• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Russia

বিদেশ

চিনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠকের পরেই ভয়ংকর হামলা! ইউক্রেনে ৯ জনের মৃত্যু, ভেস্তে গেল কি শান্তির আশা?

যুদ্ধ থামবে, ফিরবে শান্তি এমনই আশায় তাকিয়ে ছিল গোটা বিশ্ব। চিনের মাটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে তৈরি হয়েছিল জোর জল্পনা। মনে করা হচ্ছিল, এই বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর পথে হয়তো বড় কোনও পদক্ষেপ করা হতে পারে। কিন্তু সেই আশায় জল ঢালল মস্কো। বৈঠকের পরদিনই ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। এই হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন।বৈঠকের পর ইউরোপের কয়েকটি দেশের নেতার সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সেই কথোপকথনে ট্রাম্প দাবি করেন, পুতিন খুবই ক্লান্ত। তবে তার পরেই ইউক্রেনের তরফে অভিযোগ করা হয়, রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, এই হামলায় অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা বলে মনে করা হচ্ছে এটিকে।বৃহস্পতিবার চিনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনকে কেন্দ্র করে একই মঞ্চে দেখা যায় ট্রাম্প, পুতিন এবং জিনপিংকে। তিন রাষ্ট্রনেতাকে একসঙ্গে দেখে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়।ছবি তোলার সময় লাল গালিচা ধরে ট্রাম্প ও জিনপিংয়ের দিকে এগিয়ে যান পুতিন। এরপর ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন তিনি। দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। এক সময় একে অপরের কাঁধে হাত রাখেন তাঁরা। পরে জিনপিংয়ের সঙ্গেও কথা বলেন পুতিন। তিন নেতার এই সাক্ষাৎ ঘিরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আশার আলো দেখেছিলেন অনেকে।কিন্তু বৈঠকের পরদিনই ইউক্রেনে রাশিয়ার হামলা সেই আশাকে বড় ধাক্কা দিল। শান্তি ফেরানোর বিষয়ে তিন রাষ্ট্রনেতার আলোচনার পরেও যুদ্ধের পরিস্থিতি বদলাল না। বরং নতুন করে প্রাণহানির ঘটনা সামনে এল।এখন এই হামলা নিয়ে ট্রাম্প এবং জিনপিং কী প্রতিক্রিয়া জানান, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। একই সঙ্গে পুতিনের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

নভেম্বর ২১, ২০২৬
বিদেশ

রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য! চায়ের কাপে বিষ, নাকি অন্য কোনও কারণ? সমাজমাধ্যমে তোলপাড়

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজ়ান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। ৬৬ বছর বয়সি এই প্রবীণ কূটনীতিকের মৃত্যুর খবর বুধবার, ১১ নভেম্বর, জানিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এমনকি কোথায় তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। আর তার পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ তুলছেন বিষপ্রয়োগের প্রশ্ন, কেউ আবার রাশিয়ার অতীতের একাধিক রহস্যজনক মৃত্যুর প্রসঙ্গ টেনে আনছেন।রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এবং স্থান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। সরকারি বিবৃতিতে এই নীরবতাই নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।এর পরেই সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। রাশিয়ায় অতীতে বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনার কথা মনে করিয়ে দিয়ে অনেকে দারচিয়েভের মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ধরনের দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।সমাজমাধ্যমের বিভিন্ন পাতায় ছড়িয়ে পড়েছে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ও মিম। কেউ অতীতে তেজস্ক্রিয় পদার্থ মেশানো চা খাইয়ে বিষপ্রয়োগের ঘটনার কথা উল্লেখ করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, এ বারও কি চায়ের মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল? অন্য এক নেটাগরিকের মন্তব্য, সবার প্রথমেই মনে হচ্ছে, উনি কি জানলা থেকে পড়ে গিয়েছিলেন? এই ধরনের মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েও জানতে চাইছেন, এই মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না।দারচিয়েভের মৃত্যুর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে আবু ধাবিতে শান্তি আলোচনা শুরু হয়েছিল। আমেরিকার মধ্যস্থতায় হওয়া এই আলোচনার প্রথম দফা শেষ হওয়ার সময়েই সামনে আসে রুশ রাষ্ট্রদূতের মৃত্যুর খবর।আলোচনার আগে থেকেই রাশিয়ার অবস্থান নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মস্কোর প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি। তাঁর বক্তব্য ছিল, রাশিয়া নিজেদের নির্ধারিত লক্ষ্য পূরণ করবেই। নিজেদের দাবিকৃত ভূখণ্ডের প্রতিটি অংশের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় মস্কো। তাঁর এই মন্তব্যে স্পষ্ট হয়েছিল, ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়া নিজেদের অবস্থান থেকে সহজে সরে আসতে রাজি নয়।এই পরিস্থিতিতে ওয়াশিংটনে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতিকের আকস্মিক মৃত্যু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শান্তি আলোচনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার ঠিক পরেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় সময়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।দারচিয়েভকে রাশিয়া-আমেরিকা সম্পর্কের বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হত। ২০২৫ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মস্কোর সম্পর্ক উন্নত করার দায়িত্বও ছিল তাঁর উপর। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করাই ছিল তাঁর অন্যতম প্রধান কাজ।xতাই এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দারচিয়েভের আকস্মিক মৃত্যু স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিষপ্রয়োগ বা ষড়যন্ত্রের অভিযোগের কোনও সত্যতা এখনও প্রমাণিত হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন রাশিয়ার বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতির দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

নভেম্বর ১২, ২০২৬
বিদেশ

হঠাৎ মৃত্যু রাশিয়ার প্রভাবশালী কূটনীতিকের! ৬৬ বছর বয়সে প্রয়াত আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত, কী হয়েছিল তাঁর?

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজ়ান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু। বুধবার, ১১ নভেম্বর, ৬৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো। এই ঘটনায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিদেশ মন্ত্রক দারচিয়েভকে একজন বিশিষ্ট কূটনীতিক, অভিজ্ঞ নেতা এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ বলে বর্ণনা করেছে।২০২৫ সালের মার্চ মাস থেকে আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাচ্ছিলেন দারচিয়েভ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক নতুন করে মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তাঁকে এই দায়িত্বে নিয়োগ করেছিলেন।পশ্চিমি দেশগুলির নীতির কড়া সমালোচক হিসাবেই পরিচিত ছিলেন এই রুশ কূটনীতিক। ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটানো ছিল তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। তবে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করার এই উদ্যোগ নিয়ে ইউক্রেন এবং ইউরোপের একাধিক দেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।দারচিয়েভের কূটনৈতিক জীবন ছিল বেশ দীর্ঘ। ১৯৯২ সাল থেকে রাশিয়ার বিদেশ মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। আমেরিকায় রাষ্ট্রদূত হওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। পরে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুশ বিদেশ মন্ত্রকের উত্তর আমেরিকা বিভাগের প্রধানের দায়িত্ব সামলান।রাশিয়া ও আমেরিকার সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞ হিসাবেই পরিচিত ছিলেন দারচিয়েভ। তাঁর আগে আনাতোলি আন্তোনভ আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি দায়িত্ব ছাড়ার পর বেশ কিছু দিন ওই পদটি খালি ছিল। পরে ২০২৫ সালের মার্চ মাসে দারচিয়েভকে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়।আমেরিকার সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ফের স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই তাঁর নিয়োগ হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, দারচিয়েভের নিয়োগে সম্মতি জানিয়ে আমেরিকার তরফে রাশিয়াকে সরকারি চিঠিও দেওয়া হয়েছিল।এর আগে তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছিল। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক সমস্যা মেটানোই ছিল ওই আলোচনার মূল উদ্দেশ্য। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই দেশই একে অপরের দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছিল।ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকেও প্রকাশ্যে সমর্থন করেছিলেন দারচিয়েভ। ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তিনি একে প্রয়োজনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছিলেন বলে জানিয়েছে এএফপি।আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের উন্নতির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কূটনীতিকের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা দেয়নি রাশিয়ার বিদেশ মন্ত্রক।

নভেম্বর ১২, ২০২৬
দেশ

মাটি থেকে ৯০ মিটার উঁচুতে বিদ্যুতের তারে ঝুলে রুশ প্যারাগ্লাইডার! তিন ঘণ্টার অভিযানে কী ভাবে হল উদ্ধার?

হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ বিপত্তি। মাঝআকাশে উড়তে উড়তে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে গেলেন এক রুশ পাইলট। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে বিপজ্জনক অবস্থায় ঝুলে রইল তাঁর প্যারাগ্লাইডার। পরিস্থিতি বুঝে মোবাইল ফোনে ছবি তুলে সাহায্য চাইলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই রুশ পাইলটকে।সোমবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র থেকে উড়েছিলেন অ্যালেক্সি নামে ওই রুশ পাইলট। আকাশে ওড়ার সময় কোনও ভাবে হাই-টেনশন বিদ্যুতের তারের কাছাকাছি চলে যান তিনি। এরপরই তাঁর প্যারাগ্লাইডার আটকে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে প্রায় ৯০ মিটার উঁচুতে ঝুলতে থাকেন তিনি।বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্সি। নিজের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পাঠান বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কাছে। সেই ছবির মাধ্যমে নিজের অবস্থানের কথাও জানান তিনি। পরে বিষয়টি মান্ডি জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।তবে হাই-টেনশন বিদ্যুতের তারে আটকে থাকায় উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মাটিতে নিরাপত্তার জন্য জাল ও গদি বিছিয়ে রাখা হয়। বিশেষ যন্ত্রপাতির সাহায্যে পাইলটের কাছে পৌঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।এই উদ্ধার অভিযানে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গাওয়ার কনস্ট্রাকশন সংস্থা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথ ভাবে অভিযান চালান। তাঁদের সমন্বিত প্রচেষ্টাতেই প্রায় তিন ঘণ্টা পর বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা পান রুশ পাইলট।

নভেম্বর ১০, ২০২৬
দেশ

চাকরির আশায় রাশিয়া, তারপরই ভয়াবহ প্রতারণা! ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অন্ধ্রের যুবক, দেশে ফেরানোর আর্জি মায়ের

চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের এক যুবককে। কথা ছিল, সেখানে ফল প্যাকিংয়ের কাজ করতে হবে। কিন্তু অভিযোগ, রাশিয়ায় পৌঁছনোর পর তাঁকে প্রতারণা করে সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। এর পর পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। এখন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানোর আশঙ্কায় দিন কাটছে তাঁর পরিবারের। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন যুবকের মা। তাঁর একটাই আর্জি, যে কোনও উপায়ে ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক।সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জে বংশী নামে ওই যুবক আরও চার ভারতীয়কে সঙ্গে নিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তাঁরা জানান, তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসমরে পাঠানোর প্রস্তুতি চলছে। ফলে তাঁদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।ভিডিওতে বংশী জানান, তাঁরা চাকরির খোঁজে রাশিয়া গিয়েছিলেন। এক নেপালি ব্যক্তি তাঁদের রাশিয়ার সেনাবাহিনীতে খাবার প্যাকিংয়ের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজের বিনিময়ে মোটা বেতন পাওয়ার কথাও বলা হয়েছিল। সেই আশাতেই তাঁরা রাশিয়া পাড়ি দেন।কিন্তু সেখানে পৌঁছনোর পর পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। রুশ ভাষায় লেখা কিছু কাগজপত্র তাঁদের দেওয়া হয়। ভাষা বুঝতে না পেরেই তাঁরা তাতে সই করেন। পরে তাঁদের জানানো হয়, ভারতীয় নাগরিকত্ব আর নেই। তাঁদের রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন বংশী।ভিডিওবার্তায় বংশী বলেন, আমাদের ভারতীয় নাগরিকত্বের কথা জানতে চাইলে বলা হয়, আমরা আর ভারতীয় নই, রুশ নাগরিক হয়ে গিয়েছি। আমরা আবার ভারতীয় নাগরিকত্ব ফিরে পেতে চাই। শুরুতেই যদি সব কিছু জানানো হত, তা হলে কখনও ওই কাগজে সই করতাম না। হয়তো এটাই আমাদের শেষ বার্তা। কারণ, আমাদের যুদ্ধের সম্মুখসমরে পাঠানো হচ্ছে। সেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম।এই ভিডিও সামনে আসার পর থেকেই উদ্বেগে দিন কাটছে বংশীর পরিবারের। ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁর মা জে আপ্পালাকোন্ডা।তাঁর অভিযোগ, ফল প্যাকিংয়ের কাজ দেওয়ার কথা বলে ছেলেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছনোর পর প্রতারণা করে তাঁকে সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। কান্নায় ভেঙে পড়ে বংশীর মা বলেন, আমার কেউ নেই। একটি ছেলে, একটি মেয়ে। আমার স্বামীও মারা গিয়েছেন। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। আর কিছু চাই না।ছেলেকে দেশে ফেরানোর জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।এদিকে, বিষয়টি নিয়ে তৎপর হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারও। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ওই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে তাঁর দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি।চাকরির আশায় বিদেশে গিয়ে যুদ্ধক্ষেত্রে আটকে পড়ার এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখন পরিবারের একটাই অপেক্ষা, কবে নিরাপদে দেশে ফিরবেন বংশী এবং তাঁর সঙ্গে থাকা অন্য ভারতীয়রা।

নভেম্বর ০৩, ২০২৬
দেশ

আমেরিকা-ইউরোপের সমালোচনার মাঝেই রাশিয়া নিয়ে বড় বার্তা জয়শংকরের, মনে করালেন সেই পুরনো ‘বন্ধুত্ব’

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। রুশ তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপের একাংশের সমালোচনার মধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শংকর মনে করিয়ে দিলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শুধুমাত্র বর্তমান পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং কঠিন সময়ে মস্কোর পাশে থাকার অভিজ্ঞতা। জয়শংকরের কথায়, দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই সোভিয়েত ইউনিয়ন ও পরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।রবিবার নয়াদিল্লিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের আলোচনায় রাশিয়া প্রসঙ্গে বক্তব্য রাখেন জয়শংকর। তিনি বলেন, মানুষ যেমন ভাল ইতিহাস ভুলে যায় না, তেমনই খারাপ ইতিহাসও ভুলে যায় না। তাঁর বক্তব্যে উঠে আসে স্বাধীনতার পর থেকে ভারত ও সোভিয়েত ইউনিয়নের দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ। বিদেশমন্ত্রীর মতে, প্রতিটি দেশ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বিচার করে। তাই ইউরোপ যে ভাবে রাশিয়াকে দেখবে, ভারত একই ভাবে রাশিয়াকে দেখবে, এমনটা হওয়ার নয়।জয়শংকর বিশেষ করে সেই সময়ের কথা মনে করিয়ে দেন, যখন আন্তর্জাতিক মহলের বড় অংশ পাকিস্তানের সামরিক শাসনের পাশে ছিল। তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা যখন চাপের মুখে পড়েছিল, তখন মস্কো নয়াদিল্লির পাশে ছিল। ১৯৭১ সালের যুদ্ধের সময় বঙ্গোপসাগরে আমেরিকার নৌবহর পাঠানোর ঘটনাকেও তাঁর বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।বিদেশমন্ত্রীর বক্তব্য, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সময়ের সঙ্গে বদলেছে ঠিকই, কিন্তু তার ভিত্তি এখনও শক্তিশালী। সামরিক সহযোগিতার পাশাপাশি পরমাণু শক্তি, বাণিজ্য, জ্বালানি ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক বিস্তৃত হয়েছে। তাঁর কথায়, রাশিয়া সম্পর্কে ভারতের অভিজ্ঞতা দীর্ঘদিন ধরেই ইতিবাচক এবং সেই অভিজ্ঞতা বর্তমান নীতিতেও প্রভাব ফেলছে।এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে পশ্চিমী দেশগুলির চাপ ও সমালোচনা অব্যাহত। জয়শংকর এর আগেও স্পষ্ট করেছেন যে জ্বালানি কেনার ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত নির্ভর করে জ্বালানির প্রাপ্যতা, দাম এবং ঝুঁকির মতো বিষয়গুলির উপর। ভারতের জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই সরবরাহের উৎস ঠিক করা হয়।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেন জয়শংকর। তাঁর বক্তব্য, যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন এবং আলোচনার মাধ্যমেই তার পথ খুঁজতে হবে। তিনি জানান, ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে সংঘাতের অবসানে সহায়ক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। কৃষ্ণসাগরে জাহাজ চলাচল, খাদ্য ও জ্বালানি রফতানি এবং সংঘাত কমানোর মতো বিষয়েও ভারতের আলোচনা চলছে বলে জানান তিনি।সব মিলিয়ে রুশ তেল নিয়ে পশ্চিমী চাপের মধ্যেও জয়শংকরের বক্তব্যে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের অবস্থানই ফের সামনে এসেছে। ইতিহাস, নিরাপত্তা এবং জ্বালানি প্রয়োজনএই তিনটি বিষয়কে সামনে রেখেই মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি।

অক্টোবর ০৪, ২০২৬
বিদেশ

একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে আকাশপথের জট! রূপপুরের ইউরেনিয়াম নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত পাকিস্তানের?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান বাংলাদেশের পথে রওনা দিয়েছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতার পরে ফের শুরু হয়েছে এই জ্বালানি সরবরাহ। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারই বিশেষ বিমানটি ঢাকায় পৌঁছনোর কথা। এরপর কড়া নিরাপত্তায় ইউরেনিয়াম পাবনার ঈশ্বরদীর রূপপুরে নিয়ে যাওয়া হবে।এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে আসার কথা ছিল একটি বিশেষ কার্গো বিমানের। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় সেই যাত্রা পিছিয়ে যায়। বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, নির্ধারিত সময়ে বিমানটি আসতে পারেনি। পরে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বিমান চলাচলের অনুমতি এবং রুট সংক্রান্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতার সঙ্গে যুক্ত।জটিলতা কাটার পরে রাশিয়া বিকল্প পথ ব্যবহার করে জ্বালানি পাঠানোর ব্যবস্থা করে। রুশ পরমাণু সংস্থা রসাটম জানিয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। একাধিক বিশেষ কার্গো বিমানে ধাপে ধাপে এই জ্বালানি বাংলাদেশে পৌঁছবে।বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে রূপপুরে পারমাণবিক জ্বালানি পৌঁছনোর কথা। এর মধ্যে সাতটি চালান দ্বিতীয় ইউনিটের জন্য এবং দুটি চালান প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার হবে। রসাটমের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ শেষ করার লক্ষ্য রয়েছে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। দুই ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দুই হাজার চারশো মেগাওয়াট। রাশিয়ার সহযোগিতায় তৈরি এই প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ আগেই সম্পন্ন হয়েছিল। এবার দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি ধাপে ধাপে পৌঁছনোর প্রক্রিয়া শুরু হয়েছে।পাকিস্তানের আকাশসীমা নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে বাংলাদেশে নানা আলোচনা শুরু হয়েছিল। তবে পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে বিমান চলাচল সংক্রান্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত। শেষ পর্যন্ত জট কাটিয়ে রাশিয়া থেকে রূপপুরের জন্য জ্বালানি পাঠানো শুরু হওয়ায় প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নেওয়ার পথও পরিষ্কার হয়েছে।

অক্টোবর ০২, ২০২৬
বিদেশ

ভারতের পাশে রাশিয়া, জার্মানি-জাপানকে নিয়ে উল্টো বার্তা! রাষ্ট্রসংঘে বড় কূটনৈতিক মোড়

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিতে ভারতের পাশে ফের জোরালো ভাবে দাঁড়াল রাশিয়া। শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তিনি স্থায়ী সদস্যপদের জন্য ভারত ও ব্রাজিলের প্রার্থিতাকে সমর্থনের কথা জানান।লাভরভের বক্তব্যে পশ্চিমের দেশগুলির জন্য অতিরিক্ত স্থায়ী আসন দেওয়ার বিরোধিতাও স্পষ্ট হয়েছে। বিশেষ করে জার্মানি ও জাপানকে নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী সদস্য করার প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। তাঁর বক্তব্য, নিরাপত্তা পরিষদের সংস্কারে উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন।এই অবস্থানের ফলে ভারতের দীর্ঘদিনের দাবিতে মস্কোর সমর্থন আরও এক বার প্রকাশ্যে এল। তবে রাশিয়ার এই সমর্থন মানেই ভারতের স্থায়ী সদস্যপদ নিশ্চিত হয়ে যাওয়া নয়। নিরাপত্তা পরিষদের কাঠামো বদলাতে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির মধ্যে দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। ভারত নিজেও দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ীদুই ধরনের সদস্যপদ বাড়ানোর পক্ষে সওয়াল করে আসছে।বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা স্থায়ী সদস্য। এই পাঁচ দেশের ভেটো ক্ষমতাও রয়েছে। বাকি ১০টি আসনে সদস্য দেশগুলি দুই বছরের জন্য নির্বাচিত হয়।ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপান মিলে নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিতে চার দেশের জোট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। চার দেশই নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ীদুই ধরনের সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে। চলতি বছরের ২২ সেপ্টেম্বরও চার দেশের বিদেশমন্ত্রীরা নিউ ইয়র্কে বৈঠক করে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।তবে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান চার দেশের এই যৌথ দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য সামনে এনেছে। মস্কো ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদকে সমর্থন করলেও জার্মানি ও জাপানের জন্য অতিরিক্ত স্থায়ী আসনের বিরোধিতা করছে। ফলে চার দেশের জোটের অভিন্ন দাবির পাশাপাশি রাশিয়ার নিজস্ব প্রস্তাবও স্পষ্ট হয়ে উঠেছে।শুধু রাশিয়াই নয়, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে পর্তুগাল এবং মরিশাসও সমর্থন জানিয়েছে। মরিশাসের বিদেশমন্ত্রী ভারতের প্রার্থিতার প্রতি তাঁদের দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পর্তুগালের প্রধানমন্ত্রীও নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের পক্ষে সওয়াল করে ভারত ও ব্রাজিলের স্থায়ী প্রতিনিধিত্বের কথা বলেন।নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রশ্নে ভারতের দাবি অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই দিল্লি মনে করে, বর্তমান কাঠামোতে বিশ্বের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার যথেষ্ট প্রতিফলন নেই। ভারত ও অন্যান্য সংস্কারপন্থী দেশ নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানিয়ে আসছে।এই আবহেই রাশিয়ার সাম্প্রতিক বক্তব্য ভারতের দাবিকে কূটনৈতিক ভাবে নতুন সমর্থন দিল। তবে স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য আরও দেশকে সঙ্গে নেওয়া, সংস্কারের কাঠামো নিয়ে ঐকমত্য তৈরি করা এবং রাষ্ট্রসংঘের নির্ধারিত প্রক্রিয়া এগিয়ে নেওয়াই এখন মূল বিষয়। তাই মস্কোর সমর্থন গুরুত্বপূর্ণ হলেও ভারতের স্থায়ী আসনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

সেপ্টেম্বর ২৭, ২০২৬
বিদেশ

রাশিয়ার তেল কিনলেই কি ১০০ শতাংশ শুল্ক? ট্রাম্পের সইয়ের পর ভারতের সামনে নতুন বিপদ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা আরও কঠোর করার নতুন বিলে সই করেছেন। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর তিনি বিলটিতে সই করেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইনটির মাধ্যমে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে।নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হল রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক বসানোর ক্ষমতা। নির্দিষ্ট পরিস্থিতিতে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলির পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে দেওয়া হয়েছে। তবে এই আইন সই হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পণ্যে ১০০ শতাংশ শুল্ক বসে যায়নি। শুল্ক আরোপ করা হবে কি না, তা মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।আইনটির আওতায় রাশিয়ার সবচেয়ে বড় অপরিশোধিত তেল ও গ্যাস ক্রেতা দেশগুলির পণ্যে শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য করতে সাহায্য করা দেশ বা সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে রাশিয়ার জ্বালানি বাণিজ্যের সঙ্গে যুক্ত দেশগুলির উপর নতুন করে চাপ তৈরি হতে পারে।ভারতের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে। সেই কারণে নতুন আইনটি কার্যকর হওয়ার পর থেকেই ভারতের উপর সম্ভাব্য শুল্কের প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে ভারতীয় পণ্যের উপর নতুন ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছেএমন কোনও ঘোষণা নেই।নতুন আইনে রাশিয়ার তেল ও গ্যাসের পাশাপাশি রুশ প্রশাসনের একাধিক ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান এবং রাশিয়ার জ্বালানি বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জোরদার করা হয়েছে। রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোই এই আইনের অন্যতম লক্ষ্য।ভারত অবশ্য আগেই জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ১৪০ কোটি মানুষের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করা ভারতের অন্যতম প্রধান লক্ষ্য। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দিল্লি।ভারতের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে, রাশিয়ার তেল কেনা দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক চাপানো হলে তার প্রভাব শুধু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে। এই বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের আলোচনাও হয়েছে বলে জানিয়েছে দিল্লি।অর্থাৎ, ট্রাম্পের সইয়ের পর ভারতের সামনে ১০০ শতাংশ শুল্কের সম্ভাবনার দরজা খুলেছে ঠিকই, কিন্তু সেই শুল্ক এখনই কার্যকর হয়েছেএমনটা নয়। আগামী দিনে মার্কিন প্রশাসন এই নতুন ক্ষমতা ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাশিয়ার তেল কেনা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়েও তাই নজর থাকবে পরবর্তী সিদ্ধান্তের দিকে।

সেপ্টেম্বর ১৯, ২০২৬
বিদেশ

পোল্যান্ড সীমান্তের কাছে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা! ইউক্রেন যুদ্ধ কি এবার ন্যাটোর দরজায়?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার পশ্চিম ইউক্রেনে ঘটনাটি ঘটে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। হামলায় ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ২০৬ জন যাত্রীর কেউ আহত হননি বলে দাবি করা হয়েছে।জানা গিয়েছে, পোল্যান্ডের একটি রেল সংস্থার পরিচালিত ওই ট্রেনটি কিয়েভ থেকে ওয়ারশের দিকে যাচ্ছিল। পথে আচমকাই ট্রেনটির উপর একের পর এক রুশ ড্রোন হামলা হয় বলে অভিযোগ। হামলার জেরে ট্রেনে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর প্রায় ছঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি এমন একটি সময়ে ঘটল, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে গোটা ইউরোপেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।পোল্যান্ডের কাছে এই ঘটনার গুরুত্ব আরও বেশি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। কারণ পোল্যান্ড ন্যাটোর সদস্য দেশ। ন্যাটোর চুক্তি অনুযায়ী, কোনও সদস্য দেশের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে পরিস্থিতি অনুযায়ী অন্য সদস্যদেশগুলির সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে পারে।তবে রবিবারের ঘটনাটিকে সরাসরি পোল্যান্ডের উপর রুশ হামলা হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাঁদের একাংশের মতে, পোল্যান্ড সীমান্তের এত কাছে এমন ঘটনা ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলতে পারে। রাশিয়ার উদ্দেশ্য ন্যাটোর প্রস্তুতি ও ঐক্য পরীক্ষা করা কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।বিশ্লেষকদের মতে, রাশিয়া যদি ভবিষ্যতে পোল্যান্ডের ভূখণ্ডে সরাসরি হামলা চালায়, তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কম। কারণ পোল্যান্ড ন্যাটোর সদস্য। সে ক্ষেত্রে গোটা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেই বড় পরিবর্তন আসতে পারে।তবে রবিবারের হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির মধ্যে পোল্যান্ড সীমান্তের কাছে এই হামলার অভিযোগ নতুন করে ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাইরাশিয়া যদি সত্যিই পোল্যান্ডের ভূখণ্ডে সরাসরি হামলা চালায়, তখন ন্যাটো কী পদক্ষেপ করবে?

সেপ্টেম্বর ১৩, ২০২৬
বিদেশ

মস্কোয় ভারতীয় ইঞ্জিনিয়ার আটক! জোর করে রুশ সেনায় যোগ দেওয়ানোর অভিযোগ, কাঁদতে কাঁদতে স্ত্রীর আর্জি

মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার চন্দন গুপ্তা। তাঁর স্ত্রী স্নেহা গুপ্তার দাবি, কোনও অপরাধ না করেও তাঁর স্বামীকে আটক করে জেলে রাখা হয়েছে। তাঁকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্নেহা। তবে ঠিক কী কারণে চন্দনকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।জানা গিয়েছে, চন্দন উত্তরপ্রদেশের বাসিন্দা। স্ত্রী স্নেহা এবং ১০ বছরের ছেলেকে নিয়ে বেশ কিছু দিন ধরেই মস্কোয় থাকছিলেন তিনি। রবিবার দুপুরে মস্কো পুলিশ তাঁকে আটক করে বলে পরিবারের দাবি। এর পরেই সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন স্নেহা।সেই ভিডিওতে স্নেহা জানান, চন্দন নয়ডার একটি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। চাকরির সূত্রেই সংস্থাটি তাঁকে রাশিয়ায় পাঠিয়েছিল। পরে বৈধ কাজের ভিসা নিয়ে স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে মস্কোয় যান চন্দন। সেখানে থাকার সময়ই তাঁকে পুলিশ আটক করে বলে অভিযোগ।স্নেহার দাবি, তাঁর স্বামী কোনও অন্যায় করেননি। তা সত্ত্বেও তাঁকে আটক করে জেলে রাখা হয়েছে। কেন তাঁকে আটক করা হয়েছে, সেই বিষয়ে পরিবারকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বলেও দাবি তাঁর।এরই মধ্যে আরও গুরুতর অভিযোগ করেছেন স্নেহা। তাঁর দাবি, চন্দনকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, তাঁকে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।স্বামীকে দেশে ফেরাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে চন্দনের পরিবার। স্নেহার কথায়, ১০ বছরের সন্তানকে নিয়ে তিনি মস্কোয় কার্যত অসহায় অবস্থায় রয়েছেন। তিনি রুশ ভাষা বুঝতে পারেন না। ফলে তাঁর স্বামীর সঙ্গে ঠিক কী ঘটছে, কেন তাঁকে আটক করা হয়েছে, তা জানতেও সমস্যায় পড়ছেন।কান্নায় ভেঙে পড়ে স্নেহা আবেদন জানিয়েছেন, তাঁর স্বামীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। অন্য দিকে, চন্দনকে ঠিক কোন অভিযোগে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর স্ত্রীর করা রুশ সেনায় যোগ দেওয়ানোর অভিযোগও স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। গোটা বিষয়টি নিয়ে পরিবারের তরফে সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

সেপ্টেম্বর ০৭, ২০২৬
বিদেশ

যুদ্ধ থামাতে মস্কোয় ট্রাম্পের দুই দূত! তার মধ্যেই তিন দিনের জন্য হামলা বন্ধ করল রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ফের তৎপর আমেরিকা। সেই লক্ষ্যেই শনিবার মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। তাঁদের সফরের মধ্যেই বড় ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী তিন দিন ইউক্রেনে কোনও হামলা চালানো হবে না বলে জানিয়েছে মস্কো।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় চার বছর ধরে যুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাত থামাতে আন্তর্জাতিক মহল থেকে বার বার আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির পথে বড় কোনও সমাধান হয়নি। এই পরিস্থিতিতেই ফের আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর চেষ্টা শুরু করেছে আমেরিকা।এর আগে যুদ্ধবিরতির জন্য একাধিক বার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই উদ্যোগের পরেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বিশেষ দূতদের মস্কো সফরকে নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ হিসাবেই দেখা হচ্ছে।শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, মার্কিন দূতেরা রাশিয়া সফরে থাকাকালীন কিয়েভের তরফে কোনও বিমান হামলা চালানো হবে না। একই সঙ্গে মস্কোকেও একই পদক্ষেপ করার আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, আলোচনা এবং মার্কিন দূতদের সফর সুষ্ঠু ভাবে চালানোর জন্য প্রয়োজনীয় সময় দেওয়া উচিত।এর পরেই শনিবার রাশিয়ার তরফে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। পুতিনের এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে যুদ্ধ থামার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই তিন দিনের বিরতি স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।জানা গিয়েছে, স্থায়ী ভাবে যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে একটি মার্কিন প্রস্তাব নিয়ে মস্কোয় গিয়েছেন স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। সেই প্রস্তাবে ঠিক কী রয়েছে, তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। তবে এই সফরকে যুদ্ধবিরতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।মস্কোয় রুশ প্রেসিডেন্ট এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর আগামী রবিবার কিয়েভে যাওয়ার কথা রয়েছে মার্কিন দূতদের। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। ফলে মস্কো এবং কিয়েভদুই জায়গাতেই আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর পথ খোঁজা হচ্ছে।তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার আগেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার কিয়েভের নিরাপত্তা পরিষেবার সদর দফতর-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। পাল্টা রাশিয়ার ভূখণ্ডেও দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।এই পরিস্থিতিতে পুতিনের তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এই বিরতি কতটা কার্যকর হয় এবং এর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কতটা এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সেপ্টেম্বর ০৫, ২০২৬
বিদেশ

ভারত-চিন সংঘাতে বড় বার্তা পুতিনের! ‘নাক গলাবে না রাশিয়া’, প্রকাশ্যে জানালেন কারণ

ভারত ও চিনের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত ও চিনের মতো দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সংবেদনশীল দ্বিপাক্ষিক সম্পর্কে রাশিয়া কোনও হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সীমান্ত সংক্রান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তরিকভাবে আগ্রহী।সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ভারত ও চিনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাঁর কথায়, ভারত-চিন সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল এবং বহুমাত্রিক। তাই এই বিষয়ে বাইরের কোনও দেশের হস্তক্ষেপ করা উচিত নয়। তবে রাশিয়া দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে এবং সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে তারা আশাবাদী।উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চিনের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। তবে গত কয়েক বছরে দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করার জন্য একাধিক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। সেই প্রক্রিয়ার ফলেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে।গত বছর চিনের তিয়ানজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের বৈঠক আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছিল। সেই বৈঠকে দুই নেতা জানিয়েছিলেন, ভারত ও চিন প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার। মতপার্থক্য থাকলেও তা বিবাদের কারণ হওয়া উচিত নয় বলেও মত প্রকাশ করেছিলেন তাঁরা।পুতিন আরও বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক চিনকে অস্বস্তিতে ফেলে না। একইভাবে চিনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ভারতের কোনও উদ্বেগ নেই। তাঁর মতে, তিন দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছে।সাক্ষাৎকারে পাকিস্তান প্রসঙ্গেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে চিন আড়াল থেকে সাহায্য করেছে বলে যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে পুতিন বলেন, পাকিস্তানকে সম্পূর্ণভাবে চিনের নিয়ন্ত্রণাধীন দেশ হিসেবে দেখা ঠিক হবে না। পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং বিশ্বের বহু দেশের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।তবে তিনি এটাও স্বীকার করেন যে পাকিস্তানের সামরিক শক্তির একটি বড় অংশ চিনের অস্ত্র ও প্রযুক্তির উপর নির্ভরশীল। তাঁর মতে, পাকিস্তানের সামরিক সরঞ্জামের বড় অংশ চিন থেকে আসে, ফলে ইসলামাবাদের কাছে বেজিংয়ের গুরুত্ব অবশ্যই রয়েছে।পুতিনের এই মন্তব্যকে আন্তর্জাতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারত-চিন সম্পর্ক, পাকিস্তানের অবস্থান এবং এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জুন ০৬, ২০২৬
বিদেশ

জ্বালানি সংকটে কাঁপছে বাংলাদেশ! ভারতের দরজায় ফের কড়া নাড়ল ঢাকা

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে পাশে দাঁড়িয়েছে ভারত। ইতিমধ্যেই একাধিক দফায় ডিজেল পাঠানো হয়েছে বাংলাদেশে। সংকট কাটাতে এবার নতুন পরিকল্পনার পথে হাঁটছে ঢাকা।সূত্রের খবর, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে তা ভারতে পরিশোধন করানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এরপর সেই পরিশোধিত জ্বালানি আবার ভারত থেকেই আমদানি করবে তারা। এই পুরো প্রক্রিয়ার খরচ বাংলাদেশই বহন করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গেও বিকল্প ব্যবস্থার জন্য আলোচনা চলছে।বাংলাদেশে মাত্র একটি তেল পরিশোধনাগার থাকায় সমস্যা আরও বাড়ছে। বিশেষ করে রাশিয়ার ভারী অপরিশোধিত তেল সেখানে সহজে পরিশোধন করা যায় না। সেই কারণেই অন্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণেও উদ্বেগ বাড়ছে।অন্যদিকে, ভারতের তরফে ইতিমধ্যেই ধাপে ধাপে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। জানা গিয়েছে, অসমের নিউমালিগড় শোধনাগার থেকে এপ্রিল মাসে মোট চল্লিশ হাজার টন ডিজেল পাঠানো হবে বাংলাদেশের পার্বতীপুরে। তার মধ্যে ইতিমধ্যেই পনেরো হাজার টনের বেশি পৌঁছে গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি নীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব যে দক্ষিণ এশিয়ার উপরও পড়ছে, এই ঘটনায় তা স্পষ্ট।

এপ্রিল ১২, ২০২৬
দেশ

তেল সংকটের আশঙ্কার মাঝেই বড় স্বস্তি! রাশিয়া থেকে তেল কিনতে ভারতের পথে আর বাধা নেই

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতে তেল সংকটের আশঙ্কাও দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিল আমেরিকা। এর ফলে আপাতত বড় স্বস্তি পেল নয়া দিল্লি।কিছু দিন আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দেশে প্রায় পঁচিশ দিনের পরিশোধিত ও অপরিশোধিত তেল মজুত রয়েছে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেল সরবরাহে বড় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।এই পরিস্থিতির মধ্যেই রাশিয়া আগেই জানিয়ে দিয়েছিল যে ভারতের প্রয়োজন হলে তারা তেল সরবরাহ করতে প্রস্তুত। কিন্তু আগে রাশিয়ার থেকে তেল না কেনার শর্তে ভারতের উপর শুল্ক কমিয়েছিল আমেরিকা। সেই কারণে ভারত আদৌ রাশিয়ার তেল কিনতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।অবশেষে সেই জট কাটল। আমেরিকার ট্রেজারি বিভাগ ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য সাময়িক ছাড়পত্র দিয়েছে। জানা গিয়েছে, এই অনুমতি ত্রিশ দিনের জন্য দেওয়া হয়েছে। পাঁচ মার্চ থেকে এই সময়সীমা কার্যকর হয়েছে এবং তিন এপ্রিল পর্যন্ত ভারত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে।আমেরিকার ট্রেজারি সচিব স্কট বেনেট সমাজমাধ্যমে একটি বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকার জ্বালানি কর্মসূচির ফলে তেল ও গ্যাস উৎপাদন অনেক বেড়েছে। বিশ্ব বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে ত্রিশ দিনের অনুমতি দেওয়া হয়েছে।একই সঙ্গে তিনি ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, ভারত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ভবিষ্যতে ভারত আমেরিকার কাছ থেকেও তেল কেনা বাড়াবে বলে তারা আশা করছে।উল্লেখযোগ্য বিষয় হল, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। তবে রাশিয়া ও চিনের তেলবাহী জাহাজকে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে।খবরে জানা যাচ্ছে, ভারতীয় জলসীমার কাছাকাছি এলাকায় রাশিয়ার প্রায় পঁচানব্বই লক্ষ ব্যারেল তেল রয়েছে। রাশিয়া আগেই জানিয়েছিল, প্রয়োজন হলে ভারত এই তেল ব্যবহার করতে পারে।এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই আলোচনার পর থেকেই মনে করা হচ্ছিল, এই সংকটের প্রভাব ভারতে খুব বেশি পড়বে না।তারই মধ্যে আমেরিকার এই সিদ্ধান্তে আপাতত তেল সরবরাহ নিয়ে বড় স্বস্তি পেল ভারত। তবে যুদ্ধ পরিস্থিতি কত দিন চলবে এবং বিশ্ব বাজারে তেলের দামে তার কী প্রভাব পড়বে, তা নিয়েই এখন নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

মার্চ ০৬, ২০২৬
বিদেশ

হরমুজ বন্ধের হুমকি, জ্বালানি সংকটে ভারত? ৯৫ লক্ষ ব্যারেল তেল নিয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত রাশিয়া

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত। বাজারে ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে। শেয়ার বাজারে ধস, টাকার দামে পতন সব মিলিয়ে অর্থনীতির উপর চাপ বাড়ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের তেলের মজুতেও টান পড়তে পারে বলে আশঙ্কা ।এই পরিস্থিতিতে পুরনো বন্ধু রাশিয়া সাহায্যের বার্তা দিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রায় পঁচানব্বই লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে একটি নৌবহর ভারতের জলসীমার কাছাকাছি অবস্থান করছে। নয়াদিল্লি চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই সেই তেল ভারতে পৌঁছে দেওয়া সম্ভব বলে ইঙ্গিত রাশিয়ার আধিকারিকদের।ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জবাবে ক্ষুব্ধ ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ওই পথে জাহাজ চলাচল হলে হামলা করা হবে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথ বন্ধ হলে ভারতের উপর সরাসরি প্রভাব পড়বে। কারণ ভারতের আমদানিকৃত তেলের বড় অংশই এই পথ দিয়ে আসে।কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার প্রস্তুত। তবু বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে সমস্যা বাড়বে। ভারত নিজের প্রয়োজনের প্রায় পঁচাশি শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করে। তার মধ্যে প্রায় অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও কুয়েত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ভারতে আসে। তরল প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই সঙ্কটে রাশিয়া আগেই জানিয়েছে, ভারতের জ্বালানি সরবরাহে সমস্যা হলে তারা পাশে থাকবে। মস্কো থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রয়োজনে তেলবাহী জাহাজগুলি দ্রুত ভারতে পাঠানো হবে।তবে প্রশ্ন উঠছে, ভারত কি সেই রুশ তেল কিনবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর শুল্ক চাপানো হতে পারে। বর্তমানে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গিয়েছে। সেই চুক্তিতেও রুশ তেল কেনা নিয়ে শর্ত থাকতে পারে।এই অবস্থায় নয়াদিল্লির সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুশ তেল কিনলে আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। আবার না কিনলে জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।এ নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা বলেন, রাশিয়া সাহায্যে প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেন ট্রাম্প।সব মিলিয়ে যুদ্ধের আবহে জ্বালানি, কূটনীতি ও অর্থনীতি তিন দিক থেকেই চাপে ভারত। এখন নজর নয়াদিল্লির সিদ্ধান্তের দিকে।

মার্চ ০৫, ২০২৬
বিদেশ

উপসাগর সংকটে তেল সরবরাহ বন্ধ? ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত রাশিয়া!

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। একটি রুশ সূত্রের দাবি, উপসাগরীয় সংকটের কারণে যদি বিশ্ববাজারে তেলের প্রবাহ ব্যাহত হয়, তবে রাশিয়া ভারতকে জ্বালানি সরবরাহে সহায়তা করতে প্রস্তুত।পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের বড় অংশের অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। সাম্প্রতিক হামলা ও পাল্টা হুমকির জেরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গিয়েছে। বিমা সংস্থাগুলিও কিছু ক্ষেত্রে কভার প্রত্যাহার করায় ট্যাঙ্কার চলাচল প্রভাবিত হচ্ছে।এদিকে ভারত সরকার জানিয়েছে, দেশের কাছে আপাতত পর্যাপ্ত তেল ও জ্বালানির মজুত রয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, পেট্রল, ডিজেল-সহ প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটাতে ছয় থেকে আট সপ্তাহের মতো মজুত রয়েছে। মোট হিসাবে প্রায় পঞ্চাশ দিনের জ্বালানি মজুত আছে বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রায় পঁচিশ দিনের অপরিশোধিত তেল এবং আরও পঁচিশ দিনের পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রয়েছে।ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল ও তরল গ্যাস আমদানি হরমুজ প্রণালী হয়ে আসে। ফলে ওই অঞ্চলে অশান্তি দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়তে পারে। তবে সরকার বিকল্প দেশ থেকে তেল, তরল গ্যাস ও প্রাকৃতিক গ্যাস আমদানির পথও খতিয়ে দেখছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, স্বল্পমেয়াদি কোনও সরবরাহ ব্যাঘাত সামলাতে ভারত প্রস্তুত।বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত। একই সঙ্গে পরিশোধন ক্ষমতায় চতুর্থ এবং পেট্রোলিয়াম পণ্য রফতানিতে পঞ্চম স্থানে রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত তেল কেনার উৎস বাড়িয়েছে, যাতে একক অঞ্চলের উপর নির্ভরশীলতা কমে।পরিস্থিতি নজরে রাখতে কেন্দ্রীয় সরকার চব্বিশ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষও চালু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানির মজুত ও সরবরাহ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট স্বস্তিদায়ক বলেই বর্ণনা করেছে।এই আবহে রাশিয়ার প্রস্তাব বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রয়োজনে রাশিয়া থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল আমদানি করা হতে পারে বলে সূত্রের খবর। যদিও আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতার ভিত্তিতে রুশ তেল কেনা ধীরে ধীরে কমানোর কথা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে।তবে বিশেষজ্ঞদের মতে, সরবরাহে তৎক্ষণাৎ ঘাটতির সম্ভাবনা কম হলেও বড় প্রভাব পড়তে পারে দামের উপর। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি আশি ডলারের উপরে উঠে গিয়েছে, যা ইরান সংকটের পর প্রায় দশ শতাংশ বৃদ্ধি। এতে ভারতের আমদানি ব্যয় ও মূল্যবৃদ্ধির আশঙ্কা বাড়ছে। গত অর্থবর্ষে অপরিশোধিত তেল আমদানিতে বিপুল অর্থ ব্যয় করেছে ভারত।এদিকে বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রেও সতর্কতা নেওয়া হয়েছে। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকে আগামী সাত দিনের জ্বালানি মজুত ও প্রয়োজনের হিসাব দিতে বলা হয়েছে। বর্তমানে দেশে তেত্রিশটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। পরিস্থিতি অস্থির থাকায় আগাম প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল এবং প্রায় কুড়ি শতাংশ তরল প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে যায়। সেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে। তবে আপাতত ভারত পরিস্থিতির উপর নজর রেখে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেই এগোচ্ছে।

মার্চ ০৪, ২০২৬
বিদেশ

রাশিয়ার হস্টেলে রক্তাক্ত তাণ্ডব! ভারতীয় পড়ুয়াদের উপর ছুরি নিয়ে হামলা কিশোর নাৎসি সদস্যের

রাশিয়ার একটি স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক কিশোর। এই ঘটনায় চার জন ভারতীয় পড়ুয়া আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বাকি তিন জনের অবস্থা স্থিতিশীল।পুলিশ জানিয়েছে, হামলাকারী কিশোরের বয়স প্রায় পনেরো বছর। সে নব্য নাৎসি গোষ্ঠী ন্যাশনাল সোশালিজম/ হোয়াইট পাওয়ার-এর সদস্য বলে দাবি করা হয়েছে। এই সংগঠনকে ২০২১ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছিল।ঘটনাটি ঘটেছে এমন একটি হস্টেলে, যেখানে মূলত বিদেশি পড়ুয়ারা থাকেন। জানা গিয়েছে, পুলিশ পৌঁছনোর আগেই কিশোরটি হস্টেলের ভিতরে ঢুকে কয়েক জন পড়ুয়ার উপর ছুরি নিয়ে হামলা চালায়। হামলার সময় তার মুখে নাৎসি স্লোগান ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এমনকি এক আহত পড়ুয়ার রক্ত দিয়ে সে দেওয়ালে স্বস্তিকা চিহ্ন এঁকেছিল বলেও অভিযোগ।রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গ্রেপ্তারের সময় কিশোরটি পুলিশের বাধার মুখে প্রতিরোধ করে। সে দুজন পুলিশকর্মীকেও ছুরি দিয়ে আঘাত করে। পরে সে নিজের শরীরেও আঘাত করে বলে জানা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চারপাশ বরফে ঢাকা। সেখানে পুলিশের হাতে আটক কিশোরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আহত চার ভারতীয় পড়ুয়ার মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি তিন জনের চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।হামলাকারী কিশোরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একটি শিশু হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে।

ফেব্রুয়ারি ০৮, ২০২৬
দেশ

আমেরিকা নিজে রাশিয়ার জ্বালানি কিনছে! ভারতের বেলায় নিষেধাজ্ঞা! ট্রাম্পের পর্দা ফাঁস পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বড় দ্বিচারিতার কথা প্রকাশ্যে এনে দিয়েছেন। ভারত যাতে রাশিয়া থেকে তেল না কিনতে পারে, তার জন্য ট্রাম্প প্রশাসন শুল্ক চাপানোর হুমকি দিচ্ছে। কিন্তু একই আমেরিকা নিজে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে ইউরেনিয়াম কিনে চলেছে। এই ইউরেনিয়াম দিয়েই আমেরিকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো চলছে। এক সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট বলেছেন, আমেরিকা আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনছে। এটাও তো জ্বালানি, শক্তি। তাহলে ভারত কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না? তিনি আরও বলেন, যদি আমেরিকার এই অধিকার থাকে, তাহলে ভারতকেও একই অধিকার দেওয়া উচিত। এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতেও তিনি প্রস্তুত।তথ্য বলছে, আমেরিকার জন্য রাশিয়া দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ। রাশিয়া যত ইউরেনিয়াম বিদেশে বিক্রি করে, তার প্রায় ২৫ শতাংশই যায় আমেরিকায়। চলতি বছরে শুধু ইউরেনিয়াম বিক্রি করেই রাশিয়া আমেরিকার কাছ থেকে প্রায় ১২০ কোটি ডলার আয় করেছে। ২০২৪ সালেও আয় হয়েছিল ৮০ কোটি ডলারের কাছাকাছি।পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের সঙ্গে জ্বালানি চুক্তি একটুও বদলায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে পা রেখেই তিনি এই বিস্ফোরক মন্তব্য করলেন।

ডিসেম্বর ০৫, ২০২৫
বিদেশ

ইউরোপের সঙ্গে যে কোনও মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত! ভারত সফরের আগে কঠোর বার্তা পুতিনের

আগামী ৪ ডিসেম্বর নয়াদিল্লি সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর। তবে দিল্লি সফরের আগেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের উদ্দেশে কড়া বার্তা দিলেন পুতিন।তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না। তিনি আগেও বহুবার এই কথা বলেছেন বলে দাবি করেন। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইউরোপ হঠাৎ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তাঁরা এখনই তার জন্য প্রস্তুত। পুতিনের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।এ দিকে রাশিয়ার সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, পুতিনের ভারত সফরের মূল লক্ষ্য দুদেশের বিশেষ ও ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা। তাঁর কথায়, ভারত ও রাশিয়ার সম্পর্ক গভীর ঐতিহাসিক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে রয়েছে।এই সম্মেলনে প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্য সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিসেম্বর ০৩, ২০২৫
  • ‹
  • 1
  • 2
  • 3
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি! দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মুর্শিদাবাদের লালগোলায় দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম লাইলি খাতুন (১৯)। শুক্রবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় লালগোলার ভরকুনটা গ্রামে লাইলির পরিবারের মধ্যে অশান্তি হয়। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর দুই মাসের পুত্রসন্তান। শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।এরপর তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে লালগোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এই ঘটনায় শিশুটির ঠাকুমা লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শিশুটির মা লাইলি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন লাইলি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তি এবং মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে শিশুটিকে পুকুরে ফেলা হয়েছিল, তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মাত্র দুই মাসের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, ভারতকে বিঁধে কী বললেন তারেক রহমান?

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও ভাঙচুর, আবার কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাম না করে ভারতের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্তব্য, সীমান্তের ওপারের যে দেশে আওয়ামি লিগের নেতারা আশ্রয় নিয়েছেন, সেই দেশই তাঁদের প্রভু। তারেকের এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।বৃহস্পতিবার লালমনিরহাটে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক। সেখানে আওয়ামি লিগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। তাঁর কথায়, সীমান্তের ওপারে যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশটিই এখন তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তাঁরা আবারও বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি সরাসরি ভারতের নাম না করলেও, তাঁর বক্তব্যে নয়াদিল্লির দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তারেকের এই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের কোনও মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের উপর সেই বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। হাসিনার দল আওয়ামি লিগের কর্মসূচির পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে।গত কয়েক দিনে গোপালগঞ্জ-সহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। এই অশান্তির জন্য আওয়ামি লিগের নেতা-কর্মীদের দায়ী করছে বাংলাদেশের সরকার। অন্য দিকে, তারেকের মন্তব্যে ভারতের প্রসঙ্গ উঠে আসায় দুই দেশের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি বিতর্কে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অবস্থানই তুলে ধরেছে।

নভেম্বর ২০, ২০২৬
দেশ

রাজস্থানের গ্রামীণ ভোটে বিজেপিকে বড় ধাক্কা, ৩৭ জেলার মধ্যে ২৪টিতে এগিয়ে কংগ্রেস

রাজস্থানের গ্রামীণ রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভোটের প্রাথমিক ফল এবং গণনার প্রবণতায় রাজ্যের শাসক দল বিজেপিকে পিছনে ফেলে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গিয়েছে কংগ্রেস। রাজ্যের ৩৭টি জেলার মধ্যে ২৪টিতে কংগ্রেসের অগ্রগতি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।জেলা পরিষদের নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস ২৪টি জেলায় এগিয়ে রয়েছে। বিজেপির অবস্থান ৮টি জেলায়। নির্দল ও অন্যান্য রাজনৈতিক দল ৪টি জেলায় এগিয়ে থাকলেও একটি জেলায় এখনও কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছতে পারেনি। এই পরিসংখ্যান রাজ্যের শাসক শিবিরের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে।পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেসের দাপটশুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতির ভোটেও কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি দেখা যাচ্ছে। রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৭৩টির ফলাফল বা ভোটের প্রবণতা সামনে এসেছে। তার মধ্যে ১৯৪টি সমিতিতে কংগ্রেস জয়ী অথবা এগিয়ে রয়েছে। বিজেপির দখলে এসেছে বা এগিয়ে রয়েছে ৮৯টি সমিতি। নির্দল ও অন্যান্য দল ৬৪টি সমিতিতে এগিয়ে রয়েছে।গ্রামীণ স্তরে এই ব্যবধান বিজেপির রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে রাজ্যে ক্ষমতায় থাকার পরও স্থানীয় নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দলের সামনে নতুন করে সংগঠন মজবুত করার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।জয়পুরে কংগ্রেসের বড় জয়, বিজেপির অঙ্কে ধসরাজস্থানের রাজধানী জয়পুরের ফলাফল এবারের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে। জয়পুর জেলা পরিষদের ৫৭টি আসনের মধ্যে ৪৫টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৩১টি আসন পেয়েছে কংগ্রেস, বিজেপি পেয়েছে মাত্র ১২টি। অন্য প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জয়পুর জেলা পরিষদের বর্তমান চেয়ারপার্সন রমা চোপড়াও নির্বাচনে পরাজিত হয়েছেন। জয়পুরের ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির সাফল্য সীমাবদ্ধ থেকেছে মাত্র ২টি সমিতিতে। রাজধানী সংলগ্ন এলাকায় এই ফল শাসক দলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও বিজেপির চ্যালেঞ্জ, এগিয়ে RLPরাজনৈতিক ধাক্কার আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানের থেকে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP)।মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় অন্য দলের এই সাফল্য রাজ্যের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির কাছে এটি শুধুমাত্র স্থানীয় নির্বাচনের ফল নয়, বরং দলের রাজনৈতিক প্রভাব ও সাংগঠনিক শক্তি নিয়েও নতুন করে মূল্যায়নের পরিস্থিতি তৈরি করেছে।ভোটের ফল কি রাজস্থানের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে?নির্বাচনের আগে যুব সমাজের আন্দোলন, বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ এবং UGC-র নতুন বিধি ঘিরে বিতর্কসহ একাধিক রাজনৈতিক ইস্যু রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই আবহেই পঞ্চায়েত ভোটে কংগ্রেসের এই অগ্রগতি বিরোধী শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাতে পারে।যদিও পঞ্চায়েত নির্বাচনের ফল সরাসরি রাজ্য সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করে না, তবুও গ্রামীণ ভোটের এই বার্তা উপেক্ষা করা কঠিন। রাজস্থানে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি স্থানীয় স্তরে জনসমর্থন পুনরুদ্ধার এখন দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে, অভ্যন্তরীণ মতপার্থক্য সত্ত্বেও কংগ্রেসের এই সাফল্য আগামী দিনের রাজনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

নভেম্বর ২০, ২০২৬
কলকাতা

আরজি করের প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইকে ফের চাপে ফেলল হাইকোর্ট! কী নির্দেশ বিচারপতির?

আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সিবিআই কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পাশাপাশি ঘটনার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। এই বিষয়টি তদন্তের বাইরে রাখা যাবে না।তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করেছে আদালত। তাই আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, তার সবকটিই সিবিআইকে তদন্তের আওতায় আনতে হবে।অর্থাৎ, চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শুরু করে পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।এর আগে গত ১ অক্টোবর মামলার শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ৯ অগস্ট থেকে ওঠা সমস্ত অভিযোগ তদন্তের আওতায় আনার নির্দেশ দিল আদালত। ফলে আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

ট্রেনে রিলস দেখা, স্পিকারে গান শোনা বন্ধ করুন! নিয়ম না মানলে গুনতে হতে পারে ১ হাজার টাকা

ট্রেনে জোরে ফোনে কথা বলা, স্পিকারে গান শোনা কিংবা মোবাইলে ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করার দিন শেষ হতে চলেছে। এ বার থেকে এমন আচরণ করলে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে কথা বলা কিংবা স্পিকারে গান ও ভিডিও চালিয়ে উপদ্রব করলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি রেল আইনে ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে রাতের দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রী মোবাইলে সিনেমা দেখতে বা ফোনে কথা বলতে থাকেন। তাতে পাশের যাত্রীদের ঘুমের অসুবিধা হয়। কেউ আপত্তি জানালে অনেক সময় বচসাও শুরু হয়। এই ধরনের সমস্যা কমাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল পূর্ব রেল।রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর থেকে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্টেশন এবং ট্রেনের কামরায় যাত্রীদের সচেতন করতে হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও নিয়মিত ঘোষণা করতে হবে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই বিষয়ে বেশি করে প্রচার করতে বলা হয়েছে।যাত্রীদের মোবাইলে গান বা ভিডিও চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করতে পরামর্শ দেওয়া হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পাশাপাশি রিংটোনের আওয়াজ কম রাখতেও বলা হবে। জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বলে অন্য যাত্রীদের অসুবিধা না করার বিষয়েও সচেতন করা হবে।নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ রয়েছে। ওই ধারায় উপদ্রবের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এ ধরনের ঘটনায় টিকিট পরীক্ষক এবং তাঁর ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা রেল আইনের আওতায় ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।নির্দেশিকা কার্যকর করার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তার রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। প্রতিটি স্টেশনের নোটিস বোর্ডেও এই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কামরায় মোবাইলের আওয়াজ নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যায় এ বার কতটা লাগাম পড়ে, সেটাই দেখার।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হতে পারে ফসল! ক্ষয়ক্ষতির হিসাব চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও বৃষ্টির জলে ডুবে গিয়েছে চাষের জমি, কোথাও আবার মাঠেই পড়ে রয়েছে পাকা ধান। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃষ্টির জেরে কোন জেলায় কতটা ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে সমস্ত জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কতএই সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়ার উন্নতি হলেই ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ শুরু করবে কৃষি দফতর। সমীক্ষায় জমির পরিমাণ, ক্ষতিগ্রস্ত ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক ক্ষতির হিসাব খতিয়ে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করতে চাইছে রাজ্য। সে জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কৃষকেরা ১৪৪৪৭ নম্বরে ফোন করে তাঁদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ যাচাই করা হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও জমিতে জল জমে ফসল ডুবে গিয়েছে, আবার কোথাও পাকা ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টি চলতে থাকলে ধান পচে গিয়ে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।শুধু ধান নয়, শীতকালীন সবজির চাষ নিয়েও চিন্তায় কৃষকেরা। এই সময়ে জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এবং লঙ্কার চারা থাকে। টানা বৃষ্টিতে মাটি অতিরিক্ত ভিজে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে সবজির ফলন কমতে পারে। এর প্রভাব পড়তে পারে বাজারদরেও। সব মিলিয়ে বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তা জানতে এখন জেলা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় রাজ্য সরকার।

নভেম্বর ২০, ২০২৬
খেলার দুনিয়া

বুমরাহর বোলিংয়ে দিশেহারা কিউই ব্যাটার, বলের গতিপথ বুঝতেই হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষ

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে যেন এক অমীমাংসিত ধাঁধা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বল কখন ভিতরে ঢুকবে, কখন সোজা বেরিয়ে যাবে, কিংবা কখন নিখুঁত ইয়র্কারে ব্যাটারের পায়ের সামনে আছড়ে পড়বেআগাম আন্দাজ করাই কঠিন। বেসিন রিজার্ভে বুমরাহর এই মায়াবী বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা কিউই ব্যাটাররা। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন নিউজিল্যান্ড উইকেটরক্ষক ইয়ান স্মিথও।চা-বিরতির আলোচনায় বুমরাহর বোলিং নিয়ে স্মিথের মন্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, বুমরাহর সামনে ব্যাটাররা নিজেদের সিদ্ধান্তের উপরেই বিশ্বাস রাখতে পারছেন না। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের উইকেট পতনের পর থেকেই যেন এই মানসিক চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে বিপাকে পড়েন ব্যাটাররা। বুমরাহর বলে ঠিক কী ঘটতে চলেছে, সেই অনিশ্চয়তাই ক্রমশ তাঁদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে।ল্যাথামের উইকেট ছিল বুমরাহর দক্ষতার এক অসাধারণ নিদর্শন। অফ স্টাম্পের বাইরে যাচ্ছে ভেবে বল ছেড়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক। কিন্তু শেষ মুহূর্তে বলের গতিপথ বদলে ভিতরের দিকে ঢুকে সরাসরি অফ স্টাম্প উড়িয়ে দেয়। নিখুঁত লাইন, নিয়ন্ত্রিত সুইং এবং অবিশ্বাস্য সময়জ্ঞানসব মিলিয়ে কার্যত নিখুঁত এক ডেলিভারি।বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বুমরাহর ইনসুইং এখন পরিচিত অস্ত্র। কিন্তু এই পরিচিত অস্ত্রকেই বারবার নতুন করে বিপজ্জনক করে তুলছেন তিনি। ২০১৮ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের কিটন জেনিংসকে একই ধরনের বলে বোল্ড করে চমকে দিয়েছিলেন বুমরাহ। সেই সময় তাঁর ইনসুইং নিয়ে সংশয় ছিল ক্রিকেট মহলে। আজ সেই বলের রহস্য অনেকটাই পরিচিত হলেও বুমরাহর নিয়ন্ত্রণ এবং নিখুঁত প্রয়োগ তাঁকে এখনও অপ্রতিরোধ্য করে তুলেছে।শুধু সুইং নয়, বুমরাহর বোলিং অ্যাকশনও ব্যাটারদের বিভ্রান্তির অন্যতম কারণ। বল ছাড়ার মুহূর্তে তাঁর কব্জি ও আঙুলের অবস্থান এমন এক বিভ্রম তৈরি করে, যাতে ব্যাটাররা বলের প্রকৃত দিক বুঝতে পারেন না। ডানহাতি ব্যাটারদের কাছে ভিতরে ঢুকছে বলে মনে হওয়া বল অনেক সময় পিচে পড়ে সোজা বেরিয়ে যায়। এই বিভ্রান্তির ফাঁদেই টম ব্লান্ডেল স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান।ড্যারিল মিচেলের উইকেটের পিছনে ছিল বুমরাহর কৌশলী পরিকল্পনা। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বোলারের লেংথ নষ্ট করার চেষ্টা করছিলেন মিচেল। তাঁর এই পরিকল্পনা বুঝে ফিল্ডিং সাজানোর পরিবর্তন করেন বুমরাহ। যশস্বী জয়সওয়ালকে শর্ট-লেগে এনে মিচেলকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করেন। এরপর কব্জির সূক্ষ্ম মোচড়ে ভিতরের দিকে ঢোকা বল ছুড়ে দেন। বল ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট-লেগে থাকা জয়সওয়ালের কাছে পৌঁছতেই দুরন্ত ক্যাচে তা তালুবন্দি করেন তিনি।দিনের শেষ ভাগে পিচের গতি কমে আসে। ঘাস শুকিয়ে যাওয়ায় সিম মুভমেন্টও অনেকটাই কমে যায়। শেষ পাঁচ ওভারে রান দিলেও বুমরাহর চাপ কমেনি। সেট হয়ে যাওয়া হেনরি নিকোলসকে আচমকা ইয়র্কারে চমকে দেন তিনি। নতুন বলেও ইনসুইং ইয়র্কারের মাধ্যমে ব্যাটারদের সমস্যায় ফেলেন।বৃহস্পতিবার ১৭ ওভার বল করে পাঁচটি মেডেন-সহ মাত্র ৫২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বুমরাহ। যেখানে ভারতের অন্য চার বোলার মিলিতভাবে পেয়েছেন মাত্র দুটি উইকেট, সেখানে একাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেন এই তারকা পেসার।বুমরাহর সাফল্যের রহস্য শুধুমাত্র গতি কিংবা সুইংয়ে সীমাবদ্ধ নয়। তাঁর বোলিংয়ের আসল শক্তি লুকিয়ে রয়েছে ব্যাটারের মানসিকতা পড়তে পারা, একই অ্যাকশন থেকে বিভিন্ন ধরনের বল বের করে আনা এবং সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগে। ফলে ব্যাটাররা প্রতিটি বল খেলার আগে দ্বিধায় পড়ে যাচ্ছেনএই অনিশ্চয়তাই বুমরাহর সবচেয়ে বড় সাফল্য।ইয়ান স্মিথের মন্তব্য তাই নিছক প্রশংসা নয়, বুমরাহর বোলিংয়ের মনস্তাত্ত্বিক প্রভাবের যথার্থ ব্যাখ্যা। ব্যাটাররা যখন বোলারের বলের চেয়ে নিজের সিদ্ধান্ত নিয়েই বেশি সন্দিহান হয়ে পড়েন, তখন সেই বোলার যে কতটা ভয়ংকর হয়ে উঠেছেন, তা সহজেই বোঝা যায়।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

রিয়াধের সর্বোচ্চ বহুতলে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আর্থিক কেন্দ্র, হতাহতের খবর নেই

রিয়াধ: সৌদি আরবের রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হল শহরের অন্যতম উচ্চতম বহুতল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর সদর দফতর। বৃহস্পতিবার ভোরের এই হামলায় বহুতলের একাধিক তল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।হামলার পর রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে নিরাপত্তা জোরদার করা হয়। ভবন থেকে কর্মী ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। বিস্ফোরণের অভিঘাতে বহুতলের বেশ কয়েকটি জানলা ভেঙে যায়।সূত্রের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি ওই বহুতলে আঘাত হানে। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রাথমিক বক্তব্য ছিল, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা।প্রায় ৩৮৫ মিটার উচ্চতার এই বহুতলে সৌদি আরবের সরকারি বিনিয়োগ সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দফতর রয়েছে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বহুমুখী করার বিভিন্ন প্রকল্পে এই সংস্থা অর্থায়ন করে।চলতি মাসে রিয়াধের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি প্রশাসনিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত, এই অভিযান আরও ছয় মাস চলতে পারে। ফলে রিয়াধ ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নভেম্বর ২০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal