স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।
উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ন'মাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।
এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
- More Stories On :
- Katwa Station
- Fire breaks out

