প্রেমিকাকে খুন করে পালালেন না! সারারাত দেহের পাশে বসে থেকে সকালে নিজেই পুলিশকে ফোন
প্রেমের সম্পর্কে সন্দেহ, তা নিয়ে প্রায়ই অশান্তি। শেষ পর্যন্ত সেই অশান্তির জেরেই ভয়াবহ পরিণতি! পুনের হিঞ্জেওয়াড়িতে ২৭ বছরের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, অন্য এক মহিলার সঙ্গে প্রেমিকের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তরুণী। সেই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। তবে এই ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রেমিকার মৃত্যুর পর পালিয়ে যাননি অভিযুক্ত। বরং সারারাত তাঁর দেহের পাশেই বসে ছিলেন তিনি। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান।মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তাঁর বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। অভিযুক্তের নাম শুভম জ্ঞানেশ্বর কালবান্দে। তিনিও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ভবিষ্যতে একসঙ্গে সংসার পাতার স্বপ্নও দেখেছিলেন দুজনে। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাবার্তাও এগিয়েছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে সমস্যা তৈরি হতে শুরু করে। অভিযোগ, শুভম অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন কোমল। এই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। রবিবার রাতেও একই কারণে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়।জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ হিঞ্জেওয়াড়িতে কোমলের পেইং গেস্ট আবাসনে দুজনের মধ্যে ফের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় কোমলের উপর হামলা চালান শুভম। তাঁর মাথা ও ঘাড়ে পরপর ঘুষি ও লাথি মারেন তিনি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোমলের।ঘটনর পর অভিযুক্ত পালিয়ে যাননি বলেই পুলিশ সূত্রে খবর। অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর সারা রাত তাঁর নিথর দেহের পাশেই বসে ছিলেন শুভম। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোমলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল এবং কী পরিস্থিতিতে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।তিন বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের পরিকল্পনা, দুই পরিবারের সম্মতিসব কিছুই এগিয়েছিল স্বাভাবিক পথে। কিন্তু সেই সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে তরুণীর পরিবারে।

