• ৭ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Review

রাজ্য

সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে মমতা, তুঙ্গে প্রস্তুতি

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনা এবং একাধিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই এই সফর বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।সফরের শুরুতে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছবেন। এরপর তিনি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন।এই সফরে সরকারি আধিকারিকদের পাশাপাশি থাকবেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রশাসনিক কর্তা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথাও বলবেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার পরিকল্পনা রয়েছে তাঁর।উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।রাজনৈতিক মহলের মতে, আসন্ন পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং প্রশাসনিক কাজকর্মের গতি বাড়ানোই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

মে ১৮, ২০২৫
নিবন্ধ

কেন‌ সমাজতন্ত্র: অ্যালবার্ট আইনস্টাইন

বিশ্ব জুড়ে এখন আলোচনায় ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) পরিচালিত সিনেমা ওপেনহাইমার (Oppenheimer)। ভারত ও তার ব্যাতিক্রম নয়। এদেশে মুক্তির প্রথম সাতদিনে ওপেনহাইমারের বক্স অফিস হিসেব ৭৩.১৫ কোটি টাকা। দেশ জুড়ে ১৯২৩ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ওপেনহাইমার। শুধু ইংরেজি ভাষায় নয়, হিন্দিতে ও ডাব করে ভারতে দেখানো হচ্ছে এই সিনেমা। পরমাণু বোমার জনক ওপেনহাইমারের সাফল্য ব্যার্থতার পাশাপাশি তাঁর জীবনে নানা ঘাত প্রতিঘাত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সিনেমায় বিভিন্ন দৃশ্যে পরিচালক অ্যালবার্ট আইনস্টাইন কে এনেছেন। আইনস্টাইন এবং ওপেনহাইমার দুজনেই ইহুদী। দুজনে ই পদার্থ বিজ্ঞানী। এছাড়াও নানা ভাবে ওপেনহাইমারের জীবনে এই শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানীর প্রভাব রয়েছে। ১৯৩৩ এ জার্মানিতে হিটলার ক্ষমতায় আসেন। আইনস্টাইন সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি আর দেশে ফেরেন নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে হিটলারের জার্মানি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনস্টাইন। তিনি সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D Roosevelt) কে সতর্ক করে চিঠি লেখেন। চিঠিতে আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট কে পারমাণবিক অস্ত্র তৈরির পরীক্ষা শুরু করা উচিত বলে পরামর্শ দেন। তাঁর এই চিঠি থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির পরীক্ষাগার ম্যানহাটন প্রজেক্ট (Manhattan Project) তৈরির প্রক্রিয়া শুরু হয়। এই প্রোজেক্টের ডাইরেক্টর (Director) হন ওপেনহাইমার। এছাড়াও আমেরিকার প্রিন্সটনে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজ এ (Institute for Advanced Studies in Princeton) দীর্ঘ দিন কাজ করেন ওপেনহাইমার। সেই সুত্রেও আইনস্টাইনের সঙ্গে তাঁর নিকট সম্পর্ক হয়। আমি অত্যন্ত মুর্খ। তবে বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে লিখতে বসার মতো মুর্খ নই। তাই আমার এই লেখার বিষয় বিজ্ঞানী নয়, সমাজতন্ত্রে বিশ্বাসী আইনস্টাইন।প্রখ্যাত বিজ্ঞানীরা সাধারণত নিজেদের গবেষণা ও আবিষ্কারের বাইরে পা রাখেন না। আইনস্টাইন এই দিক থেকেও উজ্জ্বল ব্যাতিক্রম। অবসর সময়ে শুধু ভায়োলিনের ছড়েই নয় তাঁর সমান মনোযোগ ছিল দেশ দুনিয়ার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতির দিকেও। তিনি মনে প্রানে ইহুদীদের জন্য পৃথক দেশ চেয়েছিলেন। কিন্তু সেই দেশ আরব বা প্যালেস্তিনীয়দের ধ্বংস করে গড়ে উঠুক তা চান নি। তাই ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে Zionist movement এর নেতাদের তিনি চিঠি লিখেছিলেন। পুঁজির মৃগয়াক্ষেত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেও তাঁর বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবতা এবং নীতিবোধ যে পুঁজি বাদ নয় সমাজতন্ত্র ই চায় তা প্রকাশ করতে দ্বিধা করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎস ক্ষত তখনও পৃথিবীর বুকে জেগে রয়েছে। সেই অন্ধকার দিনে ১৯৪৯ সালের মে (May) মাসে নিউ ইয়র্কের (New York) Monthly Review পত্রিকায় আইনস্টাইন লিখলেন Why Socialism। নিখাদ পন্ডিত আর পান্ডিত্য কে চেনাতে রবীন্দ্রনাথ লিখেছিলেন পাথরের আছে ভার, আলোর আছে দীপ্তি। মহান দ্রষ্টার এই আলোক সংকেত আমাদের শেখায় পান্ডিত্যের সঙ্গে যে বিনয় থাকে তার দীপ্তি হীরের মতো দ্যুতি ছড়ায়। আর পন্ডিতের অহংকার পাথরের মতো ভারী হয়ে সমাজের বুকে চেপে বসে। বিশ্ব কবির এই উচ্চারনই অক্ষর হয়ে ফুটে উঠেছে Why Socialism প্রবন্ধের শুরুতে। আইনস্টাইন লিখেছেন আর্থিক ও সামাজিক বিষয়ে বিশারদ নন, এমন কোনো ব্যক্তির কি সমাজতন্ত্র নিয়ে মত প্রকাশ করা ঠিক? নানা কারণে আমি বিশ্বাস করি হ্যাঁ ঠিক। বিশ্ব শ্রেষ্ঠ এই বিজ্ঞানী যে মানবজাতির সংকট নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তা তাঁর এই প্রবন্ধ পড়লে বোঝা যায়। এই সংকট থেকে পরিত্রাণে তিনি কিন্তু বিজ্ঞানকে বেদিতে বসাননি। প্রবন্ধে তিনি লিখেছেন সমাজতন্ত্রের অভিমুখ সমাজনৈতিকতার দিকে। বিজ্ঞান কোনো লক্ষ্যর জন্ম দিতে পারে না। কোনো লক্ষ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতেও পারে না। বিজ্ঞান পারে কোন লক্ষ্যে পৌঁছানোর পথ নির্দেশ করতে।সভ্যতার সংকট যে মানুষ কে কতটা হতাশার দিকে নিয়ে গিয়েছিল তা বোঝাতে তিনি লিখেছেন সম্প্রতি এক বুদ্ধিমান বন্ধুর সঙ্গে যুদ্ধের আতঙ্ক নিয়ে আলোচনা হচ্ছিল। আমি বলেছিলাম আর একটি যুদ্ধ মানুষের অস্তিকেই বিপন্ন করবে। একটি Supranational institution ই এই বিপদ থেকে মানুষ কে উদ্ধার করতে পারে। আমার এই বক্তব্য শুনে বন্ধু শান্ত স্বরে বলেছিলেন, মানবজাতির বিনাশে আপনি বিরোধিতা করছেন কেন? বন্ধুর এই উত্তর এক ব্যাথাদীর্ণ বিচ্ছিন্নতারই প্রকাশ। এর থেকে মানুষের পরিত্রাণের পথ কী?। তবে সমাজ সম্পর্কে শিক্ষিত বুদ্ধিমান মানুষের এই উদাসীনতা তাঁকে ব্যাথিত করেছিল। প্রবন্ধে তিনি লিখেছেন সমাজ ই মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কাজ করার যন্ত্রপাতি যোগায়। তাকে ভাবপ্রকাশের রূপ - ভাষা দেয়। মানুষের ভাবনার বিষয় বস্তুর বেশিরভাগটাই দেয় সমাজ। সমাজ, এই ছোট শব্দটির ভিতরে থাকে অতীত ও বর্তমানের লক্ষ লক্ষ মানুষের শ্রম ও কাজ। তার ফলে মানুষের জীবন যাপন সম্ভব হয়। প্রবন্ধে আইনস্টাইন দ্বিধাহীন ভাবে পুঁজিবাদকে ই কাঠগড়ায় তুলেছেন। তিনি লিখেছেন, আমার মতে পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক নৈরাজ্যই যত নষ্টের গোড়া। পুঁজিবাদ চালিত পদ্ধতিতে ব্যাক্তিগত সম্পত্তি অল্প কিছু মানুষের হাতে জড়ো হয়। তাই হতাশা নয় সামাজিক শক্তির উপরেই আস্থা রেখে লিখেছেন, যতই বিপদ আসুক না কেন সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেই মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে পারে।প্রবন্ধের শেষ দিকে আইনস্টাইন লিখেছেন, আমি স্থির নিশ্চিত এই অনাসৃষ্টি দূর করার একটিই মাত্র পথ আছে, সেই পথ হল সমাজতান্ত্রিক অর্থনীতির প্রতিষ্ঠা। তার সঙ্গে প্রয়োজন সামাজিক লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে চলার মত শিক্ষা ব্যবস্থা। তবে সমাজ তন্ত্রের প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি সেই ব্যবস্থার বিপদের দিকগুলি ও তিনি চিহ্নিত করেছিলেন। তাই প্রবন্ধে লিখেছেন, একটি পরিকল্পিত অর্থনীতি মানেই সমাজতন্ত্র নয়। পরিকল্পিত অর্থনীতি মানুষ কে গোলাম বানাতেও পারে। সমাজতন্ত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবনের ফলে সর্ব শক্তিমান আমলাতান্ত্রিক ও হয়ে উঠতে পারে। ব্যাক্তির অধিকার কি ভাবে সংরক্ষিত হবে? আমলাতান্ত্রিকতার বিপরীতে গণতান্ত্রিক ক্ষমতা কিভাবে নিশ্চিত করা যাবে? আইনস্টাইনের এই দূরদৃষ্টি আমাদের পরবর্তী কালের সোভিয়েত পতন এবং বর্তমান চীনের সামাজিক পরিস্থিতি মনে করায়।ওপেনহাইমার সিনেমায় আইনস্টাইন বিভিন্ন দৃশ্যে এলেও হলিউড তার ধর্মমতে এই মহা বিজ্ঞানীর সমাজতন্ত্রে আস্থাকে এড়িয়ে গিয়েছেন। এইসময় পৃথিবীর বিভিন্ন গোলার্ধে সমাজতন্ত্রের পতন হলেও তা যে সমাজতন্ত্রের মৃত্যু গাথা নয় সেই বিশ্বাস জাগিয়ে রাখে, আমাদের সামনে দিকচিহ্ন হয়ে দাঁড়িয়ে থাকে Why Socialism।

আগস্ট ০৪, ২০২৩
রাজ্য

শহর বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতির পর পূর্ব বর্ধমানের ব্যাঙ্কগুলির সুরক্ষা পর্যালোচনা শুরু পুলিশের

এ যেন চোর পালালে বুদ্ধি বাড়ে এমন অবস্থা। বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতির ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও একজনও দুস্কৃতির নাগাল পায়নি পুলিশ। তবে এই ঘটনার পর জেলার ব্যাঙ্ক গুলির সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সেই মতো গত দুদিন ধরে চলছে জেলার বিভিন্ন থানা এলাকায় থাকা ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে পুলিশ কর্তাদের বৈঠক। যেমনটা মঙ্গলবার হল জেলার খণ্ডঘোষ, ভাতার, পূর্বস্থলী ও কালনা থানায়। এত কিছুর পরেও ব্যাঙ্কে দুস্কৃতী হানা রোখা যায় কিনা তার উত্তর ভবিষ্যতেই মিলবে বলে মত ওয়াকাবহাল মহলের। ব্যাঙ্কের সুরক্ষা বিষয়ক যে বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয় তা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কালনা মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য্য জানিয়েছেন, ব্যাঙ্কগুলির সুরক্ষা বিষয়ক মিটিং তাঁরা করেছেন ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে। মূলত ব্যাঙ্কের ইমার্জেন্সি এলার্ম ও সিসিটিভি সচল রাখা সহ ব্যাঙ্কে আর্মড সিকিউরিটি গার্ড নিয়োগ ইত্যাদি বিষয় গুলি নিয়ে মিটিংয়ে জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট থানার নম্বর, দমকল কেন্দ্রের নম্বর, সিকিউরিটি এজেন্সির নম্বর ব্যাঙ্কের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রাখার কথা কর্ত্পক্ষকে বলা হয়েছে। এছাড়াও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাঙ্কের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়গুলি নিয়ে মিটিংয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার এই দুদিনে কালনা মহকুমার নাদনঘাট , মন্তেশ্বর ,পূর্বস্থলী , কালনা প্রভৃতি থানা এলাকায় থাকা ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে নিয়ে এমন আলোচনা সম্পূর্ণ হয়েছে বলে এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য্য জানিয়েছেন। ইতিপূর্বে জামালপুর থানার পুলিশ কর্তারাও একই রকম গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন।এদিন ভাতার ও খণ্ডঘোষ থানাতেও ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। একই বিষয় নিয়ে এসডিপিও (বর্ধমান দক্ষিন)সুপ্রভাত চক্রবর্তী এদিন মেমারি থানায় এলাকার ব্যাঙ্ক ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে নিয়ে মিটিং করেন। শহর বর্ধমানে ডাকাতির ঘটনা এই প্রথম ঘটলো এমনটা নয় ।ইতিপূর্বে ২০২০ সালের ১৭ জুলাই দিনেদুপুরে শহর বর্ধমানের বিসিরোড এলাকায় থাকা স্বর্ণঋণ দান সংস্থাতে ডাকাতির ঘটনা ঘটে। তার আগে ২০০৯ সালের জানুয়ারি মাসে বৈদ্যনাথ ক্যাটরায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শাখা থেকে ৩৫ লক্ষ টাকা লুট হয়। আর গত শুক্রবার সাত সকালে বর্ধমানের কার্জনগেট সংলগ্ন বৈদ্যনাথ ক্যাটরার বাজারের দোতলায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দেয় সশস্ত্র ডাকাত দল।তারা ব্যাঙ্কে থাকা গ্রাহকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে বসিয়ে রেখে ও ব্যাঙ্ক কর্মীদের মারধোর করে ৩৩ লক্ষ টাকা লুট করেনিয়ে বিনা বাধায় পালিয়ে যায়। যাওয়ার সময়ে ব্যাঙ্কের মূল গেটে তালাও লাগিয়ে দেয় মুখ ঢাকা থাকা দুস্কৃতিরা। এই ডাকাতির ঘটনার পর তড়িঘড়ি সিট গঠন করে তদন্তে নামার কথা জানান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন । দুস্কৃতিদের নাগাল পেতে ঘটনার দিন জেলার বিভিন্ন সড়ক পথে শুরু হয় নাকা চেকিং। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। এমনকি ব্যাঙ্ক ডাকাতির ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ দুস্কৃতিদের একজনেরও নাগাল পায় নি ।তারই মধ্যে এখন জেলার ব্যাঙ্ক গুলির সুরক্ষার বিষয়টি নিয়ে বিভিন্ন থানা এলাকায় থাকা ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে মিটিং করে চলেছেন পুলিশ কর্তারা ।এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন ,তাহলেকি এতদিন জেলার ব্যাঙ্ক গুলির সুরক্ষা নিয়ে পুলিশ সে ভাবে মাথা ঘামায় নি ? বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যাবার পর পুলিশ কর্তারা জেলার ব্যাঙ্কগুলির সুরক্ষায় খামতি খুঁজে পেলেন? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পূর্ব বর্ধমান জেলাবাসীর মুখে মুখে।

জানুয়ারি ২৬, ২০২২
খেলার দুনিয়া

India Preview : ‌রাবাডাদের সামলাতে পারবেন?‌ কঠিন চ্যালেঞ্জ কোহলিদের কাছে

রবিবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা হলেও বিরাট কোহলির দল যে ধারেভারে এগিয়ে থেকেই মাঠে নামবে, সেকথা বলা যেতেই পারে। আগের সফরে একটা টেস্ট ম্যাচে জিতলেও প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের দেশের মাঠে এখনও সিরিজ জেতেনি ভারত। অধিনায়ক বিতর্কে জর্জরিত ভারতীয় দল এবার কেমন ফল করেল সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। তবে সিরিজে যে তুল্যমূল্য লড়াই হবে সেকথা নিশ্চিতভাবে বলা যায়।সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কের উইকেট মূলত জোরে বোলিং সহায়ক। উইকেটে যেমন গতি আছে, তেমন বাউন্সও রয়েছে। বল দুটিকে সুইং করে। এককথায় পেস বোলারদের স্বর্গরাজ্য। এই ধরণের উইকেট ব্যাটারদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের। তার ওপর চোটের জন্য আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। ব্যাটিংয়ে যাদের ওপর মূল ভরসা সেই বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে ফর্মে নেই। যদিও হেড কোচ রাহুল দ্রাবিড় আশা করছেন এই তিন ব্যাটারই ভাল ছন্দে রয়েছেন, সেঞ্চুরিয়নে রানে ফিরবেন। বিপক্ষের ২০ উইকেট তুলতে ৫ স্বীকৃত বোলারে খেলার পরিকল্পনা আছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কারণ সেঞ্চুরিয়ন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উঁচুতে। বোলারদের দ্রুত ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ৪ বোলার নিয়ে খেললে ঝুঁকি হয়ে যেতে পারে। মহম্মদ সামি, যশপ্রীত বুমরার সঙ্গে জোরে বোলার হিসেবে মহম্মদ সিরাজকে খেলানো হতে পারে। তবে অভিজ্ঞতার জন্য ইশান্তকেও খেলানো হতে পারে সিরাজের পরিবর্তে। এক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলে কোনও স্বীকৃত অলরাউন্ডার নেই। তাই পঞ্চম বোলার হিসেবে শার্দুল ঠাকুরকে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কারণ শার্দুলের ব্যাটের হাত যথেষ্ট ভাল। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে মায়াঙ্ক আগরওয়াল। তিনে বিরাট কোহলি, চারে চেতেশ্বর পুজারা। পাঁচ নম্বর জায়গার জন্য জোর লড়াই শ্রেয়স আয়ার, হনুমা বিহারী ও অজিঙ্ক রাহানের মধ্যে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের সিরিজে সেঞ্চুরি করেছেন শ্রেয়স। তবে রাহানের ওপর আস্থা রাখছেন হেড কোচ দ্রাবিড়। তাঁরই খেলার সম্ভাবনা বেশি। ম্যাচের দিন সকালে বাইশ গজ দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে দুই দেশের লড়াইয়ে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। রবিবার ও সোমবার বৃষ্টির পূর্ভাভাস রয়েছে। ভারতীয় দল তিনদিন ধরে সেন্টার উইকেটে অনুশীলনের সুযোগ পেয়েছে। পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন কোহলিরা। এখন দেখার আসল সময়ে কতটা জ্বলে উঠতে পারেন। তবে রাবাদা, এনগিডি, অলিভিয়েরদের সামলাতে যে ভারতীয় ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে, সেকথা নিশ্চিতভাবে বলা যায়।

ডিসেম্বর ২৫, ২০২১
দেশ

Omicron: ওমিক্রন আতঙ্কে বড়দিন পালনে কড়া বিধিনিষেধ, আজ পর্যালোচনা বৈঠকে মোদি

দেশে উদ্বেগ বাড়িয়ে ঊর্দ্ধমুখী করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন সংক্রমণ। বুধবারও শহরে নতুন দুই ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। ২২ ডিসেম্বর সকালে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্য়া। করোনার ডেল্টা প্রজাতির তুলনায় প্রায় তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন। ফলে কঠোর সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা।পশ্চিমবঙ্গের পাশাপাশি তেলঙ্গানায় বুধবার ওমিক্রনের ১৪ টি নতুন কেস রিপোর্ট হয়েছে। এরপরেই কেরল এবং গুজরাতে নয়টি, রাজস্থান চারটি, ওডিশা এবং পশ্চিমবঙ্গ প্রতিটিতে দুটি এবং অন্ধ্রপ্রদেশে ওমিক্রনের একটি নতুন কেস সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যারিয়েন্ট অফ কনর্সান আখ্যা দেওয়া এই প্রজাতি ১৫ টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মাথা চাড়া দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ওমিক্রন সংক্রামিত প্রায় ৯০ জন হয় সেরে উঠেছে বা স্থানান্তরিত হয়েছে।মঙ্গলবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্র বলেছিল যে ওমিক্রন প্রজাতি ডেল্টার থেকেও কমপক্ষে তিনগুণ সংক্রমণযোগ্য। এদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন।দেশে বড়দিনের উৎসবের মরশুম। সে কারণেই দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ওমিক্রনের আরও বিস্তার রোধ করার জন্য বড়দিন এবং নববর্ষ উদযাপনের সময় গণসমাবেশ নিষিদ্ধ করেছে। বুধবার সংস্থার জারি করে বলেছে, সকল জেলা ম্যাজিস্ট্রেট তাদের এক্তিয়ারের মধ্যে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে পর্যবেক্ষণ চালাবে এবং যেখানে করোনাভাইরাস এবং ওমিক্রনের সুপারস্প্রেডার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব সংক্রমণযোগ্য পকেট, বাজার এবং জনসংকীর্ণ অঞ্চলগুলি চিহ্নিত করবেন।

ডিসেম্বর ২৩, ২০২১
খেলার দুনিয়া

SC East Bengal : প্রথম জয়ের খোঁজে কেন বিদেশিদের দিকে তাকিয়ে এসসি ইস্টবেঙ্গল কোচ মানেলো দিয়াজ?‌

এসসি ইস্টবেঙ্গল মাঠে নামার আগে সমর্থকরা কি আশা করেন দল জয় পাবে? নিশ্চিতভাবেই না। দলকে নিয়ে স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছেন লালহলুদ সমর্থকরা। কেনই বা দেখবেন? এইরকম জঘন্য ফুটবল গতবছর আইএসএলেও খেলেননি এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা। রক্ষণের এইরকম করুণ অবস্থাও দেখা যায়নি। এবছর তো গোল করেও ধরে রাখতে না পারাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। শুক্রবার এসসি ইস্টবেঙ্গল এমন একটা দলের বিরুদ্ধে খেলতে নামছে, সেই নর্থইস্ট ইউনাইটেডের অবস্থাও খুব একটা ভাল নয়। ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে ঠিক ওপরে রয়েছে লালহলুদের। এইরকম দলের বিরুদ্ধে এবারের আইএসএলে প্রথম জয়ের সুযোগ মানেলো দিয়াজের দলের সামনে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দলকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা। তার অন্যতম কারণ মানেলো দিয়াজের দলের ধীরে ধীরে ছন্দে ফেরা। দুএকটা ভুল ছাড়া আগের ম্যাচে তুলনামূলকভাবে ভাল খেলেছে এসসি ইস্টবেঙ্গল। তাছাড়া চোটআঘাত থেকেও ফুটবলাররা বেরিয়ে আসছেন। জ্যাকিচাঁদ সিং খেলার মতো জায়গায় চলে এসেছেন। মহম্মদ রফিকও অনেকটাই ফিট। গোলকিপার অরিন্দম ভট্টাচার্যও মাঠে নামার জায়গায় চলে এসেছেন। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে খেলাতে পারেন কোচ মানেলো দিয়াজ। ড্যারেন সিডোয়েল অবশ্য এখনও পুরো ফিট নন। তিনি এখনও খেলার মতো জায়গায় আসেননি। দল যে এখনও পুরোপুরি তৈরি নয়, স্বীকার করে নিয়েছেন লালহলুদ কোচ মানেলো দিয়াজ। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, শেষ মুহূর্তে দল গঠন করা হয়েছিল। অনেক দেরিতে আমরা প্রাকমরশুম প্রস্তুতি শুরু করেছিলাম। দলকে পুরোপুরি তৈরি করতে পারিনি। তাই সমস্যা হচ্ছে। আমাদের যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে খেলতে হচ্ছে। প্রতিটা ম্যাচই আমাদের কাছে চ্যালেঞ্জিং। দলের বিদেশি ফুটবলারদের পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নন মানেলো দিয়াজ। তিনি বলেন, আমার দল এখনও পর্যন্ত ৯টা গোল করেছে। তারমধ্যে বিদেশিরাই করেছে ৮টি। তবুও ওদের খেলায় আমি খুশি নই। ওদের কাছ থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছি। আশা করছি নর্থইস্টের বিরুদ্ধে দায়িত্ব নিয়ে দলকে জেতাবে।

ডিসেম্বর ১৬, ২০২১
খেলার দুনিয়া

ISL : গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে চোট–আঘাতে জর্জরিত এসসি ইস্টবেঙ্গল

গত বছরের মতোই কি এবারও আইএসএলে ব্যর্থতাই সঙ্গী হবে এসসি ইস্টবেঙ্গলের? যেমন শুরু করেছে লালহলুদ, তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চার ম্যাচ খেলা হয়ে গেল। এখনও জয় নেই এসসি ইস্টবেঙ্গলের। এই চার ম্যাচে যে ফুটবল উপহার দিয়েছে মানোলো দিয়াজের দল, অতিবড় লালহলুদ সমর্থকও দলকে নিয়ে স্বপ্ন দেখবেন না। প্রথম ম্যাচে ড্রয়ের পর ডার্বিতে হার। পরের ম্যাচও পরাজয়। আগের ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে ড্র করে কিছুটা হলেও মনোবল ফিরে এসেছে লালহলুদ শিবিরের।মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের সামনে এফসি গোয়া। চেন্নাইন এফসির বিরুদ্ধে ফিরে পাওয়া আত্মবিশ্বাসই ভরসা লালহলুদ শিবিরের কাছে। তবে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে একেবারেই স্বস্তিতে নেই এসসি ইস্টবেঙ্গল। চোটআঘাতে জর্জরিত লালহলুদ শিবির যেন মিনি হাসপাতাল। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ডার্বি ম্যাচে চোট পেয়েছিলেন। এখনও খেলার মতো জায়গায় আসেননি। অঙ্কিত মুখার্জি, বলবন্ত সিং, জ্যাকিচাঁদ সিংরাও চোটের কবলে। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে মানোলো দিয়াজ পাবেন না মহম্মদ রফিক ও ড্যারেন সিডোয়েলকে। শুধু গোয়া ম্যাচেই নয়, বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে সিডোয়েলকে। মাঝমাঠের এই বিদেশি হ্যামস্ট্রিংয়ে বেশ ভালোই চোট পেয়েছেন।ফুটবলারদের চোটআঘাত নিয়ে চিন্তিত লালহলুদ কোচ মানোলো দিয়াজ। এর জন্য প্রাক মরশুম প্রস্তুতির অভাবকেই দায়ি করেছেন তিনি। দিয়াজ বলেন, প্রস্তুতির জন্য আমরা খুব বেশি সময় পাইনি। ফলে ফুটবলাররা ঘন ঘন চোট পাচ্ছে। কম সময়ের মধ্যে বেশি ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলাররা ক্লান্ত। ফলে সেরাটা দিতে পারছে না। গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানোলো দিয়াজের কাছে।দুটি ম্যাচ ড্র করে এসসি ইস্টবেঙ্গল ঘরে ২ পয়েন্ট তুললেও এফসি গোয়ার অবস্থা আরও করুণ। তিন ম্যাচে একটা পয়েন্টও সংগ্রহ করতে পারেনি। লিগ টেবিলে সবার শেষে থাকলেও এফসি গোয়াকে দারুণ সমীহ করছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, প্রথম ৩ ম্যাচে হারলেও গোয়া যথেষ্ট শক্তিশালী দল। ওদের গুরুত্ব দিতেই হবে। আমাদের কাছে সব ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আশা করছি ব্যর্থতা কাটিয়ে গোয়ার বিরুদ্ধে দল ঘুরে দাঁড়াবে। চেন্নাইন ম্যাচ ড্র করে ফুটবলাররা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

ডিসেম্বর ০৬, ২০২১
খেলার দুনিয়া

K‌KR-Russell : ফাইনালে প্রথম একাদশে ফিরবেন আন্দ্রে রাসেল?‌ দ্বিধায় নাইট টিম ম্যানেজমেন্ট

দীর্ঘদিন ঘরে ট্রফি আসেনি। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কি এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে কলকাতা নাইট রাইডার্স? নাইট রাইডার্স শিবির যেমন চ্যাম্পিয়ন হওয়ার দিকে তাকিয়ে রয়েছে, তেমনই ২০১২র আইপিএলের ফাইনালের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। সেবার নাইটদের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের। হাইভোল্টেজ ফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর নাইট রাইডার্স শিবির। মর্গ্যান ব্রিগেডের মনোবল বাড়িয়েছে সম্প্রতিক পারফরমেন্স। প্রথম পর্বে ৭ ম্যাচে ৫টিতে হেরে প্লে অফের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল নাইট শিবির। দ্বিতীয় পর্বে দুর্দান্ত প্রত্যাবর্তন। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর, দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে অবশেষে ফাইনালের ছাড়পত্র। এটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে নাইট শিবিরের।চেন্নাই সুপার কিংসকেও পিছিয়ে রাখা যাবে না। আইপিএলের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ধোনি ব্রিগেড। বিপক্ষের যাবতীয় চ্যালেঞ্জ হেলায় উড়িয়ে একের পর এক ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করেছিল। লিগ পর্যায়ে শেষদিকে কয়েকটা ম্যাচে হোঁচট খেতে হলেও প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে ৪ উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেয় চেন্নাই সুপার কিংস। আবার ফিনিশারের ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দলকে জিতিয়ে ধোনির যেমন আত্মবিশ্বাস বেড়ে গেছে, চেন্নাই শিবিরেরও মনোবল তুঙ্গে। দুই দলের ফাইনালের লড়াই যে জমে উঠবে সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামার আগে নাইট শিবিরকে স্বস্তি দিচ্ছে আন্দ্রে রাসেলের সুস্থ হয়ে ওঠা। খেলার জায়গায় চলে এসেছেন নাইটদের এই অলরাউন্ডার। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। আপাতত তিনি ফিট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে নেটে বোলিংও করেছিলেন। তিনি যে প্রথম একাদশে ফিরতে পারেন, তেমন ইঙ্গিতও দিয়েছেন দলে মেন্টর ডেভিড হাসি। রাসেল ফিরলে দল আরও শক্তিশালী হবে, সেকথা নিশ্চিতভাবে বলা যায়। তবে কার জায়গায় তাঁকে খেলানো হবে, তা নিয়ে দ্বিধায় নাইট টিম ম্যানেজমেন্ট। রাসেলের পরিবর্তে এতদিন সাকিব আল হাসানকে প্রথম একাদশে সুযোগ দিয়েছিল। সুযোগ পেয়েই প্রতিটা ম্যাচে নিজেকে মেলে ধরেছেন সাকিব। দুবাইয়ের মন্থর উইকেটে তাঁর স্পিন বোলিং কার্যকরী হতে পারে। সবদিক মিলিয়ে প্রথম একাদশ নিয়ে দ্বিধায় নাইট টিম ম্যানেজেমন্ট।

অক্টোবর ১৪, ২০২১
খেলার দুনিয়া

Wriddhiman Saha : নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ ঋদ্ধিমানের সামনে

আন্তর্জাতিক ক্রিকেটই বলুন কিংবা আইপিএল, সবসময় অন্যের ছায়ায় ঢাকা পড়ে থাকতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে। জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির জন্য প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। এখন ধোনির জায়গা নিয়েছেন ঋষভ পন্থ। আইপিএলেও কখনও ধোনির ছায়ায়, কখনও জনি বেয়ারস্টোর ছায়ায় ঢাকা থাকতে হয়েছে। এবছর আইপিএলের দ্বিতীয় পর্বে ছবিটা বদলে যাওয়ার সম্ভাবনা। ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো। সেই কারণেই ঋদ্ধিমান সাহার সামনে প্রথম একাদশে খেলার সম্ভাবনা। ঋদ্ধিমান সাহার সামনেও বড় সুযোগ নিজেকে মেলে ধরার। প্রথম পর্বে বেয়ারস্টোর ছায়ায় ঢাকা পড়ে ছিলেন। শ্রীবৎস গোস্বামীও রয়েছে। তাঁকে খেলানোর সম্ভাবনাও রয়েছে। তবে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের তুলনায় এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে। আইপিএলের প্রথম পর্বে অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছাড়াই বেশ ঝকঝকে লাগছিল দিল্লি ক্যাপিটালসকে। চোটের জন্য শ্রেয়স ছিটকে গেলে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ঋষভ পন্থের হাতে। দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে শীর্ষে রেখেছিলেন ঋষভ। চোট সারিয়ে শ্রেয়স ফিরে এলেও ঋষভেই আস্থা রেখেছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। তাঁর সামনে এখন ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। দ্বিতীয় পর্বের শুরুতেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে রয়েছে সানরাইজার্স। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। অর্থাৎ লড়াইটা দুইয়ের সঙ্গে আটের। দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে শক্তিক্ষয় হয়েছে সানরাইজার্সের। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী জনি বেয়ারস্টো আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ফলে ব্যাটিং নিয়ে সমস্যা বেড়েছে। প্রথম পর্বে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়মসন, মণীশ পান্ডেরা তেমন ফর্মে ছিলেন না। বেয়ারস্টো না থাকায় ডেভিড ওয়ার্নারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ব্যাটিং নিয়ে অবশ্য সানরাইজার্সের মতো চিন্তা নেই দিল্লি ক্যাপিটালসের। দুর্দান্ত ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান। টি২০ বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পাননি। নির্বাচকদের ভুল প্রমাণ করতে মরিয়া হবেন। পৃথ্বী শ, ঋষভ পন্থরাও দারুণ ছন্দে। শ্রেয়স ফিরে আসায় ব্যাটিং শক্তি আরও বেড়েছে। বোলিংয়ে আবেশ খান, কাগিসো রাবাডা, অমিত মিশ্র, অক্ষর প্যাটেলরা প্রথম পর্বে দারুণ নির্ভরতা দিয়েছিলেন। তবে ঋষভ পন্থদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ প্রথম পর্বের ধারাবাহিকতা ধরে রাখা।

সেপ্টেম্বর ২১, ২০২১
রাজনীতি

মোদির পর্যালোচনা বৈঠকে গরহাজিরা, মমতার সমালোচনা অমিত- ধনখড়-রাজনাথের

রাজ্যে ঘূর্ণিঝড় যশ-এর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও বিষয়টি নিয়ে মমতার সমালোচনা করেছেন। টুইটারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবমাননার অভিযোগ করেছেন তাঁরা সকলেই।শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে যশ-এর ক্ষয়ক্ষতির রিপোর্ট দেন মমতা। কিন্তু পর্যালোচনা বৈঠকে অংশ নেননি তিনি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘায় পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণেই তিনি প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগ দিতে পারেননি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি প্রসঙ্গে অমিত টুইটারে লেখেন, মুখ্যমন্ত্রীর আজকের আচরণ দুর্ভাগ্যজনক ভাবে নিম্নস্তরের। ঘূর্ণিঝড় যশ বহু নাগরিকের উপর প্রভাব ফেলেছে। এখন ক্ষতিগ্রস্তদের সাহায্য করার সময়। দুর্ভাগ্যজনক ভাবে দিদি তাঁর অহংবোধকে জনস্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আজকের নিচু স্তরের আচরণ তারই প্রতিফলন।রাজ্যপাল এ প্রসঙ্গে টুইটারে লেখেন, ঘূর্ণিঝড় যশ-এর ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী এবং তাঁর আধিকারিকেরা অংশ নেননি। এটি আসলে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে বয়কট। অবশ্যই এমন পদক্ষেপের ফলে জাতীয় স্বার্থ বা রাজ্যের স্বার্থ রক্ষিত হয়নি। শুভেন্দু টুইটারে লেখেন, আজ ভারতের দীর্ঘলালিত সহযোগিতমূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটি কালো দিন। সেই সঙ্গে সরাসরি পর্যালোচনা বৈঠকের প্রসঙ্গ উল্লেখ না করে শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রী ফের দেখালেন পশ্চিমবঙ্গের মানুষের দুর্দশার প্রতি তিনি সংবেদনশীল নন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী না থাকলেও কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে হাজির ছিলেন ধনখড় এবং শুভেন্দু। নাড্ডা শুক্রবার বৈঠকে মমতার অনুপস্থিতির প্রসঙ্গে লেখেন, যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ঘূর্ণিঝড় যশ-এর ক্ষতিগ্রস্ত বাংলার মানুষের পাশে দৃঢ় ভাবে দাঁড়িয়েছেন, তখন মমতাজির উচিত ছিল, জনগণের কল্যাণে নিজের অহংবোধ বিসর্জন দেওয়া। প্রধানমন্ত্রীর বৈঠকে বৈঠকে তাঁর অনুপস্থিতি হল সাংবিধানিক নীতি আর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার হত্যা। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের টুইট পশ্চিমবঙ্গে আজকের ঘটনা মর্মস্পর্শী। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনও ব্যক্তি নন, প্রতিষ্ঠান। দুজনেই জনসেবা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সংবিধানের আনুগত্যের শপথ নেন।আপৎকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জনগণকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী আসার পর তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করা হল তা যন্ত্রণাদায়ক। জনসেবামূলক কাজের জন্য সাংবিধানিক কর্তব্য পালনের উপরে রাজনৈতিক মতভেদকে প্রাধান্য দেওয়ার একটি দুর্ভাগ্যজনক উদাহরণ এটি। যা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।

মে ২৯, ২০২১
কলকাতা

আগামীকাল দুর্গাপুজো নিয়ে চূড়ান্ত শুনানি হাইকোর্টে

পুজো মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট সোমবার নজিরবিহীন রায় দিয়েছিল। রাতেই জানা গিয়েছিল সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করবে ফোরাম ফর দুর্গোত্সব। মঙ্গলবার সেই পিটিশন গ্রহণ করল হাইকোর্ট। বুধবার হবে মামলার শুনানি। জানা গিয়েছে ফোরামের হয়ে সওয়াল করবেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহাপঞ্চমী অর্থাৎ বুধবার এই আরজির শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আরও পড়ুনঃ করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন দিলীপ ঘোষ মঙ্গলবার এই আরজির প্রেক্ষিতে রাজ্য সরকার-সহ মামলার সকলপক্ষকে নোটিস দেওয়া হয়েছে। সোমবার সন্ধের পর আদালতের রায়ের কপি হাতে পায় পুজো কমিটিগুলি। এরপর রায় মেনে ব্যবস্থা করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয় তারা। এরপরই রায় পুনর্বিবেচনা ও কিছু বদল চেয়ে হাই কোর্টের দ্বারস্থ পুজো কমিটিগুলি। মঙ্গলবার দুপুরে শুনানির কথা থাকলেও, আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। পুজো কমিটিগুলির আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে রিভিউ পিটিশন দাখিলের আরজি জানিয়েছেন। তাঁর যুক্তি, হাই কোর্টের রায়ে বহু পুজো কমিটি একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে। ফলে এই রায় পুনর্বিবেচনা করা হোক। তাঁদের পিটিশন গ্রহণ করেছে আদালত। ফোরামের তরফ থেকে এক আইনজীবী বলেন, সোমবার হাইকোর্ট যে রায় দিয়েছে , তা রাজ্যের বিরুদ্ধে দিয়েছে। কিন্তু এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুজো কমিটিগুলি। কারণ , রাজ্য সরকার পুজো করে না। ফো্রাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, গত তিন মাস ধরে কোভিডের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে বিচারপতিদের উত্তর ও দক্ষিণ কলকাতার বেশকিছু পুজো পরিদর্শন করারও আরজি জানিয়েছেন তিনি।

অক্টোবর ২০, ২০২০
রাজ্য

অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ মমতার

২০২১-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কোভিড পরিস্থিতিতেও উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কাজ খতিয়ে দেখতেই এই সফর মমতার। উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১০০ শতাংশ কাজ চাই। চা শ্রমিকদের জন্য করলেন বিশেষ ঘোষণা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মানুষের উন্নয়নের কাজে কেনও গাফিলতি না হয় এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ইনস্পেক্টর রাজ বেশি চলছে। জনস্বার্থে কাজ বেশি চাই। খোলনলচে সব বদলে দেব। ১০০ পার্সেন্ট কাজ চাই, ১০০ পার্সেন্ট অভিযোগের সমাধান করতে হবে। আগামী তিন মাসের মধ্যে দুই জেলার সব কাজ শেষ করার জন্য ডিএম-এসডিও-বিডিওদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থদপ্তর টাকা দেওয়া সত্ত্বেও অনেক জায়গায় কাজ হচ্ছে না বলে রিপোর্ট পেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতিদের নির্দেশ দেন ডিএম-বিডিওদের সঙ্গে কথা বলে অসমাপ্ত কাজগুলি শেষ করুন। বুধবার দার্জিলিং, কোচবিহার ও কালিম্পংয়ের রিভিউ বৈঠক করবেন মমতা। এদিন চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানের গৃহহীন শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে সরকার। চা সুন্দরী প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের কাজ আগামী ২ মাসের মধ্যে শুরু হবে। তিন বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করা হবে। উত্তরবঙ্গে ৩৭০টি চা বাগানে প্রায় ৩ লক্ষ শ্রমিক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রথম পর্যায়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মোট ৭টি চা বাগানের ৩,৬৯৪টি পরিবার এই প্রকল্পের বাড়ি পাবেন। আলিপুরদুয়ারে ৫টি চা বাগানের ২,৬৪১ টি পরিবার রয়েছে। আর জলপাইগুড়িতে ২টি চা বাগানে ১,০৫৩টি পরিবার থাকছে। তিনশো কামতাপুরি আন্দোলনকারী রাজ্যের উদ্যোগে মূল স্রোতে ফিরছে। এদিন ১৩০ জন কেএলও অ্যাক্টিভিস্ট ও লিংকম্যান মূল স্রোতে ফিরে এসেছেন। রাজ্য সরকারের উদ্যোগে বাকি ১৬১ জন আগামীকাল, বুধবার ফিরবেন। এদিন জল্পেশ মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তীর হাতে পুরোহিত ভাতা তুলে দেন মুখ্যমন্ত্রী।

সেপ্টেম্বর ৩০, ২০২০

ট্রেন্ডিং

রাজ্য

ফুচকার ভিতরে কী লুকিয়ে দিয়েছিল বন্ধুরা? খেতে গিয়েই অসুস্থ নবম শ্রেণির ছাত্র, বালুরঘাটে চাঞ্চল্য

ফুচকা খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সেই ফুচকাই যে এমন বিপত্তির কারণ হতে পারে, তা ভাবতে পারেননি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক নবম শ্রেণির ছাত্র। অভিযোগ, ছাত্রাবাসে বন্ধুদের আনা ফুচকা খেতে গিয়ে অস্বস্তিকর কিছু টের পায় সে। পরে জানা যায়, ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারই চার সহপাঠী। ঘটনাটি জানাজানি হতেই স্কুলের ছাত্রাবাসে শোরগোল পড়ে যায়। অসুস্থ হয়ে পড়ায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বালুরঘাটের একটি নামী স্কুলের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ওই নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। পরিবারের আর্থিক অবস্থাও ভাল নয়। তার মা কৃষিকাজ করেন এবং বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন।অভিযোগ, বৃহস্পতিবার টিফিনের সময়ে ছাত্রাবাসের চার পড়ুয়া বাইরে থেকে ফুচকা কিনে আনে। এরপর তারা ওই ছাত্রকে ফুচকা খেতে দেয়। কিন্তু ফুচকা মুখে দিতেই অস্বস্তি বোধ করে সে। পরে সহপাঠীরাই জানায়, মজা করার জন্য ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারা।বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ওই পড়ুয়ার অভিযোগ, কিছু না বুঝেই সে ফুচকা খেয়ে ফেলেছিল। পরে বন্ধুরা বিষয়টি জানালে সে শিক্ষকদের কাছে গিয়ে সব জানায়।এর পর থেকেই পেটে ব্যথা শুরু হয় ওই ছাত্রের। দেরি না করে তাকে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার কথা জানার পর অভিযুক্ত চার পড়ুয়ার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।এই ঘটনা সামনে আসার পর আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রাবাসের পড়ুয়ারা কন্ডোম পেল কোথা থেকে? কী ভাবে তাদের হাতে সেটি এল? নিছক মজা করার জন্যই কি এমন ঘটনা ঘটানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তায় নামবে রাফালে? নীতীন গড়করির কাছে বড় আবদার শুভেন্দুর, কী পরিকল্পনা কেন্দ্রের?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। রাজ্যের সড়ক উন্নয়নের জন্য ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে শুধু যাতায়াত নয়, প্রয়োজনে যাতে নতুন রাস্তা যুদ্ধবিমান অবতরণের কাজেও ব্যবহার করা যায়, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসমের ডিব্রুগড়ে একটি ঘটনা দেশজুড়ে নজর কেড়েছিল। মোরান বাইপাসের নতুন তৈরি সড়কে সফল ভাবে অবতরণ করেছিল ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। সাধারণ রাস্তার উপর যুদ্ধবিমান নামার সেই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পরে সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে।আসলে এর পিছনে রয়েছে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহার করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু সড়কপথকে ব্যবহার করা যায়। সেই কথা মাথায় রেখেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এমন রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে প্রয়োজন হলে যুদ্ধবিমান এবং সামরিক পরিবহণের বড় বিমানও অবতরণ করতে পারে।বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে সেই প্রসঙ্গই তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বাংলার নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিও এমন ভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজনে সেখানে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে আবেদন জানান তিনি।এ দিন অনুষ্ঠানে শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে। এই রাস্তা তৈরি হলে উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে পারে। পাশাপাশি এলাকার যানজট কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের নিরাপত্তার দিক থেকেও এই ধরনের সড়ক পরিকাঠামোর গুরুত্ব রয়েছে। শিলিগুড়ির কাছে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু ভূখণ্ড, যা সাধারণ ভাবে চিকেন নেক নামে পরিচিত। এই পথ দিয়েই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ। ফলে কৌশলগত দিক থেকে এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন সীমান্তের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই অঞ্চলে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার উপর জোর দিচ্ছে কেন্দ্র।শিলিগুড়ির বাগডোগরায় বায়ুসেনার ঘাঁটি এবং আলিপুরদুয়ারের হাসিমারায় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।তবে সাধারণ রাস্তা আর যুদ্ধবিমান অবতরণের উপযোগী রাস্তার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যুদ্ধবিমানের ওজন ও অবতরণের সময় তৈরি হওয়া চাপ সামলাতে অত্যন্ত মজবুত সড়ক পরিকাঠামো প্রয়োজন। তার জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্তর এবং উন্নত নির্মাণপ্রযুক্তি ব্যবহার করতে হয়। ফলে গোটা রাস্তা সেই মানে তৈরি করা যথেষ্ট ব্যয়সাপেক্ষ ও প্রযুক্তিগত ভাবে জটিল।এ বার বাংলার সড়ক উন্নয়নের প্রকল্পে সেই বিশেষ পরিকাঠামো কতটা যুক্ত করা সম্ভব, সেটাই দেখার। ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক যোগাযোগ এবং জরুরি পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা, দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়েতে! বড় পরিকল্পনা শুভেন্দু সরকারের, শুরু হল কোন কাজ?

রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ভাবনা রাজ্য সরকারের। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এমনই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠে সারা বছরই প্রচুর ভক্ত ও দর্শনার্থীর ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে সেই ভিড় আরও বেড়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে গাড়ি, ট্যাক্সি এবং বাসের মতো সড়কপথের যানবাহন রয়েছে। জিটি রোড এবং বালি সেতু হয়ে যাতায়াত করা যায়। এ ছাড়া গঙ্গার উপর দিয়ে ফেরি ও লঞ্চ পরিষেবাও চালু রয়েছে।এ বার সেই যাতায়াত ব্যবস্থায় নতুন সংযোজন হতে পারে রোপওয়ে। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বা কবে পরিষেবা চালু হতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।শুধু দক্ষিণেশ্বর-বেলুড় মঠ নয়, পাহাড়েও রোপওয়ে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দুই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ চলছে।বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে হিলকার্ট রোড-সহ বিভিন্ন পাহাড়ি রাস্তার উপর নির্ভর করতে হয়। পর্যটনের মরসুমে এই রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। আবার বর্ষাকালে পাহাড়ে ধস নামলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এই সমস্যার সমাধান করতেই রোপওয়ে চালুর পরিকল্পনা করা হচ্ছে।অন্য দিকে, দার্জিলিংয়ের যানজট সমস্যা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চার দিনের সমীক্ষা শুরু করেছে। দার্জিলিং পুলিশের অনুরোধেই এই দলকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশের এই দলে রয়েছেন এক জন উপ-পুলিশ কমিশনার, তিন জন পরিদর্শক এবং এক জন সার্জেন্ট। চার দিন ধরে তাঁরা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার যান চলাচল ব্যবস্থা খতিয়ে দেখবেন। দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা।aসমীক্ষার পর যানজট কমানো, গাড়ি রাখার জায়গার সমস্যা মেটানো এবং সড়ক নিরাপত্তা আরও উন্নত করার জন্য একাধিক সুপারিশ করা হবে। কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দলের এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পাহাড়ের যান চলাচল ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা যায়, তা ঠিক করা হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তা হবে আমেরিকার মতো! ২৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা নীতীন গড়করির, বদলে যাবে কোন কোন এলাকা?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং উড়ালপথ তৈরির জন্য মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই প্রকল্পের দাবি করুন, কেন্দ্রের তরফে অর্থের অভাব হবে না।এ দিন অনুষ্ঠানে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনের রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় ২ হাজার ১৯৩ কোটি টাকা খরচে এই রাস্তা তৈরি হয়েছে। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।এ ছাড়াও ফরাক্কায় গঙ্গার উপর চার লেনের নতুন সেতুর উদ্বোধন করেন নীতীন গড়করি। এই প্রকল্পে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা। নতুন সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।তবে এ দিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘোষণা কলকাতার জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনা। প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করা হবে। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-সহ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ তৈরি করবে এই রিং রোড। এর ফলে শহরের ভিতরে গাড়ির চাপ কমবে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের জন্যও রয়েছে বড় পরিকল্পনা। শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করা হবে। এই রাস্তা তৈরি হলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। উত্তরবঙ্গের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।কলকাতার বন্দর এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল আরও সহজ করতে হুগলি নদীর নীচে জোড়া সুড়ঙ্গ তৈরির পরিকল্পনাও রয়েছে। এই সুড়ঙ্গ তৈরি হলে ২৪ ঘণ্টাই বন্দরের সঙ্গে পণ্যবাহী গাড়ির যোগাযোগ রাখা সম্ভব হবে। পাশাপাশি জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা এবং হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।এ ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হবে। চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়ক রামনগর বাইপাস-সহ সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা। ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কের উন্নয়নে খরচ হবে ৪৬৯ কোটি ৩৫ লক্ষ টাকা। নামখানা থেকে বকখালি পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ২৩৭ কোটি ৩৭ লক্ষ টাকা।বীরভূমেও একাধিক রাস্তার উন্নয়ন করা হবে। ভীমগড় থেকে মল্লারপুর পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের জন্য ২৫৭ কোটি টাকা এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত রাস্তার জন্য ১০০ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সুরুল থেকে মল্লারপুর এবং পুরন্দরপুর থেকে রঙাইপুর পর্যন্ত রাস্তার উন্নয়নেও ১৫১ কোটি ৩২ লক্ষ টাকা খরচ করা হবে।পূর্ব মেদিনীপুরের নরঘাটে ১১৬ বি জাতীয় সড়কের উপর নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ২৩১ কোটি ৭১ লক্ষ টাকা। মন্তেশ্বর থেকে দাঁইহাট মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ১৫১ কোটি ৯৯ লক্ষ টাকা এবং বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত রাস্তার উন্নয়নে ১৭২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। রঘুনাথপুর থেকে চন্দনকিয়ারি হয়ে চাস পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ২৩৫ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে। মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা রাস্তার সংযুক্তিকরণে বরাদ্দ হয়েছে ১৮৭ কোটি ৩৩ লক্ষ টাকা। বিষ্ণুপুর-বেলেঘাটা রাস্তার লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত সেতু সম্প্রসারণে খরচ হবে ১৫৪ কোটি ৮৩ লক্ষ টাকা।এ ছাড়া বান্দেবাজ, গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত এসটিকেকে রাস্তা সম্প্রসারণে ২৯১ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নে খরচ হবে ২৩৫ কোটি ২০ লক্ষ টাকা। রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা।হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর থেকে দৌলতপুর পর্যন্ত নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা।অন্য দিকে, যানজট কমাতে একাধিক জাতীয় সড়কে যানবাহন চলাচলের জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রাস্তায় ২০টি এমন পথ তৈরি করতে ৭৬৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রাস্তায় ২৫টি ভূগর্ভস্থ পথ তৈরিতে খরচ হবে ৬৯০ কোটি টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি এমন পথ তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৭৭ কোটি টাকা।এ ছাড়া ১২ নম্বর জাতীয় সড়কের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে ৭৮ কোটি টাকা খরচ করা হবে।সব মিলিয়ে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং রিং রোড তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। নীতীন গড়করির আশা, আগামী দিনে বাংলার সড়কপথের মান আমেরিকার মতো উন্নত হবে। এখন দেখার, ঘোষিত প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয় এবং সাধারণ মানুষ কবে থেকে তার সুবিধা পান।

নভেম্বর ২৬, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: ২৬ নভেম্বর বৃহস্পতিবার কার ভাগ্যে অর্থলাভ, কার জীবনে আসবে সুখবর?

আজ বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দিনটি জ্ঞান, ধর্মীয় চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্র, আর্থিক লেনদেন, পারিবারিক সম্পর্ক এবং প্রেমের বিষয়ে আজ ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেওয়া প্রয়োজন।চলুন, দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে পারে।১. মেষ রাশি (Aries)কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রেমের সম্পর্কে সঙ্গীকে সময় দিন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শুভ রং: লাল।শুভ সংখ্যা: ৯২. বৃষ রাশি (Taurus)আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা:৬৩. মিথুন রাশি (Gemini)নতুন যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কাজের সুযোগ তৈরি হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৫৪. কর্কট রাশি (Cancer)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সংসারের খরচ নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং: ক্রিম। শুভ সংখ্যা: ২৫. সিংহ রাশি (Leo)আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১৬. কন্যা রাশি (Virgo)কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। সামাজিক কাজে সম্মান বাড়বে। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। তবে অতিরিক্ত কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না। শুভ রং: গাঢ় সবুজ। শুভ সংখ্যা: ৫৭. তুলা রাশি (Libra)আজ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে বাজেট মেনে চলুন। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬৮. বৃশ্চিক রাশি (Scorpio)আজ কিছু কাজে বাধা বা হতাশা আসতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শুভ রং: মেরুন। শুভ সংখ্যা: ৯৯. ধনু রাশি (Sagittarius)আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ৩১০. মকর রাশি (Capricorn)=কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও অর্ডার পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিকল্পনায় সফলতা আসতে পারে। শুভ রং: নীল। শুভ সংখ্যা: ৮১১. কুম্ভ রাশি (Aquarius)পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার পরিকল্পনা এগোতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। শুভ রং: আকাশি। শুভ সংখ্যা: ৪১২. মীন রাশি (Pisces)কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৭

নভেম্বর ২৬, ২০২৬
কলকাতা

সাতসকালে পুলিশ ব্যারাকে রহস্যমৃত্যু! দরজা ভেঙে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ, ঘিরে বাড়ছে প্রশ্ন

সাতসকালে পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানার ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। তিনি পুলিশের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ আধিকারিকদের গাড়ি চালানোর পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে বেশির ভাগ সময়ই বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে থাকতেন সঞ্জয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন তিনি। রাতে তাঁর সহকর্মীরা কাজে বেরিয়ে যান। সেই সময় নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা।ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঞ্জয়ের মোবাইল ফোনটিও লক করা রয়েছে। সেটি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মোবাইলের তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের অতিরিক্ত চাপ, নাকি পারিবারিক কোনও সমস্যা, কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

রেখা পাত্রের শরীরে কী ভাবে ঢুকল বিষ? ‘গভীর ষড়যন্ত্র’, বিস্ফোরক অভিযোগ দিদির, পাল্টা শ্বশুর-শাশুড়ি

রাজনৈতিক শত্রুতা, না কি পারিবারিক বিবাদ? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কী ভাবে বিষাক্ত কীটনাশক ঢুকল, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। এক দিকে, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্য দিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি। এমনকি রেখার স্বামী সন্দীপ পাত্রকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তাঁর শ্বশুর। সব মিলিয়ে রেখার অসুস্থতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর বলেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। দলের কেউ, না কি পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেবা। অন্য দিকে, হাসপাতালে রেখাকে দেখতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।তবে সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র একের পর এক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভোটের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আর তাঁদের কোনও খোঁজখবর নেন না রেখা।ধীরেনের আরও অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখার দিদি ও জামাইবাবুকে দিয়ে মারধর করানো হয়েছিল। এখন তাঁরাই রেখার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ করেন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সেই খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না বিধায়ক।অন্য দিকে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন রেখা। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর আবার সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।সন্দেশখালির আন্দোলনের মুখ হিসাবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সেই সময় তিনি হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা প্রথমে বেশ সংকটজনক ছিল। কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।রেবা নস্কর জানিয়েছেন, তিনি সব সময় বোনের সঙ্গে থাকেন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তবে এখন রেখার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। সকালে বোনের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান রেবা।বাড়িতে ঘাস মারার কীটনাশক ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে রেবা বলেন, এমন কোনও কীটনাশক বাড়িতে ছিল বলে তাঁর মনে পড়ছে না। এর পরেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রেবার দাবি, রেখা খুব স্পষ্ট কথা বলেন। তাঁর কোনও কথায় কেউ রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও নিশ্চিত ভাবে কাউকে দায়ী করেননি তিনি।গত কয়েক দিন ধরে রেখার লেবুখালির ভাড়া বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার অথবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কোন পদার্থের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

সুজিত বসুর পর এবার শ্যালককে তলব সিবিআইয়ের! চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে কী দুর্নীতি?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার দাবি, শ্যালকের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সুজিত। শুধু তাই নয়, বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। এই মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক দিন আগে জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করা হল।তদন্তকারীদের অভিযোগ, সুজিতের শ্যালককে শুধু দুর্নীতির কাজে ব্যবহার করা হয়নি, তাঁকেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। কী ভাবে এই নিয়োগ হয়েছিল, দুর্নীতির মাধ্যমে সুজিত কী কী সুবিধা পেয়েছিলেন এবং গোটা ঘটনায় তাঁর শ্যালকের ভূমিকা কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা।সিবিআই সূত্রে খবর, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাই তাঁকে ফের জেরা করা হতে পারে। এর আগে এই মামলায় সুজিতের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ এপ্রিল তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। সেই সময় হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।ভোটপর্ব শেষ হওয়ার পর ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সুজিত। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর ১১ মে তাঁকে ফের তলব করা হয়। সেই দিনই গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকেরা। তার পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী।তদন্ত যত এগিয়েছে, সুজিতের বিরুদ্ধে অভিযোগের তালিকাও তত বেড়েছে। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি একাধিক আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগও সামনে এসেছে।তদন্তকারীদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩৪০ জনের কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন সুজিত। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগও উঠেছে। ইডির দাবি, গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। এ বার সেই মামলায় সুজিতের শ্যালককে জিজ্ঞাসাবাদ করে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

নভেম্বর ২৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal