• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, রবিবার ২২ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Vice Chancellor

রাজ্য

শোভনদেবকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাওয়ায় ফের আলোচনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কখনও তৃণমূলের মন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রনাম আবার কখনও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য....। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির আয়োজিত রক্তদান শিবিরেও ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তিনি। অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতি প্রণাম জানানোর প্রসঙ্গ তুলতেই শুরু হয় নতুন বিতর্ক।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য জানান, দীর্ঘদিন ধরেই তিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সম্পর্কে শুনে আসছেন, কিন্তু কখনও কাছ থেকে সাক্ষাতের সুযোগ হয়নি। সেই আবেগ থেকেই তিনি প্রকাশ্যে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে চান বলে জানান। বক্তব্য থামিয়ে তিনি এগিয়ে যেতেই মুহূর্তে পরিস্থিতি ঘুরে যায়।উপাচার্যের সৌজন্যমূলক উদ্যোগের জবাবে শোভনদেব চট্টোপাধ্যায় নিজেই এগিয়ে এসে তাঁর হাত ধরে ফেলেন। মন্ত্রী বলেন, তাঁর পরিবারে বহু শিক্ষক রয়েছেনস্ত্রী, পুত্রবধূ থেকে শুরু করে প্রয়াত বাবাও শিক্ষক ছিলেন। সেই কারণে তিনি শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল। পায়ে হাত না দিয়ে হাতজোড় করেই প্রণাম জানানো যায় বলেও তিনি উল্লেখ করেন। শেষ পর্যন্ত মন্ত্রীর কথাতেই উপাচার্য হাতজোড় করে প্রণাম করেন এবং শোভনদেবও একইভাবে সৌজন্য প্রদর্শন করেন।তবে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য শঙ্করকুমার নাথ। এক অনুষ্ঠানে ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে করা মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই সময় সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর জীবনে মা, স্ত্রী ও কন্যার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।এছাড়াও তাঁর কার্যকালে বিশ্ববিদ্যালয়ের ফর্মে ধর্মের উল্লেখ, সাংবাদিকদের নিয়ে করা মন্তব্য, রাজ্য সরকারের মনোনীত রেজিস্ট্রারকে অপসারণ, শাসকদলের বিধায়কের প্রশংসা কিংবা বিশ্ববিদ্যালয় চত্বরে গণেশ পুজোর আয়োজনপ্রতিটি বিষয়ই কমবেশি বিতর্ক তৈরি করেছে।সব মিলিয়ে মঙ্গলবারের এই প্রণাম-প্রসঙ্গ নতুন করে উপাচার্যের ভূমিকা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। বিতর্কের তালিকায় আরও একটি অধ্যায় যোগ হলো বলেই মনে করছেন অনেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ তৃণমূলের বিশেষ পদাধিকারিকেরা।

ডিসেম্বর ১৭, ২০২৫
রাজ্য

বিশ্বভারতীর যুগান্তকারী সিদ্ধান্ত, ফের পুরনো নিয়মে ফিরছে রবি ঠাকুরের প্রতিষ্ঠান

কোভিড কাল থেকে অবরুদ্ধ ছিল রবি ঠাকুরের বিশ্বভারতী। তবে এবার সেই অবরুদ্ধ দ্বার খুলে যেতে চলল। এবার থেকে পর্যটকরা আশ্রম ক্যাম্পাসে ঘুরতে পারবেন। নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ শান্তি নিকেতনে কাজে যোগ দিয়ে এমন নির্দেশ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন অচলায়তনের বিরুদ্ধে। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। তা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছিল। আপাতত সেই বিতর্ক মিটতে চলেছে। অবরুদ্ধ দরজা ভেঙে চুরমার হয়ে গেল। এই সিদ্ধান্তে খুশি প্রবীন আশ্রমিকরা। প্রবীণ আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিয় ঠাকুররা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সুবীর বন্দ্যোপাধ্যায় বলেছেন, বর্তমান উপাচার্য এবং আমি একই এগ্রিকালচারাল কলেজের ছাত্র। তিনি আমার থেকে দশ বছরের জুনিয়র। খুব ভালো লাগছে, তিনি এই কথা বলেছেন। পর্যটনকে এই হেরিটেজ সাইটের সঙ্গে যুক্ত করতে হবে। পাঁচিল দিয়ে অবরুদ্ধ করা সহজ। কিন্তু রবীন্দ্র ভাবনার উন্মুক্ত পরিবেশ বজায় রাখা কঠিন। ছাত্রদের যেমন এখানে রবীন্দ্র স্টাডিজ পড়তে হয়। কিন্তু যারা এখানে বাইরে থেকে পড়াতে আসেন, তাদেরকে পড়তে হয় না। একথা প্রাক্তন উপাচার্য সুজিত বসুকে বলেছিলাম। সব থেকে যেটা দরকার উপযুক্ত পরিকাঠামো। পর্যটকদের জন্য পার্কিং ব্যবস্থা, বাথরুম। কোথায় পার্কিং হবে, কোথায় হবে না তার নোটিশ দরকার। নোংরা হবে বলে, কাউকে ঢুকতে দেব না, তালা মেরে দেব, এটা সহজ কথা। হেরিটেজ সাইট মানুষকে দেখতে দিতে হবে। ৬ বছর পর পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর সমস্ত এলাকা। তাতে বিভিন্ন মহলে খুশির হাওয়া। গত ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এই হেরিটেজ তকমা রক্ষা করতে অতি সতর্ক বিশ্বভারতী এতদিন পর্যটক থেকে সংবাদ মাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছিল। এবার সবার জন্য আশ্রমের দরজা উন্মুক্ত হলো। তবে নিরাপত্তার বিষয়টি যথাযথ থাকবে।শুক্রবার শান্তি নিকেতন, আ ইউ নেসকো ওয়ার্লড হেরিটেজ সাইট, ট্যুরিজম বিষয়ে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এদিন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, একটি পরিকল্পনা করে হেরিটেজ সাইটের সঙ্গে ট্যুরিজম লিংক আপ করা হবে। অবশ্যই নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। তবে রবীন্দ্র ভাবনা তাঁর আদর্শ এবং স্থান ঐতিহ্যকে মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরতে আশ্রম উন্মুক্ত করা হবে। গত পরশু জয়েন করে আমি জানিয়ে দিয়েছি। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি বা অতীতের মতো যে তিনি চলবেন না, তাঁর প্রথম সিদ্ধান্তে তিনি তা বুঝিয়ে দিলেন। স্বাভাবিক ভাবে বিশ্বভারতী তার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। বিশ্বভারতীর দ্বার উন্মুক্ত হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছে শিক্ষানুরাগীরা। পাশাপাশি পর্যটন শিল্প বৃদ্ধি পাবে।

মার্চ ২১, ২০২৫
রাজ্য

স্থায়ী উপাচার্য নিয়োগ বিশ্বভারতীতে, পড়াশুনা ও কেরিয়ার কেমন ছিল প্রবীর কুমার ঘোষের?

বিশ্বভারতীর নতুন উপাচার্য পদে বসলেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে সাংবাদিক উপাচার্য বলেন, আচার্য এবং শিক্ষা মন্ত্রক যে আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালন করব। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা কি ভাবে এগিয়ে নিয়ে আসা যায় সেটা দেখতে হবে। তাছাড়া এখানে এগ্রিকালচার নিয়ে খুব ভালো কাজ হচ্ছে। রবীন্দ্র ভাবনায় তা এগিয়ে চলেছে। শুরুতে ৬ টি গ্ৰাম দত্তক নেওয়া হয়। এখন সেটি ৬৫তে পৌঁছেছে। উল্লেখ্য, ১৫ মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নতুন স্থায়ী উপাচার্জ কৃষি বিজ্ঞানী প্রবীর কুমার ঘোষের দিকে তাকিয়ে শান্তিনিকেতন। গত বছরের অগাস্ট থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক বিনয় কুমার সরেন। প্রবীর কুমার ঘোষ তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন। পাঁচ বছরের জন্য বিশ্বভারতীর উপাচার্য হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি। প্রবীর কুমার ঘোষ ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বভারতীর ছাত্র ছিলেন। ৪ দশক পরে একই বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য পদে ফিরছেন। ৬৩ বছর বয়সের প্রবীর কুমার ঘোষের জন্ম মুর্শিদাবাদের কুমারপুরে। ভগীরথপুর হাইস্কুল এবং ডোমকল বিটি হাইস্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এবং তারপর উত্তরাখণ্ডের পন্তনগরের জিবি পন্ত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ছত্তিশগড়ের রায়পুরে আইসিএআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্টের ডিরেক্টর পদে ছিলেন। তার আগে ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সেস এবং কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডালস রিসার্চ-এ কাজ করেছেন।

মার্চ ২০, ২০২৫
রাজ্য

রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে তৎপর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, থানায় তলব বিদ্যুৎ চক্রবর্তীকে

২৪ ঘন্টা হয়েছে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। কবিগুরুর বিশ্বভারতীর গড়িমা ধরে রাখার আহ্বান জানালেন সকলকে। এদিকে এদিন মেয়াদ শেষের পরই প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তলব করল শান্তিনিকেতন থানা। ৬টি মামলার প্রেক্ষিতে তাঁকে ডাকা হয়েছে। ১০ নভেম্বরের পর থেকে বিদ্যুৎবাবুকে ক্রমান্বয়ে হাজিরা দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। তিনি বলেন, বিশ্বভারতীর সমস্ত সমস্যার সমাধান জানতে চেয়ে আমি মন্ত্রকে চিঠি পাঠিয়েছি। তারা জানালেই আমি পদক্ষেপ করব। তবে আমার সর্বস্তরের মানুষের কাছে আবেদন যে শান্তিনিকেতনের ঐতিহ্য, সংস্কৃতি সকলকেই ধরে রাখতে হবে৷ বিশ্ব ঐতিহ্যের তকমা ধরে রাখতে কোনও রকম বিশৃঙ্খলা কাম্য নয়৷ সঞ্জয়বাবু জানিয়েছেন, ভারপ্রাপ্ত উপাচার্যের কী কাজ, কতটা এক্তিয়ার সেগুলো তাঁর জানা নেই৷ এসব জানাতে চেয়ে তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি দিয়েছেন।উপাচার্য বলেছেন, ভারপ্রাপ্ত উপাচার্য হওয়ায় আমার কাজ স্থায়ী উপাচার্য যাতে দ্রুত আসতে পারেন তার পথ প্রশস্ত করে দেওয়া। এ জন্য ইসি ও বিশ্ববিদ্যালয়ের কোর্টের সভা ডাকতে হয়। আপাতত সেটাই করা আমার মূল লক্ষ্য।ফলক বিতর্কে উত্তাল বিশ্বভারতী। সেই ফলক বাতিলের কী নির্দেশ দেবেন বর্তমান উপাচার্য? সঞ্জয়বাবুর জবাব, আমি কোনও নির্দেশ বা পদক্ষেপ করতে পারি কিনা সেটা আমি এখনও জানি না। তাই আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে আমার এক্তিয়ার জানানো হোক, তারপরই আমি কী করণীয় তা বলতে পারব।নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির জমি থেকে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রীকে নিশানা- একাধিক কারণে তাঁর নানা পদক্ষেপের জেরে বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বভারতীয় প্রাক্তন উপাচার্য। উপাচার্যে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে নবান্নের সঙ্গে দূরত্ব ক্রমেই বেড়েছে বিশ্বভারতীয়। সেই ব্যবধান কমাতে কী পদক্ষেপ করবেন বর্তমান উপাচার্য? ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব যাতে কমে ও বিশ্বভারতী যাতে সঠিক পথে চলে সেটাই তিনি করবেন। পৌষমেলার আয়োজন করার চেষ্টা তিনি যে করবেন, তার ইঙ্গিতও দিয়েছেন উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক।বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ, মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে। এখনও তিনি সরকারি বাসভবনেই রয়েছেন। এদিন শান্তিনিকেতন থানার মহিলা অফিসারের নেতৃত্বে পুলিশ যায় বিদ্যুৎবাবুর বাসভবনে৷ জানা গিয়েছে, ৬টি পৃথক মামলায় তাঁকে নোটিস দিয়ে শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে। ১০ নভেম্বর থেকে পর পর হাজিরার তারিখ দেওয়া হয়েছে তাঁকে।

নভেম্বর ০৯, ২০২৩
রাজ্য

উপাচার্য নিয়োগে জটিলতা কাটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের, গঠন করা হবে সার্চ কমিটি

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চরমে চলছে। এরইমধ্যে অস্থায়ী উপাচার্য নিয়োগে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নবান্ন। রাজ্য সরকারের যুক্তি, আনন্দ বোস যে পদ্ধতিতে উপাচার্য নিয়োগ করেছেন তা আইনসম্মত নয়। রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এককভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। এদিন ছিল সেই মামলার শুনানি। নির্দেশে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য শীর্ষ আদালতই সার্চ কমিটি গঠন করে দেবে। সেই সার্চ কমিটিতে কাদের সদস্য করা হবে সে ব্যাপারে রাজ্য সরকার, রাজ্যপাল এবং ইউজিসি-কে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৩ থেকে ৫ জনের নাম পাঠাতে হবে। সেই সুপারিশ করা নামের মধ্যে থেকে ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করবে। যে কমিটি স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সুপারিশ করবে।সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। অর্থাৎ তিনি অ্যাপয়ন্টিং অথরিটি। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। কারণ, রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটি নেই।এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর।শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, রাজ্য-রাজ্যপালের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আদালত তার মধ্যে ঢুকতে চায় না। আদালত স্থায়ী উপাচার্য নিয়োগের লক্ষ্যে শুধু পদক্ষেপ করবে।

সেপ্টেম্বর ১৫, ২০২৩
রাজনীতি

উনি (রাজ্যপাল!) ছোটো ছোটো পুতুল নিয়ে খেলছেন: ব্রাত্য বসু

শুক্রবার বিকালে বিকাশ ভবনে রাজ্যের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টারদের নিয়ে বৈঠক করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিকাশ ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন ১২টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টাররা। ছিলেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, কাজী নজরুল, মহাত্মা গান্ধী, নেতাজি ওপেন, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, যাদবপুর, পঞ্চানন বার্মা, ডায়মন্ড হারবার, কন্যাশ্রী, কল্যাণী ইউনিভার্সিটির প্রতিনিধিরা।ব্রাত্য বসু বলেন, রেজিস্টারদের সঙ্গে রুটিন বৈঠক করেছি। এর আগেও ভিসিদের বৈঠক সঙ্গে করেছি। ইউনিভার্সিটিতে কি কি সমস্যা আর কিকি প্রয়োজন। আর পড়াশোনা কেমন চলছে? সেই নিয়েই মূলত বৈঠক।রাজ্যপালে ভূমিকা প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, উনি ছোট ছোট পুতুল নিয়ে খেলছেন। যারা পুতুল হয়ে থাকতে চান তাদের বলবো একাডেমীর কথা ভাবুন। রাজ্য যে সম্মান দিচ্ছে সেটা ভাবুন। আপনারা কালকে যোগী নন। উচ্চ শিক্ষাকে নষ্ট করে দিয়ে যায় এই খেলায় কেন আপনারা সামিল হবেন। উনি বাংলার শ্রেষ্ঠত্ব ভাঙতে চাইছেন। মমতা ব্যানার্জি যতদিন আছেন এই মেরুদন্ড উনি ভাঙতে পারবেন না।আজ গোয়ালিয়র ঘাটে রাজ্যপালের সঙ্গে যে অন্তর্বর্তীকালীন উপাচার্যরা ছিলেন তাদের বলব একবার ভেবে দেখুন, আপনারা কিন্তু কালকা যোগী নন। পুতুল নাচের ইতিকথা কবে শেষ হবে জানি না। বলেন শিক্ষামন্ত্রী।রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। যার বিরোধিতা করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীর কথায়, উনি বলতে চান উনি নিজে যাঁদের নিয়োগ দিয়েছেন। তাঁরা ধোয়া তুলসী পাতা বাকি সব অসৎ। মুখ্যমন্ত্রী কিন্তু অর্থনৈতিক অবরোধের কথা বলেছেন , কোনও অধ্যাপকের বেতন বন্ধ হবে বলে জানাননি। সিপিএম এমন হলে হয়তো সন্তোষ দত্তের মত সমস্ত উপাচার্যকে বাড়ি থেকে কাজ করতে হতো কিন্তু আমরা তা করছি না তবে ধৈর্যের একটা সীমা আছে।

সেপ্টেম্বর ০৮, ২০২৩
রাজ্য

কেন্দ্রীয় বিশ্ববিদ্যলয়ের কার্যকলাপ নিয়ে তোপ বিজেপি'র কেন্দ্রীয় সম্পাদকের, আশ্রমিকদের সাথে দেখা করে চাপে রাখলেন উপাচার্যকে

দক্ষিণবঙ্গ জুড়ে গত দুদিনের বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই আরও এক বিদ্যুৎ বিভ্রাট আলোচনার কেন্দ্রবিন্দুতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্টিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গত দশ জুড়ে বারবারই আলোচনা কেন্দ্র বিন্দুতে, কখনো কেষ্ট মণ্ডলের (অনুব্রত মণ্ডল) দাপটে তো কখনো অমর্ত্য সেনের বাড়ি বিতর্ক তো আবার কখনো বর্তমান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। মাঝেমাঝেই বিদ্যুৎ চক্রবর্তীর করা মন্তব্য উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে।এবার বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অধ্যাপক ও শান্তিনিকেতনের বাসিন্দা তদুপরি বোলপুরের প্রাক্তন সাংসদ (তৃণমুল কংগ্রেস) ডঃ অনুপম হাজরা। তিনি সামাজিক মাধ্যমে বরাবরই খুব অ্যাক্টিভ। সামাজিক মাধ্যমের তাঁর চাঁচাছোলা বক্তব্যের জন্য ভীষন জনপ্রিয় অনুপম। তিনি সামাজিক মাধ্যমে জানান, উপাচার্যের স্বেচ্ছাচারিতার জন্যই বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রীকে সমালোচিত হতে হয়। ইতিমধ্যে বিশ্বভারতীকে সার্চ কমিটি গঠন করার নির্দেশ এসেছে দিল্লী থেকে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নতুন উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করতে বলা হয়েছে।এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ বিশ্বভারতীর হৃত সম্মান পুনরুদ্ধারের জন্য মাঠে নেমে পরেছেন। তিনি প্রবীন আশ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে বিশ্বভারতীর সমস্যা, কোন কোন যায়গায় আরও উন্নয়ন প্রয়োজন তা জানার চেষ্টা করছেন। বৃহস্পতিবার সকালে অনুপম শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রবীন আশ্রমিক তথা কবিগুরুর আত্মীয় সুপ্রিয় ঠাকুর ও তাঁর স্ত্রী শুভ্রা ঠাকুরের বাসভবনে যান বিশ্বভারতীর হালহকিকত সম্বন্ধে ওয়াকিবহাল হতে। একাধিক বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।বেশ কিছু দিন দলীয় দায়িত্ব নিয়ে দিল্লিতে বসবাস করতেন অনুপম। কিছুদিন আগেই বিজেপির কেন্দ্রীয় কমিটি তাঁকে দলের কেন্দ্রীয় সম্পাদক ঘোষণার করার পর থেকেই অনুপমের বাংলা যাত্রা আধিক্য লক্ষণীয়। বৃহস্পতিবার কবিগুরুর আত্মীয় তথা আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের বাড়ি থেকে ফিরে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন। বিশষজ্ঞদের ধারণা পোস্টটি যথেষ্ট ইঙ্গিতপুর্ণ।পোস্টে তিনি লেখেনঃ এবার আজ সকাল বেলা সুপ্রিয় দা (শ্রী সুপ্রিয় ঠাকুর) এবং তাঁর স্ত্রী শুভ্রা দির (শ্রীমতি শুভ্রা ঠাকুর) সঙ্গে বিশ্বভারতী নিয়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা এবং আড্ডা...বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত যাঁর শরীরে বইছে, সেই শ্রদ্ধেয় সুপ্রিয় ঠাকুরের মতো আরো অনেক প্রবীণ আশ্রমিকদের ব্রাত্য করে রেখেছেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য! সৌজন্যের খাতিরেও বিশ্বভারতী পরিচালনার কাজে কখনো তাঁদের মতো প্রবীণ আশ্রমিকদের কোন পরামর্শ নেন না। আর অন্যদিকে বিশ্বভারতীর পঠন-পাঠনএর গুণগত মান সর্বভারতীয় স্তরে দিন দিন তলানিতে ঠেকেছে । উপাচার্যের স্বেচ্ছাচারিতার জন্য সমালোচিত হতে হচ্ছে বিশ্বভারতীর আচার্য তথা আমাদের দেশের সকলের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি Narendra Modi মহাশয়কেও, আর অন্য দিকে বিভিন্ন উপায়ে উপাচার্য নিজেকে অতি-বিজেপি প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। হয়তো কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা রয়েছে বা রয়েছে নিজের মেয়াদ কালকে বৃদ্ধি করার প্রবল তাগিদ; অথচ এই মহামানবেরই কার্যকালে বন্ধ হয়ে গেছে শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে শুরু করে বসন্ত উৎসব, যা ছিল শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ !!!বিশ্বভারতীর মতো ঐতিহ্যময় প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের দরুন অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিকে আর বেশিদিন প্রশ্রয় দেওয়া সমীচীন হবে না !!!আমার অফিসে জমা পড়া বহু লিখিত অভিযোগের ভিত্তিতে এটুকু বলতে অন্তত কোনো দ্বিধা নেই যে - বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, প্রাক্তন অধ্যাপক, শান্তিনিকেতনের একজন বাসিন্দা এবং বোলপুরে প্রাক্তন সাংসদ হিসেবে বিশ্বভারতী পরিচালনা করার বর্তমান আদব-কায়দা আমার আমার মতো বহু প্রাক্তনী, শান্তিনিকেতনের বহু আশ্রমিক তথা বোলপুর শান্তিনিকেতনের স্থানীয় মানুষদের আবেগে আঘাত করে !!!প্রবীণ আশ্রমিক ও ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন,বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ও প্রাক্তন অধ্যাপক অনুপম হাজরা বিশ্বভারতী প্রসঙ্গে সদিচ্ছা দেখাচ্ছেন এটা দেখে আমার খুবই ভালো লাগছে। ওনার বিশ্বভারতীর উন্নতির জন্য উৎসাহ দেখে খুবই আনন্দিত হয়েছি। আশা করব, ভবিষ্যতে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নতি জন্য আরও সদর্থক ভূমিকা পালন করবেন।।

সেপ্টেম্বর ০১, ২০২৩
সম্পাদকীয়

আলিয়ার ভাইরাল ভিডিও, শিক্ষাঙ্গনে অবহেলিত শিক্ষা ও রাজনীতিকরণ

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্যের শিক্ষামহল। ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে যায় সবমহলেই। নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গিয়াসুদ্দিন মন্ডলকে। প্রশ্ন উঠেছে রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে। ঘটনা ভাইরাল হওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদ জানিয়ে দিয়েছে, ওই ছাত্রকে তাঁরা তিন বছর আগেই সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু মূল প্রশ্ন হল ভিডিও ভাইরাল না হলে ওই ঘটনা কী সামনে আসত? নাকি ওই অভিযুক্ত গ্রেফতার হত?একজন উপাচার্যকে চেয়ারে বসিয়ে যে ভাষায় কথা বলা হয়েছে তা কোনও সমাজ বরদাস্ত করতে পারে না বলেই শিক্ষামহলের বক্তব্য। তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে, এই প্রশ্নই সর্বস্তরে। এর আগে রায়গঞ্জ কলেজ, ভাঙর কলেজসহ নানা কলেজে অবান্তর ঘটনা ঘটেছে। এবারও মাত্রা ছাড়ায়েছে। কলেজে ছাত্র রাজনীতি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার ফলে ছাত্র সংসদের নির্বাচনই বন্ধ রেখেছে রাজ্য সরকার, এমনই মনে করছেন শিক্ষামহল। তবে শিক্ষাঙ্গনে গুন্ডারাজ যে কমেনি তার হাতে-নাতে প্রমান এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা। কোনও সভ্যজগতে কোনও একজন সাধারণ মানুষের সঙ্গেও কী এই ঘটনা ঘটানো যায়? প্রশ্নটা শুধু শিক্ষাঙ্গন নয়। এভাবে হেয়, অপমান করার সাহস কোথা থেকে পায়? বর্বরতার চূড়ান্ত।কোনও ঘটনা ঘটলেই হাত ধুয়ে নিতে উঠে-পড়ে লোকজন। যে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে, তার নিন্দার কোনও ভাষা হতে পারে না। বাম আমলের মতো এখনও রাজনীতির হাত থেকে রেহাই পায়নি শিক্ষাক্ষেত্র। উপাচার্য নিয়োগ নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে। বামেদের সময়েও ছিল। লবির লোক ছাড়া নাকি উপাচার্যই হওয়া যায় না বলে অভিযোগ। শিক্ষার মান সেখানে প্রশ্নের মুখে পড়তে বাধ্য। শিক্ষাক্ষেত্রে শাসন সেখানে থাকতে পারে না। শিক্ষাঙ্গন প্রকৃতই যেদিন রাজনীতিকরণ মুক্ত হবে সেদিন সুস্থ শিক্ষাব্যবস্থা সম্ভব। এই অভব্য ছাত্রসমাজের পিছনে কে বা কারা রয়েছে। সেই সব খতিয়ে দেখলে কেঁচো খুড়তে কেউটে বের হবেই। প্রথমত ছাত্রসমাজকে অহেতুক রাজনীতিতে অপব্যবহার তার সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় কে কার লোক। অতএব চিৎকার, চেঁচামেচি জুড়ে কিছু হবে না। নিন্দা করে কোনও লাভ হবে না। একমাত্র সিস্টেমের বদলই পারে শিক্ষাঙ্গণে প্রকৃত মানুষ তৈরি করতে। অন্যায় রাজনীতিকরণ বন্ধ না হলে কেউ ঘটনা নিয়ে হাত ধুয়ে ফেলবে, একদল নিন্দার ঝড় তুলবে। কাজের কাজ কিছুই হবে না।

এপ্রিল ০৩, ২০২২
কলকাতা

Governor: ২৪ বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে উপাচার্য নিয়োগের দাবিতে সরব রাজ্যপাল

কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার টুইটে করে ওই সব বিশ্ববিদ্যালয়ের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় কলকাতা, যাদবপুর, গৌরবঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।VCs of 24 Universities appointed @MamataOfficial in disregard of law.These are ex facie in defiance of specific orders or without approval by Chancellor-the Appointing Authority.These appointments carry no legal sanction and would be forced to take action unless soon recalled pic.twitter.com/hwX6dWzcSP Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 30, 2021রাজ্যপালের এই অভিযোগে যদিও আমল দিতে নারাজ তৃণমূল। আইনজীবী তথা তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেন, রাজ্যপালের কোনও অভিযোগেরই গুরুত্ব তৃণমূল দেয় না। তাঁর উচিত ছিল রাজ্যপাল হিসাবে তাঁর নিজের সাংবিধানিক পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা। কিন্তু তিনি তাঁর দিল্লির বসদের কথায় বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করছেন। রাজভবনকে বিজেপি-র পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। তাই ওঁর কোনও কথার কোনও গুরুত্ব আমাদের দলের কাছে নেই।সম্প্রতি রাজ্যপাল-রাজ্যের সংঘাত ভিন্ন মাত্রা পেয়েছিল রাজ্যের শিক্ষাব্যবস্থা পরিচালন সংক্রান্ত বিষয়ে। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যায়ের সব উপাচার্যদের ডেকে পাঠান ধনখড়। তা নিয়ে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপাল একের পর এক টুইটে দাবি করতে থাকেন, তাঁর উপর্যুপরি ডাকেও সাড়া দিচ্ছেন না বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা। শাসকের অঙ্গুলি হেলনেই এমন হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন পদাধিকার বলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, আইনের নয়, শাসকের আইনের প্রতিফলন দেখা যাচ্ছে শিক্ষাব্যবস্থায়। ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। আচার্যের অনুমোদন ছাড়া রাজ্য সরকার যে ভাবে উপাচার্যদের নিয়োগ করেন, তাও আইনের প্রহসন বলেও অভিযোগ তুলেছেন ধনখড়। টুইটে আপলোড করা ভিডিওয় ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)-কে এ নিয়ে তদন্ত করার অনুরোধও জানিয়েছেন তিনি।রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল। বিভিন্ন রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে কর্তৃত্ব ফলানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। অতিমারি পর্বের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে একাধিকবার বিক্ষোভের সম্মুখীনও হতে হয়েছিল তাঁকে।

ডিসেম্বর ৩০, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

চিকিৎসককে মারলেই ৫০ হাজার টাকা জরিমানা! হাসপাতাল ভাঙচুরে হতে পারে ৩ বছরের জেল, বড় নির্দেশ রাজ্যের

চিকিৎসকের গায়ে হাত তুললে কিংবা হাসপাতালে ভাঙচুর চালালে এ বার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দিতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। এমনকি দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজ, নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন আইনের বিধান আরও কঠোর ভাবে কার্যকর করা হবে। সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কোনও স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা কিংবা হাসপাতাল বা নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডও হতে পারে। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।শুধু জরিমানা বা জেলেই শেষ নয়, হাসপাতালের সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণও দিতে হবে অভিযুক্তকে। নির্দেশিকায় বলা হয়েছে, ভাঙচুরের ফলে কত টাকার ক্ষতি হয়েছে, তা আদালত খতিয়ে দেখবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে নতুন নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এ বার থেকে আরও কড়া নজরদারি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই দিক থেকে নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নভেম্বর ২১, ২০২৬
কলকাতা

ফেসবুকে অতিসক্রিয় কর্মীরা! তৃণমূলের গোপন তথ্য ফাঁস নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া সতর্কবার্তা

তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

যে ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন, সেই দেশেরই প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প! রাহুলকে নিশানা বিজেপির

একসময় ভারতকে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই এ বার ভারতের অর্থনীতির প্রশংসা! শুধু তা-ই নয়, ভারতের সুদের হার কম রাখার নীতির উদাহরণ টেনে আমেরিকাকেও একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করেই এ বার কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করল বিজেপি।গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের আর্থিক বৃদ্ধির কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতে সুদের হার কম থাকা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ৭ শতাংশ হারে বেড়েছে। আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের অর্থনীতি আরও দ্রুত বাড়তে পারত বলে মনে করেন তিনি।ট্রাম্প বলেন, ভারতের মতো সুদের হার কম থাকলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকি ২০ শতাংশ পর্যন্ত হতে পারত। তাঁর আরও বক্তব্য, ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভও যদি ভারতের মতো নীতি অনুসরণ করে, তা হলে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, সুদের হার বেশি রাখার ফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সুদের হার কমানো প্রয়োজন।ট্রাম্পের এই মন্তব্যকেই এ বার কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি। সমাজমাধ্যমে বিজেপি নেতা আশিস সুদ রাহুল গান্ধীকে নিশানা করেন। তাঁর বক্তব্য, ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। অথচ রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্য দেখতে চাইছেন না। দেশের প্রতিটি বিষয়েই তাঁরা অকারণে বিরোধিতা করছেন বলে অভিযোগ করেন তিনি।বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁর দাবি, নানা কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। মোদী সরকারের নেতৃত্বেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।তবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর আগের অবস্থান নিয়ে। ২০২৫ সালের জুলাই মাসে ভারতকে ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও সেই সময় সমালোচনা করেছিলেন তিনি।সেই ট্রাম্পের মুখেই এখন ভারতের অর্থনীতির প্রশংসা। একদিকে ভারতের আর্থিক বৃদ্ধির স্বীকৃতি, অন্যদিকে আমেরিকার সুদের হার কমানোর পক্ষে সওয়াল। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

আমার কথা শুনেই কমেছে সোনার দাম! দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন মোদী?

বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই সোনার দাম কমা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এক বছর আগে দেশবাসীকে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই সোনার দাম কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর কথা মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।শনিবার লখনউয়ে আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই দেশের অর্থনীতি এবং সোনার দাম নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে এক বছর যেন কেউ সোনা না কেনেন।সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই কথা মেনে নিয়েছিলেন। আজও মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। তার ফলে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।এ দিনের অনুষ্ঠানে শুধু সোনার দাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দিনে চাকরির সুযোগ কমে যেতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মোদীর মতে, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না।প্রধানমন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে পাঁচ হাজার নতুন শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলেও মনে করেন তিনি।এই প্রসঙ্গে মোদী বলেন, আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র নিয়ে কোট-প্যান্ট পরে যাঁরা ঘুরছেন, তাঁদের তুলনায় দক্ষ ও গুণী ব্যক্তিদের কদর বাড়বে।অর্থাৎ, শুধু শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নয়, বাস্তবে কাজ করার দক্ষতাই আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নভেম্বর ২১, ২০২৬
রাজ্য

ন্যানো বিদায়ের ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা! এ বার ট্রাক তৈরি করবে কোন সংস্থা?

এক সময় যে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা ঘিরে আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল হয়েছিল, সেই সিঙ্গুরেই এ বার নতুন করে শিল্পের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। সেখানে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই খবর জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তর দাবি, খুব শীঘ্রই সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। তাঁর কথায়, সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে, যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে।সম্প্রতি সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব। সিঙ্গুরের বেকার যুবকেরা পরিবেশবান্ধব শিল্প চান। সরকার সব জায়গায় কাজ করেছে।এক সময় সিঙ্গুরের জমিতে টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরির উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলন, বিক্ষোভ এবং অনশনের পর শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। এ বার সেই সিঙ্গুরেই নতুন করে কারখানা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন খড়গপুর আইআইটিতে এসেছিলেন। সেই দিনই সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা তৈরির খবর সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে দীর্ঘদিন পর সিঙ্গুরে শিল্প ফিরবে কি না, সেই আশায় নতুন করে বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬
বিনোদুনিয়া

স্বভূমির নতুন ঠিকানায় টলিউডের তারকাদের মিলনমেলা, ‘পাগলা ঘোড়া’র সাফল্যে সমৃদ্ধ প্রযোজনা সংস্থা, পরিচালক শেখর দাশ ও সমগ্র কলাকুশলীগণ

নতুন ঠিকানায় পথচলা শুরু করল স্বভূমি এন্টারটেইনমেন্ট। স্বভূমি এন্টারটেইনমেন্টের উদ্যোগে কর্ণধার ডঃপ্রবীর ভৌমিক, কার্যনির্বাহী প্রযোজক বিপাশা ঘোষাল, CEO তিয়াস ভট্টাচার্য ও গণমাধ্যম ও মার্কেটিং এর দায়িত্ব প্রাপ্ত রানা বসু ঠাকুর এনাদের ব্যবস্থাপনায় পোদ্দার নগরে সংস্থার নতুন অফিসে আয়োজিত হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে নতুন অফিসের শুভ সূচনা হয়। এই উপলক্ষে চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর দাস। তাঁর পরিচালনায় নির্মিত পাগলা ঘোড়া সম্প্রতি ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), গোয়ার ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের নির্বাচিত ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই ছবিটি ওই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা চলচ্চিত্র। ফলে ছবিটির এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্র জগতের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী অ্যানি-সহ টলিউডের আরও একাধিক পরিচিত মুখ। ও অভাগী-র কলাকুশলীদের সঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল ও অভিনেত্রী পূজা গোস্বামী, অভিনেত্রী দীর্ঘই পাল, অভিনেতা জয়ন্ত হোড় সহ অন্যান্য বিশিষ্টরা।চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয়, আগামী দিনের কাজ এবং বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে অতিথিদের মধ্যে চলে আলাপচারিতা ও আড্ডা। স্বভূমি এন্টারটেইনমেন্টের নতুন অফিসের এই শুভ সূচনা শুধু একটি নতুন কর্মস্থলের সূচনা নয়, বরং চলচ্চিত্র জগতের পরিচিত মানুষদের একত্রিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছিল।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

রাজস্থান থেকে দেহ নিয়ে কোচবিহার ফিরছিলেন! উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের তিন ভাই-সহ মৃত ৫

রাজস্থান থেকে এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না তাঁদের। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন সদস্য এবং দুই অ্যাম্বুল্যান্স চালক। শনিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের আজিজুল হক। তিনি কোচবিহারের বালাভূ এলাকার বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। আজিজুলের দেহ কোচবিহারে ফিরিয়ে আনতে রাজস্থানে গিয়েছিলেন তাঁর দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাম্বুল্যান্সের দুই চালক।অ্যাম্বুল্যান্সে আজিজুলের দেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামের কাছে ঘটে যায় দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা অ্যাম্বুল্যান্সটি। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় গাড়ির জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হায়দরগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দুজন চালক ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিবারের তিন সদস্যও ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁদের বাড়িতে।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অ্যাম্বুল্যান্সের গতি কত ছিল, চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ কোচবিহারের বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal