বাংলায় বড় বিনিয়োগ আম্বানির! ডিসেম্বরেই হরিণঘাটায় ক্যাম্পা কোলার কারখানার কাজ শুরু
বাংলায় নতুন শিল্প বিনিয়োগের ঘোষণা। নদিয়ার হরিণঘাটায় কারখানা তৈরি করতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স গোষ্ঠী। সেখানে তৈরি হবে জনপ্রিয় পানীয় ক্যাম্পা কোলা। ডিসেম্বর মাসের শুরুতেই এই কারখানার ভূমিপুজো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নতুন কারখানা তৈরি হলে রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।বুধবার রাতে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আদানি আরোগ্য মন্দির করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে ক্যাম্পা কোলা আসছে। জানুয়ারিতে জিন্দলের ভূমিপুজো। শিল্পপতিরা বিনিয়োগ করবেন। ছোট ছোট ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে।রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়ানো বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর থেকেই সেই লক্ষ্য পূরণে বিভিন্ন সংস্থাকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানাচ্ছে রাজ্য সরকার। এর আগে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানি ও গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গে বৈঠকও করেছেন। এ বার হরিণঘাটায় রিলায়্যান্স গোষ্ঠীর নতুন কারখানার ঘোষণা করলেন তিনি।এর আগেও রাজ্যে একাধিক শিল্প প্রকল্পের কথা সামনে এসেছে। লাক্স কোজির নতুন কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমূলের কারখানা তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। নিউ টাউনেও হাসপাতাল তৈরির কাজ করছে আদানি গোষ্ঠী। এ বার সেই তালিকায় যুক্ত হল হরিণঘাটার ক্যাম্পা কোলা কারখানা।শুধু সরাসরি কর্মসংস্থান নয়, এই কারখানাকে কেন্দ্র করে এলাকার ছোট ব্যবসারও প্রসার হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিবহণ, প্যাকেজিং, পণ্য সরবরাহ এবং অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন। ফলে নদিয়া ও আশপাশের এলাকার অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।তবে কারখানায় কত টাকা বিনিয়োগ হবে, কত জমি লাগবে এবং কত মানুষের কর্মসংস্থান হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। ডিসেম্বরের ভূমিপুজোর পর প্রকল্পের কাজ কত দ্রুত এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।

