসএসসি নিয়োগে দুর্নীতির খোঁজে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অর্থের যাদুতে শিক্ষক হয়ে যাচ্ছেন। তাঁরাও পড়াবেন! শিক্ষাক্ষত্রে যদি এই হাল হয় আর সবাই বলবে দেশ এগোচ্ছে! সরকারি বিমান সংস্থায় খোঁজ নিয়ে দেখুন বংশপরম্পরায় চাকরি করছেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিন এই বংশপরম্পরার উদাহরণ পাবেনই। এমনকী নানা জেলা শাসকের অফিসে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। চাকরি জুটছে ঘুরপথে, তাঁরা দেশের উন্নয়নে সামিল হবেন কী করে?সরকারি দফতরগুলিতে যেখানে সরসারি মানুষের যোগাযোগ নেই, সেখানে ফাঁকি দেওয়া অনেক সহজ। কোনও দফতরে কর্মীর অভাবে গাধার খাটুনি খাটছে কেউ কেউ, কোনও দফতরে হাওয়া খেয়ে বেড়াচ্ছে লোকজন। দুয়ারে সরকার হোক আর দুয়ারে সমাধান, সরকারি দফতরে নিয়মিত কাজ করলে কি এসব শিবিরের কোনও প্রয়োজন পড়ে?আশির দশকে একবার জাপানে কলকারখানার কর্মী সংগঠন ধর্মঘট ডেকেছিল। তা স্বত্তেও একটি জুতো প্রস্তুতকারি সংস্থায় ১০০% হাজিরা ছিলো। তারা সবাই কাজে এসেছিলো। গনমাধ্যমের লোকেরা কারখানায় গিয়ে দেখে তারা সবাই কাজ করছে। কেউ বসে বা অলস সময় কাটাচ্ছে না। তাঁদের নেতাকে এটা কি ধরনের ধর্মঘট জানতে চাওয়ায় তিনি বলেন, কারখানার উৎপাদন থেকেই আমাদের মাসমাইনে জোটে। তাই আমরা উৎপাদন বন্ধ রাখিনি। আমাদের দাবী আমরা জানিয়ে রেখে শুধু বাম-পায়ের জুতো বানাচ্ছি। দাবী মেনে নিলে ডান পায়েরটা বানিয়ে দেবো, শুধু বাম পায়ের জুতো তো বিক্রি হবে না, আর দাবী মেনে নিলে সময়টাও বেচে যাবে।সব থেকে বড় কথা মণিষীদের জন্ম বা মৃত্যু দিনের ছুটি দিলে কি বিশাল একটা সম্মান জানানো হয়? তাঁরা তো নিজের কর্মের জন্যই খ্য়াতি পেয়েছেন। তাঁরা ছুটি নিয়ে অলস দিনযাপন করেননি। বিআর আম্বেদকর হোন বা মহাত্মাগান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বসু। এঁরা দিনরাত এক করে দেশের কথা ভেবেছেন। হাড়ভাঙা খেটেছেন। দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। আর স্বাধীনতা পরবর্তী দেশের সরকার ছুটি দিয়ে কর্মদিবস নষ্ট করছে। কর্মের মাধ্যমে এঁদের সম্মান দেওয়া যায় না? তাতে দেশের অগ্রগতি হবে না দেশ পিছিয়ে যাবে? বরং ছুটির সংখ্যা কমানো প্রয়োজন। তাহলেই মণিষীদের প্রকৃত সম্মান দেওয়া হবে। ছুটির সংস্কৃতি তুলে দেওয়া উচিত। তাহলে সরকারি দফতরে ফাইলের পাহাড় হবে না। অফিস চলাকালীন ক্যারাম বা তাস খেলার এন্টারমেন্ট আর কত দিন চলবে এই অভাগা দেশে? দেশের অগ্রগতি চাইলে একমাত্র উপায় কর্ম। একেই তো নেপোটিজম করে অনেকের চাকরি জোটে, রয়েছে মন্ত্রীদের কোটা। তাঁদের কাজের নেশা আসবে কোথা থেকে। একেই তো সারা দেশ দুর্নীতির জালে জড়িয়ে গিয়েছে।

এপ্রিল ১৪, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • ...
  • 101
  • 102
  • ›

ট্রেন্ডিং

বিনোদুনিয়া

বিগ বসের ঘরে বড় ষড়যন্ত্র! রাজবীরকে সরাতে গোপন ছক কষলেন দুর্নিবার-সৌরভ, ফাঁস হল জীতুর নামও!

বিগ বসের ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কে কার বন্ধু, আর কে আড়ালে কার বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ। এই শনিবার তনুশ্রী, সোনামণি এবং রাজবীরের মধ্যে কে ঘর ছাড়বেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে তার আগেই ঘরের ভিতরে শুরু হয়েছে নতুন খেলা। জীতু, সৌরভ এবং দুর্নিবারের কথাবার্তায় উঠে এসেছে রাজবীরকে সরানোর পরিকল্পনা।এক সময় রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু এখন তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সোনামণি এবং রণিতার সঙ্গে রাজবীর কী পরিকল্পনা করছেন, তা বুঝতে পারছেন না জীতু নিজেও। তাঁর মতে, রাজবীর এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্য দিকে, দুর্নিবারের দাবি, রাজবীরের কথাবার্তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্নিবারের মতে, নন্দিনী যত দিন ঘরে ছিলেন, তত দিন রাজবীরের পাশে একজন ভরসার মানুষ ছিলেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর রাজবীর যেন দিশাহারা হয়ে পড়েছেন। জীতুরও ধারণা, রণিতা এবং রাজবীর দুজনেই এখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই খেলছেন।কিন্তু আসল আলোচনা শুরু হয় জীতু সেখান থেকে উঠে যাওয়ার পর। জীতু চলে যেতেই সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করেন দুর্নিবার। তাঁদের আলোচনায় উঠে আসে রাজবীরকে একা করে দেওয়ার পরিকল্পনা। দুর্নিবার বুঝতে পেরেছেন, জীতু ছাড়া এই মুহূর্তে রাজবীরের পাশে তেমন কেউ নেই। আবার জীতুর মনোযোগও এখন অনেকটাই সৃজলার দিকে।সেই সুযোগকেই কাজে লাগাতে চান দুর্নিবার। তাঁর পরিকল্পনা, জীতুকে আরও বেশি করে সৃজলার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাতে রাজবীর ধীরে ধীরে একা হয়ে পড়বেন। শুধু তা-ই নয়, কথার মাঝে মনামীরও যে এক দিন ঘর থেকে বিদায় নেওয়ার সময় আসবে, সেই ইঙ্গিতও দেন দুর্নিবার।তবে সৌরভকে সাবধান করে দেন তিনি। রাজবীরের হয়ে বেশি কথা বললে বিপদে পড়তে পারেন সৌরভ। কারণ, রাজবীর যদি তাঁদের কথাবার্তা জীতুকে জানিয়ে দেন, তা হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই নিজেদের অবস্থান বুঝে পা ফেলার পরামর্শ দেন দুর্নিবার।অন্য দিকে, সৌরভের মাথায় এখন একটাই চিন্তা। যে ভাবেই হোক, রাজবীরকে ঘর থেকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর চলে গেলে প্রথমে খেলাটা আরও কঠিন মনে হলেও পরে পুরো পরিস্থিতিই বদলে যেতে পারে। দুর্নিবার আবার দাবি করেন, জীতু এবং সৃজলার সম্পর্কের মাঝে একমাত্র বাধা রাজবীর। জীতু রাজবীরকে পছন্দ করলেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা।এর মধ্যেই নতুন প্রশ্ন উঠেছে, রাজবীর যদি দলের নেতা বা ক্যাপ্টেন হয়ে যান, তা হলে কি পরিস্থিতি বদলে যাবে? জীতু কি আবার রাজবীরের দলে ফিরে যাবেন? এই বিষয় নিয়েও সৌরভ ও দুর্নিবারের মধ্যে আলোচনা হয়। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। বরং সব দিক ভেবেই পরবর্তী পদক্ষেপ করতে চান।এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুর্নিবারের মা-ও। বিশেষ সপ্তাহে বিগ বসের ঘরে এসেছিলেন তিনি। তাঁর হাতে নিজের পছন্দের প্রতিযোগীকে ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন বিগ বস। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে বেছে নেন তিনি। এর পিছনে উদ্দেশ্য ছিল, রাজবীরকে নিজেদের দলে টেনে আনা।এখন প্রশ্ন, এই পরিকল্পনায় কি শেষ পর্যন্ত সফল হবেন দুর্নিবার ও সৌরভ? রাজবীর কি তাঁদের দলে যোগ দেবেন, নাকি পুরো ছক বুঝে পাল্টা চাল দেবেন? অন্য দিকে, এই শনিবার ও রবিবার বিগ বসের ঘর থেকে শেষ পর্যন্ত কার বিদায় হয়, তা জানার অপেক্ষায় দর্শকরা। তনুশ্রী, সোনামণি না রাজবীরকার যাত্রা শেষ হবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - প্রথম পর্ব

হস্তীনাপুরের রাজসভা নিঃস্তব্ধ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোনচার্য সকলে যেন পাথর হয়ে গেছেন। মহামন্ত্রী বিদূর রাগে ঘৃনায় যেন ওই অবস্থায় মৃত্যু স্বীকার করেছেন আর শত কৌরব ভাই একত্রে উল্লাস করছে সামনের দৃশ্য দেখে। দুরাচারী দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানীর কেশ নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসছে সভার কেন্দ্রস্থলে। মহাবলী ভীম ক্ষনে ক্ষনে গর্জন করছেন কিন্তু আজ এই গর্জনের কোনো প্রভাব বাকিদের উপর পড়ছেনা, নকুল আর সহদেব নিজেদের প্রাণাধিক প্ৰিয় পত্নীর এই অসহায় অবস্থা চোখে দেখতে পারছেন না, কানে বাজছে দুর্যোধনের লালসার বিকৃত সিংহনাদ, গান্ডিবধারী বীরশ্রেষ্ট অর্জুন নিজের পরাক্রমের উপরে সন্দীহান আর ধর্মরাজ যুধিষ্টির আজ পাশার চক্রব্যুহে এমন জড়িয়েছেন যে এহেন অধর্মেও তিনি নিঃস্তব্ধ, সব হারিয়ে আজ নিঃস্ব।দ্রৌপদী দুঃশাসনের হাত ছাড়িয়ে প্রথমে দৌড়ে গেলেন মহামহিম ভীষ্মর কাছে, করজোড়ে প্রার্থনা করলেন তাকে যেন তিনি উদ্ধার করেন কিন্তু বীরত্বের প্রতীক হয়েও তিনি অস্ত্র তুললেন না এক নারীর জন্য। মহামহিমের নিঃস্তব্ধতা দ্রৌপদীর মনে ছুরির মতো বিধলো, সে এবারে একই প্রার্থনা ক্রমে দ্রোনচার্য, মহামন্ত্রী বিদূর সবাইকেই করলো কিন্তু কেওই কোনো উত্তর দিলো না, যেন তার এই ক্রন্দন এই নিস্প্রান পাথরগুলোর সামনে কিছুই না। তার পাঁচ বীর স্বামী পরাজয় স্বীকার করে মাটিতে বসে।দুর্যোধন এবারে গর্জন করে উঠলো, দাসী দ্রৌপদী, নিজের মর্যাদা উলঙ্ঘন করোনা, তোমার স্থান বাকি দাসীদের সাথেই, সেখানেই তোমায় থাকতে হবে। দুর্যোধনের এই কথার উত্তরে দ্রৌপদী জানায়, ওরে মূর্খ রাজকুমার, আমি পাঞ্চালি, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানী হওয়ার আগে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা, যার পিতার কাছে তোরা শত কৌরব ভাই বন্দি হয়েছিলি আর আজও আমার পিতা মহারাজ দ্রুপদ আর আমার ভ্রাতা ধৃষ্টধুম্ন যদিও একত্রে সেনা নিয়ে আসে তবে আমি এবং আমার স্বামী সকলেই স্বাধীন হবোই সাথে এই হস্তীনাপুর ধ্বংস করে দেবো। দুর্যোধন, এতো বড়ো সাহস? একজন সামান্য দাসী হয়ে নিজের প্রভুর সাথে এই ব্যবহার। দুঃশাসন নীরবস্ত্র করো এই নারীকে, এই সভায়। দুর্যোধনের এই নিষ্ঠুর দাবি শুনেও বাকিরা মৌন রইলেন, যেন কেও কিছু শুনতেই পায়নি। ভীম গর্জন করে উঠলো, দ্রৌপদীর অঙ্গে কেও স্পর্শ করলে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেবো দুর্যোধন। ভীমের এই গর্জনেও কোনো লাভ হলোনা।কৌরবদেরই আর এক ভাই বিকর্ন এইসময় উঠে দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন নিজের জ্যেষ্ঠ ভাই দুর্যোধনের এই ঘৃণ্য দাবির, সাথে নিজের পিতা জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও তিরস্কার করলেন। তবে দুর্যোধনের সামনে সেও অসহায়, তার প্রতিবাদ টিকলোনা দুর্যোধনের অহংকারের সামনে। উল্টে দুর্যোধনের পক্ষে নিয়ে অঙ্গরাজ কর্ণ বললেন, নিজের ভাইকে অপমান করছো রাজকুমার? তাও এমন এক নারীর জন্য যে কিনা পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় এরকম নারী। দুঃশাসন আর সময় নস্ট না করে এগোলেন দ্রৌপদীর দিকে, টান দিলেন তার তার বস্ত্র ধরে। আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে স্মরণ করতে শুরু করলেন পরম ঈশ্বরকে। দুঃ শাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান মেরেই গেলেন, তার পিছনে হলুদ বস্ত্রের পাহাড় তৈরী হয়ে গেলো কিন্তু দ্রৌপদীর শরীর নীরবস্ত্র করা সম্ভব হলোনা। ক্রমে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন দুঃশাসন। এহেন দৈবিক ঘটনা দেখে সভায় উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন, তারা ভাবতেও পারেন নি এরকম কিছু ঘটতে পারে আর যখন তারা দ্রৌপদীর দিকে তাকালেন তখন অগ্নিকন্যা দ্রৌপদীর ওই জ্বলন্ত চোখ দুটি দেখে ভয়ে আঁতকে উঠলেন। এতক্ষনে সভায় এসে উপস্থিত হয়েছেন মাতা কুন্তী আর মহারানী গান্ধারী কিন্তু অনেক দেরি করে ফেলেছেন তারা। দ্রৌপদী সভাস্থলে দাঁড়িয়ে বলে বসলেন, এই অশুদ্ধ সভাস্থলে কেও এমন ছিলোনা যে একজন নারীর অপমানে প্রতিবাদ করতে পারতো। আজ যারা যারা এই সভায় বসে এই ঘোর পাপকে সমর্থন জানিয়েছেন নিঃস্তব্ধভাবে তারা প্রত্যেকেই কঠিন মৃত্যু পাবেন যা গোটা বিশ্ব মনে রাখবে শতাব্দী পর শতাব্দী। এক এক করে সকলের মৃত্যু হবে, এই হলো যাজ্ঞশিনী দ্রৌপদীর অভিশাপ আর এই অভিশাপে শেষ হয়ে যাবে কৌরবকুল। এই বলে দ্রৌপদী সভাস্থল ছাড়লেন, আর দ্রৌপদীর এই অভিশাপ শুনে মাতা গান্ধারীর বুক কেঁপে উঠলো কারণ তিনি ইতিমধ্যে নিজের বংশের অন্তিম সময় দেখতে পাচ্ছেন, তিনি তৎক্ষণাৎ মহারাজকে এক স্ত্রী হিসাবে অনুরোধ করলেন পান্ডবদের সব ফিরিয়ে দেওয়ার জন্য।মহারাজ ধৃতরাষ্ট্র নিজেও এতক্ষনে বুঝে গেছেন দ্রৌপদী কোনো সাধারণ নারী নয় আর দ্রৌপদীর অসম্মান করে দুর্যোধন নিজের বিনাশ ডেকে এনেছে তাই তিনিও পান্ডবদের সব ফিরিয়ে দিতে রাজি ছিলেন তবে এখানে আবারও বাঁধ সাধলো গান্ধার রাজ শকুনি। তিনি বললেন এভাবে সব ফিরিয়ে দেওয়া উচিত না, ধর্মরাজ যুধিষ্টিরের কাছে সুযোগ ছিল হার মানার এবং থেমে যাওয়ার কিন্তু উনি নিজে নিঃস্ব হওয়া বেছে নিয়েছেন তাই কিছু শাস্তি তাদেরকে পেতেই হবে। এই কথার সমর্থনে দুর্যোধন নিজের প্রস্তাব দিলো এই যে পান্ডবদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাত বাস পালন করতে হবে আর যদিও এই শেষের একবছর শেষ হওয়ার আগে তারা ধরা পরে যায় তবে তাদেরকে আবারও একই শাস্তি পালন করতে হবে।ধর্মরাজ যুধিষ্টির এই শর্তে রাজি হন, তবে সভা ছাড়ার আগে ভীম সভার কেন্দ্রে এসে বলে, এই সভা আজ আমার স্ত্রীর অপমান দেখেছে, এই সভা এরপর এই রাজকুমারদের রক্ত দেখবে। যে হাত দিয়ে আজ দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরার সাহস করেছে সেই হাত আমি উপড়ে ফেলবো আর বুক ছিঁড়ে ওর রক্তপান করবো। যে দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘায় বসার ইঙ্গিত করেছে তার আমি মৃত্যু দেবো ওই জঙ্ঘা ভেঙেই। সাথে এই শত ধৃতরাষ্ট্র সন্তানের মৃত্যু হবে কেবল আমার হাতে, এই হলো কুন্তীপুত্র ভীমের প্রতিজ্ঞা।ভীমের এই পৈশাচিক প্রতিজ্ঞা শুনে সকলের হৃদয়ে কম্পন ধরতে বাধ্য এরই মধ্যে অর্জুন হুঙ্কার দিয়ে বসলেন, নিজেকে মহান বীর, শ্রেষ্ট ধনুর্ধারি বলে বেড়ানো অঙ্গরাজ কর্ণ এতটাই কাপুরুষ যে একজন নারীর অসম্মানেও চুপ থাকেন, উল্টে সেই নারীর সমন্ধে কটুকথা বলেন। আজ অঙ্গরাজ কর্ণ যে পাপ করেছেন তার একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আজকের মতোই সেদিনও আপনি অসহায় থাকবেন, ভিক্ষা চাইবেন জীবনের জন্য কিন্তু পাবেন শুধুই মৃত্যু। বনবাসে যাওয়ার আগে পান্ডবকুমারদের এই প্রতিজ্ঞা শুনে এটুকু বোঝা যাচ্ছিলো যে যেদিন এরা ফিরে আসবে, একে একে এই কৌরবকুল এদের হাতে শেষ হয়ে যাবে।আজ অর্জুনের প্রতিজ্ঞা শুনে প্রথমবারের জন্য হলেও যেন বুক কেঁপে উঠলো কর্ণের, অর্জুনের এই রূদ্ররূপ তিনি এর আগে কোনোদিনও দেখেননি, বা হয়তো দেখেছিলেন কিন্তু তখন তিনি জানতেন তিনিও ঠিক কিন্তু আজ হয়তো তার মনই তাকে বলে উঠেছে তিনি পাপ করেছেন যার দন্ড অর্জুন তাকে অবশ্যই দেবে।ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১২, ২০২৬
দেশ

‘হ্যাপি দিওয়ালি’ বলেই গুলি! সিসিটিভিতে ধরা পড়ল টেক মহিন্দ্রার প্রাক্তন কর্তার খুনের ভয়ংকর দৃশ্য

হ্যাপি দিওয়ালি বলেই গুলি! ফরিদাবাদে টেক মহিন্দ্রার প্রাক্তন আধিকারিক পরমজিৎ ধনখড়কে খুনের ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পার্কিং নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে ফ্ল্যাট থেকে নীচে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। এর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তিনি। শুধু প্রথম দফার গুলিই নয়, আবাসনের মূল ফটকের কাছেও পরমজিৎকে লক্ষ্য করে ফের গুলি চালাতে দেখা গিয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ২০২৬ সালের ৫ নভেম্বর, ধনতেরসের সন্ধ্যার। দীপাবলির দুদিন আগে ফরিদাবাদের সেক্টর ২১সি-তে নিজের আবাসনেই খুন হন পরমজিৎ। অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা একই আবাসনের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি। পরে ফরিদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। পরমজিতের শরীরে আট থেকে নটি গুলি লাগে।প্রথম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনু শর্মা পরমজিতের কাছে এগিয়ে যাচ্ছেন। সেই সময় পরমজিৎ তাঁর ছেলেকে নিয়ে গাড়ি রাখার জায়গায় আসেন। অভিযোগ, কথাবার্তার শুরুতেই মনু তাঁকে দুবার প্রশ্ন করেন, তিনি বিধবা সম্পর্কে জানেন কি না এবং এ বিষয়ে তাঁর বিশ্বাস আছে কি না। এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে যান পরমজিৎ। কী হয়েছে, তা জানতে চান তিনি।এর পরমনু অভিযোগ করেন, তিন জনকে দিয়ে তাঁকে মার খাওয়ানোর ব্যবস্থা করেছেন পরমজিৎ। পাল্টা পরমজিৎ হাতজোড় করে বোঝানোর চেষ্টা করেন, কাউকে দিয়ে তিনি মারধর করাননি। কী নিয়ে এই বিবাদ, তা-ও জানতে চান। কিন্তু মনু কথা বলতে চাননি। বার বার জানান, পরমজিতের সঙ্গে তাঁর কোনও কথা নেই।এক সময় পরমজিৎ বলেন, কথা বলতে না চাইলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ছেলে তখন বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে তাঁকে থামিয়ে দেন পরমজিৎ। ফুটেজে দেখা যাচ্ছে, এর পর মনু পরমজিতের ছেলের দিকে ইশারা করে তাঁকে সামনে আসতে বলেন। তার পর পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না। এর পরেই পকেট থেকে পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন। বাবার উপর গুলি চলতে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় পরমজিতের ছেলে।দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় আবাসনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন পরমজিৎ। সম্ভবত সাহায্য চাইছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁর কাছে পৌঁছন মনু। পরমজিৎ অভিযুক্তের জামার কলার ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই ধস্তাধস্তির মধ্যেই সেখানে পৌঁছে যান পরমজিতের মা। তিনি পুত্রবধূকে ডাকতে থাকেন।এর পরেও থামেননি অভিযুক্ত। ফুটেজে দেখা যাচ্ছে, পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান মনু। তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। তার পর হ্যাপি দিওয়ালি বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে দুই পরিবারের মধ্যে আগে থেকেই নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বলে খবর। কয়েক দিন আগে একটি কুকুরকে কেন্দ্র করে পরমজিতের ছেলে ও মনুর মধ্যে বচসাও হয়েছিল বলে জানা গিয়েছে।ঘটনার কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে ফরিদাবাদে ফিরেছিলেন পরমজিৎ। ভাইপোর বিয়েতে যোগ দিতেই তাঁর আসা। এর প্রায় দুমাস আগে তিনি টেক মহিন্দ্রার চাকরি ছেড়ে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে যোগ দিয়েছিলেন। ফরিদাবাদের ওই আবাসনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। অন্য দিকে, মনু থাকতেন আবাসনের তিন তলায়।সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
কলকাতা

তৃণমূলের নথি লুটের আশঙ্কা! নির্বাচন কমিশনে চিঠি অভিষেকের, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

আসল তৃণমূল কংগ্রেস কোনটি, তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই এখনও জারি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নিজেদের দাবির সমর্থনে দুই পক্ষই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন নথি ও হলফনামা জমা দিচ্ছে। এরই মধ্যে দলের নথি লুটের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে চিঠি পাঠান অভিষেক। সেখানে কমিশনে জমা দেওয়ার জন্য তৈরি করা দলের গুরুত্বপূর্ণ নথি ও হলফনামা লুট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই নথি হাতিয়ে নেওয়ার চক্রান্ত হতে পারে।চিঠিতে অভিষেক তাঁর কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, গত ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাড়ির আশপাশে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে আগেও একাধিক বার সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অভিষেকের কালীঘাটের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। ওই অংশটি পুরসভার তরফে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছিল। বাড়ির একাংশ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই দিনই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নথি লুটের আশঙ্কার কথা জানান অভিষেক।উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর একই ধরনের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছিলেন, তাঁদের দলের পাঠানো ট্রাকভর্তি নথি হরিয়ানার কাছে কোথাও লুট করা হয়েছে। এই ঘটনার পিছনে কালীঘাটের তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।এ বার সেই নথি লুটের আশঙ্কা প্রকাশ করেই সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক। আসল তৃণমূলের পরিচয় নিয়ে দুই শিবিরের লড়াইয়ের মধ্যেই নথি নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

‘জাহাঙ্গিরের জমিতে গরিবদের বাড়ি হবে’, হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর! শাহজাহানকেও হুঁশিয়ারি

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, এই সরকার কাউকে ছাড়বে না।বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ঝুঁকেগা নেহি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

যুবতীর মৃত্যুর পরও চালু মোবাইল! পরিবারের কাছে মেসেজ, টাওয়ারের অবস্থান দেখে বাড়ছে রহস্য

বরানগরে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর জামাইবাবুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাঁকে মারধর করা হয়েছিল। এই ঘটনায় খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অঞ্জলির খোয়া যাওয়া মোবাইল ফোন ঘিরে। বুধবার সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে ওই ফোন থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেই সময় ফোনটির অবস্থান দেখাচ্ছে ভিনরাজ্যে। ফলে কে বা কারা ওই ফোন ব্যবহার করে বার্তা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, অঞ্জলির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। গলায় দাগের পাশাপাশি মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর আগে তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে।ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফুটেজে এক যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে। ওই যুবকের সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন অঞ্জলির জামাইবাবু ও তাঁর স্ত্রী। প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন তাঁরা। তবে ব্যবসার কাজে বর্তমানে স্ত্রীকে নিয়ে হুগলির শ্রীরামপুরে থাকেন অঞ্জলির জামাইবাবু।জানা গিয়েছে, সোমবার রাতে ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলের দিকে তাঁর দিদি ফোন করেন। কিন্তু ফোনে কোনও উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এরপর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন।ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেওয়া হয়। মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকেই অঞ্জলির দেহ উদ্ধার হয়।উদ্ধারের সময় যুবতীর শরীরে মোবাইল ফোন, আংটি ও ব্রেসলেট ছিল বলে জানা গিয়েছে। তবে তাঁর মোবাইল ফোনটি পরে খোয়া যায়। সেই ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে বার্তা যাওয়ার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে।ফোনটির অবস্থান ভিনরাজ্যে দেখানোয় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। ফোনটি কে ব্যবহার করছে, কী ভাবে সেটি রাজ্যের বাইরে পৌঁছল এবং অঞ্জলির মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সিসিটিভি ফুটেজ, মোবাইলের অবস্থান এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

৭ কোটি টাকা না দিলে খুন! অরবিন্দ কেজরীওয়াল ও মেয়েকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য

৭ কোটি টাকা না দিলে খুন করা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে। অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিং।দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেলের অভিযোগ, তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিনি মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।অভিযোগ অনুযায়ী, কেজরীওয়ালের কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ দমন শাখার পরিদর্শক সুনীল কুমারকে।এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরীওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।এ বার হুমকির ঘটনায় ফোন করা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এবং বার্তা পাঠানো হয়েছিল, তার কলের তথ্য, ইন্টারনেট সংযোগের সূত্র এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। কেজরীওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোরও আর্জি জানিয়েছেন বিধায়ক জারনেল সিং।ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

কাশ্মীরে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ! জঙ্গি হামলার আশঙ্কা

কাশ্মীরে দুই পুলিশকর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতদের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গি হামলায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন। কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল।বুধবার বিকেলে কিয়ার শিবির থেকে ধেরনা-মারওয়াহ এলাকার সেনা ছাউনির দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়া এলাকার দেহারণার জঙ্গলে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় তল্লাশি অভিযান।সূত্রের খবর, যে জায়গা থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দুকিলোমিটার দূরে তাঁদের দেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। দুজনের মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।তদন্তকারীদের আরও সন্দেহ বাড়িয়েছে তাঁদের সার্ভিস অস্ত্রের খোঁজ না পাওয়া। দুই পুলিশকর্মীর কাছেই সরকারি আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু দেহ উদ্ধারের সময় সেগুলি পাওয়া যায়নি। জঙ্গিরা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রের খবর, গুলির শব্দ শোনার পরেও কিছুক্ষণ পর্যন্ত দুই পুলিশকর্মীর মোবাইল ফোন চালু ছিল। পরে ফোন দুটি বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। এরপরই তল্লাশি শুরু হয়।ঘটনার পর কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। কী ভাবে ওই দুই পুলিশকর্মীর মৃত্যু হল, তাঁদের উপর কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ শিবিরে হামলার ঘটনা ঘটে। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে দুই জঙ্গি সেখানে আসে বলে সূত্রের খবর। নাকা তল্লাশির সময় সিআরপিএফ শিবির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন।আহত জওয়ানদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। একই দিনে কুলগামে সিআরপিএফ শিবিরে হামলা এবং দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় উপত্যকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

নভেম্বর ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal