কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনারের রহস্যমৃত্যু। বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হল ৭৩ বছরের প্রবীরকুমার চট্টোপাধ্যায়ের দেহ। শনিবার সন্ধ্যায় রেললাইনের উপর দেহটি পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। খবর দেওয়া হয় রেল পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন আধিকারিকেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিয়ালদহগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রবীরবাবুর। তবে কী ভাবে তিনি রেললাইনে পৌঁছলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ যাদবপুর রেল পুলিশের কাছে স্টেশন মাস্টারের তরফে একটি বার্তা আসে। তাতে জানানো হয়, বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে ১০/১২ এবং ১০/১৪ কিলোমিটার পোস্টের মধ্যে রেললাইনের উপর এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। পরে জানা যায়, মৃত ব্যক্তি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার প্রবীরকুমার চট্টোপাধ্যায়। তিনি বাঁশদ্রোণী থানার বিধানপল্লির ১৬৩ নম্বর বাড়িতে থাকতেন।
প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, শিয়ালদহগামী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রবীরবাবুর। ওই ট্রেনের চালক জানিয়েছেন, আচমকাই এক ব্যক্তি রেললাইনে চলে আসেন। ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি রেললাইনে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রবীরবাবুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। তাঁর এক বিবাহিত মেয়ে রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তবে মৃত্যুর আগে প্রবীরবাবুর লেখা একটি চিঠি ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে। তাঁর মেয়ের দাবি, বাড়ি থেকে বেরোনোর আগে একটি চিঠি লিখে গিয়েছিলেন বাবা। সেই চিঠিতে লেখা ছিল, বালিগঞ্জ রেল পুলিশের থানা অথবা শিয়ালদহ রেল পুলিশের থানা এলাকায় তাঁর দেহ পাওয়া যেতে পারে।
কেন এমন কথা লিখে গিয়েছিলেন প্রবীরবাবু? তিনি কি নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন, নাকি অন্য কোনও কারণ ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। চিঠির বিষয়বস্তু খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ।
এদিকে, মৃতের ভাই সুবীর চট্টোপাধ্যায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে যাদবপুর রেল পুলিশের দফতরে যান। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রবিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত চিঠির বিষয়বস্তু এবং রেললাইনে পৌঁছনোর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
- More Stories On :
- Kolkata Police
- Mysterious death

