ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! ৯২ জন যাত্রী নিয়ে উড়ানের আগেই বড় বিপত্তি
ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! উড়ানের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাইলটের কাছে আসে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা। এর পরেই বিমানবন্দরে হইচই পড়ে যায়। দ্রুত বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট নিরাপত্তা এলাকায়। নামিয়ে দেওয়া হয় বিমানে থাকা যাত্রীদেরও। শুরু হয় তল্লাশি। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। ওই বিমানে ৯২ জন যাত্রী ছিলেন। সকলেই নিজেদের আসনে বসে পড়েছিলেন। বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন চালকও। সেই সময় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাইলটের কাছে একটি বিশেষ সতর্কবার্তা আসে। জানানো হয়, ওই বিমানে হাইজ্যাকের আশঙ্কা রয়েছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা দেখতে পাওয়া যায়। এ ছাড়াও বিমানের ভিতরে একটি হুমকির চিরকুট উদ্ধার হয়েছে বলে খবর। এর পরেই উড়ান সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় নিয়ে যাওয়া হয়। যাত্রীদেরও বিমান থেকে নামিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।হঠাৎ এমন পরিস্থিতির মুখে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দরেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। বিমানটিকে নিরাপত্তা এলাকায় নিয়ে যাওয়ার পর শুরু হয় তল্লাশি। বিমানের প্রতিটি অংশ খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা।কী ভাবে বিমানের ভিতরে ওই হুমকির চিরকুট এল? বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কী ভাবে সেটি বিমানে পৌঁছল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সত্যিই কোনও বিপদের আশঙ্কা রয়েছে, নাকি নিছকই ভয় দেখানোর জন্য এই কাজ করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে খবর লেখা পর্যন্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা।

