• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, রবিবার ২২ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Shoot Out

রাজ্য

সাতসকালে ইসলামপুরে গুলি! স্কুলে যাওয়ার পথেই প্রধান শিক্ষককে নিশানা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

সাতসকালে ইসলামপুরে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক প্রধান শিক্ষক। শনিবার সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের আমবাগান মোড় এলাকায় বাড়ি নজরুল ইসলামের। তাঁর কোনও রাজনৈতিক যোগ নেই বলেই স্থানীয়দের দাবি। প্রতিদিনের মতো শনিবারও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার কারণ কী, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কেন প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।নজরুল ইসলামের পরিবারের সদস্যদের দাবি, কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা ছিল না। স্কুলের শিক্ষকরাও একই কথা জানিয়েছেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষক হিসেবে নজরুল ইসলাম অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। স্কুলের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তাঁর সঙ্গে কারও কোনও ঝামেলা ছিল বলে তাঁরা জানেন না।এক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক হিসেবে নজরুল ইসলাম খুবই ভালো এবং কর্তব্যপরায়ণ ছিলেন। সবসময় স্কুলের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। এমন একজন মানুষকে কেন গুলি করা হল, তা তাঁরা বুঝতে পারছেন না।ঘটনাকে ঘিরে ইসলামপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরও জানা গিয়েছে, যে মাদারিপুর এলাকায় এদিন প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে, তার কাছেই এর আগে একটি হোটেলে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছিলেন। পরপর এমন ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে শনিবারের হামলার সঙ্গে আগের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

আগস্ট ০৮, ২০২৬
কলকাতা

ভোটের আগে কলকাতায় রক্তারক্তি! ছাদে মদের আসরেই গুলি, খুন তৃণমূল সমর্থক

অন্ধকার রাতেই কলকাতায় ভয়াবহ খুনের ঘটনা ঘটল। তৃণমূল সমর্থক এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রাহুল দে, বয়স ৩৬ বছর। এই ঘটনায় জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।জানা গিয়েছে, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাতে বাড়ির ছাদে বসে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন এবং মদ্যপান করছিলেন বলে অভিযোগ। হঠাৎ রাত সাড়ে বারোটা নাগাদ গুলির শব্দ শুনতে পান আশপাশের মানুষ। পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যান এবং রাহুলের বাড়িতে খবর দেওয়া হয়।রাহুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। কাছেই আহত অবস্থায় পড়েছিলেন জিৎ। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল ও জিৎ একে অপরকে আগে থেকে চিনতেন, তবে দীর্ঘদিন যোগাযোগ ছিল না। জিৎ অতীতে একাধিকবার অসামাজিক কাজের অভিযোগে গ্রেফতার হয়েছেন। একসময় তিনি স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবে কাজ করলেও পরে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এমনকি দল থেকেও তাঁকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়।সম্প্রতি আবার তিনি এলাকায় ফিরে আসেন এবং পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, সেই সময়ই তিনি রাহুলকে বাড়িতে ডেকে এই আসরের আয়োজন করেন। এর মধ্যেই দুই গোষ্ঠীর দুষ্কৃতীরা সেখানে ঢুকে পড়ে এবং ছাদে গিয়ে গুলি চালায়।পুলিশের প্রাথমিক অনুমান, সিন্ডিকেট এবং টাকার ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই এই হামলা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মার্চ ২৬, ২০২৬
রাজ্য

ভোরের অন্ধকারে মাথায় গুলি, রাস্তায় লুটিয়ে মৃত্যু যুবকের—শিউরে উঠল গোলাবাড়ি

বুধবার ভোরে উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক যুবককে। ঘটনাটি কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এই নৃশংস খুনে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের নাম সফিক খান। গুলি চালানোর পুরো ঘটনা এলাকার নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তোলাবাজি না কি পুরনো শত্রুতার জেরে এই হামলা, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে দুই দুষ্কৃতী সফিকের কাছে আসে। একজন সামনে দাঁড়ায় এবং অন্যজন পিছনে গিয়ে আচমকা বন্দুক বের করে মাথায় গুলি চালায়। যুবক মাটিতে লুটিয়ে পড়ার পর মৃত্যু নিশ্চিত করতে আরও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তদন্ত শুরু করে। নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মৃতের পরিবারের দাবি, পুরনো বিবাদের জেরেই এই হামলা হয়েছে। পরিবারের এক সদস্য অভিযোগ করেন, হারুন নামে এক ব্যক্তির সঙ্গে অতীতে ঝামেলা ছিল এবং তিনিই আর এক দুষ্কৃতীকে নিয়ে এসে গুলি চালিয়েছেন।স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, ভোর প্রায় চারটা দশ মিনিটে ঘটনাটি ঘটে। দুই ব্যক্তি এসে সফিককে ডেকে কথা বলতে থাকে। তারপর একজন পিছনে গিয়ে দাঁড়ায় এবং অন্যজন সামনে থেকে মাথায় পরপর গুলি চালায়। পরে বুকে আরও গুলি করা হয়। গুলির শব্দে সেখানে থাকা কয়েক জন আতঙ্কে দৌড়ে পালিয়ে যান।এই নৃশংস খুনের ঘটনায় গোলাবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
কলকাতা

মধ্যরাতে তিলজলায় গুলির শব্দে ত্রস্ত এলাকা, গুরুতর জখম যুবক হাসপাতালে

ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে খাস কলকাতার তিলজলা এলাকায় মধ্যরাতে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বেনিয়াপুকুর থানার অন্তর্গত তিলজলায় গভীর রাতে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ যুবক মহম্মদ নিয়াজকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। ঘটনায় শহরে বেআইনি অস্ত্র প্রবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। অভিযোগ, সেই সময় নিয়াজকে হুমকিও দেওয়া হয়। পরে এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় এবং নিয়াজ বাড়ি ফিরে যান। কিন্তু রাত প্রায় একটা নাগাদ কয়েকজন নিয়াজকে বাড়ি থেকে ডেকে বের করে। এরপর এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে পরিবারের অভিযোগ। নিয়াজের দুই পায়ে মোট তিনটি গুলি লাগে। প্রথমে তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এলাকার বাসিন্দাদের দাবি, অভিযুক্ত সলমন স্থানীয় দুষ্কৃতী এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় কয়েকজনকে আড্ডা দিতে দেখা গিয়েছিল এবং তখনই সামান্য বচসা হয়েছিল। গভীর রাতে কয়েকজন বাইকে করে এসে নিয়াজকে ডাকেন। তাঁদের হাতে ব্যাগ ছিল বলেও দাবি। হঠাৎ গুলির শব্দ শোনা গেলে স্থানীয়রা বাইরে বেরিয়ে দেখেন অভিযুক্তরা দ্রুত স্কুটি নিয়ে পালিয়ে যাচ্ছে এবং রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নিয়াজ। এরপর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রাজ্য

জনসভার আগে তাণ্ডব! তৃণমূলের উপর হামলা, “খুনের ছক ছিল”— বিস্ফোরক অভিযোগ

ভাঙড়ে আবারও গুলিবিদ্ধ হয়ে উঠল রাজনৈতিক পরিবেশ। তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। ঘটনা উত্তর কাশিপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকায়। আগামী রবিবার শোনপুরে তৃণমূলের ছাত্র-যুব জনসভা রয়েছে। সেই সভার প্রস্তুতির জন্য তৃণমূলের ভোগালী দুনম্বর অঞ্চলের সভাপতি আলিনুর মোল্লা-সহ কয়েকজন নেতা কাঠালিয়া থেকে শোনপুরের দিকে যাচ্ছিলেন। তখনই আইএসএফের কিছু কর্মী-সমর্থক তাঁদের দেখে গালিগালাজ শুরু করে, এমনটাই অভিযোগ। অভিযোগ আরও, এর পরই হঠাৎ এক রাউন্ড গুলি চলে, যার ফলে মুহূর্তে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের কর্মীদের সরিয়ে দেওয়া হয়। যদিও তৃণমূলের অভিযোগ থাকলেও আইএসএফ এই ঘটনার কোনও সম্পর্ক অস্বীকার করেছে। এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে।তৃণমূল নেতা আলিনুর মোল্লা বলেন, তাঁরা জনসভার প্রস্তুতি দেখতে যাচ্ছিলেন, তখনই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাঁর দাবি, নাটু, ক্ষুদ, সালাউদ্দিন এদের মতো সমাজবিরোধীরা অস্ত্র নিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তিনি আরও বলেন, পুরো বিষয়টি পরিকল্পিত এবং নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় এই হামলা হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি জানান, অপরাধীরা ধরা না পড়লে আন্দোলনে নামবেন।অন্যদিকে আইএসএফ নেতা ওহিদুল ইসলাম বলেন, তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর কথায়, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলেই তারা এখন উসকানি ও মিথ্যা প্রচারে নামছে।

ডিসেম্বর ০৬, ২০২৫
রাজ্য

বাবু মণ্ডলকে গুলি করে চুপ করাতে চাওয়া হয়েছিল? বিস্ফোরক অভিযোগ মৃত পরিবেশকর্মীর স্ত্রীর

তৃণমূল নেতা বাবু মণ্ডলকে কেন গুলি করা হল, সেই প্রশ্ন তুলে এবার প্রকাশ্যে মুখ খুললেন নিহত পরিবেশকর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি খুনের উদ্দেশ্য থাকত, তবে মাথায় গুলি না করে কোমরে গুলি করা হল কেন। তাঁর দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল খুন নয়, শুধুমাত্র ভয় দেখানো।গত শুক্রবার বসুকাঠি সাঁপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিমা দত্ত জানিয়েছেন, তাঁর স্বামীর খুনের মামলায় শুরুতে চার্জশিটে বাবু মণ্ডলের নাম ছিল। পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম বাদ দেওয়া হয়। একই সঙ্গে বাদ পড়ে আরও কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার নামও। যাঁরা গ্রেপ্তার হয়েছিলেন, তাঁরাও পরে ছাড়া পেয়ে যান।সেই সময় সুবিচার ও সিবিআই তদন্তের দাবিতে প্রতিমা দত্ত উচ্চ আদালতের দ্বারস্থ হন। ২০২২ সালের ৯ জুন আদালতের নির্দেশে CBI তদন্ত শুরু করে। তাঁর দাবি, আগামী মাসেই এই মামলায় চার্জশিট জমা দিতে পারে সিবিআই। প্রতিমা দত্তের অভিযোগ, তদন্তে গতি আসায় এবং সত্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় বাবু মণ্ডলকে গুলি করে ভয় দেখানো হয়েছে, যাতে তিনি কিছু বলতে না পারেন।তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে খুন করার চেষ্টা নয়, শুধু আতঙ্ক তৈরি করাই ছিল আসল উদ্দেশ্য। তাঁর দাবি, তপন দত্ত খুনের মামলার মূল মাথারাই এই গুলি চালানোর নেপথ্যে রয়েছে।২০১১ সালের ৬ মে বালিতে খুন হয়েছিলেন পরিবেশবিদ তপন দত্ত। তৎকালীন CID-এর চার্জশিটে একাধিক তৃণমূল নেতার নাম ছিল, যার মধ্যে বাবু মণ্ডলও ছিলেন। পরে সেই নাম বাদ পড়ে। প্রতিমা দত্তের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও এখন সিবিআই তদন্তে নতুন গতি এসেছে। আর ঠিক সেই কারণেই এই গুলি চালানোর ঘটনা বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

নভেম্বর ২৯, ২০২৫
রাজ্য

ভোটের মুখে হাওড়ায় ৬ রাউন্ড গুলি! পঞ্চায়েত প্রধান মৃত্যুর সঙ্গে পাঞ্জা

ভোটের মুখে ফের গুলির আতঙ্ক রাজ্যে। বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার সাঁপুইপড়া বসুকাঠি এলাকায় চাঞ্চল্যকর হামলার শিকার হলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। তাঁকে লক্ষ্য করে একের পর এক ছ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাঁর সঙ্গী অনুপম রানাও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন বাবু মণ্ডল। সেখান থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথেই ওঁত পেতে থাকা দুষ্কৃতীরা আচমকাই গুলি চালায়। বাইক চালাচ্ছিলেন অনুপম রানা। প্রথমেই গুলি লাগে তাঁর গায়ে। এরপর আরও কয়েক রাউন্ড গুলি চলে, তার একাধিকটি লাগে বাবু মণ্ডলের কাঁধ ও পেটে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে হাওড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।ঘটনার প্রত্যক্ষদর্শীদের এক জন জানিয়েছেন, প্রধানের বাইকের ঠিক পিছনেই ছিলেন তিনি। হঠাৎই সামনে থেকে নয়, পাশ দিক থেকে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। মুহূর্তের মধ্যে গোটা এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। রাস্তায় ছুটোছুটি শুরু হয়। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক দল তৃণমূল নেতৃত্বের দাবি, এই হামলার পিছনে রয়েছে বিজেপি। যদিও স্থানীয় সূত্রে উঠছে আরেকটি তত্ত্বতৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব এই হামলার অন্যতম কারণ হতে পারে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে আসছে আরও ভয়াবহ তথ্য। গত বুধবার রাতেই কসবা এলাকায় এক যুবককে লক্ষ্য করেও গুলি চালানো হয়। বছরখানেক আগেই সেই এলাকাতেই এক কাউন্সিলরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল। একই দিনে দিনের আলোতেই মালদাতেও গুলিচালনার ঘটনা সামনে আসে। ভোটের মাস কয়েক আগে রাজ্যের একের পর এক প্রান্তে এভাবে গুলি চলার ঘটনায় গভীর উদ্বেগে প্রশাসনও।এলাকাবাসীর বক্তব্য, ভোট যত এগিয়ে আসছে, ততই যেন মাথাচাড়া দিচ্ছে হিংসা। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেনরাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন অনেকে। রাজনৈতিক সংঘর্ষ কি এবার আরও বড় আকার নিতে চলেছে, সেই প্রশ্নই এখন ঘুরছে রাজ্যজুড়ে।

নভেম্বর ২৮, ২০২৫
রাজ্য

বাক্সবন্দি বন্দুক পরিষ্কার করতে গিয়ে রক্তপাত—এই দম্পতির বয়ান কি বিশ্বাসযোগ্য?

শিবপুরের বিলাসবহুল আবাসনের এক ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনা। বুধবার সকালে নিজের ঘরে বসে বেআইনি আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন গোপাল যাদব। পুলিশকে তিনি জানিয়েছেন, ঠিক সেই সময়েই তাঁর পাশে চেয়ারে বসে ছিলেন স্ত্রী পুনম। আচমকা হাত ফসকে বন্দুক থেকে গুলি ছুটে গিয়ে সোজা গিয়ে লাগে পুনমের ঘাড়ে। গুলির শব্দে আবাসনের লোকজন ছুটে আসলেও গোপাল প্রথমেই দাবি করেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনা।গুলিবিদ্ধ পুনমকে তড়িঘড়ি করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পুলিশ হাসপাতালেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পুনমও বলেন, স্বামী আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময়ই গুলি বেরিয়ে যায়। যদিও এই দম্পতির বয়ান পুলিশের সন্দেহ পুরোপুরি কাটাতে পারেনি। তদন্তকারী অফিসারেরা মনে করছেন, এটা নিছক দুর্ঘটনা, নাকি গোপাল কোনও কারণে স্ত্রীকে খুন করতে চেয়েছিলেনসেই দিকটাই এখন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গোপালের বিরুদ্ধে অস্ত্র আইনসহ খুনের চেষ্টার মামলা রুজু করেছে শিবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়। তদন্তে আরও উঠে এসেছে, ঘটনাটি ঘটার পর গোপাল বন্দুকটি সরিয়ে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর আগেই পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রটি বিহার থেকে এনেছিলেন গোপাল এবং নিজের সঙ্গে অস্ত্র রাখার নেশা ছিল তাঁর দীর্ঘদিনের।এমন প্রশ্ন উঠছেঅভিজাত আবাসনে বসবাস করেও কীভাবে এতদিন ধরে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে দিব্যি ছিলেন গোপাল? হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই আবাসনের নিরাপত্তা ব্যবস্থাই অত্যন্ত ঢিলেঢালা। গেটে মেটাল ডিটেক্টর নেই, নেই কোনও কঠোর তল্লাশি। তাঁর কথায়, মেটাল ডিটেক্টর থাকলে গোপালের অস্ত্র নিয়ে ঢোকাই সম্ভব হত না।এই ঘটনার পর হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, জেলার সমস্ত আবাসনেই এবার বাধ্যতামূলক করা হবে মেটাল ডিটেক্টর। যাতে কোনও বাসিন্দা, অতিথি কিংবা বাইরের কেউ বেআইনি অস্ত্র নিয়ে ভেতরে ঢুকতে না পারে। শিবপুরের যে আবাসনে ঘটনাটি ঘটেছে, সেখানে বহু হাইপ্রোফাইল ব্যক্তি থাকেন। তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করেই দ্রুত নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নভেম্বর ২০, ২০২৫
রাজ্য

অভিজাত আবাসনে গুলি—পুলিশের সন্দেহ বাড়িতে থাকা সদস্যদের দিকেও

হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনের ভিতর ভয়াবহ গুলির ঘটনা। সকালে ঘুম ভাঙতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্কের হাওয়া। বহুতলের ১৬ তলার একটি ফ্ল্যাটে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় গৃহবধূ পুনম যাদবকে। তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলি তাঁর গলা ছুঁয়ে বেরিয়ে গেছে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি কতটা গুরুতর, তা নিয়ে এখনও নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।ঘটনা ঘটে বুধবার সকালে। শিবপুর থানার একেবারে কাছেই এই বিলাসবহুল আবাসন। ছয়টি পৃথক টাওয়ার নিয়ে তৈরি এই আবাসনে উচ্চমানের নিরাপত্তা থাকে। সেখানে কীভাবে বন্দুক হাতে কেউ ঢুকলএই প্রশ্নেই এখন সরগরম গোটা এলাকা। ১৫/ডি ব্লকের ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকেন ব্যবসায়ী গোপাল যাদব, তাঁর স্ত্রী পুনম এবং তাঁদের ছোট সন্তান। ঘটনা ঘটার সময় গোপাল যাদবও ফ্ল্যাটে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।পুলিশের কাছে সন্দেহের তালিকা এখন লম্বা হচ্ছে। ফ্ল্যাটে ঢুকে কোনও দুষ্কৃতী কি গুলি চালিয়ে পালিয়ে গেল? না কি পরিবারের মধ্যেই কেউ গুলি চালিয়েছে? নাকি কোনও কারণে পুনম নিজেই নিজের উপর গুলি চালিয়েছেন? ঘটনা এতটাই জটিল যে পুলিশের তদন্ত এখন নানা দিক খতিয়ে দেখছে। কারণ, ১৬ তলায় থাকা একটি নিরাপত্তাবেষ্টিত ফ্ল্যাটে বাইরের কেউ চুপিচুপি উঠে গিয়ে গুলি চালাবেএমন আশঙ্কা কমই। আবার নিরাপত্তার ফাঁক এতটাই বড় ছিল কি, যাতে একজন দুষ্কৃতী অজান্তে ঢুকে যেতে পারে? গুলি চালানোর পর সে কোথায় মিলিয়ে গেলগ্রাহকরা সেই প্রশ্নেই বেশি আতঙ্কিত।শিবপুর থানার পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি কোথা থেকে ছোড়া হয়েছে, বাড়ির ভিতরে কারা কোথায় ছিলেনসব তথ্য জোগাড় করছে পুলিশ। অভিজাত আবাসনে এমন রহস্যজনক শুটআউট নতুন করে নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছে। এলাকায় এখন তীব্র চাঞ্চল্য, আতঙ্ক আর গুজবের ছড়াছড়ি।

নভেম্বর ১৯, ২০২৫
রাজ্য

দুই ভাইকে গাছে বেঁধে ছোট ভাইকে গুলিতে ঝাঁঝরা, চাঁচলের ঘটনায় উত্তাল

দুই ভাইকে পোলের সঙ্গে বেঁধে রেখে, আরেক ভাইকে বাড়ি থেকে ডেকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগ উঠলো জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর এলাকায় পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরে চরম বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মৃতদেহ গ্রামের রাস্তায় ফেলে রেখেই পুলিশের সামনে চলে তুমুল বিক্ষোভ। মঙ্গলবার সকাল দশটা নাগাদ এই শুট আউটের ঘটনাটি ঘটেছে চাঁচল থানার জালালপুর গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির ছোট ছেলেকে মাথায় গুলি করার পর দেহের বিভিন্ন অংশেও গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এরপর দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রামবাসীরা অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। মৃত ওই যুবকের পরিবার হামলাকারী গফুর আলী, আহাদ শেখ, খাইরুল শেখ, শাহজাহান আলী সহ তার দলবলের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সহিদুল আলী (৩০)। তিনি পেশায় মুয়াজ্জেম ছিলেন। সহিদুলরা ছিল ছয় ভাই। সে বাড়ির ছোট। পরিবারে তাঁর স্ত্রী এবং এক নাবালক সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জমির দখলদারিকে ঘিরে গোলমালের জেরেই এই শুট আউটের ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মৃতের এক দাদা সামিউল শেখ জানিয়েছেন, তাদের একটি চার বিঘার জমি দখলদারিকে ঘিরেই গফুর আলি ও তার দলবলের সঙ্গেই গোলমাল চলছিল দীর্ঘদিন ধরে। এই নিয়ে আদালতে মামলাও পর্যন্ত হয়েছে। কিন্তু এদিন অভিযুক্তরা দলবল নিয়ে তাঁদের জমি দখল করতে আসে। সেই সময় তাঁরা বাধা দিলে তাঁদের দুই ভাইকে জমির সামনে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। তারপরেই ছোট ভাই সাইদুল আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে প্রকাশ্য রাস্তায় গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই ঘটনার সময় কয়েকজন সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা একবারের জন্য বাধা দিতে আসেননি। চোখের সামনে ভাইকে গুলি করে দেওয়ার পর দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায়। আর তারপরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য , সহিদুল আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওই পরিবারটি কারও সঙ্গে কোন রকম ঝামেলার মধ্যে ছিল না। ওদের একটি জমির দখলদারি নিয়েই মামলা চলছিল। এরপরই এদিন দুষ্কৃতীরা প্রকাশ্যেই ওই পরিবারটির কয়েকজন সদস্যকে মারধর করে এবং সাইদুলকে গুলি করে খুন করেছে। এই ঘটনার পর পুলিশ এলাকায় এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চাচল থানার পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত ঘটনাকে ঘিরেই গোলমালে সূত্রপাত। তারপরই এই খুনের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে পাঁচ জনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। সেই সময় বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

আগস্ট ৩০, ২০২৩

ট্রেন্ডিং

কলকাতা

চিকিৎসককে মারলেই ৫০ হাজার টাকা জরিমানা! হাসপাতাল ভাঙচুরে হতে পারে ৩ বছরের জেল, বড় নির্দেশ রাজ্যের

চিকিৎসকের গায়ে হাত তুললে কিংবা হাসপাতালে ভাঙচুর চালালে এ বার থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দিতে হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। এমনকি দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজ, নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর।নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন আইনের বিধান আরও কঠোর ভাবে কার্যকর করা হবে। সরকারি হোক বা বেসরকারি, কোনও হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীর উপর হামলা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কোনও স্বাস্থ্যকর্মীর গায়ে হাত তোলা কিংবা হাসপাতাল বা নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডও হতে পারে। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ধরনের ঘটনায় পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।শুধু জরিমানা বা জেলেই শেষ নয়, হাসপাতালের সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণও দিতে হবে অভিযুক্তকে। নির্দেশিকায় বলা হয়েছে, ভাঙচুরের ফলে কত টাকার ক্ষতি হয়েছে, তা আদালত খতিয়ে দেখবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে নতুন নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এ বার থেকে আরও কড়া নজরদারি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই দিক থেকে নতুন নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নভেম্বর ২১, ২০২৬
কলকাতা

ফেসবুকে অতিসক্রিয় কর্মীরা! তৃণমূলের গোপন তথ্য ফাঁস নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া সতর্কবার্তা

তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

যে ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন, সেই দেশেরই প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প! রাহুলকে নিশানা বিজেপির

একসময় ভারতকে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই এ বার ভারতের অর্থনীতির প্রশংসা! শুধু তা-ই নয়, ভারতের সুদের হার কম রাখার নীতির উদাহরণ টেনে আমেরিকাকেও একই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করেই এ বার কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করল বিজেপি।গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের আর্থিক বৃদ্ধির কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতে সুদের হার কম থাকা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ৭ শতাংশ হারে বেড়েছে। আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের অর্থনীতি আরও দ্রুত বাড়তে পারত বলে মনে করেন তিনি।ট্রাম্প বলেন, ভারতের মতো সুদের হার কম থাকলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকি ২০ শতাংশ পর্যন্ত হতে পারত। তাঁর আরও বক্তব্য, ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভও যদি ভারতের মতো নীতি অনুসরণ করে, তা হলে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, সুদের হার বেশি রাখার ফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সুদের হার কমানো প্রয়োজন।ট্রাম্পের এই মন্তব্যকেই এ বার কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি। সমাজমাধ্যমে বিজেপি নেতা আশিস সুদ রাহুল গান্ধীকে নিশানা করেন। তাঁর বক্তব্য, ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। অথচ রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্য দেখতে চাইছেন না। দেশের প্রতিটি বিষয়েই তাঁরা অকারণে বিরোধিতা করছেন বলে অভিযোগ করেন তিনি।বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁর দাবি, নানা কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। মোদী সরকারের নেতৃত্বেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।তবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর আগের অবস্থান নিয়ে। ২০২৫ সালের জুলাই মাসে ভারতকে ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও সেই সময় সমালোচনা করেছিলেন তিনি।সেই ট্রাম্পের মুখেই এখন ভারতের অর্থনীতির প্রশংসা। একদিকে ভারতের আর্থিক বৃদ্ধির স্বীকৃতি, অন্যদিকে আমেরিকার সুদের হার কমানোর পক্ষে সওয়াল। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

আমার কথা শুনেই কমেছে সোনার দাম! দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন মোদী?

বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই সোনার দাম কমা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এক বছর আগে দেশবাসীকে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই সোনার দাম কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর কথা মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।শনিবার লখনউয়ে আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই দেশের অর্থনীতি এবং সোনার দাম নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে এক বছর যেন কেউ সোনা না কেনেন।সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই কথা মেনে নিয়েছিলেন। আজও মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। তার ফলে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।এ দিনের অনুষ্ঠানে শুধু সোনার দাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দিনে চাকরির সুযোগ কমে যেতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মোদীর মতে, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না।প্রধানমন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে পাঁচ হাজার নতুন শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলেও মনে করেন তিনি।এই প্রসঙ্গে মোদী বলেন, আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র নিয়ে কোট-প্যান্ট পরে যাঁরা ঘুরছেন, তাঁদের তুলনায় দক্ষ ও গুণী ব্যক্তিদের কদর বাড়বে।অর্থাৎ, শুধু শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নয়, বাস্তবে কাজ করার দক্ষতাই আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নভেম্বর ২১, ২০২৬
রাজ্য

ন্যানো বিদায়ের ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা! এ বার ট্রাক তৈরি করবে কোন সংস্থা?

এক সময় যে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা ঘিরে আন্দোলন, বিক্ষোভ এবং রাজনৈতিক পালাবদল হয়েছিল, সেই সিঙ্গুরেই এ বার নতুন করে শিল্পের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। সেখানে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই খবর জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তর দাবি, খুব শীঘ্রই সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। তাঁর কথায়, সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে, যারা শিল্প আনতে চায়। কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানালেন, অশোক লেল্যান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে।সম্প্রতি সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল। জমির চরিত্র বদলে গিয়েছে। আমরা নিশ্চিত কিছু তো করব। সিঙ্গুরের বেকার যুবকেরা পরিবেশবান্ধব শিল্প চান। সরকার সব জায়গায় কাজ করেছে।এক সময় সিঙ্গুরের জমিতে টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরির উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলন, বিক্ষোভ এবং অনশনের পর শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। এ বার সেই সিঙ্গুরেই নতুন করে কারখানা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন খড়গপুর আইআইটিতে এসেছিলেন। সেই দিনই সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা তৈরির খবর সামনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে দীর্ঘদিন পর সিঙ্গুরে শিল্প ফিরবে কি না, সেই আশায় নতুন করে বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬
বিনোদুনিয়া

স্বভূমির নতুন ঠিকানায় টলিউডের তারকাদের মিলনমেলা, ‘পাগলা ঘোড়া’র সাফল্যে সমৃদ্ধ প্রযোজনা সংস্থা, পরিচালক শেখর দাশ ও সমগ্র কলাকুশলীগণ

নতুন ঠিকানায় পথচলা শুরু করল স্বভূমি এন্টারটেইনমেন্ট। স্বভূমি এন্টারটেইনমেন্টের উদ্যোগে কর্ণধার ডঃপ্রবীর ভৌমিক, কার্যনির্বাহী প্রযোজক বিপাশা ঘোষাল, CEO তিয়াস ভট্টাচার্য ও গণমাধ্যম ও মার্কেটিং এর দায়িত্ব প্রাপ্ত রানা বসু ঠাকুর এনাদের ব্যবস্থাপনায় পোদ্দার নগরে সংস্থার নতুন অফিসে আয়োজিত হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে নতুন অফিসের শুভ সূচনা হয়। এই উপলক্ষে চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর দাস। তাঁর পরিচালনায় নির্মিত পাগলা ঘোড়া সম্প্রতি ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), গোয়ার ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের নির্বাচিত ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই ছবিটি ওই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা চলচ্চিত্র। ফলে ছবিটির এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্র জগতের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী অ্যানি-সহ টলিউডের আরও একাধিক পরিচিত মুখ। ও অভাগী-র কলাকুশলীদের সঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল ও অভিনেত্রী পূজা গোস্বামী, অভিনেত্রী দীর্ঘই পাল, অভিনেতা জয়ন্ত হোড় সহ অন্যান্য বিশিষ্টরা।চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয়, আগামী দিনের কাজ এবং বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে অতিথিদের মধ্যে চলে আলাপচারিতা ও আড্ডা। স্বভূমি এন্টারটেইনমেন্টের নতুন অফিসের এই শুভ সূচনা শুধু একটি নতুন কর্মস্থলের সূচনা নয়, বরং চলচ্চিত্র জগতের পরিচিত মানুষদের একত্রিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছিল।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
দেশ

রাজস্থান থেকে দেহ নিয়ে কোচবিহার ফিরছিলেন! উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের তিন ভাই-সহ মৃত ৫

রাজস্থান থেকে এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না তাঁদের। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন সদস্য এবং দুই অ্যাম্বুল্যান্স চালক। শনিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের আজিজুল হক। তিনি কোচবিহারের বালাভূ এলাকার বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। আজিজুলের দেহ কোচবিহারে ফিরিয়ে আনতে রাজস্থানে গিয়েছিলেন তাঁর দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাম্বুল্যান্সের দুই চালক।অ্যাম্বুল্যান্সে আজিজুলের দেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামের কাছে ঘটে যায় দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা অ্যাম্বুল্যান্সটি। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় গাড়ির জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হায়দরগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দুজন চালক ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিবারের তিন সদস্যও ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁদের বাড়িতে।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অ্যাম্বুল্যান্সের গতি কত ছিল, চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক আত্মীয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ কোচবিহারের বাসিন্দারা।

নভেম্বর ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal