সাতসকালে পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানার ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। তিনি পুলিশের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ আধিকারিকদের গাড়ি চালানোর পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে বেশির ভাগ সময়ই বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে থাকতেন সঞ্জয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন তিনি। রাতে তাঁর সহকর্মীরা কাজে বেরিয়ে যান। সেই সময় নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা।
ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঞ্জয়ের মোবাইল ফোনটিও লক করা রয়েছে। সেটি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মোবাইলের তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের অতিরিক্ত চাপ, নাকি পারিবারিক কোনও সমস্যা, কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।
- More Stories On :
- Banshdroni
- Police Barack

