• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Vijoy Hazare Trophy

খেলার দুনিয়া

Vijoy Hazare Trophy: ‌শেষ ম্যাচে কর্ণাটককে হারিয়েও বিজয় হাজারে থেকে বিদায় বাংলার

আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়ে লাইফ লাইন পেয়েছিল বাংলা। এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল গ্রুপ লিগের শেষ ম্যাচে কর্ণাটককে হারালে নক আউটের ছাড়পত্র মিলবে। অঙ্কও একটা ছিল। সেক্ষেত্রে বরোদার বিরুদ্ধে তামিলনাডুকে এবং পন্ডিচেরীর বিরুদ্ধে মুম্বইকে জিততে হবে। বাংলা জিতলেও বাকি দুটি অঙ্ক মিলল না। বরোদার কাছে তামিলনাডুর হার বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগ থেকেই ছিটকে দিল বাংলাকে। কর্ণাটককে ৪ উইকেটে হারিয়েও শেষরক্ষা হল না। এলিট গ্রুপ বিতে ১২ পয়েন্টে শেষ করল তামিলনাডু, কর্ণাটক, বাংলা ও পন্ডিচেরী। যদি দুটি দল ১২ পয়েন্টে শেষ করত, তাহলে মুখোমুখি ফলাফলের ভিত্তিতে ঠিক হত কোন দল নক আউটে যাবে। কিন্তু ৪টি দল ১২ পয়েন্টে শেষ করায় নেট রান রেট দেখা হয়েছে। নেট রান রেটে সবার ওপরে রয়েছে তামিলনাডু (+১.০৫২)। দ্বিতীয় স্থানে কর্ণাটক (+০.৭৮৯), তৃতীয় স্থানে বাংলা (-০.২৩৫), চতুর্থ স্থানে পন্ডিচেরী (-১.৩৬০)। ফলে এই গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে তামিলনাডু ও কর্ণাটক নক আউটের টিকিট পেয়েছে।নক আউটে যাওয়ার জন্য বাংলা ও কর্ণাটকের কাছে এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কর্ণাটক অধিনায়ক মণীশ পাণ্ডে। শুরুটা তেমন আহামরি হয়নি কর্ণাটকের। ১০.১ ওভারে ৩৫ রানের মধ্যেই ২ উইকেট হারায়। দশম ওভারে রবিকুমার সমর্থকে (১৭) তুলে নিয়ে কর্ণাটককে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। পরের ওভারেই কৃষ্ণমূর্তি সিদ্ধার্থকে (১) ফেরার ঋত্ত্বিক চ্যাটার্জি। এরপর রোহন কদম ও অধিনায়ক মণীশ পাণ্ডের জুটি কর্ণাটককে টেনে নিয়ে যায়। ৫৫ বলে ৩৭ রান করে আউট হন রোহন কদম। তাঁকে ফেরান ঋত্ত্বিক চ্যাটার্জি। দলে ১৬১ রানের মাথায় আউট হন মণীশ পাণ্ডে। ৮৫ বলে তিনি করেন ৯০। করুণ নায়ার ২৫ রান করেন। ২৯ বলে অপরাজিত ৩৭ রান করে প্রবীন দুবে কর্ণাটককে ২৫২/৮ রানে পৌঁছে দেন।ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলা। ৭ ওভারেই ৫০ রানে পৌঁছে যায়। এরপরই ধাক্কা। ফিরে যান রনজ্যোৎ সিং খাইরা (৭)। আগের ম্যাচে সেঞ্চুরি করা অনুষ্টুপ মজুমদার (৮) ব্যর্থ। ৪৮ বলে ৫৮ রান করে আউট হন অভিষেক দাস। এরপর বাংলাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক সুদীপ চ্যাটার্জি ও ঋত্ত্বিক রায় চৌধুরি। ৫৬ বলে ৬৩ রান করে কারিয়াপ্পার বলে আউট হন সুদীপ। ৬২ বলে ৪৯ রান করেন ঋত্ত্বিক রায় চৌধুরি। ২৬ বলে ২২ রান করেন শুভঙ্কর বল। বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শাহবাজ আমেদ (অপরাজিত ২৬) ও ঋত্ত্বিক চ্যাটার্জি (অপরাজিত ১০)। ৪৮.৩ ওভারে ২৫৩/৬ তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। জিতেও অবশ্য নক আউটের ছাড়পত্র এল না।

ডিসেম্বর ১৪, ২০২১
খেলার দুনিয়া

Vijoy Hazare Trophy : ‌‌‌‌মুম্বইকে হারিয়ে বিজয় হাজারের নক আউটের লাইফ লাইন পেল বাংলা

বাংলার টিম ম্যানেজমেন্ট যতই তারুণ্যকে প্রাধান্য দিতে চায় না কেন, অভিজ্ঞতার যে বিকল্প নেই প্রমাণ হয়ে গেল। তামিলনাডুর বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার জন্য ডুবতে হয়েছিল বাংলাকে। মুম্বইয়ের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে সেই অভিজ্ঞতার দ্বারস্থ হতে হল টিম ম্যানেজমেন্টকে। প্রথম একাদশে ফেরানো হল অনুষ্টুপ মজুমদারকে। তাঁর দুরন্ত ব্যাটিং বিজয় হাজারে ট্রফিতে লাইফ লাইন দিল বাংলাকে। ভিজেডি নিয়মে মুম্বইকে ৬৭ রানে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলা। শেষ ম্যাচে কর্ণাটককে বড় ব্যবধানে হারালে পরের রাউন্ডের টিকিট মিলতেও পারে সুদীপ চ্যাটার্জিদের। তবে অনেক অঙ্কের সামনে পড়তে হবে বাংলাকে।রবিবার বাংলামুম্বই ম্যাচ দুই দলের কাছেই ছিল ডু অর ডাই। যে দল হারবে, প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। এই পরিস্থিতিতে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় মুম্বই। মরণবাঁচন ম্যাচে বেশ কয়েকটা পরিবর্তন করেছিল বাংলা। শ্রীবৎস গোস্বামীকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। তাঁর পরিবর্তে দলে আসেন শুভঙ্কর বল। কাইফ আমেদ, সুমন্ত গুপ্তর বদলে প্রথম একাদশে অনুষ্টুপ মজুমদার ও রনজোৎ সিং খৈরা। এতদিন তাঁকে বসিয়ে রেখে টিম ম্যানেজমেন্ট যে ভুল করেছিল, প্রমাণ করে দিলেন অনুষ্টুপ মজুমদার।শ্রীবৎসর পরিবর্তে এদিন অভিষেক দাসের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সুদীপ চ্যাটার্জি। ব্যাটিং অর্ডার বদলেও ছন্দে ফিরতে পারলেন না বাংলার অধিনায়ক। ৫ রান করে মোহিত অবস্তির বলে বোল্ড হন সুদীপ। এরপর ব্যাট হাতে বাইশ গজে আবির্ভাব অনুষ্টুপ মজুমদারের। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন দুজনেই। ১০ ওভারেই ৮০ রানে পৌঁছে যায় বাংলা। এরপর আবার ধাক্কা। ৩৬ বলে ৩৮ রান করে আউট হন অভিষেক। ব্যাটিং অর্ডারে এগিয়ে আসা ঋত্ত্বিক রায় চৌধুরি (৪) ব্যর্থ। শাহবাজ আমেদকে সঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যান অনুষ্টুপ। ৫২ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। ৩৫.৫ ওভারে ২০০ রানে পৌঁছে যায় বাংলা। ১১০ বলে সেঞ্চুরি করেন অনুষ্টুপ। শেষ পর্যন্ত ১২২ বলে ১১০ রান করে আউট হন তিনি। শাহবাজের সঙ্গে জুটিতে তোলেন ১২৯। এই জুটিই বাংলার বড় রানের ভিত গড়ে দেয়।অনুষ্টুপ আউট হওয়ার পর ঋত্ত্বিক চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যান শাহবাজ। ৯৫ বলে ১০০ রান পূর্ণ করেন তিনি। মোহিত অবস্তিকে ৬ মেরে পরের বলেই আউট হন শাহবাজ (১০৬)। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৮ রান তোলে বাংলা। ২৭ বলে ৩৩ রান করেন ঋত্ত্বিক চ্যাটার্জি।জয়ের জন্য ৩১৯ রানের লক্ষ্য সহজ ছিল না মুম্বইয়ের সামনে। মুম্বইয়ের ব্যাটিংও তেমন শক্তিশালী নয়। একমাত্র ভরসা সূর্যকুমার যাদব। কিন্তু মুম্বই ব্যাটিংয়ের এই স্তম্ভ ভাল শুরু করেও শেষরক্ষা করতে পারেননি। ৩৪ বলে ৪৯ রান করে তিনি প্রদীপ্ত প্রামানিকের বলে স্টাম্পড হন। তার আগেই আউট হন যশস্বী জয়সোয়াল (১৯) ও আকারশীট গোয়েল (৩৩)। আরমান জাফর করেন ৪৭। ৪১ ওভারে মুম্বই ৮ উইকেটে ২২৩ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ভিজেডি নিয়মে ৬৭ রানে জেতে বাংলা। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামানিক ৩৩ রানে ৩ উইকেট নেন।

ডিসেম্বর ১২, ২০২১
খেলার দুনিয়া

Vijoy Hazare Trophy: ‌‌তামিলনাডুর কাছে বিধ্বস্ত, বিজয় হাজারেতে অস্তিত্ব সংকটে বাংলা

সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় ব্যর্থতা। কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হযেছিল বাংলাকে। বিজয় হাজারে ট্রফিতে তো আরও খারাপ অবস্থা। গ্রুপ পর্যায়ের বাধা টপকানোই অসম্ভব হয়ে পড়েছে বাংলার কাছে। শনিবার তামিলনাডুর কাছে অস্তিত্ব সংকটে বাংলা। দীনেশ কার্তিকদের কাছে ১৪৬ রানে বিধ্বস্ত হলেন সুদীপ চ্যাটার্জিরা। তরুণ ক্রিকেটারদের নিয়ে সাফল্যের যে স্বপ্ন দেখেছিল বাংলার টিম ম্যানেজমেন্ট, এককথায় সেই স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল। একদিন আগেই পুদুচেরির কাছে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে হারের ধাক্কা বাংলা যে কাটিয়ে উঠতে পারেনি, তা পরিস্কার। তাছাড়া প্রথম দুটি ম্যাচে বাংলাকে তেমন কঠিন প্রতিপক্ষর সামনে পড়তে হয়নি। তামিলনাডুর মতো শক্ত প্রতিপক্ষর মুখে পড়ে বাংলার ক্রিকেটের অন্তঃসারশূন্যতা প্রকট হয়ে উঠল। বোঝা গেল বাংলার ক্রিকেট যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে।ত্রিবান্দমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে এদিন টসে জিতে তামিলনাডুকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জি। শুরুটা ভাল হয়নি তামিলনাডুর। বাংলার দুই জোরে বোলার মুকেশ কুমার ও আকাশ দীপের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে সেভাবে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি তামিলনাডুর দুই ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক নারায়ন জগদেশন। নবম ওভারের দ্বিতীয় বলে সুদর্শনকে (১২) বোল্ড করেন মুকেশ কুমার। পরের বলেই তুলে নেন ওয়াশিংটন সুন্দরকে (০)। পরপর দুবলে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তামিলনাডু। ৫০ রান আসে ১৬ ওভারে। এক ওভার পরেই অধিনায়ক নারায়ন জগদেশনকে (৩১) তুলে নেন শাহবাজ আমেদ। এইসময় মনে হচ্ছিল তামিলনাডুর পক্ষে বড় রান তোলা কঠিন হয়ে যাবে। কিন্তু রুখে দাঁড়ান বাবা ইন্দ্রজিৎ ও দীনেশ কার্তিক। তাঁদের ১০৫ রানের জুটি চাপমুক্ত করে তামিলনাডুকে। ৭৩ বলে ৬৪ রান করে প্রদীপ্ত প্রামানিকের বলে শ্রীবৎসর হাতে ক্যাচ দেন বাবা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ আউট হলেও মনঃসংযোগ হারাননি দীনেশ কার্তিক। দলকে টেনে নিয়ে যান এই অভিজ্ঞ উইকেটকিপারব্যাটার। শেষ পর্যন্ত ৯৫ বলে ৮৭ রান করে আকাশ দীপের বলে শ্রীবৎসর হাতে ক্যাচ দেন কার্তিক। এরপর গ্রিনফিল্ড স্টেডিয়ামের বাইশ গজে ঝড় তোলেন জগদীশন কৌশিক ও শাহরুখ খান। এই দুজনের ঝড়ে উড়ে যান মুকেশ কুমার, আকাশ দীপরা। শেষ ৭ ওভারে তামিলনাডু তোলে ৯৭ রান। ৩১ বলে ৫০ রান করেন কৌশিক। শাহরুখ ১২ বলে করেন ৩২। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান তোলে তামিলনাডু। মুকেশ কুমার ৭১ রানে ও আকাশ দীপ ৬৪ রানে ৩টি করে উইকেট নেন। সামনে বড় রানের লক্ষ্য দেখে চাপে পড়ে যায় বাংলা। তার ওপর দ্বিতীয় ওভারেই ধাক্কা খায়। রঘুপতি সিলাম্বরসনের বলে আউট হন শ্রীবৎস গোস্বামী (১)। অভিষেক দাস ও তিন নম্বরে নামা ঋত্ত্বিক চ্যাটার্জি বাংলাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ১১.২ ওবারে আউট হন অভিষেক (৩০)। পরের ওভারেই ফেরেন ঋত্ত্বিক (১৬)। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় আর ম্যাচে ফিরতে পারেনি বাংলা। সুদীপ চ্যাটার্জি (১৫), কাইফ আমেদ (১০), ঋত্ত্বিক রায় চৌধুরি (১২), শাহবাজ আমেদরা (৫) ব্যর্থ। সুমন্ত গুপ্ত (২৫) ও প্রদীপ্ত প্রামানিক (২৮) কিছুটা লড়াই করেন। ৩৯.১ ওভারে ১৪৯ রাননে গুটিয়ে যায় বাংলার ইনিংস। রঘুপতি সিলাম্বরসন ২৮ রানে ৪ উইকেট নেন। ৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে তামিলনাডু। ৩ ম্যাচে কর্ণাটকের পয়েন্ট ৮, বাংলার ৪। বাংলাকে পরের দুটি ম্যাচে খেলতে হবে মুম্বই ও কর্ণাটকের বিরুদ্ধে।

ডিসেম্বর ১১, ২০২১
খেলার দুনিয়া

Vijoy Hazare Trophy: ‌‌পুদুচেরীর বিরুদ্ধে সহজ ম্যাচে বাংলার পথে কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি

বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই শক্তিশালী বরোদার বিরুদ্ধে দুর্দান্ত জয়। বাংলা শিবিরের আশা ছিল দ্বিতীয় ম্যাচে পুদুচেরীকে হারিয়ে লিগ টেবিলে এগিয়ে যাওয়া। স্বপ্নপূরণ হল না সুদীপ চ্যাটার্জির। বাংলার পথে কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি। বড় রান তুলেও জয় অধরা থেকে গেল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলার পরাজয় ৮ রানে। বরোদার বিরুদ্ধে বাংলার ম্যাচ ছিল গ্রীনফিল্ড স্টেডিয়ামে। এদিন পুদুচেরী ম্যাচ ছিল মঙ্গলাপূরমে। উইকেট একেবারে অজানা। কেমন আচরণ করবে সে সম্পর্কে কোনও ধারণা ছিল না বাংলা শিবিরের কাছে। তাই টস জিতে ঝুঁকি নেননি বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জি। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ম্যাচে রান পাওয়া অভিষেক দাস এদিন ব্যর্থ। মাত্র ৮ রান করে তিনি আউট হন। কাইফ আমেদও (০) এদিন রান পাননি। শ্রীবৎস গোস্বামী (৪৫) অবশ্য প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন। একের পর এক উইকেট পড়লেও তিনি একপ্রান্ত ধরে রেখেছিলেন। সুদীপ চ্যাটার্জি (২৭), ঋত্ত্বিক রায় চৌধুরিরা (৩২) দ্রুত ফিরে যান। একসময় ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলা। সেখান থেকে শাহবাজ আমেদের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান সুমন্ত গুপ্ত (২২)। শেষদিকে ঝড় তোলেন শাহবাজ। ৮টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে তিনি ৬০ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর দাপটে ৫০ ওভারে ২৬৪/৮ রানে পৌঁছে যায় বাংলা। বড় ইনিংস গড়লেও ভাগ্য এদিন বাংলার সহায় ছিল না। তৃতীয় ওভারেই পুদুচেরীর প্রথম উইকেট তুলে নেন মুকেশ কুমার। ফেরান অধিনায়ক দামোদরন রোহিতকে (০)। একাদশতম ওভারে অপর ওপেনার রামচন্দ্রন রঘুপতিকে (১৫) তুলে নেন শাহবাজ আআমেদ। এরপর দলকে টেনে নিয়ে যান পবন দেশপান্ডে (অপরাজিত ৬২) ও পরশ ডোগরা (অপরাজিত ৪১)। ৩০ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। তখন পুদুচেরীর রান ছিল ২ উইকেটে ১৩২। পরে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় আর খেলা শুরু করা যায়নি। সেই সময় ডাকওয়ার্থ ও লুইস নিয়মে পুদুচেরীর সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১২৫। ৮ রানে ম্যাচ জিতে যায় পুদুচেরী।

ডিসেম্বর ০৯, ২০২১
খেলার দুনিয়া

Vijoy Bazare Trophy : ‌বরোদাকে ২৮ রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করল বাংলা

সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার ব্যর্থতা কাটিয়ে বিজয় হাজারে ট্রফিতে দারুণ শুরু করল বাংলা। প্রথম ম্যাচে বরোদাকে হারাল ২৮ রানে। বাংলার জয়ে মুখ্য ভুমিকা নিলেন বোলাররা। ত্রিবান্দ্রমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান বরোদা অধিনায়ক কেদার দেবধর। শুরুটা ভাল হয়নি বাংলার। প্রথম ওভারেই মেরিওয়ালার বলে লেগ বিফোর হন শ্রীবৎস গোস্বামী (০)। স্কোর বোর্ডে কোনও রান ওঠার আগেই শ্রীবৎস ফিরে যাওয়ায় সতর্কভাবে ব্যাট করতে থাকেন অন্য ওপেনার অভিষেক দাস ও তিন নম্বরে নামা অধিনায়ক সুদীপ চ্যাটার্জি। ১২.৫ ওভারে ৫০ রান পূর্ণ হয় বাংলার। এরপর আবার ধাক্কা বাংলা শিবিরে। ১৫ নম্বর ওভারের শেষ বলে অতীত শেঠের বলে ভার্গব ভাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন সুদীপ চ্যাটার্জি। ৪০ বলে তিনি করেন ১৪। এরপর বাংলাকে টেনে নিয়ে যান অভিষেক দাস ও কাইফ আমেদ। ৯০ বলে ৬২ রান রান করে ক্রূণাল পান্ডিয়ার বলে প্রত্যুষ কুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক। বাংলার রান তখন ৩০.৫ ওভারে ১১৫। সুমন্ত গুপ্ত (১৬) বড় রান পাননি।মিডল অর্ডারে ঝড় তোলেন ঋত্ত্বিক রায় চৌধুরি। ৩৬ বলে ৪৮ রান করে তিনি আউট হন। লোয়ার অর্ডারের ব্যর্থতায় বড় ইনিংস গড়তে পারেনি বাংলা। ৪৯.৪ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। শাহবাজ আমেদ (৫), ঋত্ত্বিক চ্যাটার্জি (২), আকাশ দীপ (০), গীত পুরিরা (০) রান পাননি। বরোদার হয়ে অতীত শেঠ ৬২ রানে ৪টি ও লুকমান মেরিওয়ালা ৩৩ রানে ৩ উইকেট নেন। ক্রূণাল পান্ডিয়া ৩৪ রানে ২ উইকেট পান।জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বরোদাও শুরুতে ধাক্কা খায়। দ্বিতীয় ওভারেই ফিরে যান শ্বাশত রাওয়াত (০)। আকাশ দীপের বলে তিনি উইকেটের পেছনে শ্রীবৎসর হাতে ক্যাচ দেন। এরপর কেদার দেবধর ও প্রত্যুষ কুমার বরোদাকে টেনে নিয়ে যান। দুজনে মিলে জুটিতে তোলেন ৭৪। কেদারকে (৩৫) তুলে নিয়ে জুটি ভাঙেন ঋত্ত্বিক চ্যাটার্জি। ১ ওভার পরেই ফেরান প্রত্যুষকে (৩৮)। বিষ্ণু সোলাঙ্কি (১০) রান আউট হতেই রান তোলার গতি কমে যায় বরোদার। একসময় ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বরোদা। ক্রূণাল পান্ডিয়া ও কার্তিক কাকাদে দলকে ম্যাচে ফেরান। এই জুটি বরোদাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কাকাদেকে (২৮) তুলে নিয়ে জুটি ভাঙেন মুকেশ কুমার। পরের ওভারেই ক্রূণাল পান্ডিয়াকে ফেরান (৩৯) শাহবাজ আমেদ। তখনই জয়ের আশা শেষ হয়ে যায় বরোদার। ৪৮.২ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় বরোদার ইনিংস। বাংলার হয়ে আকাশ দীপ ৩৯ রানে ৩টি, মুকেশ কুমার ৪১ রানে ২টি, ঋত্ত্বিক চ্যাটার্জি ৩২ রানে ২টি ও শাহবাজ আমেদ ৪৮ রানে ২টি উইকেট নেন।

ডিসেম্বর ০৮, ২০২১
খেলার দুনিয়া

Vijoy Hazare Trophy: ‌হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে বাংলা?‌ বিজয় হাজারেতে সামনে বরোদা

সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতা ঘিরে স্বপ্ন দেখেছিল বাংলা। ভাল পারফরমেন্স আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। গ্রুপ লিগে দুর্দান্ত পারফরমেন্স করে শীর্ষে থেকে পৌঁছে গিয়েছিল নক আউটে। কিন্তু কোয়ার্টার ফাইনালে শেষরক্ষা হয়নি। দুর্দান্ত লড়াই করেও কর্ণাটকের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে। তবে হতাশা কাটিয়ে বিজয় হাজারে ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা। এলিট বি গ্রুপের প্রথম ম্যাচে বাংলার সামনে বরোদা। বিজয় হাজারে প্রতিযোগিতার দল গঠনে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিয়েছে বাংলা। দলে ফেরানো হয়েছে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় সুযোগ না পাওয়া অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামীদের। যদিও ঋদ্ধিমান সাহার না থাকাটা বাংলার কাছে বড় ধাক্কা। বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, সুদীপ চ্যাটার্জিদের অভিজ্ঞতার ওপর ভরসা করেছেন বাংলার হেড কোচ অরুণলাল। বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে তিনি বলেন, দীর্ঘদিন পর আমরা এই ফরম্যাটে খেলতে নামছি। ভাল প্রস্তুতি হয়েছে। দলেও দারুণ ভারসাম্য রয়েছে। তরুণদের পাশাপাশি অনুষ্টুপ, সুদীপ, শ্রীবৎসদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শ্রীবৎস গোস্বামী, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞদের বাইরে রেখেই দল গড়েছিল বাংলা। অভিজ্ঞতার অভাবে বাংলাকে ডুবতে হয়েছিল। সৈয়দ মুস্তাক আলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার অনুষ্টুপদের ফেরানো হয়েছে। মাঠে নিয়েও চিন্তা রয়েছে বাংলা শিবিরে। ত্রিবান্দমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে বরোদার বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। দীর্ঘদিন এই স্টেডিয়ামে কোনও ম্যাচ হয়নি। ফলে স্টেডিয়ামের বাইশ গজ কেমন আচরণ করবে, সে ব্যাপারে কোনও ধারণা নেই বাংলা শিবিরের। অরুণলাল বাইশ গজ সম্পর্কে বলেন, দীর্ঘদিন এই মাঠে খেলা হয়নি। উইকেট কেমন হবে তা বুজতে পারছি না। দেখে ভাল মনে হয়েছে। তবে কেমন আচরণ করবে সেটাই দেখার।দীর্ঘদিন পর ৫০ ওভারের ম্যাচ খেলতে নামলেও চিন্তিত নয় বাংলা শিবির। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, দলের সব ক্রিকেটার দারুণ ফোকাসড। আমরা ত্রিবান্দ্রমে আসার আগে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৫টা প্রস্তুতি ম্যাচ খেলেছি। দল দারুণ তৈরি। ভাল প্রস্তুতির জন্য ম্যাচ প্র্যাকটিসের কোনও বিকল্প হয় না। বরোদাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সৌরাশিস। তিনি বলেন, হার্দিক পান্ডিয়া না থাকলেও বরোদা যথেষ্ট শক্তিশালী দল। ক্রূণাল পান্ডিয়াসহ আরও ভাল ভাল ক্রিকেটার রয়েছে। আশা করছি ভাল লড়াই হবে।

ডিসেম্বর ০৭, ২০২১

ট্রেন্ডিং

দেশ

পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘূর্ণিঝড়ের জেরে বদলে গেল ট্রেনের সময়, বাতিল একাধিক এক্সপ্রেস

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে নাগাড়ে বৃষ্টি। দুর্যোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী বন্দে ভারত, পুরী-হাওড়া বন্দে ভারত, বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, পুরী-বাংরিপোশি এক্সপ্রেস এবং জলেশ্বর-পুরী মেমু।এ ছাড়াও বাতিল করা হয়েছে টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। ফলে পুরী ও ওড়িশার বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।শুধু ট্রেন বাতিলই নয়, একটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান এবং সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।এ দিকে সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে। সমুদ্রের ধারে চলছে কড়া নজরদারি ও মাইক প্রচার।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পুরীতে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।২১ নভেম্বর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূল এলাকায় সতর্কতা জারি রয়েছে।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

আরও বাড়বে বৃষ্টি! কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা, বড় পদক্ষেপ পুরসভার

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে। একটানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝেই আগাম সতর্ক কলকাতা পুরসভা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শহরের একাধিক এলাকায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। শহরের কোথাও জল জমছে কি না, নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, কিংবা কোনও বিপর্যয় ঘটছে কি না, সব দিকেই নজর রাখা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় বুধবার কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক করেন আধিকারিকেরা। রাস্তা, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বার করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের ঢাকনা খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।নিকাশি নালায় যাতে আবর্জনা জমে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাফাইকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুরসভা। অন্য দিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কোথাও সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসনের।

নভেম্বর ১৯, ২০২৬
টুকিটাকি

ডিজিটাল ডিটক্স আসলে কী? কিভাবে করবেন অভ্যাস? ফিরিয়ে আনুন নিজের জন্য সময়

ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত হাতে স্মার্টফোন! সোশ্যাল মিডিয়া, মেসেজ আর নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে যাচ্ছে নিজের সময়। মানসিক চাপ কমাতে ও মনোযোগ বাড়াতে কাজে আসতে পারে ডিজিটাল ডিটক্স।সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ মোবাইল দেখা। সারাদিন কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা ভিডিও দেখা। রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোন হাতছাড়া হয় না। অজান্তেই স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ দখল করে নিয়েছে। এই অভ্যাস থেকে সাময়িক বিরতি নেওয়ার নামই ডিজিটাল ডিটক্স।ডিজিটাল ডিটক্স আসলে কী?ডিজিটাল ডিটক্স হল নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা। এর উদ্দেশ্য প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনে মনোযোগ বাড়ানো।সপ্তাহে একদিন ফোন থেকে দূরে থাকবেন কেন?দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে অনেকের ঘুমের সময় কমে যায়, মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অকারণে সোশ্যাল মিডিয়া দেখার অভ্যাস তৈরি হয়। সপ্তাহে অন্তত একদিন ফোন থেকে দূরে থাকলে নিজের পছন্দের কাজে সময় দেওয়া সম্ভব। বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বাগান করা কিংবা বাইরে হাঁটতে যাওয়াএমন অভ্যাস মানসিকভাবে সতেজ থাকতে সাহায্য করতে পারে।কীভাবে শুরু করবেন ডিজিটাল ডিটক্স?১. সপ্তাহের একটি দিন বা নির্দিষ্ট কয়েক ঘণ্টা ফোন ব্যবহার বন্ধ রাখুন।২. অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।৩. খাওয়ার সময় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখুন।৪. ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন সরিয়ে রাখার চেষ্টা করুন।৫. অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বই পড়া, শরীরচর্চা বা পছন্দের কোনও শখে মন দিন।মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ। তাই প্রযুক্তি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং তার ব্যবহার নিয়ন্ত্রণ করাই ডিজিটাল ডিটক্সের আসল উদ্দেশ্য। সপ্তাহে একদিনের ছোট্ট বিরতিই আপনাকে নিজের জন্য কিছুটা সময় খুঁজে পেতে সাহায্য করতে পারে।

নভেম্বর ১৯, ২০২৬
নিবন্ধ

আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে অচেনা যুবকের সুরে মুগ্ধ বিশ্ব, কে ছিলেন তিনি?

সুরের সীমানা ভেঙে এক বিশ্বনাগরিক সলিল চৌধুরীলোকসুর, পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত আর মানুষের জীবনের কথায় যিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র সংগীতভুবনবাংলা তথা হিন্দি চলচ্চিত্রের সংগীতের ইতিহাসে সলিল চৌধুরী এমন এক নাম, যাঁকে কোনও একটি ভাষা, কোনও একটি ঘরানা কিংবা কোনও একটি সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না। তিনি ছিলেন সুরকার, গীতিকার, গল্পকার, চিত্রনাট্যকার, কবি এবং এক অসাধারণ সংগীত-পরীক্ষক। তাঁর সুরে কখনও মিশেছে বাংলার মাটির গন্ধ, কখনও অসমের লোকসংগীত, আবার কখনও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের জটিল অর্কেস্ট্রেশন।১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্ম। আজ তাঁর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে ফিরে দেখা যাক এমন এক শিল্পীকে, যাঁর সংগীতের ভাষা ছিল আন্তর্জাতিক, অথচ অনুভূতির শিকড় ছিল একেবারে মাটির কাছাকাছি।সংগীতের ভিত গড়ে উঠেছিল শৈশবেইসলিল চৌধুরীর সংগীতজীবনের সূচনা কোনও প্রথাগত সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে নয়, বরং পারিবারিক পরিবেশে। অসমের চা-বাগান অঞ্চলে তাঁর শৈশব কেটেছিল। তাঁর বাবা চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরীর সংগ্রহে ছিল ভারতীয় ও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের বহু রেকর্ড।ছোটবেলা থেকেই তিনি শুনতেন মোৎসার্ট, বিটোফেন, চাইকোভস্কি, শোপাঁর মতো বিশ্বখ্যাত সুরকারদের সৃষ্টি। অন্যদিকে চা-বাগানের শ্রমিকদের গান, অসমের লোকসংগীত এবং বাংলার গ্রামীণ সুরও তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।বাঁশি, হারমোনিয়াম, এসরাজ, বেহালা ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্রের প্রতি তাঁর ছিল স্বাভাবিক আকর্ষণ। বিশেষ করে সংগীতের কাঠামো বোঝার এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে একত্রে ব্যবহার করার অসাধারণ ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।পাশ্চাত্য সংগীতের সঙ্গে ভারতীয় সুরের মেলবন্ধনসলিল চৌধুরীর সংগীতের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য ও প্রাচ্যের সুরকে একসূত্রে বাঁধার অসাধারণ দক্ষতা। তিনি পাশ্চাত্য সংগীতের অন্ধ অনুকরণ করেননি। বরং তার হারমনি, কাউন্টার মেলোডি, অর্কেস্ট্রেশন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারকে ভারতীয় সুরের আবহে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন, যা আগে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সংগীতে খুব একটা দেখা যায়নি।তাঁর সংগীতে মোৎসার্টের প্রভাব যেমন স্পষ্ট, তেমনই রয়েছে হাঙ্গেরীয় লোকসুর, রুশ সংগীত এবং লাতিন আমেরিকার ছন্দের অনুষঙ্গ।১৯৬১ সালের হিন্দি ছবি ছায়ার ইতনা না মুঝসে তু পেয়ার বাড়া গানটির কথাই ধরা যাক। মোৎসার্টের ৪০তম সিম্ফনির সুরের অনুপ্রেরণায় তৈরি এই গানটি ভারতীয় চলচ্চিত্র সংগীতে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের এক অনন্য উদাহরণ।আবার মধুমতীর দিল তড়প তড়প কে গানে শোনা যায় হাঙ্গেরীয় লোকসুরের প্রভাব। কাবুলিওয়ালার অ্যায় মেরে প্যারে ওয়তন গানে ফুটে উঠেছে এক ভিন্ন সাংগীতিক আবহ।তাঁর সংগীতে মূল সুরের পাশাপাশি অন্য বাদ্যযন্ত্রের চলমান সুরও সমান গুরুত্ব পেত। একে বলা হয় কাউন্টার মেলোডি। ফলে গান শুনতে শুনতে শ্রোতা যেন একাধিক সুরের আলাদা আলাদা গল্প আবিষ্কার করতে পারতেন। আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে এক বিস্ময়কর ঘটনাসলিল চৌধুরীর জীবনের একটি ঘটনা তাঁর অসাধারণ বহুমুখী সংগীতপ্রতিভার পরিচয় দেয়।১৯৫৮ সাল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকানে প্রবেশ করলেন সাধারণ পোশাক পরা এক ভারতীয় যুবক। দোকানের কর্মী ক্রিস্টিনা প্রথমে তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর ধারণা হয়েছিল, আর পাঁচজন কৌতূহলী ক্রেতার মতোই হয়তো এই যুবকও বাদ্যযন্ত্র দেখতে এসেছেন।যুবকটি দোকানে রাখা বিভিন্ন সেতার দেখলেন। কিন্তু কোনওটিই তাঁর পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত দোকানের অনেক উঁচু তাকে রাখা একটি অত্যন্ত দামি ও বিশেষ ধরনের সেতারের দিকে তাঁর নজর পড়ল। তিনি সেটি নামিয়ে বাজিয়ে দেখতে চাইলেন।প্রথমে কর্মী ক্রিস্টিনা আপত্তি জানালেও দোকানের মালিক ডেভিড বার্নার্ডের অনুমতিতে শেষ পর্যন্ত সেতারটি নামানো হল।যন্ত্রটির তারে সুর বাঁধতে বাঁধতে যুবকটি জানালেন, দোকানে যেটিকে বস সেতার বলা হচ্ছে, ভারতীয় সংগীতের পরিভাষায় সেটি সুরবাহার।এরপর শুরু হল তাঁর বাজনা।কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে এবং বাইরে মানুষের ভিড় জমে গেল। তাঁর বাজনায় মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সংগীতপ্রেমীরা। দোকানের মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এসে জানালেন, এমন অসাধারণ বাজনা তিনি আগে কেবল পণ্ডিত রবিশঙ্করের পরিবেশনায় শুনেছেন।তিনি যুবকটির পরিচয় জানতে চাইলেন। যুবকটি জানালেন, তিনি যন্ত্রটি কিনতে চান। কিন্তু তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে দোকানের মালিক সেটি তাঁকে উপহার দিতে চাইলেন।এখানেই শেষ নয়। দোকানের কর্মী ক্রিস্টিনা আবেগাপ্লুত হয়ে নিজের একটি ডলারের নোট এগিয়ে দিয়ে তাঁর অটোগ্রাফ চাইলেন। সেই নোটে সই করে নিজের নাম লিখে দিলেন যুবকটি।নামটি ছিল সলিল চৌধুরী।এই ঘটনার আরও একটি সুন্দর পরিণতি রয়েছে। সেই সুরবাহার পরবর্তীকালে তাঁর সংগীতসৃষ্টিতে ব্যবহৃত হয়। ১৯৫৮ সালে তৈরি হয় না যেয়ো না, রজনী এখনও বাকি....। সেই গানে ইন্টারলুডে বাজানো সেতারের সুর সেই সেতাররেই। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ। পরবর্তী সময়ে গানটির হিন্দি সংস্করণও তৈরি হয়।একজন ভারতীয় সংগীতকারের প্রতিভা কীভাবে বিদেশের মাটিতেও মানুষকে মুগ্ধ করতে পারে, এই ঘটনাটি তারই এক স্মরণীয় উদাহরণ। গণসংগীত থেকে চলচ্চিত্রের রোমান্টিক সুরসলিল চৌধুরীর সংগীতজীবন শুধু চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে শুরু হয়নি। ১৯৪০-এর দশকে তিনি যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-র সঙ্গে। সেই সময় তাঁর কলম ও সুরে উঠে এসেছিল সাধারণ মানুষের বঞ্চনা, কৃষকের সংগ্রাম, দুর্ভিক্ষ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।হেই সামালো ধান হো, বিচারপতি তোমার বিচার করবে যারা, ঢেউ উঠছে কারা টুটছে এই গানগুলি শুধুমাত্র সংগীত ছিল না, ছিল সময়ের প্রতিবাদী ভাষা।১৯৫৩ সালে বিমল রায়ের দো বিঘা জমিন ছবির সংগীত পরিচালনার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর যাত্রা নতুন মাত্রা পায়। এরপর মধুমতী, কাবুলিওয়ালা, ছায়া, আনন্দ, মেরে আপনে, রজনীগন্ধা এবং ছোটি সি বাত-এর মতো ছবিতে তিনি সৃষ্টি করেছেন একের পর এক স্মরণীয় সুর।বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান সমান গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে তাঁর অসংখ্য আধুনিক বাংলা গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।তাঁর সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, কিশোর কুমার, মহম্মদ রফি-সহ ভারতীয় সংগীতের বহু কিংবদন্তি শিল্পী। সুরের কোনও সীমানা হয় নাসলিল চৌধুরী ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সংগীত আজও জীবন্ত। বাংলা, হিন্দি, মালয়ালম-সহ একাধিক ভারতীয় ভাষার চলচ্চিত্রে তাঁর সৃষ্টির বিস্তার প্রমাণ করে, সংগীতের কোনও ভাষাগত সীমানা নেই।তাঁর কাছে সংগীত ছিল একদিকে মানুষের প্রতিবাদের হাতিয়ার, অন্যদিকে হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশের মাধ্যম।তিনি দেখিয়েছিলেন, মোৎসার্টের সিম্ফনি, অসমের চা-বাগানের লোকসুর, বাংলার মাটির গান এবং ভারতীয় রাগসংগীত সবকিছুই একই সুরের সংসারে সহাবস্থান করতে পারে।তাই সলিল চৌধুরীকে শুধু একজন সুরকার বললে তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি ছিলেন এমন এক সংগীত-স্থপতি, যিনি ভারতীয় চলচ্চিত্রের সুরের ভাষাকে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।তাঁর সুরে সময় থেমে থাকে না, বরং প্রতিটি প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসে।তথ্যসূত্র1. আনন্দবাজার পত্রিকা অটোগ্রাফ দিলেন ডলারের উপর2. Sangeet Natak Akademi Salil Chowdhury.3. ThePrint Salil Chowdhury: So much more than a Hindi-Bengali film music composer.4. The Tribune Dharti Kahe Pukar Ke

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ দুর্যোগের আশঙ্কা বাড়ছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ নজরে রয়েছে পর্যটনকেন্দ্র পুরী। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল, শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গোপালপুরের আশপাশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রকাশিত IMD-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিকেল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র গোপালপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। পুরী-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রেও পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে।এমন পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রসৈকতে না যাওয়ার এবং সমুদ্রে স্নান বা জলক্রীড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী ও গঞ্জাম জেলার নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় নিচু উপকূলবর্তী এলাকায় প্রায় ০.৫ থেকে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল বাড়ি, কাঁচা ঘর এবং সমুদ্রের কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।সব মিলিয়ে শুক্রবার পুরী-সহ দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারাতে পারে বলে পূর্বাভাস। তবে তার আগে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং সমুদ্রের উত্তাল পরিস্থিতি নিয়ে সতর্ক থাকছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
রাজ্য

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দীঘায় দুর্যোগের আশঙ্কা, সকাল থেকেই বৃষ্টি, সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা, মন্দারমণি-সহ বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় আকাশের মুখ ভার। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি গোপালপুরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে সরাসরি দীঘায় আছড়ে পড়ার পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দীঘায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা ছিলই। সমুদ্র উত্তালও হয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই দীঘা সৈকতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দীঘার পর্যটন ও উপকূলবর্তী জনজীবনে সতর্কতার আবহ তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

দেশের মাটিতে শুরু এশিয়ায় হকির সেরার লড়াই, শিরোপা জয়ের লক্ষ্যে বিরাট চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের

ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই হকি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার সেরা মহিলা হকি দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে প্রতিটি দল।ভারতীয় মহিলা হকি দলের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল।এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলি শিরোপার লড়াইয়ে রয়েছে। প্রতিটি ম্যাচেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ, রক্ষণ এবং পেনাল্টি কর্নারের দক্ষতার উপর নির্ভর করবে দলগুলির সাফল্য।ভারতীয় মহিলা হকি দল সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারতীয় সমর্থকদের আশা, নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি জয় করবে দেশের মহিলা হকি দল। এখন দেখার বিষয়, প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলে ভারত শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে।এশিয়ান হকির মঞ্চে ভারতের এই অভিযান নিঃসন্দেহে দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর সমুদ্রে ভয়াবহ ঢেউ, সৈকতে লাল পতাকা! ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ নয়, ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। গতকাল সকাল থেকেই পুরীতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আজ থেকে পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। পরের দিন সকাল থেকে জগন্নাথধাম পুরীতে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা লাগানো হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।পর্যটকেরা যাতে কোনও ভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে না যান, তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন লাইফগার্ড ও প্রশাসনের কর্মীরা। পুরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং সৈকতে সতর্ক রয়েছেন দমকলকর্মীরাও। যে কোনও জরুরি পরিস্থিতি বা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে তাঁদের।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পুরী শহরের গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি জগন্নাথ মন্দিরে দর্শন এবং মন্দির পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।অন্য দিকে, ওড়িশা উপকূলের পাশাপাশি দিঘার কাছে তালসারি থানা এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। মাইক প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সচেতন করছেন প্রশাসনের কর্মীরা। মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরে যেতে এবং কোনও ভাবেই সমুদ্রে না নামতে বলা হচ্ছে।

নভেম্বর ১৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal