বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা। নিষিদ্ধ আওয়ামি লিগের কর্মসূচি এবং একের পর এক হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আটটি জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করেছে তারেক রহমানের সরকার। পাশাপাশি আরও চার প্লাটুন সেনা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জের উপর।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা সামনে আসছে। বিশেষ করে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সেখানে যান পুলিশের মহাপরিদর্শক মহম্মদ আলি হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিশেষ বাহিনীর শীর্ষ আধিকারিকেরা। তাঁরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।
এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা জোরদার করতে আটটি জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে মোট ৯০ প্লাটুন বাহিনী নামানো হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সেনা প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, এক প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৪০ জন জওয়ান থাকেন।
অন্য দিকে, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামি লিগের বিভিন্ন কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছে প্রশাসন।
নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামি লিগের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। রাজধানী ঢাকা-সহ একাধিক এলাকায় হামলা, বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। গত কয়েক দিনে গোপালগঞ্জের তিনটি থানায় আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে। হাসপাতালেও হামলার অভিযোগ উঠেছে।
সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এক দিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, অন্য দিকে আওয়ামি লিগের কর্মসূচি ঘিরে উত্তেজনা এবং বিভিন্ন জায়গায় হামলার ঘটনা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করছে তারেক রহমানের সরকার। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকেই নজর রাজনৈতিক মহল থেকে প্রশাসনের।
- More Stories On :
- Bangladesh
- Violance
- Army

