• ২৬ কার্তিক ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Asian Cup

খেলার দুনিয়া

২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-এ ভারত, বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ব্লু কল্টস

তাসখন্দ: দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান। বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ (AFC U20 Asian Cup)-এর মূলপর্বে জায়গা করে নিল ভারত। রবিবার (৬ সেপ্টেম্বর) তাসখন্দে গ্রুপ বি-র শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে যোগ্যতা অর্জন করল ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দল।বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ফলে তিন ম্যাচে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ পয়েন্ট। তবে ম্যাচ জেতার পরও সরাসরি যোগ্যতা নিশ্চিত হয়নি ভারতের। অপেক্ষা করতে হয়েছিল গ্রুপের অপর ম্যাচে সিরিয়া বনাম উজবেকিস্তানের ফলাফলের জন্য।শেষ পর্যন্ত উজবেকিস্তানের কাছে সিরিয়া ০-৩ গোলে হেরে যাওয়ায় গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত। আটটি গ্রুপের মধ্যে সেরা সাত রানার্স-আপ দলের একটি হিসেবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-এর মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায় ব্লু কল্টস।ভারত শেষবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-এর মূলপর্বে খেলেছিল ২০০৬ সালে। অর্থাৎ দুই দশক পর ফের এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যুব ফুটবল প্রতিযোগিতার মূলপর্বে জায়গা করে নিল ভারতীয় দল।বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম গোলটি করেন ড্যানি মেইতেই লাইশ্রাম। ২৫ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ভারত। এরপর ম্যাচের ৬০ মিনিটে অসাধারণ অ্যাক্রোবেটিক ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন বিশাল যাদব। পরিবর্ত হিসেবে নামা মো. আরবাশ ৭৯ মিনিটে শক্তিশালী শটে তৃতীয় গোলটি করে ভারতের জয় নিশ্চিত করেন।গ্রুপ বি-তে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে উজবেকিস্তান। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে সিরিয়া। অন্যদিকে তিন ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে থাকা বাংলাদেশকে Development Phase-এ নেমে যেতে হয়েছে।ভারতের এই যোগ্যতা অর্জনের পথে শুরুটাও হয়েছিল জয় দিয়ে। ৩১ আগস্ট গ্রুপ বি-র প্রথম ম্যাচে তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ৩ সেপ্টেম্বর উজবেকিস্তানের কাছে ০-৪ গোলে পরাজিত হয় তারা। ফলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর পাশাপাশি সিরিয়া যাতে উজবেকিস্তানকে হারাতে না পারে, সেই ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হয়েছিল ভারতকে।শেষ পর্যন্ত সেই সমীকরণ মিলে যায়। আর যোগ্যতা নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন ভারতীয় দলের তরুণ ফুটবলাররা। দলের হোটেলের বাইরে নাচ-গানে ঐতিহাসিক সাফল্য উদযাপন করেন তাঁরা। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা AIFF-ও সোশ্যাল মিডিয়ায় দলের উদযাপনের ভিডিও প্রকাশ করে।এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-এর মূলপর্ব অনুষ্ঠিত হবে চিনে। আগামী ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল, ২০২৭ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দুই দশক পর মূলপর্বে ফিরে ভারতের তরুণ ফুটবলাররা এবার এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।

সেপ্টেম্বর ০৭, ২০২৬
খেলার দুনিয়া

হংকংকে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে এশিয়ান কাপের মূলপর্বে ভারত

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে কি যোগ্যতা অর্জন করতে পারবে ভারত? মঙ্গলবার সকাল থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। হংকংয়ের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগেই অবশ্য ইগর স্টিম্যাকের দলকে স্বস্তি দেয় প্যালেস্তাইন। গ্রুপ বিতে নিজেদের শেষ ম্যাচে ফিলিপিন্সকে ৪০ ব্যবধানে হারিয়ে ভারতের পথ প্রশস্ত করে দিয়েছিল। হংকংয়ের কাছে হারলেও মূলপর্বে যাওয়া আটকাত না ভারতের। মূলপর্বে পৌঁছে গেলেও সুনীল ছেত্রীরা অবশ্য আত্মতুষ্ট হয়ে পড়েননি। হংকংকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছল ভারত।ভারতহংকং ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ভারতের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গিয়েছিল। যুবভারতীতে আনন্দউৎসবে মেতে ওঠেন। গ্যালারিতে জ্বলে ওঠে মোবাইলের ফ্ল্যাশ। স্টিম্যাক ব্রিগেডও জ্বলে ওঠে মাঠে। দর্শকরা নিজেদের আসনে ঠিকভাবে বসার আগেই গোল। প্রথম মিনিটেই ভারতকে এগিয়ে দেন আনোয়ার আলি। আশিক কুরুনিয়ানের সেন্টার হংকং ডিফেন্স আংশিক প্রতিহত করলে সেই বল যায় আনোয়ারের কাছে যায়। তিন কাঠিতে বল রাখতে ভুল করেননি আনোয়ার। শারিরীক অসুস্থতার জন্য একসময় ফুটবলজীবনই অনিশ্চিত হয়ে পড়েছিল আনোয়ারের। এই গোল তাঁকে নতুন জীবন দেবে সন্দেহ নেই।২৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত ভারত। রোশন সিংয়ের সেন্টার ধরে সাহাল আব্দুল সামাদের শট বারে লেগে ফিরে আসে। ৪১ মিনিটে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিংয়ের ভুলে সমতা ফেরাতে পারত হংকং। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ব্যবধান বাড়ায় ভারত। জিকসন সিংয়ের ফ্রি কিক থেকে বাঁপায়ের দুরন্ত ভলিতে গোল করেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধেও ভারতের খেলার ঝাঁঝ ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার মতো জায়গায় চলে এসেছিলেন সুনীল ছেত্রী। গোলরক্ষককে একা পেয়েও সুবিধাজনক জায়গা থেকে সুনীলে সরাসরি হংকং-এর গোলরক্ষক ইয়াপ হুং ফাই-এর হাতে মারেন। এই সুযোগের দুই মিনিট আগে উদান্ত সিং-এর শট আউট সুইং হয়ে বাইরে বেড়িয়ে যায়। ৫৯ মিনিটে সাহাল আবদুল সামাল এবং উদান্ত সিং-এর পরিবর্তে স্টিম্যাচ নামান লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে। ৭৬ মিনিটে সুনীল ছেত্রীর পরিবর্তে নামেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। দুই পরিবর্তন খেলোয়াড় ব্রেন্ডন এবং মনবীরের যুগলবন্দীতে তৃতীয় গোলটি পায় ভারত। ৮৫ মিনিটে ব্রেন্ডনের পাস থেকে গোল করে যান মনবীর সিং। গোটা স্টেডিয়াম যখন ৩-০ গোলে ম্যাচ জেতার আনন্দে বিভোর তখন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সেই আনন্দকে বাড়িয়ে দেয় ঈশান পন্ডিতার গোল। মনবীর সিং-এর পাস থেকে গোল করে যান সুপার সাব ঈশান পন্ডিতা। হংকং-এর বিরুদ্ধে এই জয় গ্রুপ ডি-এর শীর্ষে স্থানে জায়গা করে দিল ভারতকে (৩ ম্যাচে ৯ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে রইল হংকং (৩ ম্যাচে ৬ পয়েন্ট)।

জুন ১৫, ২০২২

ট্রেন্ডিং

রাজ্য

কনস্টেবলকে গুলি করার অভিযোগ, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের! কী ঘটেছিল নানুরে?

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। রবিবার নানুরের একটি ইটভাঁটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায়। সেই সময় পুলিশের উপর হামলার চেষ্টা করে সে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল।এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এনকাউন্টারের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার, তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে মোটরবাইকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে ধরার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রতন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলিতে পায়ে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।এর পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাঁটায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সেখানে যায় পুলিশ।পুলিশের অভিযোগ, ওই এলাকায় পৌঁছনোর পর রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।বোলপুর হাসপাতালের চিকিৎসক গৌরব তরফদার জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতন শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর কথায়, পুলিশের গুলিতে মৃত্যুর কথা প্রেসক্রিপশনে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে।উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যুর পর রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, গত ছয় মাসে এই নিয়ে বাংলায় পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

পানিহাটিতে বিজেপির অন্দরের সংঘাতের বলি! নেত্রী রুমা সাহার স্বামীর মৃত্যু, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক বিধায়ক রত্না

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে দলেরই কর্মীদের সঙ্গে বচসা, স্ত্রীকে অপমানের প্রতিবাদ করায় আক্রান্ত অরূপ সাহা। হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তপ্ত পানিহাটি। দলবদলুদের দাপট, জেলা নেতৃত্বের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চায় উঠে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। নিহতের নাম অরূপ সাহা। তিনি পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী। শনিবার রাতে বাজার এলাকায় অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন অরূপ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনার পর থেকেই বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। একদিকে নিহতের পরিবারের অভিযোগ, অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বিস্ফোরক মন্তব্যসব মিলিয়ে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করার পর দলেরই কয়েকজন কর্মী তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন।রুমা সাহার দাবি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসায় জড়িয়ে পড়তে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে তিনি তাঁদের কাছে গিয়ে কী হয়েছে জানতে চান। সকলকে শান্ত হওয়ার এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শও দেন। প্রয়োজনে বিষয়টি বিধায়ককে জানাবেন বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।কিন্তু তাঁর অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের অশান্তির খবর পান। পরিস্থিতি সামাল দিতে তিনি আবার ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন স্বামী অরূপও। সেখানে গিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন যুবককে দেখতে পান বলে দাবি রুমার। তাঁদের মধ্যে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। রুমার অভিযোগ, ওই যুবকদের মধ্যে নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত কয়েকজন ছিলেন।রুমার বক্তব্য অনুযায়ী, তিনি ফের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার নামে দুই ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। স্ত্রীর দিকে এমন আচরণ দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন তাঁকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রুমাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় তিনি থানায় ফোন করেন। কিন্তু তাঁর দাবি, থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেন।এরপর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন রুমা। কিন্তু বাড়িতে পৌঁছনোর পরই অরূপের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। রুমার কথায়, বাড়ি ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। ঠিকমতো কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরূপ সাহার।স্বামীর মৃত্যুর পর রুমা সাহার অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু ব্যক্তি। তাঁর দাবি, দলের পুরনো কর্মীদের সঙ্গে নতুন যোগ দেওয়া কর্মীদের বিরোধ থেকেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও সামনে আসেনি।অরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আর সেখানেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।রত্নার অভিযোগ, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি বিধায়কের। তাঁর বক্তব্য, পুরনো বিজেপি কর্মীদের উপেক্ষা করে দলবদল করে আসা ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে।শুধু তাই নয়, পানিহাটি-১ মণ্ডলের যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের এক নেতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, পানিহাটির ২৯টি ওয়ার্ডে আলাদা আলাদা লোক বসানো হলেও তাঁদের সঙ্গে জেলা নেতৃত্বের কোনও কার্যকর সমন্বয় নেই। ফলে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত বাড়ছে। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলেও প্রকাশ্যে জানিয়েছেন রত্না। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে পছন্দ করেন না এবং দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমন্বয়ের অভাব রয়েছে।রত্না দেবনাথের বক্তব্য, কোনও ব্যক্তি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন কি না, সেটি বড় কথা নয়। কিন্তু দলে যোগ দেওয়ার পর কেউ যদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাঁকে কোনওভাবেই আড়াল করা উচিত নয়। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে বিচার করা যায় না। যে অন্যায় করবে, সে যে দলেরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া প্রয়োজন।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন বিধায়ক। তাঁর দাবি, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে একাধিকবার মারামারি ও অশান্তির ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এমনকি কয়েক দিন আগেই তিনি পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অবগত করেছিলেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও দাবি তাঁর।এবার অরূপ সাহার মৃত্যুর পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রত্না। তাঁর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।উল্লেখ্য, পানিহাটির এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে। ব্যারাকপুরেও ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীকে দলেরই একাংশের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সেই আবহে পানিহাটির ঘটনা বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।অন্যদিকে, অরূপ সাহার মৃত্যুর ঘটনায় বিজেপির অপর পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবরও সামনে আসেনি। ফলে ঠিক কী কারণে অরূপের মৃত্যু হয়েছে, কারা তাঁকে আক্রমণ করেছিলেন এবং এই সংঘর্ষের পিছনে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব কতটা দায়ীতা তদন্তের পরই স্পষ্ট হবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, দলের অভ্যন্তরীণ সংঘাতের অভিযোগে এক কর্মীর মৃত্যুর পর বিজেপি নেতৃত্ব কতটা কঠোর পদক্ষেপ করে এবং প্রশাসন এই ঘটনায় কত দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
বিদেশ

একবিংশ শতাব্দীতেও বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব, এর পিছনে আসল কারণ কি?

হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের ইতিহাসে এত মৃত্যু আগে কখনো ঘটেনি। পড়শি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৫৮ জনের। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৫৭২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন মারা গেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একসময় হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বাংলাদেশে। ২০০০ সালে প্রথম ডোজ টিকা গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ, ২০১৬ সালে তা ১১৮ শতাংশে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ চালুর পর এর হার ২২ শতাংশ থেকে ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছায়। কিন্তু ২০২৪-২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কমতে থাকে। ২০২৫ সালে টিকা গ্রহণের হার নেমে আসে ৫৯ শতাংশে।বিশেষজ্ঞদের মতে, টিকাদানে এই ঘাটতিই বর্তমান বিপর্যয়ের অন্যতম কারণ। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, ২০২৫ সালে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে সরবরাহে বিলম্ব ও প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ।বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতির মধ্য দিয়ে বিপর্যয়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারও পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে নেয়নি। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার কার্যক্রম কার্যত হারিয়ে গেছে। অনেক পরিবার টিকাদানের খবরই জানে না। তাঁর ভাষায়, জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না।ডব্লিউএইচওর তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি নয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালুর পরও ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে টিকাদানে ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগের অভাব এবং জনসচেতনতা তৈরিতে ব্যর্থতা মিলিয়ে হাম এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।** এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো অনলাইন থেকে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

বই হাতে জনসংযোগে সিপিএম, রাজ্যজুড়ে শুরু ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি

দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহেই এবার বইকে হাতিয়ার করে পথে নামল সিপিএম। রাজ্যজুড়ে শুরু হয়েছে দলের ঘরে ঘরে বুক স্টল কর্মসূচি। বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো এবং সমাজে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাম নেতৃত্ব।রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন বই হাতে পাড়ায় পাড়ায় এবং দোকানে দোকানে ঘোরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে বই তুলে দেন। বই পড়ার অভ্যাস বাড়ানো এবং পাঠাভ্যাসের প্রসারে এই উদ্যোগ বলে জানান তিনি।সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে আগামী এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। নভেম্বর মাসের মধ্যেই কর্মসূচি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় এই উদ্যোগে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই মানেই চেতনা, বই মানুষের বন্ধু। বই পড়া, অন্যকে পড়তে উৎসাহিত করা এবং বই উপহার দেওয়ার মধ্য দিয়েই সমাজে সচেতনতা তৈরি করা সম্ভব।একইসঙ্গে রাজনৈতিক বক্তব্যে তাঁর দাবি, লাঠি বা অস্ত্রের চেয়ে অনেক বড় শক্তি হল বই এবং মানুষের চেতনা। মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে বইয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, বইকে হাতিয়ার করেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিপিএম।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

আদিবাসীদের জমির মালিকানা নিশ্চিত করতে বড় ঘোষণা শুভেন্দুর, ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি

ঝাড়গ্রাম: রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবস উদযাপনের অনুষ্ঠানে ঝাড়গ্রাম থেকে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের কোনও আদিবাসী পরিবার যাতে জমির অধিকার থেকে বঞ্চিত না থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার। একই সঙ্গে ভুয়ো তফসিলি জাতি (এসসি) শংসাপত্র প্রদান এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি শবর জনজাতির উন্নয়নে বিশেষ প্রকল্প চালুর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।ঝাড়গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে জমির মালিকানার দাবিতে লড়াই চালিয়ে আসছেন রাজ্যের বহু আদিবাসী মানুষ। সেই লড়াইকে স্বীকৃতি দিতেই সরকারের এই উদ্যোগ। এদিন রাজ্যের মোট ৭৭০ জন আদিবাসী মানুষের হাতে জমির মালিকানার নথি তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এই কর্মসূচি কেবল কয়েকজন উপভোক্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত যোগ্য আদিবাসী পরিবারকে জমির অধিকার দেওয়ার ব্যবস্থা করা হবে।এই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বন দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং জনজাতি উন্নয়ন দফতরের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রেখে জমির অধিকার সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে জমির পাট্টা না পাওয়া পরিবারগুলির সমস্যার সমাধানই সরকারের অন্যতম লক্ষ্য বলে দাবি তাঁর।ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে কড়া বার্তাজমির অধিকারের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ভুয়ো তফসিলি জাতি শংসাপত্রের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে আদিবাসী ও তফসিলি সম্প্রদায়ের পরিচয়কে ব্যবহার করে এমন কিছু মানুষকে ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছিল, যাঁরা আদতে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নন।শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানান, বর্তমান সরকারের আমলে কোনওভাবেই ভুয়ো এসসি সার্টিফিকেট দেওয়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই একাধিক ভুয়ো শংসাপত্রধারীকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শংসাপত্র প্রদানের ক্ষেত্রে সমস্ত নথি ও পরিচয় যথাযথভাবে যাচাই করতে হবে। যোগ্য ব্যক্তিরা যাতে তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে বেআইনিভাবে সেই সুবিধা না পান, তা নিশ্চিত করতে হবে।এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে পূর্বতন সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লোকশিল্পীদের সঙ্গে সাক্ষাতের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্লাভস পরার প্রসঙ্গ টেনে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানান। পাশাপাশি আদিবাসী পরিচয় ও সংরক্ষণের সুযোগকে ঘিরে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগও তোলেন। যদিও এই অভিযোগের বিষয়ে পূর্বতন সরকারের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।শবর জনজাতির জন্য বিশেষ প্রকল্পএদিন শবর সম্প্রদায়ের উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, জাতীয় স্তরের বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী বা পিভিজিটি (Particularly Vulnerable Tribal Groups) তালিকায় শবর সম্প্রদায়ের নাম না থাকলেও রাজ্য সরকার তাদের উন্নয়নমূলক প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রাজ্যের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে শবর সম্প্রদায়ের শিক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত না থাকার কারণে যাতে এই সম্প্রদায়ের মানুষ উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।ঝাড়গ্রামে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনাজনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু জমির পাট্টা বা জনজাতি উন্নয়নের ঘোষণা নয়, ঝাড়গ্রামের পরিকাঠামোগত উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। এদিন মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ ও সংস্কার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছাত্রছাত্রীদের জন্য হস্টেল, সেতু-সহ বিভিন্ন জনকল্যাণমূলক পরিকাঠামো। এর ফলে ঝাড়গ্রাম জেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং গ্রামীণ পরিষেবার ক্ষেত্রে উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।সব মিলিয়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামের মঞ্চ থেকে আদিবাসী উন্নয়ন, জমির মালিকানা, সামাজিক সুরক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতাএকাধিক বিষয়কে সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সমস্ত আদিবাসী পরিবারের হাতে জমির অধিকার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, ভুয়ো শংসাপত্রের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ কতটা কঠোর হয় এবং শবর জনজাতির জন্য ঘোষিত প্রকল্প কীভাবে বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে।

নভেম্বর ১৫, ২০২৬
খেলার দুনিয়া

ব্যাটিং বিপর্যয়ের ক্ষত ঢাকল বোলারদের দাপট, নিউজিল্যান্ডের মাটিতে আট বছর পর ওয়ানডে সিরিজ জয় ভারতের

মাত্র ২০৯ রান করেও কিউয়িদের ২২ রানে হারাল টিম ইন্ডিয়া, অর্শদীপ-অক্ষরদের দাপটে সিরিজ ৩-১; রোহিত-কোহলির ফর্ম নিয়ে বিশ্বকাপের আগে বাড়ল উদ্বেগনিজস্ব সংবাদদাতা: ব্যাট হাতে ব্যর্থতা, আর বল হাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনদুই বিপরীত ছবির মিশেলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। মাত্র ২০৯ রানের পুঁজি নিয়েও কিউয়িদের ১৮৭ রানে অলআউট করে ২২ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। রবিবার বে ওভালে এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের দখলে রাখল গৌতম গম্ভীরের দল। দীর্ঘ আট বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত। তবে সিরিজ জয়ের আনন্দের মধ্যেও ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা এবং দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ধারাবাহিক ব্যর্থতা নতুন করে চিন্তায় ফেলেছে ক্রিকেট মহলকে।কয়েক দিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। ২৪৪ রানের সেই লজ্জাজনক হারের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোটা ছিল গম্ভীর বাহিনীর কাছে সম্মানের লড়াই। সিরিজ জয়ের সুযোগ থাকলেও দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল যথেষ্ট। শেষ ম্যাচে জয় এল ঠিকই, কিন্তু ব্যাটিংয়ের চেনা সমস্যাগুলি যে এখনও কাটেনি, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত বোলারদের অসাধারণ পারফরম্যান্সই ভারতকে রক্ষা করল।প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। রোহিত শর্মা মাত্র ৭ এবং বিরাট কোহলি ৫ রান করে ফিরে যান। রুতুরাজ গায়কোয়াড়ও ১৮ রানের বেশি এগোতে পারেননি। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকেও এল মাত্র ২২ রান। ফলে অল্প সময়ের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দলের স্কোর যখন ৩৪, তখনই তিন গুরুত্বপূর্ণ ব্যাটার সাজঘরে। আগের ম্যাচের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পরেও যে পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি, তা তখনই পরিষ্কার হয়ে যায়।A series victory to savour 🥳 #TeamIndia clinch a thriller at the Bay Oval to take the #NZvIND ODI series 3️⃣-1️⃣ 👏 Scorecard ▶️ https://t.co/wqxhoXb2WC https://t.co/aAwPMyBykt BCCI (@BCCI) November 15, 2026এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন ঈশান কিষান ও অক্ষর প্যাটেল। দুজনের ৪৬ রানের ইনিংস ভারতীয় শিবিরকে কিছুটা স্বস্তি দেয়। ঈশানের ব্যাটে যেমন আক্রমণাত্মক মেজাজের ছাপ ছিল, তেমনই অক্ষর পরিস্থিতির দাবি বুঝে দায়িত্বশীল ব্যাটিং করেন। ঈশান তিনটি চার ও দুটি ছক্কা মারেন। অক্ষরের ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়। তাঁদের লড়াইয়ে ভারতীয় ইনিংস কিছুটা স্থিতি পেলেও বড় রানের ভিত তৈরি হয়নি। নমন ধীরের ২২ রান এবং শেষ দিকে মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংয়ের কার্যকর ১৪ রানের ইনিংস ভারতকে দুইশোর গণ্ডি পার করায়।শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ২০৯ রানেই শেষ হয় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৭ রানে তিনটি এবং জেকব ডাফি ৫০ রানে তিনটি উইকেট নেন। ভারতীয় ব্যাটারদের উপর শুরু থেকেই চাপ বজায় রাখতে সফল হয় কিউয়ি বোলিং বিভাগ।২১০ রানের তুলনায় সহজ লক্ষ্য হলেও পাল্টা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে সমস্যায় পড়ে নিউজিল্যান্ড। উইল ইয়ং ২২ এবং টিম সেইফার্ট ১৪ রান করে ফিরে যান। মজার বিষয়, ভারতের প্রথম উইকেট যেমন ৫.৩ ওভারে পড়েছিল, নিউজিল্যান্ডও ঠিক একই ওভারে প্রথম উইকেট হারায়। সিরাজের বলে সেইফার্টের বিদায়ের পর থেকেই কিউয়ি ইনিংসে নিয়মিত ব্যবধানে আঘাত হানতে থাকেন ভারতীয় বোলাররা।সিরাজ ও অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বচ্ছন্দে রান তুলতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। নিক কেলি ২৪ এবং ডিন ফক্সক্রফট ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অধিনায়ক স্যান্টনারের ব্যাট থেকেও আসে ২৪ রান। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে উইকেট ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও জুটি গড়ে উঠল না। ভারতীয় বোলাররা একদিকে যেমন রান আটকে রাখেন, অন্যদিকে নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন।শেষ দিকে ব্লেয়ার টিকনার ও জেকব ডাফি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাঁদের প্রতিরোধও দীর্ঘস্থায়ী হয়নি। অক্ষর প্যাটেল গুরুত্বপূর্ণ সময়ে ডাফি ও টিকনারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের জয়ের শেষ আশাটুকুও শেষ করে দেন। ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। ফলে ২২ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ভারত।বল হাতে এদিন ভারতের সবচেয়ে উজ্জ্বল মুখ অর্শদীপ সিং। ৩০ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। অক্ষর প্যাটেল ২৮ রানে দুটি উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মহম্মদ সিরাজও দুটি উইকেট পান। আকিব নবি, যশ ঠাকুর ও নমন ধীর একটি করে উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে চার ম্যাচে মোট ৯টি উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গুর্নুর ব্রার।সিরিজ জয়েও স্বস্তি নেই, প্রশ্নের মুখে রো-কোভারতের সিরিজ জয় নিশ্চিত হলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং ফর্ম। আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফলে এই সিরিজের পর দুই অভিজ্ঞ ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হওয়া স্বাভাবিক।চার ম্যাচে বিরাট কোহলির সংগ্রহ মাত্র ৮৬ রান। অন্যদিকে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। অভিজ্ঞতার নিরিখে ভারতীয় দলের অন্যতম ভরসা এই দুই ক্রিকেটারের এমন পারফরম্যান্স যে উদ্বেগের কারণ, তা বলার অপেক্ষা রাখে না।বিশেষ করে রোহিতের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নজর কেড়েছে। এই সিরিজে একাধিকবার তাঁকে সুইংয়ের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছে। বড় ইনিংস তো দূরের কথা, কোনও ম্যাচেই দীর্ঘক্ষণ ক্রিজে থেকে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে এই দুর্বলতা কাটিয়ে ওঠা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তার উপর বয়সের বিষয়টিও আলোচনায় রয়েছে। বিশ্বকাপের সময় তাঁর বয়স ৪০ পেরিয়ে যাবে। অন্যদিকে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ও ফর্মে থাকা ওপেনার সুযোগের অপেক্ষায়। ফলে রোহিতের জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।বিরাটের ক্ষেত্রেও ছবিটা খুব একটা স্বস্তিদায়ক নয়। তাঁর মতো অভিজ্ঞ ও বড় ম্যাচের খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই সিরিজে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আগে দুই তারকার ফর্মে ফেরা ভারতীয় দলের কাছে অত্যন্ত জরুরি।Special moments 🏆 BCCI Vice-President Mr Rajeev Shukla @ShuklaRajiv presents the #NZvIND ODI Series winners trophy to #TeamIndia Captain Shreyas Iyer @ShreyasIyer15 🙌 https://t.co/SE9eT6yJbs BCCI (@BCCI) November 15, 2026আট বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে ভারতের ইতিহাসে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০০৮-০৯ মরশুমে প্রথমবার কিউয়িদের দেশে ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। সেবার সিরিজের ফল ছিল ৩-১। এরপর ২০১৮-১৯ মরশুমে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতীয় দল। এবার ৩-১ ব্যবধানে জয় সেই সাফল্যের ধারাকে আরও একবার ফিরিয়ে আনল।টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও নিজেদের নামে করল ভারত। তবে এই জয় যে নিখুঁত দলের পারফরম্যান্সের পরিচয় নয়, তা স্পষ্ট। ব্যাটিং বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চের কথা মাথায় রেখে। বোলাররা কঠিন পরিস্থিতিতে দলকে জেতানোর ক্ষমতা দেখিয়েছেন, এবার ব্যাটারদেরও সেই দায়িত্ব নিতে হবে। সামনে টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সাদা বলের ক্রিকেটে সাফল্যের পর এবার লাল বলের লড়াইয়ে ভারত কতটা ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

নভেম্বর ১৫, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - দ্বিতীয় পর্ব

কেটে গেছে বহুবছর, আজ ইন্দ্রপ্রস্থ্যের সিংহাসন শুন্য।বনে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছেন এখানকার চক্রবর্তী সম্রাট, সাম্রাজ্ঞী, সাথে ভীম, নকুল, সহদেব। হস্তীনাপুরে তখন চলছে উৎসব, দুর্যোধন, দুঃ শাসনরা মেতে রয়েছেন আনন্দে। তবে এসবের মধ্যেও দুর্যোধন পত্নী ভানুমতির মন পরে রয়েছে দ্রৌপদীর অভিশাপে, মাঝে মাঝেই স্বপ্নে তিনি দেখতে পান ভীম গদা আঘাত করছে রক্তাক্ত ভূমিষ্ঠ দুর্যোধনের উপর, অর্জুনের তীর ছেয়ে দিয়েছে হস্তীনাপুরের আকাশ। আজও সেরকমই একরাত, আজও প্রায় একই স্বপ্ন তিনি দেখেছেন আর ভেঙে গেছে রাতের ঘুম। ভানুমতির মন আজ বড্ড চঞ্চল, বেরিয়ে এলেন নিজের ঘর থেকে, ধীরে ধীরে রাত কেটে ভোর হয়ে আসছে, সূর্যের প্রথম আলো এসে পড়ছে রাজপ্রাসাদের বারান্দায় আর এখানে থেকেই তিনি স্পষ্ট দেখতে পেলেন এক যুবকের তীক্ষ্ণ নিশানা ভেদ করে গেলো বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা ঘুর্ণায়মান লক্ষ্যকে। যুবকের শরীরে যেন স্বয়ং সূর্যদেবের তেজ। যুবকের পাশে এসে দাঁড়ালেন আর এক যুবক লম্বা চওড়া সুদর্শন ঠিক যেন নিজেরই পিতার প্রতিবিম্ব, দুর্যোধনপুত্র লক্ষণ কুমার আর ওই লক্ষ্যভেদি যুবক হলেন কর্ণপুত্র বৃষসেন।লক্ষন কুমার বললেন, তোমার লক্ষ্যভেদ আমায় তোমার পিতার কথাই মনে করায়, ওনার মতো বীর আমি খুবই কম দেখেছি। তুমি ওনার যোগ্য উত্তরাধিকারী। লক্ষন কুমারের এই কথার উত্তরে বৃষসেন বলেন, আমার জীবনে শুধুই দুটো লক্ষ্য, প্রথম হলো ভীষণ যুদ্ধে পান্ডবদের বিরুদ্ধে মহারাজ দুর্যোধনকে রক্ষা করা আর দ্বিতীয় হলো ওই তৃতীয় পান্ডব অর্জুনকে মুখোমুখি যুদ্ধে পড়াভূত করে এটা প্রমান করা যে তিনি কোনোদিনও শ্রেষ্ট নন। লক্ষণ কুমার বৃষসেনের মধ্যে সেই যোদ্ধাকেই পেলেন যা তারই পিতা অঙ্গরাজ কর্ণের মধ্যে পেয়েছিলেন।দূর থেকে দুই রাজকুমারের এই বন্ধুত্ব দেখে ভানুমতি কিছুটা স্বস্তি পেলেন যেন, তার মনে হলো সত্যিই তো এই যুদ্ধে শুধু দুর্যোধন একা নন তিনি পাশে পাবেন অঙ্গরাজ কর্ণের মতো যোদ্ধা আর তারই সন্তান বৃষসেন যার প্রশংসা স্বয়ং গুরু দ্রোনচার্য করেছেন।ভানুমতি খেয়াল করেন নি কখন পাশে এসে দাঁড়িয়েছেন দুর্যোধন, তার স্পর্শে তিনি বুঝতে পারলেন।দুর্যোধন, আজও তুমি একই বিষয়ে দুঃচিন্তা করছো তো? তোমার মনে বল দেওয়ার জন্য তবে একটা খবর দি শোনো, মিত্র কর্ণ হিমালয় এবং তার সংলগ্ন সমস্ত রাজাদের যুদ্ধে হারিয়ে বাধ্য করেছে হস্তীনাপুরের সামনে মাথা নত করতে, শীঘ্রই সে রওনা দেবে পূর্বে। কর্ণের দৈব কবচ আর অদ্ভুত বিদ্যার সামনে সবাই নগন্য। তুমি এই বিষয়ে আর চিন্তায় করো না। দুর্যোধনের কথায় আশ্বাস পেলেও এখনো ভানুমতি ভুলতে পারেন না ওইদিনের কথা, তখন সদ্য পান্ডবরা বনে গেছেন। এদিকে দুর্যোধনের কথায় রাজি হয়ে সবাই গেলো সেখানে উৎসব করতে আর পান্ডবদের জ্বালাতে নিজেদের বৈভব দেখিয়ে। সূরাপান করে এতটাই মদ্যপ হয়ে উঠলেন সবাই যে কারোর কোনো হুস ছিলোনা, এমন সময় বড়ো অঘটন ঘটিয়ে বসলেন স্বয়ং দুর্যোধন। বনের রাস্তায় এক সুন্দরী গন্ধর্বকন্যাকে দেখে নিজের লালসা সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন তার উপর, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন নিজের শিবিরে। মেয়েটা কোনোমতে সেই বাঁধন থেকে বেরিয়ে প্রাণ বাঁচায়।দুর্যোধন হয়তো বুঝতে পারেন নি তিনি ঠিক কি করেছেন আর যখন বুঝতে পারলেন তখন খুবই দেরি হয়ে গেছে। সহস্র মায়াবী গন্ধর্ভ ঘিরে ফেলেছে তাদেরকে।যুদ্ধ শুরু হলো দুই পক্ষে, আর যুদ্ধের শুরু থেকেই একে একে কুরু সেনা ভূমিষ্ঠ হতে শুরু করলো। দুর্যোধন গদা হাতে বেরিয়ে এলেন কিন্তু গন্ধর্ভদের মায়ার সামনে তার গদা বেশিক্ষন চললনা, দুঃশাসন, গান্ধাররাজ শকুনি সকলেই পড়াভূত হলেন। তবে এসবের মাঝে ধনুক হাতে বুক ছিটিয়ে লড়াই করতে থাকলেন কর্ণ, একের পর এক গন্ধর্ভ তার হাতে পড়াভূত হলো। কর্ণের তেজ দেখে স্বয়ং চিত্রসেন এলেন আর শুরু করলেন মায়াবী যুদ্ধ। কর্ণ নিজেও ছিলেন মদ্যপ তাই তার লড়াই বেশিক্ষন চললনা, একসময় প্রাণ ভয়ে তিনি বাধ্য হলেন সব ভুলে পালাতে।দুর্যোধন হলেন বন্দি, সেদিন যুধিষ্টির যদি অর্জুন আর ভীমকে না পাঠাতেন তবে দুর্যোধনের মৃত্যু নিশ্চিত ছিল।যে অর্জুনকে ব্যর্থ প্রমানে কর্ণ সর্বদা ব্যাস্ত থাকে সেই অর্জুনই সেদিন একা লড়েছিলেন আর জিতেছিলেন তাই দুর্যোধন জীবিত। এই অর্জুনের সামনে কি সত্যিই কর্ণ ভরসাযোগ্য? এই প্রশ্নই আজও পিছু ছাড়লনা ভানুমতির। তার মনে হয় তিনি যেন সর্বদাই পিছিয়ে রইলেন দ্রৌপদীর তুলনায়। আগে যখন দ্রৌপদী আসতেন হস্তীনাপুরে তখনও তিনি লক্ষ্য করতেন নিজের স্বামীর লালসা দৃষ্টি দ্রৌপদীর উপরে, তাছাড়াও দ্রৌপদীর প্রশংসায় সকলে পঞ্চমুখ। তার রূপের বর্ণনা সমগ্র আর্যবর্তে প্রচলিত সেখানে ভানুমতি দুর্যোধনের স্ত্রী হয়েও আলোচনায় বড্ড কম। আর এখান থেকেই সৃষ্টি হিংসার কাছে হার মেনেছিল তার নারীসত্ত্বা যখন তিনি ভরা সভায় দ্রৌপদীর অপমান উপভোগ করছিলেন।দুর্যোধনের আশ্বাসবাণীর উত্তরে ভানুমতি একটাই কথা বললেন, আমি আপনার উপর এবং আপনার মিত্রের পরাক্রমের উপর সম্পূর্ণ বিশ্বাসী তবে সমুদ্রের শান্ত রূপ দেখে যেমন তার গভীরতা বোঝা যায় না, কৃষ্ণ-অর্জুনের মৌনতাকেও তেমন অবহেলা করবেন না রাজকুমার।দুর্যোধন প্রবল আত্মবিশ্বাসে জবাব দিলো, যেদিন যুদ্ধ হবে সেদিন দেখো, প্রমান পাবে আমি ঠিক মানুষকেই উপযুক্ত পদে নিযুক্ত করেছি। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal