দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়েতে! বড় পরিকল্পনা শুভেন্দু সরকারের, শুরু হল কোন কাজ?
রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ভাবনা রাজ্য সরকারের। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এমনই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠে সারা বছরই প্রচুর ভক্ত ও দর্শনার্থীর ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে সেই ভিড় আরও বেড়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে গাড়ি, ট্যাক্সি এবং বাসের মতো সড়কপথের যানবাহন রয়েছে। জিটি রোড এবং বালি সেতু হয়ে যাতায়াত করা যায়। এ ছাড়া গঙ্গার উপর দিয়ে ফেরি ও লঞ্চ পরিষেবাও চালু রয়েছে।এ বার সেই যাতায়াত ব্যবস্থায় নতুন সংযোজন হতে পারে রোপওয়ে। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বা কবে পরিষেবা চালু হতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।শুধু দক্ষিণেশ্বর-বেলুড় মঠ নয়, পাহাড়েও রোপওয়ে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দুই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ চলছে।বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে হিলকার্ট রোড-সহ বিভিন্ন পাহাড়ি রাস্তার উপর নির্ভর করতে হয়। পর্যটনের মরসুমে এই রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। আবার বর্ষাকালে পাহাড়ে ধস নামলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এই সমস্যার সমাধান করতেই রোপওয়ে চালুর পরিকল্পনা করা হচ্ছে।অন্য দিকে, দার্জিলিংয়ের যানজট সমস্যা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চার দিনের সমীক্ষা শুরু করেছে। দার্জিলিং পুলিশের অনুরোধেই এই দলকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশের এই দলে রয়েছেন এক জন উপ-পুলিশ কমিশনার, তিন জন পরিদর্শক এবং এক জন সার্জেন্ট। চার দিন ধরে তাঁরা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার যান চলাচল ব্যবস্থা খতিয়ে দেখবেন। দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা।aসমীক্ষার পর যানজট কমানো, গাড়ি রাখার জায়গার সমস্যা মেটানো এবং সড়ক নিরাপত্তা আরও উন্নত করার জন্য একাধিক সুপারিশ করা হবে। কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দলের এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পাহাড়ের যান চলাচল ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা যায়, তা ঠিক করা হতে পারে।

