জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?
টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

