• ৫ অগ্রহায়ণ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Shahid Diwas

কলকাতা

একুশের মঞ্চে ঋতব্রতের বড় প্রতিশ্রুতি! শহিদ পরিবার পাবে মাসে ১০ হাজার টাকা?

২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নির্বাচন কমিশন যদি তাঁদের আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেয়, তবে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের পরিবারগুলিকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।ঋতব্রতের দাবি, এই টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকেই দেওয়া হবে। তিনি বলেন, আমরা অঙ্ক কষে দেখেছি, এটা সম্ভব। বর্তমানে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবিরের মধ্যে আসল তৃণমূল নিয়ে বিরোধ নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে। মঙ্গলবার দুই শিবিরই আলাদাভাবে শহিদ দিবস পালন করেছে। বিড়লা তারামণ্ডলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁরাই আসল তৃণমূল। অন্যদিকে, গান্ধী মূর্তির সামনে সভা থেকে একই দাবি করেন ঋতব্রত।তিনি বলেন, আমরা মুখ্য নির্বাচন কমিশনারসহ পূর্ণ বেঞ্চের সঙ্গে দেখা করেছি। কেন আমরাই আসল তৃণমূল, তার সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। আমরা নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি।ঋতব্রত আরও বলেন, যদি নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দেয়, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠকেই আমরা শহিদ পরিবারগুলিকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেব। এই টাকা তাদের জন্যই খরচ হওয়ার কথা।উল্লেখ্য, আগের দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২১ জুলাই নিয়ে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ করেন। সেখানে তিনি জানান, কমিশন শহিদ পরিবারগুলিকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের সুপারিশ করেছিল।মুখ্যমন্ত্রীর দাবি, পূর্বতন তৃণমূল সরকার শহিদ পরিবারগুলিকে মাত্র ২ লক্ষ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দিয়েছিল। তিনি আরও জানান, শহিদদের পরিবার আবেদন করলে রাজ্য সরকার কমিশনের সুপারিশ অনুযায়ী আর্থিক সাহায্য দেবে।এই ঘোষণার পরদিনই ঋতব্রত শহিদ পরিবারগুলিকে মাসিক আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন।

জুলাই ২১, ২০২৬
রাজ্য

একুশের মঞ্চ থেকে ফিরতেই মদন মিত্রের কাছে ইডির সমন! নতুন মোড় পুরনিয়োগ মামলায়

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৯ জুলাই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। তার আগে ২৩ জুলাই মদন মিত্রের স্ত্রীকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সূত্রের খবর, মদন মিত্র তদন্তে সহযোগিতা করবেন। এর আগে কামারহাটি পুরসভার অবৈধ নিয়োগ মামলায় তাঁর নাম জড়ায়। জুন মাসে ইডি ভবানীপুর, দক্ষিণেশ্বর-সহ তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় বলে জানা গিয়েছে।গত ১৪ জুলাই ইডি মদন মিত্রের পরিবারকে নোটিস পাঠায়। সেই দিন সন্ধ্যায় তিনি এন্টালির তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত শিবিরের সদস্য সন্দীপন সাহার বাবা, প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে যান। সেখানে দীর্ঘক্ষণ বৈঠকের পরের দিন তিনি বিধানসভায় ঋত শিবিরে যোগ দেন।শিবির বদলের পর থেকেই মদন মিত্র প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করেন। একুশে জুলাইয়ের সভায় তিনি বলেন, আমি মমতাকে বলছি, অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছে, আমি আপনাকে এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে এই ছেলেদের হাত ধরুন। আপনার পার্টি এটা, অভিষেকের পার্টি নয়।শুধু তাই নয়, ১৯ জুলাইয়ের একটি লাইভ অনুষ্ঠানেও মদন মিত্র অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ১০ কোটির নোটিস পাঠান।এই রাজনৈতিক সংঘাতের আবহেই একুশে জুলাইয়ের সভা থেকে ফেরার পর মদন মিত্রের কাছে ইডির সমন পৌঁছেছে। ফলে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত কোন দিকে এগোয়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

জুলাই ২১, ২০২৬
কলকাতা

‘বিজেপির পাশবালিশ হয়ে যান’— ঋত শিবিরকে মমতার কড়া বার্তা

এবারের ২১ জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের এক ভিন্ন ছবি সামনে এল। একদিকে মেয়ো রোডে বিদ্রোহী ঋত শিবিরের কর্মসূচি, অন্যদিকে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভা। একই সময়ে দিল্লিতেও বিদ্রোহী তৃণমূল সাংসদদের উদ্যোগে একুশে স্মরণ পালন করা হয়। সব মিলিয়ে দলের ভিতরের বিভাজন প্রকাশ্যে চলে আসে।কালীঘাট তৃণমূলের মঞ্চ থেকে বিদ্রোহী শিবিরকে একের পর এক আক্রমণ করা হয়। ভিড়ের তুলনা টেনে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষও।কুণাল ঘোষ বলেন, ওখানে ফাঁকা চেয়ার। বিজেপিকে ফোন করে লোক আনার চেষ্টা চলছে। তৃণমূলের প্রতীকে জিতে যারা বিশ্বাসঘাতকতা করেছে, বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। তিনি আরও বলেন, আমাদের নেত্রী একজন, বাকি আমরা সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও প্রতীকের বিরুদ্ধে কেউ গেলে তার কোনও জায়গা নেই।কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, এক দেশ, এক ভোট চালু হলে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হবে। তখনই ডেট অফ এক্সপায়ারি দেখা যাবে।মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণে বিদ্রোহী ঋত শিবিরকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান। দলের প্রতীক নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। আইনত আমাদের প্রতীক কাড়তে পারবে না। যদি কাড়ার চেষ্টা করা হয়, তাহলে মনে রাখবে তোমাদের সবটা কেড়ে নেব।মমতা আরও বলেন, অভিষেকের বিরুদ্ধে চারশো মামলা হয়েছে। কিন্তু কোনও মামলায় প্রমাণ দিতে পারবে না। তিনি দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতিও সমর্থন জানান। তাঁর বক্তব্য, দরকার হলে আমি নিজেও তাদের কর্মসূচিতে যাব। কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে, থাকবে।অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরকে উদ্দেশ করে বলেন, পাঁচ ওয়াট, দশ ওয়াটের বাল্ব এখন ভাবছে সে হ্যালোজেন হয়ে গিয়েছে। আমি নেত্রীকে অনুরোধ করব, যারা দল ছেড়ে গেছে, তাদের কাউকে আর ফিরিয়ে নেওয়া হবে না।তিনি আরও বলেন, ইডি, সিবিআই, আয়কর, সিআইডি, এসটিএফ সবাই একসঙ্গে লাগলেও ভয় পাই না। গলা কেটে দিলেও আমার শরীর থেকে জয় বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শোনা যাবে।মঞ্চ থেকে উপাসনা চৌধুরীও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যখনই মা-মাটি-মানুষের উপর আঘাত আসবে, তখনই সাধারণ মানুষ রুখে দাঁড়াবে।এবারের একুশে জুলাই তাই শুধু শহিদ স্মরণ নয়, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ্য মঞ্চ হিসেবেও চিহ্নিত হয়ে থাকল।

জুলাই ২২, ২০২৬
কলকাতা

পুলিশ অনুমতি না দিলেও একুশে জুলাই হবেই! রিকশায় দাঁড়িয়ে সভার হুঁশিয়ারি মমতার

একুশে জুলাইয়ের শহিদ দিবস পালনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও বাধাই তাঁদের শহিদ দিবস পালন আটকাতে পারবে না। প্রয়োজন হলে রিকশায় দাঁড়িয়েও শহিদ দিবস পালন করা হবে।শনিবার সামাজিক মাধ্যমে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ অনুমতি না দিলেও একুশে জুলাইয়ের কর্মসূচি বাতিল হবে না। তাঁর অভিযোগ, মধ্য কলকাতায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে তাঁদের রাজনৈতিক কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তবে কোনও বাধাই তাঁদের থামাতে পারবে না। কোথায় অনুষ্ঠান হবে, সেই সিদ্ধান্ত পুলিশের অনুমতির পর জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, কোনও উদ্বেগের কারণ নেই। দল আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে। মানুষের ভালোবাসাই তাঁদের সবচেয়ে বড় শক্তি বলেও দাবি করেন তিনি।এদিন তৃণমূলের মেট্রোপলিটন পার্টি অফিসে তালা পড়ার ঘটনাও তুলে ধরেন মমতা। তিনি বলেন, ওই দফতরটি দল নিয়ম মেনে ভাড়ায় নিয়েছিল এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভাড়ার চুক্তিও রয়েছে। প্রতি মাসে নিয়মিত ভাড়া ও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়েছে। সমস্ত নথিও দলের কাছে রয়েছে। তাঁর দাবি, একটি অফিসে তালা ঝোলানো যেতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে তালা লাগানো সম্ভব নয়। এই ঘটনায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে, মমতার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহা। তাঁর দাবি, কালীঘাটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বহু নেতা স্বস্তি পাচ্ছেন না। সেই কারণেই একের পর এক বর্ষীয়ান নেতা অন্য শিবিরে চলে আসছেন। তাঁর আরও দাবি, তাঁদের শিবিরে যে সাংগঠনিক কাঠামো ঠিক করা হয়েছে, সেটাই এখনও বহাল রয়েছে। অন্যদিকে কালীঘাট শিবিরে বারবার সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।একুশে জুলাইয়ের সভা কোথায় এবং কীভাবে হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও রাজনৈতিক সংঘাত যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।

জুলাই ০৪, ২০২৬
কলকাতা

অনুমতি মেলেনি, তবু শুরু মাপজোক! একুশে জুলাই ঘিরে তৃণমূলের অন্দরে নতুন সংঘাত

একুশে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সভার সরকারি অনুমতি এখনও মেলেনি। তার আগেই ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে মাপজোক শুরু করলেন কুণাল ঘোষ এবং তাঁর অনুগামীরা। ছুটির সকালের এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, কুণাল ঘোষের সঙ্গে দলের আরও কয়েকজন নেতা এবং সাজসজ্জার কাজে যুক্ত কর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা ফিতে দিয়ে সভাস্থলের বিভিন্ন অংশ মাপতে শুরু করেন। সাধারণত প্রশাসনিক অনুমতি পাওয়ার পরই এই ধরনের প্রস্তুতি শুরু হয়। কিন্তু এবার অনুমতির আগেই এই পদক্ষেপ নেওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।অন্যদিকে, একই জায়গায় একুশে জুলাইয়ের কর্মসূচি করার জন্য দলের অন্য শিবিরও প্রস্তুতি নিচ্ছে। তারাও ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে আবেদন করার উদ্যোগ নিয়েছে। ফলে একই স্থানকে ঘিরে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।কুণাল ঘোষ জানিয়েছেন, একুশে জুলাই শহিদদের স্মরণে দীর্ঘদিন ধরে এই কর্মসূচি হয়ে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তাঁরা নিয়ম মেনে আবেদন করেছেন এবং অনুমতি পাবেন বলেই আশাবাদী।অন্যদিকে দলের অন্য নেতারাও জানিয়েছেন, অনুমতি যেখানে মিলবে, সেখানেই একুশে জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে। এদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একই কর্মসূচি ঘিরে একাধিক দাবিদারের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন প্রশাসন শেষ পর্যন্ত কাকে অনুমতি দেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

জুন ২৮, ২০২৬
কলকাতা

‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’! মমতার বার্তার পরই বড় পদক্ষেপ, পুলিশের কাছে পৌঁছল আবেদন

একুশে জুলাই শহিদ স্মরণ কর্মসূচি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের উদ্দেশে জানিয়েছিলেন, পাঁচ জন মানুষ থাকলেও তিনি ধর্মতলায় যাবেন। সেই বার্তার পরই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূল।দীর্ঘ কয়েক দশক ধরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই তৃণমূলের শহিদ স্মরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারও একই জায়গায় অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল। তবে পুলিশের পক্ষ থেকে সেই আবেদন মঞ্জুর করা হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূলের অন্দরে বড় ভাঙন দেখা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দল এখন কার্যত দুই শিবিরে বিভক্ত। এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের কর্মসূচি তৃণমূলের কাছে শুধু একটি রাজনৈতিক সভা নয়, সংগঠনকে শক্তিশালী করারও বড় সুযোগ। সেই কারণেই এই কর্মসূচিকে ঘিরে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি কর্মীদের উদ্দেশে ফোনবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতি বছর যেমন ধর্মতলায় শহিদ স্মরণ কর্মসূচি হয়েছে, এবারও পুলিশের অনুমতি মিললে সেখানেই অনুষ্ঠান হবে। তিনি আরও বলেন, পাঁচ জন কর্মী থাকলেও তিনি ওই সভায় উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি দল ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশে ফিরে আসার বার্তাও দেন। তাঁর বক্তব্য, যাঁদের শুভবুদ্ধি আছে, তাঁরা যেন দলে ফিরে আসেন। অর্থ বা অন্য কোনও লোভে দলকে দুর্বল করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে ধর্মতলার সভার মাধ্যমে সংগঠনের কর্মীদের একজোট করার চেষ্টা করছে কালীঘাট তৃণমূল। একই সঙ্গে দল ছেড়ে যাওয়া নেতাদের প্রতিও শেষবারের মতো বার্তা পৌঁছে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন উদ্যমে একুশে জুলাই পালন করতে চলেছে প্রদেশ কংগ্রেসও। প্রায় আটাশ বছর পর তারা এই কর্মসূচির আয়োজন করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, এই কর্মসূচি শুধু শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, সংবিধান রক্ষা, ছাত্র-যুবদের ভবিষ্যৎ, শ্রমজীবী মানুষের অধিকার, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে তাদের আন্দোলনেরও প্রতীক হবে। কংগ্রেসের পক্ষ থেকে শহিদ মিনারে কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আনার চেষ্টাও চলছে। কংগ্রেসের দাবি, একুশে জুলাইয়ের মূল উদ্দেশ্য সময়ের সঙ্গে বদলে গিয়েছে এবং সেই ঐতিহাসিক গুরুত্বকে নতুনভাবে সামনে আনতেই তারা এবার এই কর্মসূচির আয়োজন করছে।

জুন ২৭, ২০২৬
কলকাতা

United India: শহিদ দিবসের মঞ্চ থেকে 'ইউনাইটেড ইন্ডিয়া'র ডাক

শহিদ দিবসে তৃণমূল নেত্রীর বার্তা শোনাতে দিল্লির কনস্টিটিউশন হলে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। সেই হলে এদিন অভিনব বিরোধী জোটের সাক্ষী রইল গোটা দেশ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লির কনস্টিটিউশন হলে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং, এনএসপি প্রধান শরদ পওয়ার, নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদি পার্টি নেত্রী জয়া বচ্চন। উপস্থিত ছিলেন রামগোপাল যাদব, ত্রিরুচি শিবা, কেশব রাও (টিআরএস), সঞ্জয় সিং, মনোজ ঝাঁ, প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিব সেনা), বলবিন্দর সিং ভাণ্ডারি (অকালি দল)। রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের সলতে এদিন পাকিয়ে ফেলল তৃণমূল।আরও পড়ুনঃ লন্ডনের পর্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রাজ কুন্দ্রা!শহিদ দিবসের ভার্চুয়াল অনুষ্ঠান থেকে অবিজেপি নেতাদের তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলা দেখিয়েছে। সব রাজ্যকে বলছি, যান নিজেদের দলকে বোঝান। সবাই মিলে ফ্রন্ট বানান। রোগী মৃত্যুর পর ডাক্তার এলে কোনও লাভ হয় না। এখন আর সময় নেই। আমি দিল্লি যাচ্ছি। ২৬, ২৭, ২৮ এর মধ্যে কোনও মিটিং ডাকতে পারলে ডাকুন। সবাইকে মিলিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া করতে চাই। এমনকী, জাতীয়স্তরে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, উন্নততর তৃণমূল গড়তে হবে। তবেই উন্নততর দেশ গড়তে পারব। তৃণমূল নেত্রীর কথায়, নির্বাচনের আগে আড়াই বছর এখনও বাকি।ভোটের আগে জোট বেঁধে লাভ হবে না। আমাদের এখন থেকেই জোট বাঁধতে হবে। ভারতবাসীকে আলো দেখাতে হবে।

জুলাই ২১, ২০২১
দেশ

BJP: দিল্লিতে বিজেপির শহিদ দিবস পালন

প্রতি বছরের মতো এ বারও ২১ জুলাই শহিদ দিবস পালন করছে তৃণমূল। আর এ বার একুশের একুশে জুলাইয়ের চেহারা কিছুটা অন্যরকম। এক দিকে যখন তৃণমূল জাতীয় স্তরে শহিদ দিবস পালনের কর্মসূচি নিয়েছে, অন্যদিকে এই দিনটাকেই শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য বেছে নিয়েছে বিজেপি। এ দিন দিল্লিতে রাজঘাটে ধরনায় বসেছেন বিজেপি সাংসদেরা। সেখানে বসে দিলীপ এ দিন বলেন, যারা অহিংসার কথা বলছে, তারাই আজ হিংসা ছড়াচ্ছে। বিজেপির ১৭৫ জন কার্যকর্তা শহিদ হয়েছে বলে দাবি বিজেপির।আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের শহিদ দিবস এবারও ভার্চুয়াল, হতাশ শক্তিগড়ের ল্যাংচা ব্যাবসায়ীরাবিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এ দিন কলকাতা ও জেলার বিজেপি অফিসে শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপি কর্মীরা। এ ছাড়া সাংসদরা উপস্থিত হয়েছেন বিজেপি সাংসদেরা। এ দিন দিলীপ ঘোষ বলেন, বিজেপি ১৭৫ জন খুন হয়েছেন। অভিযোগ জানানোরও সুযোগ পায়নি তাদের পরিবার। মূলত হিংসার প্রতিবাদে এ দিন বিজেপি কর্মসূচি নিয়েছে।মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, রাজ্যের প্রকৃত অবস্থা জানাতে বুধবার মানুষের সামনে যাবে বিজেপি। আক্রান্ত মানুষ, বিপন্ন গণতন্ত্র। তাই শহিদ শ্রদ্ধাঞ্জলির পরিকল্পনার কথা জানান তিনি। ২১ জুলাই সকাল সাড়ে ১১টায় দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে অন্যান্য বিজেপি সাংসদরা ধরনায় বসেছেন।

জুলাই ২১, ২০২১
রাজনীতি

21st July: শহিদ দিবসেই দেশ তথা বিশ্বের বাঙালি পাঠকের উদ্দেশে যাত্রা শুরু 'জাগো বাংলা'র

প্রতিবছরই ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। করোনা পরিস্থিতির মধ্যেও এই দিন পালন করেছিল তারা। এবারও তার অন্যথা হবে না। যদিও জনসভা না করে ভার্চুয়াল মাধ্যমে এই দিন পালন করা হবে। ভার্চুয়াল মাধ্যমেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাঁর বক্তব্য শুধুমাত্র রাজ্যের গণ্ডির মধ্যেই থাকবে না। তা ছড়িয়ে দেওয়া হবে রাজধানী দিল্লি-সহ ত্রিপুরা, অসম, গুজরাত, উত্তরপ্রদেশ, ওডিশা, বিহার এবং পঞ্জাবে।আরও পড়ুনঃ বৃষ্টির মধ্যেও শুটিং করছেন অক্ষয়আর এদিনই তৃণমূলের দলীয় মুখপত্রকে সাপ্তাহিক থেকে দৈনিক করার আনুষ্ঠানিক সূচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে কালীঘাটে তৃণমূলের ২১ জুলাই অনুষ্ঠানের মঞ্চ থেকে তার লোগো উদ্বোধন করবেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে সামনে আসবে নতুন সংস্করণের প্রথম দিনের ইপেপার। কবে থেকে দৈনিক হিসাবে তা ছেপে বেরোবে, মমতা নিজে তার ঘোষণা করবেন।আরও পড়ুনঃ ছাত্রীর শ্লীলতাহানী, শ্রীঘরে ঠাই কীর্তিমান শিক্ষকেরদলের মুখপত্রের দৈনিক সংস্করণ শুরু করার কথা জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই দৈনিক সংস্করণ নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠক হবেন গোটা দেশ তথা বিশ্বের বাঙালিরা। এ রাজ্যের পাশাপাশি থাকবে জেলার খবর, দলের প্রতিদিনের কর্মসূচি এবং তা নিয়ে খবর, প্রবন্ধ, দলের সাংসদবিধায়কদের লেখা। প্রতিদিন আলাদা আলাদা বিষয় নিয়ে থাকবে ফিচার পাতা। শনি ও রবিবার বিশেষ ক্রোড়পত্র। খেলার পাতাকে আলাদা গুরুত্ব দেওয়া হবে। থাকবে দলের স্লোগান। উল্লেখ্য, ২০০৪ সালে সাপ্তাহিক জাগো বাংলার প্রকাশ শুরু হয়। প্রথমে এই মুখপত্রের সম্পাদক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। বর্তমানে তার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়।আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকের নিয়োগে স্থগিতাদেশ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযান কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। সেই কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন মমতা নিজেই। সেই সময় তিনি ছিলেন যুব কংগ্রেস নেত্রী। এরপর কংগ্রেস ছেড়ে তৃণমূল গড়েন তিনি। কিন্তু, সেই দিনের কথা স্মরণ করে তৃণমূল গড়ার পরও শহিদ দিবস পালন করেন নেত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর ব্রিগেড ময়দানে বড় করে ওই সমাবেশ করেছিলেন তিনি। তবে করোনার জন্য এবার আর তা জনসভা করে পালন করা হবে না। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন মমতা।;আরও পড়ুনঃ ২১ জুলাই থেকে দৈনিক হচ্ছে তৃণমূলের মুখপত্রআর এবার সেই দিবসের পাল্টা কর্মসূচির করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। একুশের নির্বাচনের পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করে আসছে তারা। এই কর্মসূচিকে সফল করতে মরিয়া গেরুয়া শিবির। রাজ্যের সব জায়গায় ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়ে গিয়েছে। প্রতিটি জেলা দপ্তরে বড় স্ক্রিন লাগিয়ে অনুষ্ঠান সম্প্রচার করতে বলা হয়েছে। সব জায়গাতে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে এই কর্মসূচি তারা কতটা সফল করতে পারে এখন সেটাই দেখার।

জুলাই ২০, ২০২১

ট্রেন্ডিং

দেশ

মায়ের অভিযোগে থানায় ডাকা হয়েছিল, সেখানেই ৫ পুলিশকে ছুরি দিয়ে কোপ! দিল্লিতে ভয়ংকর কাণ্ড

দিল্লির জামা মসজিদ থানায় ভয়াবহ ঘটনা। থানার ভিতরে ঢুকে ছুরি দিয়ে পুলিশকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল ৩০ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচ পুলিশকর্মী আহত হন। তার পর থানা থেকে পালিয়ে যাওয়ার সময় আরও চার পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক। শেষ পর্যন্ত তাঁকে থামাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। অভিযুক্তের দুই পায়ে মোট ছটি গুলি লাগে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাবিল। তাঁর মা ও বোনের অভিযোগের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য সোমবার দুপুর আড়াইটে নাগাদ তাঁকে থানায় ডাকা হয়েছিল। নাবিল তাঁদের নানা ভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ জানিয়েছিলেন মা ও বোন। ঘটনার সময় তাঁরাও থানায় উপস্থিত ছিলেন।অভিযোগ, নাবিল পকেটে একটি ছোট ছুরি নিয়ে থানায় এসেছিলেন। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই পকেট থেকে ছুরিটি বের করে তাঁদের উপর হামলা চালান তিনি। এই ঘটনায় দুজন সাব-ইনস্পেক্টর, দুজন হেড কনস্টেবল এবং এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর আহত হন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।হামলার পর থানা থেকে পালিয়ে যান নাবিল। রাস্তায় এক ব্যক্তির স্কুটার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তাঁর পিছনে ধাওয়া করে। প্রায় দুঘণ্টা ধরে চলতে থাকে তল্লাশি ও ধাওয়া। শেষ পর্যন্ত তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।কিন্তু পুলিশ তাঁকে ধরতে এগিয়ে যেতেই ফের ছুরি নিয়ে হামলা চালান নাবিল। এই ঘটনায় স্পেশাল স্টাফের আরও চার জন কনস্টেবল আহত হন। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, মোট আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। তার মধ্যে ছটি গুলি নাবিলের দুই পায়ে লাগে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করানো হয়।এই ঘটনায় মোট নজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের চিকিৎসা চলছে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। বাকি পাঁচ জনকে স্যর গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অস্ত্রোপচার হয়েছে। এক জনের আঘাত গুরুতর। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে।পুলিশ জানিয়েছে, নাবিল মানসিক ভাবে সুস্থ। তবে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কেন তিনি থানার ভিতরে ঢুকে পুলিশকর্মীদের উপর এমন হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। ২০২২ সালে দরিয়াগঞ্জ থানায় মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রেখা পাত্রের পর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক! তড়িঘড়ি কলকাতায় স্থানান্তর, কী হয়েছে

রাজ্যের আরও এক বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল বিজেপি বিধায়ক হেমন্ত বাগকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।অসুস্থ বোধ করায় প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল হেমন্তকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। সেই মতো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের উদ্যোগেই অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগের বিজেপি বিধায়ককে।জানা গিয়েছে, বর্তমানে হেমন্ত বাগের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। তাঁর ব্যথা কিছুটা কমেছে। তবে কী কারণে এই ব্যথা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণ খুঁজে বের করতে একাধিক পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়কের চিকিৎসায় যেন কোনও রকম খামতি না থাকে।অন্য দিকে, রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক রেখা পাত্রও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার বিকেলে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। আপাতত ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের ফুসফুসে লালারস ঢুকে যাওয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। ফলে আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই বিজেপি বিধায়কের অসুস্থতার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। হেমন্ত বাগের শারীরিক অবস্থার কারণ জানতে পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। অন্য দিকে, রেখা পাত্রের শারীরিক অবস্থার আরও উন্নতির দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর পরিবার ও দলের নেতারা।

নভেম্বর ২৩, ২০২৬
বিদেশ

বাংলাদেশে এবার ইউনুসের গ্রামীণ ব্যাঙ্কে হামলা! ১০০টি শাখায় অগ্নিসংযোগের অভিযোগ, দায় কার?

বাংলাদেশে অশান্তি যেন কিছুতেই থামছে না। শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তার পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বার সেই অশান্তির আঁচ এসে পড়ল ইউনুসের সঙ্গে যুক্ত গ্রামীণ ব্যাঙ্কেও। অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মী-সমর্থক হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানান মহম্মদ ইউনুস। তাঁর দাবি, গ্রামীণ ব্যাঙ্কের শাখাগুলিতে হামলা চালানোর সময় হামলাকারীদের জয় বাংলা স্লোগান দিতে শোনা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইউনুস জানিয়েছেন, গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই মহিলা। ব্যাঙ্কের ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি।তবে গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন ইউনুস। তাঁর বক্তব্য, ব্যাঙ্কের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক বাংলাদেশ সরকার। ফলে ব্যাঙ্কটির পরিচালনার দায়িত্ব তাঁর হাতে নেই।উল্লেখ্য, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইউনুসকে। তার পর থেকে ওই ব্যাঙ্কের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনুস। তাঁর অভিযোগ, গ্রামীণ ব্যাঙ্কে হামলার সময় ব্যাঙ্কের আধিকারিক এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুধু গ্রামীণ ব্যাঙ্ক নয়, দেশের বিভিন্ন জায়গায় আরও হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি।ইউনুসের বিবৃতি অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিন সাংসদের বাড়ি এবং তিনটি থানায় হামলার অভিযোগও তুলেছেন তিনি।সব মিলিয়ে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন করে হিংসার অভিযোগ সামনে এসেছে। গ্রামীণ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের একাধিক শাখায় হামলার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে। কারা এই হামলার পিছনে রয়েছে এবং কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রাজ্যজুড়ে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন, এবার মিলবে নিরামিষ খাবারও! কোথায় শুরু হচ্ছে প্রথম?

রাজ্যে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে এই ক্যান্টিনের সংখ্যা বেড়ে হবে ১,০০০। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জনবহুল এলাকাতেও চালু হবে এই ক্যান্টিন। হাসপাতাল, আদালত, সরকারি দফতর, বাসস্ট্যান্ড, জেটিঘাট, বড় বাজার এবং গুরুত্বপূর্ণ যাতায়াতের জায়গাগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এ বার থেকে মা আহার ক্যান্টিনে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও পাওয়া যাবে। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় ৫০০টি মা আহার ক্যান্টিন চলছে। সেখানে মাত্র ৫ টাকায় খাবার পান সাধারণ মানুষ। এই প্রকল্পে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দ করে সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এ বার আরও ৫০০টি ক্যান্টিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুযোগও বাড়বে।মা আহার ক্যান্টিনের খাবারের তালিকাতেও নতুন সংযোজন হতে চলেছে। এত দিন এই ক্যান্টিনে মাছ ও ডিম-সহ খাবারের ব্যবস্থা ছিল। এ বার তার পাশাপাশি পাওয়া যাবে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, বারাসত থেকে প্রথম এই ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে, এমন জায়গা থেকেও সাত্ত্বিক খাবারের দাবি উঠেছে। তাই বর্তমান খাবারের ব্যবস্থা বন্ধ না করে অতিরিক্ত বিকল্প হিসেবে নিরামিষ খাবার চালু করা হবে। এই ব্যবস্থার জন্য অর্থ দফতর থেকে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত দিন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, খাবার, মশলা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সবলা মেলার আয়োজন করা হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই মেলার নতুন নাম হয়েছে গৌরী মেলা। এ বার সেই মেলাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে শুধু রাজ্য বা জেলা স্তরে নয়, ব্লক স্তরেও গৌরী মেলার আয়োজন করা হবে। এর ফলে গ্রামের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক সাহায্য নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে। যাচাইয়ের কাজ শেষ করে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ছোট প্রকল্পও চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এ বছর নিউটাউনের মেলা মাঠে গৌরী মেলায় মোট ২৬০টি স্টল তৈরি করা হয়েছে। মেলার আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ বারই প্রথম একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও এই মেলায় অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে নিউটাউনের এই মেলা।এর পর বুধবার কোচবিহারের রাসমেলা মাঠে গৌরী মেলার উদ্বোধন করা হবে। সেখানেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের হাতে তৈরি বড়ি, আচার-সহ বিভিন্ন খাবার ও হস্তশিল্প কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।সব মিলিয়ে, মা আহার ক্যান্টিনের সংখ্যা বাড়ানো, সাত্ত্বিক খাবারের ব্যবস্থা এবং গৌরী মেলাকে ব্লক স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

সরকারি চাকরির আবেদনে আর দিতে হবে না টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন কারা?

সরকারি চাকরির আবেদন করতে আর দিতে হবে না কোনও টাকা। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য যে ফি দিতে হত, তা পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছেন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।মুখ্যমন্ত্রী জানান, এত দিন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের ফি সবচেয়ে বেশি। অন্য দিকে, পুলিশ নিয়োগের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এ বার থেকে আর সেই টাকা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি-র পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। রাজ্য সরকারই সেই খরচ বহন করবে।শুধু আবেদন ফি মকুব নয়, এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, স্বাস্থ্য-সহ রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তির ভিত্তিতেও নিয়োগ হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য মোট এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে নতুন করে নিয়োগ শুরু হবে। বেকারত্ব কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সরকারের যুক্তি ছিল, আগের সরকারের আমলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন। সেই সমস্যা মেটাতেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ বি পদের ক্ষেত্রে তা ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি পদের ক্ষেত্রে ৪৫ বছর।এ বার সরকারি চাকরির আবেদন ফি পুরোপুরি মকুবের ঘোষণায় চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুবিধা তৈরি হল। নিয়োগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় আবেদন করার আর্থিক চাপও কমাতে চাইছে রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত কবে থেকে এবং কোন কোন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

নভেম্বর ২৩, ২০২৬
দেশ

বাংলায় মমতা-সিপিএম জোট হবে? জল্পনার মাঝেই বড় কথা জানালেন এম এ বেবি!

বিজেপিকে রুখতে জাতীয় স্তরে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। সেই জোটে রয়েছে বাম, কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল। কিন্তু জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও বাংলায় কি একই ছবি দেখা যাবে? বিজেপিকে হারাতে কি এ রাজ্যেও হাত মেলাবে তৃণমূল ও সিপিএম? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি জোটে যাবে বামেরা? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই জল্পনার মাঝেই মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলায় বিজেপি বিরোধী সব দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই লড়াইয়ে কে লাল, কে নীল, তা বিচার করা হবে না বলেও জানিয়েছিলেন মমতা। অন্য দিকে, বাংলায় অতীতে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছে সিপিএম। তাদের মূল লক্ষ্য ছিল তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো।তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দলের কর্মীদের উপর হামলা, খুন এবং ঘরছাড়া করার অভিযোগ বারবার তুলেছে সিপিএম। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনও করেছে তারা। দলের তরুণ নেতানেত্রী দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য এবং শতরূপ ঘোষও বিভিন্ন সময়ে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন।এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি হাত মেলাবে সিপিএম? তেমনটা হলে দলের কর্মী-সমর্থকদের কাছে কী বার্তা যাবে? সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতাই বা কতটা থাকবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের অংশ হলেও বিভিন্ন রাজ্যে বাম ও কংগ্রেসের সমীকরণ এক নয়। কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করে। আবার জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে তারা একজোট। তা হলে বাংলায় তৃণমূলের সঙ্গে সিপিএমের সম্পর্ক কোন পথে এগোবে?এই প্রশ্নের জবাবে এম এ বেবি স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় জোটের সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্বই। তিনি বলেন, আরএসএস-বিজেপিকে হটাতেই জাতীয় স্তরে ইন্ডিয়া জোট। কেরলে কংগ্রেস ও সিপিএম পরস্পরের প্রতিপক্ষ। কিন্তু জাতীয় স্তরে তারা সহযোগী। তাই বাংলায় কী হবে, তা ঠিক করবেন রাজ্য নেতৃত্বই।অন্য দিকে, এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য অবশ্য আলাদা। তিনি বলেন, ওরা সব ডুবন্ত নৌকার মতো। রোজ নিজেদের অবস্থান বদলায়। ওদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই।সব মিলিয়ে, বাংলায় বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল ও সিপিএমের মধ্যে কোনও সমঝোতা হবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের হাতেই ছেড়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ফলে আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৩, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - তৃতীয় পর্ব

মৎসদেশের মহারাজ বিরাট নিজের সিংহাসনে বিরাজমান, এখনো পর্যন্ত মোট চারজন তার রাজদরবারে নিযুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। একজন সুদর্শন ব্যক্তি প্রথমে এসে নিজের পরিচয় দিয়েছেন অঙ্কন নামে, তিনি নাকি পাশা খেলায় পারদর্শী আর কে না জানে মহারাজ বিরাট পাশা খেলায় তীব্র আসক্ত।কিছুক্ষন পরেই আরো একজন ব্যক্তি এলেন আর নিজের পরিচয় দিলেন তন্ত্রীপাল বলে, তিনি নাকি গো রক্ষক ছিলেন ইন্দ্রপ্রস্থ্যর গোশালায়। এনার পরে জিনিস এলেন তাকে নিঃসন্দেহে এই ভূভারতের সবচেয়ে সুদর্শন ব্যক্তিগত বলা চলে আর ইনি কিনা নিজেকে পরিচয় দিলেন গ্রন্থিক বলে আর কাজ চাইলেন মহারাজের অশ্বসালায়। গ্রন্থিক যখন রাজসভায় পদার্পন করে নিজের পরিচয় দিচ্ছিলেন তখন অন্দরমহলের নারীরাও পর্দার আড়ালে উপস্থিত হয়ে চাক্ষুস করছিলেন এই পুরুষকে। মহামন্ত্রী বলেও বসলেন, তোমায় দেখে মনে হয়না এই কাজ তোমার পেশা। তখন গ্রন্থিক বলেন, মহামন্ত্রী, আজ পর্যন্ত আমি যেখানেই উপস্থিত হয়েছি সেখানেই এই একই কথা শুনেছি তবে বিশ্বাসযোগ্য নাহলেও এটাই সত্যি যে মহারাজ যুধিষ্টিরের পতনের পর এই অধমের কপালে চরম দুর্যোগ নেমে এসেছে।গ্রন্থিক বিদায় নেওয়ার পরেই সেখানে উপস্থিত হন সৈরিণী, এক অপরূপ নারী। চোখ যেন পদ্মফুল আর শরীরে অগ্নিদেবের তেজ। সেই নারী নিজেকে পরিচয় দিলেন মহারানী দ্রৌপদীর পরিচারিকা হিসাবে কিন্তু মহারাজের প্রধান সেনাপতির এই কথা বিশ্বাস হলোনা, এতক্ষন তিনি সৈরিণীর রূপে এতটাই ডুবে গেছেন যে এই নারীকে না পেলে তার জীবন বৃথা মনে হচ্ছে, সৈরিণীর উদ্দেশ্যে তিনি বললেন, তুমি দ্রৌপদীর পরিচারিকা ছিলে কিনা সে বিষয়ে আমি সন্দীহান কারণ রূপ রসে তুমি কোনোদিক থেকেই দ্রৌপদীর থেকে কম নও। সৈরিণী বুঝলেন সেনাপতি কিচকের অভিসন্ধি কিন্তু এই মুহূর্তে এই কাজের বড্ড দরকার তার। মহারাজ তাকে মহারানী সুদেষ্ণার পরিচারিকা রূপে নিযুক্ত করলেন।এরপর যিনি এলেন তিনি যেন এক পাহাড়সমান লম্বা এবং শরীর দেখলে যেকোনো বীরের বুকে কম্পন সৃষ্টি হতে পারে আর এই ব্যক্তি এসে দাবি করলেন তিনি নাকি অসাধারণ রাঁধতে পারেন। কথাটা সত্য কিনা জানতে তৎক্ষণাৎ মহারাজ তাকে প্রমান দিতে বললেন আর নিয়ে গেলেন রন্ধনসালায়। বল্লভও প্রমান দিলেন তার হাতের জাদু, মহারাজ তখনই তাকে রন্ধনসালায় প্রধান ঠাকুর হিসাবে নিযুক্ত করলেন।এর কিছুক্ষন পর সভায় এসে উপস্থিত হলেন যিনি তাকে দেখে সকলে বেশ অবাক হলেন। শরীর একজন বীরপুরুষের ন্যায়, চোখের তেজ দেখলে মনে হয় এক দুর্নিবার যোদ্ধা কিন্তু পরনের পোশাক নারীদের ন্যায়, এমনকি কণ্ঠস্বরও নারীদের মতন, তিনি নিজেকে পরিচয় দিলেন বৃহন্নলা হিসাবে আর প্রার্থনা করলেন কুমারী উত্তরার নৃত্য গুরু হওয়ার। মহারাজ বহুদিন যাবৎ একজন গুরুর সন্ধান করছিলেন বটে কিন্তু সে এভাবে হাজির হবে তিনি ভাবেন নি। নিজের কৌতূহল চাপতে না পেরে তিনি বললেন, বৃহন্নলা, তোমার মতো ব্যক্তিদের এই কাজ না করে যুদ্ধে যাওয়া উচিত, তুমি তোমার বাহুবলে জিতে নিতে পারো যেকোনো যুদ্ধ। বৃহন্নলা, মহারাজ, যুদ্ধের প্রতি আমার কোনো টান নেই তবে প্রয়োজনে অস্ত্র তুলতেও আমার কোনো আপত্তি নেই তবে আপাতত আমার এই কাজের খুব দরকার। কৃপা করে এই অধমকে সাহায্য করুন। মহারাজ বিরাট, ঠিক আছে তবে তাই হোক, আজ থেকে রাজকুমারী উত্তরা আর তার সখীদের নৃত্যগুরু হয়েই তুমি থাকো নাহয়। বৃহন্নলা এভাবেই প্রবেশ করলেন রাজপ্রাসাদের অন্ধরমহলে, পরিচয় হলো তার এক রাজকুমারী উত্তরার সাথে। রাজকুমারী উত্তরা যখন নিজের গুরু বৃহন্নলাকে প্রণাম করছিলেন তখন নিজের অজান্তেই কেমন যেন ভাবুক হয়ে উঠেছিলেন বৃহন্নলা। সেইদিন রাতে সৈরিণীর সাথে আলাপ হয় তার আর সৈরিণী বৃহন্নলার প্রতি সন্দেহের চোখে তাকান, তার দৃষ্টি এটা বলে দেয় যে তিনি মোটেও সন্তুষ্ট নন যে বৃহন্নলা সারাদিন নারীবেষ্ঠিত হয়ে থাকবেন এরপর থেকে।তবে বৃহন্নলা সৈরিনিকে বলেন, রাজকুমারী উত্তরাকে দেখে আজ বড্ড মনে পড়ছে আমার শিশু সন্তানের কথা, সেও আজ এতটাই বড়ো হয়ে গেছে হয়তো। দ্বারকায় নিজের মামার কাছে ভালোই আছে আশা করি, তাকে দেখতে বড্ড মন চায়। সে এখন কেমন হবে বলে মনে হয় সৈরিণী? সৈরিণী বৃহন্নলার এই স্বভাবের ব্যাপারে অবগত। দুনিয়া তাকে যেভাবেই চিনুক সৈরিণী চেনে তার এই প্রেমিক পুরুষকে যার মন যথেষ্টই কোমল। সৈরিণী জবাব দেয়, মাধব যার উপর ছত্রছায়া হয়ে রয়েছেন সে অবশ্যই বড়ো বীর।বৃহন্নলা সস্নেহে জড়িয়ে ধরেন সৈরিনিকে।দ্বারকা নগরী: এক অষ্টদশী যুবক একে একে ঘায়েল করে চলেছেন বিশালকার মোল্লযোদ্ধাদের। তার তীরের নিখুঁত নিশানায় চূর্ণ হয়ে চলেছে প্রতিপক্ষের সমস্ত অস্ত্র। একসময় একটা তীর গিয়ে মহামহিম বলরামের হাত থেকেও তার গদা ফেলে দেয়। মহামহিম বলরাম ক্রধিত হওয়ার পরিবর্তে গর্বিত বোধ করেন আর বলেন, মামা শ্রী কৃষ্ণের পরম শিষ্য এতো বড়ো ধনুর্ধারি হয়ে উঠেছে যে আর এক মামার হাত থেকে গদা ফেলে দিতে পারে। বড়ো যোদ্ধা হও ভাগ্নে এই আশীর্বাদ করি তোমায়। বাসুদেব শ্রী কৃষ্ণও এসে উপস্থিত হলেন নিজের ভাগ্নের কীর্তি দেখতে সাথে ভগিনী সুভদ্রা। সামনে তখনও ধনুক হাতে দাঁড়িয়ে অর্জুনপুত্র অভিমুন্য, সকলকে প্রমান জানালেন।শ্রী কৃষ্ণ সুভদ্রাকে বললেন, অর্জুনের প্রতিভা আর তোমার গুনের মিশ্রনে অভিমুন্য এক অজেয় যোদ্ধা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অভিমুন্যর নাম। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

এখনও জ্ঞান ফেরেনি রেখা পাত্রের, ভেন্টিলেশনে রেখেই চলছে চিকিৎসা, কী বলছে হাসপাতাল?

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। এখনও বিপদমুক্ত নন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকালের পর থেকে তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে এখনও পর্যন্ত উন্নতির কোনও লক্ষণও দেখা যায়নি। ফলে উদ্বেগ কাটছে না চিকিৎসকদের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রের সিটি স্ক্যান করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর ফুসফুসে বিষাক্ত লালারস ও জলীয় পদার্থ জমা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে ফুসফুসের সমস্যা আরও বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অচেতন থাকায় তিনি নিজে থেকে লালারস গিলতে পারছেন না। সেই লালারসই ফুসফুসে ঢুকে যাচ্ছে। তাঁর শ্বাসকষ্ট রয়েছে। ফুসফুস ঠিক ভাবে কাজ করছে কি না, তা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা।শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের উদ্যোগে প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় স্থানান্তরিত করা হয় বিজেপি বিধায়ককে। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মস্তিষ্কেও অসুস্থতার প্রভাব পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।সব মিলিয়ে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়া কিছুটা স্বস্তি দিলেও রেখা পাত্রের বিপদ এখনও কাটেনি। কবে তাঁর জ্ঞান ফিরবে এবং কখন শারীরিক অবস্থার উন্নতি হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

নভেম্বর ২৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal