রাজ্যের আরও এক বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল বিজেপি বিধায়ক হেমন্ত বাগকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
অসুস্থ বোধ করায় প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল হেমন্তকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। সেই মতো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের উদ্যোগেই অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগের বিজেপি বিধায়ককে।
জানা গিয়েছে, বর্তমানে হেমন্ত বাগের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। তাঁর ব্যথা কিছুটা কমেছে। তবে কী কারণে এই ব্যথা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণ খুঁজে বের করতে একাধিক পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়কের চিকিৎসায় যেন কোনও রকম খামতি না থাকে।
অন্য দিকে, রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক রেখা পাত্রও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার বিকেলে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। আপাতত ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের ফুসফুসে লালারস ঢুকে যাওয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। ফলে আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই বিজেপি বিধায়কের অসুস্থতার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। হেমন্ত বাগের শারীরিক অবস্থার কারণ জানতে পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। অন্য দিকে, রেখা পাত্রের শারীরিক অবস্থার আরও উন্নতির দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর পরিবার ও দলের নেতারা।

