বিচারপতির বদলে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে তোলপাড়
বিচারপতির জন্য নির্দিষ্ট গার্ড অফ অনার পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এই ভুল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণত সাংবিধানিক পদে থাকা বিশিষ্ট ব্যক্তিদেরই এই বিশেষ সম্মান দেওয়া হয়। তা হলে একজন সাংসদকে কেন গার্ড অফ অনার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, ওয়েইসিকে এই সম্মান দেওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্য তৈরি করা ব্যবস্থা ভুল করে তাঁকেই দেওয়া হয়েছে।শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁর জন্যই গার্ড অফ অনার-এর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। কিন্তু আচমকাই সেখানে হাজির হন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। ভোটের প্রচারের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য তিনি সার্কিট হাউসে যান। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা ভুল করে তাঁকেই গার্ড অফ অনার দিয়ে বসেন। ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান ওয়েইসি। পরে অবশ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ সাংসদকে কেন এমন সম্মান দেওয়া হল? সাহারানপুরের পুলিশ সুপারও ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওয়েইসির গার্ড অফ অনার পাওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভুল করে ওয়েইসিকে তা দেওয়া হয়েছে। কী ভাবে এই ভুল হল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক দল। এবার উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন এআইএমআইএম প্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রচারও শুরু করেছেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার পাওয়ার ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

