বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং উড়ালপথ তৈরির জন্য মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই প্রকল্পের দাবি করুন, কেন্দ্রের তরফে অর্থের অভাব হবে না।এ দিন অনুষ্ঠানে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনের রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় ২ হাজার ১৯৩ কোটি টাকা খরচে এই রাস্তা তৈরি হয়েছে। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।এ ছাড়াও ফরাক্কায় গঙ্গার উপর চার লেনের নতুন সেতুর উদ্বোধন করেন নীতীন গড়করি। এই প্রকল্পে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা। নতুন সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।তবে এ দিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘোষণা কলকাতার জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনা। প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করা হবে। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-সহ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ তৈরি করবে এই রিং রোড। এর ফলে শহরের ভিতরে গাড়ির চাপ কমবে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের জন্যও রয়েছে বড় পরিকল্পনা। শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করা হবে। এই রাস্তা তৈরি হলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। উত্তরবঙ্গের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।কলকাতার বন্দর এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল আরও সহজ করতে হুগলি নদীর নীচে জোড়া সুড়ঙ্গ তৈরির পরিকল্পনাও রয়েছে। এই সুড়ঙ্গ তৈরি হলে ২৪ ঘণ্টাই বন্দরের সঙ্গে পণ্যবাহী গাড়ির যোগাযোগ রাখা সম্ভব হবে। পাশাপাশি জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা এবং হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।এ ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হবে। চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়ক রামনগর বাইপাস-সহ সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা। ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কের উন্নয়নে খরচ হবে ৪৬৯ কোটি ৩৫ লক্ষ টাকা। নামখানা থেকে বকখালি পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ২৩৭ কোটি ৩৭ লক্ষ টাকা।বীরভূমেও একাধিক রাস্তার উন্নয়ন করা হবে। ভীমগড় থেকে মল্লারপুর পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের জন্য ২৫৭ কোটি টাকা এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত রাস্তার জন্য ১০০ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সুরুল থেকে মল্লারপুর এবং পুরন্দরপুর থেকে রঙাইপুর পর্যন্ত রাস্তার উন্নয়নেও ১৫১ কোটি ৩২ লক্ষ টাকা খরচ করা হবে।পূর্ব মেদিনীপুরের নরঘাটে ১১৬ বি জাতীয় সড়কের উপর নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ২৩১ কোটি ৭১ লক্ষ টাকা। মন্তেশ্বর থেকে দাঁইহাট মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ১৫১ কোটি ৯৯ লক্ষ টাকা এবং বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত রাস্তার উন্নয়নে ১৭২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। রঘুনাথপুর থেকে চন্দনকিয়ারি হয়ে চাস পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ২৩৫ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে। মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা রাস্তার সংযুক্তিকরণে বরাদ্দ হয়েছে ১৮৭ কোটি ৩৩ লক্ষ টাকা। বিষ্ণুপুর-বেলেঘাটা রাস্তার লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত সেতু সম্প্রসারণে খরচ হবে ১৫৪ কোটি ৮৩ লক্ষ টাকা।এ ছাড়া বান্দেবাজ, গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত এসটিকেকে রাস্তা সম্প্রসারণে ২৯১ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নে খরচ হবে ২৩৫ কোটি ২০ লক্ষ টাকা। রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা।হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর থেকে দৌলতপুর পর্যন্ত নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা।অন্য দিকে, যানজট কমাতে একাধিক জাতীয় সড়কে যানবাহন চলাচলের জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রাস্তায় ২০টি এমন পথ তৈরি করতে ৭৬৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রাস্তায় ২৫টি ভূগর্ভস্থ পথ তৈরিতে খরচ হবে ৬৯০ কোটি টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি এমন পথ তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৭৭ কোটি টাকা।এ ছাড়া ১২ নম্বর জাতীয় সড়কের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে ৭৮ কোটি টাকা খরচ করা হবে।সব মিলিয়ে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং রিং রোড তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। নীতীন গড়করির আশা, আগামী দিনে বাংলার সড়কপথের মান আমেরিকার মতো উন্নত হবে। এখন দেখার, ঘোষিত প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয় এবং সাধারণ মানুষ কবে থেকে তার সুবিধা পান।