কলকাতা মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগ, মেট্রোর কামরায় ভিড়ের মধ্যে তাঁর পিছনে দাঁড়িয়ে তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেন ওই ব্যক্তি। শুধু তা-ই নয়, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল বলেও দাবি করেছেন তিনি। তরুণীর চিৎকার ও অন্য যাত্রীদের প্রতিবাদের মুখে রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান অভিযুক্ত। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।
তরুণীর অভিযোগ অনুযায়ী, বুধবার রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। তাঁর গন্তব্য ছিল কবি নজরুল স্টেশন। এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রোয় ওঠেন অভিযুক্ত ব্যক্তি। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে দাঁড়িয়েছিলেন তরুণী। সেই সময় তাঁর পিছনে এসে দাঁড়ান ওই ব্যক্তি।
অভিযোগ, কিছুক্ষণ পরেই পিছন থেকে অস্বাভাবিক ভাবে তাঁকে স্পর্শ করা হচ্ছে বলে বুঝতে পারেন তরুণী। প্রথমে প্রতিবাদ করেন তিনি। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বরং ওই ব্যক্তির আচরণ আরও অশালীন হয়ে ওঠে। ঘুরে তাকাতেই অভিযুক্তের প্যান্টের চেন খোলা অবস্থায় দেখতে পান তরুণী। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে অশালীন আচরণ করছিলেন।
তরুণীর চিৎকার শুনে কয়েক জন যাত্রী এগিয়ে আসেন। অভিযোগ, অভিযুক্ত তখন একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করেন। যাত্রীরা প্রতিবাদ শুরু করতেই রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান তিনি। অভিযুক্ত যাতে পালাতে না পারেন, তার জন্য অন্য যাত্রীদের সাহায্যও চান তরুণী। কিন্তু তার আগেই স্টেশন ছেড়ে চলে যান ওই ব্যক্তি।
তরুণীর দাবি, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি। রাত ৯টা ২৪ মিনিটে কবি নজরুল স্টেশনে নেমে সেখানকার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। কিন্তু তাঁর দাবি, সেই সময় প্রয়োজনীয় সাহায্য পাননি। এরপর বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তরুণীকে সঙ্গে নিয়ে মেট্রোর বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রথমে রবীন্দ্রসদন স্টেশনে গিয়ে ফুটেজ পরীক্ষা করেন তদন্তকারীরা। পরে চাঁদনি চক ও এসপ্ল্যানেড স্টেশনের ফুটেজও দেখা হয়। শেষে ফের রবীন্দ্রসদন স্টেশনের ফুটেজ খতিয়ে দেখা হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণী জানিয়েছেন, এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় ভিড় বেড়ে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। মহিলাদের আসনের সামনে দাঁড়িয়ে থাকার সময় পিছনে অস্বাভাবিক কিছু ঘটছে বলে তাঁর মনে হয়েছিল। ঘুরে তাকিয়ে দেখেন, এক ব্যক্তির হাত তাঁর পিঠ থেকে ধীরে ধীরে নেমে আসছে। সেই সময়ই ওই ব্যক্তির প্যান্টের চেন খোলা দেখতে পান তিনি।
তরুণীর আরও দাবি, কয়েক জন যাত্রী অভিযুক্তকে ঘিরে ধরেছিলেন। তিনি প্লাস্টিক দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করছিলেন। পরে প্লাস্টিকটি হাত থেকে পড়ে যায়। যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও রবীন্দ্রসদন স্টেশনে নেমে পালিয়ে যান ওই ব্যক্তি।
তরুণী জানিয়েছেন, ঘটনার সময় তাঁর ব্যাগের ভিতরে ফোন থাকায় ছবি বা ভিডিয়ো তুলে রাখতে পারেননি। ফলে অভিযুক্তের ছবি সংগ্রহ করাও সম্ভব হয়নি। তবে এক মহিলা যাত্রী তাঁকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে আগেও একই ধরনের আচরণ করতে দেখেছেন তিনি।
ভিড়ের মধ্যে মেট্রোয় এমন অভিযোগ সামনে আসায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আপাতত সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
- More Stories On :
- Kolkata Metro
- Molestation

