• ২৪ কার্তিক ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

DA

কলকাতা

ধরনা শেষ করেই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা মমতার! কেন্দ্রকে নিশানা করে বড় মন্তব্য

ধর্মতলায় একশো এক ঘণ্টা ধরে চলা ধরনা কর্মসূচি শেষ করার পরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য সরকারের অতিথিশালায় রয়েছেন প্রাক্তন রাজ্যপাল। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলা থেকে সোজা সেখানে যান মুখ্যমন্ত্রী। দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সেই সময় আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাঁকে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু প্রাক্তন রাজ্যপাল পরের দিন রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, তাই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি জানান, আনন্দ বোসের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর এবং তাঁদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে আচমকা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, নিজের মনের কথাও আনন্দ বোসকে জানিয়েছেন। পাশাপাশি তাঁকে আবার বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছেন।এই সাক্ষাৎ নিয়ে সামাজিক মাধ্যমে একটি বার্তাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসের প্রশংসা করেন। মমতা লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। ধর্মতলায় পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করার পর তিনি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী আরও লেখেন, আনন্দ বোস অত্যন্ত পণ্ডিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর দায়িত্ব পালনের সময় রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার সুযোগ হয়েছিল। সেই আলাপচারিতা তাঁর কাছে সবসময় মূল্যবান হয়ে থাকবে বলেও উল্লেখ করেন মমতা।মুখ্যমন্ত্রী আরও জানান, আনন্দ বোসের আগামী দিনের সমস্ত উদ্যোগ ও দায়িত্বের জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতের পথচলায় আরও বড় সাফল্য এনে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মার্চ ১০, ২০২৬
রাজনীতি

একদা কমিউনিষ্ট ঘাঁটিতে টানা তিনবার জিতেও নিশ্চিন্ত নয় তৃণমূল! বর্ধমান দক্ষিণে এবার কি হাড্ডাহাড্ডি লড়াই?

দক্ষিণ বর্ধমান বরাবর কমিউনিস্টদের শক্ত ঘাঁটি ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এই কেন্দ্র থেকে প্রথম দুটি নির্বাচনে জয়ী হয়েছিলেন বিনয়কৃষ্ণ চৌধুরী। তখন তিনি প্রার্থী হয়েছিলেন অবিভক্ত কমিউনিষ্ট পার্টি তথা সিপিআই থেকে। তারপর এই আসন থেকে কংগ্রেস প্রার্থী বর্ধমানের মহারানী রাধারাণী মহতাব জয়ী হয়েছিলেন। তার আগের নির্বাচনে বিনয় চৌধুরী পরাজিত করেছিলেন বর্ধমানের মহারাজাকে। সেই সম্মান পুনরুদ্ধার করতে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন মহারাণী। তার পরে শুধু ১৯৬৭ ও ১৯৭২ সালে এই কেন্দ্রে কংগ্রেস জয় পেয়েছিল। এখানে থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন প্রদীপ ভট্টাচার্য। তাছাড়া ২০০৬ পর্যন্ত সিপিএম এই কেন্দ্র থেকে জয়ী হয়েছে। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের ভোটে তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায় ব্যাপক ভোটের ব্য়বধানে পরাজিত করেন রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে। প্রায় ৩৭ হাজার ভোটে পরাজিত হন নিরুপম সেন। ২০১৬-তেও জয় পায় তৃণমূল। তখনও এই কেন্দ্রে প্রধান বিরোধী দল ছিল সিপিএম। রবিবঞ্জন চট্টোপাধ্যায় প্রায় ৩০ হাজার ভোটের ব্য়বধানে সিপিএম প্রার্থী আইনুল হককে পরাজিত করেন। ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীকে পরাজিত করেন তৃণমূল প্রার্থী খোকন দাস। তবে জয়ের ব্যবধান অনেকটাই কমে যায়। পাশাপাশি প্রায় অর্ধেক ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকে তৃণমূলের থেকে। এই নির্বাচনে সিপিএম প্রার্থী পৃথা তা প্রায় ২৩ হাজারের ওপর ভোট পেয়েছিল।বর্ধমান পুরসভা এলাকা নিয়েই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কি হতে চলেছে তা নিয়ে জল্পনার শেষ নেই শহরজুড়ে। প্রথমত বিধায়ক খোকন দাসই টিকিট পাচ্ছেন কি না, তা নিয়েও গুঞ্জন রয়েছে। বিধায়ক অনুগামীরা জোরের সঙ্গে বলছেন টিকিট খোকন দাসই পাচ্ছেন। শহরে এক যুব নেতার নাম ভাসিয়ে দেওয়া হলেও বর্ধমান দক্ষিণে আদৌ সে টিকিট পাবেন কিনা তা নিয়ে কম জল্পনা নেই। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ক্রীড়া অনুষ্ঠান সবেই জোরদার প্রতিযোগিতা চলছে তৃণমূলের দুই তরফ থেকেই। অনেকের আবার বক্তব্য, নেপোয় দই মেরে দেবে না তো!তৃণমূল যাকেই প্রার্থী করুক এবার জোরদার লড়াই হবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এদিকে তৃণমূলের একটা সূত্রের দাবি, শহরে দলে ঘরের মধ্যে ঘর তৈরি হয়েছে। সেই ঘরও যথেষ্ট শক্তিশালী বলেই সেই অংশের দাবি। তাঁদের ভূমিকা জয়-পরাজয়ে অনেকটা নির্ভর করবে বলে রাজনৈতিক মহলের দাবি। পাশাপাশি যে ভাবে পর পর নির্বাচনে ওয়ার্ডগুলিতে পিছিয়ে পড়েছে তৃণমূল তাতে সংশয় বেড়েছে। মোদ্দা কথা, পর পর তিনবার জয় পেলেও এবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রে নেক-টু-নেক ফাইট হবার সম্ভাবনা প্রবল। একতরফা জয়ের কোনও সম্ভাবনা নেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

মার্চ ১০, ২০২৬
খেলার দুনিয়া

পেট্রোল পাম্প উদ্বোধন থেকে বিশ্বজয়ী অধিনায়ক! পুরনো ছবি পোস্ট করে আবেগঘন বার্তা সূর্যকুমারের

জীবন কত দ্রুত বদলে যেতে পারে, তার বড় উদাহরণ সূর্যকুমার যাদবের জীবন। কয়েক বছর আগেও জাতীয় দলে তাঁর জায়গা ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়নি। আর আজ তিনি দেশের অধিনায়ক। শুধু তাই নয়, বিশ্বজয়ী অধিনায়ক হিসেবেও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো অধিনায়কদের পাশে এখন জায়গা হয়েছে সূর্যকুমারের।বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই নিজের অতীতের দিকে ফিরে তাকালেন তিনি। সামাজিক মাধ্যমে বারো বছর আগের নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন সূর্যকুমার। সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি পেট্রোল পাম্পের উদ্বোধনে উপস্থিত। তখন তিনি ক্রিকেটজগতে খুব একটা পরিচিত নন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও তখনও বড় নাম হয়ে ওঠেননি। জাতীয় দলের দরজাও ছিল অনেক দূরে।সেই পুরনো ছবির ক্যাপশনে তখন তিনি লিখেছিলেন, বন্ধুরা, পেট্রোল পাম্পের উদ্বোধনে এসেছি, আজ খুব খুশি। সেই ছবিটিই আবার নতুন করে শেয়ার করেছেন সূর্যকুমার। এবার তাঁর হাতে বিশ্বকাপের ট্রফি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, এই মানুষটার জন্য আজ খুব খুশি।আরও একটি পোস্টে তিনি দলের কথা উল্লেখ করে লিখেছেন, এই দলটা আসলে একটা পরিবার। এটা শুধু একটা ট্রফি নয়, কোটি কোটি মানুষের স্বপ্ন। এই দলের অংশ হতে পেরে তিনি গর্বিত। দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাও তাঁর কাছে বড় সম্মানের। যারা তাঁর কঠিন সময়ে পাশে থেকেছেন, তাদের সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।নিজের ক্রিকেট জীবনে সূর্যকুমার যাদব অনেক উত্থান পতনের সাক্ষী। দুই হাজার তেইশ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের ফাইনালে তিনি খেলেছিলেন। কিন্তু সেদিন হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। স্বপ্নভঙ্গের সেই স্মৃতি এখনও মনে আছে তাঁর।তবে এবার সেই একই মাঠে তিনি বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করেছেন। সূর্যকুমার বলেন, একজন ক্রীড়াবিদের জীবন এমনই হয়। কখনও সাফল্য আসে, কখনও হতাশা। দুই হাজার চব্বিশ সালে টি কুড়ি বিশ্বকাপ জয়ের সময় ফাইনালে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছিলেন তিনি। সেই মুহূর্ত তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।তারপর দলের নেতৃত্বের দায়িত্বও তাঁর হাতে আসে। তিনি জানতেন, দুই বছরের মধ্যে দেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত কোনও দল নিজেদের দেশে বিশ্বকাপ জিততে পারেনি। তাই সেই লক্ষ্য নিয়েই দলকে প্রস্তুত করেছিলেন তিনি।সূর্যকুমার বলেন, দেশের মাটিতে বিশ্বকাপ খেলার অনুভূতি সব সময়ই আলাদা। দর্শকদের প্রত্যাশা থাকে অনেক বেশি। কিন্তু সেই প্রত্যাশাই খেলোয়াড়দের আরও উৎসাহ দেয়। সেই উৎসাহ নিয়েই দল বিশ্বকাপ অভিযান শুরু করেছিল এবং ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেইভাবেই খেলেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছে ভারত।

মার্চ ০৯, ২০২৬
রাজ্য

ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ, দিনহাটায় অনশনে বসলেন উদয়ন গুহ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তৃণমূল কংগ্রেস। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কমিশনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তখন একই ইস্যুতে কোচবিহারের দিনহাটায় গণ অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার তাঁর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়েছে।উদয়ন গুহ অভিযোগ করেছেন, বিজেপির ইঙ্গিতে নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। অনেক ভোটারের নাম আবার অমীমাংসিত তালিকায় রেখে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই দিনহাটায় গণ অনশন শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।মন্ত্রী বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে বহু ভোটারের নাম অমীমাংসিত তালিকায় রাখা হয়েছে। সীমান্তবর্তী দিনহাটায় ইতিমধ্যেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার উপর আরও বহু নাম এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।জেলার পরিসংখ্যান অনুযায়ী, এই অমীমাংসিত তালিকায় রয়েছে দুই লক্ষ সাতত্রিশ হাজারেরও বেশি নাম। এত বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন উদয়ন গুহ।অনশন শুরু করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় দলের নেতা কর্মীরা অবস্থান করছেন। বিজেপির চাপে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের নাম বাদ দিচ্ছে অথবা তাঁদের নাম বিচারাধীন অবস্থায় রেখে মানসিক চাপ তৈরি করছে। বিচারাধীন তালিকার নিষ্পত্তি কবে হবে, সে বিষয়ে কমিশন স্পষ্ট করে কিছু জানাচ্ছে না। সেই কারণেই দিনহাটায় এই গণ অনশন শুরু করা হয়েছে।বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই তাদের সবচেয়ে নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু তাঁর রাজনৈতিক জীবনে এত পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন তিনি কখনও দেখেননি বলেও দাবি করেন।উদয়ন গুহর অভিযোগ, বিজেপির সুবিধা হবে কি না সেই দিকেই নজর রেখে কমিশন কাজ করছে। তবে তিনি বলেন, বাংলার মানুষ অনেক বেশি সচেতন। এই ধরনের চক্রান্তকে কীভাবে প্রতিহত করতে হয় তা বাংলার মানুষ জানে।রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে বিজেপি যে দাবি করছে, সেই প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিয়েছেন উদয়ন গুহ। তিনি বলেন, যাঁরা এই দেশে জন্মেছেন তাঁদের ভোটাধিকার রক্ষা করতে হবে। যদি সত্যিই রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেই অজুহাতে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না।তিনি আরও অভিযোগ করেন, যেখানে বিজেপি দুর্বল সেখানে পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের আন্দোলন। অনশন কতক্ষণ চলবে, সেই প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, শরীরে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন। ভোটের আগে ভোটার তালিকা ঘিরে এই বিতর্ক ও আন্দোলন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

মার্চ ০৯, ২০২৬
খেলার দুনিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারতের ঐতিহাসিক জয়, টানা দ্বিতীয় শিরোপা

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আর একটি সোনালি অধ্যায় যোগ হল। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জিতল ভারত। বিশ্বের প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার কৃতিত্বও অর্জন করল তারা। সব মিলিয়ে এটি ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ সালে আবার আইসিসি ট্রফি জিতল ভারত। অর্থাৎ দীর্ঘ ১১ বছরের শিরোপা খরা কাটার পর মাত্র তিন বছরের মধ্যে তিনটি বড় আইসিসি ট্রফি জিতে বিশ্ব ক্রিকেটে আধিপত্য প্রতিষ্ঠা করল ভারত।পাওয়ার প্লে-তেই ম্যাচের মোড়ফাইনালের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনারদের। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তেই ম্যাচের দিক অনেকটা নির্ধারিত হয়ে যায়।প্রথম ছয় ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৯২/০, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা পাওয়ার প্লে স্কোর। শুরুতেই কিউয়ি বোলারদের ওপর চড়াও হয়ে ভারত এমন রান তোলে যে ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত তাদের হাতে চলে আসে।অন্যদিকে, নিউ জ়িল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন পাওয়ার প্লে-তেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস। মাত্র ৫২ রানে তিন উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা।সমালোচনার জবাব অভিষেকের ব্যাটেপুরো টুর্নামেন্ট জুড়ে ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল অভিষেক শর্মাকে নিয়ে। মাঝখানে একটি অর্ধশতরান ছাড়া তিনি বড় ইনিংস খেলতে পারেননি। ফলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন তাঁকে দলে রাখা হয়েছে।ফাইনালের মতো বড় মঞ্চেই সেই সমালোচনার জবাব দিলেন তিনি। অধিনায়ক ও পুরো টিম মেনেজমেন্টের ভরসার মূল্য দিলেন অভিষেক। খেলার শুরু থেকেই নির্ভীক ব্যাটিং করে একের পর এক চার-ছক্কায় কিউয়ি বোলারদের চাপে ফেলেন। লকি ফার্গুসনের মতো দ্রুতগতির বোলারকেও অনায়াসে মাঠের বাইরে পাঠান। তাঁর আত্মবিশ্বাসী ইনিংস ভারতের বিশাল রানের ভিত তৈরি করে দেয়।শিবম তান্ডব!মাঝের ওভারে জিমি নিশামের দুর্দান্ত বোলিংয়ে কিছুটা ধাক্কা খায় ভারত। একই ওভারে সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব আউট হওয়ায় কিছুটা চাপে পড়ে দল।কিন্তু শেষদিকে শিবম দুবে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের চিত্র আবার বদলে দেন। শেষ ওভারে নিশামের বলে ২৪ রান তুলে ভারতের স্কোর ২৫০-র গণ্ডি পার করান তিনি। সেই অতিরিক্ত রানই শেষ পর্যন্ত বিশাল পার্থক্য গড়ে দেয়অক্ষর পটেলের বাপু ম্যাজিকভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন অক্ষর পটেল। আহমেদাবাদ তাঁর ঘরের মাঠ হওয়ায় দর্শকদের সমর্থনও ছিল প্রবল।ম্যাচের শুরুতেই ফিন অ্যালেনকে আউট করে কিউয়িদের বড় ধাক্কা দেন তিনি। পরের ওভারে গ্লেন ফিলিপসকেও বোল্ড করে দেন দুর্দান্ত স্লাইডার ডেলিভারিতে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কার্যত ম্যাচ থেকে নিউ জ়িল্যান্ডকে ছিটকে দেন অক্ষর।দর্শকাসনের সামনে তাঁর উদযাপন বাপু ম্যাজিক হিসাবেই স্মরণীয় হয়ে থাকে।বুমরাহর বিধ্বংসী স্পেলবড় ম্যাচে জ্বলে ওঠা যেন অভ্যাসে পরিণত করেছেন জসপ্রীত বুমরাহ। ফাইনালেও তার ব্যতিক্রম হল না।চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। তাঁর ইয়র্কার ও নিখুঁত লাইন-লেংথে কিউয়ি ব্যাটাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন। এই স্পেলই ভারতের জয় নিশ্চিত করে দেয়।ঈশানের দুর্দান্ত ফিল্ডিংফাইনালে উইকেটকিপিং না করেও আউটফিল্ডে অসাধারণ ফিল্ডিং করলেন ঈশান কিষাণ। ব্যাট হাতে ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়েন তিনি।রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও টিম সিফার্টের গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ম্যাচে ভারতের আধিপত্য আরও বাড়িয়ে দেন ঈশান।নতুন চোকার্স তকমা?গত দশ বছরে নিউ জ়িল্যান্ড ছয়টি আইসিসি ফাইনাল খেলেছে। এর মধ্যে মাত্র একবার২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজিততে পেরেছে তারা। বাকি পাঁচটি ফাইনালেই পরাজিত হয়েছে।এই ফাইনাল হারার পর আবারও প্রশ্ন উঠছেদক্ষিণ আফ্রিকার মতো কি নিউ জ়িল্যান্ডও চোকার্স তকমা পেতে চলেছে?শেষ কথা:আহমেদাবাদের সেই স্টেডিয়ামেই, যেখানে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারতে হয়েছিল, সেখানেই এবার ইতিহাস রচনা করল ভারত। টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল তারা।

মার্চ ০৯, ২০২৬
খেলার দুনিয়া

ফাইনালের মঞ্চে কি নেই বিশ্বের এক নম্বর ব্যাটার ও বোলার? গম্ভীরের দলে বড় বদলের ইঙ্গিত

টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে ভারতীয় দলে বড় চমকের ইঙ্গিত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ লড়াইয়ের আগে দলের প্রথম একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন কোচ গৌতম গম্ভীর। এমনও হতে পারে, ফাইনালের মতো বড় ম্যাচে জায়গা না-ও পেতে পারেন টিটোয়েন্টি ক্রিকেটের বিশ্বের এক নম্বর ব্যাটার এবং এক নম্বর বোলার।রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেএ নিউজ়িল্যান্ডকে হারাতে পারলেই ইতিহাস গড়বে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব এর নেতৃত্বে টানা দ্বিতীয়বার টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল। কিন্তু তার আগে দলের ভারসাম্য ঠিক করতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।ওপেনিং জুটিতে বড় বদলের সম্ভাবনাবিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়েই প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিষেক শর্মা। টিটোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হয়েও তাঁর ব্যাট থেকে বড় রান আসেনি। ফলে ফাইনালের মতো ম্যাচে তাঁকে খেলানো নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট।ভারতীয় শিবির সূত্রে খবর, ফাইনালে ওপেনিং জুটি বদলানোর কথা ভাবা হচ্ছে। ইনিংস শুরু করতে পারেন ইশান কিষাণ এবং সঞ্জু স্যামসন। দুজনেই সাম্প্রতিক ম্যাচে ভালো ফর্মে থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা রয়েছে ভারতের।তিন নম্বরে দেখা যেতে পারে তরুণ ব্যাটার তিলক ভার্মাকে। চার নম্বরে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে থাকবেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন রিঙ্কু সিং। সাত নম্বরের পর ব্যাটিং গভীরতা বাড়াতে রাখা হতে পারে সহঅধিনায়ক অক্ষর প্যাটেলকে।বোলিং বিভাগেও চমকফাইনালের আগে বোলিং বিভাগ নিয়েও চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিটোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তী সেমিফাইনাল সহ আগের বেশ কয়েকটি খেলায় তাঁর যোগ্যতা অনুযায়ী বল করতে পারেননি বলেই বিশেষজ্ঞদের ধারণা। তাঁর বলের রহস্য কিছুটা ধরে ফেলেছে নিউজ়িল্যান্ডের ব্যাটাররা বলেই মনে করা হচ্ছে।যদিও তিনি টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারি, তবুও ফাইনালে তাঁকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে কুলদীপ যাদবকে। স্পিন আক্রমণে অক্ষর পটেলের সঙ্গে কুলদীপকে দেখা যেতে পারে।পেস আক্রমণে অবশ্য কোনও বদলের সম্ভাবনা নেই। ভারতের দুই ভরসা জসপ্রীত বুমরাহ এবং আরশদীপ সিংই ফাইনালে খেলবেন বলে মনে করা হচ্ছে।সম্ভাব্য ভারতীয় একাদশ১. ঈশান কিশন২. সঞ্জু স্যামসন৩. তিলক বর্মা৪. সূর্যকুমার যাদব (অধিনায়ক)৫. হার্দিক পাণ্ড্য৬. শিবম দুবে৭. রিঙ্কু সিংহ৮. অক্ষর পটেল৯. কুলদীপ যাদব১০. জসপ্রীত বুমরাহ১১. অর্শদীপ সিংহফাইনালের আগে ভারতের লক্ষ্য স্পষ্টব্যাটিং গভীরতা বাড়ানো এবং বোলিং আক্রমণে বৈচিত্র্য আনা। সেই কারণেই বিশ্বের এক নম্বর ব্যাটার ও বোলারকেও বাইরে বসানোর কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা নাও হতে পারেন গম্ভীরেরা। এখন দেখার, ফাইনালের মঞ্চে এই কৌশল ভারতকে ইতিহাসের পথে নিয়ে যেতে পারে কি না।

মার্চ ০৮, ২০২৬
খেলার দুনিয়া

বিশ্বকাপ ফাইনালের আগে বড় কাণ্ড! নরেন্দ্র মোদি স্টেডিয়ামের টিকিট নিয়ে কালোবাজারি, আটক দুই

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে T20 World Cup-এর ফাইনাল। মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দেখতে বিপুল সংখ্যক দর্শক জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে টিকিট কালোবাজারির অভিযোগ। ম্যাচের টিকিট কালোবাজারিতে বিক্রি করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ রবিবার বড় ম্যাচের আগে অভিযান চালিয়ে ওই দুই অভিযুক্তকে ধরে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে উসমানপুরা এলাকার গুজরাট বিদ্যাপীঠ বাস স্ট্যান্ডের কাছে ফাঁদ পাতে ক্রাইম ব্রাঞ্চ। সেখান থেকেই দুই ব্যক্তিকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ম্যাচের আটটি টিকিট উদ্ধার করা হয়েছে। অভিযোগ, তারা অনলাইনে আগেই টিকিট কিনে পরে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছিল। দুই হাজার টাকার টিকিট দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া সব টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ।গুজরাট পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।এর আগেই আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক সতর্ক করে দিয়েছিলেন যে টিকিটের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ফাইনাল ম্যাচ ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যাচের দিন প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং এক হাজার হোমগার্ড মোতায়েন থাকবে। স্টেডিয়ামের প্রবেশপথে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এক ও দুই নম্বর গেটের কাছে অতিরিক্ত নিরাপত্তা ও সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে যাতে অতিরিক্ত ভিড় বা পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যায়।এই ফাইনাল ম্যাচ দেখতে এক লক্ষেরও বেশি দর্শক উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই কারণেই টিকিটের চাহিদা অত্যন্ত বেশি। আর সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরা বলে মনে করছে পুলিশ।উল্লেখ্য, রবিবারের ফাইনালে জিততে পারলে ভারত টানা দ্বিতীয়বার টি কুড়ি বিশ্বকাপ জয়ের নজির গড়বে। পাশাপাশি দেশের মাটিতে বিশ্বকাপ জেতা প্রথম দল হিসেবেও ইতিহাস গড়তে পারে ভারতীয় দল। সেই ঐতিহাসিক মুহূর্ত দেখার আশায় এখন থেকেই স্টেডিয়াম চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা।

মার্চ ০৮, ২০২৬
রাজ্য

ভোটের আগে হঠাৎ পদত্যাগ! অবশেষে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ভোটের আগে আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ ঘিরে এখনও জল্পনা থামেনি। তিনি কি কোনও চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীও এই বিষয়ে ইঙ্গিত করে বিজেপির দিকে আঙুল তুলেছেন। তবে সেই জল্পনার মধ্যেই রবিবার কলকাতায় ফিরে নিজেই মুখ খুললেন সিভি আনন্দ বোস।দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কিছুটা দার্শনিক সুরেই তিনি বলেন, এটি তাঁর নিজের সচেতন সিদ্ধান্ত। তাঁর কথায়, এটাই বিদায় নেওয়ার সঠিক সময়। একজন গেলে তবেই তো আরেকজন আসবে।এ সময় তিনি করজোড়ে প্রণাম জানিয়ে বলেন, বাংলায় যে সময় তিনি কাটিয়েছেন, তা তাঁর কাছে খুবই সুন্দর অভিজ্ঞতা। বাংলার মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন বলেও জানান। পাশাপাশি তিনি এও জানান, এখন তিনি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের একজন ভোটার হয়েছেন। সেটি তাঁর কাছে দ্বিগুণ আনন্দের বিষয়।তবে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলতে চাননি বিদায়ী রাজ্যপাল। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না বা অন্য কোনও ক্ষেত্রে কাজ করবেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাঁর কথায়, আপাতত সে ধরনের কোনও পরিকল্পনা নেই।তবে ভোটের মুখে তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, এর পিছনে বড় কোনও রাজনৈতিক ইঙ্গিতও থাকতে পারে।

মার্চ ০৮, ২০২৬
রাজ্য

লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী: নারী দিবসে রাজ্যের সকল উদ্যোগের হিসাব দিলেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় নারী স্বনির্ভরতা ও অধিকারকে নিয়ে বার্তা দিয়েছেন। রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি বাংলার নারীদের সম্মান জানিয়ে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের উল্লেখ করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন মানেই সমাজের উন্নতি।মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান অবস্থা ও সুবিধার কথা তুলে ধরেন। বর্তমানে উপভোক্তার সংখ্যা বেড়ে ২ কোটি ৪১ লক্ষ, তপশিলী জাতি ও আদিবাসী মহিলারা মাসে ১৭০০ টাকা, অন্যান্যরা ১৫০০ টাকা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্টকার্ড পরিবারের মহিলা সদস্যের নামে দেওয়া হচ্ছে, প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলা কার্ড পেয়েছেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে কন্যাশ্রী প্রকল্পে প্রায় এক কোটি ছাত্রী উপকৃত হয়েছেন। রূপশ্রী প্রকল্পে প্রায় ২৩ লক্ষ মহিলাকে বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পের আওতায় ১ কোটি ৪৮ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে, তার মধ্যে ৭৯ লক্ষ মেয়েদের জন্য।মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের হেঁসেলে প্রভাব ফেলবে। তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলার মহিলারা কালো শাড়ি পরে প্রতিবাদে নামবেন। এছাড়াও মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ১৭টি মাদার এন্ড চাইল্ড হাব এবং ১৩টি ওয়েটিং হাট তৈরি করা হয়েছে। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৬৮.১ শতাংশ থেকে বেড়ে ৯৯.১৪ শতাংশ হয়েছে।মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, বাংলার প্রতিটি মেয়ে রাজ্যের গর্ব। সমাজ যেখানে নারীরা ভালো থাকে, সেই সমাজ কখনো ভালো থাকে না। তিনি লিখেছেন, শুধু নারী দিবস নয়, প্রতিদিনই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের দিন হওয়া উচিত।

মার্চ ০৮, ২০২৬
কলকাতা

আবার কি বঙ্গভঙ্গের চেষ্টা? বিজেপিকে নিশানা করে বড় অভিযোগ মমতার

কলকাতায় ধরনা মঞ্চ থেকে আবারও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাকে ভাগ করার পরিকল্পনা করছে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেস যতদিন রয়েছে, ততদিন বাংলার এক ইঞ্চি জমিও কেউ ভাগ করতে পারবে না বলেই হুঁশিয়ারি দেন তিনি।মমতা বলেন, তিনি সম্প্রতি একটি বার্তা দেখেছেন যেখানে বলা হয়েছে বাংলা এবং বিহারকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে।ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমি কাল একটি বার্তা দেখলাম। সেখানে বলা হচ্ছে বাংলা এবং বিহারকে ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে। ওদের আসল উদ্দেশ্য বাংলাকে ভাগ করা। আবারও বঙ্গভঙ্গ করার চেষ্টা চলছে।এর পাশাপাশি বিহারের প্রসঙ্গও টানেন তিনি। মমতার দাবি, আগে বিহারকে ভাগ করে ঝাড়খণ্ড আলাদা করা হয়েছিল। এখন আবার বিহারকেও নতুন করে ভাগ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের পরিকল্পনার বিরুদ্ধে বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে।মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে বাংলাকে ভাগ করার অভিযোগ তুলে তিনি কার্যত রাজনৈতিক লড়াই আরও তীব্র করে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মার্চ ০৭, ২০২৬
কলকাতা

ভোটের আগে রাজ্যপাল পদ ছাড়লেন সিভি আনন্দ বোস! বাংলায় আসছেন বিতর্কিত আর এন রবি?

ভোটের আগে হঠাৎই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (Bengal Governor)। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করে বড় দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্টেই উঠে এসেছে বাংলার সম্ভাব্য নতুন রাজ্যপালের নাম (Bengal Governor)।মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন যে আর এন রবি-কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে (Bengal Governor)। তবে এই বিষয়ে তাঁর সঙ্গে আগে কোনও আলোচনা করা হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।কে এই আর এন রবি, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। তিনি উনিশশো ছিয়াত্তর সালের কেরল ক্যাডারের ভারতীয় পুলিশ পরিষেবার আধিকারিক। জন্ম বিহারের পাটনায়, ১৯৫২ সালের ৩ এপ্রিল। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দেশসেবার লক্ষ্য নিয়ে প্রশাসনিক পরিষেবায় যোগ দেন।কর্মজীবনের বড় অংশ কেটেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগে। তিনি দীর্ঘদিন ইন্টেলিজেন্স ব্যুরো-তে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হয়। পরে তিনি ভারত সরকারের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি-র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নাগা শান্তি আলোচনা। দীর্ঘদিন ধরে চলা জটিল সমস্যার সমাধানে তিনি ভারত সরকারের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে দেশের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ করা হয়।পরবর্তীতে তিনি রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন। ১৯১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। সেই সময় কিছুদিনের জন্য মেঘালয়ের অতিরিক্ত দায়িত্বও পালন করেন। এরপর ২০২১ সাল থেকে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কাজ করছেন।তবে তামিলনাড়ুতে তাঁর সময়কাল বারবার বিতর্কের কেন্দ্রেও এসেছে। রাজ্য সরকারের সঙ্গে একাধিক বিষয়ে সংঘাত প্রকাশ্যে এসেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক সময় তাঁকে কেন্দ্রের এজেন্ট বলেও কটাক্ষ করেছিলেন। পরে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যায়। অভিযোগ ছিল, রাজ্যপাল দীর্ঘ সময় ধরে একাধিক বিল আটকে রেখেছিলেন।এবার সেই বিতর্কিত রাজ্যপালের নামই ঘুরে বেড়াচ্ছে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত বারবার খবরের শিরোনামে এসেছে। তাই আর এন রবি এলে সেই সংঘাত কি আবার নতুন করে শুরু হবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা।

মার্চ ০৬, ২০২৬
রাজ্য

বসন্তে ভ্যাপসা গরমের পর আচমকা বৃষ্টি! রবিবার থেকে ভিজবে দক্ষিণ-উত্তরবঙ্গ

ভরা বসন্ত চললেও আবহাওয়ায় তার ছাপ নেই। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে আবার বৃষ্টির পূর্বাভাস। ফলে ফাল্গুনের আমেজ অনেকটাই উধাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গ দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।এই বৃষ্টির কারণ হিসাবে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশেও রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এই সব কিছুর প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন।বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা আগামী দুদিন সামান্য বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের আমেজ পুরোপুরি উধাও। শহরে বাড়ছে উষ্ণতার ছোঁয়া।রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গেও রবিবার থেকে আবহাওয়ার বদল। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছাব্বিশ থেকে নব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।সব মিলিয়ে বসন্তের মাঝেই গরম ও বৃষ্টির পালাবদলে অস্বস্তিকর আবহাওয়া থাকতে চলেছে রাজ্যে। রবিবার থেকে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

মার্চ ০৫, ২০২৬
খেলার দুনিয়া

“কাঁদাবি নাকি পাগল?” সূর্যকে জড়িয়ে সঞ্জুর আবেগঘন মুহূর্ত ভাইরাল, বিশ্বকাপে ইতিহাস ভারতীয় দলের

অপরাজিত ৫০ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেললেন সঞ্জু স্যামসন। তাঁর ব্যাটের জোরেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ম্যাচ শেষে আবেগে ভেসে যান সঞ্জু। অধিনায়ক সূর্যকুমার যাদবকে জড়িয়ে ধরে বলতে শোনা যায়, কাঁদাবি নাকি পাগল? সেই মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।দলকে জেতানোর পর ড্রেসিংরুমে ফেরার পথে টুপি খুলে সঞ্জুকে কুর্নিশ জানান সূর্য। উত্তেজনা আর আবেগে ভরা সেই মুহূর্তে সূর্য বলেন, অনেক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছিলেন না। সঞ্জুর ইনিংস যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট।একটা সময় দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল সঞ্জুকে ঘিরে। অন্য ব্যাটারের বদলে তাঁকে খেলানো নিয়ে বিতর্কও হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তিনিই হয়ে উঠলেন ভরসা। সূর্য বলেন, তিনি সবসময় বিশ্বাস করেন, যারা পরিশ্রম করে তাদেরই সাফল্য আসে। সঞ্জু যখন দলে নিয়মিত ছিলেন না, তখনও কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছেন। ধৈর্যের ফল তিনি পেয়েছেন সঠিক সময়ে।অধিনায়ক আরও জানান, সঞ্জু অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন। নিজের পছন্দের ব্যাটিং জায়গা হারিয়েছেন, অন্য পজিশনে খেলেছেন, দল থেকেও বাদ পড়েছেন। তবুও লড়াই চালিয়ে গিয়েছেন। সাহসীরাই বড় ম্যাচ জেতায়, সঞ্জু সেটাই করে দেখিয়েছেন। তাঁর পরিবারকেও শুভেচ্ছা জানান সূর্য।ম্যাচ জেতার পর মাঠে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানান সঞ্জু। পরে ড্রেসিংরুমে গিয়ে নিজের ব্যাটে চুম্বন করেন। বোঝা যাচ্ছিল, ইনিংসটি তাঁর কাছে কতটা বিশেষ। তাঁর ব্যাটেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের অন্যতম বড় রান তাড়া সফল হল।এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। শেষ চারের লড়াইয়ে ভারতের সামনে ইংল্যান্ড। এখন প্রশ্ন, সঞ্জুর ব্যাট কি আবারও জ্বলে উঠবে সেমিফাইনালের মঞ্চে? ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেদিকেই।

মার্চ ০২, ২০২৬
রাজ্য

সিকিমে কি আসছে ভয়ংকর ভূমিকম্প? টানা কম্পনে আতঙ্কে পাহাড় ও উত্তরবঙ্গ

সিকিমে লাগাতার ভূমিকম্পের জেরে আতঙ্ক বাড়ছে পাহাড় ও উত্তরবঙ্গে। ছোট মাত্রার কম্পন হলেও ঘনঘন ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের। শুক্রবার সকালে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দার্জিলিং-এ। কম্পনের মাত্রা কম হলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।এর আগে সিকিমের মঙ্গন এলাকায় ৩.৯ এবং ৩.৭ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভোরের দিকে হওয়া এই কম্পনের প্রভাব অনুভূত হয় উত্তরবঙ্গ-এর বিভিন্ন জেলায়। জানা গিয়েছে, একদিনেই প্রায় ১৬ বার কম্পন অনুভূত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।ফেব্রুয়ারির শুরুতেও টানা কয়েকদিনে ৪০ বারের বেশি ভূমিকম্প হয়েছিল। ফের একইভাবে কম্পন শুরু হওয়ায় বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এগুলি বড় ভূমিকম্পের পূর্বাভাস বা ফোরশক হতে পারে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে এ ধরনের ছোট ছোট কম্পন দেখা যায়, যা প্রকৃতির সতর্ক সংকেত হিসেবেও ধরা হয়।২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও তাজা পাহাড়ে। সেই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাই নতুন করে ঘনঘন কম্পনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতির উপর নজর রাখছেন ভূবিজ্ঞানীরা এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
রাজ্য

উত্তরবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, দক্ষিণে বাড়বে গরম, কী বলছে হাওয়া অফিস

ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্যে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দুপুরের দিকে বাইরে বেরলেই গরমে অস্বস্তি অনুভূত হচ্ছে। তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে, যদিও বেলা বাড়লে গরম অনুভূত হবে।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আটচল্লিশ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকলেও সকালে ও সন্ধ্যায় সামান্য ঠান্ডা লাগবে। তবে গভীর শীতের মতো পরিস্থিতি আর থাকবে না এবং দুপুরের দিকে গরম বাড়বে। আগামী সাতদিন রাজ্যের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। দুই মার্চ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদদের মতে, মার্চের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং এক মার্চ নাগাদ তাপমাত্রা প্রায় চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।পার্বত্য উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এলাকায় মাটির কাছাকাছি তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে এবং পরবর্তী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সিকিম ও সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও পড়তে পারে। ফেব্রুয়ারির শেষ দুদিন এই আবহাওয়ার ধারা বজায় থাকতে পারে।

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
দেশ

দেশজুড়ে আবহাওয়ার বড়সড় বদল, কোথাও ঝড়বৃষ্টি তো কোথাও বাড়ছে তাপমাত্রা, কেমন থাকবে বাংলার আবহাওয়া

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে। আগামী কয়েক দিন সেখানে ঝড়বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।ঝাড়খণ্ড ও ওড়িশা-তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি দেখা যেতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড় অঞ্চলেও। এছাড়া অসম, মেঘালয়, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।হিমাচল প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উত্তরাখণ্ড-এও বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আগামী তিন দিনে উত্তর-পশ্চিম ভারতের সমতলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বিদর্ভে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমলেও পরে আবার বাড়তে পারে। মহারাষ্ট্র-এ আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে গুজরাত-এ বড় পরিবর্তনের সম্ভাবনা কম।আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বুধবার ঘূর্ণাবর্তে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যদিও ধীরে ধীরে সেটি দুর্বল হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। কর্ণাটক থেকে মারাঠাওয়াড়া হয়ে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর গুজরাত পর্যন্ত আরেকটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। উত্তর-পূর্ব ভারতের কাছাকাছি এলাকায় উপক্রান্তীয় পশ্চিমী জেট প্রবাহ সক্রিয় রয়েছে এবং উত্তরাখণ্ড ও পশ্চিম অসম সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও কেরল উপকূল সংলগ্ন এলাকায় উপরিস্তরের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
দেশ

এআই সম্মেলনে অর্ধনগ্ন বিক্ষোভ, ভোরে গ্রেপ্তার যুব কংগ্রেস নেতা উদয় ভানু চিব

দিল্লির সম্মেলন কাণ্ডে গ্রেপ্তার হলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে প্রায় পনেরো ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিলক মার্গ থানায় ডেকে জেরা করার সময় তদন্তে সহযোগিতা না করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার দিল্লির ভারতমণ্ডপম প্রাঙ্গণে অনুষ্ঠিত এআই সম্মেলনে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ঘটনার সঙ্গে উদয়ের যোগ রয়েছে বলেই পুলিশের দাবি। সম্মেলনে দেশি-বিদেশি বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং স্যাম অল্টম্যান সহ একাধিক অতিথির উপস্থিতিতে আচমকাই বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা স্লোগান লেখা পোশাক খুলে প্রতিবাদ দেখালে সেখানে উপস্থিত দর্শকদের একাংশ আপত্তি জানান এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের আটক করে। তদন্তকারীদের দাবি, এই বিক্ষোভ পূর্বপরিকল্পিত এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে। আদালতে পুলিশ জানিয়েছে, নেপালের তরুণ প্রজন্মের আন্দোলনের ধাঁচে এই বিক্ষোভ সংগঠিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করে মন্তব্য করেছেন, এমন প্রতিবাদ দেশের ভাবমূর্তির পক্ষে অস্বস্তিকর। বিরোধী শিবিরের একাংশও বিদেশি অতিথিদের সামনে এই ধরনের আচরণের সমালোচনা করেছে।

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
কলকাতা

বসন্তের মাঝেই আচমকা বৃষ্টি ও ঠান্ডা হাওয়া, কলকাতায় ফের শীতের ছোঁয়া

ক্যালেন্ডারে বসন্ত শুরু হলেও গত কয়েকদিন ধরেই উষ্ণতার ইঙ্গিত মিলছিল। তবে মঙ্গলবার ভোররাতে আচমকা ঝড় ও হালকা বৃষ্টিতে সেই ছন্দে বদল আসে। ভিজে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সকালে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় তাপমাত্রা কিছুটা নেমে যায় এবং অনেককেই ফের হালকা শীতপোশাক ব্যবহার করতে দেখা যায়। বৃষ্টি কতদিন চলবে তা স্পষ্টভাবে জানাতে পারেনি আবহাওয়া দপ্তর, তবে আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই পূর্বাভাস।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকার সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রভাব কমতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলা এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও বৃষ্টির খবর মিলেছে।আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে মূল কারণ হিসেবে জানা যাচ্ছে বঙ্গোপসাগর-এ তৈরি হওয়া নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে রাজ্যজুড়ে আবার স্বাভাবিক বসন্তের আবহাওয়া ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
দেশ

এক সপ্তাহের মধ্যেই আবার অসুস্থ শরদ পওয়ার, চিন্তায় পরিবার ও সমর্থকরা

মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিক শরদ পওয়ার আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শীর্ষ নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রবিবার দ্রুত পুণের রুবি হল ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহেও একই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল।শরদ পওয়ারের মেয়ে ও বারামতীর সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, সর্দি, কাশি ও গলার সংক্রমণে ভুগছেন তিনি। রবিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।এর আগেও একটানা কাশি ও শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ এই নেতাকে। চিকিৎসকদের পরীক্ষায় বুকে সংক্রমণের কথা ধরা পড়ে। কয়েক দিন চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেছিলেন এবং বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পুণেতে নিজের বাড়িতে বিশ্রামে থাকলেও রবিবার আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।সম্প্রতি ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যেও রয়েছেন শরদ পওয়ার। পারিবারিক শোক ও শারীরিক অসুস্থতার জেরে তাঁর রাজনৈতিক কর্মসূচিও সীমিত রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতা কর্মী ও সমর্থকেরা।

ফেব্রুয়ারি ২২, ২০২৬
রাজ্য

ফাঁস অডিওতে বড় দাবি, টাকা দিলেই ভোটার তালিকায় নাম, বাগদায় তোলপাড়

উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাথাপিছু টাকা দিলেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার আশ্বাস দিচ্ছেন এক বুথ স্তরের আধিকারিক। এই আবহে একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও ভাইরাল অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।অভিযুক্ত বুথ স্তরের আধিকারিকের নাম চন্দ্রকান্ত মণ্ডল। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেও জানা গিয়েছে। ভাইরাল অডিওতে শোনা যায়, এক ব্যক্তির পরিবারের সদস্যদের ভোটার তালিকায় নাম তোলার জন্য মাথাপিছু দশ হাজার টাকা দাবি করা হচ্ছে। মোট ছয় জনের নাম তোলার কথা উল্লেখ করে প্রায় পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। মাইক্রো পর্যবেক্ষকের নাম করে এই টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রাক্তন বিধায়ক দুলাল বর ইমেলের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।যাঁদের নাম তোলার জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও দাবি করা হয়েছে। অভিযোগ, ওই পরিবারের সদস্যরা সম্প্রতি এ দেশে এসেছেন এবং বিভিন্ন উপায়ে পরিচয়পত্র তৈরি করা হয়েছে। দুই হাজার দুই সালের ভোটার তালিকায় তাঁদের কারও নাম ছিল না বলেও স্থানীয় সূত্রে খবর। বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ার আবহে পরিবারের সদস্যদের নাম তুলতে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত আধিকারিক। তাঁর দাবি, প্রযুক্তির সাহায্যে কণ্ঠস্বর নকল করে এই অডিও তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি-র মধ্যে শুরু হয়েছে পাল্টা অভিযোগের রাজনীতি। স্থানীয় তৃণমূল নেতা তরুণ ঘোষ জানান, কেউ অন্যায় করে থাকলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যদিকে বিজেপির দাবি, শাসকদলের মদতেই এই ধরনের কাজ হচ্ছে। যে পরিবারকে ঘিরে অভিযোগ উঠেছে, তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।

ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • ...
  • 101
  • 102
  • ›

ট্রেন্ডিং

বিনোদুনিয়া

বিগ বসের ঘরে বড় ষড়যন্ত্র! রাজবীরকে সরাতে গোপন ছক কষলেন দুর্নিবার-সৌরভ, ফাঁস হল জীতুর নামও!

বিগ বসের ঘরে দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কে কার বন্ধু, আর কে আড়ালে কার বিরুদ্ধে পরিকল্পনা করছেন, তা বোঝা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া সমীকরণ। এই শনিবার তনুশ্রী, সোনামণি এবং রাজবীরের মধ্যে কে ঘর ছাড়বেন, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে তার আগেই ঘরের ভিতরে শুরু হয়েছে নতুন খেলা। জীতু, সৌরভ এবং দুর্নিবারের কথাবার্তায় উঠে এসেছে রাজবীরকে সরানোর পরিকল্পনা।এক সময় রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু এখন তাঁদের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। সোনামণি এবং রণিতার সঙ্গে রাজবীর কী পরিকল্পনা করছেন, তা বুঝতে পারছেন না জীতু নিজেও। তাঁর মতে, রাজবীর এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্য দিকে, দুর্নিবারের দাবি, রাজবীরের কথাবার্তার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্নিবারের মতে, নন্দিনী যত দিন ঘরে ছিলেন, তত দিন রাজবীরের পাশে একজন ভরসার মানুষ ছিলেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর রাজবীর যেন দিশাহারা হয়ে পড়েছেন। জীতুরও ধারণা, রণিতা এবং রাজবীর দুজনেই এখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই খেলছেন।কিন্তু আসল আলোচনা শুরু হয় জীতু সেখান থেকে উঠে যাওয়ার পর। জীতু চলে যেতেই সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলতে শুরু করেন দুর্নিবার। তাঁদের আলোচনায় উঠে আসে রাজবীরকে একা করে দেওয়ার পরিকল্পনা। দুর্নিবার বুঝতে পেরেছেন, জীতু ছাড়া এই মুহূর্তে রাজবীরের পাশে তেমন কেউ নেই। আবার জীতুর মনোযোগও এখন অনেকটাই সৃজলার দিকে।সেই সুযোগকেই কাজে লাগাতে চান দুর্নিবার। তাঁর পরিকল্পনা, জীতুকে আরও বেশি করে সৃজলার কাছাকাছি নিয়ে যেতে হবে। তাতে রাজবীর ধীরে ধীরে একা হয়ে পড়বেন। শুধু তা-ই নয়, কথার মাঝে মনামীরও যে এক দিন ঘর থেকে বিদায় নেওয়ার সময় আসবে, সেই ইঙ্গিতও দেন দুর্নিবার।তবে সৌরভকে সাবধান করে দেন তিনি। রাজবীরের হয়ে বেশি কথা বললে বিপদে পড়তে পারেন সৌরভ। কারণ, রাজবীর যদি তাঁদের কথাবার্তা জীতুকে জানিয়ে দেন, তা হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই নিজেদের অবস্থান বুঝে পা ফেলার পরামর্শ দেন দুর্নিবার।অন্য দিকে, সৌরভের মাথায় এখন একটাই চিন্তা। যে ভাবেই হোক, রাজবীরকে ঘর থেকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর চলে গেলে প্রথমে খেলাটা আরও কঠিন মনে হলেও পরে পুরো পরিস্থিতিই বদলে যেতে পারে। দুর্নিবার আবার দাবি করেন, জীতু এবং সৃজলার সম্পর্কের মাঝে একমাত্র বাধা রাজবীর। জীতু রাজবীরকে পছন্দ করলেও সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা।এর মধ্যেই নতুন প্রশ্ন উঠেছে, রাজবীর যদি দলের নেতা বা ক্যাপ্টেন হয়ে যান, তা হলে কি পরিস্থিতি বদলে যাবে? জীতু কি আবার রাজবীরের দলে ফিরে যাবেন? এই বিষয় নিয়েও সৌরভ ও দুর্নিবারের মধ্যে আলোচনা হয়। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। বরং সব দিক ভেবেই পরবর্তী পদক্ষেপ করতে চান।এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুর্নিবারের মা-ও। বিশেষ সপ্তাহে বিগ বসের ঘরে এসেছিলেন তিনি। তাঁর হাতে নিজের পছন্দের প্রতিযোগীকে ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন বিগ বস। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে বেছে নেন তিনি। এর পিছনে উদ্দেশ্য ছিল, রাজবীরকে নিজেদের দলে টেনে আনা।এখন প্রশ্ন, এই পরিকল্পনায় কি শেষ পর্যন্ত সফল হবেন দুর্নিবার ও সৌরভ? রাজবীর কি তাঁদের দলে যোগ দেবেন, নাকি পুরো ছক বুঝে পাল্টা চাল দেবেন? অন্য দিকে, এই শনিবার ও রবিবার বিগ বসের ঘর থেকে শেষ পর্যন্ত কার বিদায় হয়, তা জানার অপেক্ষায় দর্শকরা। তনুশ্রী, সোনামণি না রাজবীরকার যাত্রা শেষ হবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - প্রথম পর্ব

হস্তীনাপুরের রাজসভা নিঃস্তব্ধ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোনচার্য সকলে যেন পাথর হয়ে গেছেন। মহামন্ত্রী বিদূর রাগে ঘৃনায় যেন ওই অবস্থায় মৃত্যু স্বীকার করেছেন আর শত কৌরব ভাই একত্রে উল্লাস করছে সামনের দৃশ্য দেখে। দুরাচারী দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানীর কেশ নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসছে সভার কেন্দ্রস্থলে। মহাবলী ভীম ক্ষনে ক্ষনে গর্জন করছেন কিন্তু আজ এই গর্জনের কোনো প্রভাব বাকিদের উপর পড়ছেনা, নকুল আর সহদেব নিজেদের প্রাণাধিক প্ৰিয় পত্নীর এই অসহায় অবস্থা চোখে দেখতে পারছেন না, কানে বাজছে দুর্যোধনের লালসার বিকৃত সিংহনাদ, গান্ডিবধারী বীরশ্রেষ্ট অর্জুন নিজের পরাক্রমের উপরে সন্দীহান আর ধর্মরাজ যুধিষ্টির আজ পাশার চক্রব্যুহে এমন জড়িয়েছেন যে এহেন অধর্মেও তিনি নিঃস্তব্ধ, সব হারিয়ে আজ নিঃস্ব।দ্রৌপদী দুঃশাসনের হাত ছাড়িয়ে প্রথমে দৌড়ে গেলেন মহামহিম ভীষ্মর কাছে, করজোড়ে প্রার্থনা করলেন তাকে যেন তিনি উদ্ধার করেন কিন্তু বীরত্বের প্রতীক হয়েও তিনি অস্ত্র তুললেন না এক নারীর জন্য। মহামহিমের নিঃস্তব্ধতা দ্রৌপদীর মনে ছুরির মতো বিধলো, সে এবারে একই প্রার্থনা ক্রমে দ্রোনচার্য, মহামন্ত্রী বিদূর সবাইকেই করলো কিন্তু কেওই কোনো উত্তর দিলো না, যেন তার এই ক্রন্দন এই নিস্প্রান পাথরগুলোর সামনে কিছুই না। তার পাঁচ বীর স্বামী পরাজয় স্বীকার করে মাটিতে বসে।দুর্যোধন এবারে গর্জন করে উঠলো, দাসী দ্রৌপদী, নিজের মর্যাদা উলঙ্ঘন করোনা, তোমার স্থান বাকি দাসীদের সাথেই, সেখানেই তোমায় থাকতে হবে। দুর্যোধনের এই কথার উত্তরে দ্রৌপদী জানায়, ওরে মূর্খ রাজকুমার, আমি পাঞ্চালি, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানী হওয়ার আগে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা, যার পিতার কাছে তোরা শত কৌরব ভাই বন্দি হয়েছিলি আর আজও আমার পিতা মহারাজ দ্রুপদ আর আমার ভ্রাতা ধৃষ্টধুম্ন যদিও একত্রে সেনা নিয়ে আসে তবে আমি এবং আমার স্বামী সকলেই স্বাধীন হবোই সাথে এই হস্তীনাপুর ধ্বংস করে দেবো। দুর্যোধন, এতো বড়ো সাহস? একজন সামান্য দাসী হয়ে নিজের প্রভুর সাথে এই ব্যবহার। দুঃশাসন নীরবস্ত্র করো এই নারীকে, এই সভায়। দুর্যোধনের এই নিষ্ঠুর দাবি শুনেও বাকিরা মৌন রইলেন, যেন কেও কিছু শুনতেই পায়নি। ভীম গর্জন করে উঠলো, দ্রৌপদীর অঙ্গে কেও স্পর্শ করলে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেবো দুর্যোধন। ভীমের এই গর্জনেও কোনো লাভ হলোনা।কৌরবদেরই আর এক ভাই বিকর্ন এইসময় উঠে দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন নিজের জ্যেষ্ঠ ভাই দুর্যোধনের এই ঘৃণ্য দাবির, সাথে নিজের পিতা জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও তিরস্কার করলেন। তবে দুর্যোধনের সামনে সেও অসহায়, তার প্রতিবাদ টিকলোনা দুর্যোধনের অহংকারের সামনে। উল্টে দুর্যোধনের পক্ষে নিয়ে অঙ্গরাজ কর্ণ বললেন, নিজের ভাইকে অপমান করছো রাজকুমার? তাও এমন এক নারীর জন্য যে কিনা পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় এরকম নারী। দুঃশাসন আর সময় নস্ট না করে এগোলেন দ্রৌপদীর দিকে, টান দিলেন তার তার বস্ত্র ধরে। আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে স্মরণ করতে শুরু করলেন পরম ঈশ্বরকে। দুঃ শাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান মেরেই গেলেন, তার পিছনে হলুদ বস্ত্রের পাহাড় তৈরী হয়ে গেলো কিন্তু দ্রৌপদীর শরীর নীরবস্ত্র করা সম্ভব হলোনা। ক্রমে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন দুঃশাসন। এহেন দৈবিক ঘটনা দেখে সভায় উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন, তারা ভাবতেও পারেন নি এরকম কিছু ঘটতে পারে আর যখন তারা দ্রৌপদীর দিকে তাকালেন তখন অগ্নিকন্যা দ্রৌপদীর ওই জ্বলন্ত চোখ দুটি দেখে ভয়ে আঁতকে উঠলেন। এতক্ষনে সভায় এসে উপস্থিত হয়েছেন মাতা কুন্তী আর মহারানী গান্ধারী কিন্তু অনেক দেরি করে ফেলেছেন তারা। দ্রৌপদী সভাস্থলে দাঁড়িয়ে বলে বসলেন, এই অশুদ্ধ সভাস্থলে কেও এমন ছিলোনা যে একজন নারীর অপমানে প্রতিবাদ করতে পারতো। আজ যারা যারা এই সভায় বসে এই ঘোর পাপকে সমর্থন জানিয়েছেন নিঃস্তব্ধভাবে তারা প্রত্যেকেই কঠিন মৃত্যু পাবেন যা গোটা বিশ্ব মনে রাখবে শতাব্দী পর শতাব্দী। এক এক করে সকলের মৃত্যু হবে, এই হলো যাজ্ঞশিনী দ্রৌপদীর অভিশাপ আর এই অভিশাপে শেষ হয়ে যাবে কৌরবকুল। এই বলে দ্রৌপদী সভাস্থল ছাড়লেন, আর দ্রৌপদীর এই অভিশাপ শুনে মাতা গান্ধারীর বুক কেঁপে উঠলো কারণ তিনি ইতিমধ্যে নিজের বংশের অন্তিম সময় দেখতে পাচ্ছেন, তিনি তৎক্ষণাৎ মহারাজকে এক স্ত্রী হিসাবে অনুরোধ করলেন পান্ডবদের সব ফিরিয়ে দেওয়ার জন্য।মহারাজ ধৃতরাষ্ট্র নিজেও এতক্ষনে বুঝে গেছেন দ্রৌপদী কোনো সাধারণ নারী নয় আর দ্রৌপদীর অসম্মান করে দুর্যোধন নিজের বিনাশ ডেকে এনেছে তাই তিনিও পান্ডবদের সব ফিরিয়ে দিতে রাজি ছিলেন তবে এখানে আবারও বাঁধ সাধলো গান্ধার রাজ শকুনি। তিনি বললেন এভাবে সব ফিরিয়ে দেওয়া উচিত না, ধর্মরাজ যুধিষ্টিরের কাছে সুযোগ ছিল হার মানার এবং থেমে যাওয়ার কিন্তু উনি নিজে নিঃস্ব হওয়া বেছে নিয়েছেন তাই কিছু শাস্তি তাদেরকে পেতেই হবে। এই কথার সমর্থনে দুর্যোধন নিজের প্রস্তাব দিলো এই যে পান্ডবদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাত বাস পালন করতে হবে আর যদিও এই শেষের একবছর শেষ হওয়ার আগে তারা ধরা পরে যায় তবে তাদেরকে আবারও একই শাস্তি পালন করতে হবে।ধর্মরাজ যুধিষ্টির এই শর্তে রাজি হন, তবে সভা ছাড়ার আগে ভীম সভার কেন্দ্রে এসে বলে, এই সভা আজ আমার স্ত্রীর অপমান দেখেছে, এই সভা এরপর এই রাজকুমারদের রক্ত দেখবে। যে হাত দিয়ে আজ দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরার সাহস করেছে সেই হাত আমি উপড়ে ফেলবো আর বুক ছিঁড়ে ওর রক্তপান করবো। যে দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘায় বসার ইঙ্গিত করেছে তার আমি মৃত্যু দেবো ওই জঙ্ঘা ভেঙেই। সাথে এই শত ধৃতরাষ্ট্র সন্তানের মৃত্যু হবে কেবল আমার হাতে, এই হলো কুন্তীপুত্র ভীমের প্রতিজ্ঞা।ভীমের এই পৈশাচিক প্রতিজ্ঞা শুনে সকলের হৃদয়ে কম্পন ধরতে বাধ্য এরই মধ্যে অর্জুন হুঙ্কার দিয়ে বসলেন, নিজেকে মহান বীর, শ্রেষ্ট ধনুর্ধারি বলে বেড়ানো অঙ্গরাজ কর্ণ এতটাই কাপুরুষ যে একজন নারীর অসম্মানেও চুপ থাকেন, উল্টে সেই নারীর সমন্ধে কটুকথা বলেন। আজ অঙ্গরাজ কর্ণ যে পাপ করেছেন তার একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আজকের মতোই সেদিনও আপনি অসহায় থাকবেন, ভিক্ষা চাইবেন জীবনের জন্য কিন্তু পাবেন শুধুই মৃত্যু। বনবাসে যাওয়ার আগে পান্ডবকুমারদের এই প্রতিজ্ঞা শুনে এটুকু বোঝা যাচ্ছিলো যে যেদিন এরা ফিরে আসবে, একে একে এই কৌরবকুল এদের হাতে শেষ হয়ে যাবে।আজ অর্জুনের প্রতিজ্ঞা শুনে প্রথমবারের জন্য হলেও যেন বুক কেঁপে উঠলো কর্ণের, অর্জুনের এই রূদ্ররূপ তিনি এর আগে কোনোদিনও দেখেননি, বা হয়তো দেখেছিলেন কিন্তু তখন তিনি জানতেন তিনিও ঠিক কিন্তু আজ হয়তো তার মনই তাকে বলে উঠেছে তিনি পাপ করেছেন যার দন্ড অর্জুন তাকে অবশ্যই দেবে।ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১২, ২০২৬
দেশ

‘হ্যাপি দিওয়ালি’ বলেই গুলি! সিসিটিভিতে ধরা পড়ল টেক মহিন্দ্রার প্রাক্তন কর্তার খুনের ভয়ংকর দৃশ্য

হ্যাপি দিওয়ালি বলেই গুলি! ফরিদাবাদে টেক মহিন্দ্রার প্রাক্তন আধিকারিক পরমজিৎ ধনখড়কে খুনের ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পার্কিং নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে ফ্ল্যাট থেকে নীচে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। এর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তিনি। শুধু প্রথম দফার গুলিই নয়, আবাসনের মূল ফটকের কাছেও পরমজিৎকে লক্ষ্য করে ফের গুলি চালাতে দেখা গিয়েছে অভিযুক্তকে।ঘটনাটি ২০২৬ সালের ৫ নভেম্বর, ধনতেরসের সন্ধ্যার। দীপাবলির দুদিন আগে ফরিদাবাদের সেক্টর ২১সি-তে নিজের আবাসনেই খুন হন পরমজিৎ। অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা একই আবাসনের বাসিন্দা ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান তিনি। পরে ফরিদাবাদ পুলিশের অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। পরমজিতের শরীরে আট থেকে নটি গুলি লাগে।প্রথম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনু শর্মা পরমজিতের কাছে এগিয়ে যাচ্ছেন। সেই সময় পরমজিৎ তাঁর ছেলেকে নিয়ে গাড়ি রাখার জায়গায় আসেন। অভিযোগ, কথাবার্তার শুরুতেই মনু তাঁকে দুবার প্রশ্ন করেন, তিনি বিধবা সম্পর্কে জানেন কি না এবং এ বিষয়ে তাঁর বিশ্বাস আছে কি না। এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে যান পরমজিৎ। কী হয়েছে, তা জানতে চান তিনি।এর পরমনু অভিযোগ করেন, তিন জনকে দিয়ে তাঁকে মার খাওয়ানোর ব্যবস্থা করেছেন পরমজিৎ। পাল্টা পরমজিৎ হাতজোড় করে বোঝানোর চেষ্টা করেন, কাউকে দিয়ে তিনি মারধর করাননি। কী নিয়ে এই বিবাদ, তা-ও জানতে চান। কিন্তু মনু কথা বলতে চাননি। বার বার জানান, পরমজিতের সঙ্গে তাঁর কোনও কথা নেই।এক সময় পরমজিৎ বলেন, কথা বলতে না চাইলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ছেলে তখন বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে তাঁকে থামিয়ে দেন পরমজিৎ। ফুটেজে দেখা যাচ্ছে, এর পর মনু পরমজিতের ছেলের দিকে ইশারা করে তাঁকে সামনে আসতে বলেন। তার পর পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না। এর পরেই পকেট থেকে পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন। বাবার উপর গুলি চলতে দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় পরমজিতের ছেলে।দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় আবাসনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন পরমজিৎ। সম্ভবত সাহায্য চাইছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁর কাছে পৌঁছন মনু। পরমজিৎ অভিযুক্তের জামার কলার ধরে তাঁকে মাটিতে ফেলে দেন। এই ধস্তাধস্তির মধ্যেই সেখানে পৌঁছে যান পরমজিতের মা। তিনি পুত্রবধূকে ডাকতে থাকেন।এর পরেও থামেননি অভিযুক্ত। ফুটেজে দেখা যাচ্ছে, পরমজিৎকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি চালান মনু। তাঁকে গালিগালাজ করতেও শোনা যায়। তার পর হ্যাপি দিওয়ালি বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে দুই পরিবারের মধ্যে আগে থেকেই নানা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বলে খবর। কয়েক দিন আগে একটি কুকুরকে কেন্দ্র করে পরমজিতের ছেলে ও মনুর মধ্যে বচসাও হয়েছিল বলে জানা গিয়েছে।ঘটনার কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে ফরিদাবাদে ফিরেছিলেন পরমজিৎ। ভাইপোর বিয়েতে যোগ দিতেই তাঁর আসা। এর প্রায় দুমাস আগে তিনি টেক মহিন্দ্রার চাকরি ছেড়ে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে যোগ দিয়েছিলেন। ফরিদাবাদের ওই আবাসনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। অন্য দিকে, মনু থাকতেন আবাসনের তিন তলায়।সিসিটিভি ফুটেজে খুনের আগে ও পরে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
কলকাতা

তৃণমূলের নথি লুটের আশঙ্কা! নির্বাচন কমিশনে চিঠি অভিষেকের, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

আসল তৃণমূল কংগ্রেস কোনটি, তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই এখনও জারি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নিজেদের দাবির সমর্থনে দুই পক্ষই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন নথি ও হলফনামা জমা দিচ্ছে। এরই মধ্যে দলের নথি লুটের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে চিঠি পাঠান অভিষেক। সেখানে কমিশনে জমা দেওয়ার জন্য তৈরি করা দলের গুরুত্বপূর্ণ নথি ও হলফনামা লুট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই নথি হাতিয়ে নেওয়ার চক্রান্ত হতে পারে।চিঠিতে অভিষেক তাঁর কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, গত ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাড়ির আশপাশে কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে আগেও একাধিক বার সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অভিষেকের কালীঘাটের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। ওই অংশটি পুরসভার তরফে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছিল। বাড়ির একাংশ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই দিনই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নথি লুটের আশঙ্কার কথা জানান অভিষেক।উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর একই ধরনের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছিলেন, তাঁদের দলের পাঠানো ট্রাকভর্তি নথি হরিয়ানার কাছে কোথাও লুট করা হয়েছে। এই ঘটনার পিছনে কালীঘাটের তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।এ বার সেই নথি লুটের আশঙ্কা প্রকাশ করেই সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক। আসল তৃণমূলের পরিচয় নিয়ে দুই শিবিরের লড়াইয়ের মধ্যেই নথি নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

‘জাহাঙ্গিরের জমিতে গরিবদের বাড়ি হবে’, হাওড়ার মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর! শাহজাহানকেও হুঁশিয়ারি

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে। সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। এ বার ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জাহাঙ্গির নন, সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি, এই সরকার কাউকে ছাড়বে না।বৃহস্পতিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার জাহাঙ্গির খানকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার নাম করে শুভেন্দু বলেন, ফলতায় কী চলছে, তা সবাই দেখতে পাচ্ছেন। সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা ওরফে জাহাঙ্গির খান বলেছিলেন, ঝুঁকেগা নেহি। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। ওই জমি উদ্ধার করে সেখানে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি।এর পরেই সন্দেশখালির শেখ শাহজাহানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি তাঁর নাম করে শুভেন্দু বলেন, শাহজাহানের দখলে থাকা জমিও উদ্ধার করা হবে। সেই জমিতে মাছের বাজার তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে।উল্লেখ্য, বুধবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গির খানের বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করেই ওই বাড়ি তৈরি করেছিলেন তিনি। প্রশাসনের তরফে তাঁকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরই প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও সকাল থেকে সেই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।একসময় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গিরের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওই এলাকায় তাঁর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নতুন ভোটের আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। পরে নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর দখলে থাকা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরির শুভেন্দুর ঘোষণাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে আরও কোন কোন এলাকায় পৌঁছয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ১২, ২০২৬
রাজ্য

যুবতীর মৃত্যুর পরও চালু মোবাইল! পরিবারের কাছে মেসেজ, টাওয়ারের অবস্থান দেখে বাড়ছে রহস্য

বরানগরে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর জামাইবাবুর ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। যুবতীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাঁকে মারধর করা হয়েছিল। এই ঘটনায় খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অঞ্জলির খোয়া যাওয়া মোবাইল ফোন ঘিরে। বুধবার সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে ওই ফোন থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেই সময় ফোনটির অবস্থান দেখাচ্ছে ভিনরাজ্যে। ফলে কে বা কারা ওই ফোন ব্যবহার করে বার্তা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, অঞ্জলির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। গলায় দাগের পাশাপাশি মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর আগে তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে।ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফুটেজে এক যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে। ওই যুবকের সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন অঞ্জলির জামাইবাবু ও তাঁর স্ত্রী। প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন তাঁরা। তবে ব্যবসার কাজে বর্তমানে স্ত্রীকে নিয়ে হুগলির শ্রীরামপুরে থাকেন অঞ্জলির জামাইবাবু।জানা গিয়েছে, সোমবার রাতে ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলের দিকে তাঁর দিদি ফোন করেন। কিন্তু ফোনে কোনও উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এরপর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন।ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেওয়া হয়। মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকেই অঞ্জলির দেহ উদ্ধার হয়।উদ্ধারের সময় যুবতীর শরীরে মোবাইল ফোন, আংটি ও ব্রেসলেট ছিল বলে জানা গিয়েছে। তবে তাঁর মোবাইল ফোনটি পরে খোয়া যায়। সেই ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে বার্তা যাওয়ার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে।ফোনটির অবস্থান ভিনরাজ্যে দেখানোয় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। ফোনটি কে ব্যবহার করছে, কী ভাবে সেটি রাজ্যের বাইরে পৌঁছল এবং অঞ্জলির মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সিসিটিভি ফুটেজ, মোবাইলের অবস্থান এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

৭ কোটি টাকা না দিলে খুন! অরবিন্দ কেজরীওয়াল ও মেয়েকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য

৭ কোটি টাকা না দিলে খুন করা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে। অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিং।দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেলের অভিযোগ, তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিনি মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।অভিযোগ অনুযায়ী, কেজরীওয়ালের কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ দমন শাখার পরিদর্শক সুনীল কুমারকে।এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরীওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।এ বার হুমকির ঘটনায় ফোন করা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এবং বার্তা পাঠানো হয়েছিল, তার কলের তথ্য, ইন্টারনেট সংযোগের সূত্র এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। কেজরীওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোরও আর্জি জানিয়েছেন বিধায়ক জারনেল সিং।ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

কাশ্মীরে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ! জঙ্গি হামলার আশঙ্কা

কাশ্মীরে দুই পুলিশকর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতদের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গি হামলায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন। কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে তাঁদের পোস্টিং ছিল।বুধবার বিকেলে কিয়ার শিবির থেকে ধেরনা-মারওয়াহ এলাকার সেনা ছাউনির দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়া এলাকার দেহারণার জঙ্গলে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় তল্লাশি অভিযান।সূত্রের খবর, যে জায়গা থেকে তাঁরা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দুকিলোমিটার দূরে তাঁদের দেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ধেরনা টপ এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। দুজনের মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।তদন্তকারীদের আরও সন্দেহ বাড়িয়েছে তাঁদের সার্ভিস অস্ত্রের খোঁজ না পাওয়া। দুই পুলিশকর্মীর কাছেই সরকারি আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু দেহ উদ্ধারের সময় সেগুলি পাওয়া যায়নি। জঙ্গিরা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রের খবর, গুলির শব্দ শোনার পরেও কিছুক্ষণ পর্যন্ত দুই পুলিশকর্মীর মোবাইল ফোন চালু ছিল। পরে ফোন দুটি বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। এরপরই তল্লাশি শুরু হয়।ঘটনার পর কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। কী ভাবে ওই দুই পুলিশকর্মীর মৃত্যু হল, তাঁদের উপর কারা হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ শিবিরে হামলার ঘটনা ঘটে। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে দুই জঙ্গি সেখানে আসে বলে সূত্রের খবর। নাকা তল্লাশির সময় সিআরপিএফ শিবির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন।আহত জওয়ানদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। একই দিনে কুলগামে সিআরপিএফ শিবিরে হামলা এবং দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় উপত্যকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

নভেম্বর ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal