তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দেওয়া ২০ সাংসদকে ঘিরে দিল্লির রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। শনিবার রাত পর্যন্ত সংসদের নথিতে ওই সাংসদদের দলীয় পরিচয় বদলায়নি। ফলে তাঁদের নতুন দল এনসিপিআই সংসদের স্বীকৃতি পাবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে তৎপরতা বেড়েছে শাসক শিবিরে। স্পিকারের দফতরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শনিবার রাতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সুদীপ। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গেও ফোনে কথা হয়েছে তাঁর। এর পরেও এনসিপিআইয়ের সাংসদদের কাছে বার্তা পৌঁছেছে যে সরকার তাঁদের পাশে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সুদীপদের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর রবিবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজের বৈঠক হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। রবিবারই তাঁর দিল্লি যাওয়ার কথা।
অন্য দিকে, দিল্লিতে যখন ২০ সাংসদকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, তখন শনিবার কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন শতাব্দী রায়। শনিবার দুপুরে দু’জনের এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করা হয়েছে। তবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বীরভূমের সাংসদ।
শুভেন্দুর কথায়, যাঁরা মহিলাদের পক্ষে, তাঁরা এই বিলের পক্ষেই ভোট দেবেন। সংসদীয় রাজনীতিতে আরও বেশি সংখ্যায় মহিলা বিধায়ক ও সাংসদ আসুন, সেটাই তিনি চান।
এদিকে বিশেষ অধিবেশনের আগে তড়িঘড়ি দিল্লি রওনা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। তাঁর কথায়, দলের প্রবীণ নেতারা বারবার ফোন করছেন। তবে কারা ফোন করছেন, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। দিল্লি গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
অন্য দিকে, দলীয় নির্দেশ অমান্য করে ভোট দিলে সাংসদ পদ খারিজ হতে পারে বলে শনিবার দিল্লিতে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে বিশেষ অধিবেশনে তৃণমূলের দলীয় নির্দেশ এবং সাংসদদের অবস্থান নিয়েও চাপ বাড়ছে।
এখন সব নজর সোমবারের দিকে। স্পিকার কি এনসিপিআইকে আলাদা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবেন? নাকি তৃণমূলের দলত্যাগী সাংসদদের নিয়ে নতুন কোনও কৌশল নেবে শাসক শিবির? সংসদের নথিতে তাঁদের পরিচয় বদলাবে কি না, তার উপরেই নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ। সোমবার এই বিষয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেটাই দেখার।
- More Stories On :
- Sudip Banerjee
- NCPI
- Amit Shah

