• ২২ কার্তিক ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

DA

দেশ

দুই ঘণ্টার অপেক্ষার পর অবশেষে নাড্ডার সাক্ষাৎ! সিজেপিকে কী আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী?

অবশেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক্স-এ একটি পোস্ট করে জানান, দুই ঘণ্টারও বেশি অপেক্ষার পর তিনি এবং আশুতোষ রঙ্কা নাড্ডার সঙ্গে দেখা করার সুযোগ পান। বৈঠকটি হয় নাড্ডার বাড়িতে এবং প্রায় দশ মিনিট স্থায়ী হয়।সৌরভ দাস লিখেছেন, দুই ঘণ্টার অপেক্ষার পর আশুতোষ আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জে পি নাড্ডা। তাঁর বাড়িতে। তবে মাত্র দশ মিনিটের জন্য। আমরা একটি চিঠি জমা দিয়েছি, যেখানে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে কথা বলবেন।এদিকে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের সংসদ চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা ছবিতে দেখা যায়, সেখানে আর কোনও বিক্ষোভকারী নেই, শুধুমাত্র পুলিশ মোতায়েন রয়েছে।উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। গত ২৮ জুন থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুক যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন। তবে ২১ দিনের মাথায় পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকেই সোমবার সোনম তিনটি শর্ত দেন। সরকার যদি সেই শর্তগুলির মধ্যে কোনও একটি মেনে নেয়, তবে তিনি অনশন প্রত্যাহার করতে রাজি বলে জানিয়েছেন।

জুলাই ২০, ২০২৬
রাজ্য

আবার ভাসবে বাংলা! ঘূর্ণাবর্তের দাপটে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা

নতুন সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির মুখে বাংলা। ঘূর্ণাবর্ত ও দুর্বল নিম্নচাপের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।জুলাই মাসের শুরুতে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসেছিল বৃষ্টিতে। গত সপ্তাহে কিছুটা বিরতি মিললেও আবার নতুন করে সক্রিয় হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।কলকাতাতেও সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনও মাঝারি, কখনও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলাদার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ কমলা সতর্কতা জারি রয়েছে। সেখানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

জুলাই ২০, ২০২৬
রাজ্য

আকাশ কালো, থামছেই না বৃষ্টি! দক্ষিণবঙ্গে ভিজবে আরও, উত্তরবঙ্গে লাল সতর্কতায় আতঙ্ক

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢাকা। বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ কিছুটা দুর্বল হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। কোচবিহারে রবিবার কমলা সতর্কতা জারি রয়েছে। সোমবার সকাল পর্যন্ত এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার দুই ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতার জন্য আপাতত আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি।এদিকে, টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি শহর। পৌরসভার ১৬টি ওয়ার্ডের বহু নিচু এলাকায় জল জমেছে। একাধিক বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে। নোংরা ড্রেনের জল মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

জুলাই ১৯, ২০২৬
রাজ্য

‘আমার দোষ নয়’! দুর্ঘটনার পর হাসপাতালের বেড থেকেই চাঞ্চল্যকর দাবি গেটম্যানের

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার পর তদন্তে নতুন মোড় এসেছে। প্রথমে স্থানীয়দের অভিযোগ ছিল, গেটম্যান ভুল করে রেলগেট খুলে দেওয়াতেই ট্রেনের সামনে চলে যায় স্কুলপড়ুয়াদের পুলকার। সেই দুর্ঘটনায় চার পড়ুয়া এবং এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে এবার হাসপাতালের বেড থেকে মুখ খুলে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকার।দুর্ঘটনার পর উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার হন অনুপ কর্মকার। তাঁর পায়ে গুরুতর চোট লাগে। বর্তমানে তিনি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রেল কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি পুলিশও তাঁকে গ্রেফতার করেছে। তবে তাঁর দাবি, এই দুর্ঘটনার জন্য তিনি একা দায়ী নন।অনুপ কর্মকারের বক্তব্য, প্রতিদিনের নিয়ম অনুযায়ী আপ এবং ডাউন লাইনের ট্রেনের তথ্য তাঁকে দেওয়া হয়। আপ লাইনের ট্রেন স্টেশন ছাড়ার সময় স্টেশন মাস্টার ফোন করে গেট বন্ধ করার নির্দেশ দেন। ঘটনার দিন আপ লাইনের ট্রেনের খবর পেলেও ডাউন লাইনের ট্রেন স্টেশন ছেড়েছে, সেই তথ্য তাঁকে জানানো হয়নি। তাঁর আরও দাবি, তখন ডাউন লাইনের সিগন্যালও লাল ছিল। তাই তিনি মনে করেছিলেন, এখনও কিছু সময় রয়েছে। সেই কারণেই গেট খুলেছিলেন। ঠিক তখনই পুলকারটি রেললাইন পার হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা মারে।গেটম্যান আরও দাবি করেছেন, ট্রেনের হর্নও তিনি শুনতে পাননি। পাশাপাশি তাঁর কেবিন থেকে ডাউন লাইনের ট্রেন আসছে কি না, তা স্পষ্ট দেখা যায় না বলেও জানিয়েছেন তিনি। তাই স্টেশন মাস্টারের কাছ থেকে তথ্য না পাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ।দুর্ঘটনার পর স্থানীয়দের একাংশ দাবি করেছিলেন, গেটম্যান মদ্যপ অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সেই অভিযোগে নতুন মোড় এসেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রেথ অ্যানালাইজার এবং রক্ত ও মূত্র পরীক্ষায় গেটম্যানের শরীরে মদের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে মদ্যপ অবস্থায় দায়িত্ব পালনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি। এখন এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে রেলের তদন্তের দিকেই নজর রয়েছে।

জুলাই ১৮, ২০২৬
দেশ

২০ দিনের অনশনে শরীর ভেঙে পড়েছে! সোনমকে ঘিরে বড় আশঙ্কা চিকিৎসকদের

সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লির যন্তর-মন্তর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টানা ২০ দিন অনশনে থাকার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পরও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তিনি স্যালাইন, ওষুধ বা অন্য কোনও চিকিৎসা নিতে রাজি হননি। চিকিৎসকেরা তাঁকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।গত ২৮ জুন থেকে যন্তর-মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে তাঁর প্রায় ৯ কেজি ওজন কমে গেছে। চিকিৎসকদের আশঙ্কা, এই অবস্থায় অনশন চলতে থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে কিডনির উপর গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।শনিবার প্রকাশিত হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও সোনম কোনও ধরনের স্যালাইন, ওআরএস বা ওষুধ গ্রহণ করতে চাননি। তাই তাঁর শারীরিক অবস্থার উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছে। চিকিৎসকরা তাঁকে চিকিৎসা গ্রহণে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় পৌনে আটটা নাগাদ ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার সময় তিনি সচেতন ছিলেন। তাঁর রক্তচাপ, নাড়ির গতি এবং শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকলেও শরীরে জলের ঘাটতি ধরা পড়ে। দীর্ঘ অনশনের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন।উল্লেখ্য, কয়েক দিন আগে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে সোনম ওয়াংচুকের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখার কথাও বলা হয়। সেই নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

জুলাই ১৮, ২০২৬
রাজ্য

হাসপাতালে ভর্তি রোগী ও স্কুলের মিড-ডে মিল—খাদ্য খাতে বড় বরাদ্দ বৃদ্ধি রাজ্য সরকারের, ১ অগস্ট থেকে কার্যকর নতুন হার

নিজস্ব সংবাদদাতা: মূল্যবৃদ্ধির বাজারে হাসপাতালের ভর্তি রোগী এবং সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং স্কুল শিক্ষা দফতর ১৩ জুলাই ২০২৬ তারিখে পৃথক নির্দেশিকা জারি করে হাসপাতালের ফুল রাইস ডায়েট এবং পিএম পোষণ (মিড-ডে মিল) প্রকল্পে রান্নার খরচ উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা করেছে। নতুন হার ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের খরচ প্রায় দ্বিগুণস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জারি করা মেমো অনুযায়ী, কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি রোগীদের জন্য ফুল রাইস ডায়েট বাবদ বরাদ্দ প্রতিদিন প্রতি রোগী ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।সরকারের বক্তব্য, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং রোগীদের আরও উন্নত মানের খাদ্য সরবরাহের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের অনুমোদনের পর এই সংশোধিত হার কার্যকর করা হচ্ছে।প্রাথমিক পড়ুয়াদের মিড-ডে মিলেও বাড়ল রান্নার খরচঅন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, বালবাটিকা (প্রি-প্রাইমারি) ও প্রাথমিক স্তরের সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পিএম পোষণ প্রকল্পের অধীনে রান্নার খরচে রাজ্যের অংশ বৃদ্ধি করা হচ্ছে।এতদিন কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী রান্নার খরচ ছিল প্রতি ছাত্রছাত্রী ৬.৭৮ টাকা। রাজ্য সরকার অতিরিক্ত ৩.২২ টাকা বরাদ্দ দেওয়ায় মোট রান্নার খরচ বেড়ে প্রতি ছাত্রছাত্রী ১০ টাকা হবে। এই নতুন হারও ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারের উদ্যোগসরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের রোগীদের উন্নত খাদ্য সরবরাহ এবং স্কুল পড়ুয়াদের পুষ্টিকর মধ্যাহ্নভোজন নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।নতুন বরাদ্দ কার্যকর হলে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের খাদ্যের মানোন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড-ডে মিলের রান্নার ব্যয় নির্বাহে প্রশাসনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

জুলাই ১৮, ২০২৬
রাজ্য

দু’দিনের দুশ্চিন্তার অবসান! উদ্ধার হলেন হাওড়ার তরুণ শুটার দময়ন্তী, পড়াশোনা ও শুটিংয়ের চাপেই কি বাড়ি ছাড়া?

হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেনকে অবশেষে উদ্ধার করল পুলিশ। গত দুদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে ১৫ বছরের এই কিশোরীকে উদ্ধার করা হয়। বর্তমানে সে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণ বা অন্য কোনও অপরাধমূলক ঘটনার পরিবর্তে পারিবারিক মনোমালিন্যই দময়ন্তীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার মূল কারণ হতে পারে। বিশেষ করে পড়াশোনা এবং রাইফেল শুটিংয়ের কঠোর অনুশীলনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে সে মানসিক চাপে ভুগছিল বলে তদন্তকারীদের জানিয়েছে।পুলিশ সূত্রে খবর, গত দুদিন দময়ন্তী একাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। অবশেষে নিজের জেলায় ফিরে আসার পর রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। যদিও তার দেওয়া বয়ান এখনও যাচাই করে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই সময়ের মধ্যে সে কোথায় কোথায় ছিল এবং কারও সঙ্গে যোগাযোগ করেছিল কি না।দময়ন্তী সেন রাজ্যস্তরের একজন প্রতিশ্রুতিশীল রাইফেল শুটার। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে অনুশীলন করছে সে। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালেও সুযোগ পেয়েছিল, যা তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে ধরা হচ্ছে। প্রতিদিন ভোরে নিয়মিত অনুশীলনের পাশাপাশি স্কুলের পড়াশোনাও চালিয়ে যেতে হচ্ছিল তাকে। এই দুইয়ের চাপই ধীরে ধীরে মানসিক অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বলে মনে করছে পুলিশ।দময়ন্তীর পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনটিও বাড়িতেই রেখে গিয়েছিল, ফলে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। উদ্বিগ্ন পরিবার দ্রুত থানায় নিখোঁজ ডায়েরি করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানতে পারে, শেষবার তাকে হাওড়া স্টেশন এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই জোরকদমে শুরু হয় তল্লাশি।আরও পড়ুনঃ জাতীয় দলে সুযোগের মুখে হঠাৎ উধাও! কোথায় গেল হাওড়ার কিশোরী শুটার, ঘনাচ্ছে রহস্যমেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাবা ধ্রুবজ্যোতি সেন। তিনি বলেন, মেয়ে নিরাপদে রয়েছেএটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। তাঁর মতে, পড়াশোনা ও শুটিংয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে দময়ন্তী হয়তো মানসিক চাপে পড়েছিল। বিশেষ করে পড়াশোনাকে কেন্দ্র করেই পরিবারের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল বলে তাঁর ধারণা।হাওড়া জেলা পুলিশের ডিসি (সেন্ট্রাল) তৌসিফ আলি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত বিষয়েই পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে দময়ন্তী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তবে তার বক্তব্যের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, জাতীয় স্তরে ওঠার লক্ষ্যে কঠোর অনুশীলনের চাপের পাশাপাশি পরিবার বা অন্য কোনও দিক থেকে অতিরিক্ত প্রত্যাশা বা মানসিক চাপ তৈরি হয়েছিল কি না। কারণ কিশোর বয়সে পড়াশোনা, খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক পরিবেশের ভারসাম্য বজায় রাখা অনেক সময়ই কঠিন হয়ে ওঠে।দুদিনের উৎকণ্ঠার পর দময়ন্তীর নিরাপদ প্রত্যাবর্তনে পরিবার যেমন স্বস্তি পেয়েছে, তেমনই ক্রীড়ামহলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, প্রতিভাবান কিশোর-কিশোরীদের সাফল্যের পথে শুধুমাত্র প্রশিক্ষণ নয়, সমান গুরুত্বপূর্ণ মানসিক সহায়তা এবং পারিবারিক বোঝাপড়াও।

জুলাই ১৮, ২০২৬
রাজ্য

স্কুল পড়ুয়াদের মৃত্যুর পরই বড় পদক্ষেপ! গেটম্যান গ্রেফতার, সামনে এল ভয়ঙ্কর অভিযোগ

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ভয়াবহ রেল দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রেল ও পুলিশ। দুর্ঘটনার পর প্রথমে গেটম্যান এবং তাঁর সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গেটম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।শুক্রবার সকালে রেললাইন পার হওয়ার সময় একটি স্কুলের পুলকারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন পড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনার পর পূর্ব রেল জানিয়েছে, পুরো বিষয়টির উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এডিআরএমের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যাল ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না। ট্রেন নির্ধারিত সিগন্যাল মেনেই চলছিল। তাই এখন মূল গুরুত্ব দেওয়া হচ্ছে গেটম্যানের ভূমিকার উপর।স্থানীয়দের অভিযোগ, প্রথমে একটি ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়। তখনই পুলকারটি রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। অভিযোগ, সেই সময় গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।রেল জানিয়েছে, এটি ম্যানুয়ালি পরিচালিত ইন্টারলকিং রেলগেট। তাই গেটম্যান কোথায় ছিলেন, কেন সময়মতো গেট নিয়ন্ত্রণ করা গেল না এবং কোনও নিয়ম ভাঙা হয়েছে কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল দলও পাঠানো হয়েছে।ঘটনার পর বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেন, এতগুলো নিরীহ পড়ুয়ার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। কীভাবে এমন গাফিলতি হল, তা বিস্তারিত তদন্ত হওয়া উচিত। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছে অধীর চৌধুরী রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, রেলমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে অধীরের অভিযোগ, রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।এই মর্মান্তিক দুর্ঘটনার পর গেটম্যানের গ্রেফতারি এবং উচ্চপর্যায়ের তদন্তকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ হলে ঠিক কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটল, সেই উত্তরই এখন জানতে চাইছে সকলেই।

জুলাই ১৭, ২০২৬
কলকাতা

মদন কি এখনও কালীঘাট তৃণমূলের লোক? কুণালের এক মন্তব্যে তোলপাড় রাজনীতি

ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এর মধ্যেই হঠাৎ কালীঘাট তৃণমূলের বিধায়কদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে নতুন জল্পনার জন্ম দিলেন তিনি। আর তাঁকে পাশে পেয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে এদিন বিধানসভায় অবস্থান কর্মসূচিতে বসেছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়করা। সেখানে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, কুণাল ঘোষ, আলিফা আহমেদ, বীণা মণ্ডল, রুকবানুর রহমান, বাবর আলি ও অসীমা পাত্র। সেই কর্মসূচির মাঝেই আচমকা সেখানে পৌঁছে যান মদন মিত্র। তাঁর উপস্থিতি ঘিরেই শুরু হয় রাজনৈতিক জল্পনা।মদনকে পাশে নিয়ে কুণাল ঘোষ বলেন, মদন মিত্র এখন অন্য শিবিরে থাকলেও তাঁর মন এখনও অন্য জায়গায় রয়েছে। তিনি আরও দাবি করেন, ইডির নোটিস দিয়ে মদনের পরিবারকে চাপ দেওয়া হয়েছে। তাই মদন আপাতত যা ইচ্ছা বললেও, তাঁকে এখনও নিজেদের লোক বলেই মনে করেন তাঁরা। কুণালের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ঋতব্রত শিবিরের ভিতরে নিজেদের লোক রেখে নজরদারি চালাতে চাইছে কালীঘাট তৃণমূল?কুণালের বক্তব্যের জবাব দিতে অবশ্য দেরি করেননি মদন মিত্র। তিনি বলেন, তাঁর ইচ্ছা শোভনদেব চট্টোপাধ্যায় আগামী দশ বছর বিরোধী আসনে বসুন। পাশে দাঁড়িয়ে থাকা শোভনদেব মজার ছলে জবাব দেন, তিনি আবারও ফিরে আসবেন।ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর মদনের এই প্রথম কালীঘাট তৃণমূলের বিধায়কদের সঙ্গে প্রকাশ্যে দেখা গেল। সেই সঙ্গে কুণাল ঘোষের মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। আগামী দিনে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির।

জুলাই ১৭, ২০২৬
রাজ্য

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! কোন কোন জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা, জানাল আবহাওয়া দফতর

নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। গত সপ্তাহে টানা ভারী বৃষ্টির পর ফের নতুন করে বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আজ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাব কমে গেলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকবে।অতিরিক্ত বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জলস্তরও দ্রুত বাড়তে পারে। কয়েকটি নদী বিপদসীমার কাছাকাছি বা তার উপরে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ।

জুলাই ১৭, ২০২৬
রাজ্য

মাত্র কয়েক সেকেন্ডের ভুল! চোখের সামনে ছাত্রবোঝাই গাড়িকে টেনে নিয়ে গেল ট্রেন

মুর্শিদাবাদের বহরমপুরে শুক্রবার সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের একটি রেলগেটে ছাত্রবোঝাই পুলকারে ধাক্কা মারে একটি যাত্রীবাহী ট্রেন। এই ঘটনায় একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে একটি আপ ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়েছিল। গেট খুলতেই আটকে থাকা যানবাহন রেললাইন পার হতে শুরু করে। সেই সময় স্কুলের পুলকার এবং এক সাইকেল আরোহী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই আবার রেলগেট নামানো হয়। ফলে পুলকারটি মাঝপথে আটকে যায় এবং বেরিয়ে আসার সুযোগ পায়নি।এর কিছুক্ষণের মধ্যেই উল্টো দিক থেকে দ্রুতগতিতে নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। ট্রেনটি পুলকারে সজোরে ধাক্কা মেরে প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় পড়ুয়াদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং রেল কর্তৃপক্ষ। পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে।এই ঘটনায় রেলগেট পরিচালনায় গাফিলতির অভিযোগ উঠেছে। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীও রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যেই পূর্ব রেল বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে। কীভাবে রেলগেট খুলে আবার বন্ধ করা হল এবং সেই সময় দায়িত্বে থাকা কর্মীর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হবে।

জুলাই ১৭, ২০২৬
রাজ্য

স্কুলে যাওয়ার পথে ভয়াবহ বিপর্যয়! ছাত্রবোঝাই গাড়িতে ট্রেনের ধাক্কা, মুহূর্তেই মৃত্যু

মুর্শিদাবাদের বহরমপুরে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ছাত্রের। স্কুলের ছাত্রবোঝাই একটি গাড়িতে চলন্ত ট্রেন ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনাটি ঘটেছে কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝের একটি লেভেল ক্রসিংয়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে একটি ট্রেন যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়। সেই সময় স্কুলের গাড়িটি রেললাইন পার হওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই উল্টো দিক থেকে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। মুহূর্তের মধ্যে ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।জানা গিয়েছে, গাড়িতে মোট আট জন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রথমে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাঁদের শারীরিক অবস্থা গুরুতর, তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং রেল কর্তৃপক্ষ।দুর্ঘটনার পর রেলগেট খোলা ছিল কেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গেটম্যানের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। কেন রেলগেট খুলে দেওয়া হয়েছিল এবং সেই সময় গেটম্যান কোথায় ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পূর্ব রেল। একটি বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, রেলগেট পরিচালনায় কোনও গাফিলতি ছিল কি না এবং কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জুলাই ১৭, ২০২৬
কলকাতা

‘জেলে থেকেও দল ভাঙিনি’! এবার কেন শিবির বদল? মুখ খুলে চাঞ্চল্যকর দাবি মদনের

বিধানসভায় গিয়ে বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার পরেই রাজনৈতিক মহলে নতুন চাঞ্চল্য তৈরি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যোগদানের কিছুক্ষণের মধ্যেই নিজের সমাজমাধ্যমের অবস্থায় লিখলেন সরি। সেই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেই, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে তার থেকেও বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে তাঁর বিস্ফোরক মন্তব্য। তিনি দাবি করেছেন, তদন্তকারী সংস্থার চেয়ে দলের এক শীর্ষ নেতাকেই তিনি বেশি ভয় পেতেন।মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যদের সমন পাঠানো হয়। তার পরের দিনই তিনি বিদ্রোহী শিবিরে যোগ দেন। যোগদানের পর তিনি জানান, দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, বাবার দেওয়া নাম, পড়াশোনা এবং বিধায়কের পদ ছাড়া আর কিছুই তিনি নিজের কাছে রাখেননি।এরপরই তিনি একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। মদনের দাবি, তদন্তকারী সংস্থার ভয় নয়, দলের এক শীর্ষ নেতার আচরণই তাঁকে সবসময় আতঙ্কে রাখত। তাঁর বক্তব্য, তদন্তকারী সংস্থা অন্তত জিজ্ঞাসাবাদ করে, কিন্তু দলের ভিতরে কখন কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা আগে থেকে বোঝা যেত না। সেই কারণেই তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি করেন।একই সঙ্গে তিনি জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ থাকলে তা সামনে আনারও চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি দাবি করেন, কোনও বেআইনি কাজের সঙ্গে তাঁর যোগ নেই।এদিকে মদনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন দলের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, পরিবারের সদস্যদের সমন আসার পরই এই অবস্থান বদল হয়েছে। তাই গোটা ঘটনাকে তিনি রাজনৈতিক চিত্রনাট্যের অংশ বলেই মনে করছেন। অন্যদিকে বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বদলে সম্মিলিত নেতৃত্বের লড়াইকে আরও শক্তিশালী করতেই মদন মিত্র তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। এই সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

জুলাই ১৬, ২০২৬
রাজ্য

ঋতব্রত শিবিরে গিয়েই বিস্ফোরক অনুব্রত! অভিষেককে ঘিরে যা বললেন, তাতেই তোলপাড় রাজনীতি

বিদ্রোহী শিবিরের বৈঠকে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় দীর্ঘ সময় জেলে থাকার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তাঁর সেই পরিস্থিতির জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও বড় মন্তব্য করেছেন তিনি।গোলপার্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বৈঠকে প্রথমবার উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল বলেন, বীরভূম থেকে সরকারের বিপুল রাজস্ব আসত। পাশাপাশি তিনি আরও দাবি করেন, কয়লা সংক্রান্ত বিষয়েও প্রতিদিন বড় অঙ্কের অর্থ দিতে হতো। তবে এই দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ করেননি।সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে তাঁর আর একটি মন্তব্য ঘিরে। অনুব্রতর দাবি, আগামী দিনে তৃণমূলে আর কেউ থাকবে না এবং দল কার্যত শেষ হয়ে যাবে। তাঁর এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।এক সময় বীরভূমে তৃণমূলের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন জেলায় দলের সংগঠন শক্তিশালী ছিল। গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পরও জামিনে মুক্তি পেয়ে তিনি জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। শেষ লোকসভা নির্বাচনেও বীরভূমের দুই আসনে তৃণমূলের সাফল্যের পিছনে তাঁর সংগঠনের ভূমিকা নিয়ে দলীয় মহলে আলোচনা হয়েছিল।পরে অবশ্য জেলার সংগঠনে পরিবর্তন আনে তৃণমূল। একক নেতৃত্বের বদলে কোর কমিটি গঠন করা হয়। অনুব্রত মণ্ডল সেই কমিটির সদস্য থাকলেও আগের মতো পূর্ণ দায়িত্ব তাঁর হাতে ছিল না। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই সময় থেকেই তাঁর অসন্তোষ বাড়তে শুরু করে।ছাব্বিশ সালের নির্বাচনের পর দলের ফলাফল খারাপ হওয়ার পর প্রথমদিকে অনুব্রত জানিয়েছিলেন, তিনি দলকে ভালোবেসে কাজ করে যাবেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁর অবস্থান বদলে যায়। পরে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে যোগাযোগ করেন। গত এগারো জুলাই তাঁকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বুধবার সেই শিবিরের বৈঠকে যোগ দিয়েই একের পর এক বিস্ফোরক দাবি করে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন বিতর্কের জন্ম দিলেন অনুব্রত মণ্ডল।

জুলাই ১৫, ২০২৬
কলকাতা

মদনের পদত্যাগেই জোর জল্পনা! এবার কি বড় ঝড়ের মুখে তৃণমূল?

তৃণমূলের অন্দরে রাজনৈতিক সমীকরণ কি দ্রুত বদলে যাচ্ছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। একের পর এক নেতার অবস্থান বদল এবং নতুন শিবিরে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। সব মিলিয়ে তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা।ভাই স্বরূপ বিশ্বাস জেলে রয়েছেন। অরূপ বিশ্বাসকে নিয়েও দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছিল। সেই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন দলের ভিতরে বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসকে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এরপরই শুরু হয় নতুন রাজনৈতিক চর্চা।এর মধ্যেই আরও বড় চমক দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত মদন দলীয় সব পদ ছেড়ে ঋতব্রতের শিবিরে যোগ দেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি দলের অন্দরে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ?ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটি কোনও ব্যক্তিকে কেন্দ্র করে নয়। তাঁর কথায়, ব্যক্তিপূজার পরিবর্তে সম্মিলিত নেতৃত্বের পক্ষে যারা বিশ্বাস করেন, তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক ঘটনাগুলির নেপথ্যে আরও বড় রাজনৈতিক সমীকরণ কাজ করছে।এদিকে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী বাইশ ও তেইশ জুলাই তাঁদের হাজির হতে বলা হয়েছে। এই ঘটনার পরই মদনের নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে আরও জোরালো হয়েছে জল্পনা।অন্যদিকে অনুব্রত মণ্ডলও নতুন আইনি সমস্যায় পড়েছেন। দুই হাজার একুশ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইট লুট করা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।এই পরিস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা তাপস রায় দাবি করেছেন, তৃণমূলের অন্দরে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, দলের ভিতরে এখন অস্থিরতা স্পষ্ট।সব মিলিয়ে একের পর এক রাজনৈতিক ঘটনা ঘিরে তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই ঘটনাগুলি রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

জুলাই ১৫, ২০২৬
রাজ্য

ঘন কালো মেঘে ঢাকল আকাশ! কয়েক ঘণ্টার মধ্যেই প্রবল বৃষ্টির আশঙ্কা, সতর্ক একাধিক জেলা

সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা। এখনও সব জায়গায় বৃষ্টি শুরু না হলেও যে কোনও সময় নামতে পারে জোর বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বিহারে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও হাওড়ায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। এছাড়া হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এবং নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে স্থানীয় এলাকায় জল জমা এবং যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন দফায় দফায় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকায় জল বেড়েছে। তিস্তা নদীর জল উঠে এসেছে রাস্তায়। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। তিস্তাবাজার এলাকায় জল নামার অপেক্ষায় রয়েছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুলাই ১৩, ২০২৬
রাজ্য

শিবির বদলেই বড় পদক্ষেপ! অফিস থেকে উধাও অভিষেকের ছবি, কিন্তু মমতার ছবি কেন রইল?

শিবির বদলের পর থেকেই রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন। শনিবার তাঁকে বীরভূম জেলার দায়িত্বও দেওয়া হয়েছে। আর তার পরের দিনই বোলপুরে তাঁর দলীয় কার্যালয়ে দেখা গেল বড় পরিবর্তন।রবিবার বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি আগের মতোই রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, ঋতব্রত শিবিরে যোগ দিলেও কি অনুব্রত এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজের নেত্রী হিসেবে মানছেন? আবার অভিষেকের ছবি সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি বিশেষ কোনও রাজনৈতিক বার্তা দিতে চাইলেন তিনি? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।শিবির বদলের পর অনুব্রত মণ্ডল প্রকাশ্যেই দলের ভরাডুবির জন্য নির্বাচনী কৌশল নির্ধারণকারী সংস্থাকে দায়ী করেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছিলেন। কারণ ওই সংস্থার সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠ সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচিত।এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, বিধানসভা ও লোকসভা নির্বাচনে তিনি বহু প্রার্থীকে জয়ী করেছেন, তখন ওই সংস্থার কোনও ভূমিকা ছিল না। তাঁর প্রশ্ন, হঠাৎ এমন কী ঘটল যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হল? একই সঙ্গে তিনি জানান, তিনি তৃণমূলকে ভালোবাসেন এবং কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন। বীরভূমে সকলকে নিয়ে দলের নির্দেশ মেনেই কাজ করবেন বলেও দাবি করেছেন তিনি।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আগের জায়গাতেই থাকায় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। আগামী দিনে এই পরিবর্তনের আরও কোনও রাজনৈতিক তাৎপর্য সামনে আসে কি না, এখন সেটাই দেখার।

জুলাই ১২, ২০২৬
রাজ্য

বুধবার স্বস্তি, কিন্তু রথের দিনই বাড়বে দুর্যোগ! আবহাওয়ার পূর্বাভাসে বাড়ল দুশ্চিন্তা

রথযাত্রার আগে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, বৃহস্পতিবার অর্থাৎ রথযাত্রার দিন ফের বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বিহারে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখাও সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।রবিবার মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবারও একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কিছুটা স্বস্তি মিললেও বৃহস্পতিবার রথযাত্রার দিন ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতায় রবিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার ও বুধবার তুলনামূলকভাবে বৃষ্টি কম থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার আবারও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। অতিভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জুলাই ১২, ২০২৬
কলকাতা

সিঙ্গুরের ক্ষত ভুলিয়ে বড় চমক! বাংলায় ছয়শো কোটি টাকার নতুন শিল্প, হাজারো চাকরির আশা

ডানকুনিতে নতুন শিল্প প্রকল্প ঘিরে আশার আলো দেখছেন হুগলি এবং সিঙ্গুর সংলগ্ন এলাকার মানুষ। দীর্ঘদিন বড় শিল্পের অপেক্ষায় থাকা এই অঞ্চলে এবার ছয়শো কোটি টাকার বিনিয়োগে নতুন কারখানা গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন প্রকল্পের শিলান্যাস হওয়ায় শিল্পায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।নতুন প্রকল্পের মাধ্যমে লাক্স কোজ়ির কারখানার পরিসর আরও অনেকটাই বাড়ছে। পুরনো এবং নতুন ইউনিট মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠবে আধুনিক উৎপাদন কেন্দ্র। এর ফলে শুধু উৎপাদনই বাড়বে না, স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।ডানকুনি আগে থেকেই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার জন্য পরিচিত। জাতীয় সড়ক, রেলপথ এবং বড় বড় গুদাম ও পরিবহণ কেন্দ্র থাকার কারণে এই এলাকা শিল্পের জন্য অত্যন্ত উপযুক্ত। নতুন কারখানা চালু হলে হুগলি জেলার শিল্প মানচিত্রে আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই প্রকল্পকে নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখছেন। কারখানার বর্তমান কর্মী মানসী ঘোষের আশা, নতুন ইউনিট চালু হলে আরও বহু মানুষের কাজের সুযোগ তৈরি হবে এবং এলাকার অর্থনীতি আরও শক্তিশালী হবে।জনাই থেকে প্রতিদিন কাজে আসা পীযূষ কান্তি ঢালিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, রাজ্যে আরও নতুন শিল্প গড়ে উঠুক এবং বেকার যুবক-যুবতীদের জন্য স্থায়ী কর্মসংস্থান তৈরি হোক। পাশাপাশি শ্রমিকদের জন্য ন্যূনতম একুশ হাজার টাকা বেতনেরও দাবি জানিয়েছেন তিনি।দীর্ঘদিন শিল্পহীনতার অভিযোগে সমালোচনার মুখে থাকা এই অঞ্চলে নতুন বিনিয়োগকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে। শিল্পের সম্প্রসারণের পাশাপাশি ছোট ব্যবসা, পরিবহণ, গুদাম এবং অন্যান্য আনুষঙ্গিক ক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলেই মনে করছেন স্থানীয়রা।

জুলাই ১১, ২০২৬
কলকাতা

বিস্ফোরক অভিযোগের পর বড় পাল্টা চাল! তাপস মণ্ডলকে পাঁচ কোটি টাকার আইনি নোটিস পাঠালেন সায়নী ঘোষ

নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে আবারও নতুন বিতর্ক সামনে এল। এবার নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলকে পাঁচ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তাঁর দাবি, কোনও প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রকাশ্যে করা হয়েছে, যার ফলে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপস মণ্ডল দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে সায়নী ঘোষ বিভিন্ন সুবিধা পেয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, কুন্তল ঘোষ সায়নী ঘোষের জন্য ফ্ল্যাট ও গাড়ির ব্যবস্থা করেছিলেন এবং বিভিন্ন খরচও বহন করতেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।এই অভিযোগের জবাবেই আইনি পদক্ষেপ করেন সায়নী ঘোষ। পাঠানো নোটিসে তিনি উল্লেখ করেছেন, দুই হাজার কুড়ি সালে তিনি প্রায় আশি লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাট কেনার জন্য ব্যাঙ্ক থেকে ষাট লক্ষ টাকার ঋণ নেওয়া হয়েছিল বলেও নথিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে কেনা একটি গাড়ি এবং তার আগের কেনা আর একটি গাড়ির সমস্ত আর্থিক তথ্যও নোটিসে তুলে ধরা হয়েছে। কীভাবে আয় করেন এবং কোন অর্থে সম্পত্তি ও গাড়ি কেনা হয়েছে, তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, তাপস মণ্ডলের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং তা সাংসদ হিসেবে সায়নী ঘোষের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই তাঁকে অবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এই প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, তাঁর ফ্ল্যাট ও ব্যক্তিগত সম্পত্তি নিয়ে প্রকাশ্যে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। অতীতে তদন্তকারী সংস্থা তাঁকে এই বিষয়ে ডেকেছিল এবং তিনি প্রায় পাঁচশো পাতার নথি জমা দিয়েছিলেন। এরপর আর কখনও তাঁকে ডাকা হয়নি। তিনি জানান, এতদিন বিষয়টি গুরুত্ব না দিলেও একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে তাঁর জবাবদিহি রয়েছে। তাই কোনও প্রমাণ ছাড়া ব্যক্তিগত সম্মান নষ্ট করার চেষ্টা তিনি আর মেনে নেবেন না। তাঁর আশা, তাপস মণ্ডল আইনি নোটিসের জবাব দেবেন। তা না হলে আদালতেই পরবর্তী লড়াই হবে।

জুলাই ১১, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • ...
  • 101
  • 102
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

অভিষেকের সঙ্গে বচসা হয়েছিল ওসি-র! সেই পুলিশকর্তার সঙ্গে দেখা করতে কালীঘাট থানায় শুভেন্দু, কী বললেন মুখ্যমন্ত্রী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংসদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কালীঘাট থানার ওসি বলাই বাগ। সেই ঘটনার কয়েক দিন পরেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের কালীপুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে সোজা চলে গেলেন কালীঘাট থানায়। সেখানে ওসি বলাই বাগের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, পুলিশকর্তাকে আশ্বস্ত করে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ভয় না পেয়ে সাহসের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে বাবুনের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। কয়েক দিন আগেই ওই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। রাতভর সরগরম ছিল কালীঘাটের এলাকা। সেই সময় অভিষেকের সঙ্গে কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের বচসা হয়। বচসায় সামনের সারিতে ছিলেন ওসি বলাই বাগ।মঙ্গলবার কালীপুজো থেকে বেরিয়ে সোজা কালীঘাট থানায় যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। থানায় যাওয়ার কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, চায়ের আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছেন তিনি। থানার ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটান শুভেন্দু। কথা বলেন ওসি বলাই বাগের সঙ্গে।সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিককে সাহস জুগিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পালনের সময় কোনও রকম ভয় না পেয়ে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভয় পাবেন না, আমি সঙ্গে আছি বলেও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। চোখে চোখ রেখে নিজের কাজ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ এবং তাঁর অনুগামীরা বলে জানা গিয়েছে। সেই সময় কালীঘাট থানার ওসি বলাই বাগের সঙ্গে অভিষেকের তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছিল। তার পরেই মঙ্গলবার কালীঘাট থানায় গিয়ে সেই ওসি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
দেশ

মাটি থেকে ৯০ মিটার উঁচুতে বিদ্যুতের তারে ঝুলে রুশ প্যারাগ্লাইডার! তিন ঘণ্টার অভিযানে কী ভাবে হল উদ্ধার?

হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ বিপত্তি। মাঝআকাশে উড়তে উড়তে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে গেলেন এক রুশ পাইলট। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে বিপজ্জনক অবস্থায় ঝুলে রইল তাঁর প্যারাগ্লাইডার। পরিস্থিতি বুঝে মোবাইল ফোনে ছবি তুলে সাহায্য চাইলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই রুশ পাইলটকে।সোমবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র থেকে উড়েছিলেন অ্যালেক্সি নামে ওই রুশ পাইলট। আকাশে ওড়ার সময় কোনও ভাবে হাই-টেনশন বিদ্যুতের তারের কাছাকাছি চলে যান তিনি। এরপরই তাঁর প্যারাগ্লাইডার আটকে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে ঝুলতে থাকেন তিনি।বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্সি। নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পাঠান বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কাছে। সেই ছবির মাধ্যমে নিজের অবস্থানের কথাও জানান তিনি। পরে বিষয়টি মান্ডি জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।তবে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে থাকায় উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মাটিতে নিরাপত্তার জন্য জাল ও গদি বিছিয়ে রাখা হয়। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পাইলটের কাছে পৌঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।এই উদ্ধার অভিযানে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গাওয়ার কনস্ট্রাকশন সংস্থা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে অভিযান চালান। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই প্রায় তিন ঘণ্টা পর বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান রুশ পাইলট।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

একে একে বিকল হচ্ছে অঙ্গ, গুরুতর সঙ্কটজনক অবস্থায় রাজ্যের মন্ত্রী

বাইপাস অস্ত্রোপচারের পর স্ট্রোক। তার পর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় চলছে ডায়ালিসিসও। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছরের এই প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। হৃদ্যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পরেই জটিলতা দেখা দেয়। হৃদ্যন্ত্র থেকে তৈরি হওয়া রক্তের জমাট মস্তিষ্কে পৌঁছে যাওয়ায় স্ট্রোক হয় তাঁর। এর পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।গত ১৮ অক্টোবর নিউমোনিয়া এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। তৈরি হয় সেপটিক শকের পরিস্থিতি। শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কিডনির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সেই কারণে বর্তমানে নিয়মিত ডায়ালিসিস করতে হচ্ছে তাঁকে।চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, এখন যন্ত্রের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের। শ্বাস নিতে সুবিধা হওয়ার জন্য গলায় অস্ত্রোপচার করে বিশেষ নল বসানো হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে ট্র্যাকিওস্টমি বলা হয়। পাশাপাশি চলছে হেমোডায়ালিসিস। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে চিকিৎসকদের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। সামগ্রিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পরে বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়া। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে শুরু করে। শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকেরা।প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে উজ্জ্বল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি তাঁর অসুস্থতার পিছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পর উজ্জ্বল বিশ্বাসকে অপমান করা হয়েছিল। সেই ঘটনার মানসিক ও শারীরিক ধাক্কা তিনি সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।এদিকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। এই বয়সেও তাঁকে একা সেলে থাকতে হয়েছিল বলে দাবি করেন মহুয়া। প্রাক্তন মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কৃষ্ণনগর, নদিয়া-সহ বাংলার সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে উজ্জ্বল বিশ্বাসের আরোগ্য কামনা করার অনুরোধ করেছেন তৃণমূল সাংসদ।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

জীতুকে বাঁচাতে নিজের চুল কেটে ফেললেন সৃজলা! বিগ বসের বাড়িতে প্রেমের কী অদ্ভুত পরীক্ষা!

খেলার জন্য প্রেম, নাকি প্রেমের জন্য খেলা? বিগ বসের বাড়িতে এই প্রশ্নই যেন বার বার উঠে আসছে। তবে সৃজলা গুহর কাছে জীতু কামালের গুরুত্ব যে কতটা, তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। জীতুকে নমিনেশন থেকে বাঁচাতে নিজের সাধের লম্বা চুল কেটে ফেললেন তিনি। বিগ বসের দেওয়া শর্ত শুনে এক মুহূর্তও দেরি করেননি সৃজলা। সোমবারের পর্বে তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যান বাড়ির অন্য প্রতিযোগীরাও।সোমবার বিগ বসের বাড়িতে নমিনেশনের জন্য এক অভিনব খেলার আয়োজন করা হয়। বাড়ির বাগানে তৈরি করা হয়েছিল পুরনো দিনের টেলিফোন বুথের মতো একটি ঘর। সেখান থেকে একে একে প্রতিযোগীদের ফোন করেন বিগ বস। ফোনের পর্দায় ভেসে ওঠে প্রতিযোগীদের নাম। যাঁর নাম দেখা যায়, তিনি ফোন ধরলেই বিগ বস জানিয়ে দেন, তিনি এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড।তবে নমিনেশন থেকে বাঁচারও সুযোগ ছিল। তার জন্য অন্য কোনও প্রতিযোগীকে নিজের স্বার্থ ত্যাগ করে বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে হত। অর্থাৎ, একজনকে বাঁচাতে অন্যজন কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেটাই ছিল এই খেলার আসল পরীক্ষা।জীতু কামালের নাম আসতেই বিগ বস তাঁকে জানান, নমিনেশন থেকে বাঁচাতে হলে সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। এই কথা শুনে প্রথমেই আপত্তি জানান জীতু। তাঁর মতে, একজন নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তাঁর চুল। তাই সৃজলাকে চুল কাটার কথা বলতে চাননি তিনি। বরং নিজে নমিনেশনে থাকতে রাজি ছিলেন।কিন্তু বিগ বস জানিয়ে দেন, এটি একটি খেলা। তাই জীতুকে চেষ্টা করতেই হবে। শেষ পর্যন্ত সৃজলাকে বিষয়টি জানান জীতু। চুল কাটার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই রাজি হয়ে যান তিনি। নিজের হাতে কাঁচি নিয়ে লম্বা, ঢেউখেলানো চুলের অনেকটা কেটে ফেলেন সৃজলা।সৃজলার এই সিদ্ধান্তে অবাক হয়ে যান জীতু-সহ বাড়ির অন্য প্রতিযোগীরা। নতুন ছোট চুলে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বিগ বসও তাঁর নতুন চেহারার প্রশংসা করেন। পরে জীতু নিজেই সৃজলার কাটা চুল ঠিক করে দেন। প্রেমের প্রস্তাবে এখনও সরাসরি সম্মতি না দিলেও জীতুর জন্য সৃজলার এই ত্যাগ তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।তবে শুধু সৃজলাই নন, অন্য প্রতিযোগীরাও প্রিয় সহ-প্রতিযোগীদের বাঁচাতে কঠিন শর্ত মেনে নিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন এবং রনিতা দাসকে ঘিরে।রনিতাকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিরঞ্জনকে বিগ বসের দেওয়া শর্ত ছিল, বাড়ি থেকে পাওয়া তাঁর সাধের স্মৃতির খাতাটি পুড়িয়ে ফেলতে হবে। ওই খাতার সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অনেক পুরনো স্মৃতি। তাই এমন শর্ত শুনে ভেঙে পড়েন রনিতা। নিরঞ্জনকেও কাজটি করতে দিতে চাইছিলেন না তিনি।কিন্তু শেষ পর্যন্ত নিজের স্মৃতির খাতা পুড়িয়ে ফেলতে রাজি হন নিরঞ্জন। খাতাটি আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সৃজলা। নিজেকে সামলে শেষ পর্যন্ত খাতাটি আগুনে পুড়িয়ে দেন নিরঞ্জন। সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেন রনিতাও। বাড়ির অন্য প্রতিযোগীদের চোখেও জল চলে আসে।এর পর মনামী ঘোষকে বাঁচানোর দায়িত্ব পড়ে রনিতার উপর। তাঁকে বিগ বসের দেওয়া শর্তও ছিল বেশ কঠিন। মাছের সস, কাসুন্দি এবং কাঁচা ডিম মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে বলা হয় তাঁকে। অদ্ভুত এই শর্ত শুনেও পিছিয়ে যাননি রনিতা। শেষ পর্যন্ত কাজটি করে দেখান তিনি। তাঁর সাহসের প্রশংসা করেন বাড়ির অন্য প্রতিযোগীরা।তবে সবাই বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে পারেননি। ফলে এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড হয়েছেন সোনামণি সাহা, রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস। তাঁদের ভাগ্য এখন নির্ভর করছে দর্শকদের ভোটের উপর।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতা ভাইফোঁটা দেন না, রাখিও পরান না! সেই ভাইয়ের মুখেই শুভেন্দুর প্রশংসা, অভিষেককে তোপ

দুধের ডিপোয় কাজ করে দিনে ৪৫ টাকা রোজগার করতেন। সেই টাকা দিয়েই ছোট ভাইদের মানুষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর পর কী ভাবে সংসার চালিয়েছিলেন, তা একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুন বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল মাত্র আড়াই বছর। কিন্তু রাজনীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে ভাই-বোনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। মমতা এখন আর বাবুনকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। আর সেই বাবুনই এ বার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুধু তাই নয়, শুভেন্দুকে নিজের নেতা, দাদা এবং অভিভাবক বলেও উল্লেখ করলেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের ক্লাবের কালীপুজোয় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবুন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুজো করেন এবং আরতিতে অংশ নেন। শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন বাবুন।তিনি বলেন, গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না। এর আগেও বাবুনের আমন্ত্রণে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। এ বার তাঁর ক্লাবের কালীপুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। বাবুনের কথায়, এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।শুভেন্দুকে নিজের নেতা এবং অভিভাবক বলেও উল্লেখ করেছেন বাবুন। তাঁর কথায়, শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায় এবং সুব্রত বক্সী তাঁর অভিভাবক ছিলেন বলেও জানান তিনি। সেই তালিকায় শুভেন্দুর নামও রয়েছে বলে দাবি বাবুনের।মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে শুভেন্দুর জন্য অপেক্ষা করছিলেন বাবুন। নিজের ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য। শুভেন্দু সেখানে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বাবুন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। গোটা ঘটনায় মমতার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন ফের আলোচনায় উঠে এসেছে।তবে শুধু শুভেন্দুর প্রশংসা করেই থামেননি বাবুন। এ বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের নেতা-নেত্রীরা বিভিন্ন সময়ে শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে বাবুনের বক্তব্য, শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে বাবুনের দূরত্ব নতুন নয়। বছর দুয়েক আগে দলের প্রার্থী নির্বাচন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। দলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বার শুভেন্দুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এবং অভিষেককে আক্রমণ করার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

‘সীতা কি রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন?’ ‘রামায়ণ’ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুকেশ খান্না!

মুক্তির পর থেকেই আলোচনায় পরিচালক নীতেশ তিওয়ারির ছবি রামায়ণ। ছবির ব্যবসা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ছবির একটি দৃশ্যকে ঘিরে। সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিতে তাঁর একটি যুদ্ধের দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। শক্তিমান খ্যাত এই অভিনেতা নিজের ইউটিউব ভ্লগে ছবির নির্মাতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন।মুকেশ জানিয়েছেন, ছবির প্রচার ঝলক এবং দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া দেখেই তিনি এই মন্তব্য করছেন। তাঁর মতে, ছবির ৪০০০ কোটি টাকার বাজেট এবং সেই টাকা তুলে আনার চিন্তাই নির্মাতাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ রামায়ণের মূল কাহিনি ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, সে দিকে নজর দেওয়া হচ্ছে না।মুকেশের কথায়, ছবির মুক্তি এবং ব্যবসাই যেন এখন সবচেয়ে বড় বিষয়। কী ভাবে ৪০০০ কোটি টাকার খরচ তোলা যাবে, সেটাই ভাবনা। কিন্তু রামায়ণের আসল গল্প দর্শকদের সামনে ঠিক ভাবে তুলে ধরা হচ্ছে কি না, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। নিজেদের কল্পনা মিশিয়ে রামায়ণ বা মহাভারতের মতো মহাকাব্য বদলে দেওয়া কি ঠিক?বিশেষ করে সাই পল্লবীর যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। মুকেশের প্রশ্ন, সীতাকে কি এখনকার অ্যাকশন ছবির নায়িকা কিংবা রানি লক্ষ্মীবাঈয়ের মতো যুদ্ধে লড়তে দেখা যাবে? তাঁর দাবি, বাল্মীকি রামায়ণে সীতার যুদ্ধ করার কোনও উল্লেখ নেই। তিনি বলেন, আমি বাল্মীকি রামায়ণ পড়েছি। সেখানে কোথাও লেখা নেই যে সীতা মা যুদ্ধ করতে গিয়েছিলেন। তাঁর মধ্যে সেবার মনোভাব ছিল। তিনি যদি যোদ্ধাই হতেন, তা হলে রাবণের সঙ্গে লড়াই করলেন না কেন? রাবণই বা তাঁকে তুলে নিয়ে যেতে পারল কী ভাবে?ছবির প্রযোজক নমিত মলহোত্রের বক্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন মুকেশ। সম্প্রতি নমিত জানিয়েছিলেন, সীতার যুদ্ধের দৃশ্যটি বাল্মীকি রামায়ণ নয়, অদ্ভুত রামায়ণ থেকে অনুপ্রাণিত। এই ব্যাখ্যা শুনে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তাঁর দাবি, বাল্মীকি রামায়ণই আসল রামায়ণ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থের কাহিনিতে কি এ ভাবে পরিবর্তন আনা সম্ভব? তা হলে রামায়ণ বা গীতার ক্ষেত্রে এমন কল্পনা যোগ করা হবে কেন? নির্মাতাদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেদের মতামত বাল্মীকি রামায়ণের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করা উচিত।নীতেশ তিওয়ারির এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা হয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে রয়েছেন যশ এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। দীপাবলি উপলক্ষে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে সাফল্য পেলেও ছবির একটি দৃশ্য ঘিরে বিতর্ক থামার লক্ষণ নেই। মুকেশ খান্নার মন্তব্য প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা।

নভেম্বর ১০, ২০২৬
বিনোদুনিয়া

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে আতঙ্কিত বলিপাড়া, তারকাদের কী করতে বারণ করল পুলিশ?

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একের পর এক তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তারা। ভিড়ের মধ্যে যাওয়া এবং প্রকাশ্যে অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তারকাদের।মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা। সম্প্রতি কয়েক জন অভিনেতার বাড়ির বাইরে সন্দেহজনক নজরদারির খবর সামনে আসে। তার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে পুলিশ।টাইগার শ্রফের উপর হামলার পর তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের কাছেও হুমকি বার্তা আসার অভিযোগ উঠেছে। আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে নামে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সি বৈভব মিশ্র নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ওই যুবক তারকাদের কাছে টাকা চেয়ে হুমকি অডিয়ো বার্তা পাঠাত।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বাইকে আসা তিন দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। তবে গুলিতে গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক এবং এক পথচারী। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে বলে খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।মুম্বই পুলিশের এই সতর্কতা এবং বলিউডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি সংবাদমাধ্যমকে মুখ খুলেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, মুম্বই দেশের বাণিজ্যনগরী হয়ে ওঠার পর থেকেই সেখানে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে। প্রশাসন কঠোর হলেও মাঝেমধ্যে অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে। টাইগার শ্রফের উপর হামলার পর পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেই তারকাদের সতর্ক করা হয়েছে বলে মনে করেন তিনি।তবে তারকাদের পক্ষে এই নির্দেশিকা মেনে চলা কতটা সহজ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। তাঁর কথায়, পেশার প্রয়োজনে অভিনেতাদের প্রায়ই সাধারণ মানুষের সামনে আসতে হয়। শুটিংয়ের বাইরেও নানা সামাজিক অনুষ্ঠানে যেতে হয় তাঁদের। সব জায়গায় সব সময় কত জনের উপর নজর রাখা সম্ভব, সেটাও বড় প্রশ্ন। তারকাদের নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে, পুলিশের তরফেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবু পরিস্থিতি কঠিন। সতর্ক থাকা জরুরি, কিন্তু এই ধরনের বিধিনিষেধ মেনে চলা তারকাদের পক্ষে সহজ নয়।

নভেম্বর ১০, ২০২৬
কলকাতা

মমতার ভাইয়ের ক্লাবে শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! তারপর কী বললেন তিনি?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় গিয়ে কালীপুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান তিনি। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হন শুভেন্দু। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাবুন। গাড়ি থেকে নামতেই শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর তাঁকে মালা পরিয়ে বরণ করা হয়।পুজোর মণ্ডপে গিয়ে কালীমাকে পদ্মফুলের মালা পরান মুখ্যমন্ত্রী। মায়ের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। পুজো শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। সেই সময় বাড়ির উঠোনে অন্ধকার ছিল। সেখান থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও কয়েকটি কালীপুজোর মণ্ডপে যান তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি যে খুশি, তা-ও জানান। বাবুন বলেন, দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভাল লাগল। শুভেন্দুদার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানান তিনি।এ দিন কালীঘাটের সেবক সংঘ এবং তরুণ যুবক সংঘের কালীপুজোয়ও যান শুভেন্দু। বিজেপির অভিযোগ, এই দুই ক্লাবের পুজো উদ্বোধনের জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তিনি যেতে পারেননি। এর মধ্যে শনিবার সেবক সংঘ এবং রবিবার তরুণ যুবক সংঘের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ।মঙ্গলবার সেই দুই পুজোর মণ্ডপে গিয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু। উল্লেখযোগ্য বিষয় হল, সেবক সংঘের পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উলটো দিকে। ফলে একই সন্ধ্যায় মমতার পাড়ায় শুভেন্দুর এই উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।

নভেম্বর ১০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal