• ২৩ কার্তিক ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Mamata Banerjee

কলকাতা

ভাইফোঁটার সন্ধ্যায় বড় দুঃসংবাদ! প্রয়াত প্রাক্তন মন্ত্রী, শোকে ভেঙে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভাইফোঁটার সন্ধ্যায় এল দুঃসংবাদ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বিশ্বাস। বুধবার, ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সপ্তমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলছিল ডায়ালিসিসও। কিন্তু শেষরক্ষা হল না। একে একে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উজ্জ্বল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের একজন পুরনো নেতা ছিলেন। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন।উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে সমাজমাধ্যমে দীর্ঘ শোকবার্তা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল পরিবারের একনিষ্ঠ সদস্য হিসেবে তিনি মানুষের সেবা ও দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ এবং দীর্ঘদিনের কাজের কথা কখনও ভোলার নয়।মমতা আরও লেখেন, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। তাঁর চলে যাওয়ায় এমন এক শূন্যতা তৈরি হল, যা পূরণ করা সম্ভব নয়।শোকবার্তায় উজ্জ্বল বিশ্বাসের জীবনের শেষ কয়েক মাসের ঘটনাও তুলে ধরেছেন মমতা। তাঁর অভিযোগ, জীবনের শেষ দিকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। কয়েক মাস আগে তাঁর উপর হামলা চালানো হয়েছিল। ৪৯ দিন তাঁকে জেলে থাকতে হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।উল্লেখ্য, ত্রাণ চুরির অভিযোগে গত জুন মাসে উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। পাশাপাশি চোর চোর স্লোগানও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।সেই ঘটনার কথা মনে করিয়ে মমতা লেখেন, উজ্জ্বল বিশ্বাস যখন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন নিজের উপর হওয়া অত্যাচার, অপমান এবং ভয় দেখানোর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। রাজনৈতিক আদর্শ না বদলানোর কারণেই তাঁকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেন মমতা। সেই সময় তাঁর কষ্টের কথা শুনে যে যন্ত্রণা অনুভব করেছিলেন, তা কোনও দিন ভুলবেন না বলেও জানিয়েছেন তিনি।এই ঘটনার জন্য বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা, ভয় দেখানো এবং বিরোধীদের উপর চাপ তৈরির রাজনীতি চলছে। রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে হেনস্থা করা হলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।মমতার বক্তব্য, মিথ্যা মামলা দিয়ে কারও মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। কোনও রাজনৈতিক বিরোধিতাই এমন নিষ্ঠুর আচরণের কারণ হতে পারে না। সরকারও রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।শোকবার্তার শেষে মমতা লেখেন, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে একটি পরিবার তাদের প্রিয়জনকে হারাল। তৃণমূল কংগ্রেস হারাল দলের একনিষ্ঠ কর্মীকে। আর তিনি হারালেন দীর্ঘদিনের বিশ্বাস, স্নেহ ও ভালোবাসার সম্পর্ক থাকা এক মানুষকে। জীবনের নানা প্রতিকূলতা ও কষ্টের মধ্যেও নিজের আদর্শে অবিচল ছিলেন উজ্জ্বল বিশ্বাস। তাঁকে এভাবেই মনে রাখবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

নভেম্বর ১২, ২০২৬
কলকাতা

মমতা ভাইফোঁটা দেন না, রাখিও পরান না! সেই ভাইয়ের মুখেই শুভেন্দুর প্রশংসা, অভিষেককে তোপ

দুধের ডিপোয় কাজ করে দিনে ৪৫ টাকা রোজগার করতেন। সেই টাকা দিয়েই ছোট ভাইদের মানুষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর পর কী ভাবে সংসার চালিয়েছিলেন, তা একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুন বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল মাত্র আড়াই বছর। কিন্তু রাজনীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে ভাই-বোনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। মমতা এখন আর বাবুনকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। আর সেই বাবুনই এ বার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুধু তাই নয়, শুভেন্দুকে নিজের নেতা, দাদা এবং অভিভাবক বলেও উল্লেখ করলেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের ক্লাবের কালীপুজোয় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবুন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুজো করেন এবং আরতিতে অংশ নেন। শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন বাবুন।তিনি বলেন, গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না। এর আগেও বাবুনের আমন্ত্রণে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। এ বার তাঁর ক্লাবের কালীপুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। বাবুনের কথায়, এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।শুভেন্দুকে নিজের নেতা এবং অভিভাবক বলেও উল্লেখ করেছেন বাবুন। তাঁর কথায়, শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায় এবং সুব্রত বক্সী তাঁর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি। সেই তালিকায় শুভেন্দুর নামও রয়েছে বলে দাবি বাবুনের।মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে শুভেন্দুর জন্য অপেক্ষা করছিলেন বাবুন। নিজের ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য। শুভেন্দু সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বাবুন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। গোটা ঘটনায় মমতার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন ফের আলোচনায় উঠে এসেছে।তবে শুধু শুভেন্দুর প্রশংসা করেই থামেননি বাবুন। এ বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের নেতা-নেত্রীরা বিভিন্ন সময়ে শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে বাবুনের বক্তব্য, শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে বাবুনের দূরত্ব নতুন নয়। বছর দুয়েক আগে দলের প্রার্থী নির্বাচন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। দলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বার শুভেন্দুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এবং অভিষেককে আক্রমণ করার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতার ভাইয়ের ক্লাবে শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! তারপর কী বললেন তিনি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে কালীপুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান তিনি। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাবুন। গাড়ি থেকে নামতেই শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়।পুজোর মণ্ডপে গিয়ে কালীমাকে পদ্মফুলের মালা পরান মুখ্যমন্ত্রী। মায়ের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। পুজো শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। সেই সময় বাড়ির উঠোনে অন্ধকার ছিল। সেখান থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও কয়েকটি কালীপুজোর মণ্ডপে যান তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি যে খুশি, তা-ও জানান। বাবুন বলেন, দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভাল লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানান তিনি।এ দিন কালীঘাটের সেবক সংঘ এবং তরুণ যুবক সংঘের কালীপুজোয়ও যান শুভেন্দু। বিজেপির অভিযোগ, এই দুই ক্লাবের পুজো উদ্বোধনের জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি। এর মধ্যে শনিবার সেবক সংঘ এবং রবিবার তরুণ যুবক সংঘের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ।মঙ্গলবার সেই দুই পুজোর মণ্ডপে গিয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু। উল্লেখযোগ্য বিষয় হল, সেবক সংঘের পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উলটো দিকে। ফলে একই সন্ধ্যায় মমতার পাড়ায় শুভেন্দুর এই উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

এক বছরেই বদলে গেল ছবিটা! মমতার বাড়ির কালীপুজোয় এবার নেই সেই চেনা ভিড়, কারা এলেন?

এক বছর আগেও ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। তখন তিনি রাজ্যের প্রশাসনিক পদে। কালীপুজোর দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে উপচে পড়ত মানুষের ভিড়। রাজ্যের মন্ত্রী, আমলা থেকে শুরু করে টলিউডের পরিচিত মুখ, নেতা-কর্মী এবং সাধারণ মানুষসকলেরই আনাগোনা লেগে থাকত সেখানে। কিন্তু এক বছরের মধ্যে বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর পদ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গে বদলে গিয়েছে তাঁর বাড়ির কালীপুজোর চেনা ছবিও।এবার কালীপুজোর দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে চোখে পড়ল অন্য ছবি। রাস্তায় পুলিশের কয়েকটি গাড়ি থাকলেও আগের মতো মানুষের ভিড় নেই। নেই অনুগামীদের সেই চেনা জমায়েত। বাড়ির সামনে মূলত নিরাপত্তারক্ষীদেরই দেখা গেল। অথচ এত দিন এই পুজোকে ঘিরে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে আসা দলীয় কর্মী এবং সাধারণ মানুষের ভিড় লেগে থাকত।তবে সাধারণ মানুষের জন্য বাড়ির দরজা এবারও খোলা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচয় জানিয়ে ভিতরে প্রবেশ করতে দেখা যায় অনেককেই। নিজে আটপৌরে শাড়ি পরে অতিথিদের স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রতি বছর যে ভিআইপিদের ভিড় দেখা যেত, এবার তার অনেকটাই অনুপস্থিত। পরিচিত রাজনৈতিক মুখের পাশাপাশি টলিউডের তারকাদেরও তেমন দেখা যায়নি। পুজোর প্রতিমার আকার নিয়েও উপস্থিত কয়েকজনের মধ্যে আলোচনা শোনা গিয়েছে।হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে বাঁ দিকে একটি ছোট কালীপুজো। সেখান থেকে কিছুটা এগোলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়ির ভিতরের উঠোনে তখন চলছে পুজোর আয়োজন। নিরাপত্তার কড়াকড়িও চোখে পড়ার মতো বেশি ছিল না। সাধারণ পরিচয় জানিয়েই ভিতরে ঢোকার সুযোগ মিলেছে।সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বাড়িতে আসতে শুরু করেন তৃণমূলের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন সাংসদ সৌগত রায়, দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ-সহ দলের ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা। প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন প্রাক্তন বিধায়ক ও নেতাকেও দেখা যায়। রাতের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।পুজোর আয়োজনের মধ্যেই অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতাকে। বাড়িতে মৃদু সুরে বাজছিল গত দশ বছরে তাঁর লেখা ও সুর করা গানের অ্যালবামের গান। নিজেই সেই কথা জানান মমতা। তাঁর কথায়, শ্রীরাধা, ইন্দ্রনীল, তৃষা এবং রূপঙ্করের গাওয়া গানই বাজছে বাড়িতে।তবে এবারের পুজোয় সবচেয়ে বেশি আলোচনা পরিচিত কয়েকটি মুখের অনুপস্থিতি নিয়ে। একসময় এই বাড়ির কালীপুজোয় আইপিএস ও আইএএস আধিকারিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টলিউডের একাধিক তারকাও আসতেন। পুজোর আয়োজন সামলাতে সবসময় ব্যস্ত থাকতেন ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। প্রতি বছর ফিরহাদ হাকিম নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও নিয়ে আসতেন। কিন্তু এবার তাঁদের কাউকেই দেখা যায়নি। ফলে বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও পুজোয় আসতে দেখা যায়নি।এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো ছাড়াও এলাকায় আরও দুটি বড় কালীপুজোর আয়োজন হয়েছে। তার মধ্যে একটি পুজোর উদ্বোধন আগেই করেছেন মমতা। অন্য দিকে, তরুণ যুবক সঙ্ঘের পুজোও উদ্বোধন করেন তিনি। নিজের বাড়ির পুজোর আয়োজনের মাঝেই কিছুক্ষণের জন্য বেরিয়ে ওই মণ্ডপে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে, এক বছরের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় চোখে পড়ল স্পষ্ট পরিবর্তন। সাধারণ মানুষের জন্য দরজা খোলা থাকলেও আগের মতো ভিআইপি, আমলা ও তারকাদের ভিড় আর দেখা গেল না। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কালীঘাটের এই পরিচিত পুজোর ছবিও যে বদলেছে, তা এদিনের আয়োজনেই স্পষ্ট।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

আমার ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে! অভিষেকের বাড়ির সঙ্গে হুঙ্কার মমতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা ও হামলার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী জোটে থাকার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করা হচ্ছে। নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার রাত থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক কালীপুজোর প্রতিমা আনতে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। তাঁর ব্যানার ও কাটআউটও ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।এর পরেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁকে সামনে দেখে ফের স্লোগান দিতে শুরু করেন দুপক্ষের লোকজন। পাল্টা স্লোগানেও উত্তেজনা বাড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়।অভিষেকও কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির সামনে বসে পড়েন। নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাঁকে বাড়ির ভিতরে চলে যাওয়ার অনুরোধ করে। কিন্তু তাতে রাজি হননি তিনি। পুলিশের সঙ্গে তাঁর বচসাও হয়। অভিষেকের অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত শনিবার ভোর ৬টা নাগাদ তিনি বাড়ির ভিতরে যান।এই ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এলাকায় তখন প্রচুর পুলিশ মোতায়েন ছিল। সেখানে দাঁড়িয়েই কালীপুজোর আগে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।মমতার অভিযোগ, পুরনো ক্লাবগুলির পুজোর আয়োজন করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাতারাতি নতুন নতুন পুজোর আয়োজন করা হচ্ছে। এমনকি অভিষেকের বাড়িতে ঢোকার পথ আটকে নতুন করে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অভিষেকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তাঁকে অকারণে হেনস্থা করা হলে তা মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনা চলতে থাকলে প্রতিবাদে নামার হুঁশিয়ারিও দেন তিনি। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ভাবে কাউকে হেনস্থা করা উচিত নয়।অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মমতা ও অভিষেককে পাল্টা আক্রমণ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, বিরোধী জোট বলে বাস্তবে কিছু নেই। তাই সেই জোটে থাকার কারণে অভিষেকের বাড়িতে হামলা হয়েছে, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই মনে করেন তিনি।রাতের বেলা রাস্তায় কেন জন্মদিন পালন করা হচ্ছিল, সেই প্রশ্নও তুলেছেন বিজেপি বিধায়ক। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতর আরও বেড়েছে।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

‘কালীঘাট থানার পুলিশ বাধা দিলে...’, কালীপুজোর আগে বিস্ফোরক মমতা, পাল্টা তোপ বিজেপির

কালীপুজোর আগের দিন ফের উত্তপ্ত কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে তাঁর বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শনিবার সেই ঘটনার প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। এমনকি কালীঘাট থানার পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, মমতা ও অভিষেকের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি।শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে জমায়েত করেছিলেন অনুগামীরা। অভিযোগ, রাস্তা আটকে জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল। সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর থেকেই অভিষেকের বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির অভিযোগও ওঠে।শনিবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন মমতা। হাতে হ্যান্ড মাইক নিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে কথা বলেন তিনি। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাস্তা ফাঁকা রাখার জন্য সকলের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসছেন, তাঁদের স্বাগত। তবে কাউকে রাস্তা আটকে জমায়েত করা যাবে না। প্রতিমা নিয়ে যাতায়াতের জন্য রাস্তা খোলা রাখতে হবে।মমতা বলেন, সবাইকে অনুরোধ করব, রাস্তা ফাঁকা করে দিন। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে পরিকল্পিত ভাবে অশান্তি তৈরি করা হয়েছে। মহিলাদের শাঁখা ভাঙার অভিযোগও তোলেন তিনি।পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থানার পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি অভিষেকের বাড়ির সামনে লাগানো ব্যারিকেড সরানোর দাবিও জানান। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের পদত্যাগও দাবি করেন মমতা।মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক দিকে হামলা চালানো হচ্ছে, অন্য দিকে মামলা করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, এ ভাবে চলতে থাকলে এক দিন দলটি রাজনৈতিক ভাবে বড় সমস্যায় পড়বে। তাঁর দাবি, এ ভাবে অশান্তি তৈরি করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবেন বলেও জানান তিনি।অন্য দিকে, মমতার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের দাবি, রাজ্যে ক্ষমতায় থাকার সময় তৃণমূলই কালীপ্রতিমা নিয়ে বিতর্ক তৈরি করেছিল। এখন ক্ষমতা হারানোর আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অশান্তির পরিবেশ তৈরি করছেন বলে অভিযোগ তাঁর।দেবজিৎ আরও দাবি করেন, অভিষেকের জন্মদিনে কেক কাটা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। কে কেক কাটবেন, তা নিয়েই দুপক্ষের মধ্যে গোলমাল শুরু হয় বলে তাঁর অভিযোগ। তাঁর মতে, এই ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দায়ী।বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষও মমতা ও অভিষেককে আক্রমণ করেছেন। তাঁর দাবি, বিরোধী জোটে যোগ দেওয়ার কারণে অভিষেকের বাড়িতে হামলা হয়েছে, এমন অভিযোগ ঠিক নয়। কারণ, তাঁর মতে, বিরোধী জোটের বাস্তবে কোনও অস্তিত্বই নেই। রাতে কেন রাস্তার উপর জন্মদিন পালন করা হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি।এ দিকে, শুক্রবার রাতের ঘটনার পর থেকেই অভিষেকের বাড়ির সামনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেডও।কালীঘাটে এই উত্তেজনার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় দোকানদারদের ক্ষতি হচ্ছে। কালীপ্রতিমা বিক্রেতারাও ক্রেতাদের কাছে প্রতিমা পৌঁছে দিতে পারছেন না। ফলে কালীপুজোর মুখে কালীঘাটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

মমতার বাড়ির কালীপুজো ঘিরেও অশান্তি! কালীঘাটে রাস্তা আটকে পুজো, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর বড় হুঁশিয়ারি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অশান্তির রেশ কাটতে না কাটতেই এবার বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো ঘিরে। কালীঘাটে নিজের বাড়ির প্রবেশপথ আটকে নতুন নতুন কালীপুজোর আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুরনো ক্লাবগুলির পুজোর আয়োজনে বাধা দেওয়া হলেও রাতারাতি নতুন পুজো শুরু হচ্ছে। শনিবার দুপুরে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাটে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।ঘটনার সূত্রপাত শুক্রবার মাঝরাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালীঘাটে তাঁর বাড়ির সামনে জমায়েত করেছিলেন অনুগামীরা। সেই সময় কয়েক জন বিজেপি কর্মী-সমর্থক কালীমূর্তি নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, তাঁদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন দুপক্ষের লোকজন।এর মধ্যেই অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় তাঁর ব্যানার ও কাটআউট। তা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দুপক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়।তবে অভিষেকের অনুগামীদের অভিযোগ, পুলিশের সামনেই তাঁদের হেনস্থা করা হয়েছে। সেই সময় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ উঠেছে।এই ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সেই সময়ও কালীঘাটে উত্তেজনা তৈরি হয়। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কালীপুজোর আগে পরিকল্পিত ভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।মমতার দাবি, দীর্ঘদিন ধরে যে ক্লাবগুলি কালীপুজোর আয়োজন করে আসছে, তাদের পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাতারাতি নতুন নতুন পুজোর আয়োজন করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁর বাড়িতে ঢোকার রাস্তাও কার্যত আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এ ভাবে অশান্তি চলতে থাকলে তিনি চুপ করে থাকবেন না। প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। মমতার কথায়, আমি দরকার হলে আবারও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ব।অভিষেকের বাড়ির সামনে জন্মদিন পালন ঘিরে রাতভর উত্তেজনা এবং তার পর মমতার বাড়ির কালীপুজো নিয়ে নতুন বিতর্কপরপর এই দুই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাটে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

অভিষেকের বাড়িতে হামলার অভিযোগে ক্ষুব্ধ মমতা! কালীঘাটে দাঁড়িয়ে কাকে দিলেন কড়া হুঁশিয়ারি?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাতভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদকে পরিকল্পিত ভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ইন্ডি জোটের সঙ্গে থাকার কারণেই প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলে দাবি করেছেন মমতা। পুলিশের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূলনেত্রী।৭ নভেম্বর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন কর্মী-সমর্থকেরা। অভিযোগ, সেই সময় বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক কালীপুজোর প্রতিমা নিয়ে যাওয়ার পথে সেখানে হাজির হন। তাঁদের ঘিরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিষেকের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেওয়া হয়। ভেঙে ফেলা হয় তাঁর ছবি, ব্যানার ও কাটআউট।তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।এর পরেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁকে দেখতে পেয়ে ফের স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকেরাও। ক্রমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার জন্য এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়।অভিষেকও কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নীচে বসে পড়েন। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ তাঁকে বাড়ির ভিতরে চলে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু সেই অনুরোধে রাজি হননি সাংসদ। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। অভিষেকের অভিযোগ, পুলিশের সামনেই তাঁর কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। রাতভর বাড়ির বাইরে থাকার পর শেষ পর্যন্ত শনিবার সকাল ৬টা নাগাদ বাড়ির ভিতরে যান তিনি।এই ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসাকে কেন্দ্র করে কালীঘাটের ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়। সেখানেই দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন, কালীপুজোর আগে ইচ্ছাকৃত ভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে।তৃণমূলনেত্রীর দাবি, পুরনো ক্লাবগুলির কালীপুজো আয়োজনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাতারাতি নতুন নতুন পুজোর আয়োজন করা হচ্ছে। এমনকি অভিষেকের বাড়িতে ঢোকার রাস্তাও কার্যত আটকে দিয়ে নতুন করে পুজোর আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।মমতা বলেন, প্রয়োজন হলে আইন মেনে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তাঁকে এ ভাবে হেনস্তা করা হলে তা মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনা চলতে থাকলে প্রতিবাদ আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।অন্য দিকে, এই ঘটনা নিয়ে মমতা ও অভিষেককে পাল্টা আক্রমণ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, ইন্ডি জোট বলে বাস্তবে কিছুই নেই। তাই সেই জোটে থাকার কারণে অভিষেকের বাড়িতে হামলা হয়েছে, এমন অভিযোগ ঠিক নয়। রাতে রাস্তায় দাঁড়িয়ে কেন জন্মদিন পালন করা হচ্ছিল, সেই প্রশ্নও তুলেছেন তিনি।অভিষেকের বাড়ির সামনে রাতভর উত্তেজনার পর শনিবার মমতার সরব হওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ ও বিজেপির পাল্টা বক্তব্যে কালীঘাটের ঘটনাকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

নভেম্বর ০৭, ২০২৬
রাজ্য

‘এখানের জমি পুরো শেষ’, মমতার দিল্লি সফর নিয়ে বড় কটাক্ষ দিলীপ ঘোষের! কী বললেন বিজেপি নেতা?

মঙ্গলবার সকালে খড়্গপুরে চায়ের আড্ডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, আমিও গত বার পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলাম। এ বার দল পুরো হেরে গিয়েছে। এখানকার জমি পুরো শেষ। তাই জমি ফিরে পেতেই দিল্লি গিয়েছেন।দিলীপের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর দাবি, রাজ্যে রাজনৈতিক জমি হারিয়েই দিল্লি সফরে গিয়েছেন মমতা। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দুর্গাপুজোর ফুটবল খেলা এবং আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী এবং মেয়ে আভেরী সেনকে তলব করেছে কলকাতা পুলিশের লালবাজার। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে নেতাদের ছেলেমেয়েরা বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। তদন্ত শুরু হয়েছে। আগামী দিনে আরও অনেক তথ্য সামনে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে তদন্তের মাধ্যমেই অভিযোগের সত্যতা জানা যাবে বলে জানিয়েছেন বিজেপি নেতা।মেটিয়াবুরুজের গণধর্ষণের অভিযোগ নিয়েও সরব হয়েছেন দিলীপ। এই ঘটনায় সাত জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বেতাজ বাদশা গ্রেফতার হবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, তদন্ত এগোলেই সব বিষয় সামনে আসবে। যাঁরা দোষী, পুলিশ তাঁদের ছাড়বে না। তাঁর কথায়, বাংলায় কোনও অপরাধীই প্রভাব খাটিয়ে পার পাবে না।এ দিন এসআইআর নিয়েও বিরোধীদের আক্রমণ করেন দিলীপ। এসআইআর নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গেই বিরোধীদের নিশানা করেন বিজেপি নেতা।দিলীপের অভিযোগ, মানুষের সমর্থন না পেয়েও বিরোধী নেতারা রাস্তায় নেমে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। দীপাবলির বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট করাই তাঁদের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিরোধীরা এই ধরনের কর্মসূচি করছেন বলেও কটাক্ষ করেন দিলীপ।একই দিনে মমতার দিল্লি সফর, ইন্দ্রনীল সেনকে তলব, মেটিয়াবুরুজের গণধর্ষণের অভিযোগ এবং এসআইআর নিয়ে একের পর এক মন্তব্য করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুললেন বিজেপি নেতা।

নভেম্বর ০৩, ২০২৬
বিনোদুনিয়া

বদলের বাংলায় নন্দনেও বড় পরিবর্তন! মুছে গেল মমতার নাম, অক্ষত জ্যোতি বসুর ফলক

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এ বার কলকাতার নন্দনেও বড় পরিবর্তন। চলচ্চিত্র উৎসবের আগে নন্দন চত্বর থেকে সরাসরি সরানো হয়নি, তবে রং করে ঢেকে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা একটি ফলক। অন্য দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত ফলকটি এখনও অক্ষত রয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এর পাঁচ বছর পরে, ১৯৮৫ সালে নন্দনের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। দীর্ঘ দিন ধরেই নন্দন বাংলার চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।এর পর রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে নন্দন-সহ বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফলক বসানো হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই রাজনৈতিক পরিবর্তনের আবহেই এ বার নন্দনে মমতার নাম লেখা ফলকে রং করে দেওয়ার ঘটনা সামনে এল। তবে জ্যোতি বসুর নাম লেখা ফলকটি সরানো হয়নি।ঘটনাটির রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে চলচ্চিত্র উৎসবের প্রস্তুতির মধ্যে। এ দিনই নবান্নে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশ করা হয়। এ বারের লোগোয় আগের নীল, সাদা ও কালোর পাশাপাশি গেরুয়া রংও দেখা গিয়েছে। একই দিনে নন্দনে মমতার নাম লেখা ফলকে রং দেওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।এই বিষয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, এখন আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখতে চান? অন্য দিকে, তৃণমূলের মুখপাত্র উপসনা চৌধুরী এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁর দাবি, এখন স্বৈরাচারী সরকার চলছে। মুখ্যমন্ত্রী আসলে ব্যস্ত হয়ে পড়েছেন গত ১৫ বছরের রাজ্যে কী কী হয়েছে।নন্দনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফলকে রং দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। কেন ওই ফলকে রং করা হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

নভেম্বর ০২, ২০২৬
কলকাতা

কালীঘাটে মমতার বাড়ির সামনে নিরাপত্তা আরও আঁটসাঁট, কী বদল করা হল?

কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হল। বাড়ির সামনে আগে থেকেই লোহার ব্যারিকেড ছিল। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। নতুন করে লোহার কাঠামো বসানো হয়েছে দৃশ্যরোধক দেওয়ালের সামনের অংশেও। এই পদক্ষেপ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের বিক্ষোভ এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে দলকে। বিভিন্ন জায়গায় চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। কোথাও আবার ডিম ছোড়ার ঘটনাও সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও আগে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল।এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে গত জুন মাসে কালীঘাটে মমতার বাড়ির সামনে অস্থায়ী দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার সেই দৃশ্যরোধক দেওয়ালের সামনের দিকে লোহার কাঠামো আরও উঁচু করা হয়েছে।আগে ব্যারিকেডের নীচের অংশে লোহার কাঠামো থাকলেও উপরের অংশ খোলা ছিল। এবার সেই ফাঁকা অংশেও নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে। ফলে বাড়ির সামনে নিরাপত্তার ঘেরাটোপ আরও উঁচু হয়েছে।উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোনোর সময় ডিম হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছোড়ে। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কুণাল।তাহলে কি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই বাড়ানো হল ব্যারিকেডের উচ্চতা? কে বা কারা এই নতুন লোহার কাঠামো বসানোর সিদ্ধান্ত নিয়েছে? এখনও পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়ায় এই প্রশ্নগুলিই এখন সামনে আসছে।

নভেম্বর ০১, ২০২৬
দেশ

হুডখোলা গাড়িতে রাহুল সামনে, মমতা পিছনের সারিতে! বাংলার ভোটে হারের পর বদলে গেল সমীকরণ?

হুডখোলা গাড়ির সামনের সারিতে রাহুল গান্ধী। তাঁর পিছনের সারিতে ফারুক আবদুল্লা ও ডি রাজা। তৃতীয় সারিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পাশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে এই ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর বিরোধী জোটে মমতার অবস্থান বদলেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।একসময় বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে দেখা যেত মমতাকে। বিরোধী রাজনীতিতেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের বড় ধাক্কার পর রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। রামলীলা ময়দানে যাওয়ার পথে হুডখোলা গাড়িতে রাহুল গান্ধীকে সামনের সারিতে এবং মমতাকে পিছনের দিকে দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ছবি বিরোধী জোটে নেতাদের অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।ওই গাড়িতে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ সুপ্রিয়া সুলে এবং তেজস্বী যাদবও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়। তবে তিনি ছিলেন পিছনের সারিতে।বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাম ও কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও বাংলায় সেই প্রস্তাবে তেমন সাড়া মেলেনি। এর পর দিল্লিতে গিয়ে একাধিক বার রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন মমতা। এই পরিস্থিতিতে বিরোধী জোটে কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ভোটে কারচুপির অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সমাবেশকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রামলীলা ময়দান এলাকায় পুলিশ ও আধাসেনা মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে অন্তত ২০০টি কৃত্রিম বুদ্ধিমত্তা-যুক্ত ক্যামেরা।হুডখোলা গাড়িতে কোন নেতা কোথায় ছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। তবে শুধু আসন বিন্যাসের ভিত্তিতে বিরোধী জোটে কোনও নেতার গুরুত্ব কমেছে বা বেড়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। সমাবেশে নেতাদের বক্তব্য এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকেই এখন নজর।

নভেম্বর ০১, ২০২৬
কলকাতা

দিল্লির পর কলকাতায় ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিল! পথে নামতে পারেন মমতা, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

দিল্লির আন্দোলনের আঁচ এ বার কলকাতাতেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। তাতে মমতা নিজেও যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে তিনি মিছিলে হাঁটবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর সময়ে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবারের মিছিলের প্রচারপত্র প্রকাশ করেছে তৃণমূলের মমতাপন্থী শিবির। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা এবং তরুণ প্রজন্মের উপর অত্যাচারের অভিযোগও প্রচারপত্রে তুলে ধরা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলায় জেলায়ও কর্মসূচির বার্তা পাঠানো হয়েছে বলে খবর।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। ভোটে কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিরোধী নেতাদের একাংশ। এই ইস্যুতে দিল্লিতে একাধিক প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে খবর।এই আবহেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের মমতাপন্থী শিবির। দুপুর দুটো নাগাদ মিছিল শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিলে অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা হয়নি।সোমবার রাতে কলকাতায় একটি দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে এই কর্মসূচি নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না দুর্গাপুজোর সময়ে।মিছিল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। মঙ্গলবার সকাল থেকেই পার্ক সার্কাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজাবাজার থেকে মিছিল কোন পথে এগোবে এবং শেষ পর্যন্ত তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি না, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

অক্টোবর ১৩, ২০২৬
দেশ

সুপ্রিম কোর্ট অভিযানে রাহুল-মমতা, পাল্টা বিজেপির তোপ, দিল্লিতে মোতায়েন ২০ হাজার আধাসেনা!

ভোট চুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের পথে বিরোধী জোট। সোমবার রাহুল গান্ধীর নেতৃত্বে এই অভিযানে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের শীর্ষ নেতারা, বাম নেতারা এবং সমাজবাদী পার্টির কর্মীরা। অন্য দিকে, একই সময়ে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। তাদের অভিযোগ, বিরোধীরা বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে দিল্লিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজধানীতে ২০ হাজার আধাসেনা মোতায়েন রয়েছেন। আরও এক মাস তাঁদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে বলে জানা গিয়েছে।রবিবারই সুপ্রিম কোর্ট অভিযানের কথা ঘোষণা করেছিল বিরোধী জোট। পরিকল্পনা ছিল, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-সহ বিরোধী নেতারা প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেবেন। কিন্তু রবিবার রাতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, তাঁদের সঙ্গে দেখা করার সময় দেওয়া সম্ভব নয়। তাঁর বক্তব্য, বিরোধীরা যে বিষয়গুলি তুলতে চাইছেন, সেগুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেগুলি নিয়ে শুনানিও চলছে। আদালতকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা যায় না বলেও বার্তা দেন তিনি।তবে প্রধান বিচারপতির সাক্ষাৎ না মেলায় অভিযান বাতিল করেনি বিরোধী জোট। সোমবার রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা হন। প্রথমে বাসে যাত্রা শুরু হলেও পরে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পায়ে হেঁটে এগোতে দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন বাম যুবনেত্রী নেহা বোরাকও।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্যই তাঁরা বিচার চাইছেন। জানা গিয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে দেখা না হলেও সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধীদের। সিপিআই নেতা ডি রাজার বক্তব্য, বিরোধী নেতারা আদালত চত্বর পর্যন্ত যাবেন। পরে রাহুল গান্ধীর নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল পিটিশন জমা দেবে।অন্য দিকে, বিরোধীদের এই কর্মসূচির পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপি। দলের নেতা শিবরাজ সিং চৌহান অভিযোগ করেন, বিরোধীরা দেশের সংবিধানকে অসম্মান করছেন। তাঁর দাবি, ইন্ডিয়া জোট বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে উঠেছে। রাহুল গান্ধী অতীতে বিজেপির পাশাপাশি রাষ্ট্রশক্তির বিরুদ্ধেও লড়াইয়ের কথা বলেছেন বলে উল্লেখ করে শিবরাজের কটাক্ষ, এই ধরনের কাজের জন্যই এক দিন কংগ্রেস মুছে যাবে।এ দিকে, সমাজমাধ্যমে রাহুল গান্ধীও পাল্টা বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, শিবের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, এই মিছিল শিবের মিছিল, এখানে যে কেউ যোগ দিতে পারেন। কাউকে আটকানো হবে না বলেও জানিয়েছেন তিনি।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে ভোট চুরির অভিযোগ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানসব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে দিল্লিতে। এক দিকে আদালতে পিটিশন জমার প্রস্তুতি, অন্য দিকে বিজেপির পাল্টা আক্রমণ। এই পরিস্থিতিতে রাজধানীতে নিরাপত্তার কড়াকড়ি আরও এক মাস বজায় রাখার সিদ্ধান্ত ঘিরেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

অক্টোবর ১২, ২০২৬
দেশ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আটক মমতা, এ বার কি সুপ্রিম কোর্টের পথে বিরোধীরা?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে আটক করা হয় তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন-সহ দলের আরও কয়েক জন নেতাকে। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে থানায় বসে অবস্থান করেন মমতা। প্রিজন ভ্যানে ওঠার সময় তাঁকে দোলা সেন-সহ অন্যদের সঙ্গে উই শ্যাল ওভারকাম গান গাইতেও শোনা যায়। প্রাথমিক খবর অনুযায়ী, শনিবার রাতেই কলকাতায় ফেরার কথা ছিল মমতার। রাত নটার বিমানের টিকিট থাকলেও তিনি সেই বিমান বাতিল করেছেন বলে সূত্রের দাবি। দিল্লিতে থেকে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে সোমবারের কর্মসূচি রয়েছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা। সোমবার বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সুপ্রিম কোর্ট অভিযানের পরিকল্পনা এবং প্রধান বিচারপতির হাতে স্মারকলিপি তুলে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও স্পষ্ট নয়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে ওই কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন বিরোধী নেতারা। তাঁদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীওয়াল, পিনারাই বিজয়ন-সহ একাধিক নেতা। দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের আটক করে। পুলিশের দাবি, কর্মসূচির অনুমতি ও নিরাপত্তা নিয়ে সমস্যা ছিল। অন্য দিকে, বিরোধীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দিতে গিয়েও তাঁদের আটক করা হয়েছে। মমতাকে আটকের ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন। সাধারণ মানুষের মতো রাস্তায় ঘুরিয়ে নেত্রীকে কেন নিয়ে যাওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধী জোটের তরফে এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বার সোমবারের কর্মসূচিতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। মমতা দিল্লিতে থেকে গেলে এবং বিরোধী নেতাদের সঙ্গে পরবর্তী কর্মসূচিতে যোগ দিলে জ্ঞানেশ কুমারকে ঘিরে আন্দোলন আরও কোন দিকে গড়ায়, তা স্পষ্ট হবে আগামী দিনে।

অক্টোবর ১০, ২০২৬
রাজনীতি

দিল্লিতে আন্দোলনে গিয়ে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়েছিলেন ককরোচ জনতা পার্টির সমর্থনে

দিল্লিতে আন্দোলন করতে গিয়ে আটক হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সামিরুল ইসলাম, দোলা সেন। সাউথ এভিনিউ থেকে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। তাঁদের রাফ ড্রাইভিং করে দিল্লির রাস্তায় ঘোরানো হয় বলে মমতা তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এখানে এসেছি, কারণ সিজেপির ছাত্রছাত্রী ও যুবক-যুবতীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই অনেক নেতাকে আটক করা হয়েছে। কাউকেই যন্তর মন্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদেরও নয়। তাই আমরা মনে করেছি, এখানে থেকেই ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, ইন্ডিয়া জোট, অন্যান্য সংগঠন এবং দেশের যে সমস্ত মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোই ভালো।আমরা ঠিক করেছি, তাঁদের পাশে থাকার বার্তা দিতে বিকেল ৫টা পর্যন্ত এখানেই ধর্নায় বসব। কারণ, আমরা যদি ওখানে যাওয়ার চেষ্টা করি, তা হলে আমাদের ঢুকতে দেওয়া হবে না। উল্টে আমাদেরও গাড়িতে করে দিল্লির এদিক-ওদিক ঘোরানো হতে পারে। বিজয়ন জ্বীর সঙ্গেও ঠিক এমনটাই করা হচ্ছে। আমরা খবর পেয়েছি, তাঁকে প্রায় দুঘণ্টা ধরে রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। তাই রাস্তায় বসেই আমাদের প্রতিবাদ জানানো ভালো। তবে পরবর্তীতে মমতা তৃণমূল দাবি করেছে তাঁদেরও রাস্তায় অযথা ঘোরানো হয়েছে।ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আগামী ২ তারিখ আমাদের বৈঠক রয়েছে। সেই দায়িত্ব অভিষেকের হাতে ছেড়ে দেওয়া হবে বলে মমতা জানিয়েছেন। কারণ, বাংলায় পুজোর উৎসবও রয়েছে। আজ মহালয়া, কাল থেকে অন্যান্য উৎসব শুরু হচ্ছে। আমাদের কাছে এটা খুব বড় উৎসব। তাই আমাকে সেখানে থাকতে হবে। বলছেন মমতা তৃণমূলের প্রধান। যদিও এবার কোনও পুজো মণ্ডপে যাব না বলে ঠিক করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অক্টোবর ১০, ২০২৬
কলকাতা

মমতার পায়ের রিপোর্ট প্রকাশ্যে! হাসপাতাল ও স্বাস্থ্য ভবনকে আইনি নোটিস, এবার কী হবে?

২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে সেই সময়ের একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করেন, রিপোর্টে পায়ে হাড় ভাঙা বা স্থানচ্যুতির প্রমাণ মেলেনি। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট কর্তাদের আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।আইনি নোটিসে মূল প্রশ্ন তোলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য কীভাবে প্রকাশ্যে এল। তাঁর আইনজীবীর বক্তব্য, কোনও সরকারি সংস্থা বা তদন্তকারী কর্তৃপক্ষ আইন মেনে কোনও মেডিক্যাল নথি সংগ্রহ করলেও, সেই নথি সাধারণ মানুষের সামনে প্রকাশ করার অধিকার স্বয়ংক্রিয় ভাবে তৈরি হয় না। চিকিৎসা সংক্রান্ত তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং সংবেদনশীল বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।নোটিসে সংবিধানের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখা চিকিৎসকদের পেশাগত দায়িত্বের অংশ বলেও আইনজীবীর তরফে যুক্তি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তাঁর ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তার অধিকার রয়েছেএই বিষয়টিকেও বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে।এই বিতর্কের সূত্রপাত নন্দীগ্রামের পুরনো ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য থেকে। সাংবাদিক বৈঠকে তিনি ২০২১ সালের এগারো মার্চের বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের রেডিয়ো ডায়াগনসিস বিভাগের একটি রিপোর্ট দেখান। তাঁর দাবি, সেই রিপোর্টে পায়ে হাড় ভাঙা বা স্থানচ্যুতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেই নথি দেখিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন পায়ের চোট নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি তদন্তের কথা জানান।শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, বর্তমানে বিষয়টি সিআইডির নজরে রয়েছে। নির্বাচনী বিধি উঠে যাওয়ার পর এই ঘটনা নিয়ে আরও তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন। তবে মেডিক্যাল রিপোর্টে হাড় ভাঙার প্রমাণ না থাকার অর্থ এই নয় যে ওই সময় কোনও ধরনের চোটই ছিল না। সমসাময়িক চিকিৎসা সংক্রান্ত নথিতে পা ও শরীরের অন্য অংশে আঘাতের কথা উল্লেখ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে রিপোর্টের ব্যাখ্যা নিয়েই নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখন মূল প্রশ্ন তোলা হয়েছে রিপোর্ট প্রকাশের বৈধতা নিয়ে। তাঁর আইনজীবীর বক্তব্য, কোনও ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত নথি সরকারি দফতরের হাতে থাকলেই তা প্রকাশ্যে আনার অধিকার তৈরি হয় না। সেই কারণেই হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে।অন্য দিকে, তৃণমূলের তরফেও রিপোর্ট প্রকাশ নিয়ে আপত্তি জানানো হয়েছে। পাল্টা রাজনৈতিক বক্তব্যে শাসক দলের নেতারা প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত নথি কীভাবে প্রকাশ্যে এল। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ২০২১ সালের পায়ের চোট নিয়ে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই তদন্তের প্রয়োজন।ফলে নন্দীগ্রামের পাঁচ বছর আগের সেই পায়ের চোটের ঘটনা ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। এক দিকে মেডিক্যাল রিপোর্টে হাড় ভাঙার প্রমাণ না থাকার দাবি, অন্য দিকে সেই রিপোর্ট প্রকাশের বৈধতা নিয়ে মমতার আইনি পদক্ষেপদুই দিকের প্রশ্নেই এখন নজর। তদন্ত এগোলে পুরনো ঘটনার আরও কী তথ্য সামনে আসে, সেটাই দেখার।

অক্টোবর ০৫, ২০২৬
কলকাতা

‘পা ভাঙেনি’ শুভেন্দুর দাবির পরেই নতুন বিস্ফোরণ, মমতার পুরনো ছবি দেখিয়ে কী প্রশ্ন শান্তনুর?

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ঠিক কী হয়েছিল, পাঁচ বছর পর সেই পুরনো ঘটনা ঘিরে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও হাড় ভাঙার প্রমাণ ছিল না। একটি চিকিৎসা-সংক্রান্ত নথি দেখিয়ে তিনি এই দাবি করেন এবং বিষয়টি নিয়ে তদন্তের কথাও জানান।শুভেন্দুর ওই দাবির পরেই এ বার সরব হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার সময়ের চারটি ছবি প্রকাশ করে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। একটি ছবিতে গোড়ালির কাছে কালশিটের দাগ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। অন্য একটি ছবিতে গোড়ালির কাছে রক্তপাতের মতো দাগ রয়েছে। বাকি ছবিগুলিতে পায়ে প্লাস্টার দেখা যাচ্ছে।এই ছবিগুলি প্রকাশ করে শান্তনু সেন দাবি করেছেন, ১০ মার্চ চোট পাওয়ার পর এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের যে ছবি দেখা গিয়েছিল, সেখানে গোড়ালির উপরে কালশিটে ছিল, কিন্তু রক্তপাতের চিহ্ন ছিল না। তাঁর প্রশ্ন, পরে প্রকাশিত ছবিতে রক্তের দাগ দেখা গেল কী ভাবে?শান্তনুর আরও প্রশ্ন, যদি চোট পাওয়ার সময় রক্তপাত না হয়ে থাকে, তা হলে পরবর্তী সময়ে ছবিতে রক্তের মতো দাগ কেন দেখা গেল? একই সঙ্গে পায়ে দীর্ঘদিন প্লাস্টার থাকার বিষয়টিও প্রশ্নের মুখে তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, চিকিৎসক হিসেবে তিনি অভিযোগ করছেন না, কিছু বিষয় নিয়ে পর্যবেক্ষণ জানাচ্ছেন।শান্তনু সেনের দাবি, কোনও আঘাতের কারণে রক্তপাত হলে সাধারণত সেই সময়েই তার প্রকাশ ঘটে। পরে সেই রক্তপাতের ছবি সামনে এলে সেটিকে পুরনো আঘাতের সঙ্গে যুক্ত করা কঠিন। পায়ে প্লাস্টার করার প্রয়োজন হলে সাধারণত নির্দিষ্ট সময়ের পর তা খুলে ফেলার কথাও বলেন তিনি। তবে এই মন্তব্য তাঁর চিকিৎসক হিসেবে ব্যক্তিগত পর্যবেক্ষণ, ২০২১ সালের চিকিৎসা-ঘটনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নয়।এত দিন কেন তিনি এই প্রশ্ন তোলেননি, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন শান্তনু। তাঁর বক্তব্য, এত দিন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল না বলেই তিনি কিছু বলেননি। এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলেই তিনি নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন।একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসকদের নিয়ে পুরনো অভিযোগের প্রসঙ্গও টেনে এনেছেন শান্তনু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক এসপি দাসকে ঘিরেও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, আগে তিনি স্বাস্থ্য ব্যবস্থায় কথিত ভয় দেখানোর সংস্কৃতি নিয়ে অভিযোগ করেছিলেন এবং তার জেরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।তবে শান্তনুর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূলে থাকাকালীন শান্তনু সেন দলের কাছ থেকে একাধিক রাজনৈতিক সুযোগ পেয়েছেন। এত বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো চোট নিয়ে প্রশ্ন তোলারও সমালোচনা করেন তিনি।এর মধ্যেই ২০২১ সালের নন্দীগ্রাম-চোটের ঘটনা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী যে চিকিৎসা-নথি প্রকাশ্যে এনেছেন, তাতে ১১ মার্চের পরীক্ষার রিপোর্টে পায়ে হাড় ভাঙার প্রমাণ না থাকার কথা বলা হয়েছে বলে তাঁর দাবি। অন্য দিকে, সেই সময়ের চিকিৎসা-পর্বে মমতার পায়ে গুরুতর আঘাতের কথা হাসপাতালের চিকিৎসা-সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছিল। ফলে পুরনো নথি, নতুন দাবি এবং পাল্টা প্রশ্ন ঘিরে বিতর্ক আরও জটিল হয়েছে।এই আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষও পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে মমতার চোট নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে নন্দীগ্রামে ২০২১ সালের সেই ঘটনাকে কেন্দ্র করে পাঁচ বছর পর আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আসলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কী ধরনের চোট হয়েছিল, প্রকাশ্যে আসা চিকিৎসা-নথি ও ছবির মধ্যে কী সম্পর্ক রয়েছে, সেই প্রশ্নের উত্তর নিয়েই এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

অক্টোবর ০৪, ২০২৬
রাজ্য

‘১০ মার্চ পালন হোক পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস!’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের তোপ শুভেন্দুর

২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন। প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। পাঁচ বছর পর ফের সেই পুরনো ঘটনা ঘিরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। নন্দীগ্রাম উপনির্বাচনের শেষ প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করলেন, মমতার পা ভাঙার যে কথা বলা হয়েছিল, তার পক্ষে চিকিৎসা-নথিতে কোনও প্রমাণ নেই। তাঁর হাতে থাকা বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের একটি রিপোর্টও এ দিন সামনে আনা হয়েছে।শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, ২০২১ সালে নন্দীগ্রামে মমতার পা ভাঙার যে প্রচার হয়েছিল, তা নিয়ে নতুন করে তদন্ত করা হবে। ভোটপর্ব শেষ হওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। সেই প্রসঙ্গ টেনেই রবিবার নন্দীগ্রামে শেষ প্রচারে গিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, ১০ মার্চকে পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস হিসাবে পালন করা যায় কি না। তাঁর এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা। ঘটনার পর তাঁকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়। পরে পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচারে ফিরেছিলেন তিনি। সেই সময় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগও উঠেছিল। ভাঙা পায়ে খেলা হবে স্লোগানকে ঘিরে তুমুল রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছিল রাজ্যে।এ বার সেই ঘটনাকেই সামনে রেখে শুভেন্দুর দাবি, তৎকালীন চিকিৎসা-নথিতে পা ভাঙা বা হাড় সরে যাওয়ার প্রমাণ নেই। তবে এই দাবি নিয়ে পাল্টা প্রশ্নও উঠেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর বক্তব্য খারিজ করে জানিয়েছেন, হাড় না ভাঙলেও গুরুতর চোট হতে পারে এবং চিকিৎসকের পরামর্শে ব্যান্ডেজ বা অন্য চিকিৎসা দেওয়া হতে পারে। ফলে চিকিৎসা-নথির ব্যাখ্যা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।এ দিকে রবিবার নন্দীগ্রামে উপনির্বাচনের শেষ প্রচারে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে মিছিল করেন শুভেন্দু। টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত এই মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন বলে বিজেপির দাবি। মিছিল থেকে ফের ২০২১ সালের নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করেন তিনি।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। ৯ অক্টোবর হবে ভোটগণনা। নন্দীগ্রাম আসনটি শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার পরই সেখানে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এই আসনে হাসিরানি রথকে প্রার্থী করেছে। শেষ প্রচারে শুভেন্দু দাবি করেন, ভোট যত বেশি পড়বে, তাঁদের জয়ের ব্যবধানও তত বাড়বে। সংখ্যালঘু ভোটারদের একাংশও বিজেপিকে সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।ফলে ভোটের ঠিক আগে নন্দীগ্রামে ফের সামনে চলে এসেছে ২০২১ সালের সেই পায়ের চোটের ঘটনা। শুভেন্দুর দাবি, চিকিৎসা-নথি ঘিরে প্রশ্ন রয়েছে এবং ভোট মিটলেই বিষয়টি নিয়ে তদন্ত ও পরবর্তী পদক্ষেপ করা হবে। অন্য দিকে তৃণমূল সেই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে নন্দীগ্রামের ভোটের আবহে পুরনো বিতর্ক নতুন করে কতটা রাজনৈতিক উত্তাপ ছড়ায়, এখন সেটাই দেখার।

অক্টোবর ০৪, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 28
  • 29
  • ›

ট্রেন্ডিং

বিনোদুনিয়া

বিগ বসের ঘরে বড় ষড়যন্ত্র! রাজবীরকে সরাতে গোপন ছক কষলেন দুর্নিবার-সৌরভ, ফাঁস হল জীতুর নামও!

বিগ বসের ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কে কার বন্ধু, আর কে আড়ালে কার বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ। এই শনিবার তনুশ্রী, সোনামণি এবং রাজবীরের মধ্যে কে ঘর ছাড়বেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে তার আগেই ঘরের ভিতরে শুরু হয়েছে নতুন খেলা। জীতু, সৌরভ এবং দুর্নিবারের কথাবার্তায় উঠে এসেছে রাজবীরকে সরানোর পরিকল্পনা।এক সময় রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু এখন তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সোনামণি এবং রণিতার সঙ্গে রাজবীর কী পরিকল্পনা করছেন, তা বুঝতে পারছেন না জীতু নিজেও। তাঁর মতে, রাজবীর এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্য দিকে, দুর্নিবারের দাবি, রাজবীরের কথাবার্তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্নিবারের মতে, নন্দিনী যত দিন ঘরে ছিলেন, তত দিন রাজবীরের পাশে একজন ভরসার মানুষ ছিলেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর রাজবীর যেন দিশাহারা হয়ে পড়েছেন। জীতুরও ধারণা, রণিতা এবং রাজবীর দুজনেই এখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই খেলছেন।কিন্তু আসল আলোচনা শুরু হয় জীতু সেখান থেকে উঠে যাওয়ার পর। জীতু চলে যেতেই সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করেন দুর্নিবার। তাঁদের আলোচনায় উঠে আসে রাজবীরকে একা করে দেওয়ার পরিকল্পনা। দুর্নিবার বুঝতে পেরেছেন, জীতু ছাড়া এই মুহূর্তে রাজবীরের পাশে তেমন কেউ নেই। আবার জীতুর মনোযোগও এখন অনেকটাই সৃজলার দিকে।সেই সুযোগকেই কাজে লাগাতে চান দুর্নিবার। তাঁর পরিকল্পনা, জীতুকে আরও বেশি করে সৃজলার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাতে রাজবীর ধীরে ধীরে একা হয়ে পড়বেন। শুধু তা-ই নয়, কথার মাঝে মনামীরও যে এক দিন ঘর থেকে বিদায় নেওয়ার সময় আসবে, সেই ইঙ্গিতও দেন দুর্নিবার।তবে সৌরভকে সাবধান করে দেন তিনি। রাজবীরের হয়ে বেশি কথা বললে বিপদে পড়তে পারেন সৌরভ। কারণ, রাজবীর যদি তাঁদের কথাবার্তা জীতুকে জানিয়ে দেন, তা হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই নিজেদের অবস্থান বুঝে পা ফেলার পরামর্শ দেন দুর্নিবার।অন্য দিকে, সৌরভের মাথায় এখন একটাই চিন্তা। যে ভাবেই হোক, রাজবীরকে ঘর থেকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর চলে গেলে প্রথমে খেলাটা আরও কঠিন মনে হলেও পরে পুরো পরিস্থিতিই বদলে যেতে পারে। দুর্নিবার আবার দাবি করেন, জীতু এবং সৃজলার সম্পর্কের মাঝে একমাত্র বাধা রাজবীর। জীতু রাজবীরকে পছন্দ করলেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা।এর মধ্যেই নতুন প্রশ্ন উঠেছে, রাজবীর যদি দলের নেতা বা ক্যাপ্টেন হয়ে যান, তা হলে কি পরিস্থিতি বদলে যাবে? জীতু কি আবার রাজবীরের দলে ফিরে যাবেন? এই বিষয় নিয়েও সৌরভ ও দুর্নিবারের মধ্যে আলোচনা হয়। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। বরং সব দিক ভেবেই পরবর্তী পদক্ষেপ করতে চান।এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুর্নিবারের মা-ও। বিশেষ সপ্তাহে বিগ বসের ঘরে এসেছিলেন তিনি। তাঁর হাতে নিজের পছন্দের প্রতিযোগীকে ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন বিগ বস। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে বেছে নেন তিনি। এর পিছনে উদ্দেশ্য ছিল, রাজবীরকে নিজেদের দলে টেনে আনা।এখন প্রশ্ন, এই পরিকল্পনায় কি শেষ পর্যন্ত সফল হবেন দুর্নিবার ও সৌরভ? রাজবীর কি তাঁদের দলে যোগ দেবেন, নাকি পুরো ছক বুঝে পাল্টা চাল দেবেন? অন্য দিকে, এই শনিবার ও রবিবার বিগ বসের ঘর থেকে শেষ পর্যন্ত কার বিদায় হয়, তা জানার অপেক্ষায় দর্শকরা। তনুশ্রী, সোনামণি না রাজবীরকার যাত্রা শেষ হবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - প্রথম পর্ব

হস্তীনাপুরের রাজসভা নিঃস্তব্ধ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোনচার্য সকলে যেন পাথর হয়ে গেছেন। মহামন্ত্রী বিদূর রাগে ঘৃনায় যেন ওই অবস্থায় মৃত্যু স্বীকার করেছেন আর শত কৌরব ভাই একত্রে উল্লাস করছে সামনের দৃশ্য দেখে। দুরাচারী দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানীর কেশ নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসছে সভার কেন্দ্রস্থলে। মহাবলী ভীম ক্ষনে ক্ষনে গর্জন করছেন কিন্তু আজ এই গর্জনের কোনো প্রভাব বাকিদের উপর পড়ছেনা, নকুল আর সহদেব নিজেদের প্রাণাধিক প্ৰিয় পত্নীর এই অসহায় অবস্থা চোখে দেখতে পারছেন না, কানে বাজছে দুর্যোধনের লালসার বিকৃত সিংহনাদ, গান্ডিবধারী বীরশ্রেষ্ট অর্জুন নিজের পরাক্রমের উপরে সন্দীহান আর ধর্মরাজ যুধিষ্টির আজ পাশার চক্রব্যুহে এমন জড়িয়েছেন যে এহেন অধর্মেও তিনি নিঃস্তব্ধ, সব হারিয়ে আজ নিঃস্ব।দ্রৌপদী দুঃশাসনের হাত ছাড়িয়ে প্রথমে দৌড়ে গেলেন মহামহিম ভীষ্মর কাছে, করজোড়ে প্রার্থনা করলেন তাকে যেন তিনি উদ্ধার করেন কিন্তু বীরত্বের প্রতীক হয়েও তিনি অস্ত্র তুললেন না এক নারীর জন্য। মহামহিমের নিঃস্তব্ধতা দ্রৌপদীর মনে ছুরির মতো বিধলো, সে এবারে একই প্রার্থনা ক্রমে দ্রোনচার্য, মহামন্ত্রী বিদূর সবাইকেই করলো কিন্তু কেওই কোনো উত্তর দিলো না, যেন তার এই ক্রন্দন এই নিস্প্রান পাথরগুলোর সামনে কিছুই না। তার পাঁচ বীর স্বামী পরাজয় স্বীকার করে মাটিতে বসে।দুর্যোধন এবারে গর্জন করে উঠলো, দাসী দ্রৌপদী, নিজের মর্যাদা উলঙ্ঘন করোনা, তোমার স্থান বাকি দাসীদের সাথেই, সেখানেই তোমায় থাকতে হবে। দুর্যোধনের এই কথার উত্তরে দ্রৌপদী জানায়, ওরে মূর্খ রাজকুমার, আমি পাঞ্চালি, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানী হওয়ার আগে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা, যার পিতার কাছে তোরা শত কৌরব ভাই বন্দি হয়েছিলি আর আজও আমার পিতা মহারাজ দ্রুপদ আর আমার ভ্রাতা ধৃষ্টধুম্ন যদিও একত্রে সেনা নিয়ে আসে তবে আমি এবং আমার স্বামী সকলেই স্বাধীন হবোই সাথে এই হস্তীনাপুর ধ্বংস করে দেবো। দুর্যোধন, এতো বড়ো সাহস? একজন সামান্য দাসী হয়ে নিজের প্রভুর সাথে এই ব্যবহার। দুঃশাসন নীরবস্ত্র করো এই নারীকে, এই সভায়। দুর্যোধনের এই নিষ্ঠুর দাবি শুনেও বাকিরা মৌন রইলেন, যেন কেও কিছু শুনতেই পায়নি। ভীম গর্জন করে উঠলো, দ্রৌপদীর অঙ্গে কেও স্পর্শ করলে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেবো দুর্যোধন। ভীমের এই গর্জনেও কোনো লাভ হলোনা।কৌরবদেরই আর এক ভাই বিকর্ন এইসময় উঠে দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন নিজের জ্যেষ্ঠ ভাই দুর্যোধনের এই ঘৃণ্য দাবির, সাথে নিজের পিতা জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও তিরস্কার করলেন। তবে দুর্যোধনের সামনে সেও অসহায়, তার প্রতিবাদ টিকলোনা দুর্যোধনের অহংকারের সামনে। উল্টে দুর্যোধনের পক্ষে নিয়ে অঙ্গরাজ কর্ণ বললেন, নিজের ভাইকে অপমান করছো রাজকুমার? তাও এমন এক নারীর জন্য যে কিনা পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় এরকম নারী। দুঃশাসন আর সময় নস্ট না করে এগোলেন দ্রৌপদীর দিকে, টান দিলেন তার তার বস্ত্র ধরে। আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে স্মরণ করতে শুরু করলেন পরম ঈশ্বরকে। দুঃ শাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান মেরেই গেলেন, তার পিছনে হলুদ বস্ত্রের পাহাড় তৈরী হয়ে গেলো কিন্তু দ্রৌপদীর শরীর নীরবস্ত্র করা সম্ভব হলোনা। ক্রমে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন দুঃশাসন। এহেন দৈবিক ঘটনা দেখে সভায় উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন, তারা ভাবতেও পারেন নি এরকম কিছু ঘটতে পারে আর যখন তারা দ্রৌপদীর দিকে তাকালেন তখন অগ্নিকন্যা দ্রৌপদীর ওই জ্বলন্ত চোখ দুটি দেখে ভয়ে আঁতকে উঠলেন। এতক্ষনে সভায় এসে উপস্থিত হয়েছেন মাতা কুন্তী আর মহারানী গান্ধারী কিন্তু অনেক দেরি করে ফেলেছেন তারা। দ্রৌপদী সভাস্থলে দাঁড়িয়ে বলে বসলেন, এই অশুদ্ধ সভাস্থলে কেও এমন ছিলোনা যে একজন নারীর অপমানে প্রতিবাদ করতে পারতো। আজ যারা যারা এই সভায় বসে এই ঘোর পাপকে সমর্থন জানিয়েছেন নিঃস্তব্ধভাবে তারা প্রত্যেকেই কঠিন মৃত্যু পাবেন যা গোটা বিশ্ব মনে রাখবে শতাব্দী পর শতাব্দী। এক এক করে সকলের মৃত্যু হবে, এই হলো যাজ্ঞশিনী দ্রৌপদীর অভিশাপ আর এই অভিশাপে শেষ হয়ে যাবে কৌরবকুল। এই বলে দ্রৌপদী সভাস্থল ছাড়লেন, আর দ্রৌপদীর এই অভিশাপ শুনে মাতা গান্ধারীর বুক কেঁপে উঠলো কারণ তিনি ইতিমধ্যে নিজের বংশের অন্তিম সময় দেখতে পাচ্ছেন, তিনি তৎক্ষণাৎ মহারাজকে এক স্ত্রী হিসাবে অনুরোধ করলেন পান্ডবদের সব ফিরিয়ে দেওয়ার জন্য।মহারাজ ধৃতরাষ্ট্র নিজেও এতক্ষনে বুঝে গেছেন দ্রৌপদী কোনো সাধারণ নারী নয় আর দ্রৌপদীর অসম্মান করে দুর্যোধন নিজের বিনাশ ডেকে এনেছে তাই তিনিও পান্ডবদের সব ফিরিয়ে দিতে রাজি ছিলেন তবে এখানে আবারও বাঁধ সাধলো গান্ধার রাজ শকুনি। তিনি বললেন এভাবে সব ফিরিয়ে দেওয়া উচিত না, ধর্মরাজ যুধিষ্টিরের কাছে সুযোগ ছিল হার মানার এবং থেমে যাওয়ার কিন্তু উনি নিজে নিঃস্ব হওয়া বেছে নিয়েছেন তাই কিছু শাস্তি তাদেরকে পেতেই হবে। এই কথার সমর্থনে দুর্যোধন নিজের প্রস্তাব দিলো এই যে পান্ডবদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাত বাস পালন করতে হবে আর যদিও এই শেষের একবছর শেষ হওয়ার আগে তারা ধরা পরে যায় তবে তাদেরকে আবারও একই শাস্তি পালন করতে হবে।ধর্মরাজ যুধিষ্টির এই শর্তে রাজি হন, তবে সভা ছাড়ার আগে ভীম সভার কেন্দ্রে এসে বলে, এই সভা আজ আমার স্ত্রীর অপমান দেখেছে, এই সভা এরপর এই রাজকুমারদের রক্ত দেখবে। যে হাত দিয়ে আজ দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরার সাহস করেছে সেই হাত আমি উপড়ে ফেলবো আর বুক ছিঁড়ে ওর রক্তপান করবো। যে দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘায় বসার ইঙ্গিত করেছে তার আমি মৃত্যু দেবো ওই জঙ্ঘা ভেঙেই। সাথে এই শত ধৃতরাষ্ট্র সন্তানের মৃত্যু হবে কেবল আমার হাতে, এই হলো কুন্তীপুত্র ভীমের প্রতিজ্ঞা।ভীমের এই পৈশাচিক প্রতিজ্ঞা শুনে সকলের হৃদয়ে কম্পন ধরতে বাধ্য এরই মধ্যে অর্জুন হুঙ্কার দিয়ে বসলেন, নিজেকে মহান বীর, শ্রেষ্ট ধনুর্ধারি বলে বেড়ানো অঙ্গরাজ কর্ণ এতটাই কাপুরুষ যে একজন নারীর অসম্মানেও চুপ থাকেন, উল্টে সেই নারীর সমন্ধে কটুকথা বলেন। আজ অঙ্গরাজ কর্ণ যে পাপ করেছেন তার একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আজকের মতোই সেদিনও আপনি অসহায় থাকবেন, ভিক্ষা চাইবেন জীবনের জন্য কিন্তু পাবেন শুধুই মৃত্যু। বনবাসে যাওয়ার আগে পান্ডবকুমারদের এই প্রতিজ্ঞা শুনে এটুকু বোঝা যাচ্ছিলো যে যেদিন এরা ফিরে আসবে, একে একে এই কৌরবকুল এদের হাতে শেষ হয়ে যাবে।আজ অর্জুনের প্রতিজ্ঞা শুনে প্রথমবারের জন্য হলেও যেন বুক কেঁপে উঠলো কর্ণের, অর্জুনের এই রূদ্ররূপ তিনি এর আগে কোনোদিনও দেখেননি, বা হয়তো দেখেছিলেন কিন্তু তখন তিনি জানতেন তিনিও ঠিক কিন্তু আজ হয়তো তার মনই তাকে বলে উঠেছে তিনি পাপ করেছেন যার দন্ড অর্জুন তাকে অবশ্যই দেবে।ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১২, ২০২৬
দেশ

‘হ্যাপি দিওয়ালি’ বলেই গুলি! সিসিটিভিতে ধরা পড়ল টেক মহিন্দ্রার প্রাক্তন কর্তার খুনের ভয়ংকর দৃশ্য

হ্যাপি দিওয়ালি বলেই গুলি! ফরিদাবাদে টেক মহিন্দ্রার প্রাক্তন আধিকারিক পরমজিৎ ধনখড়কে খুনের ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পার্কিং নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে ফ্ল্যাট থেকে নীচে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। এর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তিনি। শুধু প্রথম দফার গুলিই নয়, আবাসনের মূল ফটকের কাছেও পরমজিৎকে লক্ষ্য করে ফের গুলি চালাতে দেখা গিয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ২০২৬ সালের ৫ নভেম্বর, ধনতেরসের সন্ধ্যার। দীপাবলির দুদিন আগে ফরিদাবাদের সেক্টর ২১সি-তে নিজের আবাসনেই খুন হন পরমজিৎ। অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা একই আবাসনের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি। পরে ফরিদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। পরমজিতের শরীরে আট থেকে নটি গুলি লাগে।প্রথম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনু শর্মা পরমজিতের কাছে এগিয়ে যাচ্ছেন। সেই সময় পরমজিৎ তাঁর ছেলেকে নিয়ে গাড়ি রাখার জায়গায় আসেন। অভিযোগ, কথাবার্তার শুরুতেই মনু তাঁকে দুবার প্রশ্ন করেন, তিনি বিধবা সম্পর্কে জানেন কি না এবং এ বিষয়ে তাঁর বিশ্বাস আছে কি না। এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে যান পরমজিৎ। কী হয়েছে, তা জানতে চান তিনি।এর পরমনু অভিযোগ করেন, তিন জনকে দিয়ে তাঁকে মার খাওয়ানোর ব্যবস্থা করেছেন পরমজিৎ। পাল্টা পরমজিৎ হাতজোড় করে বোঝানোর চেষ্টা করেন, কাউকে দিয়ে তিনি মারধর করাননি। কী নিয়ে এই বিবাদ, তা-ও জানতে চান। কিন্তু মনু কথা বলতে চাননি। বার বার জানান, পরমজিতের সঙ্গে তাঁর কোনও কথা নেই।এক সময় পরমজিৎ বলেন, কথা বলতে না চাইলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ছেলে তখন বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে তাঁকে থামিয়ে দেন পরমজিৎ। ফুটেজে দেখা যাচ্ছে, এর পর মনু পরমজিতের ছেলের দিকে ইশারা করে তাঁকে সামনে আসতে বলেন। তার পর পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না। এর পরেই পকেট থেকে পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন। বাবার উপর গুলি চলতে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় পরমজিতের ছেলে।দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় আবাসনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন পরমজিৎ। সম্ভবত সাহায্য চাইছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁর কাছে পৌঁছন মনু। পরমজিৎ অভিযুক্তের জামার কলার ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই ধস্তাধস্তির মধ্যেই সেখানে পৌঁছে যান পরমজিতের মা। তিনি পুত্রবধূকে ডাকতে থাকেন।এর পরেও থামেননি অভিযুক্ত। ফুটেজে দেখা যাচ্ছে, পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান মনু। তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। তার পর হ্যাপি দিওয়ালি বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে দুই পরিবারের মধ্যে আগে থেকেই নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বলে খবর। কয়েক দিন আগে একটি কুকুরকে কেন্দ্র করে পরমজিতের ছেলে ও মনুর মধ্যে বচসাও হয়েছিল বলে জানা গিয়েছে।ঘটনার কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে ফরিদাবাদে ফিরেছিলেন পরমজিৎ। ভাইপোর বিয়েতে যোগ দিতেই তাঁর আসা। এর প্রায় দুমাস আগে তিনি টেক মহিন্দ্রার চাকরি ছেড়ে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে যোগ দিয়েছিলেন। ফরিদাবাদের ওই আবাসনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। অন্য দিকে, মনু থাকতেন আবাসনের তিন তলায়।সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
কলকাতা

তৃণমূলের নথি লুটের আশঙ্কা! নির্বাচন কমিশনে চিঠি অভিষেকের, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

আসল তৃণমূল কংগ্রেস কোনটি, তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই এখনও জারি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নিজেদের দাবির সমর্থনে দুই পক্ষই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন নথি ও হলফনামা জমা দিচ্ছে। এরই মধ্যে দলের নথি লুটের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে চিঠি পাঠান অভিষেক। সেখানে কমিশনে জমা দেওয়ার জন্য তৈরি করা দলের গুরুত্বপূর্ণ নথি ও হলফনামা লুট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই নথি হাতিয়ে নেওয়ার চক্রান্ত হতে পারে।চিঠিতে অভিষেক তাঁর কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, গত ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাড়ির আশপাশে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে আগেও একাধিক বার সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অভিষেকের কালীঘাটের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। ওই অংশটি পুরসভার তরফে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছিল। বাড়ির একাংশ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই দিনই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নথি লুটের আশঙ্কার কথা জানান অভিষেক।উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর একই ধরনের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছিলেন, তাঁদের দলের পাঠানো ট্রাকভর্তি নথি হরিয়ানার কাছে কোথাও লুট করা হয়েছে। এই ঘটনার পিছনে কালীঘাটের তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।এ বার সেই নথি লুটের আশঙ্কা প্রকাশ করেই সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক। আসল তৃণমূলের পরিচয় নিয়ে দুই শিবিরের লড়াইয়ের মধ্যেই নথি নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

‘জাহাঙ্গিরের জমিতে গরিবদের বাড়ি হবে’, হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর! শাহজাহানকেও হুঁশিয়ারি

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, এই সরকার কাউকে ছাড়বে না।বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ঝুঁকেগা নেহি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

যুবতীর মৃত্যুর পরও চালু মোবাইল! পরিবারের কাছে মেসেজ, টাওয়ারের অবস্থান দেখে বাড়ছে রহস্য

বরানগরে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর জামাইবাবুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাঁকে মারধর করা হয়েছিল। এই ঘটনায় খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অঞ্জলির খোয়া যাওয়া মোবাইল ফোন ঘিরে। বুধবার সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে ওই ফোন থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেই সময় ফোনটির অবস্থান দেখাচ্ছে ভিনরাজ্যে। ফলে কে বা কারা ওই ফোন ব্যবহার করে বার্তা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, অঞ্জলির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। গলায় দাগের পাশাপাশি মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর আগে তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে।ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফুটেজে এক যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে। ওই যুবকের সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন অঞ্জলির জামাইবাবু ও তাঁর স্ত্রী। প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন তাঁরা। তবে ব্যবসার কাজে বর্তমানে স্ত্রীকে নিয়ে হুগলির শ্রীরামপুরে থাকেন অঞ্জলির জামাইবাবু।জানা গিয়েছে, সোমবার রাতে ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলের দিকে তাঁর দিদি ফোন করেন। কিন্তু ফোনে কোনও উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এরপর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন।ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেওয়া হয়। মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকেই অঞ্জলির দেহ উদ্ধার হয়।উদ্ধারের সময় যুবতীর শরীরে মোবাইল ফোন, আংটি ও ব্রেসলেট ছিল বলে জানা গিয়েছে। তবে তাঁর মোবাইল ফোনটি পরে খোয়া যায়। সেই ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে বার্তা যাওয়ার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে।ফোনটির অবস্থান ভিনরাজ্যে দেখানোয় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। ফোনটি কে ব্যবহার করছে, কী ভাবে সেটি রাজ্যের বাইরে পৌঁছল এবং অঞ্জলির মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সিসিটিভি ফুটেজ, মোবাইলের অবস্থান এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

৭ কোটি টাকা না দিলে খুন! অরবিন্দ কেজরীওয়াল ও মেয়েকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য

৭ কোটি টাকা না দিলে খুন করা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে। অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিং।দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেলের অভিযোগ, তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিনি মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।অভিযোগ অনুযায়ী, কেজরীওয়ালের কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ দমন শাখার পরিদর্শক সুনীল কুমারকে।এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরীওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।এ বার হুমকির ঘটনায় ফোন করা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এবং বার্তা পাঠানো হয়েছিল, তার কলের তথ্য, ইন্টারনেট সংযোগের সূত্র এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। কেজরীওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোরও আর্জি জানিয়েছেন বিধায়ক জারনেল সিং।ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

কাশ্মীরে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ! জঙ্গি হামলার আশঙ্কা

কাশ্মীরে দুই পুলিশকর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতদের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গি হামলায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন। কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল।বুধবার বিকেলে কিয়ার শিবির থেকে ধেরনা-মারওয়াহ এলাকার সেনা ছাউনির দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়া এলাকার দেহারণার জঙ্গলে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় তল্লাশি অভিযান।সূত্রের খবর, যে জায়গা থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দুকিলোমিটার দূরে তাঁদের দেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। দুজনের মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।তদন্তকারীদের আরও সন্দেহ বাড়িয়েছে তাঁদের সার্ভিস অস্ত্রের খোঁজ না পাওয়া। দুই পুলিশকর্মীর কাছেই সরকারি আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু দেহ উদ্ধারের সময় সেগুলি পাওয়া যায়নি। জঙ্গিরা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রের খবর, গুলির শব্দ শোনার পরেও কিছুক্ষণ পর্যন্ত দুই পুলিশকর্মীর মোবাইল ফোন চালু ছিল। পরে ফোন দুটি বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। এরপরই তল্লাশি শুরু হয়।ঘটনার পর কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। কী ভাবে ওই দুই পুলিশকর্মীর মৃত্যু হল, তাঁদের উপর কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ শিবিরে হামলার ঘটনা ঘটে। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে দুই জঙ্গি সেখানে আসে বলে সূত্রের খবর। নাকা তল্লাশির সময় সিআরপিএফ শিবির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন।আহত জওয়ানদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। একই দিনে কুলগামে সিআরপিএফ শিবিরে হামলা এবং দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় উপত্যকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

নভেম্বর ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal