বুদ্ধদেব ভট্টাচার্যকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বিতর্কের জবাব দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম টেনে আনলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর বক্তব্য, বামফ্রন্ট সরকারের শিল্পনীতি তৈরি হয়েছিল জ্যোতি বসুর নেতৃত্বেই। সেই নীতি কার্যকর করার দায়িত্ব পেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিমানের এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। বন্ধুকে আড়াল করতেই কি জ্যোতি বসুর নাম সামনে আনলেন বর্ষীয়ান বাম নেতা?
বৃহস্পতিবার রাজ্য সরকারের নতুন শিল্পনীতি প্রকাশের পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ওই নীতিতে গত বাম আমলের জমি অধিগ্রহণ এবং শিল্প গড়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা নিয়ে সরাসরি অভিযোগ তুলেছে রাজ্য সরকার।
নতুন শিল্পনীতিতে দাবি করা হয়েছে, হলদিয়া উন্নয়ন পর্ষদের জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করার আইনি ক্ষমতা ছিল না। ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী, এই ক্ষমতা ছিল জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের হাতে। রাজ্য সরকারের বক্তব্য, বিষয়টি বুদ্ধদেব ভট্টাচার্যও একসময় সংবাদমাধ্যমের সামনে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু নিজের দলের মধ্যে চাপে পড়ে সেই নিয়ম উপেক্ষা করা হয়। তার পরিণতিতেই নন্দীগ্রামে ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটে।
শুভেন্দু অধিকারীর এই আক্রমণ নিয়ে বিমান বসুকে প্রশ্ন করা হলে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়ান। তবে তাঁর বক্তব্যে উঠে আসে অন্য এক নাম। বিমান বলেন, জ্যোতি বসুর নেতৃত্বেই বামফ্রন্ট সরকারের শিল্পনীতি তৈরি ও ঘোষণা করা হয়েছিল। সেই নীতিতে কোনও সমস্যা থাকলে তার দায় জ্যোতি বসুরও। বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই শিল্পনীতি কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছিল মাত্র।
বিমানের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্যের উপর থেকে দায় সরাতেই কি জ্যোতি বসুর নাম সামনে আনলেন বিমান? সিপিএমের অন্দরেও এই বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর।
তবে বিষয়টি নিয়ে বিতর্কের অন্য দিকও রয়েছে। ২০০৬ সালে তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মৃত্যুর পর দলের রাজ্য সম্পাদকের দায়িত্ব পান বিমান বসু। ফলে সেই সময়ের শিল্পনীতি নিয়ে প্রশ্ন উঠলে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। সমালোচকদের একাংশের দাবি, এই কারণেই জ্যোতি বসুর নেতৃত্বের প্রসঙ্গ সামনে এনে দায় ভাগ করে দিতে চেয়েছেন বিমান।
যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত সিপিএমের শীর্ষ নেতৃত্বের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। তবে শুভেন্দুর আক্রমণ, বুদ্ধদেবকে নিয়ে বিমানের জবাব এবং তার পাল্টা জ্যোতি বসুর প্রসঙ্গ—সব মিলিয়ে পুরনো শিল্পনীতি ও নন্দীগ্রাম বিতর্ক নতুন করে রাজ্য রাজনীতির আলোচনায় উঠে এসেছে।
- More Stories On :
- Biman Bose
- Budhadev Bhattacharjee
- Jyoti Bose
- CM Suvendu Adhikari

