ভোটের মুখে আবারও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। বিপুল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে ফেলে তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলার সূত্রেই এই অভিযান বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, ওই দিন প্রায় পনেরো পাতার বয়ান রেকর্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। অভিযোগ, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বিক্রির টাকা থেকে লাভবান হয়েছিলেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহা এবং অন্যান্য কর্তাদের বয়ানের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।
জেরায় উঠে এসেছে প্রসন্ন রায়ের নামও। তদন্তে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহার মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতেন তিনি। আরও অভিযোগ, পার্থর টাকা বিভিন্নভাবে প্রসন্নর মাধ্যমে বিনিয়োগ করা হয়েছিল। এই বিষয়ে আরও জানতে সংশোধনাগারে গিয়ে প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
জানা গিয়েছে, জামিন পাওয়ার পর একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি বলেই অভিযোগ। এ দিন বেলা প্রায় পৌনে এগারোটার সময় তদন্তকারী আধিকারিকেরা তাঁর বাড়িতে পৌঁছন এবং দীর্ঘক্ষণ ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান।
এই ঘটনায় ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে ইডির এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
- More Stories On :
- Partha Chatterjee
- Prasanna Roy
- ED

