• ৫ অগ্রহায়ণ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Shitalkuchi

কলকাতা

Dhankhar: মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি ক্ষুব্ধ রাজ্যপালের

ফের রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankar)। দিল্লি সফরের আগে সোমবার কড়া ভাষায় চিঠি দিলেন তিনি। সেই চিঠিতে একদিকে যেমন হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তেমনই গত ১৭ মে সিবিআই দপ্তরে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। ওই দিনের ঘটনাপ্রবাহকে গণতন্ত্রে নজিরবিহীন বলে কটাক্ষ করেছেন ধনখড়। সবমিলিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল। তবে ধনখড়ের এই চিঠি নিয়ে পালটা সরব হয়েছে তৃণমূল নেতৃত্বও। সোমবার সকালেই রাজ্যপাল নিজেই জানিয়েছেন তিনি দিল্লি যাচ্ছেন। তার আগে এদিন বিকেলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি দিলেন রাজ্যপাল। টুইটারে সেই চিঠি পোস্টও করেছেন ধনখড়। সঙ্গে লিখেছেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে নীরবতা ভাঙুক মুখ্যমন্ত্রী। রাজ্যে আইনশৃঙ্খলা সামাল দিক তিনি। দুর্গতদের ত্রাণেরও ব্যবস্থা করুন। দ্রুত এ নিয়ে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, পরের টুইটে ধনখড় লিখেছেন, রাজ্যে চরম রাজনৈতিক হিংসা, মহিলাদের উপর অত্যাচার, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বিরোধীদের উপর অত্যাচারের মতো ঘটনা ঘটছে। স্বাধীনতার পরবর্তী সময় সবচেয়ে খারাপ সময় এবং গণতন্ত্রের পক্ষে অশুভ। চিঠিতেও নির্বাচন পরবর্তী নিজের নন্দীগ্রাম, শীতলকুচি পরিদর্শনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।একইসঙ্গে নারদকাণ্ডে দুই মন্ত্রী-সহ চারজনের গ্রেপ্তারির পর সিবিআই দপ্তর নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও ক্ষুব্ধ রাজ্যপাল। তিনি লিখেছেন, বিভিন্ন সংবাদমাধ্যম বলছে ওইদিন আপনি চারজনের মুক্তির দাবি জানিয়েছিলেন। ওই দিন যা যা ঘটেছে তা গণতন্ত্রে নজিরবিহীন ঘটনা। এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন রাজ্যপাল।

জুন ১৫, ২০২১
কলকাতা

‘সংবিধান মেনেই কাজ করছি’, মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজ্যপালের

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ফের রাজভবন-নবান্নের সংঘাত শুরু হয়ে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ রাজ্যপাল শীতলকুচি-সহ হিংসা কবলিত এলাকাগুলিতে যাওয়ার সিদ্ধান্ত নিতেই সেই সংঘাতের আগুনে ঘৃতাহুতি পড়েছে। শুরু হয়েছে পত্রবোমা আদানপ্রদান। গতকালই প্রথাভেঙে শীতলকুচি সফর নিয়ে জগদীপ ধনকড়কে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। পালটা মমতাকে জবাব দিলেন ধনকড়ও। দাবি জানালেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রয়োজনে বিএসএফের সাহায্য নিয়ে শীতলকুচি সফরে তিনি যাবেনই।প্রথা ভেঙে জেলা সফরের জন্য গতকালই রাজ্যপালকে কড়া চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, প্রথা অনুযায়ী, রাজ্যপাল যদি রাজ্যের কোনও জেলায় যান, সেক্ষেত্রে তা সরকারকে জানাতে হয়। তিনি যেখানে যাচ্ছেন সেখানকার প্রশাসনকেও তা জানানো আবশ্যক। কিন্তু রাজ্যপাল তা করেননি। মমতার আক্ষেপ, সোশ্যাল মিডিয়া মারফত তিনি জানতে পেরেছেন, জেলা সফরে যাচ্ছেন রাজ্যপাল। এবার মুখ্যমন্ত্রীর সেই চিঠির পালটা দিলেন রাজ্যপালও। মমতাকে তিনি মনে করালেন রাজধর্মের কথা। টুইটে রাজ্যপাল বললেন, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ তিনি যে সংবিধান মেনে শপথ নিয়েছেন, আশা করি সেই শপথবাক্য রক্ষা করবেন। সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সংবিধানের আওতায় থেকে মানুষের পাশে দাঁড়ানোর। ধনখড়ের তোপ, বাংলার সঙ্গে আরও চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট হয়েছে। অথচ, হিংসা শুধু এখানেই হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। রাজ্যপালের বক্তব্য, এই কঠিন এবং অভূতপূর্ব পরিস্থিতিতে চটকদারি করা উচিত নয়। প্রয়োজন একসঙ্গে কাজ করার। এই কঠিন সময় আমাদের সংযম দেখানো উচিত। আমি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করছি, সংবিধানের আওতায় থেকেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব।এদিকে এই পত্র চালাচালির মধ্যেও সূচি মেনেই জেলা সফরে যাওয়ার ব্যপারে মনস্থির করে ফেলেছেন জগদীপ ধনখড়। রাজভবন সূত্রের খবর, বিএসএফের হেলিকপ্টারে বৃহস্পতিবার সকাল ১১টায় কোচবিহারে যাবেন রাজ্যপাল। সেখান থেকে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন তিনি। মাথাভাঙা, শীতলকুচি, সিতাই ও দিনহাটায় যাবেন। কোচবিহারের সার্কিট হাউসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ধনখড়। পরের দিন সকালে হেলিকপ্টারে অসমে যাবেন তিনি। সেখানকার রানপাগলি ও শ্রীরামপুর ক্যাম্পেও যাবেন। আপাতত এই সফর ঘিরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি।

মে ১৩, ২০২১
রাজ্য

মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি নেবে শীতলকুচির আনন্দ বর্মনের পরিবার

অবশেষে রাজ্য সরকারের দেওয়া চাকরি নিতে চলেছে কোচবিহারে ভোটের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত কিশোর বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবার। আনন্দর দাদা গৌতম বর্মনই রাজ্যের দেওয়া হোমগার্ডের চাকরি নেবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল কোচবিহারে ভোটের দিন শীতলকুচি বিধানসভা এলাকায় প্রথমবার ভোট দিয়ে বুথ থেকে বেরনোর সময় দুষ্কৃতীদের গুলিতে আনন্দর মৃত্যু হয়। তাঁকে দলীয় কর্মী বলে দাবি করে গুলি করে খুনের অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তোলে বর্মন পরিবার এবং জেলা বিজেপি নেতৃত্ব।পরদিনই মাথাভাঙার জোড়পাটকিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ-সহ জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃতদের পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিজেপি দপ্তরে রীতিমতো সাংবাদিক বৈঠকে হাজির হয়ে ছেলের খুনের জন্য তৃণমূলকে দুষে মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি নেবেন না বলে জানান আনন্দর মা বাসন্তী বর্মন। মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথগ্রহণের পরদিন বৃহস্পতিবারই শীতলকুচিতে গুলিতে মৃত পাঁচ জনের পরিবারেরই একজন করে সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ওই পাঁচ পরিবারের সদস্যরা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে দেখা করেন। সেখানেই মাসখানেকের মাথায় কার্যত সুর বদলালেন সন্তানহারা সেই মা। আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন এদিন বলেন, আমরা পুরনো কোনও কথা ধরে রাখতে চাইছি না। মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন। সেই চাকরি আমরা নেব। তাঁর দেওয়া অর্থসাহায্যও গ্রহণ করব। আনন্দ বর্মনের দাদা গৌতম বর্মন এদিন বলেন, মুখ্যমন্ত্রী সকলের। তাই তিনি যখন নিহত পাঁচজনের পরিবারকেই সহযোগিতা করছেন, তাহলে অবশ্যই সেই সহযোগিতা নেব। দোষীদের শাস্তির দাবিও করছি। পুলিশ তদন্ত করছে অবশ্যই দোষীদের শনাক্ত করবে।

মে ০৮, ২০২১
রাজ্য

শীতলকুচি কাণ্ডে সাসপেন্ড কোচবিহারের পুলিশ সুপার

রাজ্যে ক্ষমতায় ফিরতেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদল হয়েছে পুলিশ কর্তারাও। কোপ পড়েছে কোচবিহার পুলিশ সুপারের উপরেও। প্রশাসন সূত্রের খবর, ভোটের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় জওয়ানদের গুলি চালানোর ঘটনার জেরেই সুপারকে সাসপেন্ড করা হল। কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় জওয়ানরা ভোটারদের উপর গুলি চালিয়েছিল, তা নিয়ে তদন্ত করতে পারে রাজ্য।ভোটের আগেই দিনহাটায় এক বিজেপি নেতার রহস্যমৃত্যু হয়। সেই মৃত্যুকে কাণ্ড করে উত্তাল হয় দিনহাটা। বিজেপি সাংসদ তথা বিধায়ক নীশীথ প্রামাণিকের নেতৃত্ব দিনহাটার শহরাঞ্চলে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মীরা। এর পরই নির্বাচন কমিশনের কোপে পড়েছিল কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার কে কান্নান। তাঁকে সরিয়ে জেলার পুলিশ সুপার করা হয় দেবাশিস ধরকে। তৃণমূলের একাংশের অভিযোগ ছিল, দেবাশিসবাবু বিজেপির হয়ে ভোটের সময় কাজ করছিলেন। এর মাঝেই চতুর্থ দফা ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল শীতলকুচি বিধানসভার অন্তর্গত জোড়পাটকির ১২৬ নং বুথে ভোটারদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। চারজনের মৃত্যুও হয়। এই ঘটনায় তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। কিন্তু তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর জানান, কেন্দ্রীয় বাহিনীর বন্দুক ছিনতাই করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। গুজবের জেরে প্রায় ১৫০ জন গ্রামবাসী ঘিরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাই আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা। সে কথা অবশ্য মানতে রাজি ছিলেন না তৃণমূল নেত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছুটে গিয়েছিল শীতলকুচিতে। আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে গুলিকাণ্ডের তদন্ত হবে। প্রশাসনিক সূত্রে খবর, কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল তা তদন্ত করে দেখা হবে।

মে ০৬, ২০২১
রাজ্য

শীতলকুচিকাণ্ডে সিআইডি'র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

শীতলকুচিতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় তদন্ত কতদূর অগ্রসর হয়েছে, তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-র কাছে থেকে তদন্তের গতিপ্রকৃতি জানতে চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ৫ মের মধ্যে রিপোর্ট দিতে হবে।শুক্রবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।গত শনিবার, ১০ তারিখ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনায় সোমবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের বেঞ্চে মামলাটি দায়ের করেন ফিরদৌস শামিম নামে এক ব্যক্তি। কীভাবে, কোন পরিস্থিতিতে সেদিন গুলি চলেছিল, তা বিস্তারিত জানতে চেয়ে মামলা দায়ের করেছেন ফিরদৌস শামিম। তাঁর দাবি মূলত তিনটি ঘটনায় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা, আগামী দিনে অভিযুক্তদের ভোট প্রক্রিয়া থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দান। তারই শুনানি ছিল শুক্রবার। সূত্রের খবর, মাথাভাঙা থানায় এ নিয়ে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন দিকে এগোচ্ছে, কী তার স্ট্যাটাস রিপোর্ট, সেসব জানতে চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে এই ঘটনায় তৃণমূল ও সিআইএসেফের তরফে মাথাভাঙা থানায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। এরপরই সিআইডিকে তদন্তভার দিয়ে সংস্থার কাছ থেকে উচ্চ আদালত বিস্তারিত রিপোর্ট চেয়েছে বলে খবর। মামলাকারী ফিরদৌস শামিম জানিয়েছেন, তাঁদের দাবিমতো বিচারবিভাগীয় তদন্ত অর্থাৎ এক্ষেত্রে সিআইডি তদন্তে অনুমোদন দিয়েছে উচ্চ আদালত। সেইমতো আগামী ৫ তারিখ বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত তারপরে হবে। পাশাপাশি, এদিন হাইকোর্টের তরফে এও জানানো হয়েছে, রাজনৈতিক দলের মাধ্যমে যেন নিহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যদান করা না হয়। জেলাশাসকের মাধ্যমে অর্থ তুলে দেবে কমিশন।

এপ্রিল ১৬, ২০২১
রাজ্য

ছাপ্পা ভোটের মাস্টারপ্ল্যানের অংশ শীতলকুচির ঘটনা, বিস্ফোরক মোদি

শীতলকুচির ঘটনা নিয়ে রাজনৈতিক লড়াই অব্যাহত। এবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কল্যাণীর সভা থেকে মোদি দাবি করলেন, শীতলকুচির ঘটনা আসলে মমতার ছাপ্পা ভোটের মাস্টারপ্ল্যানেরই অংশ। প্রধানমন্ত্রীর দাবি, মমতা রাজ্যের আদিবাসী, দলিত, তপসিলি, মতুয়া, নমঃশূদ্রদের ভোটাধিকার কেড়ে নিতে চান। সেজন্যই ছাপ্পার পরিকল্পনা। আর সেটার জেরেই ঘটেছে শীতলকুচির ঘটনা।কল্যাণীতে দাঁড়িয়ে মোদি বলেন,মমতা এখন রাজ্যের আদিবাসী, দলিত, তপসিলি, মতুয়া, নমঃশূদ্রদের ভয় দেখাচ্ছেন, ধমকাচ্ছেন, মারধর করছেন। কিন্তু দিদি, আপনি যতই ভয় দেখান, মোদির প্রতি ওঁদের ভালবাসা কমাতে পারবেন না। প্রধানমন্ত্রীর দাবি, সোজা পথে বাংলার তপসিলি, মতুয়া, নমঃশূদ্রদের আটকানো যাবে না বুঝতে পেরেই মমতা এঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। ছাপ্পা ভোটের পরিকল্পনা করেছেন। তাঁর কথায়,মতুয়া-নমঃশূদ্রদের আটকানোর জন্যই দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দিচ্ছেন। একটা দলকে বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে। আরেকটা দলকে বলছেন বুথে গিয়ে ছাপ্পা মারতে। এটাই দিদির ছাপ্পা মারার মাস্টারপ্ল্যান। শোনা যাচ্ছে, কোচবিহারের ঘটনাও সেই মাস্টারপ্ল্যানেরই অংশ। কিন্তু দিদি এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। জয়-পরাজয় সব ভোটেই থাকে। দলিতদের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না। মতুয়া-নমঃশূদ্রদের অধিকার এভাবে কেড়ে নেওয়া যাবে না।প্রসঙ্গত, কল্যাণী এবং সংলগ্ন এলাকায় একটা বড় অংশের ভোটার মতুয়া সম্প্রদায়ের। লোকসভার মতো বিধানসভাতেও সেই মতুয়া ভোটে বিশেষ নজর বিজেপির। সম্ভবত, সেকারণেই এদিন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওড়াকান্দির সফর প্রসঙ্গ তুলে মমতাকে খোঁচা দিলেন। মোদি বোঝানোর চেষ্টা করলেন, মানুষের গণতন্ত্র রক্ষা করা মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জীবনের উদ্দেশ্য ছিল। আর সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে অনুপ্রেরণা পেতেই বাংলাদেশের ওড়াকান্দি সফরে গিয়েছিলেন তিনি। এরপরই মমতাকে খোঁচা দিয়ে মোদি বলেন, আমার ওড়াকান্দি যাওয়াটাই দিদির পছন্দ হয়নি। ওড়াকান্দিতে যাওয়াটা কি ভুল ছিল? হরিচাঁদ ঠাকুরের কর্মভূমিতে মাথা ঠেকানো ভুল ছিল নাকি?

এপ্রিল ১২, ২০২১
কলকাতা

'মানুষ চাইলে ইস্তফা দেব', শীতলকুচি-কাণ্ডে জবাব অমিত শাহর

ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের মৃত্যুতে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ, তিনি মনে করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কেন্দ্রের সশস্ত্র বাহিনী এভাবে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছেন। এবার তাঁর সেই দাবির জবাব দিলেন অমিত শাহ। রবিবার বসিরহাট দক্ষিণের জনসভা থেকে তাঁর বক্তব্য, উনি বারবার আমার পদত্যাগ দাবি করছেন। মানুষ চাইলে আমি পদত্যাগ করব। কিন্তু মনে রাখবেন, ২ মে দিদিকে পদত্যাগপত্র জমা দিতেই হবে রাজ্যপালের কাছে। কারণ, বাংলায় পরিবর্তন আসছে। দিদির বিদায় নিশ্চিত।শীতলকুচিকাণ্ডের দায় কার? শুধুই কেন্দ্রীয় বাহিনীর নাকি কোনও রাজনৈতিক দলের উস্কানিই রয়েছে এর নেপথ্যে? তা তো তদন্তসাপেক্ষ। তবে বিষয়টি নিয়ে একে অপরের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে সরব হয়েছেন কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক প্রধানরা। কখনও তৃণমূল নেত্রী এর নেপথ্যে অমিত শাহকেই ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ইস্তফা দাবি করেছেন। একই দাবিতে সরব অন্যান্য তৃণমূল নেতাও। পরক্ষণেই আবার বিজেপি নেতৃত্ব মমতাকেই দায়ী করছেন এর জন্য। তাঁদের পালটা যুক্তি, জনসভা থেকে তৃণমূল নেত্রীই সিআরপিএফকে ঘেরাও করার জন্য জনতাকে উস্কেছেন। তার ফলশ্রুতি বাহিনীকে ঘেরাও করার ফলে আত্মরক্ষার্থে গুলিচালনার ঘটনা। এ নিয়ে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরাও উপুর্যপরি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছেন। পদত্যাগ ইস্যুতে সবসময়েই মুখ্যমন্ত্রীর জবাব শোনা যায়, জনরায়ে ভোটে না জিতলে পদত্যাগ করতেই হবে। সেই রায় তিনি মাথা পেতে নেবেন। এবার যেন খানিকটা সেই সুরই বাজল অমিত শাহর গলায়। বসিরহাটের জনসভা থেকে তিনিও পালটা জনরায়ের উপর ভরসা রাখলেন তিনি। বলেন, মানুষ চাইলে আমি পদত্যাগ করব।

এপ্রিল ১১, ২০২১
রাজ্য

শীতলকুচি-কাণ্ডের প্রতিবাদে মোমবাতি হাতে বর্ধমানে রোড শো মমতার

হুইলচেয়ারে বসে নেত্রী। হাতে জ্বলন্ত মোমবাতি। সঙ্গে জনজোয়ার। ভাঙা পা নিয়েই বর্ধমান শহরে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শহরের পুলিশ লাইন থেকে স্পন্দন স্টেডিয়াম পর্যন্ত রোড শো করেন তিনি। গোটা রোড শোয় মোমবাতি হাতে ধরে রাখেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রের খবর, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলির প্রতিবাদ জানাতেই এদিন মোমবাতি হাতে নিয়ে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়।উত্তরবঙ্গে সভা শেষ করে এদিন বিকেলে বর্ধমানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেক আগে থেকেই অবশ্য পুলিশ লাইন থেকে স্পন্দন পর্যন্ত জিটি রোডের দুধারে অগণিত মানুষ ভিড় করেন। পুলিশ লাইনে রোড শো শুরুর আগে ছৌ, রণপা শিল্পীরা অনুষ্ঠান শুরু করে দেন রাস্তায়। এছাড়া আদিবাসী লোকশিল্পীরাও ছিলেন। ডিজের সুরে খেলা হবে গান। আর গোটা যাত্রাপথে মাইকে বেজেছে, বাংলা নিজের মেয়েকেই চায়। তৃণমূল নেত্রী কখনও হাত নেড়েছে, আবার কখনও হাতজোড় করে নমস্কার করেছেন রাজপথের দুধারে অপেক্ষারত মানুষজনকে।রবিবারের রোড শোয় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিশোরী ও তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই দূর থেকে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি নিতে ভোলেননি। এদিনের রোড শোয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পূর্বস্থলি দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথ, মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস, বর্ধমান উত্তরের নিশীথ মালিক, রায়নার শম্পা ধাড়া-সহ জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা ছিলেন।

এপ্রিল ১১, ২০২১
কলকাতা

‘এটা গণহত্যা’, মৃতদের সাহায্যের আশ্বাস মমতার

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পেয়েই শনিবার বিকেলে শিলিগুড়ি পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শীতলকুচি যাওয়ার কথা ছিল তাঁর। তবে কমিশনের নিষেধাজ্ঞা থাকায় সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন। সেই কারণেই এদিন সকালে সাংবাদিক বৈঠক থেকেই ভিডিও কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন তৃণমূল সুপ্রিমো। আশ্বাস দিলেন পাশে থাকার। আগামী ১৪ এপ্রিল শীতলকুচি গিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলেও জানালেন তিনি। ঘটনাকে গণহত্যা বলে মন্তব্য করলেন মমতা।

এপ্রিল ১১, ২০২১
রাজ্য

ভোট শুরু হতেই রক্তাক্ত শীতলকুচি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে হত ৪

প্রাণহানি দিয়ে দিন শুরু হয়েছিল। বেলা বাড়তে সেই শীতলকুচিতেই বাড়ল মৃতের সংখ্যা। এ বার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে সেখানে আরও ৪ ব্যক্তির প্রাণ গেল। মাথাভাঙা হাসপাতালে তাঁদের ময়নাতদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও ৪ ব্যক্তি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতরা সকলেই তাঁদের সমর্থক বলে দাবি তৃণমূলের। অন্যদিকে, পাঠানটুলির ৮৫ নম্বর বুথ থেকে বলপূর্বক বিজেপির এজেন্ট আনন্দ বর্মনকে বের করে দেয় তৃণমূল। এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। বোমাবাজিও করা হয় ওই বুথের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। জখম হন বেশ কয়েকজন।শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র হয়ে কাজ করছে। রাতভর মদ-মাংস খেয়ে সকালে নির্বিচারে গুলি চালিয়েছে। সুষ্ঠ নির্বাচন করানোর ভার যাদের কাঁধে, তাঁদের নির্বিচারে গুলি চালানোর অধিকার কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির।স্থানীয় এক তৃণমূল কর্মী সংবাদমাধ্যমে বলেন, দলে দলে মানুষ ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। বুথের ভিতরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল।অন্যদিকে, বিজেপি নেতা নিশীথ প্রামাণিক গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা। মাথাভাঙা, শীতলকুচি, কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে বলেন তিনি, তাতেই একটি বিশেষ শ্রেণির লোক উত্তেজিত এবং তা থেকে আক্রমণাত্মক হয়ে পড়েন। কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালিয়ে থাকে, তা আত্মরক্ষার্থেই চালিয়েছে। আসলে তৃণমূল জানে, ওরা হারছে। তাই উশৃঙ্খলতা তৈরি করছে। গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, সিআরপিএফ নয়, গুলি চালিয়েছে সিআইএসএফ (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স)। রাজ্য নির্বাচন পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ চলছিল। বাধা দেওয়া হচ্ছিল ভোটদানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরা হয়। রাইফেলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাতেই গুলি চলে।কিন্তু স্থানীয় এক বাসিন্দার যুক্তি, নিহতদের পরিচয় তাঁদের বিশেষ কোনও রাজনৈতিক দলের প্রতি তাঁদের সমর্থন নয়। তাঁরা ভোটার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে যদি গুলি চালাতে হয়, তাহলে পায়েও তো গুলি চালাতে পারত। তা না করে সোজাসুজি বুকে গুলি করা হল কেন প্রত্যেককে?কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় বাহিনী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। তিনি বলেন, কী বলব আমি? শীতলকুচির মানুষ আমার স্বজন। চার-চারটি তরতাজা প্রাণ চলে যেতে দেখে চোখের জল চেপে রাখতে পারছি না। মানুষ এখনও ভোটকেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। সেই মনোবল ভেঙে ফেলার চেষ্টা চলছে। আজকের ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী। দায়ী বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের অঙ্গুলিহেলনে এ সব হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে ফোনে কথা হয়েছে, তিনি পুরোটা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও মন্তব্য করেন পার্থপ্রতিম।নির্বাচন কমিশনার সুদীপ জৈন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ফোনে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন। কী কারণে গুলি চালাতে হল, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেল না, সব সমেত পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন তিনি।শনিবার সকালে চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে দফায় দফায় শীতলকুচিতে সঙ্ঘর্ষ বেধেছে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে। সকালে পাঠানটুলি শালবাড়ির ২৮৫ বুথে ভোট দিতে গিয়ে আনন্দ বর্মণ নামের এক ১৮ বছরের কিশোরের মৃত্যু হয়। তাঁর পরিবারের লোকজন নিজেদের বিজেপি সমর্থক বলে দাবি করলেও, আনন্দ কাদের পক্ষে, তা নিয়েও রাজনৈতিক টানাপড়েন শুরু হয়। তার মধ্যেই এই ঘটনা।

এপ্রিল ১০, ২০২১
রাজ্য

ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, রণক্ষেত্র শীতলকুচি

চতুর্থ দফার ভোটের শুরু থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। গুলিতে প্রাণ গেল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পাঠানটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ, ব়্যাফ ও কমব্যাট ফোর্স। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের তরফে ফোন করা হয়েছে রিটার্নিং অফিসারকে।বিজেপি কর্মীদের দাবি, শনিবার সকালে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছিল তাঁদের। এই নিয়ে একাধিক বুথে অশান্তি হয়। বিজেপির অভিযোগ, পাঠানটুলির ৮৫ নম্বর বুথ থেকে বলপূর্বক বিজেপির এজেন্ট আনন্দ বর্মনকে বের করে দেয় তৃণমূল। এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বোমাবাজিও করা হয় ওই বুথের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। জখম হন বেশ কয়েকজন। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তি মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।কর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। যদিও পরিবারের দাবি, ওই যুবক বিজেপির পোলিং এজেন্ট নন। তিনি প্রথমবার ভোট দিতে গিয়েছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন। এদিন সিতাই এলাকা থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। তবে তাঁর রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও কোচবিহারের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বোমাবাজি হচ্ছে বলে অভিযোগ। একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। প্রতিক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে।যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। তাঁদের পালটা দাবি উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জের একাধিক বুথে তৃণমূলের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই এবিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

এপ্রিল ১০, ২০২১

ট্রেন্ডিং

দেশ

মায়ের অভিযোগে থানায় ডাকা হয়েছিল, সেখানেই ৫ পুলিশকে ছুরি দিয়ে কোপ! দিল্লিতে ভয়ংকর কাণ্ড

দিল্লির জামা মসজিদ থানায় ভয়াবহ ঘটনা। থানার ভিতরে ঢুকে ছুরি দিয়ে পুলিশকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল ৩০ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচ পুলিশকর্মী আহত হন। তার পর থানা থেকে পালিয়ে যাওয়ার সময় আরও চার পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক। শেষ পর্যন্ত তাঁকে থামাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। অভিযুক্তের দুই পায়ে মোট ছটি গুলি লাগে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাবিল। তাঁর মা ও বোনের অভিযোগের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য সোমবার দুপুর আড়াইটে নাগাদ তাঁকে থানায় ডাকা হয়েছিল। নাবিল তাঁদের নানা ভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ জানিয়েছিলেন মা ও বোন। ঘটনার সময় তাঁরাও থানায় উপস্থিত ছিলেন।অভিযোগ, নাবিল পকেটে একটি ছোট ছুরি নিয়ে থানায় এসেছিলেন। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই পকেট থেকে ছুরিটি বের করে তাঁদের উপর হামলা চালান তিনি। এই ঘটনায় দুজন সাব-ইনস্পেক্টর, দুজন হেড কনস্টেবল এবং এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর আহত হন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।হামলার পর থানা থেকে পালিয়ে যান নাবিল। রাস্তায় এক ব্যক্তির স্কুটার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তাঁর পিছনে ধাওয়া করে। প্রায় দুঘণ্টা ধরে চলতে থাকে তল্লাশি ও ধাওয়া। শেষ পর্যন্ত তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।কিন্তু পুলিশ তাঁকে ধরতে এগিয়ে যেতেই ফের ছুরি নিয়ে হামলা চালান নাবিল। এই ঘটনায় স্পেশাল স্টাফের আরও চার জন কনস্টেবল আহত হন। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, মোট আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। তার মধ্যে ছটি গুলি নাবিলের দুই পায়ে লাগে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করানো হয়।এই ঘটনায় মোট নজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের চিকিৎসা চলছে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। বাকি পাঁচ জনকে স্যর গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অস্ত্রোপচার হয়েছে। এক জনের আঘাত গুরুতর। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে।পুলিশ জানিয়েছে, নাবিল মানসিক ভাবে সুস্থ। তবে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কেন তিনি থানার ভিতরে ঢুকে পুলিশকর্মীদের উপর এমন হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। ২০২২ সালে দরিয়াগঞ্জ থানায় মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রেখা পাত্রের পর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক! তড়িঘড়ি কলকাতায় স্থানান্তর, কী হয়েছে

রাজ্যের আরও এক বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল বিজেপি বিধায়ক হেমন্ত বাগকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।অসুস্থ বোধ করায় প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল হেমন্তকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। সেই মতো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের উদ্যোগেই অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগের বিজেপি বিধায়ককে।জানা গিয়েছে, বর্তমানে হেমন্ত বাগের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। তাঁর ব্যথা কিছুটা কমেছে। তবে কী কারণে এই ব্যথা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণ খুঁজে বের করতে একাধিক পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়কের চিকিৎসায় যেন কোনও রকম খামতি না থাকে।অন্য দিকে, রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক রেখা পাত্রও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার বিকেলে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। আপাতত ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের ফুসফুসে লালারস ঢুকে যাওয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। ফলে আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই বিজেপি বিধায়কের অসুস্থতার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। হেমন্ত বাগের শারীরিক অবস্থার কারণ জানতে পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। অন্য দিকে, রেখা পাত্রের শারীরিক অবস্থার আরও উন্নতির দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর পরিবার ও দলের নেতারা।

নভেম্বর ২৩, ২০২৬
বিদেশ

বাংলাদেশে এবার ইউনুসের গ্রামীণ ব্যাঙ্কে হামলা! ১০০টি শাখায় অগ্নিসংযোগের অভিযোগ, দায় কার?

বাংলাদেশে অশান্তি যেন কিছুতেই থামছে না। শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তার পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বার সেই অশান্তির আঁচ এসে পড়ল ইউনুসের সঙ্গে যুক্ত গ্রামীণ ব্যাঙ্কেও। অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মী-সমর্থক হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানান মহম্মদ ইউনুস। তাঁর দাবি, গ্রামীণ ব্যাঙ্কের শাখাগুলিতে হামলা চালানোর সময় হামলাকারীদের জয় বাংলা স্লোগান দিতে শোনা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইউনুস জানিয়েছেন, গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই মহিলা। ব্যাঙ্কের ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি।তবে গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন ইউনুস। তাঁর বক্তব্য, ব্যাঙ্কের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক বাংলাদেশ সরকার। ফলে ব্যাঙ্কটির পরিচালনার দায়িত্ব তাঁর হাতে নেই।উল্লেখ্য, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইউনুসকে। তার পর থেকে ওই ব্যাঙ্কের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনুস। তাঁর অভিযোগ, গ্রামীণ ব্যাঙ্কে হামলার সময় ব্যাঙ্কের আধিকারিক এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুধু গ্রামীণ ব্যাঙ্ক নয়, দেশের বিভিন্ন জায়গায় আরও হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি।ইউনুসের বিবৃতি অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিন সাংসদের বাড়ি এবং তিনটি থানায় হামলার অভিযোগও তুলেছেন তিনি।সব মিলিয়ে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন করে হিংসার অভিযোগ সামনে এসেছে। গ্রামীণ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের একাধিক শাখায় হামলার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে। কারা এই হামলার পিছনে রয়েছে এবং কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রাজ্যজুড়ে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন, এবার মিলবে নিরামিষ খাবারও! কোথায় শুরু হচ্ছে প্রথম?

রাজ্যে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে এই ক্যান্টিনের সংখ্যা বেড়ে হবে ১,০০০। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জনবহুল এলাকাতেও চালু হবে এই ক্যান্টিন। হাসপাতাল, আদালত, সরকারি দফতর, বাসস্ট্যান্ড, জেটিঘাট, বড় বাজার এবং গুরুত্বপূর্ণ যাতায়াতের জায়গাগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এ বার থেকে মা আহার ক্যান্টিনে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও পাওয়া যাবে। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় ৫০০টি মা আহার ক্যান্টিন চলছে। সেখানে মাত্র ৫ টাকায় খাবার পান সাধারণ মানুষ। এই প্রকল্পে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দ করে সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এ বার আরও ৫০০টি ক্যান্টিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুযোগও বাড়বে।মা আহার ক্যান্টিনের খাবারের তালিকাতেও নতুন সংযোজন হতে চলেছে। এত দিন এই ক্যান্টিনে মাছ ও ডিম-সহ খাবারের ব্যবস্থা ছিল। এ বার তার পাশাপাশি পাওয়া যাবে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, বারাসত থেকে প্রথম এই ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে, এমন জায়গা থেকেও সাত্ত্বিক খাবারের দাবি উঠেছে। তাই বর্তমান খাবারের ব্যবস্থা বন্ধ না করে অতিরিক্ত বিকল্প হিসেবে নিরামিষ খাবার চালু করা হবে। এই ব্যবস্থার জন্য অর্থ দফতর থেকে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত দিন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, খাবার, মশলা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সবলা মেলার আয়োজন করা হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই মেলার নতুন নাম হয়েছে গৌরী মেলা। এ বার সেই মেলাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে শুধু রাজ্য বা জেলা স্তরে নয়, ব্লক স্তরেও গৌরী মেলার আয়োজন করা হবে। এর ফলে গ্রামের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক সাহায্য নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে। যাচাইয়ের কাজ শেষ করে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ছোট প্রকল্পও চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এ বছর নিউটাউনের মেলা মাঠে গৌরী মেলায় মোট ২৬০টি স্টল তৈরি করা হয়েছে। মেলার আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ বারই প্রথম একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও এই মেলায় অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে নিউটাউনের এই মেলা।এর পর বুধবার কোচবিহারের রাসমেলা মাঠে গৌরী মেলার উদ্বোধন করা হবে। সেখানেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের হাতে তৈরি বড়ি, আচার-সহ বিভিন্ন খাবার ও হস্তশিল্প কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।সব মিলিয়ে, মা আহার ক্যান্টিনের সংখ্যা বাড়ানো, সাত্ত্বিক খাবারের ব্যবস্থা এবং গৌরী মেলাকে ব্লক স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

সরকারি চাকরির আবেদনে আর দিতে হবে না টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন কারা?

সরকারি চাকরির আবেদন করতে আর দিতে হবে না কোনও টাকা। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য যে ফি দিতে হত, তা পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছেন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।মুখ্যমন্ত্রী জানান, এত দিন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের ফি সবচেয়ে বেশি। অন্য দিকে, পুলিশ নিয়োগের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এ বার থেকে আর সেই টাকা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি-র পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। রাজ্য সরকারই সেই খরচ বহন করবে।শুধু আবেদন ফি মকুব নয়, এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, স্বাস্থ্য-সহ রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তির ভিত্তিতেও নিয়োগ হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য মোট এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে নতুন করে নিয়োগ শুরু হবে। বেকারত্ব কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সরকারের যুক্তি ছিল, আগের সরকারের আমলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন। সেই সমস্যা মেটাতেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ বি পদের ক্ষেত্রে তা ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি পদের ক্ষেত্রে ৪৫ বছর।এ বার সরকারি চাকরির আবেদন ফি পুরোপুরি মকুবের ঘোষণায় চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুবিধা তৈরি হল। নিয়োগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় আবেদন করার আর্থিক চাপও কমাতে চাইছে রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত কবে থেকে এবং কোন কোন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

নভেম্বর ২৩, ২০২৬
দেশ

বাংলায় মমতা-সিপিএম জোট হবে? জল্পনার মাঝেই বড় কথা জানালেন এম এ বেবি!

বিজেপিকে রুখতে জাতীয় স্তরে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। সেই জোটে রয়েছে বাম, কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল। কিন্তু জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও বাংলায় কি একই ছবি দেখা যাবে? বিজেপিকে হারাতে কি এ রাজ্যেও হাত মেলাবে তৃণমূল ও সিপিএম? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি জোটে যাবে বামেরা? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই জল্পনার মাঝেই মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলায় বিজেপি বিরোধী সব দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই লড়াইয়ে কে লাল, কে নীল, তা বিচার করা হবে না বলেও জানিয়েছিলেন মমতা। অন্য দিকে, বাংলায় অতীতে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছে সিপিএম। তাদের মূল লক্ষ্য ছিল তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো।তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দলের কর্মীদের উপর হামলা, খুন এবং ঘরছাড়া করার অভিযোগ বারবার তুলেছে সিপিএম। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনও করেছে তারা। দলের তরুণ নেতানেত্রী দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য এবং শতরূপ ঘোষও বিভিন্ন সময়ে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন।এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি হাত মেলাবে সিপিএম? তেমনটা হলে দলের কর্মী-সমর্থকদের কাছে কী বার্তা যাবে? সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতাই বা কতটা থাকবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের অংশ হলেও বিভিন্ন রাজ্যে বাম ও কংগ্রেসের সমীকরণ এক নয়। কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করে। আবার জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে তারা একজোট। তা হলে বাংলায় তৃণমূলের সঙ্গে সিপিএমের সম্পর্ক কোন পথে এগোবে?এই প্রশ্নের জবাবে এম এ বেবি স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় জোটের সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্বই। তিনি বলেন, আরএসএস-বিজেপিকে হটাতেই জাতীয় স্তরে ইন্ডিয়া জোট। কেরলে কংগ্রেস ও সিপিএম পরস্পরের প্রতিপক্ষ। কিন্তু জাতীয় স্তরে তারা সহযোগী। তাই বাংলায় কী হবে, তা ঠিক করবেন রাজ্য নেতৃত্বই।অন্য দিকে, এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য অবশ্য আলাদা। তিনি বলেন, ওরা সব ডুবন্ত নৌকার মতো। রোজ নিজেদের অবস্থান বদলায়। ওদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই।সব মিলিয়ে, বাংলায় বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল ও সিপিএমের মধ্যে কোনও সমঝোতা হবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের হাতেই ছেড়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ফলে আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৩, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - তৃতীয় পর্ব

মৎসদেশের মহারাজ বিরাট নিজের সিংহাসনে বিরাজমান, এখনো পর্যন্ত মোট চারজন তার রাজদরবারে নিযুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। একজন সুদর্শন ব্যক্তি প্রথমে এসে নিজের পরিচয় দিয়েছেন অঙ্কন নামে, তিনি নাকি পাশা খেলায় পারদর্শী আর কে না জানে মহারাজ বিরাট পাশা খেলায় তীব্র আসক্ত।কিছুক্ষন পরেই আরো একজন ব্যক্তি এলেন আর নিজের পরিচয় দিলেন তন্ত্রীপাল বলে, তিনি নাকি গো রক্ষক ছিলেন ইন্দ্রপ্রস্থ্যর গোশালায়। এনার পরে জিনিস এলেন তাকে নিঃসন্দেহে এই ভূভারতের সবচেয়ে সুদর্শন ব্যক্তিগত বলা চলে আর ইনি কিনা নিজেকে পরিচয় দিলেন গ্রন্থিক বলে আর কাজ চাইলেন মহারাজের অশ্বসালায়। গ্রন্থিক যখন রাজসভায় পদার্পন করে নিজের পরিচয় দিচ্ছিলেন তখন অন্দরমহলের নারীরাও পর্দার আড়ালে উপস্থিত হয়ে চাক্ষুস করছিলেন এই পুরুষকে। মহামন্ত্রী বলেও বসলেন, তোমায় দেখে মনে হয়না এই কাজ তোমার পেশা। তখন গ্রন্থিক বলেন, মহামন্ত্রী, আজ পর্যন্ত আমি যেখানেই উপস্থিত হয়েছি সেখানেই এই একই কথা শুনেছি তবে বিশ্বাসযোগ্য নাহলেও এটাই সত্যি যে মহারাজ যুধিষ্টিরের পতনের পর এই অধমের কপালে চরম দুর্যোগ নেমে এসেছে।গ্রন্থিক বিদায় নেওয়ার পরেই সেখানে উপস্থিত হন সৈরিণী, এক অপরূপ নারী। চোখ যেন পদ্মফুল আর শরীরে অগ্নিদেবের তেজ। সেই নারী নিজেকে পরিচয় দিলেন মহারানী দ্রৌপদীর পরিচারিকা হিসাবে কিন্তু মহারাজের প্রধান সেনাপতির এই কথা বিশ্বাস হলোনা, এতক্ষন তিনি সৈরিণীর রূপে এতটাই ডুবে গেছেন যে এই নারীকে না পেলে তার জীবন বৃথা মনে হচ্ছে, সৈরিণীর উদ্দেশ্যে তিনি বললেন, তুমি দ্রৌপদীর পরিচারিকা ছিলে কিনা সে বিষয়ে আমি সন্দীহান কারণ রূপ রসে তুমি কোনোদিক থেকেই দ্রৌপদীর থেকে কম নও। সৈরিণী বুঝলেন সেনাপতি কিচকের অভিসন্ধি কিন্তু এই মুহূর্তে এই কাজের বড্ড দরকার তার। মহারাজ তাকে মহারানী সুদেষ্ণার পরিচারিকা রূপে নিযুক্ত করলেন।এরপর যিনি এলেন তিনি যেন এক পাহাড়সমান লম্বা এবং শরীর দেখলে যেকোনো বীরের বুকে কম্পন সৃষ্টি হতে পারে আর এই ব্যক্তি এসে দাবি করলেন তিনি নাকি অসাধারণ রাঁধতে পারেন। কথাটা সত্য কিনা জানতে তৎক্ষণাৎ মহারাজ তাকে প্রমান দিতে বললেন আর নিয়ে গেলেন রন্ধনসালায়। বল্লভও প্রমান দিলেন তার হাতের জাদু, মহারাজ তখনই তাকে রন্ধনসালায় প্রধান ঠাকুর হিসাবে নিযুক্ত করলেন।এর কিছুক্ষন পর সভায় এসে উপস্থিত হলেন যিনি তাকে দেখে সকলে বেশ অবাক হলেন। শরীর একজন বীরপুরুষের ন্যায়, চোখের তেজ দেখলে মনে হয় এক দুর্নিবার যোদ্ধা কিন্তু পরনের পোশাক নারীদের ন্যায়, এমনকি কণ্ঠস্বরও নারীদের মতন, তিনি নিজেকে পরিচয় দিলেন বৃহন্নলা হিসাবে আর প্রার্থনা করলেন কুমারী উত্তরার নৃত্য গুরু হওয়ার। মহারাজ বহুদিন যাবৎ একজন গুরুর সন্ধান করছিলেন বটে কিন্তু সে এভাবে হাজির হবে তিনি ভাবেন নি। নিজের কৌতূহল চাপতে না পেরে তিনি বললেন, বৃহন্নলা, তোমার মতো ব্যক্তিদের এই কাজ না করে যুদ্ধে যাওয়া উচিত, তুমি তোমার বাহুবলে জিতে নিতে পারো যেকোনো যুদ্ধ। বৃহন্নলা, মহারাজ, যুদ্ধের প্রতি আমার কোনো টান নেই তবে প্রয়োজনে অস্ত্র তুলতেও আমার কোনো আপত্তি নেই তবে আপাতত আমার এই কাজের খুব দরকার। কৃপা করে এই অধমকে সাহায্য করুন। মহারাজ বিরাট, ঠিক আছে তবে তাই হোক, আজ থেকে রাজকুমারী উত্তরা আর তার সখীদের নৃত্যগুরু হয়েই তুমি থাকো নাহয়। বৃহন্নলা এভাবেই প্রবেশ করলেন রাজপ্রাসাদের অন্ধরমহলে, পরিচয় হলো তার এক রাজকুমারী উত্তরার সাথে। রাজকুমারী উত্তরা যখন নিজের গুরু বৃহন্নলাকে প্রণাম করছিলেন তখন নিজের অজান্তেই কেমন যেন ভাবুক হয়ে উঠেছিলেন বৃহন্নলা। সেইদিন রাতে সৈরিণীর সাথে আলাপ হয় তার আর সৈরিণী বৃহন্নলার প্রতি সন্দেহের চোখে তাকান, তার দৃষ্টি এটা বলে দেয় যে তিনি মোটেও সন্তুষ্ট নন যে বৃহন্নলা সারাদিন নারীবেষ্ঠিত হয়ে থাকবেন এরপর থেকে।তবে বৃহন্নলা সৈরিনিকে বলেন, রাজকুমারী উত্তরাকে দেখে আজ বড্ড মনে পড়ছে আমার শিশু সন্তানের কথা, সেও আজ এতটাই বড়ো হয়ে গেছে হয়তো। দ্বারকায় নিজের মামার কাছে ভালোই আছে আশা করি, তাকে দেখতে বড্ড মন চায়। সে এখন কেমন হবে বলে মনে হয় সৈরিণী? সৈরিণী বৃহন্নলার এই স্বভাবের ব্যাপারে অবগত। দুনিয়া তাকে যেভাবেই চিনুক সৈরিণী চেনে তার এই প্রেমিক পুরুষকে যার মন যথেষ্টই কোমল। সৈরিণী জবাব দেয়, মাধব যার উপর ছত্রছায়া হয়ে রয়েছেন সে অবশ্যই বড়ো বীর।বৃহন্নলা সস্নেহে জড়িয়ে ধরেন সৈরিনিকে।দ্বারকা নগরী: এক অষ্টদশী যুবক একে একে ঘায়েল করে চলেছেন বিশালকার মোল্লযোদ্ধাদের। তার তীরের নিখুঁত নিশানায় চূর্ণ হয়ে চলেছে প্রতিপক্ষের সমস্ত অস্ত্র। একসময় একটা তীর গিয়ে মহামহিম বলরামের হাত থেকেও তার গদা ফেলে দেয়। মহামহিম বলরাম ক্রধিত হওয়ার পরিবর্তে গর্বিত বোধ করেন আর বলেন, মামা শ্রী কৃষ্ণের পরম শিষ্য এতো বড়ো ধনুর্ধারি হয়ে উঠেছে যে আর এক মামার হাত থেকে গদা ফেলে দিতে পারে। বড়ো যোদ্ধা হও ভাগ্নে এই আশীর্বাদ করি তোমায়। বাসুদেব শ্রী কৃষ্ণও এসে উপস্থিত হলেন নিজের ভাগ্নের কীর্তি দেখতে সাথে ভগিনী সুভদ্রা। সামনে তখনও ধনুক হাতে দাঁড়িয়ে অর্জুনপুত্র অভিমুন্য, সকলকে প্রমান জানালেন।শ্রী কৃষ্ণ সুভদ্রাকে বললেন, অর্জুনের প্রতিভা আর তোমার গুনের মিশ্রনে অভিমুন্য এক অজেয় যোদ্ধা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অভিমুন্যর নাম। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

এখনও জ্ঞান ফেরেনি রেখা পাত্রের, ভেন্টিলেশনে রেখেই চলছে চিকিৎসা, কী বলছে হাসপাতাল?

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। এখনও বিপদমুক্ত নন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকালের পর থেকে তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে এখনও পর্যন্ত উন্নতির কোনও লক্ষণও দেখা যায়নি। ফলে উদ্বেগ কাটছে না চিকিৎসকদের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রের সিটি স্ক্যান করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর ফুসফুসে বিষাক্ত লালারস ও জলীয় পদার্থ জমা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে ফুসফুসের সমস্যা আরও বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অচেতন থাকায় তিনি নিজে থেকে লালারস গিলতে পারছেন না। সেই লালারসই ফুসফুসে ঢুকে যাচ্ছে। তাঁর শ্বাসকষ্ট রয়েছে। ফুসফুস ঠিক ভাবে কাজ করছে কি না, তা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা।শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের উদ্যোগে প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় স্থানান্তরিত করা হয় বিজেপি বিধায়ককে। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মস্তিষ্কেও অসুস্থতার প্রভাব পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।সব মিলিয়ে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়া কিছুটা স্বস্তি দিলেও রেখা পাত্রের বিপদ এখনও কাটেনি। কবে তাঁর জ্ঞান ফিরবে এবং কখন শারীরিক অবস্থার উন্নতি হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

নভেম্বর ২৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal