স্ট্যালিনের পর শরদ পওয়ার! চেন্নাইয়ে ব্যর্থ হয়ে রাতারাতি মুম্বইয়ে রাহুল-মমতারা
কথা দিয়ে কথা রাখতে চান ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। বিরোধী নেতারা একসঙ্গে চেন্নাইয়ে তাঁর বাড়িতে গিয়েও অবস্থান বদলাতে পারেননি। আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের সিদ্ধান্তে অনড় তিনি। স্ট্যালিনকে বোঝাতে ব্যর্থ হয়ে এ বার চেন্নাই থেকে সোজা মুম্বইয়ে পৌঁছল বিরোধী জোট ইন্ডিয়া। লক্ষ্য, হাসপাতালে ভর্তি শরদ পওয়ারের সঙ্গে দেখা করে তাঁকে বিলের বিরোধিতা করতে রাজি করানো। সোমবার সংসদে বিল পেশ হওয়ার কথা। তার আগে শরদ পওয়ারের দলের সাংসদেরা যাতে বিলের পক্ষে ভোট না দেন, সেই চেষ্টা করছেন বিরোধী নেতারা। তবে তাঁদের এই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে রাহুল গান্ধীদের এই তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি।রবিবার সন্ধ্যায় স্ট্যালিনের সঙ্গে প্রায় ৭৫ মিনিট বৈঠক করেন বিরোধী নেতারা। কিন্তু বৈঠক শেষে কার্যত খালি হাতেই ফিরতে হয় তাঁদের। স্ট্যালিন স্পষ্ট জানিয়ে দেন, আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করা ছাড়া তাঁদের আর কোনও উপায় নেই। তাঁর বক্তব্য, এই বিলে সমর্থন না করলে তামিলনাড়ু তার ন্যূনতম সুরক্ষাটুকুও হারাবে। কংগ্রেসের কাছেও এ বিষয়ে কোনও বিকল্প প্রস্তাব নেই বলে জানান তিনি।এর পরেই বিরোধীদের কটাক্ষ করতে শুরু করে বিজেপি। কর্নাটকের বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র সমাজমাধ্যমে লেখেন, সব শেষ, ভাই! রাহুল গান্ধী এবং তাঁর সফরসঙ্গীদের কটাক্ষ করে তিনি বলেন, এ বার বিরোধীরা নিজেদের ওষুধের স্বাদ পেয়েছেন। বিজেপি মুখপাত্র তুহিন সিনহারও দাবি, রবিবার এত দৌড়ঝাঁপ না করে বিরোধী দলনেতা অন্য কোথাও ঘুরে আসতে পারতেন। তাঁর কটাক্ষ, বিল পাশ হয়ে যাওয়ার পর ফিরে এলেও চলত। দেশের মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সুযোগ কংগ্রেস পাবে না বলেও মন্তব্য করেন তিনি।চেন্নাইয়ে বৈঠক ব্যর্থ হওয়ার পর রবিবার রাতেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন বিরোধী নেতারা। সেখানে পৌঁছে বাসে করে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান তাঁরা। গত ২৬ নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ বছরের শরদ পওয়ার। এই সফরে সনিয়া গান্ধী ছিলেন না। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, রেবন্ত রেড্ডি, কপিল সিবাল এবং আদিত্য ঠাকরে-সহ কয়েক জন বিরোধী নেতা হাসপাতালে যান।শরদ পওয়ারের দল এনসিপি (শরদ)-র হাতে রয়েছে আট জন সাংসদ। তাঁদের সমর্থন আসন পুনর্বিন্যাস বিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুক্রবার দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানিয়েছিলেন, তাঁরা বিলকে সমর্থন করবেন। সুপ্রিয়া সুলেও একই অবস্থানের কথা জানিয়েছেন। তবে দলের অন্দরে এই সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ রয়েছে। শরদ পওয়ারের ভাইপো রোহিত পওয়ার একটি খোলা চিঠিতে সুপ্রিয়া সুলেকে সতর্ক করে বলেছেন, এই বিলে সমর্থন জানানো হলে দলের আদর্শ এবং শরদ পওয়ারের রাজনৈতিক উত্তরাধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।হাসপাতালে বৈঠকে রাহুল গান্ধীরা শরদ পওয়ারকে বিলের বিরোধিতা করার অনুরোধ জানান। তাঁদের উদ্দেশ্য, বিরোধী জোটের ঐক্য বজায় রাখা এবং সংসদে বিলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা। তবে পওয়ার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট নয়।অন্য দিকে, বিরোধীদের এই উদ্যোগকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক রাম কদম। তাঁর বক্তব্য, শরদ পওয়ারের রাজনৈতিক অভিজ্ঞতার সামনে কংগ্রেস নেতারা অনেকটাই নবীন। পওয়ার নিজের সিদ্ধান্ত নিজেই নেন। তাঁর সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য কারও পরামর্শের প্রয়োজন হয় না বলেও মন্তব্য করেন তিনি।স্ট্যালিনের অনড় অবস্থানের পর এ বার শরদ পওয়ারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিরোধী শিবির। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে শেষ মুহূর্তে বিরোধীদের কৌশল কতটা কাজে আসে, এখন সেটাই দেখার।

