• ৩ অগ্রহায়ণ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Rail Minister

দেশ

কপিল মুনির আশ্রমের কাছেই পৌঁছবে রেল! গঙ্গাসাগর নিয়ে বড় সুখবর, দিল্লিতে বৈঠকের পর ঘোষণা

আর কয়েক মাস পরেই গঙ্গাসাগর মেলা। তার আগেই গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ তৈরির বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমকে রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় ৪ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান মুখ্যমন্ত্রী। বৈঠকে বাংলার মোট ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।বৃহস্পতিবার দিল্লির রেল ভবনে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। বৈঠকে বাংলার বিভিন্ন রেলপ্রকল্প নিয়ে আলোচনা হয়। আসন্ন কেন্দ্রীয় বাজেটে রাজ্যের বকেয়া রেলপ্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার আবেদনও জানান মুখ্যমন্ত্রী।এই বৈঠকে নন্দীগ্রামের দেশপ্রাণ থেকে নতুন রেলপথ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই জমি দিয়েছে রাজ্য সরকার। দ্রুত কাজ শুরু করে আগামী মার্চের মধ্যে রেল চলাচল চালু করার বিষয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত সমস্যার কারণে এই প্রকল্পের কাজ আটকে ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর দুসপ্তাহের মধ্যেই সেই সমস্যা মিটিয়ে নতুন করে জমি বরাদ্দ করা হয়েছে। এবার দ্রুত প্রকল্পের উদ্বোধন করতে চায় রাজ্য সরকার। প্রধানমন্ত্রী সময় দিলেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।তবে বৃহস্পতিবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গঙ্গাসাগর রেল প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গঙ্গাসাগর এবং কপিল মুনির আশ্রমকে রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রাথমিক মানচিত্র তৈরির কাজ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের আগে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি এবং সমীক্ষার কাজ শুরু করা হবে।মুখ্যমন্ত্রীর দাবি, আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচল শুরু হতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গাসাগর মেলায় যাওয়া পুণ্যার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে সড়কপথ ও জলপথের উপর নির্ভর করতে হয় যাত্রীদের। রেলপথ তৈরি হলে সেই ভোগান্তি অনেকটাই কমবে। প্রকল্পের জন্য প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এ ছাড়াও রাজ্যে পণ্য পরিবহণের সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গত কয়েক বছরে বাংলায় শিল্প, বিনিয়োগ ও ব্যবসার পরিমাণ বেড়েছে। তাই পণ্য পরিবহণের জন্য আরও বেশি রেলওয়াগন প্রয়োজন। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহণ যাতে আরও সহজে এবং দ্রুত করা যায়, তা নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।বাংলার রেলপ্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার জন্য একজন নির্দিষ্ট আধিকারিক নিয়োগের পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। ওই আধিকারিক রাজ্যের চলতি ও বকেয়া রেলপ্রকল্পগুলির অগ্রগতি দেখবেন এবং কাজের গতি বাড়ানোর দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে, গঙ্গাসাগর রেলপথ, নন্দীগ্রামের নতুন রেললাইন এবং চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে বৃহস্পতিবারের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্য সরকার। তবে গঙ্গাসাগর পর্যন্ত কবে থেকে ট্রেন চলবে, তা নির্ভর করছে সমীক্ষা, প্রকল্পের অনুমোদন এবং নির্মাণকাজের উপর।

নভেম্বর ২০, ২০২৬
দেশ

রেলে লাগাতার দূর্ঘটনা, সতর্ক থাকতে নির্দেশ সব মহলকে

কোনও জায়গায় রেললাইনে রাখা সিলিন্ডার, কোথাও ৭০ কেজির সিমেন্টের চাঁই ! কোথাও পরপর মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা তো কোথাও যাত্রীবাহী ট্রেনের বরাত জোরে রক্ষা। বিগত কয়েক মাসে এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। তার জেরেই সাধারণ মানুষ এখন কার্যত ট্রেনে উঠতেই ভয় পাচ্ছেন। রেল অবশ্য আগেই দাবি করেছিল যে, এইসব ঘটনায় কোনও নাশকতা নেই। তাও বিষয়গুলি একদমই হালকাভাবে নিচ্ছে না রেল। সেই মতো এবার পদক্ষেপও নেওয়া হল।দেশের সব রাজ্যের সরকার, পুলিশের ডিজি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র সঙ্গে কাজ শুরু করেছে ভারতীয় রেল।কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার জানিয়েছেন, যারা ধারাবাহিকভাবে রেল ট্র্যাকে নানা বস্তু ফেলে দিয়ে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে তারা কোনও ভাবেই ছাড় পাবে না। এদের ধরতে কাজ শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুত ফল পাওয়া যাবে। তাঁর কথায়, পরপর কিছু ঘটনা গোটা রেল পরিবারকে চিন্তিত করে তুলেছে। কিন্তু সকলেই সতর্ক হয়ে আছেন। খুব তাড়াতাড়ি দোষীদের ধরা হবে।

সেপ্টেম্বর ২৪, ২০২৪
রাজ্য

কুয়াশার মধ্যেই চলছে উদ্ধারকাজ, ময়নাগুড়ি পৌঁছলেন রেলমন্ত্রী, জন বার্লা

হাহাকার ক্রমেই বাঁধ ভাঙছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। সেই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, দুর্ঘটনার কারণ এখনই বলা যাবে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পরেই সবটা জানা যাবে।শুক্রবার সকালে ময়নাগুড়িতে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মধ্য রাতেই হাওড়া স্টেশনে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার পর বিশেষ ট্রেনে করে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রওনা হন তিনি। সকালে পৌঁছে ট্রলিতে চেপে ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পর বলেন, খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। তদন্তও শুরু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রী বিষয়টিরও উপর নজর রাখছেন। আমি এখানে এসেছি এই দুর্ঘটনার মূল কারণ কী তা জানার জন্য।আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ রয়েছে। উনি খোঁজখবর নিচ্ছেন।West Bengal: Railway Minister Ashwini Vaishnaw reaches the train accident site near Domohani, JalpaiguriHe says, A statutory inquiry has been initiated. PM Modi is monitoring the situation Im in constant touch with him. I wish a speedy recovery to the injured. pic.twitter.com/eiamXGjxb2 ANI (@ANI) January 14, 2022অন্যদিকে শুক্রবার ভোরেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করা হবে। রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশাতেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা। দুমড়ে মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা ট্রেনের কামরাগুলি ক্রেনের সাহায্যে এক এক করে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি, কামরার ভিতরে আর কেউ আটকে আছে কি না, তা ভাল করেও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।আহতদের ৩৬ জনের চিকিৎসা চলেছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ৬ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কয়েক জনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, মেডিক্যাল বোর্ড গঠন করে আটটি মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।

জানুয়ারি ১৪, ২০২২
দেশ

Rail Minister: জেলাশাসক থেকে সফল ব্যবসায়ী, মেধাবী অশ্বিনী এখন দেশের বড় দায়িত্বে

অনেক ক্ষেত্রেই সাংসদ-বিধায়কদের প্রথাগত শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকের পড়াশুনার গন্ডি মাধ্যমিকও পার হয়নি। এরই মধ্যে মন্ত্রীও হন কেউ কেউ। রাজনীতিতে অংশগ্রহণে শিক্ষিত সমাজের অনীহা ক্রমশ বাড়ছে। ব্যতিক্রমও কেউ কেউ আছেন। বুধবার রেলমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর পড়াশুনার খতিয়ান চমকে দেওয়ার মতো।২০২১ এ বুধবার প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য মন্ত্রীসভার সম্প্রসারণ করেন। তাতে রেলমন্ত্রীর দ্বায়িত্ব পান অশ্বিনী বৈষ্ণব। তাঁকে রেল মন্ত্রক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের দ্বায়িত্ব দেওয়া হয়।অশ্বিনী বৈষ্ণব ১৯৭০-এ রাজস্থানের যোধপুর শহরে জন্মগ্রহণ করেন। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন অশ্বিনী। ১৯৯১-তে ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্বর্ণপদক নিয়ে রাজস্থানের যোধপুর থেকে এমবিএম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪-তে আইএএস যোগ দেওয়ার আগে আইআইটি কানপুর থেকে এমটেক সম্পন্ন করেন। আইএএস তাঁর সর্বভারতীয় স্তরে তাঁর র্যাঙ্কিং ছিল ২৭। ২০০৮ সালে বৈষ্ণব পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ওয়ার্টন স্কুল থেকে এমবিএ পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।বৈষ্ণব ওড়িষ্যার বালাসোর ও কটক জেলায় জেলা শাসক হিসাবে কাজ করেছিলেন। পুর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কার্যালয়ে উপসচিব পদে নিযুক্ত হওয়ার আগে ২০০৩ পর্যন্ত তিনি ওড়িশায় কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনস্ত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন। ২০০৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নির্বাচন পরাজয়ের পর তিনি বাজপেয়ীর ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছিলেন। ২০০৬এ তিনি গোয়ার মর্মাগাঁও পোর্ট ট্রাস্টের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হন, পরবর্তী দুবছর তিনি সেখানেই থাকেন।এমবিএ শেষ করার পরে অশ্বিনী ভারতে ফিরে এসে জিই পরিবহণে ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দেন। তারপরে তিনি সিমেন্সের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিলেন।কর্পোরেট সেক্টরে কাজ করতে করতে তিনি নিজে ব্যাবসায় মন স্থির করেন। ২০১২ তে তিনি কর্পোরেট সেক্টর ছেড়ে গুজরাতে তিনটি টি অটো লজিস্টিকস প্রাইভেট লিমিটেড এবং ভি ভি জি অটোর কম্পোনেন্টস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন।২০১৮ -তে তিনি ওড়িশা থেকে রাজ্যসভার সংসদ। ওড়িশায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা নির্বাচনে জিতেছিলেন। বৈষ্ণব বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কমিটির সদস্য। তাঁর মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও বন।

জুলাই ০৮, ২০২১
দেশ

Local Train: লোকাল ট্রেন চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তর

রাজ্যে যে কার্যত লকডাউন পরিস্থিতি চলছে তার নিন্দা আগেই করেছে বিজেপি। এ বার রেলমন্ত্রীকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার দাবি জানাল গেরুয়া শিবির। দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বৃহস্পতিবারই লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি-সহ টুইটও করেছেন স্বপন। লিখেছেন, রাজ্যে এখন যে লকডাউন চলছে তা খামখেয়ালি এবং শৃঙ্খলাহীন। এই দাবির সঙ্গে গয়ালকে চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, বাংলার সাধারণ মানুষের সুবিধা করে দিতে রেলমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগতভাবে আপনি আশা করি উদ্যোগী হবেন। আমি বিশ্বাস করি, বাংলার মানুষ আপনার পদক্ষেপের আশায় রয়েছেন।আরও পড়ুনঃ দুয়ারে সরকার,-এর পর এবার পূর্ব বর্ধমানে দুয়ারে পুলিশবিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে গত ৬ মে রাজ্যে করোনা রুখতে কড়া বিধিনিষেধ চালু করা হয়। রাজ্য সরকার সেটাকে লকডাউন না বললেও কার্যত সেই পরিস্থিতিই তৈরি হয়। লোকাল ট্রেন চলাচল সেই থেকেই বন্ধ রয়েছে। সম্প্রতি বিধিনিষেধে রাজ্য সরকার অনেক ছাড় দিলেও এখনও লোকাল ও মেট্রো রেল চালুর অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি তা নিয়ে বিভিন্ন জায়গায় যাত্রী বিক্ষোভও হয়েছে।The terms of the lockdown in W Bengal are whimsical. Buses are allowed but local trains Kolkata Metro are not. Commuters are facing enormous hardship loss of livelihood. I have today requested the Rail Minister to initiate the process of resumption of services. pic.twitter.com/5jQ6LOrb1L Swapan Dasgupta (@swapan55) July 1, 2021বৃহস্পতিবার থেকেই রাজ্যে বিধিনিষেধে নতুন ছাড় শুরু হচ্ছে। এই সময় ট্রেল চলাচল স্বাভাবিক না হলেও কিছু ছাড় মিলবে বলে আশা করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন, এখন ট্রেন চালালে করোনা সংক্রমণ এক লাফে বেড়ে যাবে। তারই বিরোধিতা করে রেলমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্বপন দাবি করেছেন, গত ১৫ দিনে রাজ্যে লকডাউন পরিস্থিতিতে অনেক ছাড় মিলেছে। অফিস, থেকে রেস্তরাঁ, জিম, সেলুন ও পার্লার চালু হয়েছে। লোকাল বাসও চালু হয়েছে। কিন্তু ট্রেন চালু না হওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। যে অল্পসংখ্যক গণপরিবহণ চালু রয়েছে তাতে খুবই ভিড় হচ্ছে। সুতরাং লোকাল ট্রেন চালু হলে যাত্রী সমস্যা অনেকটাই মিটে যাবে।

জুলাই ০১, ২০২১
কলকাতা

অসহযোগিতার অভিযোগ ওড়াল রেল, তদন্ত কমিটি গঠন

কয়লাঘাটে পূর্ব রেলের ভবনে আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন রেলওয়ে দপ্তর কোনও সহযোগিতা করেনি। এদিকে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল৷ টুইট করে রেলমন্ত্রী পিযুষ গোয়েল এই তদন্তের নির্দেশ দিয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেলমন্ত্রী।সোমবার রাতেই স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুনে ৯ জনের মৃত্যু হয়। দুটি লিফটে আগুনে ঝলসে গিয়ে দমবন্ধ হয়ে এই ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, আগুন নেভানোর কাজে রেলওয়ে দপ্তর কোনও সহযোগিতা করেনি। ঘটনাস্থলে রেলের কোনও কর্তা আসেননি। ওই ভবনের ম্যাপও দিতে পারেনি রেল। ম্যাপ মিললে আগুন নিয়ন্ত্রণ সহজ হত। ঘটনাস্থলে মোট ২৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। I salute the bravery of 3 Railway personnel, including RPF Constable Sanjay Sahni, Dy Chief Comm. Mgr. Partha Sarathi Mondal Sr Technician Sudip Das, along with 5 firefighters a police ASI, who laid down their lives to stop fire at Eastern Railways Strand road office, Kolkata Piyush Goyal (@PiyushGoyal) March 9, 2021এদিকে এই অগ্নিকাণ্ডে রাজ্য সরকার সম্পূর্ণ সমন্বয় রেখে কাজ করেছে বলে টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পিযুষ গোয়েল। পাশাপাশি ৪ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি।All possible assistance has been provided by the Railways to the State Govt during this unfortunate fire accident. A high level inquiry consisting of four Principal heads of Railway departments has been ordered to ascertain the cause of the fire. Piyush Goyal (@PiyushGoyal) March 8, 2021

মার্চ ০৯, ২০২১

ট্রেন্ডিং

দেশ

বিচারপতির বদলে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে তোলপাড়

বিচারপতির জন্য নির্দিষ্ট গার্ড অফ অনার পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এই ভুল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণত সাংবিধানিক পদে থাকা বিশিষ্ট ব্যক্তিদেরই এই বিশেষ সম্মান দেওয়া হয়। তা হলে একজন সাংসদকে কেন গার্ড অফ অনার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, ওয়েইসিকে এই সম্মান দেওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্য তৈরি করা ব্যবস্থা ভুল করে তাঁকেই দেওয়া হয়েছে।শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁর জন্যই গার্ড অফ অনার-এর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। কিন্তু আচমকাই সেখানে হাজির হন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। ভোটের প্রচারের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য তিনি সার্কিট হাউসে যান। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা ভুল করে তাঁকেই গার্ড অফ অনার দিয়ে বসেন। ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান ওয়েইসি। পরে অবশ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ সাংসদকে কেন এমন সম্মান দেওয়া হল? সাহারানপুরের পুলিশ সুপারও ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওয়েইসির গার্ড অফ অনার পাওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভুল করে ওয়েইসিকে তা দেওয়া হয়েছে। কী ভাবে এই ভুল হল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক দল। এবার উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন এআইএমআইএম প্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রচারও শুরু করেছেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার পাওয়ার ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

নভেম্বর ২২, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বাবাকে খুন করে রান্নাঘরেই লুকিয়েছিল রক্তমাখা চাপাতি! সবজি রাখার ট্রে খুলতেই চমকে গেল পুলিশ

বাবাকে খুনের পর রক্তমাখা চাপাতি লুকিয়ে রেখেছিল রান্নাঘরে। তাও আবার সবজি রাখার ট্রের ভিতরে! পুলিশ হেফাজতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে সঙ্গে নিয়ে সেই অস্ত্র উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির নেতাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম পল লেপচা। বাবাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নেতাজিপাড়ার বাড়িতে খুন হন বৃদ্ধ অনিমা প্রসাদ লেপচা। বাবাকে খুনের অভিযোগ ওঠে তাঁর ছেলে পল লেপচার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এর পর শনিবার রাতেই অভিযুক্ত পলকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। তদন্তকারীদের নিয়ে রান্নাঘরে যায় সে। সেখানেই সবজি রাখার ট্রের ভিতর থেকে উদ্ধার হয় মাংস কাটার একটি চাপাতি। পুলিশ সূত্রে খবর, সেটি রক্তমাখা ছিল। অভিযোগ, বাবাকে খুন করার পর ওই চাপাতিটিই রান্নাঘরের সবজি রাখার ট্রেতে লুকিয়ে রেখেছিল পল।পুলিশের দাবি, পল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার অভ্যাস ছাড়ানোর জন্য তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে বেশ কিছু দিন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। কিন্তু বাড়ি ফেরার পর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ।তবে নেশার কারণেই কি বাবাকে খুন করেছে পল? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের প্রকৃত কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে। তদন্তের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। উদ্ধার হওয়া চাপাতি-সহ অন্যান্য নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। কেন এমন ঘটনা ঘটল, তা জানতে সব দিক খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

৭০ বছরের অমীমাংসিত অঙ্কের সমস্যার সমাধান! কলকাতার নীনা এবার জায়গা পেলেন টাইমের বিশেষ তালিকায়

অঙ্কের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু কারও কারও কাছে অঙ্ক শুধু হিসাব মেলানোর বিষয় নয়, বরং নতুন প্রশ্নের উত্তর খোঁজার পথ। সেই পথ ধরেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। প্রায় ৭০ বছর ধরে অমীমাংসিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বার তাঁর সেই সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঙালি গণিতবিদ। বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবকদের বিভাগে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা।তবে এই সাফল্য এক দিনে আসেনি। দীর্ঘদিনের গবেষণা, পরিশ্রম এবং অঙ্কের প্রতি গভীর আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০১৪ সালে প্রায় সাত দশক ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার বিশেষ ক্ষেত্রে নতুন সমাধান সামনে এনে আন্তর্জাতিক গণিতের জগতে পরিচিতি পান নীনা। তাঁর গবেষণা গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা বীজগাণিতিক জ্যামিতিতে নতুন দিশা দেখায়।১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনার। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরিতে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়েকে বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন তিনি। শুধু নীনা নন, তাঁর ভাইকেও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতেন মা। ছোটবেলা থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয়েছিল নীনার।কলেজে পড়ার সময়ই গণিত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। বেথুন কলেজে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা শুরু করেন।তবে তাঁর পড়াশোনার পথ সব সময় সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা তাঁকে বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। পরবর্তী সময়ে বিভিন্ন মঞ্চে মেয়েদের গণিত ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।নীনার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা। প্রায় ৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম নামে একটি সমস্যা। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি সামনে এনেছিলেন।সহজ করে বললে, সমস্যাটির মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যোগ করার পর যদি তাদের গঠন একই রকম হয়ে যায়, তা হলে কি বলা যায় যে অতিরিক্ত মাত্রা যোগ করার আগেও তাদের গঠন একই ছিল? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতবিদেরা।নীনা গুপ্তা এই সমস্যার একটি বিশেষ ক্ষেত্রে এমন একটি উদাহরণ সামনে আনেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। তাঁর গবেষণায় দেখানো হয়, দুটি আলাদা গাণিতিক কাঠামোতেও অতিরিক্ত মাত্রা যোগ করার পর মিল দেখা যেতে পারে। এই কাজের জন্য তিনি আসানুমার তৈরি একটি বিশেষ ত্রিমাত্রিক গাণিতিক কাঠামো ব্যবহার করেন। তাঁর এই গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে বিশেষ গুরুত্ব পায়।এই গবেষণার জন্য ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার পান নীনা। এর পর একের পর এক সম্মান এসেছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান তিনি।২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য দেওয়া রামানুজন পুরস্কার পান নীনা। এই পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। ওই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।২০২৩ সালে পান টিডব্লিউএএস-ক্যাস ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার। ২০২৪ সালে অ্যালজেব্রিক জিওমেট্রি এবং কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের জন্য ইনফোসিস পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা দেন তিনি।এ বার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিলেন কলকাতার নীনা গুপ্তা।ছোটবেলায় মায়ের উৎসাহে অঙ্কের ধাঁধা সমাধান করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গণিতের কঠিন সমস্যার সমাধাননীনার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। বিশেষ করে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে চাওয়া মেয়েদের কাছে তাঁর সাফল্য একটি বড় উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, কৌতূহল, পরিশ্রম এবং নতুন ভাবে ভাবার সাহস থাকলে গবেষণার জগতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বিহার থেকে গ্রেফতার, দুর্গাপুর থানায় এনে রাখা হয়েছিল! রাতারাতি লকআপ ভেঙে পালাল অভিযুক্ত

পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত থানার লকআপের জানলা ভেঙে পালিয়ে গেলেন! বিহার থেকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশে রাখা হয়েছিল পুলিশ হেফাজতে। কিন্তু শনিবার রাতে থানার লকআপ থেকে উধাও হয়ে যান ওই অভিযুক্ত। রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নজরদারি এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চুরির মামলায় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে দুর্গাপুরে নিয়ে এসে আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে মনোজকে পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তাঁকে কোকওভেন থানার লকআপে রাখা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে লকআপ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, জানলা ভাঙা। কিন্তু ভিতরে নেই মনোজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লকআপের জানলা ভেঙেই পালিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই থানার পুলিশকর্মীরা তল্লাশি শুরু করেন। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। তবে রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্ত কী ভাবে লকআপের জানলা ভেঙে পালালেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। থানার ভিতরে পুলিশকর্মীদের নজরদারি থাকা সত্ত্বেও কেন বিষয়টি কারও নজরে এল না, সেই প্রশ্নও উঠছে। লকআপের জানলাটি আগে থেকেই ভাঙা ছিল কি না, সেটি মেরামত করা হয়েছিল কি না এবং অভিযুক্তের উপর যথাযথ নজর রাখা হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনায় অস্বস্তিতে পড়েছেন থানার পুলিশকর্মীরা। আপাতত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না থানার আধিকারিকেরা। অন্য দিকে, পলাতক অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ভাবে পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত পালালেন, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ২২, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই পেট্রাপোলে আওয়ামি লীগের চার নেতা! কী পরিকল্পনা দলের?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামি লীগের চার শীর্ষ নেতা। রবিবার তাঁদের বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাওয়ার কথা। দলীয় সূত্রে খবর, কলকাতায় থাকা আওয়ামি লীগের এই চার নেতা সেখানে তিন থেকে চার দিন থাকতে পারেন। তার পর তাঁদের ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, এই চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। বর্তমানে তাঁরা কলকাতায় রয়েছেন। সেখান থেকেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন।অন্য দিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আগামী মাসে তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে কবে, কী ভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামি লীগের তরফে এখনও কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। মানবাধিকার দিবস কিংবা বাংলাদেশের বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিকে ঘিরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আকাশপথের বদলে স্থলপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন শেখ হাসিনা। তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে আওয়ামি লীগ। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলিতেও ওই রিপোর্ট পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।আওয়ামি লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ সালিম মাহমুদ ওই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে বাংলাদেশের রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। দলের দাবি, নড়াইলে প্রায় দুই শতাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা।রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে আওয়ামি লীগকে নিশানা করে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও চেয়েছে আওয়ামি লীগ। রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশের পরিস্থিতি স্বাধীন ভাবে পর্যবেক্ষণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে দেশে রাজনৈতিক বহুত্ববাদ, নাগরিকের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা দাবি করেছে দলটি।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

মায়ের খুনের মামলায় সাক্ষী ছিল মেয়ে! জামিনে বাবার মুক্তির পরই সোনারপুরে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

মায়ের খুনের মামলায় বাবা ছিলেন মূল অভিযুক্ত। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাবা। আর তার কিছু দিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল মেয়ের ঝুলন্ত দেহ। সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিশোরীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। ওই ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান সমীর। তার পর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, সায়নীর নিরাপত্তার কথা ভেবে মোবাইলের সিম কার্ড বদলে নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নতুন নম্বরও নেওয়া হয়। কিন্তু পরিবারের দাবি, সেই নম্বরও কোনও ভাবে জেনে যান সমীর।এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সায়নীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে সায়নী কারও সঙ্গে ফোনে কথা বলেছিল কি না, তা জানতে কলের তথ্য-সহ মোবাইলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, সায়নীর মৃত্যুর ঘটনায় তার বাবা সমীর শিকারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মামাবাড়ির পরিবার। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সমীরের ভূমিকা থাকতে পারে। তবে পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কী কারণে সায়নীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইলের তথ্য সামনে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নভেম্বর ২২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal