• ২০ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Chorbagan

কলকাতা

উৎসবের মরসুমে নিরাপত্তায় বড়সড় প্রস্তুতি, পুজো কমিটিগুলিকে কী কী করতে বলল নবান্ন?

দুর্গাপুজো শেষ। সামনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজো। এই উৎসবগুলিকে ঘিরে বিভিন্ন মণ্ডপ ও ঘাটে প্রচুর মানুষের ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। চোরবাগান কাণ্ডের পর আরও সতর্ক হয়েছে প্রশাসন। উৎসবের ভিড় সামলানো থেকে শুরু করে অগ্নিনির্বাপণ এবং ঘাটের নিরাপত্তাসব বিষয়েই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন।নির্দেশিকায় পুজো কমিটিগুলিকে মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। প্রবেশ ও বেরোনোর পথ যথেষ্ট চওড়া রাখতে হবে। কোনওভাবেই যাতে মণ্ডপের ভিতরে অতিরিক্ত ভিড় জমে না যায়, সে দিকে নজর রাখতে হবে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার নির্দেশও দেওয়া হয়েছে।কোন মণ্ডপে কত মানুষের ভিড় হতে পারে, তা মাথায় রেখে পুলিশ মোতায়েন করতে হবে। পাশাপাশি মণ্ডপে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। নিরাপত্তার সব ব্যবস্থা ঠিকমতো করা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ ও প্রশাসন।মণ্ডপে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। কোনও দুর্ঘটনা ঘটলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে যাতে দমকল পৌঁছতে পারে, সেই ব্যবস্থার কথাও বলা হয়েছে।শুধু মণ্ডপ নয়, ছটপুজো উপলক্ষে বিভিন্ন ঘাটের নিরাপত্তা নিয়েও সতর্ক প্রশাসন। ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। নৌকায় রাখতে হবে লাইফ জ্যাকেট। পাশাপাশি ঘাটগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা ঘরের ব্যবস্থাও করতে হবে।কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর পরেই রয়েছে ছটপুজো। ফলে উৎসবের মরসুমে মণ্ডপ এবং ঘাটে ভিড় সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। চোরবাগান কাণ্ডের পর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না নবান্ন। তাই আগেভাগেই পুজো কমিটি, পুলিশ এবং প্রশাসনের জন্য একাধিক নির্দেশ জারি করা হয়েছে।

নভেম্বর ০১, ২০২৬
কলকাতা

চোরবাগান কাণ্ডে বড় পদক্ষেপ পুলিশের! আতঙ্কের মাইকিংয়ে গ্রেফতার আরও এক ঘোষক, ধৃতের সংখ্যা ২

সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার মধ্যে মণ্ডপ ভেঙে যাচ্ছে বলে ঘোষণার অভিযোগ। তদন্তে উঠে এসেছে দুই ঘোষকের নাম। কেন এমন ঘোষণা, নেপথ্যে কারও নির্দেশ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।কলকাতার চোরবাগান দুর্গাপুজোর বিপর্যয় ঘিরে তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। মণ্ডপে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানো ঘোষণার ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কুশল মজুমদার। তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এর আগে এই ঘটনায় চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়েছিল। ফলে মাইকে বিভ্রান্তিকর ঘোষণা সংক্রান্ত মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।পুলিশের তদন্তে উঠে এসেছে, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে যখন দর্শনার্থীদের মধ্যে প্রবল ঠেলাঠেলি ও হুড়োহুড়ি চলছিল, তখন মাইকে ঘোষণা করা হয়, মণ্ডপ ভেঙে যাচ্ছে। অভিযোগ, এই ঘোষণা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। আতঙ্কিত দর্শনার্থীরা দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। তাতেই বিশৃঙ্খলা আরও বেড়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। যদিও ওই ঘোষণার উদ্দেশ্য এবং তার সঙ্গে বিপর্যয়ের সম্পর্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজনের খোঁজঘটনার পরই মণ্ডপে মাইক থেকে কে বা কারা ওই ঘোষণা করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে সন্দেহের তালিকায় রাখা হয়। তাঁদের গতিবিধির উপর নজরদারি চালানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল। অবশেষে দ্বিতীয় সন্দেহভাজন কুশল মজুমদারকেও পাকড়াও করা হল।পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই সঞ্জীব রাহা ওরফে সেন্টুর খোঁজ মিলছিল না। তাঁর বাড়িতে গিয়েও পুলিশ তাঁকে পায়নি। তদন্তকারীদের দাবি, বিপর্যয়ের পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। তবে বিভিন্ন সময়ে অন্য নম্বর ব্যবহার করে পরিবার ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। সেই সূত্র ধরে সন্দেহভাজন আটটি মোবাইল নম্বরের উপর নজরদারি চালানো হয়। শেষ পর্যন্ত সেই সূত্র ধরেই বৃহস্পতিবার নদিয়া থেকে সেন্টুকে গ্রেফতার করে পুলিশ।আতঙ্কের ঘোষণা ঘিরে বাড়ছে প্রশ্নচোরবাগান কাণ্ডের পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে মণ্ডপের ভিতরে ও বাইরে চরম বিশৃঙ্খলার ছবি দেখা যায়। একটি ভিডিয়োতে গ্রিল দিয়ে ঘেরা ঘোরানো উড়ালপথের উপর কয়েক জন দর্শনার্থীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়। অন্য একটি ভিডিয়োতে মণ্ডপ থেকে বেরোনোর গেটের ভিতরে কয়েক মিটার দূরেই ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির মধ্যে কয়েক জনকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। আতঙ্কিত দর্শনার্থীদের চিৎকারের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেও দেখা যায় এক পুলিশকর্মীকে।এই বিশৃঙ্খলার মধ্যেই মাইক থেকে মণ্ডপ ভেঙে যাচ্ছে বলে ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘোষণার পর দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং অনেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি। তদন্তের স্বার্থে ভিডিয়োগুলির সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা জরুরি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজেও ওই ঘোষণার বিষয়টি তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে।নির্দেশ দিয়েছিল কে? খতিয়ে দেখছে পুলিশতদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। মণ্ডপে যখন ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তখন ঠিক কী পরিস্থিতিতে ওই ঘোষণা করা হয়? ঘোষকরা কি নিজেরাই এমন কথা বলেছিলেন, নাকি তাঁদের পিছনে অন্য কারও নির্দেশ ছিল? পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঘোষণা করা হলেও তা কীভাবে আতঙ্ক বাড়িয়ে দিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সঞ্জীব রাহা ও কুশল মজুমদারদুজনেরই বাড়ি অমর বসু সরণিতে, চোরবাগানের পুজোমণ্ডপ থেকে প্রায় ৫০ মিটারের মধ্যে। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া সঞ্জীবকে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানোর কথা ছিল বলে জানা গিয়েছিল। দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতারের পর তদন্তের পরবর্তী পর্যায়ে তাঁদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে পুলিশের।চোরবাগানের বিপর্যয় ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। তার মধ্যে মাইকে করা ওই ঘোষণা কেন এবং কী উদ্দেশ্যে করা হয়েছিল, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দুই সন্দেহভাজন ঘোষককে গ্রেফতারের পর এবার এই ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত কতদূর এগোয়, সেদিকেই নজর কলকাতার।

অক্টোবর ২৩, ২০২৬
কলকাতা

চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা, ২০২৭-এর পুজোর আগেই আগাম প্রস্তুতি! শ্যামপুরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করে আগামী বছর দুর্গাপুজোর আগেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর। শ্যামপুরে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, নদীবাঁধ মেরামতি, কর্মসংস্থান ও আবাস যোজনা নিয়েও একাধিক ঘোষণা করলেন তিনি।শ্যামপুর: উৎসবের আনন্দের মধ্যে চোরবাগানের পদপিষ্টের ঘটনায় যে বেদনার ছায়া নেমে এসেছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর দুর্গাপুজোর আগেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে চায় রাজ্য সরকার। ২০২৭ সালের পুজোয় যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে শ্যামপুরের বেলপুকুর কলেজের মাঠে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে চোরবাগানের ঘটনা থেকে শুরু করে রাজ্যের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান ও গ্রামীণ পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।মুখ্যমন্ত্রীর বক্তব্যে এ দিন বিশেষ গুরুত্ব পায় চোরবাগানের দুর্ঘটনা। প্রথম সপ্তমীর রাতে ওই ঘটনায় প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, উৎসবের আনন্দের মধ্যেই বেদনার পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, এই ঘটনার তদন্ত হবে এবং ভবিষ্যতে যাতে এমন বিপর্যয় আর না ঘটে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে। আগামী বছরের দুর্গাপুজোর অনেক আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মৃত ১৮ জনের মধ্যে ১২ জনের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। বাকি ছটি পরিবারের সঙ্গে ২৩ ও ২৪ তারিখের মধ্যে দেখা করার পরিকল্পনার কথাও জানান। দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি। ক্ষতিপূরণ দিয়ে স্বজনহারা পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে সরকারের কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনকে আরও সতর্ক হওয়ার বার্তা দেন তিনি।শ্যামপুরের অতীত প্রসঙ্গ তুলে রাজনৈতিক আক্রমণবিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে শ্যামপুরের কয়েক বছর আগের অশান্তির প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, এক সময়ে যাঁরা মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন, তাঁদেরই এখন প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে। দুর্গাপ্রতিমা ভাঙার প্রসঙ্গ তুলে তাঁর আরও মন্তব্য, যাঁরা দুর্গাঠাকুর ভেঙেছিলেন, তাঁদের মা দুর্গাই ক্ষমতার অলিন্দ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে এলাকার উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।১৪ শয্যার স্বাস্থ্যকেন্দ্র হবে ১০০ শয্যারশ্যামপুরের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বড় পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে এলাকায় ১৪ শয্যার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেটিকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার আশ্বাস দেন তিনি। শুধু শয্যা বাড়ানোই নয়, স্বাস্থ্যকেন্দ্রে আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে পরিষেবা চালুর কথাও ঘোষণা করেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার জন্য দূরে যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।নদীবাঁধের ভাঙন রোধে উদ্যোগ, কাঠের সেতুর বদলে পাকা ব্রিজপ্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে শ্যামপুরের পরিকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ঘূর্ণিঝড়প্রবণ এই এলাকায় নদীবাঁধের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি এলাকার বিভিন্ন জায়গায় থাকা কাঠের সেতুগুলিকে পাকা সেতুতে রূপান্তরের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বোয়ালিয়ায় একটি বড় সেতু তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।শ্যামপুরে পর্যটনের সম্ভাবনা নিয়েও আশাবাদী তিনি। এলাকার প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পর্যটনকেন্দ্রিক উন্নয়নের সুযোগ রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামোর উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।আগামী ৮ মে-র মধ্যে এক লক্ষ চাকরির প্রতিশ্রুতিকর্মসংস্থান প্রসঙ্গেও এ দিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রতিশ্রুতি, আগামী বছরের ৮ মে-র মধ্যে রাজ্যে এক লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার আশ্বাসও দেন তিনি। তবে কোন কোন দপ্তরে কত পদে নিয়োগ হবে এবং তার বিস্তারিত সময়সূচি কী, সে বিষয়ে এ দিনের বক্তব্যে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।পঞ্চায়েতে ৫০ লক্ষ টাকার কাজের নির্দেশ, আবাস যোজনায় আরও ২৫ লক্ষ বাড়িগ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও পঞ্চায়েতগুলিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিকশিত ভারত ভিবি-জিরামজি প্রকল্পের প্রসঙ্গ তুলে আগামী ছমাসের মধ্যে প্রতিটি পঞ্চায়েতে ৫০ লক্ষ টাকার কাজ করার কথা বলেন তিনি। তাঁর দাবি, ১২৫ দিনের কর্মসূচিতে ৩৭০ ধরনের কাজ করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেন তিনি।আবাস যোজনার পরবর্তী ধাপে আরও ২৫ লক্ষ বাড়ি তৈরির কথাও জানান মুখ্যমন্ত্রী। গ্রামীণ এলাকার মানুষের বাসস্থানের চাহিদা পূরণ এবং স্থানীয় পরিকাঠামোর উন্নয়নকে সামনে রেখেই এই উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।চোরবাগানের দুর্ঘটনা এ দিনের অনুষ্ঠানে শোক ও সতর্কতার বার্তা নিয়ে এলেও, একই মঞ্চ থেকে শ্যামপুরের স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, কর্মসংস্থান এবং আবাসন নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। এখন নজর থাকবে, ঘোষিত প্রকল্পগুলির কতটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়িত হয় এবং আগামী বছরের দুর্গাপুজোর আগে দুর্ঘটনা রোধে কী ধরনের আগাম ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

অক্টোবর ২২, ২০২৬
কলকাতা

চোরবাগানে দুর্গাপুজোর ভিড়ে মর্মান্তিক বিপর্যয়! পদপিষ্টের আশঙ্কা, একাধিক মৃত্যুর দাবি সূত্রের, হাসপাতালে মুখ্যমন্ত্রী

কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। প্রবল বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপে ঢোকার হুড়োহুড়ি, তার সঙ্গে বিপুল দর্শনার্থীর চাপসব মিলিয়ে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে তৈরি হল ভয়াবহ পরিস্থিতি। মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আনন্দবাজার সুত্রে জানা যায় এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর এই সংখ্যা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের থানায় ডাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বন্ধ করে দেওয়া হয় মণ্ডপের আলো এবং প্রবেশ ও বেরোনোর পথ।প্রবল বৃষ্টির জেরেই কি বিপত্তি?সপ্তমীর সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। তার জেরে রাস্তায় যানজট তৈরি হওয়ার পাশাপাশি পুজো মণ্ডপগুলিতেও দর্শনার্থীদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃষ্টির হাত থেকে বাঁচতে লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ একসঙ্গে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। শুরু হয় ঠেলাঠেলি। সেই সময় কয়েক জন ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁদের পিছনে থাকা ভিড়ের চাপে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মণ্ডপের ভিতরের একটি বৃত্তাকার পথে এই বিপত্তি ঘটে। ওই পথে দর্শনার্থীদের ঘুরে মণ্ডপ থেকে বেরিয়ে আসার ব্যবস্থা ছিল। সেখানে একসঙ্গে বহু মানুষের জমায়েত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কাঠামোর কোনও অংশ ভেঙে পড়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।হাসপাতালে আহতদের ভিড়, চলছে চিকিৎসাঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কলকাতা পুলিশের সূত্রে প্রথমে ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও, পরে মেডিক্যাল কলেজের একটি সূত্রে দাবি করা হয়, সেখানে ৪০ থেকে ৫০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের দাবি, কয়েক জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দও।হাসপাতালের একটি সূত্রের দাবি, মৃত ১৭ জনের মধ্যে ১৩ জন মহিলা, তিন জন পুরুষ এবং একটি শিশু রয়েছে। তবে প্রশাসনের তরফে এই মৃত্যুসংখ্যা বা মৃতদের পরিচয় সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে সরকারি নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে।উদ্ধারকাজে জোর, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্নদুর্ঘটনার পর মণ্ডপ চত্বরে উদ্ধারকাজে জোর দেওয়া হয়। পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। মণ্ডপের আলোও নিভিয়ে দেওয়া হয়, যাতে উদ্ধারকাজে অসুবিধা না হয়।অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি যখন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তারক্ষী সময়মতো সেখানে উপস্থিত ছিলেন না। সাহায্যের আবেদন জানিয়েও তাঁরা সাড়া পাননি বলে অভিযোগ। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও নির্গমন ব্যবস্থাপনা এবং নিরাপত্তার পর্যাপ্ততা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।পুজো উদ্যোক্তা বিকাশ দাস জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোই তাঁদের প্রধান লক্ষ্য। পদপিষ্ট হয়েই এই বিপর্যয় ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।৩৬০ ডিগ্রির মণ্ডপে কীভাবে ঘটল দুর্ঘটনা?চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির ২০২৬ সালের পুজোর ভাবনা অরব, যার ইংরেজি ব্যাখ্যা বিয়ন্ড সাউন্ড। শব্দের পরিচিত সীমা ছাড়িয়ে নীরবতার গভীরে পৌঁছনোর ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল মণ্ডপ। সৃজনশীল পরিকল্পনার অন্যতম আকর্ষণ ছিল ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ দেখার ব্যবস্থা। সেরা পুজোর তালিকায়ও এই পুজো তৃতীয় স্থান পেয়েছিল বলে জানা গিয়েছে।কিন্তু দর্শনার্থীদের চলাচলের জন্য তৈরি বৃত্তাকার এলিভেটেড করিডোর ঘিরেই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক সূত্রের খবর। ওই পথে একসঙ্গে কত জনের চলাচলের ব্যবস্থা ছিল, ভিড়ের সময় প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ কীভাবে করা হচ্ছিল এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প বেরোনোর পথ ছিল কি নাএই প্রশ্নগুলি এখন গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন দেবদীপ অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা পুজো কমিটির চেয়ারম্যান। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তমোঘ্ন ঘোষও এই পুজোর সঙ্গে যুক্ত। তবে দুর্ঘটনার দায় নির্ধারণের ক্ষেত্রে কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের বদলে তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণই গুরুত্বপূর্ণ হবে।হেল্পলাইন চালু রাজ্য সরকারেরঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। দুর্ঘটনায় আহতদের সম্পর্কে তথ্য জানতে বা সংশ্লিষ্ট সহায়তার জন্য এই নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে।সপ্তমীর সন্ধ্যায় উৎসবের আবহে ঘটে যাওয়া এই বিপর্যয় ফের বড় পুজো মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। তবে কত জনের মৃত্যু হয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি নাতার চূড়ান্ত উত্তর মিলবে সরকারি বিবৃতি ও তদন্তের পরেই।

অক্টোবর ১৭, ২০২৬

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

দিল্লির কোচ হয়েই সৌরভের বড় চাল! আইপিএল নিলামে ফিরিয়ে আনতে চান কোন দুই তারকাকে?

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের ছোট নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চাইছে দিল্লি। তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। শুধু কোচিং নয়, দল গঠনের কাজেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর বক্তব্যে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে এই দুই ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, দুজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা ২০২৭ সালের আইপিএলের ছোট নিলামের আসর। ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।ম্যাকগার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসেবে দিল্লির দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে তাঁকে ধরে রাখতে বিশেষ অধিকার প্রয়োগ করেছিল ফ্র্যাঞ্চাইজি। সে বার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর রান করার গতি ছিল ১৯৯.৪৯।অন্য দিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। তবে মাত্র এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বার আবার তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সৌরভের দল।সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লি ক্যাপিটালসে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং বিভাগেও বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটার বদলের পথেও হাঁটছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজনকে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে তারা। এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফেরানোর পরিকল্পনার কথাও উঠে এসেছে।আইপিএলে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পর পর দুবার প্লে-অফে জায়গা করতে পারেনি দলটি।এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দিল্লি। বিদায় জানানো হয়েছে হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলকে।এ বার সৌরভের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে পারলে দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটাই এখন দেখার। বাংলার মহারাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাইদিল্লিকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মৃত্যুর আগে বাবাকেও বলেছিলেন ‘তুমিও খুন হয়ে যেতে পারো’! চিকিৎসকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

মৃত্যুর আগে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তরুণ চিকিৎসক। কখনও সাহায্য চেয়েছিলেন, কখনও আবার প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। কালীপুজোর দিন নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ৩০ বছর বয়সি চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে র্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। এমনকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পরিবারের।অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। ২০২৪ সালে সেখান থেকেই এমবিবিএস পাশ করেন তিনি। পরে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেন। বর্তমানে স্নাতকোত্তর চিকিৎসা পাঠে ভর্তির জন্য নিট-পিজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।তবে মৃত্যুর আগে তাঁর ফেসবুক প্রোফাইলে করা একাধিক পোস্ট এখন তদন্তকারীদের নজরে এসেছে। ওই পোস্টগুলিতে বারবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একটি পোস্টে সাহায্য চেয়ে তাঁকে বাঁচতে সাহায্য করার আবেদন জানান। অন্য একটি পোস্টে নিজের চারপাশে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এই পোস্টগুলি কেন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিজিতের ভগ্নিপতি সুদীপ্ত সরকার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, হস্টেলে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের জীবন নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করে তাঁকে খুনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলি মুছে ফেলার জন্যও তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।অভিজিতের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের সন্দেহ, এর পিছনে পরিকল্পিত অপরাধ থাকতে পারে। হস্টেলের কয়েক জন আবাসিক এবং স্থানীয় বাসিন্দার একাংশের দাবি, ঘটনার দিন হস্টেলের ভিতর থেকে বাঁচার জন্য চিৎকার শোনা গিয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে পরিবারের তরফে এখনও নির্দিষ্ট করে কারও নাম জানানো হয়নি।পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে অভিজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।অভিজিতের বাবা জ্ঞানেন্দ্র সরকারের অভিযোগ, তাঁর ছেলে হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে তাঁদের সন্দেহ। এমনকি তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জ্ঞানেন্দ্র জানান, রবিবার দুপুর ৩টে নাগাদ ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় অভিজিৎ তাঁকে সতর্ক থাকতে বলেছিল। এমনকি বাবাকে বলেছিল, তুমিও খুন হয়ে যেতে পারো।নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন অভিজিৎ। সাপজোলা দেশবন্ধু হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ওই স্কুলের শিক্ষক গোলক মণ্ডল জানান, অভিজিৎ তাঁর ছাত্র ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিল।ডাক্তারি পাশ করার পর মাঝেমধ্যে বাড়িতে এলেও বেশির ভাগ সময় নিজের ঘরে মোবাইল ও ল্যাপটপ নিয়ে পড়াশোনা করত অভিজিৎ। এমন এক মেধাবী তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে।র্যাগিংয়ের অভিযোগ, মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের তোলা খুনের আশঙ্কাসব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিজিতের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

দিঘায় পর্যটকদের জন্য একগুচ্ছ চমক! হোম স্টে করলেই মিলবে ৫ লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ বড় পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুন করে সাজিয়ে তোলা হবে। পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দফতরকে সঙ্গে নিয়ে এই কাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।শুধু দিঘা নয়, আশপাশের একাধিক এলাকাকেও নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর এবং পেটুয়ার মতো এলাকাকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, এমন পর্যটনকেন্দ্র তৈরি করা, যেখানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষও কম খরচে ঘুরতে যেতে পারবেন।মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর এবং আশপাশের উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করা হবে। এই এলাকাগুলিতে যাঁরা হোম স্টে তৈরি করতে চান, তাঁদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে। নতুন দোকান, হোটেল বা লজ তৈরি করতে চাইলেও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দিঘার হারিয়ে যাওয়া ঝাউবন ফিরিয়ে আনতে সমুদ্রসৈকত জুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ তৈরি হবে বলে মনে করছে সরকার।দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের কাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান খুলতে চাইলে আবেদন করতে পারবেন। হোটেল, লজ বা হোম স্টে তৈরির ক্ষেত্রেও সরকার সাহায্য করবে। হোম স্টে তৈরির জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরনো স্নেক পার্ক আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অমরাবতী পার্কের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য সরকারি উদ্যোগে হেলিকপ্টার পরিষেবা চালুর কথাও ভাবছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের ব্যবস্থা করতে তৈরি করা হবে সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক বাসের জন্য চার্জ দেওয়ার পরিকাঠামো।অন্যদিকে, চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি দুর্যোগ মোকাবিলা শাখা তৈরির পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে দিঘা ও আশপাশের উপকূলবর্তী এলাকাকে নতুন করে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। আগামী দিনে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েও শেষরক্ষা হল না। ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায়। প্রায় ১৭ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এই মামলার তদন্তে পরেশরাম দাসকে দুবার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিধায়কের ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চার জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও পরেশরাম দাসের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বিধাননগর পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

পেট্রল পাম্পের উল্টো দিকের বাড়িতে দাউদাউ আগুন! বেলেঘাটায় আতঙ্ক, ছুটে এল দমকলের চার ইঞ্জিন

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগল। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উল্টো দিকে ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্য অংশেও। আগুনের গ্রাসে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর বাড়ির ভিতরে থাকা সকলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। স্থানীয়দের দাবি, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকা। কারণ, বাড়িটির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পেট্রল পাম্প। পাশেই রয়েছে কালীপুজোর মণ্ডপ। শুধু তা-ই নয়, বাড়িটির নীচে রয়েছে একাধিক দোকান। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আতশবাজির ফুলকি এসে বাড়িতে পড়েছিল। তা থেকেই আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ বা দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।অন্য দিকে, কাঁথিতেও কালীপুজোর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাঁথির সিএস মাঠে যাওয়ার রাস্তার ধারে একটি বাইকের শোরুমের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় একাধিক নতুন বাইক। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।কাঁথির গোডাউনে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বেলেঘাটা এবং কাঁথিদুই জায়গার অগ্নিকাণ্ডের কারণই খতিয়ে দেখা হচ্ছে।

নভেম্বর ০৯, ২০২৬
খেলার দুনিয়া

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেই পকেট থেকে চিরকুট! পাকিস্তানের হামজার কাণ্ড দেখে অবাক নেটপাড়া

সেঞ্চুরি করার আনন্দই আলাদা। আর সেই সেঞ্চুরি যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তা হলে আনন্দ যে আরও বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক এমনই এক কীর্তি গড়লেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার হামজা জহুর। ভারতকে হারিয়ে দলকে জেতানোর পাশাপাশি নজর কাড়লেন আরও একটি কারণে। ম্যাচের শেষে পকেট থেকে একটি চিরকুট বার করে ক্যামেরার সামনে ধরলেন তিনি। তাতে কী লেখা ছিল?মাঠে নামার আগেই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন হামজা। চিরকুটে লিখেছিলেন, এই ম্যাচে তিনি ৫০ রান করবেন। সেই কাগজই ম্যাচের শেষে সকলকে দেখান তিনি। তাতে লেখা ছিল, আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা। তবে শুধু ৫০ রান নয়, শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই দলকে জেতালেন পাকিস্তানের এই ব্যাটার। ম্যাচের পর হামজা জানান, তাঁর এই ইনিংস ভাইকে উৎসর্গ করেছেন।প্রথমে ব্যাট করে ভারত ২০৮ রান তোলে। দলের হয়ে নজর কাড়েন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। আর্যবীর করেন ২২ রান। অন্বয়ের সংগ্রহ মাত্র ১০।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাঁদের ব্যাটিংয়েই ম্যাচে ফেরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান হামজা।এর পর দলের নিচের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হামজা। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ডাগআউট থেকে তাঁকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কথাই মাথায় রেখে ব্যাট করেছেন। দলের হয়ে ম্যাচ জেতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফও হামজার প্রশংসা করেছেন। তাঁর মতে, চাপের মুখে হামজার এমন ইনিংস খেলায় তিনি অবাক নন। সতীর্থের দক্ষতা সম্পর্কে তিনি জানেন। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছেন হামজা, তার প্রশংসা করেছেন অধিনায়ক।এ দিনের ইনিংসের পর হামজাকে নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। পাকিস্তানের এই ক্রিকেটারের নামও হামজা। সেই মিল থেকেই অনেক নেটাগরিক তাঁকে পাকিস্তানের ধুরন্ধর ক্রিকেটার বলে উল্লেখ করছেন।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

১০৩ বছরের পুজোয় বড় চমক! বড়মার সাজে নতুন কী সংযোজন, দেখতে ভিড় নৈহাটিতে

হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। গলায় নতুন সীতা হার। তার সঙ্গে সোনা ও রুপোর নানা গয়নায় সেজে উঠেছেন নৈহাটির বড়মা। ১০৩ বছরের পুজোয় এ বার দেবীর সাজে যুক্ত হয়েছে এই দুই নতুন অলঙ্কার। রবিবার বিকেলে নতুন সাজে ভক্তদের দর্শন দিয়েছেন বড়মা। সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১১০ কেজি গয়নায় সেজেছেন দেবী। নতুন সাজ দেখতে সকাল থেকেই নৈহাটিতে ভক্তদের ঢল নেমেছে।নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার দর্শনের জন্য রবিবার ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন ভক্তেরা। অনেকে মানত পূরণ করতে দণ্ডিও কাটেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় নজরদারিও চালানো হয়।এ বার বড়মার সাজে বিশেষ আকর্ষণ হিরে, চুনি ও পান্না বসানো নতুন টিপ এবং সীতা হার। এ ছাড়াও দেবীর গলায় ও শরীরে রয়েছে নানা সোনার ও রুপোর অলঙ্কার। রয়েছে রুপোর মুকুট, সোনার বালা, চুড়ি এবং পায়ের নূপুর।পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের দানেই প্রতি বছর বড়মার গয়নার সম্ভার বাড়ছে। এ বারও ভক্তদের দেওয়া উপহার হিসেবে এসেছে নতুন সীতা হার এবং হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। বিসর্জনের সময় দেবীর সোনার চোখ গঙ্গায় বিসর্জন দেওয়ার প্রথাও এ বার বজায় থাকবে।বড়মার কাছে মানত পূরণ করতে দূরদূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত। দণ্ডি কাটার জন্যও ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কর্তৃপক্ষের দাবি, গত দুদিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিপুল ভিড় সামলাতে মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা। নজরদারি চালানো হচ্ছে শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।রবিবার সন্ধ্যায় সিঁদুর দানের পর শুরু হয় দেবীবরণের পর্ব। রাত সাড়ে এগারোটায় গঙ্গাজল আনার কথা। তার পর মধ্যরাতে শুরু হবে মূল পুজো। রাত দেড়টায় অঞ্জলি দেওয়ার সময় মন্দিরে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভোর তিনটেয় ভক্তদের মধ্যে সন্দেশ ও প্রসাদ বিতরণ করা হবে।বড়মার ভোগের আয়োজনেও রয়েছে নানা পদ। দেবীর জন্য রাখা হয়েছে খিচুড়ি, পোলাও, মাছভাজা, পাঁচমিশেলি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। অন্য দিকে, মহাদেবের ভোগে রয়েছে লুচি, সাদা ভাত, ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার তরকারি, সুজির হালুয়া ও মিষ্টি।বড়মার নতুন সাজ দেখতে যেমন ভক্তদের উৎসাহ চোখে পড়ছে, তেমনই পুজো ও দর্শনের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও। ১০৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় এ বার নতুন অলঙ্কারের আকর্ষণ যে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে, তা নৈহাটির ভিড়েই স্পষ্ট।

নভেম্বর ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal