মুর্শিদাবাদের লালগোলায় দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম লাইলি খাতুন (১৯)। শুক্রবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় লালগোলার ভরকুনটা গ্রামে লাইলির পরিবারের মধ্যে অশান্তি হয়। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর দুই মাসের পুত্রসন্তান। শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।
এরপর তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে লালগোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এই ঘটনায় শিশুটির ঠাকুমা লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শিশুটির মা লাইলি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন লাইলি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তি এবং মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে শিশুটিকে পুকুরে ফেলা হয়েছিল, তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মাত্র দুই মাসের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- More Stories On :
- Murshidabad
- Arrest
- Murder

