ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বদলে গেল বাংলার আবহাওয়া। আকাশ এখন অনেকটাই পরিষ্কার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার জেরে দ্রুত নামছে রাতের তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। সপ্তাহান্তে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বাড়ছে শীতের আমেজ। উত্তরবঙ্গেও অনুভূত হচ্ছে উত্তুরে হাওয়ার দাপট।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ থেকে ৯৭ শতাংশ। বুধবার সকাল থেকেই শহরে হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে। বইছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও কমছে রাতের তাপমাত্রা। শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সকালে ও রাতে শীতের আমেজ বাড়লেও দিনের বেলায় তেমন ঠান্ডা অনুভূত নাও হতে পারে।
উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। পাহাড়ি এলাকাগুলিতে সকালের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় সকালে কুয়াশার দাপট বাড়তে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। ফলে ভোরের দিকে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেটি ধীরে ধীরে অসমের দিকে সরে যাচ্ছে। ঘূর্ণাবর্তের প্রভাব কমতেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে।
- More Stories On :
- Weather Update
- West Bengal
- Winter

