বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলার অভিযোগ! আক্রান্ত সিপিএমের জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম
রাস্তার এক দিকে সিপিএমের জেলা কার্যালয়। ঠিক তার উল্টো দিকে বইয়ের পসরা সাজিয়ে বসেছিল ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু সোমবার দুপুরে সেই বুকস্টল ঘিরেই উত্তেজনা ছড়াল বাঁকুড়া শহরের স্কুলডাঙা মোড়ে। অভিযোগ, নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে কয়েক জন ওই স্টলে এসে তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এই নিয়ে এসএফআই কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হেনস্তার শিকার হলেন সিপিএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।দুর্গাপুজোর পর কালীপুজোতেও রাজ্যের বিভিন্ন জায়গায় বই ও দলীয় পত্রপত্রিকার স্টল বসিয়েছে বামপন্থী সংগঠনগুলি। বাঁকুড়া শহরের স্কুলডাঙা মোড়েও সিপিএমের জেলা কার্যালয়ের ঠিক উল্টো দিকে এসএফআইয়ের একটি বুকস্টল তৈরি করা হয়েছিল। সোমবার দুপুরে কয়েক জন সেখানে এসে আপত্তি জানান বলে অভিযোগ। নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে তাঁরা জানান, ওই জায়গায় বুকস্টল রাখা যাবে না। স্টলটি তুলে নেওয়ার জন্যও চাপ দেওয়া হয় বলে দাবি বামকর্মীদের।এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোলমালের খবর পেয়ে সিপিএমের জেলা কার্যালয় থেকে নিচে নেমে আসেন জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সিপিএমের অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় স্কুলডাঙা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, দুর্গাপুজো এবং কালীপুজোকে সামনে রেখে বই ও দলীয় পত্রপত্রিকা বিক্রির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে সিপিএম। দলের দাবি, এ বছর বাঁকুড়া জেলায় মোট ২০টি বুকস্টল করা হয়েছে। দুর্গাপুজোর সময় জেলায় প্রায় দুলক্ষ টাকার বইপত্র বিক্রি হয়েছে বলেও জানিয়েছেন দেবলীনা।ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেবলীনা বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টলে হামলা চালানো হচ্ছে। একই উদ্দেশ্য নিয়ে বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলেও হামলা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। বাধা দিতে গিয়ে তিনি নিজেও হেনস্তার শিকার হয়েছেন। তাঁর মোবাইল ফোন ছুড়ে ফেলে ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনার বিচার চেয়েছেন সিপিএমের জেলা সম্পাদক।অন্য দিকে, বুকস্টলে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের নেতা সৌগত পাত্রের দাবি, রাজ্যে সিপিএমের রাজনৈতিক শক্তি এখন অনেকটাই কমে গিয়েছে। বিজেপির নামে অভিযোগ তুলে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে সিপিএম। ফলে বাঁকুড়ার এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

