• ২ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

West Bengal

রাজ্য

বৃহস্পতিবারই ভয়ঙ্কর রূপ নেবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে লাল সতর্কতা, কোথায় ২০০ মিলিমিটার বৃষ্টি?

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। মহানগরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। এর মধ্যেই আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল, কমলা ও হলুদ সতর্কতা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখাও জামশেদপুর হয়ে কলকাতার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে।পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃহস্পতিবার লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলার কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। ওই জেলাগুলির কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট থাকবে। পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।রবিবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ১৫ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের গতিপথ ও শক্তি আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

আগস্ট ১৩, ২০২৬
রাজ্য

স্বপ্ন ছিল পাক আর্মিতে যোগ দেওয়ার! আইএসআইএয়ের এজেন্ট হয়ে কত বার ভারতে এসেছিল পাক জঙ্গি

বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীদের দাবি, রানা মোট পাঁচ বার ভারতে এসেছিল। প্রতিবারই কলকাতায় এসে তিলজলায় ইজাজের বাড়িতে থাকত বলে জানা গিয়েছে। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের জানুয়ারিতে তার কলকাতায় আসার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ভারতে আসার পর ভুয়ো পরিচয়ে একাধিক সরকারি নথি তৈরি করেছিল রানা। ইজাজের বাবা যুবের আলমকে নিজের বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করা হয় বলে অভিযোগ। পরে সেই পরিচয়ের ভিত্তিতেই প্যান কার্ড এবং আধার কার্ডও তৈরি করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।জেরায় রানা জানিয়েছে, ছোটবেলা থেকেই পাকিস্তান সেনায় চাকরি করার ইচ্ছা ছিল তার। কিন্তু শারীরিক সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। এরপর পাকিস্তান সেনা এবং আইএসআইয়ের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় বলে তদন্তকারীদের দাবি। সেই যোগাযোগের সূত্রেই সে গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ক্যারাটের প্রশিক্ষণ নিয়েছিল রানা। পাশাপাশি কাঠমান্ডুতেও তার ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই একটি মসজিদে ইজাজের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় বন্ধুত্বে গড়ায়। অভিযোগ, ইজাজের সাহায্যেই কাঠমান্ডু থেকে ভারতে ঢুকত রানা।প্রথম বার কলকাতায় আসার সময় রানার কাছে কোনও ভারতীয় পরিচয়পত্র ছিল না বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, বিহারের রক্সৌল সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করত সে। পাঁচ বার ভারতে আসার সময়ই একই পথ ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। প্রতিবার কাঠমান্ডু থেকে ইজাজই তাকে ভারতে নিয়ে আসত বলে জানা গিয়েছে।সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় রানাকে ডেকেছিলেন বুথ স্তরের আধিকারিক। কিন্তু সে হাজির না হওয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায় বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ইজাজ রানার পাকিস্তানি পরিচয় সম্পর্কে জানত কি না, তা-ও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অভিযোগ, পরিচয় জানার পরেও ইজাজ তাকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল।রানার গতিবিধি নিয়েও তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। ফোর্ট উইলিয়াম ছাড়াও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় সে ঘোরাফেরা করেছিল বলে জানা গিয়েছে। ওই সব জায়গার ছবি ও ভিডিয়ো তুলে সেগুলি বিদেশে থাকা সন্দেহভাজন যোগাযোগের কাছে পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড তৈরি করার পর একাধিক সিম কার্ড সংগ্রহ করেছিল রানা বলেও অভিযোগ। ওই সিম ব্যবহার করেই সে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত বলে তদন্তকারীদের দাবি। তার যোগাযোগের জাল কত দূর পর্যন্ত ছড়িয়েছিল, তা জানতে ফোন ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের দাবি, গ্রেফতারের আগে বাংলাদেশের পথে পাকিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল রানার। বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে সেখান থেকে পাকিস্তানে যাওয়ার ছক ছিল বলে জানা গিয়েছে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই এসটিএফের হাতে গ্রেফতার হয় সে। এখন রানা ও তার সহযোগীদের মাধ্যমে আর কারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আগস্ট ১৩, ২০২৬
রাজ্য

সঙ্গীদের বাঁচাতে ফোন ভাঙলেন রানা, নোটবুক খুলতেই তদন্তকারীদের হাতে এল বড় সূত্র

মোবাইল ভেঙে ফেলেও রক্ষা হল না! সঙ্গীদের নাম আড়াল করতে ফোন নষ্ট করেছিলেন বলে জেরায় দাবি করেছেন ধৃত পাক গুপ্তচর রানা রউফ খালিদ। কিন্তু তাঁর নোটবুক থেকেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে আরও ছয় জন সন্দেহভাজনের নাম। তাঁদের মধ্যে পাঁচ জন নেপালের বাসিন্দা এবং এক জন বাংলাদেশের বাসিন্দা বলে তদন্তকারী সূত্রে খবর।রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাতে হাবড়া থেকে গ্রেপ্তার হয়েছেন রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম। তাঁর সহযোগী মহম্মদ ইজাজকেও তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, রানার সঙ্গে বিদেশে থাকা কয়েক জন সন্দেহভাজনের নিয়মিত যোগাযোগ ছিল।জেরায় রানা কী তথ্য দিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকার সেনা ছাউনি, সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর ছাউনি, রেলস্টেশন এবং রেলপথের ছবি, ভিডিয়ো ও মানচিত্র সংগ্রহ করে বিদেশে পাঠানো হত। এই কাজে তপসিয়ার ইজাজ তাঁকে সাহায্য করতেন বলে তদন্তকারীদের দাবি।তদন্তকারীদের আরও দাবি, নেপালে থাকা পাঁচ জনের কাছে ওই তথ্য পাঠানো হত। তাঁদের নাম কাশিফ, হানিফ চৌধুরি, সোহায়েল, জেডি এবং হারুণ সফদার বলে রানা তাঁর নোটবুকে লিখে রেখেছিলেন। বাংলাদেশের বাসিন্দা পাভেলের নামও সেই নোটবুকে পাওয়া গিয়েছে বলে খবর। তদন্তকারীদের সন্দেহ, এই ছয় জনের সঙ্গে রানার যোগাযোগ ছিল।বিদেশে থাকা ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্য মুছে ফেলতেই নেপালে গিয়ে নিজের মোবাইল ভেঙে ফেলেছিলেন বলে জেরায় রানা দাবি করেছেন। তবে দুটি সিম কার্ড নষ্ট করেননি তিনি। সেই সিম কার্ড দুটি তদন্তকারীরা উদ্ধার করেছেন। ফলে মোবাইল নষ্ট করলেও যোগাযোগের সূত্র পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি বলে তদন্তকারীদের অনুমান।জেরায় রানা আরও জানিয়েছেন, কাঠমান্ডুতে কয়েক জনের সঙ্গে বৈঠকের পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বাংলাদেশে পাভেল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল বলে তদন্তকারীদের দাবি। যশোরে পৌঁছনোর পর পাভেল তাঁকে একটি নতুন মোবাইল দেওয়ার কথা ছিল। সেই ফোনে দুটি সিম ঢুকিয়ে নেপাল ও পাকিস্তানের সঙ্গে ফের যোগাযোগের পরিকল্পনা ছিল বলে জেরায় উঠে এসেছে।বাংলাদেশ ও নেপালে থাকা ওই ছয় জনের বিষয়ে বিদেশ মন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট দুই দেশের সরকারের কাছে তথ্য পাঠানো হচ্ছে বলে তদন্তকারী সূত্রে খবর। তাঁদের সঙ্গে রানার যোগাযোগের ধরন এবং কী ধরনের তথ্য আদানপ্রদান হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের দাবি, চরবৃত্তির মাধ্যমে তথ্য পাচার করে অর্থ সংগ্রহ করতেন রানা। যদিও গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাত্র ৩৫০ টাকা পাওয়া গিয়েছে। হাবড়ার চোংদা বাজারের কাছে ধরা পড়ার পর নিজের আধার ও ভোটার কার্ড দেখিয়ে নিজেকে তপসিয়ার বাসিন্দা ওয়াহাব আলম বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলে অভিযোগ।বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে রানা প্রথমে অস্বস্তিতে পড়েন বলে তদন্তকারীদের দাবি। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে তিনি পাকিস্তানের নাগরিক বলে স্বীকার করেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর কাছ থেকে সিম কার্ড উদ্ধারের পর মোবাইলের বিষয়ে প্রশ্ন করা হলে শেষ পর্যন্ত সেটি ভেঙে ফেলার কথাও স্বীকার করেন বলে তদন্তকারীদের দাবি।

আগস্ট ১২, ২০২৬
রাজ্য

১৪ বছর ভারতে থেকে ভুয়ো পরিচয়! বাংলাদেশ পালানোর আগেই হাবড়ায় ধরা পাক গুপ্তচর

ভারতে ১৪ বছর ধরে বসবাস, তৈরি হয়েছিল ভুয়ো ভারতীয় নথি! বাংলাদেশে পালানোর আগেই হাবড়ায় পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাতে ধরা পড়ল পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তি। তদন্তকারীদের দাবি, ধৃত রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম এবং তাঁর সহযোগী মহম্মদ ইজাজের কাছ থেকে উদ্ধার হয়েছে কলকাতার ফোর্ট উইলিয়মের ছবি, একটি মানচিত্র, একাধিক দেশের ফোন নম্বর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় হাবড়ার চোংদা মোড়ে দুজনকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী দল। তদন্তকারীদের সন্দেহ, বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। ধৃতদের জিজ্ঞাসাবাদে ভারতীয় সেনা, সামরিক পরিকাঠামো এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে।তদন্তকারীদের দাবি, রানা ও ইজাজের কাছ থেকে কলকাতার সেনা সদর দফতর ফোর্ট উইলিয়মের ছবি এবং একটি মানচিত্র পাওয়া গিয়েছে। সেই ছবি এবং মানচিত্র কী ভাবে তাঁদের হাতে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আগামী ১৫ অগস্টের আগে কোনও বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেই সম্ভাবনাও তদন্তের আওতায় রাখা হয়েছে। এই বিষয়ে সেনা গোয়েন্দাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।জিজ্ঞাসাবাদে আরও জানা গিয়েছে, ভারতীয় সেনার গতিবিধি, সামরিক পরিকাঠামো এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত এলাকায় সেনার গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। ঠিক কী কী তথ্য কোথায় পাঠানো হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।তদন্তকারীদের দাবি, ধৃত দুজনের বাড়ি পাকিস্তানের ফয়সলাবাদ জেলার হাফিজাবাদ গ্রামে। ২০১২ সালে নেপালের কাঠমান্ডু সীমান্ত দিয়ে রক্সৌল হয়ে ভারতে ঢোকার পর কলকাতার তপসিয়া এলাকায় বসবাস শুরু করেন রানা। পরে সহযোগী ইজাজের সাহায্যে ওয়াহাব আলম নামে ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি করেছিলেন বলে অভিযোগ। পরে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়ে।রানা একাধিক বার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়েছিলেন বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। সম্প্রতি বাংলাদেশ হয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ১১ অগস্ট বিশেষ সূত্রে রানার গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর নজরদারি শুরু করে বিশেষ তদন্তকারী দল। যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় তাঁদের গতিবিধি নজরে আসে। এর পর রাত সাড়ে ১২টা নাগাদ হাবড়ার চোংদা মোড়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের আরও দাবি, বাংলাদেশে ঢোকার আগে কয়েক জন সীমান্ত দালালের সঙ্গেও যোগাযোগ করেছিলেন রানা। তাঁদের কাছ থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একাধিক ফোন নম্বর, দুটি সিম কার্ড, একটি নোটবুক এবং বিভিন্ন বার্তার তথ্য উদ্ধার হয়েছে। কিছু তথ্য ও ফোন নম্বর মুছে ফেলার চেষ্টার প্রমাণও মিলেছে বলে তদন্তকারী সূত্রে খবর।পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সন্দেহে আগে ধৃত কয়েক জনের সঙ্গেও রানা ও ইজাজের যোগাযোগ ছিল বলে তদন্তকারীদের দাবি। রানার ফোনে তাঁদের নম্বরও পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে আরও কয়েক জনের নাম তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর। ফলে গত ১৪ বছরে ভারতে থেকে ধৃতেরা ঠিক কী ধরনের কার্যকলাপ চালিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।তাঁরা কার আশ্রয়ে ছিলেন, কী ভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি করলেন, তাঁদের অর্থের উৎস কী ছিল এবং সেনা ও রেলের তথ্য কী ভাবে বিদেশে পৌঁছতএই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ফোর্ট উইলিয়মের ছবি ও মানচিত্র উদ্ধারের বিষয়টিও তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আগস্ট ১২, ২০২৬
রাজ্য

সকালের গরমের পর বদলাবে আবহাওয়া! কোন কোন জেলায় ঝেঁপে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

সকাল থেকেই রোদের তেজ আর ভ্যাপসা গরমে নাজেহাল ছিল রাজ্যবাসী। তবে এই অস্বস্তিকর আবহাওয়া বেশিক্ষণ থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তরবঙ্গ সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধস, নিচু এলাকা জলমগ্ন হওয়া এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা, তোর্সা, রাইডাক ও জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। অতিবৃষ্টির জেরে কৃষিকাজেও প্রভাব পড়তে পারে।দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দিনের মধ্যে দু-এক পশলা হালকা বা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেষট্টি থেকে তিরানব্বই শতাংশ। ফলে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি দুই-ই বজায় থাকতে পারে।

আগস্ট ০৩, ২০২৬
কলকাতা

জঙ্গি দমনে বড় পদক্ষেপ! রাজ্যে আসছে নতুন সন্ত্রাসদমন বাহিনী, নজরে একাধিক জেলা

রাজ্যে জঙ্গি দমনে আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট এবং দিল্লির ধাঁচে একটি নতুন সন্ত্রাসদমন বাহিনী গঠনের বিষয়ে প্রাথমিকভাবে ভাবনা-চিন্তা চলছে। এই নিয়ে একাধিক দফায় বৈঠকও হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।বর্তমানে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের আলাদা স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে। নতুন পরিকল্পনায় এই দুই বাহিনীকে একত্রিত করে আরও শক্তিশালী কাঠামো তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্য, জঙ্গি কার্যকলাপ, স্লিপার সেল এবং নাশকতার সম্ভাবনা আরও দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।সম্প্রতি হামিম মণ্ডল এবং তার সহযোগী অর্পিতা সরকারকে গ্রেপ্তারের পর গোয়েন্দাদের নজর আরও তীক্ষ্ণ হয়েছে। তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দারা মনে করছেন, জঙ্গি সংগঠনগুলির নেটওয়ার্ক, নিয়োগ প্রক্রিয়া এবং অনলাইন যোগাযোগের উপর আরও কড়া নজরদারির প্রয়োজন রয়েছে। সীমান্ত এলাকা ও সংবেদনশীল জেলাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।সূত্রের খবর, নতুন বাহিনীর নেতৃত্বে একজন আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকতে পারেন। তাঁর অধীনে ডিআইজি, এসপি-সহ বিভিন্ন স্তরের অফিসাররা কাজ করবেন। মূল দপ্তর কলকাতা বা তার আশপাশে তৈরি হতে পারে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় শাখা দপ্তর খোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, সীমান্তবর্তী এবং অতীতে জঙ্গি কার্যকলাপের তদন্তে উঠে আসা কয়েকটি জেলা বিশেষ নজরদারির আওতায় থাকতে পারে। সেখানে নতুন বাহিনীর শাখা তৈরি হলে স্থানীয় স্তরে তথ্য সংগ্রহ, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় আরও দ্রুত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।রাজ্যের নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্ক দ্রুত চিহ্নিত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। তবে নতুন সন্ত্রাসদমন বাহিনী গঠন নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

আগস্ট ০২, ২০২৬
কলকাতা

আজ থেকেই শুরু ডিজিটাল জনগণনা! মাত্র দশ মিনিটে ঘরে বসেই করুন কাজ, জানুন পুরো নিয়ম

রাজ্যজুড়ে আজ থেকে শুরু হল ষোড়শ জনগণনার কাজ। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হচ্ছে। পাশাপাশি চালু হয়েছে স্বগণনার সুবিধাও। অর্থাৎ সাধারণ মানুষ চাইলে নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। শনিবার নবান্নে বসে নিজেই অনলাইনে স্বগণনা সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সকলকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।মুখ্যমন্ত্রী বলেন, এবারের জনগণনার সবচেয়ে বড় পরিবর্তন হল সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা এবং স্বগণনার সুযোগ। তিনি জানান, সাধারণ মানুষ চাইলে নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। এই প্রক্রিয়ায় কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, জনকল্যাণ এবং উন্নত ভারতের লক্ষ্য পূরণে এই আধুনিক জনগণনাকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।সরকারি সূত্রে জানা গিয়েছে, জনগণনার কাজে রাজ্যজুড়ে তিন হাজার চারশো জন সুপারভাইজার এবং মোট চৌদ্দ হাজার তিনশো নিরানব্বই জন কর্মী নিয়োজিত রয়েছেন। তবে যাঁরা অনলাইনে আবেদন করবেন, তাঁরা বাড়ির তথ্যের পাশাপাশি পরিবারের তথ্যও নিজেরাই জমা দিতে পারবেন।এই জনগণনায় অনলাইনে মোট চৌত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে। বাড়ি এবং পরিবারের বিভিন্ন তথ্য জমা দেওয়ার জন্য বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। সেখানে খুব অল্প সময়েই ফর্ম পূরণ করা সম্ভব।স্বগণনার প্রথম পর্ব চলবে পনেরোই আগস্ট পর্যন্ত। এরপর ষোলোই আগস্ট থেকে চৌদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত। সরকার আশা করছে, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভুল হবে।

আগস্ট ০১, ২০২৬
রাজ্য

আজ থেকে আর আধার বা ভোটার কার্ড নয়! সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য বাধ্যতামূলক এই নতুন কার্ড

আজ থেকে রাজ্যে চালু হল মহিলাদের জন্য বিশেষ গোলাপি কার্ড। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে এখন থেকে এই কার্ড দেখাতে হবে। গত পয়লা জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা চালু হয়েছিল। এতদিন পর্যন্ত আধার কার্ড বা ভোটার পরিচয়পত্র দেখিয়ে সেই সুবিধা পাওয়া যাচ্ছিল। তবে আজ থেকে সেই ব্যবস্থার পরিবর্তে গোলাপি কার্ডই হবে প্রধান পরিচয়পত্র।রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শহর, শহরতলি এবং দূরপাল্লার সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ সব বাসেই এই সুবিধা মিলবে। পরিবহণ দপ্তর জানিয়েছে, গোলাপি কার্ডের জন্য অনলাইন এবং অফলাইনদুই পদ্ধতিতেই আবেদন করা যাবে।অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে গোলাপি কার্ডের আবেদন লিঙ্কে প্রবেশ করতে হবে। সেখানে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিলেই একটি রসিদ পাওয়া যাবে। সেই রসিদ সংরক্ষণ করে রাখতে হবে।আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, সংশোধিত ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, এক কপি পাসপোর্ট মাপের ছবি এবং একটি সচল মোবাইল নম্বর।যাঁরা অফলাইনে আবেদন করতে চান, তাঁদের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও কার্যালয়ে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। সমস্ত নথি যাচাইয়ের পর আবেদনকারীর হাতে গোলাপি কার্ড তুলে দেওয়া হবে।পরিবহণ দপ্তরের আশা, এই নতুন ব্যবস্থার ফলে মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে।

আগস্ট ০১, ২০২৬
কলকাতা

বড় সিদ্ধান্ত! স্কুলের পোশাক থেকে বিদায় বিশ্ব বাংলা, বদলে যাচ্ছে ইউনিফর্মের রংও

রাজ্যের স্কুলগুলিতে একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এবার স্কুল ইউনিফর্ম নিয়েও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি নির্দেশ অনুযায়ী, স্কুলের ইউনিফর্ম থেকে বিশ্ব বাংলা লোগো তুলে দেওয়া হবে। একই সঙ্গে বহুদিনের নির্দিষ্ট নীল রঙের ইউনিফর্মের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে।সরকার জানিয়েছে, আগামী দিনে আর সব স্কুলকে একই রঙের ইউনিফর্ম পরতে হবে না। প্রতিটি স্কুল নিজেদের ঐতিহ্য, পরিবেশ এবং প্রয়োজন অনুযায়ী ইউনিফর্মের রং নির্ধারণ করতে পারবে। এর ফলে দীর্ঘদিনের একরঙা পোশাকের পরিবর্তে বিভিন্ন স্কুলে আলাদা পরিচয় তৈরি হবে।সরকারের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল স্কুলগুলির নিজস্ব ঐতিহ্য ও স্বাতন্ত্র্যকে ফিরিয়ে আনা। একই সঙ্গে ইউনিফর্ম থেকে বিশ্ব বাংলা লোগো সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও কার্যকর করা হবে।শিক্ষা মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের ফলে স্কুলগুলি নিজেদের পরিচয় আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। অন্যদিকে, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যেও এই নতুন নিয়ম নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন নজর, কবে থেকে নতুন ইউনিফর্মের নিয়ম কার্যকর হয় এবং কোন স্কুল কী রঙের পোশাক বেছে নেয়।

জুলাই ৩০, ২০২৬
রাজ্য

বেতন, ডিএ, পেনশন— সবকিছুর আগে বড় রদবদল সপ্তম বেতন কমিশনে

রাজ্য সরকারের সপ্তম বেতন কমিশনে বড় পরিবর্তন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে অতনু চক্রবর্তীর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইএএস অফিসার নবীন প্রকাশকে। তবে চেয়ারম্যান পরিবর্তন হলেও কমিশনের কাজের পরিধি, শর্ত এবং নীতিতে কোনও পরিবর্তন করা হয়নি।গত বাইশ জুলাই রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছিল। তখন জানানো হয়েছিল, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী কমিশনের চেয়ারম্যান হবেন। কিন্তু মাত্র আট দিনের মধ্যেই সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন নবীন প্রকাশ।রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে নতুন সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতা এক ধাক্কায় কুড়ি শতাংশ বাড়ানোর ঘোষণা করেন। একই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, খুব দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন গঠন করা হয়েছে।এই কমিশনের দায়িত্ব হবে সরকারি, সরকার পোষিত এবং আধা সরকারি কর্মীদের বেতন কাঠামো, পদোন্নতি, পেনশন এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপারিশ করা। এছাড়া পেনশনভোগীদের ভাতা বৃদ্ধির বিষয়ও কমিশন পর্যালোচনা করবে।রাজ্য সরকার কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, নতুন বেতন কাঠামোর সুপারিশ করার আগে একই পদে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোও খতিয়ে দেখতে বলা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

জুলাই ২৯, ২০২৬
খেলার দুনিয়া

কলকাতায় আসছেন নেইমার! পুজোর আগেই ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

প্রায় পনেরো বছর আগে কলকাতার মাঠে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখেছিল ফুটবলপ্রেমীরা। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারে আরও একটি বড় আন্তর্জাতিক ম্যাচ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী পুজোর সময় কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে ব্রাজিল জাতীয় ফুটবল দল। যদিও এখনও পর্যন্ত এই সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।একটি ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত। সেই সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর অক্টোবরে ভারতে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। সেই ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে দাবি করা হয়েছে।জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন ভারতীয় আয়োজকদের সঙ্গে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের প্রাথমিক আলোচনা শুরু হয়। ভারতীয় সমর্থকদের বিপুল আগ্রহের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি। ফিফার নতুন আন্তর্জাতিক সূচির আওতায় এই সফরের পরিকল্পনা এগোচ্ছে বলেও জানা যাচ্ছে।ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন শহরগুলিতেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায়, যেখানে আগে জাতীয় দল খুব বেশি খেলেনি। সেই কারণেই কলকাতার নাম গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ভিনিসিয়াস, নেইমার-সহ একাধিক তারকা ফুটবলারকে কলকাতার মাঠে দেখার সুযোগ পেতে পারেন সমর্থকেরা।উল্লেখ্য, ফুটবল সম্রাট পেলে ১৯৭৭ সালে ক্লাবের হয়ে কলকাতায় খেললেও ব্রাজিলের জাতীয় দল কখনও এই শহরে ম্যাচ খেলেনি। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা কলকাতার ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। তবে এখনও পর্যন্ত ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এই সফর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।

জুলাই ২৫, ২০২৬
কলকাতা

বিধানসভায় বড় মোড়! কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, শেষমেশ যা বললেন নিজেই

পরপর দুদিনের উত্তেজনার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্পিকারের চেয়ারকে অসম্মান করার অভিযোগ তুলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। স্পিকার রথীন্দ্র ঘোষ জানিয়েছেন, সেই নোটিস গ্রহণ করা হয়েছে। যদিও কুণাল ঘোষ স্পষ্ট দাবি করেছেন, তিনি স্পিকারের চেয়ারকে অসম্মান করতে চাননি। যদি তাঁর আচরণে এমন কোনও ধারণা তৈরি হয়ে থাকে, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।গত দুদিন ধরে বিধানসভার ভিতরে শাসক দলের দুই শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বুধবার নিজের নাম থাকা সত্ত্বেও বক্তব্য রাখার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানান কুণাল ঘোষ। সেই সময় বিধানসভায় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে তাঁকে সাসপেন্ড করা হয় এবং মার্শাল ডেকে সভাকক্ষ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবারও সেই ঘটনার রেশ বজায় থাকে। অধিবেশন শুরু হওয়ার পর শোভনদেব চট্টোপাধ্যায় আগের দিনের ঘটনা নিয়ে কথা বলতে চাইলে স্পিকার বলেন, আগের দিনের ঘটনা অত্যন্ত কলঙ্কজনক। এই মন্তব্যের প্রতিবাদ করেন কুণাল ঘোষের শিবিরের বিধায়কেরা। এরপর শুক্রবার পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন।জবাবে কুণাল ঘোষ বলেন, তিনি কখনও স্পিকারের চেয়ারকে অসম্মান করেননি। তিনি একজন নির্বাচিত বিধায়ক হিসেবে নিজের বক্তব্য রাখার সুযোগ চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দলের তরফে নাম পাঠানো হলেও তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। সেই কারণেই তিনি প্রতীকী প্রতিবাদ করেছিলেন। তবে স্পিকারের প্রতি কোনও অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না বলেই তিনি জানান।স্পিকার রথীন্দ্র ঘোষ নোটিস গ্রহণ করার পাশাপাশি দুই পক্ষকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

জুলাই ২৪, ২০২৬
রাজ্য

কলেজের অস্থায়ী ও অতিথি শিক্ষকদের বেতন কাঠামো বৃদ্ধির আশ্বাস, উচ্চশিক্ষা ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশার আলো

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কর্মরত অস্থায়ী ও অতিথি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ফের একবার রাজ্যের প্রশাসনিক মহলে গুরুত্ব পেল। বেতন কাঠামো সংশোধন, পারিশ্রমিক বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব এবং কাজের উপযুক্ত মর্যাদা ও স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে সরব থাকা অতিথি ও অস্থায়ী শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠককে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে শিক্ষক মহলে।জানা গিয়েছে, গতকাল পশ্চিমবঙ্গ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর একটি প্রতিনিধিদল রাজ্য বিধানসভায় গিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা কলেজগুলিতে কর্মরত অস্থায়ী ও অতিথি শিক্ষকদের বিভিন্ন সমস্যা এবং দীর্ঘদিনের দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে বর্তমান বেতন কাঠামো, পারিশ্রমিকের অসামঞ্জস্য, কাজের অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে মন্ত্রীদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে প্রতিনিধিদল মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সামনে রাখে। তার মধ্যে অন্যতম হল অতিথি ও অস্থায়ী শিক্ষকদের বর্তমান বেতন কাঠামোর সংশোধন এবং পারিশ্রমিক বৃদ্ধি। পাশাপাশি তাঁদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা, কাজের উপযুক্ত মর্যাদা প্রদান এবং অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।প্রতিনিধিদলের দাবি, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অস্থায়ী ও অতিথি শিক্ষকদের অনেকেই তুলনামূলকভাবে কম পারিশ্রমিকে কাজ করছেন। তাঁদের দায়িত্ব ও কাজের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে অনিশ্চয়তা দূর করার জন্য একটি স্থায়ী ও সুস্পষ্ট নীতিরও দাবি জানানো হয়েছে।সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে, বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী তাঁদের বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন। তাঁদের সমস্যাগুলির বিষয়ে মন্ত্রীদের মধ্যে সহানুভূতিশীল মনোভাব লক্ষ্য করা গিয়েছে বলেও সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন। বিশেষ করে বেতন কাঠামো বৃদ্ধির বিষয়টি নিয়ে খুব শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তাঁরা আশ্বাস পেয়েছেন বলে সংগঠনের দাবি।প্রতিনিধিদলের বক্তব্য অনুযায়ী, উচ্চশিক্ষামন্ত্রী তাঁদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার পাশাপাশি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বিধানসভায় বিষয়টি নিয়ে আলোচনা করার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা নিজেদের দাবি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেছেন এবং আন্দোলনও চালিয়ে আসছেন। কিন্তু এবারের বৈঠকে যে ধরনের ইতিবাচক সাড়া তাঁরা পেয়েছেন, তা তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁদের মতে, এই প্রথম তাঁদের বেতন কাঠামো ও অন্যান্য সমস্যার বিষয়টি উচ্চশিক্ষামন্ত্রী এতটা গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং অর্থমন্ত্রীর মতামত নিয়েও বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।পশ্চিমবঙ্গ গেস্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর দীর্ঘদিনের দাবি, কলেজগুলিতে অস্থায়ী ও অতিথি শিক্ষকরা শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নিয়মিত শিক্ষকের ঘাটতি পূরণ থেকে শুরু করে কলেজের পঠন-পাঠন সচল রাখাবিভিন্ন ক্ষেত্রে তাঁদের ভূমিকা রয়েছে। অথচ তাঁদের পারিশ্রমিক, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে বলে সংগঠনের দাবি।শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন কাঠামো বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হলে তা হাজার হাজার অস্থায়ী ও অতিথি শিক্ষকের জন্য স্বস্তির খবর হবে। একইসঙ্গে তাঁদের দীর্ঘদিনের আন্দোলনও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে।বৈঠকের পর সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাঁদের আশা, শুধু আশ্বাসের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ না থেকে দ্রুত সরকারি স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেতন কাঠামো সংশোধনের পাশাপাশি চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য দাবিগুলিও ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোবে।অন্যদিকে, রাজ্যের কলেজগুলিতে অস্থায়ী ও অতিথি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি নিয়ে সরকারের এই ইতিবাচক মনোভাব শিক্ষক মহলেও নতুন করে আশার সঞ্চার করেছে। এখন নজর থাকবে, বৈঠকে দেওয়া আশ্বাস অনুযায়ী কবে বেতন কাঠামো বৃদ্ধির বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সংক্রান্ত কোনও নতুন নির্দেশিকা বা ঘোষণা কবে প্রকাশিত হয়।সংগঠনের দাবি, এবারের বৈঠক তাঁদের দীর্ঘদিনের আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। আগামী দিনে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের বেতন ও চাকরির নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলির স্থায়ী সমাধান হবেএমনটাই আশা করছেন পশ্চিমবঙ্গের অস্থায়ী ও অতিথি শিক্ষকরা।

জুলাই ২৪, ২০২৬
কলকাতা

বিধানসভায় তুমুল কাণ্ড! মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দিলেন স্পিকার

দুই তৃণমূলের দ্বন্দ্বে বুধবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। কুণাল ঘোষ ও আখরুজ্জামানের সংঘাতকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয় অধিবেশনে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার রথীনন্দ্রনাথ বসু মার্শাল ডেকে কুণাল ঘোষকে বিধানসভা থেকে বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরে তাঁকে সাসপেন্ডও করা হয়।বিধানসভা গঠনের পর থেকেই কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে বিরোধ বারবার প্রকাশ্যে এসেছে। বর্তমানে ঋতব্রত শিবির বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আখরুজ্জামান মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন।বুধবার আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠলে তাঁকে বাধা দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সঙ্গে সঙ্গে বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও এই ঘটনার প্রতিবাদ জানান। বিজেপির মন্ত্রী শংকর ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ বিদ্রোহী তৃণমূলের বিধায়করাও ওয়েলে নেমে বিক্ষোভ দেখান।এরপরই স্পিকার মার্শাল ডেকে কুণাল ঘোষকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্তও ঘোষণা করা হয়।কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের অভিযোগ, তাঁদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, বক্তাদের যে তালিকা পাঠানো হয়, তাতে কুণাল ঘোষের নাম থাকলেও মুখ্য সচেতক সেই নাম কেটে অন্য নাম যুক্ত করছেন। এই অভিযোগ আগেই তুলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ও আলিফা আহমেদ।আখরুজ্জামান পরে বলেন, ৮০ জন বিধায়ক রয়েছেন। সবাইকে কথা বলার সুযোগ দিলে সময় হবে না। তাই কে বলবেন, তা আমরা ঠিক করব।ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এমন অসভ্যতা আমি বিধানসভায় আগে দেখিনি। এটা অত্যন্ত নিন্দনীয়। আখরুজ্জামান একজন প্রবীণ নেতা। তাঁর সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না।এই ঘটনার পর বিধানসভায় দুই তৃণমূল শিবিরের সংঘাত আরও প্রকট হয়ে উঠল বলে রাজনৈতিক মহলের মত।

জুলাই ২২, ২০২৬
রাজ্য

আজ ভাসবে বাংলা? ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত হয়েছে। এই কারণেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে কোনও বিশেষ সতর্কতা নেই।কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কিছুটা কমলেও রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কতা নেই। তবে রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জুলাই ২২, ২০২৬
কলকাতা

তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব এবার বিধানসভায়! মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

বিধানসভায় ফের বিরোধী দলনেতা নিয়ে বিভ্রান্তি দেখা দিল। বুধবার অধিবেশন চলাকালীন বক্তব্য রাখতে উঠে আবার বসে পড়তে হল কালীঘাটপন্থী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা চলার সময় শোভনদেব বক্তব্য রাখতে উঠেছিলেন। কিন্তু তিনি বক্তব্য শুরু করতে পারেননি। তাঁকে বসে পড়তে হয়।এরপর কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করেন, বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তাদের যে তালিকা পাঠানো হচ্ছে, তা কেটে দেওয়া হচ্ছে। এতে বিধায়কদের বক্তব্য রাখার নির্দিষ্ট সময় নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি জানান।আলিফা বলেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। কিন্তু আমাদের পক্ষ থেকে পাঠানো বক্তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। বিধানসভার সদস্য হিসেবে সকলের নির্দিষ্ট সময় আছে। আগে থেকে জানা গেলে সুবিধা হয়। তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, এখানে অনেক বিরোধী দল আছে। কালীঘাটপন্থী আছেন, আইএসএফ আছে, সিপিআইএম আছে, কংগ্রেস আছে। আমরা চাই সবাই সময় ভাগ করে নিক।মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি নিজেও পাঁচ বছর বিরোধী দলনেতা ছিলাম। তখন চিফ হুইপ বক্তব্য রাখার সময় ঠিক করতেন। আপনাদের নিজেদের ঝগড়া নিজেরা মেটান। সেই ঝগড়া মেটানোর জন্য মুখ্যমন্ত্রী বা হাউস বসে নেই। নিজেদের সমস্যা মিটিয়ে সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দিন।উল্লেখ্য, বিধানসভায় কালীঘাটপন্থী তৃণমূলের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে ঋতব্রতপন্থীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন। ফলে কোন শিবিরের তালিকা অনুযায়ী বক্তব্য হবে, তা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হচ্ছে।

জুলাই ২২, ২০২৬
রাজ্য

আবার ভাসবে বাংলা! ঘূর্ণাবর্তের দাপটে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা

নতুন সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির মুখে বাংলা। ঘূর্ণাবর্ত ও দুর্বল নিম্নচাপের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।জুলাই মাসের শুরুতে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসেছিল বৃষ্টিতে। গত সপ্তাহে কিছুটা বিরতি মিললেও আবার নতুন করে সক্রিয় হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।কলকাতাতেও সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনও মাঝারি, কখনও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলাদার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ কমলা সতর্কতা জারি রয়েছে। সেখানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

জুলাই ২০, ২০২৬
কলকাতা

মমতার কড়া আক্রমণের পর প্রথম মুখ খুললেন জ্ঞানেশ! এক মন্তব্যেই তোলপাড় রাজনীতি

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এবং তৎকালীন তৃণমূল সরকারের মধ্যে টানা সংঘাত তৈরি হয়েছিল। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছিলেন। জনসভা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।তবে সেই সময় জ্ঞানেশ কুমার প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ উঠতেই তিনি মন্তব্য করেন, তিনি ভেবেছিলেন জবাব দেবেন, কিন্তু বাংলার মানুষই সেই জবাব দিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে দিদির মতো। তিনি যা বলার বলেছেন, তাই নিয়ে তাঁর আলাদা করে কিছু বলার নেই। এই মন্তব্যের সময় তাঁকে হাসতেও দেখা যায়।নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনের উদ্দেশে চিঠি পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকও করেন। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে তিনি কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট এবং অহঙ্কারী। সেই সময় কমিশনের ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।এবার ভোট শেষ হওয়ার পর জ্ঞানেশ কুমারের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জুলাই ১৮, ২০২৬
রাজ্য

হাসপাতালে ভর্তি রোগী ও স্কুলের মিড-ডে মিল—খাদ্য খাতে বড় বরাদ্দ বৃদ্ধি রাজ্য সরকারের, ১ অগস্ট থেকে কার্যকর নতুন হার

নিজস্ব সংবাদদাতা: মূল্যবৃদ্ধির বাজারে হাসপাতালের ভর্তি রোগী এবং সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং স্কুল শিক্ষা দফতর ১৩ জুলাই ২০২৬ তারিখে পৃথক নির্দেশিকা জারি করে হাসপাতালের ফুল রাইস ডায়েট এবং পিএম পোষণ (মিড-ডে মিল) প্রকল্পে রান্নার খরচ উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা করেছে। নতুন হার ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের খরচ প্রায় দ্বিগুণস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জারি করা মেমো অনুযায়ী, কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি রোগীদের জন্য ফুল রাইস ডায়েট বাবদ বরাদ্দ প্রতিদিন প্রতি রোগী ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।সরকারের বক্তব্য, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং রোগীদের আরও উন্নত মানের খাদ্য সরবরাহের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের অনুমোদনের পর এই সংশোধিত হার কার্যকর করা হচ্ছে।প্রাথমিক পড়ুয়াদের মিড-ডে মিলেও বাড়ল রান্নার খরচঅন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, বালবাটিকা (প্রি-প্রাইমারি) ও প্রাথমিক স্তরের সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পিএম পোষণ প্রকল্পের অধীনে রান্নার খরচে রাজ্যের অংশ বৃদ্ধি করা হচ্ছে।এতদিন কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী রান্নার খরচ ছিল প্রতি ছাত্রছাত্রী ৬.৭৮ টাকা। রাজ্য সরকার অতিরিক্ত ৩.২২ টাকা বরাদ্দ দেওয়ায় মোট রান্নার খরচ বেড়ে প্রতি ছাত্রছাত্রী ১০ টাকা হবে। এই নতুন হারও ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারের উদ্যোগসরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের রোগীদের উন্নত খাদ্য সরবরাহ এবং স্কুল পড়ুয়াদের পুষ্টিকর মধ্যাহ্নভোজন নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।নতুন বরাদ্দ কার্যকর হলে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের খাদ্যের মানোন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড-ডে মিলের রান্নার ব্যয় নির্বাহে প্রশাসনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

জুলাই ১৮, ২০২৬
খেলার দুনিয়া

প্রতি জেলায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল! ফুটবলপ্রেমী বাংলার জন্য নতুন রাজ্য সরকারের বড় উদ্যোগ, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ ক্রীড়াপ্রেমীদের

ফুটবলপ্রেমী বাঙালির আবেগকে সম্মান জানিয়ে এক অভিনব ও জনমুখী উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আগামী ২০ জুলাই ২০২৬, রাত ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে চলা ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে, আইএএস-এর স্বাক্ষরিত ১৭ জুলাই ২০২৬-এর একটি সরকারি নির্দেশিকা অনুযায়ী, সমস্ত জেলার জেলা শাসকদের (District Magistrate) এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করতে হবে এবং সাধারণ মানুষের সুবিধার্থে আগাম প্রচার ও প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করতে হবে।সরকারি নির্দেশে আরও জানানো হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রতি জেলার জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ করা হবে।ফুটবলপ্রেমীদের জন্য বড় উপহাররাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। বহু মানুষের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, বাংলার সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। তাই সাধারণ মানুষ যাতে একসঙ্গে বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।সামাজিক মাধ্যমে ক্রীড়াপ্রেমীর বক্তব্য,বাঙালির ফুটবল আবেগ এবার পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে। প্রতি জেলায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের লাইভ স্ক্রিনিংয়ের এই উদ্যোগ সত্যিই অভিনব। ক্রীড়াপ্রেমী আপামর রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁকে আন্তরিক ধন্যবাদ।আরও একাংশের মত,সকল ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। জেলার জেলায় বিশ্বকাপ ফাইনাল একসঙ্গে দেখার সুযোগ করে দেওয়ায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা যুব মোর্চার সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁকে অসংখ্য ধন্যবাদ।ক্রীড়ামন্ত্রীর বার্তানিজের সামাজিক মাধ্যমেও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেনপশ্চিমবঙ্গের জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জনসাধারণের হিতে সম্প্রচারিত হবে।ফুটবল উৎসবের আবহে বাংলাবিশ্বকাপ ফাইনালকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে শহরের পাশাপাশি জেলা ও গ্রামীণ এলাকার মানুষও একসঙ্গে বিশ্বকাপের মহারণ উপভোগ করার সুযোগ পাবেন। অনেকের মতে, এই উদ্যোগ শুধু খেলা দেখার আয়োজন নয়, বরং ফুটবলকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি, উৎসবের আবহ এবং জনসম্পৃক্ততার এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফুটবলপ্রেমী মানুষের কাছে এই উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এখন নজর ২০ জুলাই গভীর রাতের দিকে, যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ একসঙ্গে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করবেন।

জুলাই ১৮, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 35
  • 36
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি! দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মুর্শিদাবাদের লালগোলায় দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম লাইলি খাতুন (১৯)। শুক্রবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় লালগোলার ভরকুনটা গ্রামে লাইলির পরিবারের মধ্যে অশান্তি হয়। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর দুই মাসের পুত্রসন্তান। শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।এরপর তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে লালগোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এই ঘটনায় শিশুটির ঠাকুমা লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শিশুটির মা লাইলি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন লাইলি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তি এবং মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে শিশুটিকে পুকুরে ফেলা হয়েছিল, তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মাত্র দুই মাসের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, ভারতকে বিঁধে কী বললেন তারেক রহমান?

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও ভাঙচুর, আবার কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাম না করে ভারতের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্তব্য, সীমান্তের ওপারের যে দেশে আওয়ামি লিগের নেতারা আশ্রয় নিয়েছেন, সেই দেশই তাঁদের প্রভু। তারেকের এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।বৃহস্পতিবার লালমনিরহাটে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক। সেখানে আওয়ামি লিগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। তাঁর কথায়, সীমান্তের ওপারে যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশটিই এখন তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তাঁরা আবারও বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি সরাসরি ভারতের নাম না করলেও, তাঁর বক্তব্যে নয়াদিল্লির দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তারেকের এই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের কোনও মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের উপর সেই বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। হাসিনার দল আওয়ামি লিগের কর্মসূচির পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে।গত কয়েক দিনে গোপালগঞ্জ-সহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। এই অশান্তির জন্য আওয়ামি লিগের নেতা-কর্মীদের দায়ী করছে বাংলাদেশের সরকার। অন্য দিকে, তারেকের মন্তব্যে ভারতের প্রসঙ্গ উঠে আসায় দুই দেশের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি বিতর্কে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অবস্থানই তুলে ধরেছে।

নভেম্বর ২০, ২০২৬
দেশ

রাজস্থানের গ্রামীণ ভোটে বিজেপিকে বড় ধাক্কা, ৩৭ জেলার মধ্যে ২৪টিতে এগিয়ে কংগ্রেস

রাজস্থানের গ্রামীণ রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভোটের প্রাথমিক ফল এবং গণনার প্রবণতায় রাজ্যের শাসক দল বিজেপিকে পিছনে ফেলে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গিয়েছে কংগ্রেস। রাজ্যের ৩৭টি জেলার মধ্যে ২৪টিতে কংগ্রেসের অগ্রগতি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।জেলা পরিষদের নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস ২৪টি জেলায় এগিয়ে রয়েছে। বিজেপির অবস্থান ৮টি জেলায়। নির্দল ও অন্যান্য রাজনৈতিক দল ৪টি জেলায় এগিয়ে থাকলেও একটি জেলায় এখনও কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছতে পারেনি। এই পরিসংখ্যান রাজ্যের শাসক শিবিরের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে।পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেসের দাপটশুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতির ভোটেও কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি দেখা যাচ্ছে। রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৭৩টির ফলাফল বা ভোটের প্রবণতা সামনে এসেছে। তার মধ্যে ১৯৪টি সমিতিতে কংগ্রেস জয়ী অথবা এগিয়ে রয়েছে। বিজেপির দখলে এসেছে বা এগিয়ে রয়েছে ৮৯টি সমিতি। নির্দল ও অন্যান্য দল ৬৪টি সমিতিতে এগিয়ে রয়েছে।গ্রামীণ স্তরে এই ব্যবধান বিজেপির রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে রাজ্যে ক্ষমতায় থাকার পরও স্থানীয় নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দলের সামনে নতুন করে সংগঠন মজবুত করার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।জয়পুরে কংগ্রেসের বড় জয়, বিজেপির অঙ্কে ধসরাজস্থানের রাজধানী জয়পুরের ফলাফল এবারের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে। জয়পুর জেলা পরিষদের ৫৭টি আসনের মধ্যে ৪৫টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৩১টি আসন পেয়েছে কংগ্রেস, বিজেপি পেয়েছে মাত্র ১২টি। অন্য প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জয়পুর জেলা পরিষদের বর্তমান চেয়ারপার্সন রমা চোপড়াও নির্বাচনে পরাজিত হয়েছেন। জয়পুরের ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির সাফল্য সীমাবদ্ধ থেকেছে মাত্র ২টি সমিতিতে। রাজধানী সংলগ্ন এলাকায় এই ফল শাসক দলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও বিজেপির চ্যালেঞ্জ, এগিয়ে RLPরাজনৈতিক ধাক্কার আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানের থেকে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP)।মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় অন্য দলের এই সাফল্য রাজ্যের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির কাছে এটি শুধুমাত্র স্থানীয় নির্বাচনের ফল নয়, বরং দলের রাজনৈতিক প্রভাব ও সাংগঠনিক শক্তি নিয়েও নতুন করে মূল্যায়নের পরিস্থিতি তৈরি করেছে।ভোটের ফল কি রাজস্থানের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে?নির্বাচনের আগে যুব সমাজের আন্দোলন, বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ এবং UGC-র নতুন বিধি ঘিরে বিতর্কসহ একাধিক রাজনৈতিক ইস্যু রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই আবহেই পঞ্চায়েত ভোটে কংগ্রেসের এই অগ্রগতি বিরোধী শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাতে পারে।যদিও পঞ্চায়েত নির্বাচনের ফল সরাসরি রাজ্য সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করে না, তবুও গ্রামীণ ভোটের এই বার্তা উপেক্ষা করা কঠিন। রাজস্থানে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি স্থানীয় স্তরে জনসমর্থন পুনরুদ্ধার এখন দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে, অভ্যন্তরীণ মতপার্থক্য সত্ত্বেও কংগ্রেসের এই সাফল্য আগামী দিনের রাজনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

নভেম্বর ২০, ২০২৬
কলকাতা

আরজি করের প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইকে ফের চাপে ফেলল হাইকোর্ট! কী নির্দেশ বিচারপতির?

আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সিবিআই কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পাশাপাশি ঘটনার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। এই বিষয়টি তদন্তের বাইরে রাখা যাবে না।তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করেছে আদালত। তাই আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, তার সবকটিই সিবিআইকে তদন্তের আওতায় আনতে হবে।অর্থাৎ, চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শুরু করে পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।এর আগে গত ১ অক্টোবর মামলার শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ৯ অগস্ট থেকে ওঠা সমস্ত অভিযোগ তদন্তের আওতায় আনার নির্দেশ দিল আদালত। ফলে আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

ট্রেনে রিলস দেখা, স্পিকারে গান শোনা বন্ধ করুন! নিয়ম না মানলে গুনতে হতে পারে ১ হাজার টাকা

ট্রেনে জোরে ফোনে কথা বলা, স্পিকারে গান শোনা কিংবা মোবাইলে ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করার দিন শেষ হতে চলেছে। এ বার থেকে এমন আচরণ করলে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে কথা বলা কিংবা স্পিকারে গান ও ভিডিও চালিয়ে উপদ্রব করলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি রেল আইনে ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে রাতের দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রী মোবাইলে সিনেমা দেখতে বা ফোনে কথা বলতে থাকেন। তাতে পাশের যাত্রীদের ঘুমের অসুবিধা হয়। কেউ আপত্তি জানালে অনেক সময় বচসাও শুরু হয়। এই ধরনের সমস্যা কমাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল পূর্ব রেল।রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর থেকে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্টেশন এবং ট্রেনের কামরায় যাত্রীদের সচেতন করতে হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও নিয়মিত ঘোষণা করতে হবে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই বিষয়ে বেশি করে প্রচার করতে বলা হয়েছে।যাত্রীদের মোবাইলে গান বা ভিডিও চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করতে পরামর্শ দেওয়া হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পাশাপাশি রিংটোনের আওয়াজ কম রাখতেও বলা হবে। জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বলে অন্য যাত্রীদের অসুবিধা না করার বিষয়েও সচেতন করা হবে।নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ রয়েছে। ওই ধারায় উপদ্রবের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এ ধরনের ঘটনায় টিকিট পরীক্ষক এবং তাঁর ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা রেল আইনের আওতায় ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।নির্দেশিকা কার্যকর করার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তার রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। প্রতিটি স্টেশনের নোটিস বোর্ডেও এই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কামরায় মোবাইলের আওয়াজ নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যায় এ বার কতটা লাগাম পড়ে, সেটাই দেখার।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হতে পারে ফসল! ক্ষয়ক্ষতির হিসাব চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও বৃষ্টির জলে ডুবে গিয়েছে চাষের জমি, কোথাও আবার মাঠেই পড়ে রয়েছে পাকা ধান। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃষ্টির জেরে কোন জেলায় কতটা ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে সমস্ত জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কতএই সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়ার উন্নতি হলেই ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ শুরু করবে কৃষি দফতর। সমীক্ষায় জমির পরিমাণ, ক্ষতিগ্রস্ত ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক ক্ষতির হিসাব খতিয়ে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করতে চাইছে রাজ্য। সে জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কৃষকেরা ১৪৪৪৭ নম্বরে ফোন করে তাঁদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ যাচাই করা হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও জমিতে জল জমে ফসল ডুবে গিয়েছে, আবার কোথাও পাকা ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টি চলতে থাকলে ধান পচে গিয়ে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।শুধু ধান নয়, শীতকালীন সবজির চাষ নিয়েও চিন্তায় কৃষকেরা। এই সময়ে জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এবং লঙ্কার চারা থাকে। টানা বৃষ্টিতে মাটি অতিরিক্ত ভিজে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে সবজির ফলন কমতে পারে। এর প্রভাব পড়তে পারে বাজারদরেও। সব মিলিয়ে বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তা জানতে এখন জেলা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় রাজ্য সরকার।

নভেম্বর ২০, ২০২৬
খেলার দুনিয়া

বুমরাহর বোলিংয়ে দিশেহারা কিউই ব্যাটার, বলের গতিপথ বুঝতেই হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষ

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে যেন এক অমীমাংসিত ধাঁধা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বল কখন ভিতরে ঢুকবে, কখন সোজা বেরিয়ে যাবে, কিংবা কখন নিখুঁত ইয়র্কারে ব্যাটারের পায়ের সামনে আছড়ে পড়বেআগাম আন্দাজ করাই কঠিন। বেসিন রিজার্ভে বুমরাহর এই মায়াবী বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা কিউই ব্যাটাররা। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন নিউজিল্যান্ড উইকেটরক্ষক ইয়ান স্মিথও।চা-বিরতির আলোচনায় বুমরাহর বোলিং নিয়ে স্মিথের মন্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, বুমরাহর সামনে ব্যাটাররা নিজেদের সিদ্ধান্তের উপরেই বিশ্বাস রাখতে পারছেন না। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের উইকেট পতনের পর থেকেই যেন এই মানসিক চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে বিপাকে পড়েন ব্যাটাররা। বুমরাহর বলে ঠিক কী ঘটতে চলেছে, সেই অনিশ্চয়তাই ক্রমশ তাঁদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে।ল্যাথামের উইকেট ছিল বুমরাহর দক্ষতার এক অসাধারণ নিদর্শন। অফ স্টাম্পের বাইরে যাচ্ছে ভেবে বল ছেড়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক। কিন্তু শেষ মুহূর্তে বলের গতিপথ বদলে ভিতরের দিকে ঢুকে সরাসরি অফ স্টাম্প উড়িয়ে দেয়। নিখুঁত লাইন, নিয়ন্ত্রিত সুইং এবং অবিশ্বাস্য সময়জ্ঞানসব মিলিয়ে কার্যত নিখুঁত এক ডেলিভারি।বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বুমরাহর ইনসুইং এখন পরিচিত অস্ত্র। কিন্তু এই পরিচিত অস্ত্রকেই বারবার নতুন করে বিপজ্জনক করে তুলছেন তিনি। ২০১৮ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের কিটন জেনিংসকে একই ধরনের বলে বোল্ড করে চমকে দিয়েছিলেন বুমরাহ। সেই সময় তাঁর ইনসুইং নিয়ে সংশয় ছিল ক্রিকেট মহলে। আজ সেই বলের রহস্য অনেকটাই পরিচিত হলেও বুমরাহর নিয়ন্ত্রণ এবং নিখুঁত প্রয়োগ তাঁকে এখনও অপ্রতিরোধ্য করে তুলেছে।শুধু সুইং নয়, বুমরাহর বোলিং অ্যাকশনও ব্যাটারদের বিভ্রান্তির অন্যতম কারণ। বল ছাড়ার মুহূর্তে তাঁর কব্জি ও আঙুলের অবস্থান এমন এক বিভ্রম তৈরি করে, যাতে ব্যাটাররা বলের প্রকৃত দিক বুঝতে পারেন না। ডানহাতি ব্যাটারদের কাছে ভিতরে ঢুকছে বলে মনে হওয়া বল অনেক সময় পিচে পড়ে সোজা বেরিয়ে যায়। এই বিভ্রান্তির ফাঁদেই টম ব্লান্ডেল স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান।ড্যারিল মিচেলের উইকেটের পিছনে ছিল বুমরাহর কৌশলী পরিকল্পনা। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বোলারের লেংথ নষ্ট করার চেষ্টা করছিলেন মিচেল। তাঁর এই পরিকল্পনা বুঝে ফিল্ডিং সাজানোর পরিবর্তন করেন বুমরাহ। যশস্বী জয়সওয়ালকে শর্ট-লেগে এনে মিচেলকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করেন। এরপর কব্জির সূক্ষ্ম মোচড়ে ভিতরের দিকে ঢোকা বল ছুড়ে দেন। বল ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট-লেগে থাকা জয়সওয়ালের কাছে পৌঁছতেই দুরন্ত ক্যাচে তা তালুবন্দি করেন তিনি।দিনের শেষ ভাগে পিচের গতি কমে আসে। ঘাস শুকিয়ে যাওয়ায় সিম মুভমেন্টও অনেকটাই কমে যায়। শেষ পাঁচ ওভারে রান দিলেও বুমরাহর চাপ কমেনি। সেট হয়ে যাওয়া হেনরি নিকোলসকে আচমকা ইয়র্কারে চমকে দেন তিনি। নতুন বলেও ইনসুইং ইয়র্কারের মাধ্যমে ব্যাটারদের সমস্যায় ফেলেন।বৃহস্পতিবার ১৭ ওভার বল করে পাঁচটি মেডেন-সহ মাত্র ৫২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বুমরাহ। যেখানে ভারতের অন্য চার বোলার মিলিতভাবে পেয়েছেন মাত্র দুটি উইকেট, সেখানে একাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেন এই তারকা পেসার।বুমরাহর সাফল্যের রহস্য শুধুমাত্র গতি কিংবা সুইংয়ে সীমাবদ্ধ নয়। তাঁর বোলিংয়ের আসল শক্তি লুকিয়ে রয়েছে ব্যাটারের মানসিকতা পড়তে পারা, একই অ্যাকশন থেকে বিভিন্ন ধরনের বল বের করে আনা এবং সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগে। ফলে ব্যাটাররা প্রতিটি বল খেলার আগে দ্বিধায় পড়ে যাচ্ছেনএই অনিশ্চয়তাই বুমরাহর সবচেয়ে বড় সাফল্য।ইয়ান স্মিথের মন্তব্য তাই নিছক প্রশংসা নয়, বুমরাহর বোলিংয়ের মনস্তাত্ত্বিক প্রভাবের যথার্থ ব্যাখ্যা। ব্যাটাররা যখন বোলারের বলের চেয়ে নিজের সিদ্ধান্ত নিয়েই বেশি সন্দিহান হয়ে পড়েন, তখন সেই বোলার যে কতটা ভয়ংকর হয়ে উঠেছেন, তা সহজেই বোঝা যায়।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

রিয়াধের সর্বোচ্চ বহুতলে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আর্থিক কেন্দ্র, হতাহতের খবর নেই

রিয়াধ: সৌদি আরবের রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হল শহরের অন্যতম উচ্চতম বহুতল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর সদর দফতর। বৃহস্পতিবার ভোরের এই হামলায় বহুতলের একাধিক তল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।হামলার পর রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে নিরাপত্তা জোরদার করা হয়। ভবন থেকে কর্মী ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। বিস্ফোরণের অভিঘাতে বহুতলের বেশ কয়েকটি জানলা ভেঙে যায়।সূত্রের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি ওই বহুতলে আঘাত হানে। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রাথমিক বক্তব্য ছিল, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা।প্রায় ৩৮৫ মিটার উচ্চতার এই বহুতলে সৌদি আরবের সরকারি বিনিয়োগ সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দফতর রয়েছে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বহুমুখী করার বিভিন্ন প্রকল্পে এই সংস্থা অর্থায়ন করে।চলতি মাসে রিয়াধের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি প্রশাসনিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত, এই অভিযান আরও ছয় মাস চলতে পারে। ফলে রিয়াধ ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নভেম্বর ২০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal