ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।
১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।
- More Stories On :
- Mamata Banerjee
- Kalighat
- Delhi police

