• ২৭ কার্তিক ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Blast

বিদেশ

শুক্রবারের নামাজ চলাকালীন পর পর বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ! আতঙ্কে গোটা শহর

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার দুপুরে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। স্কুলের মসজিদের ভিতরে প্রার্থনার সময় পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই স্কুলছাত্র। স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার এসএমএ ২৭ নামের একটি সরকারি স্কুলে, যা একটি নৌবাহিনী ঘাঁটির ভিতরে অবস্থিত।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খুতবা শুরু হতেই আচমকা একের পর এক দুটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মসজিদের ভিতর। চারদিকে ধোঁয়া আর চিৎকার। প্রার্থনায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। কেউ জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসে, কেউ আবার বিস্ফোরণের তাপে ছিটকে যায় মাটিতে।জাকার্তার পুলিশ কমিশনার আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই কাচের টুকরো ও ধ্বংসাবশেষে জখম হয়েছেন। বেশ কিছুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কমপক্ষে ২০ জন ছাত্র এখনও হাসপাতালে ভর্তি, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণটি মসজিদের লাউডস্পিকার সিস্টেমের কাছ থেকে ঘটে থাকতে পারে। ঘটনার পর পুলিশ ও অ্যান্টি-বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে কিছু খেলনা বন্দুক ও টয় রাইফেল উদ্ধার করে। তবে সেগুলির সঙ্গে বিস্ফোরণের কোনও যোগ আছে কিনা, তা এখনও পরিষ্কার নয়।পুলিশ কমিশনার সুহেরি বলেন, আমরা এখনই কিছু বলছি না। তদন্ত চলছে। কেউ যেন কোনও গুজব না ছড়ান। সব তথ্য মিললে আমরা জানাব।ঘটনার পর থেকেই জাকার্তার স্কুল ও সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ। স্থানীয় সংবাদমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা মসজিদ প্রাঙ্গণ, আতঙ্কে দৌড়চ্ছে শত শত ছাত্র।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে, এবং পুলিশ সেই স্কুলের বৈদ্যুতিক সংযোগ ও লাউডস্পিকার সার্কিট খতিয়ে দেখছে।ইন্দোনেশিয়ার ইতিহাসে স্কুলের মধ্যে প্রার্থনার সময় এভাবে বিস্ফোরণের ঘটনা অত্যন্ত বিরল। ফলে, এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

নভেম্বর ০৭, ২০২৫
কলকাতা

বোমা বিস্ফোরণে ত্রিকোণ প্রেম! খুন করতে এসেছিলেন প্রেমিকার স্বামীকে?

রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলএর পাশেই ঘটে ভয়াবহ বোমা বিস্ফোরণ। যেখানে উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্র প্রাণ হারিয়েছে। পরে পুলিশ জানতে পারে, ঘটনাটির পেছনে রয়েছে একটি ত্রিকোণ প্রেমের জটিলতা।সচ্চিদানন্দ মিশ্র (২৬), উত্তরপ্রদেশের বাসিন্দা ও আইটিআই-প্রশিক্ষিত একজন ফিটার। জানা গিয়েছে, নিজেই বোমাটি তৈরি করেছিলেন। ইলেকট্রনিক ডিভাইসে মোড়ানোযা বিস্ফোরিত হয়ে তার মৃত্যু ঘটে। পুলিশ তদন্তে উঠে এসেছে, তিনি পরিকল্পনা করেছিলেন তার প্রেমিকার স্বামীকে হত্যার জন্য মধ্যমগ্রামে যান। কিন্তু বোমাটি তার নিজের হাতেই আগে ফেটে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া যায় স্টিলের অংশ, ব্যাটারি, তার, অ্যামোনিয়াম নাইট্রেট। এগুলো প্রমাণ করে এটি একটি স্বনির্মিত আইইডি ছিল। এর মধ্যে রহস্যজনক বিষয়, কীভাবে তিনি স্বাধীনতা দিবসের নিরাপত্তার মাঝেও বিষ্ফোরণ নিয়ে এসেছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সচ্চিদানন্দ প্রায়ই মধ্যমগ্রামে আসতেন। দেখা করতেন বিবাহিতা প্রেমিকার সঙ্গে। এমনকী ওই প্রেমিকার বাড়িতেও যেতেন। তখন তার স্বামী বাড়িতে থাকতেন না। প্রেমিকা বাড়িতে অপমানিত হয়েছে বলে তার স্বামীকে খুন করতেই মধ্যমগ্রামে এসেছিলেন ওই যুবক। একথা তিনি মৃত্যুর আগে পুলিশকে জানিয়ে গিয়েছেন বলে খবর। বোমা তৈরির ক্ষেত্রেও তার আইটিআই দক্ষতা কাজে লাগিয়েছিল। ইউটিউব টিউটোরিয়াল দেখে এবং হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে রাসায়নিকের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে সচ্চিদানন্দ। এদিকে এই ঘটনায় প্রেমিকা ও তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। বোমা বিষ্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির যুব মোর্চা।

আগস্ট ১৯, ২০২৫
রাজ্য

বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও বিধায়কের প্রাণনাশের আশঙ্কায় তোলপাড়, বোমায় উড়েছে বাড়ি, মৃত্যু একজনের

পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময় বিরাট বিস্ফোরণে উড়ে গিয়েছে একাধিক বাড়ি। জানা গিয়েছে, শুক্রবার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক দুস্কৃতীর। জখম হয়েছে আরও তিন সদস্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌর গ্রামে। এই বিষ্ফোরণের পর প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত খোদ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জেলা তৃণমূলের শীর্ষনেতার আশঙ্কায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, আমার ওপর হামলা হতে পারে। আমাদের কর্মীদের ওপর হামলা হতে পারে। তার জন্য়ই বোমা বাঁধা হচ্ছিল। স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরী বোমা বাঁধছিল। তুফানের মাথার ওপর হাত ছিল জঙ্গল শেখের। বোমা ফেটে বাড়ি উড়ে যায় কাটায়োরার রাজৌর গ্রামে। জঙ্গল শেখের পরিকল্পানা ছিল পার্টি অফিসে আক্রমণ করা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত আনুমানিক ৯ টা নাগাদ রাজৌর গ্রামে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফেরণে মৃত্যু হয় বরকত শেখের(২৮)। এই দুষ্কৃতীর বাড়ি বীরভূমের নানুর থানার সিয়ালা গ্রামে। জখমরা হল সেখ তুফান চৌধুরী, ইব্রাহিম সেখ ও সফিক মণ্ডল। জখম তিন জনই রাজৌর গ্রামের বাসিন্দা। পুলিশ রাতেই চিকিৎসার জখম তিনজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে তুফানকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ তুফান চৌধুরীকে করেছে। এই তুফানই বোমা বাঁধার মূল পান্ডা। জানা গিয়েছে, তারা লম্বু শেখের বাড়িতে বোমা বাঁধছিল। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বালি খাদানে দখলদারি করার উদ্দেশ্যেই এই বোমা বাঁধা হচ্ছিল। এতে নাম জড়িয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের। তার নির্দেশে তুফানরা বোমা বাঁধছিল বলে অভিযোগ। বোমা বেশ উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হচ্ছে। জঙ্গল শেখের নেতৃত্বে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি করেছেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ২০১৫ সালে কাটোয়া পুরসভা নির্বাচনে তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন জঙ্গল শেখ। এমনকী পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তখন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কংগ্রেসের বিধায়ক ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জঙ্গল শেখ দীর্ঘ দিন জেলে ছিলেন। এখন জামিনে ছাড়া পেয়েছেন।

জুলাই ০৫, ২০২৫
রাজ্য

বর্ধমানে বিকট শব্দে বিষ্ফোরণ, মৃত ১, জখম বহু

কারখানার ব্রয়লার বিষ্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনায় জখম ১১ জন। বর্ধমানের পালিতপুরে একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে ১ জনের মৃত্যুর পাশাপাশি ১১জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পূর্ব বর্ধমানের পালিতপুর দেওয়ানদিঘিতে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রণ ও রড তৈরির কারখানা রয়েছে। এই কারখানাগুলি অনেক সময় পরিবেশ বিধি মানে না বলেও অভিযোগ। জানা গিয়েছে, সোমবার বিকেলে এনএন ইস্পাত নামে একটি কারাখানার ব্রয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।কারখানার সিকিউরিটি ম্যানেজার অনুপ দত্ত জানিয়েছে, হঠাৎই ব্রয়লারে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় চালা ভেঙে একজন ড্রাইভার দুর্ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার শ্রমিক পরমবীর যাদব বলেন, এই শ্রমিকদের অনেকেই ভিন রাজ্যের। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা বুঝে উঠতে পারেননি তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জুন ০৯, ২০২৫
রাজ্য

এবার সামশেরগঞ্জে বোমা ফেটে জখম দুই নাবালক

ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। মঙ্গলবার বিকেলে সামসেরগঞ্জ থানার চকসাপুরে বোমা ফেটে জখম হয় দুই বালক। জখম দুজনের হল রবিজুল শেখ (১১) এবং রাকিব শেখ(১১)। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারিরীক অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের অন্য ছেলেদের সঙ্গে ওই দুইজন চকসাপুরের মাঠে খেলা করছিল। খেলার সময় বল মাঠের পাশে ঝোঁপে চলে যায়। ওই দুইজন বল আনতে গেলে ঝোঁপের মধ্যে রাখা বোমা ফেটে যায়। বোমা ফাটার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং দেখেন দুইজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামসেরগঞ্জ থানার জনৈক পুলিস আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এপ্রিল ২৯, ২০২৫
রাজ্য

কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে বিপর্যয়, মৃত্যু ২ শ্রমিকের

হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে মৃত্যু হল দুই শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ভবানন্দপুরের একটি হিমঘরে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন সজল কুমার ঘোষ (৫৯) এবং শ্রাবণ প্রসাদ (৪৫)। সজলবাবুর বাড়ি কালনায় হলেও দ্বিতীয় জন বিহারের বাসিন্দা। এদিনই মৃত দুজনের দেহের ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালে। পুলিশ ও দমকল বিভাগ হিমঘরে হওয়া দুর্ঘটনা কাণ্ডের তদন্ত শুরু করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,হিমঘরে হওয়া দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসের দাপটে হিমঘরের ১ শ্রমিক সহ ২ গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন। সেই খবর পেয়ে দমকলবাহিনী ছাড়াও পুলিশ ও মহকুমা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গ্যাসের প্রভাব যাতে স্কুল ও কলেজের পড়ুয়াদের মধ্যে না পড়ে তাই তা এদিন ঘটনাস্থল এলাকার স্কুল ও কলেজে বন্ধ রাখা হয়। পুলিশ ও এলাকার বাসিন্দাদের কথা অনুযায়ী, এদিন সকালে ভবানন্দপুর গ্রামে থাকা হিমঘরের ভিতর বিকট শব্দে অ্যামোনিয়া গ্যাসের কম্প্রেসার মেশিন ফেটে যায়। তার পরেই সেখান থেকে সাদা ধোঁয়ার আকারে প্রচুর গ্যাস নির্গত হতে শুরু করে। চারপাশ সাদা ধোঁয়ায় ভরে যেতে শুরু করে। ওই অবস্থার মধ্যেই দুর্ঘটনাস্থলে দুই শ্রমিকের দেহ পড়ে থাকে। এই দুর্ঘটনার খবর পেয়ে চারটি ইঞ্জিন সহ দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্তলে পৌছায়। তাঁরা মুখে মাস্ক পড়ে উদ্ধারকাজে হাত লাগায়। হিমঘরের আহত এক কর্মী বুদ্ধদেব প্রামাণিককে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বাঁচতে উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গিয়ে তিনি পায়ে গুরুতর চোট পান। বুদ্ধদেব প্রামাণিক বলেন, দুর্ঘটনা ঘটার সময় হিমঘরের মেশিনঘর ও বাইরে সাতজন শ্রমিক ছিল। এলাকার বাসিন্দা দেবব্রত ঘোষ জানান, অ্যামোনিয়া গ্যাস হিমঘরের কাছে পিঠে থাকা ঘোষপাড়ায়, ব্রাহ্মণপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চোখমুখ জ্বালা করতে থাকে। ভয় পেয়ে অনেকেই চোখ মুখ কাপড়ে ও মাস্ক ঢেকে ফেলেন। সকালে জমিতে কাজ করতে থাকা কৃষক সহ স্থানীয়দের অনেকেই বিকট আওয়াজের আতঙ্কে জমির আল ধরে ছুটতে শুরু করেন। গ্যাসের ঝাঁঝে প্রিয়াংকা মণ্ডল নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী ও মিঠু বাগ নামের এক মহিলা অসুস্থ হয়ে পড়ে। দুর্ঘটনার পর গ্রামে আসা মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রিয়াংকাকে পাঠানো হয় কালনা হাসপাতালে। স্বাস্থ্য কর্মীরা এলাকায় ঘুরে স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানিয়েছেন, হিমঘরে হওয়া দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তার ফরেন্সিক তদন্ত হবে। ফরেন্সিক টিম চাওয়া হয়েছে। এদিন ব্যারাকপুর ও দুর্গাপুর থেকে ডিজাস্টারের দুটি এক্সপার্ট টিম ঘটনাস্থলে পৌছায়। পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে।

ফেব্রুয়ারি ২৮, ২০২৫
রাজ্য

ভয়ংকর বিস্ফোরণ কেতুগ্রামে, উড়লো ছাদ - ভাঙলো ইটের দেওয়াল

গুলি, বিষ্ফোরণের পালা চলছে। এবার ভয়ংকর বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেঁচুড়া গ্রামে। বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির শৌচাগারের কংক্রিটের ছাদ। গুড়িয়ে গিয়েছে শৌচাগারের ইটের দেওয়ালের একাংশ। গতকাল, রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে চেঁচুড়া গ্রামে। খবর পেয়ে কেতুগ্রাম থানার আই সি ও কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কিশিনাথ মিস্ত্রির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ গোপনে ওই পরিত্যক্ত বাড়ির শৌচাগারে প্রচুর বোমা বা বিস্ফোরক পদার্থ মজুত করে রেখেছিল। কারা কি উদ্দেশ্যে পরিত্যক্ত ওই শৌচাগার শক্তিশালী বোমা মজুত রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে । উল্লেখ্য, দুদিন আগে কল্যাণীতে বেআইনি বাজির কারখানায় বিষ্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়ির শৌচাগারে এদিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িতে দীর্ঘ ২০ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির মালিকরা কর্মসূত্রে বাইরে থাকেন। বছরে একবার তাঁরা আসেন। ঘটনাস্থল মুর্শিদাবাদের বর্ডার সংলগ্ন। ঘটনাস্থলের আশপাশের বাড়ির বাসিন্দারা বলেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাঁদের বাড়ি পর্যন্ত কেপে উঠেছিল। তাই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে তটস্থ ঘুম ছুটেছে চেঁচুড়ি গ্রামের বাসিন্দাদের।বিগত লোকসভা ভোটের আগের রাতেই বাইকে চড়ে বাড়ি ফেরার সময় দুস্কৃতি হামলায় খুন হন চেঁচুড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখ। বোমা মেরে ও কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। ওই হামলায় মিন্টুর এক সঙ্গী মিশির শেখ ওরফে নজরুল ইসলাম গুরুতর জখম হয়েছিল। আজও ওই খুনের হামলাকারী দুস্কৃতীদের নাগাল পায়নি পুলিশ। সেই আতঙ্ক আজও কাটিয়ে উঠতে পারেনি চেঁচুড়ি গ্রামবাসী। তারই মাঝে ভয়ংকর বিস্ফোরণে একটা পরিত্যক্ত বাড়ির শৌচাগারের কংক্রিটের ছাদ উড়ে যাওয়ার ঘটনায় সিঁদূরে মেঘ দেখছে গ্রামবাসীরা।কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) কাশিনাথ মিস্ত্রি জানিয়েছেন,ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে বাড়ির শৌচাগারে বিস্ফোরণ ঘটেছে ওটি পোড়ো বাড়ি। ১৫-১৬ বছর ধরে ওই বাড়িতে কেউ থাকেন না। আমারা সুয়োমোটো মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছি ।

ফেব্রুয়ারি ১০, ২০২৫
রাজ্য

বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, ঝলসে গেল চার কর্মীর দেহ

নদীয়ার কল্যাণীর রথতলা এলাকায় একটি বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঝলসে গিয়েছে বাজি কারখানার ৪ জন কর্মী। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায় গোটা কারখানায়। বীভৎস এই ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করছেন কেউ কেউ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানার ছাদ। এদিকে এই ঘটনার পরপরই এলাকায় যায় পুলিশ ও দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারাও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী ও দমকল। তবে তার আগেই স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজ হাত লাগান। ঠিক কীভাবে ওই বিস্ফোরণ হল তা এখনও স্পষ্ট নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি ও মহেশতলায়, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল।

ফেব্রুয়ারি ০৭, ২০২৫
দেশ

বেঙ্গালুরু বিস্ফোরণে বাংলা থেকে ধৃত দুই, মুখ খুললেন মমতা

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে নিউ দিঘার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে এনআইএ গ্রেফতার করেছে। বাংলা থেকে জঙ্গি সন্দেহে দুজন গ্রেফতার হওয়া নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করে ময়দানে বিরোধীরা। শাসকদল তৃণমূলকে নিশানা করে সোচ্চার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিকাশ ভট্টাচার্যেরা। এবার এই ইস্যুতেই মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেফতার করেছে এনআইএ। যদিও কেন্দ্রীয় সংস্থার সঙ্গেই এদিন যৌথ অপারেশন ছিল রাজ্য পুলিশও। এবিষয়ে শুক্রবার দিনহাটার নির্বাচনী সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেঙ্গালুরুতে একটা বোমা ফেটেছিল। তারা কর্নাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল। ২ ঘণ্টার মধ্যে ধরে দিয়েছে রাজ্য পুলিশ। আবার বলছে বাংলা সেফ নয়। দিল্লি-উত্তর প্রদেশ সেফ? রাজস্থান, গুজরাত সেফ? বাংলার মানুষ শান্তিতে থাকুক বিজেপি এটা চায় না।উল্লেখ্য, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেফতার করেছে NIA। বিভিন্ন সূত্র মারফত গত কয়েকদিন ধরে খবর পৌঁছেছিল তদন্তকারীদের কাছে। শেষমেশ অতর্কিতে অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী থেকে দুই সন্দেহভাজনকে NIA গ্রেফতার করেছে।দুজনকে ধরে দিতে পারলে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল NIA-এর তরফে। এদিনের এই অভিযানে NIA-এর সঙ্গেই ছিল রাজ্য পুলিশও। যৌথভাবে এই অপারেশন চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে রাজ্য পুলিশের তরফে।

এপ্রিল ১২, ২০২৪
দেশ

বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনায় কাঁথি থেকে দুজনকে গ্রেফতার এনআইএ-র

বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল এনআইএ। এই ঘটনায় জড়িত সন্দেহের দুই ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল মতিন এবং মুসাভির হোসেনকে। গত ১ মার্চ বেঙ্গালুরুর একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্ণাটকের ১৮ টি স্থানে তল্লাশি অভিযান চালায় এনআইএ। এই ঘটনার সঙ্গে বড় কোনও জঙ্গি দলের সম্পর্ক রয়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।মূল অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে ঘটনার ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করলেও, আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এপ্রিল ১২, ২০২৪
রাজ্য

দত্তপুকুরে বিস্ফোরণঃ সাসপেন্ড ফাঁড়ির ওসি, কিসের গবেষণা চলত ইঁটাভাটায়?

এগরার পর দত্তপুকুরের বাজি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় রাজ্য। সোমবার দত্তপুকুর থানার মৌজপুলে গিয়ে দেখা গেল ধ্বংসস্তুপের মতো পরে রয়েছে বাজি কারখানার বাড়িটি। দমকল বিভাগ এদিন চকোলেট বাজিতে জল দিয়ে ঠান্ডা রাখছিল। কড়া রোদে যদি ফের কোনও ঘটনা ঘটে! এদিকে এদিন বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছুটা দূরে একটি পুকুর থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৯। রাজ্য সরকারের সবুজ বাজি প্রকল্প নেওয়ার পর এই বিস্ফোরণে হতবাক রাজ্যের সাধারণ মানুষ। এদিনও বিস্ফোরণ স্থল দেখতে ভিড় জমায় মানুষজন। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তাঁদের বক্তব্য বারে বারে অভিযোগ জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী মাস-পিটিশন লেখাও হয়েছিল। গ্রামবাসীরা স্বাক্ষরও করেছিল। কিন্তু তা কোনও অজ্ঞাত কারণে প্রশাসনকে দেওয়া হয়নি। তার পরিনতি ঘটল সোমবার।সামনের বাড়িতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ছাদ ও দেওয়াল ছিটকে পড়ছে। তাছাড়া বিস্ফোরণের তীব্রতা ছিল। ঘরের বক্সখাটও ভেঙে গিয়েছে। ঘরে দেওয়ালের ব্যাপক ক্ষতি হয়েছে। আলমারি থেকে ড্রেসিংটেবল ভেঙে খান খান। ঘরবাড়ি তছনছ অবস্থা। ঘটনার সময় ৬ বছরের মেয়েকে নিয়ে জানালা দিয়ে ঝাঁপ দেওয়ায় বেঁচে গিয়েছেন তাজমিরা বিবি. তখন বাড়িতে আর কেউ ছিলেন না.এদিকে এদিন ইঁটভাটা থেকে টেষ্ট টিউব ছাড়াও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সেখানে কি ধরনের গবেষণা চলত তা নিয়ে সন্দেহ রয়েছে গ্রামবাসীদের। আদৌ বোমা না আরও ভয়ানক কোনও কান্ড সেখানে ঘটত তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এনআইএয়ের দুই প্রতিনিধি এদিন বিস্ফোরণ এলাকা ঘুরে দেখেন৷ এনআইএ ঘটনার ভয়াবহতা দেখে নিজেরাই উদ্যেগ নিয়ে ছুটে গিয়েছেন। তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।এদিন সেখানে পৃথক পৃথক ভাবপ গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম নেতা মহম্মদ সেলিম। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধীরা। এদিন দত্তপুকুর কাণ্ডের জেরে নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়েছে। ওই পদে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় বিশ্বাস।

আগস্ট ২৮, ২০২৩
রাজ্য

ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো দত্তপুকুর, এখনও অবধি ৭ জনের মৃত্যু, এনআইএ তদন্তের দাবী বিজেপির

এগরার পর এবার দত্তপুকুর! বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো এলাকা। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বিস্ফোরণে এখনও অবধি সাত জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকটি শিশুও থাকার আশঙ্কা করছে তাঁরা। ভশ্মিভুত বাজি কারখানাটি অবৈধ ভাবে চলছিল বলে জানা যায়।পুলিস সুত্রে জানাযায়, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা ছিল ভয়ঙ্কর, তার জেরে অকুস্থলের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিছু বাড়ির টিনের চাল উড়ে গেছে, কারুর বাড়ির জানালার কাচ ভেঙে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে বাজি কারখানাটি চলছিল। স্থানীদের কাছ থেকে খবর বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিসে কাছে তাঁরা অভিযোগ জানায় সম্পূর্ণ বেআইনি ভাবে বাজি কারখানাটি চলছিল। তাদের আরও অভিযোগ, বার বার তাঁরা প্রশাসনকে জানালেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্ফোরণ স্থলে পুলিশ আসতেই স্থানীয়রা তাঁদের কাছে ক্ষোভে ফেটে পড়েন। পুলিসকে ঘিরে ধরে চলতে থাকে নানাবিধ স্লোগান।মে মাসে এগরার কাছে খাদিকুলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৯ জনের মৃত্যু হয় ঐ ঘটনায়। এগ্রার ঘটনার অব্যবহিত পরেই বজব্জে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। পরপর দুটি ঘটনায় টঙ্ক নড়ে পুলিস প্রশাসন মহলের। এগরা ও বজবজে বিস্ফোরণের ঘটনার পর থেকেই বেআইনি বাজি উদ্ধারে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় চিড়ুনি তল্লাশি অভিযান শুরু হয়। সে তল্লাসি চলাকালীন দত্তপুকুরে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২০০ কুইন্টাল বাজি।ঐ দুটি ঘটনার ১০০ দিন কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল বাংলার মাটি। এ বারও অভিযোগের তীর সেই বেআইনি বাজি কারখানা দিকে। স্বানভিক ভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে জনমানসে। স্থানীয় মানুষজনের ক্ষোভ, প্রশাসন যদি আরও সচেতন হত তাহলে এতগুলি প্রান হয়ত রক্ষা পেত। এই দুর্ঘটনাও হয়ত এড়ানো যেত। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে স্থানীয় এক ব্যক্তি সামসুলের বাড়ি লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে, পুলিস এসে পৌঁছালে তাঁরা রণে ভঙ্গ দেয়। তাঁকেই মূল অভিযুক্ত বলে দাবী করছে স্থানীয় মানুষজন। স্থানীয়দের অভিযোগ এখনও এলাকার একাধিক জায়গায় বিস্ফোরক মজুত রাখা আছে। ঠিকমত তল্লাসী করলে তা উদ্ধার সম্ভব।স্বাভাবিক ভাবেই এতবড় ঘটনাই রাজনিতীর রং লাগবেই, বিজেপি রাজ্য সম্পাদক বলেন, গোটা রাজ্যই বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ,এই অপদার্থ দল যত দিন ক্ষমতায় থাকবে। তত দিন রাজ্যের মানুষ মরতেই থাকবে। স্থানীয়দের থেকে খবরাখবর নিচ্ছি। তার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করে অমিত শাহকে পাঠাব। এনআইএ তদন্ত চাইব।

আগস্ট ২৭, ২০২৩
রাজনীতি

ভাঙড়ে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, মুড়ি-মুরকির মত বোমাবাজি, এখনও ভোট বাকি

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার চতুর্থ দিনেও বাংলায় হিংসা ছড়াল। মঙ্গলবারও উত্তপ্ত হল ভাঙড়। আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়-২ ব্লকে। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা না দিতে দেওয়ার অভিযোগ তুলেছেন আইএসএফ কর্মীরা। প্রতিরোধ করলেই উভয় দলের সংঘর্ষ বেঁধে যায়। এদিকে আরাবুল ইসলামের ছেলের গাড়ির ড্যাস বোর্ডে মিলেছে তাজা বোমা।এর মধ্যেই বোমাবাজি শুরু হয় ভাঙড়ের ২ ব্লক অফিসের এক কিলোমিটারের মধ্যে। বিজয়গঞ্জ বাজারের কাছে মাঠ এলাকায় মুড়ি-মুরকির মত বোমা পড়তে থাকে। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, হয়। ছোড়া হয় ইট-পাথর। ফলে শুরুর দিকে পিছু হঠতে থাকে পুলিশ। এর মিনিট পাঁচেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হয় পুলিশ বাহিনী। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। আহত হয়েছেন এক এসআই।স্থানীয়দের দাবি, সাত রাউন্ড গুলি চলেছে।। অশান্তি এড়াতে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে কমিশন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি তা সোমবার থেকে একাধিক হিংসার ঘটনাতেই স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, কীভাবে বিডিও অফিসের কাছে মনোনয়নের সময় প্রচুর মানুষ জড়ো হলেন হলেন তা নিয়েই। ভাঙড়ে অশান্তির খবর সামনে আসতেই কমিশনকে জেলা শাসককে ফোন করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেছেন, আইএসএফ প্রার্থীদের মনোনময় ঠেকাতেই এই কাজ করছে তৃণমূলের গুন্ডারা। সকালেই আমি পুলিশকে ফোন করে সতর্ক করেছিলাম। কিন্তু, পুলিশ পদক্ষেপ করেনি। তাই যা হওয়ার তাই হচ্ছে। পুরোটাই নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানান নওসাদ। পাল্টা তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, সকাল থেকেই এলাকা অশান্ত করে তুলেছে আইএসএফ। বোমাবাজিতে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। যথেচ্ছভাবে তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সোমবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি চলে রাতভরই। ভোর হতেই শুরু হয় বোমাবাজি। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির নেতৃত্বে মঙ্গলবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার কথা আইএসএফ প্রার্থীদের। সেই নিয়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকে রাস্তায় নেমে টহল দিচ্ছিল কাশিপুর থানা এবং বারুইপুর থানার পুলিশ। ছিল ব়্যাফ। ভাঙড়ের অতিরিক্ত ডিএসপি মহিদুল্লা এবং বারুইপুরের ডিএসপি শঙ্কর চ্যাটার্জীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু ঠেকানো গেল না হিংসা।

জুন ১৩, ২০২৩
রাজ্য

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল ভাতার, ব্যাপক বোমাবাজি, জখম আট

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের ভাতার। শুক্রবার ভাতারের মোহনপুরে খাস জমি দখলকে কেন্দ্র করেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি চলে। গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে জখম হয়েছে ৮ জন। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হালপাতালে ভর্তি করা হয়েছে।এদিন সংঘর্ষের পর মোহনপুর গ্রাম জনমানব শূন্য হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। নতুন করে সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে তাই পুলিশি টহল চলছে। বেশ কয়েকজনকে আটক করেছে ভাতার থানার পুলিশ।বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি জখম আমির মল্লিক জানান, ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের সঙ্গে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অনুগামীদের মধ্যে ঝামেলা হয় জমি দখলকে নিয়ে।

জুন ২৪, ২০২২
রাজ্য

গোয়ালঘরের পাশে বোমা ফেটে আহত এক, আতঙ্ক বর্ধমানে

বাড়ির কাজ করার সময় গোয়াল ঘরের পাশে পরে থাকা বোমা ফেটে আহত হল এক ব্যক্তি। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার ঘটনা। আহত ব্যক্তির নাম অসীম বিশ্বাস। রবিবার সকালে অসীম বাবু তার বাড়ির বাইরে থাকা গোয়াল ঘর ও গোয়াল ঘর সংলগ্ন এলাকা পরিস্কার করছিলেন। সেই সময় হঠাৎই বোমা ফাটে। বোমার আঘাতে আহত হন অসীম বাবু। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ শৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বর্ধমান থানার পুলিশ। পুরো জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। আশেপাশে আরও বোমা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এসে পৌঁছেছে ডি আই বি বোম স্কায়াডের সদস্যরাও। স্থানীয়রা জানাচ্ছেন, যে জায়গায় বোমা ফেটেছে সেই জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা বিকালে খেলা করতে যেত। এই ঘটনা যদি বিকালে ঘটতো তা হলে প্রাণহানী হতে পারতো বলে আশঙ্কা স্থানীয়দের। তাদের দাবি, এলাকায় পুলিশি টহলদারি বাড়াতে হবে। উল্লেখ্য, বছর খানেক আগে ঘটনাস্থল থেকে ১০০ মিটারের মধ্যে রসিকপুর এলাকায় বোমা ফেটে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল।বর্ধমানের রসিকপুরে বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশু। বোম বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়, জখম হয় আর এক শিশু। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজনৈতিক তরজা শুরু হয়। তারপর একটা বছর কেটে গেছে। অপরাধীরা ধরা পড়েনি।

মার্চ ২৭, ২০২২
খেলার দুনিয়া

‌কাট্টিমনির বিশ্বস্ত হাতই আইএসএলে চ্যাম্পিয়ন করল হায়দরাবাদকে

দরকার ছিল মিনিট দশেক রক্ষণ সামলে গোল ধরে রাখা। তাহলে এবারের আইএসএল খেতাব চলে আসত কেরালা ব্লাস্টার্সের দখলে। কিন্তু শেষরক্ষা হল না। প্রথমে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়নের স্বপ্ন অধরাই থেকে গেল। টাইব্রেকারে তিনতিনটি শট বাঁচিয়ে হায়দরাবাদ এফসিকে আইএসএলে চ্যাম্পিয়ন করলেন লক্ষ্মীকান্ত কাট্টিমনি। টাইব্রেকারে ৩১ ব্যবধানে জিতল হায়দরাবাদ এফসি। আইএসএল পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথমবার ফাইনালে উঠেই খেতাব জিতল হায়দরাবাদ এফসি। চলতি বছর আইএসএল পেল নতুন চ্যাম্পিয়ন। ২০১৬ সালের পর ফের টাইব্রেকারের মাধ্যমেই নির্ধারিত হলো আইএসএলের চ্যাম্পিয়ন। ২০১৪ ও ২০১৬ সালের আইএসএলে ফাইনালে উঠেও এটিকের কাছে পরাস্ত হয়েছিল কেরালা ব্লাস্টার্স। হায়দরাবাদ এফসি এবারই প্রথম আইএসএল ফাইনাল খেলল। নির্ধারিত ও অতিরিক্ত সময় খেলার ফল ছিল ১-১। অবশেষে পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত হায়দরাবাদের।ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এদিন ফাইনাল দেখতে হাজির ছিলেন সাড়ে ১১ হাজার ফুটবলপ্রেমী। এদিনের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। আক্রমণ তুলে আনার নিরিখে কেরালা ব্লাস্টার্স এফসি অনেকটা এগিয়ে থাকলেও হায়দরাবাদ এফসির রক্ষণ ভেদ করতে পারেনি। আদ্রিয়ান লুনা, আলভারো ভাজকেজ ও জর্জ দিয়াজের যুগলবন্দিই কেরালার হয়ে একাধিক সুযোগ তৈরি করে, কিন্তু গোলমুখ খোলেনি। ৩৯ মিনিটে ভাজকেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির ঠিক আগে জেভিয়ার সিভেরিওর হেড দারুণভাবে বাঁচান কেরালার গোলরক্ষক প্রভসুখন গিল।Laxmikant Kattimani is the Hero of the Match for @HydFCOfficial after saving 3️⃣ penalties during the penalty shootout! 🧤🏆#HFCKBFC #HeroISLFinal #FinalForTheFans #HeroISL #LetsFootball pic.twitter.com/KCYnkybf0s Indian Super League (@IndSuperLeague) March 20, 2022দ্বিতীয়ার্ধে কেরালা ব্লাস্টার্সকে ব্যাকফুটে ঠেলে দেয় হায়দরাবাদ এফসি। ৫৫ মিনিটে বার্থোলোমিউ ওগবেচের একটি প্রয়াস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে রাহুল কেপির গোলে এগিয়ে যায় কেরালা। জ্যাকসন সিংয়ের পাস থেকে গোল করেন তিনি। ৭৬ মিনিটে ওগবেচের আরেকটি প্রয়াস রুখে দেন কেরালার গোলকিপার। কেরালা যখন আর কয়েক মিনিট পেরোলেও চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত বলে ধরে নিয়েছে তখনই সমতা ফেরায় হায়দরাবাদ এফসি। তার ঠিক আগেই ৮৬ মিনিটের মাথায় খাসা কামারা নামতেই হায়দরাবাদের খেলায় ইতিবাচক প্রভাব পড়ে। ৮৮ মিনিটের মাথায় সাহিল তাভোরার দর্শনীয় গোলে সমতা ফেরায় হায়দরাবাদ এফসি।বাকি সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দাপট দেখায় কেরালাই। একটি শট পোস্টে লেগেও ফিরে আসে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ওগবেচের গোলমুখী শটে গোলকিপার গিল পরাস্ত হলেও বল গোললাইন পার হওয়ার ঠিক আগে অনবদ্য দক্ষতায় বাঁচান মার্কো লেসকোভিচ। লুনা, চেঞ্চোরাও গোলের জন্য মরিয়া প্রয়াস চালান কিন্তু অতিরিক্ত সময়েও খেলার ফল ১১ থাকে। টাইব্রেকারে মার্কো লেসকোভিচ, নিশু কুমার ও জিকসন সিংয়ের শট বাঁচিয়ে দেন হায়দরাবাদ গোলকিপার কাট্টিমনি।

মার্চ ২০, ২০২২
খেলার দুনিয়া

জামশেদপুর এফসি–র ফাইনালের রাস্তা কঠিন করে তুলল কেরালা ব্লাস্টার্স

এটিকে মোহনবাগানকে হারিয়ে সবুজমেরুণ শিবিরের লিগ উইনার্স শিল্ড জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল জামশেদপুর এফসি। এবার তাদের স্বপ্নের পথেও কাঁটা বিছিয়ে দিল কেরালা ব্লাস্টার্স। আইএসএলের প্রথম পর্বের সেমিফাইনালে ১০ ব্যবধানে জিতে জামশেদপুর এফসির ফাইনালে ওঠার রাস্তা কিছুটা হলেও কঠিন করে তুলল কেরালা। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল জামশেদপুর এফসি। ম্যাচের শুরুর দিকে তারই প্রতিফলন ছিল। পরের দিকে কেরালা ব্লাস্টার্স আস্তে আস্তে খেলায় ফিরে কঠিন লড়াইয়ের সামনে ফেলে দেয় জামশেদপুর এফসিকে। এদিন ৪২৩১ ছকে খেলা শুরু করেছিল জামশেদপুর এফসি। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স শুরু করেছিল ৪৪২ ছকে। শুরু থেকেই কেরালা ব্লাস্টার্সের ওপর ঝাঁপিয়ে পড়ে জামশেদপুর এফসি। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত জামশেদপুর। গোলকিপার টিপি রেহেনেশের লম্বা ফ্রিকিক হেডে বক্সের মধ্যে নামিয়ে দেন সেইমিনলেন ডঙ্গেল। সুবিধাজনক জায়গায় বল পেয়ে যান লালহলুদের বাতিল ঘোড়া ড্যানিয়েল চিমা। কিন্তু তিনি বল জালে রাখতে পারেননি। মিনিট দশেক পর আরও একটা সহজ সুযোগ নষ্ট করেন ড্যানিয়েল চিমা। প্রণয় হালদারের কাছ থেকে বল পেয়ে তিনি তিনকাঠি ভেদ করতে পারেননি। ম্যাচের ২৫ মিনিটে ধাক্কা খায় জামশেদপুর এফসি। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লেন। এরপরই আস্তে আস্তে মাঝমাঠে খেলা ধরে নেয় কেরালা ব্লাস্টার্স। আক্রমণে ঝাঁঝ বাড়ায়। ৩৮ মিনিটে সুফলও পায়। থ্রো ইন পেয়েছিল কেরালা ব্লাস্টার্স। আলভারো ভাজকোয়েজ যখন থ্রো করতে যান, তখন দৌড় শুরু করেন সাহাল সামাদ। তাঁকে দৌড় শুরু করতে দেখেই সাহালের মাথার ওপর দিয়ে থ্রো করেন আলভারো। লালমাওয়ামা বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু বল চলে যায় সাহালের পায়ে। তিনি এগিয়ে আসা রেহেনেশের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান। প্রথমার্ধে ১০ ব্যবধানেই এগিয়ে থাকে কেরালা ব্লাস্টার্স। গোল ধরে রাখার জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া ছিল কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে, সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে জামশেদপুর এফসি। কিন্তু কেরালার আঁটোসাঁটো রক্ষণ ভেদ করতে পারছিলেন না ড্যানিয়েল চিমারা। ৬৫ মিনিটে চিমাকে তুলে জর্ডন মারেকে নামান জামশেদপুর কোচ। ৮১ মিনিটে জিতেন্দ্র সিংকে তুলে ইশান পান্ডিতাকে নামিয়ে আক্রমণ লোক বাড়ান। তাতেও কাজের কাজ কিছু হয়নি। প্রথম পর্বের সেমিফাইনালে হার স্বীকার করতে হল জামশেদপুর এফসিকে।

মার্চ ১১, ২০২২
বিদেশ

পেশোয়ারের মসজিদে আত্মঘাতী জঙ্গি হানায় মৃত কমপক্ষে ৩০, জখম ৫০-এর বেশি

শুক্রবারের প্রার্থনা চলাকালীন পেশোয়ারের কোছা রিসালদার এলাকায় এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ইতিমধ্যেই ৩০ জন মারা গিয়েছেন এবং এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ৫০ জন আহত হয়েছেন। আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেশোয়ার শহরের পুলিশ প্রধান মহম্মদ আইজাজ খান জানিয়েছেন, দুই জন হামলাকারী মসজিদে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত দুই পুলিশ কর্মীর ওপর আততায়ীরা গুলি চালিয়েছেন। গুলিতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এবং অপর এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। খান জানিয়েছেন, গুলি চালনার ঘটনার পরই মসজিদ বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে। সাংবাদিকদের ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন বিস্ফোরণের ফলে অনেকেই আহত হয়েছেন এবং পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আইজাজ খানের মতে, বিস্ফোরণের কারণ ও কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, এখনই তা বলা সম্ভব নয়। তবে কোনও তথ্য পেলে তা জানানো হবে।বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ঘটনার প্রবল নিন্দা করে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকাজ শেষ করার। আহতদের হাসপাতালে ভর্তি করাতে যাতে কোনও অসুবিধা না হয় সে নিয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।মসজিদে বিস্ফোরণের পর সেখানে পুলিশের পাশাপাশি পাকিস্তান সেনা বাহিনীর দলও পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে। বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বোম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে এবং এলাকা পরিদর্শন করে দেখছে সেখানে আর কোনও বোমা আছে কিনা। বোমা বিস্ফোরণে আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণে আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে এটি একটি আত্মঘাতী জঙ্গি হানা ছিল।

মার্চ ০৪, ২০২২
দেশ

ভাগলপুরে বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, মৃত শিশু-সহ ১২

তীব্র বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। নিহত কমপক্ষে ১২ জন। আহত অনেকে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের তাতারপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই বিস্ফোরণ হয়। বাড়ির মধ্যে বাজি তৈরি হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে সাত জনের মৃতদেহ উদ্ধার হয়। তাদের মধ্যে এক শিশুও ছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই ঘটনার পর টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধারকাজ যাতে দ্রুত চালানো হয়, সেই বার্তা দিয়েছেন মোদি। এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথাও বলেছেন তিনি।बिहार के भागलपुर में धमाके से हुई जनहानि की खबर पीड़ा देने वाली है। मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। घटना से जु़ड़े हालातों पर मुख्यमंत्री @NitishKumar जी से भी बात हुई। प्रशासन राहत और बचाव कार्यों में लगा हुआ है, और पीड़ितों को हर संभव सहायता दी जा रही है। Narendra Modi (@narendramodi) March 4, 2022সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভাগলপুরের জেলা শাসক সুব্রত কুমার সেন জানান, যে বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে, সেই পরিবারের সকলে বাড়িতে বাজি করতেন বলে জানা গিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত ভাবে তদন্ত করা হচ্ছে।বিস্ফোরণে পাকা বাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এমনকী বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে পাশের বেশ কয়েকটি বাড়ির দেওয়ালও ভেঙে গিয়েছে। মাঝরাতে কয়েক কিলোমিটার পর্যন্ত বিকট শব্দ শোনা যায়। কেঁপে ওঠে মাটি। ঘুমন্ত অবস্থায় ছিলেন প্রতিবেশীদের অনেকে। তাঁরা গুরুতর আহত হয়েছেন। তাঁদের বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, বিস্ফোরণের আসল কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই উদ্ধার কাজ চালাতে শুরু করে পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক টিম। বিস্ফোরণের ধরন ও কারণ অনুসন্ধান করার চেষ্টা করবেন তাঁরা। এলাকায় এটাই প্রথম ঘটনা নয়। ২০০৩ সালে ওই আতিশবাজের বাড়ির পাশেও সুভাষ নামে এক ব্যক্তির বাড়িতে একইভাবে বিস্ফোরণ হয়েছিল। গ্রেপ্তারও হয়েছিলেন সুভাষ।

মার্চ ০৪, ২০২২
বিদেশ

দেশের জন্য আত্মবলিদান, রাশিয়ার ট্যাংকের প্রবেশ রুখতে মাইন বেঁধে ব্রিজ- সহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনের সৈনিক!

দেশের জন্য আত্মবলিদান হয়তো একেই বলে। শরীরে মাইন বেঁধে নিজেকে উড়িয়ে দিয়ে রাশিয়ার ট্যাংক আটকে দিলেন এক ইউক্রেন সৈনিক। তাঁর নাম ভিতালি স্কাকুন ভোলোদিমিরোভিচ। পদমর্যাদায় ইউক্রেনের নৌ সেনার ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ার।রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া থেকে ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য প্রশস্ত রাস্তা খেরসন প্রদেশ হয়ে যায়। সেই রাস্তার উপর হেনিচেস্ক সেতু। রাশিয়ার সাঁজোয়া গাড়ি ও ট্যাংক সেই পথ দিয়েই মূল ইউক্রেনে ঢুকে পড়ার পরিকল্পনা করেছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ান ভিতালি স্কাকুন ভলোদিমিরোভিচ। যখন দেখলেন, ইউক্রেনে ঢুকে পড়তে মরিয়া রুশ ট্যাংকের সারি এগিয়ে আসছে সেতু লক্ষ্য করে, গায়ে মাইন বেঁধে নিজেকেই উড়িয়ে দিলেন। মুহূর্তে ধসে পড়ল চার লেনের সেতু। থমকে গেল রাশিয়ার ট্যাংক বাহিনী। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, সেতু ভেঙে যাওয়ায় রাশিয়ার ট্যাংক বাহিনীকে ঘুরপথে আরও অনেকটা বেশি সময় নিয়ে ইউক্রেনের মূল ভূখণ্ডে ঢুকতে হয়। এতে সময়ও যায় অনেকটা বেশি। এই সুযোগে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও খানিকটা মজবুত ও দূর্ভেদ্য করার মূল্যবান সময় হাতে পেয়ে যায় ইউক্রেনের সেনাবাহিনী।ভিতালির সহযোদ্ধারা জানিয়েছেন সেই মুহূর্তের কথা। তাঁরা বলছেন, ভিতালি একাই সেতুর উপর মাইন বসানোর কাজ করছিল। আচমকাই দূরে রাশিয়ার ট্যাংক বাহিনীকে দেখতে পেয়ে আমরা তা ওকে জানাই। মাইন বসানোর কাজ তখনও কিছুটা বাকি। এই সময় ভিতালি আমাদের জানায়, এখন মাইন বসিয়ে সে ফিরে আসার চেষ্টা করলে ট্যাংককে আটকানো যাবে না। তাই নিজেকেই উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সহযোদ্ধারা জানাচ্ছেন, এ কথা বলার পরই একটি বিকট বিস্ফোরণের আওয়াজ তাঁরা পান। ধোঁয়া সরলে দেখা যায়, মাঝখান থেকে নদীতে ভেঙে পড়ে আছে হেনিচেস্ক সেতু। দূরে থমকে দাঁড়িয়ে রাশিয়ার ট্যাংক বাহিনী। ভিতালিকে মরণোত্তর সম্মান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সেনা।

ফেব্রুয়ারি ২৬, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত! একটিও মানতে নারাজ বাংলাদেশ, প্রত্যর্পণ নিয়ে বাড়ছে জট

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়ল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচারের কোনও আইনি সুযোগ নেই। ভারতের তরফে এমন কোনও শর্ত দেওয়া হয়ে থাকলে তা মানা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের তরফে দুটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচার বা আপিলের সুযোগ দিতে হবে। রবিবার সেই দাবি নিয়ে মুখ খোলেন আমিনুল ইসলাম। ভারতের এই শর্তকে উদ্ভট বলে মন্তব্য করেন তিনি।আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেদের দেশে নতুন করে বিচারের এই বিধান বাতিল করে বাংলাদেশকে সেই পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয় বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। আমরা তা প্রত্যাখ্যান করছি।তাঁর আরও দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন। ভারতকে প্রশ্ন করে আমিনুল বলেন, হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন বিচারপ্রক্রিয়া চলছিল। সে সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি?উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও অবস্থান জানায়নি। তবে সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে।প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের অগস্টে সামরিক বিমানে ভারতে এসেছিলেন হাসিনা। তাই তাঁকে ফেরানোর ক্ষেত্রেও সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে এই দুই শর্তের বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই বিচারপ্রক্রিয়া এবং রায় নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অনুপস্থিতিতে বিচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে ভারতের তরফে সত্যিই নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়ার শর্ত রাখা হয়ে থাকলে, তা হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তার প্রশ্নের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।অন্য দিকে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে তাঁর প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থান কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।সব মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের শর্ত নিয়ে বাংলাদেশের আপত্তি এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারের সম্ভাবনা নাকচ করার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ কি আদৌ সম্ভব হবে?

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

‘শেষ দেখাও দেখতে চাই না’, এনকাউন্টারে রতন শেখের মৃত্যুতে বিস্ফোরক দাদা! ভাইয়ের কুকীর্তি নিয়ে কী বললেন?

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। রবিবার সন্ধ্যায় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। তবে ভাইয়ের এমন পরিণতিতে পরিবারের তরফে পুলিশের পদক্ষেপ নিয়ে কোনও অভিযোগ নেই। বরং ভাইয়ের অপরাধের শাস্তি হয়েছে বলেই মনে করছেন দাদা সালাম শেখ। ভাইয়ের মৃত্যুতে মন খারাপ হলেও তার কুকীর্তি কোনও ভাবেই মেনে নিতে রাজি নন তিনি। এমনকি ভাইয়ের শেষ দেখাও দেখতে চান না বলে জানিয়েছেন সালাম।সালাম শেখ পেশায় দিনমজুর। রবিবার তিনি বলেন, এক মায়ের পেটের ভাই হলেও ওর অপকর্ম মেনে নেওয়া সম্ভব নয়। সারা বছর চুরি, ডাকাতি, ছিনতাই করে জেলে গিয়েছে, তা-ও মেনে নিয়েছি। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কখনওই মেনে নেওয়া যায় না। নিজের কাজের শাস্তি পেয়েছে ভাই। শেষ দেখাও আর দেখতে চাই না।ভাইয়ের মৃত্যুতে শোক রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি রয়েছে ভাইয়ের অপরাধের প্রতি ক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যুর পর পরিবারের এমন অবস্থান ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। সালামের দাবি, রতনের অপরাধের সঙ্গে পরিবারের কোনও যোগ ছিল না। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তার।গত ১২ নভেম্বর বোলপুর সংশোধনাগারে শেষ বার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সালামের। তার কয়েক দিনের মধ্যেই রতনের মৃত্যুর খবর পান তিনি। নানুরের সাতরা গ্রামে ছিল রতন শেখের আদি বাড়ি। তবে প্রায় সাত বছর আগে জমি ও ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যায় পরিবার।স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েছিল রতন। সেই কারণেই এক সময় সাতরা ছাড়তে হয়েছিল তাকে। শুধু অপরাধমূলক কাজ নয়, মাদক কারবারের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।পরিবারের সদস্যদের দাবি, রতনের জীবনযাপন এমন ছিল যে, এক মাস বাড়িতে থাকলে পরের ছমাস কাটত জেলে। অপরাধের কারণে বার বার জেলে যেতে হত তাকে। রতনের মৃত্যুর পর তার দেহ সাতরা গ্রামে ফিরিয়ে আনা হোক, তা-ও চান না স্থানীয় বাসিন্দাদের একাংশ।সব মিলিয়ে রতন শেখের মৃত্যুর পর সামনে এসেছে তার পরিবারের ক্ষোভ এবং এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অসন্তোষ। যে ভাইয়ের অপরাধের কথা মেনে নিতে পারেননি দাদা, সেই রতনের শেষকৃত্য নিয়েও আপত্তি উঠছে গ্রামে।

নভেম্বর ১৫, ২০২৬
দেশ

সিকিমের আকাশে ২৫ মিনিট ধরে চক্কর চিনা সামরিক বিমানের! বারবার সতর্ক করেও লাভ হল না, কীসের ইঙ্গিত?

সিকিমে ভারত-চিন সীমান্তের আকাশে রহস্যময় চিনা বিমানের উড়ান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশে চক্কর কেটেছে বিমানটি। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিনের দিক থেকে বিমানটি ভারতের আকাশে ঢুকে পড়েছিল। বার বার সতর্ক করার পরেও সেটি ভারতের আকাশসীমা ছেড়ে যায়নি বলে দাবি সূত্রের।বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সিকিমের আকাশে বিমানটিকে দেখা যায়। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেটি। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় চক্কর কাটার পর হঠাৎই উধাও হয়ে যায় বিমানটি। সূত্রের দাবি, সেটি চিনের সামরিক বাহিনীর বিমান ছিল। তবে বিমানটির পরিচয় এবং ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।ঘটনাটি সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তা হলে কি ভারতের সীমান্ত এলাকায় নজরদারি চালাতেই ওই বিমান পাঠিয়েছিল চিন? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল? এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।উল্লেখ্য, সিকিমের উত্তরে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা চিকেনস নেক নামে পরিচিত। এই সরু ভূখণ্ডের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। তাই এই এলাকার নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক ভারত।বর্তমানে এই সংবেদনশীল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সীমান্তে সেনার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে বলে খবর।অন্য দিকে, ডোকলামকে কেন্দ্র করে অতীতে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলেছে। সীমান্ত এলাকায় চিনের নির্মাণকাজ নিয়েও একাধিক বার আপত্তি জানিয়েছে ভারত। সিকিম এবং আশপাশের সীমান্তবর্তী এলাকায় তাই কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা।এই পরিস্থিতিতে ভারতের আকাশে চিনা সামরিক বিমানের প্রবেশের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে বিমানটি ঠিক কোথা থেকে এসেছিল, কতক্ষণ ভারতের আকাশসীমায় ছিল এবং কেন সেখানে চক্কর কাটছিল, সেই সব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সরকারি ভাবে বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

কনস্টেবলকে গুলি করার অভিযোগ, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের! কী ঘটেছিল নানুরে?

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। রবিবার নানুরের একটি ইটভাঁটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায়। সেই সময় পুলিশের উপর হামলার চেষ্টা করে সে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল।এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এনকাউন্টারের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার, তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে মোটরবাইকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে ধরার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রতন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলিতে পায়ে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।এর পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাঁটায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সেখানে যায় পুলিশ।পুলিশের অভিযোগ, ওই এলাকায় পৌঁছনোর পর রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।বোলপুর হাসপাতালের চিকিৎসক গৌরব তরফদার জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতন শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর কথায়, পুলিশের গুলিতে মৃত্যুর কথা প্রেসক্রিপশনে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে।উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যুর পর রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, গত ছয় মাসে এই নিয়ে বাংলায় পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

পানিহাটিতে বিজেপির অন্দরের সংঘাতের বলি! নেত্রী রুমা সাহার স্বামীর মৃত্যু, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক বিধায়ক রত্না

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে দলেরই কর্মীদের সঙ্গে বচসা, স্ত্রীকে অপমানের প্রতিবাদ করায় আক্রান্ত অরূপ সাহা। হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তপ্ত পানিহাটি। দলবদলুদের দাপট, জেলা নেতৃত্বের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চায় উঠে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। নিহতের নাম অরূপ সাহা। তিনি পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী। শনিবার রাতে বাজার এলাকায় অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন অরূপ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনার পর থেকেই বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। একদিকে নিহতের পরিবারের অভিযোগ, অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বিস্ফোরক মন্তব্যসব মিলিয়ে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করার পর দলেরই কয়েকজন কর্মী তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন।রুমা সাহার দাবি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসায় জড়িয়ে পড়তে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে তিনি তাঁদের কাছে গিয়ে কী হয়েছে জানতে চান। সকলকে শান্ত হওয়ার এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শও দেন। প্রয়োজনে বিষয়টি বিধায়ককে জানাবেন বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।কিন্তু তাঁর অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের অশান্তির খবর পান। পরিস্থিতি সামাল দিতে তিনি আবার ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন স্বামী অরূপও। সেখানে গিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন যুবককে দেখতে পান বলে দাবি রুমার। তাঁদের মধ্যে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। রুমার অভিযোগ, ওই যুবকদের মধ্যে নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত কয়েকজন ছিলেন।রুমার বক্তব্য অনুযায়ী, তিনি ফের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার নামে দুই ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। স্ত্রীর দিকে এমন আচরণ দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন তাঁকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রুমাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় তিনি থানায় ফোন করেন। কিন্তু তাঁর দাবি, থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেন।এরপর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন রুমা। কিন্তু বাড়িতে পৌঁছনোর পরই অরূপের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। রুমার কথায়, বাড়ি ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। ঠিকমতো কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরূপ সাহার।স্বামীর মৃত্যুর পর রুমা সাহার অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু ব্যক্তি। তাঁর দাবি, দলের পুরনো কর্মীদের সঙ্গে নতুন যোগ দেওয়া কর্মীদের বিরোধ থেকেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও সামনে আসেনি।অরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আর সেখানেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।রত্নার অভিযোগ, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি বিধায়কের। তাঁর বক্তব্য, পুরনো বিজেপি কর্মীদের উপেক্ষা করে দলবদল করে আসা ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে।শুধু তাই নয়, পানিহাটি-১ মণ্ডলের যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের এক নেতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, পানিহাটির ২৯টি ওয়ার্ডে আলাদা আলাদা লোক বসানো হলেও তাঁদের সঙ্গে জেলা নেতৃত্বের কোনও কার্যকর সমন্বয় নেই। ফলে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত বাড়ছে। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলেও প্রকাশ্যে জানিয়েছেন রত্না। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে পছন্দ করেন না এবং দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমন্বয়ের অভাব রয়েছে।রত্না দেবনাথের বক্তব্য, কোনও ব্যক্তি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন কি না, সেটি বড় কথা নয়। কিন্তু দলে যোগ দেওয়ার পর কেউ যদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাঁকে কোনওভাবেই আড়াল করা উচিত নয়। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে বিচার করা যায় না। যে অন্যায় করবে, সে যে দলেরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া প্রয়োজন।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন বিধায়ক। তাঁর দাবি, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে একাধিকবার মারামারি ও অশান্তির ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এমনকি কয়েক দিন আগেই তিনি পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অবগত করেছিলেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও দাবি তাঁর।এবার অরূপ সাহার মৃত্যুর পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রত্না। তাঁর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।উল্লেখ্য, পানিহাটির এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে। ব্যারাকপুরেও ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীকে দলেরই একাংশের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সেই আবহে পানিহাটির ঘটনা বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।অন্যদিকে, অরূপ সাহার মৃত্যুর ঘটনায় বিজেপির অপর পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবরও সামনে আসেনি। ফলে ঠিক কী কারণে অরূপের মৃত্যু হয়েছে, কারা তাঁকে আক্রমণ করেছিলেন এবং এই সংঘর্ষের পিছনে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব কতটা দায়ীতা তদন্তের পরই স্পষ্ট হবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, দলের অভ্যন্তরীণ সংঘাতের অভিযোগে এক কর্মীর মৃত্যুর পর বিজেপি নেতৃত্ব কতটা কঠোর পদক্ষেপ করে এবং প্রশাসন এই ঘটনায় কত দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
বিদেশ

একবিংশ শতাব্দীতেও বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব, এর পিছনে আসল কারণ কি?

হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের ইতিহাসে এত মৃত্যু আগে কখনো ঘটেনি। পড়শি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৫৮ জনের। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৫৭২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন মারা গেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একসময় হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বাংলাদেশে। ২০০০ সালে প্রথম ডোজ টিকা গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ, ২০১৬ সালে তা ১১৮ শতাংশে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ চালুর পর এর হার ২২ শতাংশ থেকে ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছায়। কিন্তু ২০২৪-২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কমতে থাকে। ২০২৫ সালে টিকা গ্রহণের হার নেমে আসে ৫৯ শতাংশে।বিশেষজ্ঞদের মতে, টিকাদানে এই ঘাটতিই বর্তমান বিপর্যয়ের অন্যতম কারণ। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, ২০২৫ সালে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে সরবরাহে বিলম্ব ও প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ।বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতির মধ্য দিয়ে বিপর্যয়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারও পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে নেয়নি। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার কার্যক্রম কার্যত হারিয়ে গেছে। অনেক পরিবার টিকাদানের খবরই জানে না। তাঁর ভাষায়, জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না।ডব্লিউএইচওর তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি নয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালুর পরও ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে টিকাদানে ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগের অভাব এবং জনসচেতনতা তৈরিতে ব্যর্থতা মিলিয়ে হাম এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।** এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো অনলাইন থেকে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

বই হাতে জনসংযোগে সিপিএম, রাজ্যজুড়ে শুরু ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি

দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহেই এবার বইকে হাতিয়ার করে পথে নামল সিপিএম। রাজ্যজুড়ে শুরু হয়েছে দলের ঘরে ঘরে বুক স্টল কর্মসূচি। বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো এবং সমাজে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাম নেতৃত্ব।রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন বই হাতে পাড়ায় পাড়ায় এবং দোকানে দোকানে ঘোরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে বই তুলে দেন। বই পড়ার অভ্যাস বাড়ানো এবং পাঠাভ্যাসের প্রসারে এই উদ্যোগ বলে জানান তিনি।সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে আগামী এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। নভেম্বর মাসের মধ্যেই কর্মসূচি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় এই উদ্যোগে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই মানেই চেতনা, বই মানুষের বন্ধু। বই পড়া, অন্যকে পড়তে উৎসাহিত করা এবং বই উপহার দেওয়ার মধ্য দিয়েই সমাজে সচেতনতা তৈরি করা সম্ভব।একইসঙ্গে রাজনৈতিক বক্তব্যে তাঁর দাবি, লাঠি বা অস্ত্রের চেয়ে অনেক বড় শক্তি হল বই এবং মানুষের চেতনা। মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে বইয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, বইকে হাতিয়ার করেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিপিএম।

নভেম্বর ১৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal