কলকাতা হাই কোর্টের নির্দেশে বড় ধাক্কা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। আপাতত রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার পদে কেউই থাকছেন না। আগামী ১০ দিনের মধ্যে এই পদে কে থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকারকে। আদালতের এই নির্দেশের পরেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘দেখ কেমন লাগে!’’ তাঁর দাবি, বিরোধী শিবিরের ‘আচ্ছে দিন’ শেষ হয়ে গিয়েছে।
হাই কোর্টের রায়ের পর শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেছে আদালত। তাঁর কথায়, ‘‘আগেই বলেছিলাম, এই সিদ্ধান্ত অবৈধ। কলকাতা হাই কোর্ট স্পিকারের নির্দেশ খারিজ করে দিয়েছে। মুখ্য সচেতক আখরুজ্জামানের বিষয়টিও আদালত খারিজ করেছে।’’
কল্যাণের দাবি, বিধানসভার স্পিকারের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে যিনি থাকবেন, তাঁকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু স্পিকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেই আদালত তাঁর সিদ্ধান্ত খারিজ করেছে। তাঁর কথায়, স্পিকার সংবিধানের ঊর্ধ্বে নন। তাই তাঁর প্রতিটি সিদ্ধান্ত সংবিধান মেনেই নেওয়া উচিত।
নির্বাচন কমিশনকে নিয়েও এ দিন মুখ খোলেন কল্যাণ। তিনি জানান, এই বিষয়ে আগেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তাঁর দাবি, বিরোধী পক্ষ বারবার নিজেদের অবস্থান বদল করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পাল্টা হলফনামা জমা দেওয়ার কথা থাকলেও তারা নতুন করে লিখিত বক্তব্য জমা দিয়েছে। সেই সঙ্গে নতুন নথি জমা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কিন্তু তৃণমূলের তরফে সেই আবেদনের বিরোধিতা করা হয়েছে।
কল্যাণের বক্তব্য, নতুন লিখিত বক্তব্যকে মামলার মূল আবেদনের অংশ হিসাবে গ্রহণ করা যায় না। নতুন করে নথি বা মামলা সংক্রান্ত তথ্য জমা দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে তৃণমূল। তাঁর অভিযোগ, বারবার নিজেদের অবস্থান বদল করছে বিরোধী পক্ষ।
এ ছাড়াও পুলিশকে ব্যবহার করে জোর করে সই করিয়ে হলফনামা তৈরি করার অভিযোগও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে দাবি করেন কল্যাণ। তাঁর বক্তব্য, এই বিষয়ে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
হাই কোর্টের নির্দেশের পর বিরোধী দলনেতা পদ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কল্যাণের কটাক্ষ, ‘‘ওদের ভালো দিন চলে গিয়েছে। ওদের আচ্ছে দিন আর নেই।’’
- More Stories On :
- Calcutta High Court
- LOP
- Ritabrata Banerjee
- Kalyan banerjee

