তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।
কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।
এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।
কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- More Stories On :
- Mamata Banerjee
- TMC
- Police

