রাহুলে ভরসা নেই! ডিলিমিটেশন রুখতে শেষ মুহূর্তে আসরে সোনিয়া, সঙ্গে মমতা
রাহুল গান্ধীর চেষ্টায় বিশেষ কাজ হয়নি। তাই শেষ মুহূর্তে ডিলিমিটেশন বা লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাস রুখতে আসরে নামতে চলেছেন সোনিয়া গান্ধী। তাঁর সঙ্গী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এবং এনসিপি নেতা শরদ পওয়ারকে নিজেদের পক্ষে আনা। সূত্রের খবর, এই দুই নেতার সঙ্গে বৈঠক করে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় তাঁদের রাজি করানোর শেষ চেষ্টা করতে চাইছে কংগ্রেস-সহ বিরোধী জোট।সূত্রের খবর, সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার রাতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে থাকবেন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনাও রয়েছে। প্রথমে তাঁরা যাবেন চেন্নাইয়ে। সেখানে দুপুর দুটো নাগাদ ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এরপর সেখান থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী নেতাদের। রাত আটটা নাগাদ শরদ পওয়ারের সঙ্গে বৈঠকে বসতে পারেন তাঁরা।আসলে ডিলিমিটেশন বিল নিয়ে স্ট্যালিন এবং শরদ পওয়ারের অবস্থান বিরোধী শিবিরের কাছে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। সূত্রের দাবি, এই দুই নেতার সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিজেদের অবস্থান বদলানোর অনুরোধ জানাচ্ছিলেন রাহুল গান্ধীরা। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। তাই এবার সরাসরি তাঁদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।এই দুই নেতাকে বোঝানোর ক্ষেত্রে সোনিয়া এবং মমতার উপরেই কেন ভরসা করছে কংগ্রেস? রাজনৈতিক মহলের মতে, স্ট্যালিন এবং শরদ পওয়ারের সঙ্গে দুজনেরই দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগও যথেষ্ট ভালো। অন্য দিকে, শরদ পওয়ারের সঙ্গে অতীতে জোট সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে সোনিয়া গান্ধীর। স্ট্যালিনের বাবা প্রয়াত এম করুণানিধির সঙ্গেও কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ছিল। ফলে রাহুল গান্ধীর তুলনায় সোনিয়ার সঙ্গে কথা বলে সমাধানের পথ বেরোনোর সম্ভাবনা বেশি বলেই মনে করছে কংগ্রেসের একাংশ।ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরের অঙ্ক যে বেশ কঠিন, তা বুঝতে পারছেন জোটের নেতারা। সংখ্যার বিচারে পরিস্থিতি অনুকূলে না থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাইছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। স্ট্যালিন এবং শরদ পওয়ারকে পাশে পাওয়া গেলে বিরোধী শিবিরের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন নেতারা।তবে এই চেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন বাংলায় রাজনৈতিক চাপের মুখে, তখন তাঁর কথায় স্ট্যালিন এবং শরদ পওয়ার কতটা প্রভাবিত হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সোনিয়া-মমতার এই উদ্যোগ কি ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধীদের রাজনৈতিক অঙ্ক বদলে দিতে পারবে? নাকি শেষ চেষ্টা করেও খালি হাতেই ফিরতে হবে তাঁদের? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

