• ২৭ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

BjP

কলকাতা

প্রার্থী বদলের দাবি, ক্ষোভ আছড়ে পড়ল হেস্টিংসের অফিসে

একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। এবার সেই ক্ষোভের আঁচ এসে পড়ল খাস কলকাতার বিজেপি কার্যালয়ে। সোমবার বিজেপির হেস্টিংস অফিসের বাইরে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পাঁচলা ও উদয়নারায়ণপুর কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে এদিন সরব হন তাঁরা। এমনকী, হেস্টিংস অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় মুকুল রায়কেও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের।রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে দেখা যায় পাঁচলায় প্রার্থী হয়েছেন মোহিত ঘাঁটি। আর উদয়নারায়ণপুরে প্রার্থী হয়েছেন সুমিত রঞ্জন কাঁড়ার। প্রার্থী নিয়ে অসন্তুষ্ট স্থানীয় বিজেপি কর্মীরা। মোহিত তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। তাঁকে প্রার্থী করায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছিল। এদিন তারই বহিঃপ্রকাশ ঘটল। বিজেপির পুরনো কর্মীদের অভিযোগ, মোহিত দেহ ব্যবসা চালান। মাত্র ১৫ দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। স্রেফ রাজীব ঘনিষ্ঠ বলে এবার টিকিট পেয়েছেন মোহিত। এই টিকিট পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বিজেপি কর্মীরা।রবিবার প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ দানা বাঁধছিল। সোমবার বেলা গড়াতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হেস্টিংস কার্যালয়ের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ৫০০ নেতা-কর্মী জড়ো হন। স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেইসময় মুকুল রায় অফিসে ঢুকতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। গেট ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। সেই সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

মার্চ ১৫, ২০২১
কলকাতা

বিজেপির সঙ্গ ছাড়লেন শোভন-বৈশাখী

একুশে নির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় , সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়ে এ কথা জানিয়েছেন তাঁরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে এই মর্মে চিঠি পৌঁছেছে বলে খবর। ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্টে নিজের উষ্মাপ্রকাশ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, কলকাতার কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে টালিগঞ্জ এবং বেহালা পূর্ব কেন্দ্র পছন্দের ছিল তাঁর। কিন্তু রবিবার বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং বেহালা পূর্ব অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করা হয়েছে।তাতেই অসন্তুষ্ট হয়েছেন শোভনবাবু ও বৈশাখীদেবী। ঘনিষ্ঠ সূত্রে আরও খবর, বেহালা পূর্বের বদলে বেহালা পশ্চিমের প্রার্থী হওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। কিন্তু তাতে রাজি হননি তিনি। আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে বিবেচনাই করা হয়নি বলে বিজেপি সূত্রে খবর। সবমিলিয়ে, দলের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ শোভন-বৈশাখী। তাই দলত্যাগের সিদ্ধান্ত। এর পরপরই ফেসবুক পোস্ট করে বৈশাখীদেবী বিশেষ বার্তা দিয়েছেন।

মার্চ ১৪, ২০২১
রাজনীতি

তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ আসনের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা

বিধানসভা নির্বাচনের প্রথম দুদফার প্রার্থীতালিকা আগেই ঘোষণা করেছে বিজেপি। রবিবার তৃতীয় ও চতুর্থ দফার আরও ৬৩ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়াশিবির। প্রথম দফার মতো এই দফাতেও রয়েছে একাধিক চমক।টানা আলোচনা। দফায় দফায় বৈঠক। দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা। কিন্তু এত কিছুর পরও তৃতীয় এবং চতুর্থ দফার সব আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না বিজেপি। শুরুতে শোনা যাচ্ছিল, আজ তৃতীয় এবং চতুর্থ দফার তো বটেই, আরও কয়েকটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, তৃতীয় এবং চতুর্থ দফার সম্পূর্ণ তালিকাই ঘোষণা করতে পারল না তারা। সব মিলিয়ে এদিন ঘোষণা করা হল মাত্র ৬৩ টি আসনের তালিকা। অর্থাৎ এখনও অবধি ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তবে, তালিকা ছোট হলেও তাতে চমকের কোনও অভাব নেই। লক্ষণীয়ভাবে বিজেপি এবার বিধানসভার লড়াইয়ে বেশ কয়েকজন বর্তমান সাংসদকে আসরে নামাচ্ছে। টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রার্থী হচ্ছেন হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম বড় নাম লকেট চট্টোপাধ্যায়। তিনি ভোটে দাঁড়াচ্ছেন নিজেরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া কেন্দ্রে। প্রার্থী হচ্ছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও। তিনি দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর বিরুদ্ধে লড়বেন। প্রার্থী হচ্ছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও। তিনি লড়বেন তারকেশ্বর থেকে।শুধু হেভিওয়েটরা নন, বিজেপির প্রার্থী তালিকায় একাধিক প্রাক্তন তৃণমূল নেতাও জায়গা পেয়েছেন। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার ডোমজুড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। আরেক তৃণমূল ত্যাগী তথা প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুর থেকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে টিকিট না পেয়েই তৃণমূল থেকে বিজেপিতে যান সিঙ্গুরের মাস্টারমশাই। একইভাবে নিজেদের কেন্দ্রে টিকিট পেয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার এবং হুগলির উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়া রন্তিদেব সেনগুপ্ত, দেবজিত সরকাররাও টিকিট পেয়েছেন।এঁরা ছাড়াও একাধিক সিনেতারকাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। বেহালা পূর্ব থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার, যশ দাশগুপ্ত প্রার্থী হচ্ছেন চণ্ডীতলা থেকে। তনুশ্রী চক্রবর্তী টিকিট পেয়েছেন হাওড়ার শ্যামপুর থেকে।

মার্চ ১৪, ২০২১
রাজনীতি

পরের দু’দফা ভোটের জন্য বিজেপির তালিকা আজ

শনিবার পরের দুদফার ভোটের জন্য বাংলার প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপি। আজ, রবিবার সেই তালিকা প্রকাশ হবে। প্রথম দুই পর্বের তালিকা আগেই প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লিতে দলের সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে শনিবার তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপি কাদের টিকিট দেবে সেই নামের তালিকায় সিলমোহর বসেছে। এই দুই দফা মিলিয়ে ৭৫ জন প্রার্থী রয়েছেন। তবে পরবর্তী দফাগুলোর আরও কিছু আসনের নাম রবিবার ঘোষণা হয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকজন তারকা প্রার্থীও থাকতে পারেন। মিঠুন চক্রবর্তী ভোটে লড়ছেন না। শনিবার রাতে নির্বাচন কমিটির বৈঠকের শেষে বিজেপির এক শীর্ষ নেতার সূত্রে জানা গিয়েছে, মিঠুন শুধু প্রচারেই অংশ নেবেন। তাঁর প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনা নেই।এই দফায় সিদ্ধান্ত হয়েছে, যাঁরা বর্তমান বিধায়ক, তাঁদের প্রার্থী হতে হলে নিজেদের পুরনো কেন্দ্রেই দাঁড়াতে হবে। কিন্তু ব্যতিক্রম কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। যেহেতু বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী হয়েছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, তাই চাইলে শোভন অন্য কোনও কেন্দ্রে প্রার্থী হতে পারেন। ডোমজুড় থেকে প্রার্থী হচ্ছেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রথম দুদফার ক্ষেত্রে যতটা মসৃণভাবে বিজেপির প্রার্থীতালিকা চূড়ান্ত হয়েছিল, তা পরবর্তী দফাগুলোর ক্ষেত্রে হচ্ছে না। কারণ, প্রতিটি আসনেই বহু দাবিদার। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরেও গভীর রাতে আলাদা করে বৈঠকে বসেন অমিত শাহ, জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়-সহ বেশ কয়েকজন এমপি বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন। এদিন রাতের বৈঠকে শুভেন্দু অধিকারী ছিলেন না বলে জানান মুকুল রায়। আজ, রবিবার নন্দীগ্রাম দিবস থাকায় শুভেন্দু শনিবার রাতেই কলকাতা ফিরে যান।

মার্চ ১৪, ২০২১
রাজ্য

শান্তিকুঞ্জে পাত-পেরে খেলেন লকেট, সারলেন 'সৌজন্য সাক্ষাৎ'

শনিবার দুপুরে শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন অধিকারী পরিবারের অতিথি হিসেবে সেখানেই মধ্যাহ্নভোজ সারেন লকেট। তাঁকে ভাত, স্যালাড, মৌরলা মাছের ঝাল দিয়ে সামনে বসিয়ে খাওয়ালেন শিশির অধিকারী নিজে ও বাড়ির অন্যান্য সদস্যরা। শিশির অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন লকেট। কুশল বিনিময় ছাড়াও আগামী ২০ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকার জন্য কাঁথির প্রবীণ সাংসদকে আমন্ত্রণ জানানো হয় বলে মনে করা হয়। যদিও, সাক্ষাৎ শেষে টেলিফোনে যোগাযোগ করা হলে বিজেপি সাংসদ গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেন। বলেন, শিশিরবাবু আমার কাজের প্রশংসা করলেন। আবার আসতে বলেছেন। সবাই যত্ন করে খাওয়ালেন। মেয়ের মতোই দেখেন সেভাবেই কথা হয়েছে। খুবই ভাল লাগলো। মেদিনীপুরে কোনও খেলা হবে না। এখানে ভূমিপুত্রই জিতবে।শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকলেও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ও বাড়ির মহিলা সদস্যরা। বাড়িতেই ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও। সূত্রের খবর তাঁরও পদ্ম শিবিরে আসা সময়ের অপেক্ষা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় এদিন আরও বলেন, মেদিনীপুর মানেই শান্তিকুঞ্জ , অধিকারী পরিবার। তাই ওনার আশীর্বাদ তো নিতেই হবে।শিশির বাবু বলেন, যে কেউ আসতেই পারেন আমার সঙ্গে দেখা করতে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন তিনিও। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পরই আহত মুখ্যমন্ত্রীর জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দেন শিশির অধিকারী।

মার্চ ১৩, ২০২১
রাজনীতি

দিল্লিতে কমিশনের দরবারে তৃণমূল, পাল্টা বিজেপিরও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় যে রাজনৈতিক চাপানউতোর এরাজ্যে শুরু হয়েছিল, তার উত্তাপ পৌঁছে গিয়েছে নয়াদিল্লিতে। তৃণমূল এবং বিজেপির দুই পৃথক প্রতিনিধিদল এদিন দিল্লি নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছে। তৃণমূলের দাবি, মমতার বিরুদ্ধে পরিকল্পিত হামলা করা হয়েছে। একাধিক বিজেপি নেতার মন্তব্যে তার ইঙ্গিত আগেই মিলেছিল। প্রমাণ হিসেবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর তিনটি সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট তৃণমূলের তরফে কমিশনে জমা দিয়ে আসা হয়েছে। বিকেলে পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। তাঁদের দাবি, নন্দীগ্রামের ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক।মুখ্যমন্ত্রীর উপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত, এই অভিযোগ তুলে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায় এবং শান্তনু সেন। কমিশনে অভিযোগ দায়ের করে সৌগত রায় বলেন, বিজেপি নেতাদের বক্তব্য, এবং সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হামলার মুখে পড়তে পারেন। এটা নিছক দুর্ঘটনা নয়, রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা সেসব জানিয়েছি কমিশনকে। এ প্রসঙ্গে তিনি দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁর নাম উল্লেখ করেন। পার্থর দাবি, মমতার নিরাপত্তার দায়িত্ব যে কমিশনেরই ছিল, সেটা স্বীকারও করে নিয়েছে কমিশন।এদিকে, বিজেপিও এই অভিযোগের পাল্টা দিয়েছে কমিশনের দপ্তরে। ভূপেন্দ্র যাদব এবং পীযুষ গোয়েলের নেতৃত্বে ৮ সদস্যের এক বিজেপি প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হয়। বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, নন্দীগ্রামের ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত তাঁরা চাইছেন। বিজেপির অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে গুজব রটিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার সঙ্গে বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টের কোনও সম্পর্ক নেই। স্বপন দাশগুপ্তর কথায়, মুখ্যমন্ত্রীর যেসব নিরাপত্তারক্ষীরা ছিলেন বা গাড়ির চালকরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে এই রহস্যের সমাধান করা হোক। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আনা হোক।

মার্চ ১২, ২০২১
রাজ্য

প্রার্থীর মনোনয়ন বাতিল, বিধানসভা ভোটে বড় ধাক্কা তৃণমূলের

বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চ পুনর্বিবেচনার কথা বলেছিল। সেই নির্দেশও বাতিল করেছে ডিভিশন বেঞ্চ। এর ফলে ভোট শুরু হতেই পিছিয়ে গেল তৃণমূল।জানা গিয়েছে, উজ্জ্বল কুমারের মনোনয়নে আবেদনপত্রের তারিখ ভুল ছিল। মনোনয়নে ভুল থাকায় তা বাতিল করে নির্বাচন কমিশন। এর ফলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে একটি আসন বাদ দিয়েই লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে। একেই জঙ্গলমহল এলাকায় লোকসভা নির্বাচনে সব আসনেই পরাজিত হয়েছে তৃণমূল। এই অবস্থায় প্রার্থী না থাকলে বিজেপি প্রার্থীর সঙ্গে লড়াই হবে বাম-কংগ্রেস-আইএসএফ প্রার্থীর সঙ্গে।

মার্চ ১২, ২০২১
কলকাতা

মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএম-এ শমীক, তথাগত

এসএসকেএম-এ দেখতে এসেছিলেন তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি বিজেপি নেতৃত্বের। তথাগত রায় বললেন, সৌজন্যের খাতিরেই দেখতে এসেছিলাম। যদিও তাঁর সাথে দেখা হয়নি। দেখা হলে ভালো লাগত। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই চাই।এদিকে মমতা ব্যানার্জিকে কারা আক্রমণ করলেন? তদন্ত করে দোষীদের বার করুক পুলিশ। নন্দীগ্রাম থানায় এফআইআর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান। আজ বিরুলিয়া বাজারে ঘটনাস্থলে যান ডিএম ও এসপি-ও। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন। তাঁরা বেরিয়ে যাওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে বিরুলিয়া বাজার। তৃণমূল-বিজেপি দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। রাস্তা অবরোধ করা হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মমতার চোট নিয়ে শিশির অধিকারী বলেন, রাস্তার ধারে খুঁটিতে লেগেই বিপত্তি। নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না। নন্দীগ্রামের মানুষ আন্দোলন করতে জানেন। নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। দ্রুত সুস্থ হয়ে তিনি আবার নন্দীগ্রামে আসুন। এদিন বিরুলিয়া বাজারের ঘটনাস্থলে যান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

মার্চ ১১, ২০২১
রাজনীতি

নন্দীগ্রামে আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চক্রান্ত করে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নন্দীগ্রামে রেয়াপাড়ায় তিনি ঘরভাড়াও নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবিযোগ করেছেন,গাড়ি দাঁড় করিয়ে মন্দিরে প্রণাম করছিলাম তখন চার-পাঁচ জন আমাকে ঠেলে দেয়। তখনই আমার মুখে ও পায়ে আগাত লাগে। আপাতত কলকাতায় যাচ্ছি।এদিন হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেন। রাণীচকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই ঘটনাটি ঘটে। এদিন নন্দীগ্রামে থাকার কথা ছিল। বিজেপি পুরো বিষয়টা নাটক হিসাবে দেখছেন। বিজেপির রাজ্য সহসভাপতি তথা সাংসদ অর্জুন সিং বলেন, এই ঘটায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তাদের সাসপেন্ড করা উচিত। সূত্রের খবর,, ভিড়ের মধ্যে নন্দীগ্রামের বিরুলিয়ায় ধাক্কা-ধাক্কিতে মুখ থুবড়ে পড়ে যান মমতা। তাঁর পায়ে প্রচণ্ড চোট লেগেছে। মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি কলকাতায় আনা হচ্ছে। জানা গিয়েছে এসএসকেএম-এ তাঁর চিকিৎসা হবে। ঘটনার সময় পুলিশ সুপার বা কোনও রাজ্য পুলিশ ছিল না। বলেই অভিযোগ মমতার। জানা গগিয়েছে, খবর জানাজানি হতেই নির্বাচন কমিশন জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে।ভোটের বাংলায় এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। জেড প্লাস নিরাপত্তা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যেই নিরাপত্তার বেড়াজাল ভেঙে কীভাবে এত মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিলেন? সব মহলেই এই প্রায় উঠেছে।

মার্চ ১০, ২০২১
রাজনীতি

হিন্দু কার্ড খেলা নিয়ে হুঁশিয়ারি মমতার

বিজেপির খেলার সঙ্গে এবার চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু জয় শ্রী রাম বলা ভোটারের পরিসংখ্যান তুলে ধরেছিলেন। বলেছিলেন সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের পক্ষে রয়েছে। মঙ্গলবার নন্দীগ্রামের বটতলায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে যাবেন না। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালবাসা। আমি সকালে চণ্ডীপাঠ করি। তারপর বাড়ি থেকে বের হই।এদিন তিনি চণ্ডীপাঠ থেকে সরস্বতী পাঠও করেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মন্ত্রোচ্চারণে ভুল ছিল বলে টুইটে কটাক্ষ করেছেন।এবারের বিধানসভা নির্বাচনে মেরুকরণ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু ধর্ম আমায় শেখাচ্ছেন। ধর্ম নিয়ে খেলবেন তো, খেলা হবে। এদিন তিনি স্থানীয় মন্দিরে পুজোও দেন। তিনি আগাম শিবচতুর্দশীর শুভেচ্ছা জানান নন্দীগ্রামবাসীকে। শিবরাত্রির দিন দলের ইস্তেহার প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মমতা। এদিনের সভামঞ্চ থেকে মন্দির, মসজিদ ও গীর্জার কাছ থেকেও সমর্থন চান তৃণমূলনেত্রী।

মার্চ ০৯, ২০২১
রাজনীতি

নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিচ্ছেন মুখ্যমন্ত্রী, বানাবেন কুঁরে ঘর

সবার প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে নন্দীগ্রামে। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে। সম্মুখ সমরে মমতা-শুভেন্দু। জমি আন্দোলনের পর এবার রাজনীতির উত্তাপে দগ্ধ নন্দীগ্রাম। এবারের বিধানসভা নির্বাচনে সব থেকে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। মঙ্গলবার নন্দীগ্রামের বটতলার সভা থেকে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে সেখানে দুই কামরার বাড়ি ভাড়া নেওয়ার কথাও ঘোষণা করলেন। স্মৃতি আওড়ালেন নন্দীগ্রাম আন্দোলনের।একসময় বামপন্থীরা স্লোগান তুলছিল ভুলতে পারি বাপের নাম, ভুলবো নাকো ভিয়েতনাম। এদিন মমতা বলেন, ভুলতে পারি সবার নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। এভাবেই নন্দীগ্রামকে সম্মান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গুরে আন্দোলন শুরু হয় নন্দীগ্রামের আগে। সিঙ্গুর আন্দোলন না হলে নন্দীগ্রামের আন্দোলনে তুফান হত না। আমি নিজেও গ্রামের মেয়ে। শহরে মানুষ হয়েছি। সেটাও ভালবাসার জায়গা। ছোটবেলা গ্রামেই কেটেছে। আলে আলে ঘুরে বেড়াতাম। ধান কাটতাম। সর্ষে ক্ষেতে যেতাম। গ্রামের প্রতি আমার টান আছে। সিঙ্গুর বা নন্দীগ্রামে যে কোনও এক জায়গায় আমি প্রার্থী হতাম। রাজনৈতিক মহলের মতে, এভাবেই গ্রামের আবেগ ছুঁতে চাইলেন মুখ্যমন্ত্রী।আন্দোলনের স্মৃতি উসকে মমতা বলেন, গন্ডগোলের সময় একবার তাহের(আবু তাহের) ফোন করছে, একবার সুফিয়ান(সেখ সুফিয়ান) ফোন করছে। গুলির শব্দ শোনাচ্ছেন ফোনে। যাঁদের থাকার কথা ছিল তাঁরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়েও ছিলেন না। ১০ নভেম্বর সূর্য উদয়। ১০ জনকে টানতে টানতে নিয়ে গিয়ে কেটে ভাসিয়ে দিয়েছে না কী করেছে কেউ জানে না। তেখালিতে গুলি চালাচ্ছে, আমার গাড়িতে গুলি লেগেছে। গোকুলনগর, তেখালি, সোনাচূড়া বিভিন্ন গ্রামের নাম বলতে থাকেন মমতা। মমতার বক্তব্য, তাঁকেও বাইরের লোক বলে অভিহিত করার চেষ্টা করা হচ্ছে।বেশ কয়েকটি জনসভায় বামেদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। বাম দলেও অনেক ভাল মানুষ আছেন বলেও মন্তব্য করেছিলেন। এদিন নন্দীগ্রামে মমতা বলেন, পুরনো অত্যাচারী সিপিএম চলে এসেছে। বিজেপি এদের নিয়ে এসেছে। নন্দীগ্রামে লক্ষ্মণ শেঠের সঙ্গে কাজ করছে। সিপিএম, কংগ্রেস ও বিজেপি এক। হুমকি দিচ্ছে তোমার বিরুদ্ধে কেস আছে! এসব দুমাস করে নাও। সাতদিন পরে তোমরা কোথায় যাবে?এদিনের সভায় নন্দীগ্রামের উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তিনি বলেন, নন্দীগ্রাম ও হলদিয়াকে জুড়তে সেতু তৈরি করা হবে। মডেল নন্দীগ্রাম করব। বেকারদের চাকরি হবে। নন্দীগ্রামে বিশ্ববিদ্যালয় করব। আমি চাই এখানকার ছেলেমেয়েরা পড়াশুনা করুক। মমতা জানিয়ে দেন, নন্দীগ্রামে রুইয়া পাড়ায় দুটি রুমের একটা বাড়ি ভাড়া নিয়েছি। পরে একটা কুঁড়ে ঘর বানিয়ে নেব। এখানে ভোট পয়লা এপ্রিল। ওদের এপ্রিল ফুল করে দেবেন। পয়লা এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে। তিন মাস অন্তর তিনি নন্দীগ্রামে আসবেন বলেও জানিয়ে দেন।

মার্চ ০৯, ২০২১
রাজনীতি

বিজেপিতে যোগদান মেলা, গেরুয়া শিবিরে ৫ তৃণমূল বিধায়ক

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সঙ্গী সোনালি গুহ, তৃণমূলের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু যোগ দিলেন বিজেপিতে। পদ্ম পতাকা হাতে নিয়েছেন সিঙ্গুরের মাস্টারমশাই বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। সোমবার দুপুরে হেস্টিংসে বিজেপির নির্বাচনী অফিসে রীতিমতো যোগদান মেলা। সবমিলিয়ে তৃণমূলের ৫ বিধায়ক একইদিনে সামিল হলেন বিজেপিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলেন সোনালি গুহ । বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার বিধায়ককে এবার প্রার্থী করেননি তৃণমূল নেত্রী । ক্ষোভ গোপন রাখেননি সোনালি। ফোন করেন মুকুল রায়কে। অভিমানে তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সোনালি এ দিন আনুষ্ঠানিকভাবে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে এলেন। সরলা মুর্মুকে মালদহের হবিবপুরে প্রার্থী করেছিল তৃণমূল । তিনি বিজেপিতে যোগ দিতে চলেছে জানতে পেরে অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থী বদল করে তৃণমূল। হবিবপুরে প্রার্থী হয়েছেন প্রদীপ বাস্কে। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। সেই জনশ্রুতি সত্যি হল আজ। সোনালি, সরলার সঙ্গে পদ্ম শিবিরে সামিল হলেন তিনি। সিঙ্গুরের চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীতালিকা ঘোষণার সময় জানিয়েছিলেন, করোনার কারণে আশির ঊর্ধ্বে কাউকে টিকিট দেওয়া হচ্ছে না। বাদ পড়েন মাস্টারমশাই ও শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি। তাঁরা এ দিন নাম লেখালেন বিজেপিতে। বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল। তিনিও শিবির বদল করলেন। বিজেপিতে এলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার।

মার্চ ০৯, ২০২১
রাজনীতি

লাল-সবুজ পেরিয়ে এবার গেরুয়া পথে মহাগুরু

কোনও দলের নাম না করে নিজের আগের ভুল সিদ্ধান্তের কথা বললেন। রবিবার ব্রিগেড সমাবেশের মঞ্চে বিজেপি-তে যোগ দিয়ে মিঠুন স্পষ্ট বলেন, তাঁর আগের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল। তাঁর কথায়, কারও দিকে আঙুল তুলতে চাই না। কাউকে দোষও দিচ্ছি না। আমারই সিদ্ধান্তে ভুল ছিল।প্রসঙ্গত, ব্রিগেডের সভার পরে মঞ্চের পিছনে মিঠুনের সঙ্গে আলাদা করে অন্তত ১৫ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিঠুনের কথায়, ওঁর সঙ্গে আমার খুব ভাল আলোচনা হয়েছে। সব কথা তো প্রকাশ্যে বলা যায় না। তাঁর আরও বক্তব্য, বাংলায় বিজেপি যথেষ্ট জায়গা তৈরি করেছে। বাংলার মানুষ বিশ্বাস করছে, ওরা রাজ্যের জন্য ভাল কিছু করবে। তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। সেটা কখনও মিথ্যে হতে পারে না। তার মধ্যে কিছু সততা থাকে। মিঠুন আগেও বলেছেন, তিনি রাজনীতি নয়, মানবনীতি বোঝেন। কিন্তু তাঁর কথায়, সকলেরই একটা পতাকা প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী আমায় ডেকে যখন কথা বললেন, আমি বললাম, আমি বাংলার জন্য কাজ করতে চাই। আমি বাংলাকে ভালবাসি। তবে এক সময়ে বাম সঙ্গ থেকে শুরু করে অধুনা সঙ্ঘের হাত ধরা। বেশ কয়েকদিন ধরা চলা জল্পনা সত্যি প্রমাণ করে এদিন মোদির ব্রিগেড মঞ্চে রাজনীতিতে প্রত্যাবর্তন হল মহাগুরুর। আর তাঁর এই প্রত্যাবর্তনকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকরা।

মার্চ ০৭, ২০২১
দেশ

আদর্শ ভুলেছেন মমতা, বিজেপিতে যোগ দিয়ে দীনেশের আক্রমণ

অন্তরাত্মার ডাকে দল ছেড়েছিলেন। ছেড়েছিলেন সাংসদ পদও। তার পর ১ মাসও কাটেনি। শনিবার বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। রবিবার কলকাতার ব্রিগেডে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শনিবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল দীনেশকে গেরুয়া শিবিরে স্বাগত জানান। রবিবার ব্রিগেডে মোদির সভায় তাঁকে দেখা যেতে পারে বলে জল্পনা।গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভার অধিবেশন চলাকালীন নাটকীয় ভাবে তৃণমূল ছেড়েছিলেন দীনেশ। ইস্তফা দিয়েছিলেন সাংসদ পদ থেকেও। তৃণমূলে দমবন্ধ হয়ে আসছে, তাই অন্তরের ডাকে অন্য ভাবে মানুষের সেবা করতে চান বলে জানিয়েছিলেন। সেই থেকেই গোপনে বিজেপি-র সঙ্গে তাঁর কথাবার্তা চলছিল বলে খবর। মোদির ব্রিগেডের আগে শেষ পর্যন্ত তাঁকে আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করাল বিজেপি।পদ্মশিবিরে নাম লেখানোর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন দীনেশ। খেলা হবে স্লোগানে রাজ্যে নির্বাচনী পারদ যখন চড়ছে, সেই নিয়ে তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। তাঁরা উন্নয়ন চান, দুর্নীতি আর হিংসা নয়। পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন বাংলার মানুষ। রাজনীতি কোনও খেলা নয়। উনি (মমতা) খেলার চক্করে আদর্শ ভুলে গিয়েছেন।

মার্চ ০৬, ২০২১
রাজনীতি

নন্দীগ্রামে লড়াই মমতা বনাম শুভেন্দু

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীই। শনিবার প্রার্থিতালিকা ঘোষণা করে এমনটা্ই জানিয়ে দিল বিজেপি। শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার পরেই আলোচনার কেন্দ্রে ছিল নন্দীগ্রাম। যে জমি আন্দোলন থেকে উত্থান মমতার, সেখানে একসময় তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন শুভেন্দু। পরবর্তী সময়ে শুভেন্দু এবং অধিকারী পরিবারের গড় হয়ে ওঠে নন্দীগ্রাম। তাই সেখানে জমির দখল টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূল এবং মমতার কাছে। তাই ফেব্রুয়ারি মাসে তেখালির মাঠে দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দেন মমতা।মমতার এই ঘোষণায় স্বভাবতই হইচই পড়ে যায় বিজেপি-র অন্দরে। নন্দীগ্রামকে পাখির চোখ করলেও, তখনও সেখানে কাকে নামানো হবে, তখনও তা ভেবে উঠতে পারেননি গেরুয়া নেতৃত্ব। তবে মমতার ঘোষণার পর থেকেই শুভেন্দুকে সেখানে তৃণমূল দলনেত্রীর বিরুদ্ধে নামানোর দাবি জোরালো হয়ে উঠতে শুরু করে। তার নেপথ্যে শুভেন্দুর ভূমিকাও কম ছিল না। নিজে নন্দীগ্রামে প্রার্থী হতে চান কি না, স্পষ্ট না করলেও, মমতাকে নন্দীগ্রামে ৫০ হাজার ভোটে হারিয়ে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিতে শুরু করেন তিনি। এমনকি নন্দীগ্রাম থেকে ভোটে লড়লে, শুধু নন্দীগ্রাম থেকেই মমতাকে লড়তে হবে, মুখরক্ষার জন্য ভবানীপুরকে হাতে রাখা চলবে না বলেও সুর চড়াতে শুরু করেন তিনি। বিজেপির অন্য নেতারাও তাতে গলা মেলান।এখনও পর্যন্ত যে তালিকা পাওয়া গিয়েছে, তা থেকে জানা গিয়েছে বিনপুরে বিজেপির প্রার্থী হচ্ছেন পালন সোরেন। দাঁতনে প্রার্থী হচ্ছেন শক্তিপদ নায়েক। নয়াগ্রামে প্রার্থী হচ্ছেন বকুল মুর্মু। গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাত। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী সুখময় শতপতি। কেশিয়ারিতে বিজেপির প্রার্থী সোনালি মুর্মু। খড়গপুরে বিজেপির প্রার্থী তপন ভুঁইয়া। গড়বেতায় বিজেপির প্রার্থী মদন রুইদাস, শালবনিতে রাজীব কুণ্ডু। বিষ্ণপুরে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ, ইন্দাস থেকে বিজেপি প্রার্থী নির্মল ধাড়া। হলদিয়ায় বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সবংয়ে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তমলুকে বিজেপির প্রার্থী হরেকৃষ্ণ বেরা। ময়নায় বিজেপির প্রার্থী অশোক ডিন্ডা। নন্দকুমারে বিজেপির প্রার্থী নীলাঞ্জন অধিকারী।

মার্চ ০৬, ২০২১
রাজনীতি

"খেলা হবে, দেখা হবে, জেতা হবে", প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা

প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কালিঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের শুরুতেই জানিয়ে দেন পাহাড়ের তিনটে সিট গোর্খা জনমুক্তি মোর্চাকে ছাড়া হয়েছে। বাকি ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। ৫০ জন মহিলা প্রার্থী দেবে তৃণমূল। ৪২ জন সংখ্যালঘু প্রার্থী হচ্ছেন। তপসিলি ৭৯ জন। মমতা বললেন, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। মমতা এদিন বলেন, আমি কথা দিয়ে কথা রাখি। আমি নন্দীগ্রামেই দাঁড়াব। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী হবেন দেবাশিস কুমার। অতীন ঘোষ কাশীপুর-বেলগাছিয়া, রাজ চক্রবর্তী ব্যারাকপুর, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া, ইদ্রিস আলি ভগবানগোলা, রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব, সিঙ্গুর বেচারাম মান্না, মদন মিত্র কামারহাটি, বিধাননগর সিজিত বসু, সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বর। বীরবাহা হাঁসদা ঝাড়গ্রা, কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ইংরেজবাজার, উদয়ন গুহ দিনহাটা, পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম, হুমায়ুন কবির ডেবরা, সায়নী ঘোষ আসানসোল দক্ষি, জ্যোতিপ্রয় মল্লিক হাবড়া, অদিতি মুন্সী রাজারহাট-গোপালপুর, চিরঞ্জিত চট্টোপাধ্যায় বারাসাত, সায়ন্তিকা ব্যানার্জী বাঁকড়া, সোহম চক্রবর্তী চন্ডীপুর, মনোজ তিওয়ারি শিবপুর, লাভলি মিত্র সেনারপুর দক্ষিন, অরূপ বিশ্বাস টালিগঞ্জ, অরূপ চক্রবর্তী তালডাংরা, চন্দ্রনাথ সিনহা বোলপুর, ব্রাত্য বসু দমদম, কোশানূ মুখোপাধ্যায় কৃষ্ণনগর উত্তর।

মার্চ ০৫, ২০২১
কলকাতা

দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব

সর্বশেষ খবর যা শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বাংলার বিধানসভা ভোটের জন্য প্রথম পর্যায়ের প্রার্থীদের তালিকা ঘোষণা করবে বিজেপি। কারণ, দলের লক্ষ্য, প্রথম দুদফার ভোটে যাঁরা প্রার্থী, তাঁদের আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে হাজির করা।বিজেপি-র রীতি অনুযায়ী দিল্লি থেকেই ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। সেই কারণে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লিতে দলের সংসদীয় কমিটি বৈঠকে বসবে। তাতে যোগ দিতে বুধবার কলকাতা থেকে রওনা দিলেন রাজ্য বিজেপি-র শীর্ষনেতৃত্ব। দুপুর পর্যন্ত জানা ছিল, সেই বৈঠকে যোগ দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সন্ধ্যায় দিল্লিগামী চার্টার্ড বিমানে ওঠেন তিনিও। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ তাঁকে ডেকে পাঠিয়েছেন।প্রার্থিতালিকা চূড়ান্ত করার লক্ষ্যে সোম-মঙ্গল-বুধ তিন দিন রাজ্য নেতারা দফায় দফায় বৈঠক করেন। আদি ও নব্য বিজেপি নেতা-কর্মীদের সমান গুরুত্ব দিয়ে প্রাথমিক তালিকা তৈরির কাজ চলে। কিন্তু আগে থেকেই ঠিক ছিল, সেই তালিকা চূড়ান্ত করবেন অমিত। তিনিই ঠিক করবেন ২৯৪টি বিধানসভা আসনে কোথায় কে প্রার্থী হবেন। বিজেপি সূত্রে বৃহস্পতিবার বিকেলে জানা যায়, দিল্লিতে তালিকা চূড়ান্ত করার বৈঠকে যোগ দিতে যাচ্ছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়। যাচ্ছেন রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।এক শুভেন্দু-ঘনিষ্ঠ জানিয়েছেন, ফোন করে অমিত শুভেন্দুকে অতি অবশ্যই দিল্লি যেতে বলেন। জানান, বৃহস্পতিবারের বৈঠকে তাঁর উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। এর পরেই রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ করে দিল্লি যাওয়ার কথা জানান শুভেন্দু। রাত ৮ টায় কলকাতা বিমানবন্দর থেকে বাকিদের সঙ্গেই বিমানে ওঠেন তিনি।

মার্চ ০৩, ২০২১
রাজনীতি

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী কে? উত্তর দিলেন দিলীপ

জুট কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফার পরই কয়েক ঘণ্টার ব্যবধানে প্রার্থী হিসাবে শুভেন্দুর নাম নিয়ে আলোচনার কথা জানিয়ে দিল রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর বিপরীতে বিজেপির কে প্রার্থী হচ্ছেন তা এখনও ঘোষণা হয়নি। যদিও বিজেপির প্রার্থী হিসাবে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীর নামই বেশ ইঙ্গিতবহ বলে মনে করা হচ্ছে। এদিকে, প্রার্থী নিয়ে পর্যালোচনার পর বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নাম আলোচনায় আছে। এরপরই জল্পনা আরও বেড়ে গিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি বলেন, সোমবার জেলা স্তরের কার্যকর্তাদের সঙ্গে প্রার্থী নিয়ে বৈঠক হয়েছে। সেটা পুরো টিমের সামনে রাখা হয়। আগামীকাল, বুধবার নির্বাচন কমিটির মিটিং আছে। সেখানে প্রদেশের প্রথম দুটি পর্যায়ের ভোটের প্রার্থীদের নাম নিয়ে পর্যালোচনা হবে। একএকটি কেন্দ্রে দু-তিনটে করে নাম দিল্লিতে নিয়ে যাব। তারই প্রস্তুতি বৈঠক ছিল। শুভেন্দু অধিকারী কি নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, তাঁর সঙ্গে এবিষয়ে কথা হয়নি। তবে ওনার নাম এসেছে। তিনি জানান, সংশ্লিষ্ট বিধানসভা আসনের সামগ্রিক পরিস্থিতি এবং ওই কেন্দ্রে প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে কী না সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। ৪-৫ তারিখের মধ্যে প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে এরাজ্যে প্রতিদিনই গেরুয়া শিবিরের কোনও না কোনও কেন্দ্রীয় নেতৃত্ব এরাজ্যে প্রচারে আসছেন। মঙ্গলবার মালদার গাজোলে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিলীপ ঘোষ জানান, অমিত শাহ, নরেন্দ্র মোদিজি-সহ কেন্দ্রীয় নেতৃত্ব কোথায় কোথায় প্রচার করবেন, সে ব্যাপারেও খসরা প্রস্তাব নেওয়া হচ্ছে।

মার্চ ০৩, ২০২১
দেশ

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ৪ মার্চ গেরুয়া-বৈঠক

বিজেপির তরফে কারা প্রার্থী হবে বাংলায়? সেই নামের তালিকা চূড়ান্ত করতে ৪ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, এই বৈঠকের পর প্রথম দুদফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে।বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দফায়-দফায় বৈঠক করছে গেরুয়া শিবির। এবার বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এ রাজ্যে ক্ষমতায় আসতে নীল নকশা বানিয়েছে তারা। সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ পর্যায় হল প্রার্থী বাছাই। আর সেই কাজে কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এ নিয়ে সোমবারই একদফা বৈঠক সেরেছে বঙ্গ বিজেপির কোর কমিটি। সেই বৈঠকের পর একটি নামের তালিকায় দিল্লিতে পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি। মঙ্গলবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যরা আরও একদফা বৈঠকে বসতে চলেছেন বলে খবর। বুধবার সকালে আরও একদফা বৈঠক হওয়ার কথা। সেখানে চূড়ান্ত হওয়া নাম নিয়ে দিল্লিতে আলোচনা হবে বলেই খবর। তবে প্রথম দুই দফা প্রার্থীদের নাম চূড়ান্ত করার সহজ হবে না বলেও দলীয় সূত্রে খবর।বিজেপির প্রার্থী তালিকায় এবার চমক থাকতে পারে। প্রার্থী হতে পারেন বহু তারকা। কারা কারা সেই তালিকায় থাকছেন, তা নিয়ে সোমবার সন্ধেয় একদফা বৈঠক হয়েছে । সূত্রের খবর, সেখানে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়কে ডাকা হয়নি। যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রার্থীদের নামের একটা তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে রাজ্যের তরফে। অমিত শাহর নিজের টিমও বিশেষ সমীক্ষা করে প্রার্থীদের নাম দিয়েছে। তবে কাদের প্রার্থী হওয়ার ভাগ্য জোটে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার রাতেই। সেই বৈঠকের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মার্চ ০২, ২০২১
রাজনীতি

'ছোট থেকে জয় শ্রী রাম বলতাম', ফাঁস করলেন প্রাক্তন তৃণমূল নেতা

শেষমেশ তৃণমূল ছাড়লেন, যোগ দিলেন বিজেপিতে। টানা তিন মাস টালবাহানার পর আসানসোলের প্রাক্তন মেয়র, পান্ডবেশ্বরের বিধায়ক তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি গেরুয়া শিবিরে ভিড়লেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈদ্যবাটিতে এক সভায় পদ্মপতাকা হাতে তুলে নেন জিতেন্দ্র তিওয়ারি।শুভেন্দু অধিকারী বিধায়ক পদ ছাড়ার পরই কাঁকসায় তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে গিয়েছিলেন। সেখানে হাজির ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর বেসুরো বক্তব্যও রাখছিলেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনার পর দলেই থেকে যান। তবে তৃণমূল তাঁকে দলে কোনও পদে রাখেনি। অন্যদিকে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জিতেন্দ্রর বিজেপি যোগের তীব্র বিরোধিতা করেছিলেন। জিতেন্দ্রর ঘটনায় মন্তব্য করায় শোকজের ঘটনাও ঘটে।বিজেপিতে যোগদানের পর জিতেন্দ্র তিওয়ারির মুখে জয় শ্রী রাম ধ্বনি শোনা যায়। তিনি বলেন, ছোট থেকে জয় শ্রী রাম বলতাম। মনে এক বাইরে অনেক কথা বলতে হত। সব কথা বলতে দেওয়া হত না। সেই সুযোগ করে দেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ।জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে পুরনো বিরোধের কথা বললেও তাঁকে দলে স্বাগত জানিয়েছেন বাবুল সুপ্রিয়। মোদিজির সঙ্গে তিনি কাজ করতে চান, জানান বাবুল।

মার্চ ০২, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • ...
  • 56
  • 57
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র উপকূলে ১৪৫ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা

ইরানের দেওয়া নাম অ্যাকভান-এর অর্থ ঘিরেও কৌতূহল, পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসনিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম দেওয়া হয়েছে অ্যাকভান। উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনে আরও শক্তি সঞ্চয় করে এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান।বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। উপকূলের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনী শহরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানাম এবং ওড়িশা উপকূলেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।ঘূর্ণিঝড়ের নাম অ্যাকভান নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এই নামটি দিয়েছে ইরান। পারসি ভাষার সঙ্গে যুক্ত এই নামের উৎস পাওয়া যায় কবি ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য শাহনামা-তে। সেখানে অ্যাকভান দিভ নামে এক দানব চরিত্রের উল্লেখ রয়েছে। কাহিনিতে এই চরিত্রটি দুষ্ট ও রূপ পরিবর্তনকারী সত্তা হিসেবে পরিচিত। সেই চরিত্রের নাম থেকেই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে।পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাসঅ্যাকভানের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে পড়ার আশঙ্কা আপাতত না থাকলেও রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সেখানে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর পর একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাবের মুখে পড়েছে। সেই পরিস্থিতিতে নতুন করে অ্যাকভান-এর আগমন ঘিরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

৩৬টি মামলা, ৬টি খুনের অভিযোগ! কনস্টেবলকে গুলি করে পালিয়েও শেষরক্ষা হল না রতন শেখের, কীভাবে ঘটল এনকাউন্টার?

৩৬টি মামলা। তার মধ্যে ছটি খুনের মামলা। শান্তিনিকেতনের লায়েক বাজারে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। শুক্রবারের ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই তার খোঁজ পায় পুলিশ। রবিবার নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় রতনের। পুলিশের দাবি, লুকিয়ে রাখা বন্দুক বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল সে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। কীভাবে ঘটল এই এনকাউন্টার? কী পরিস্থিতিতে মৃত্যু হল রতন শেখের?পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে রতন শেখকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেই দলে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। শুক্রবার শান্তিনিকেতনের লায়েক বাজারে রতনকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ। তাঁর পায়ে গুলি লাগে। তার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল রতন। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।প্রায় ৪৮ ঘণ্টার চেষ্টায় রবিবার নানুর এলাকায় রতনের খোঁজ মেলে। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। যে বন্দুক দিয়ে বিশ্বজিৎকে গুলি করা হয়েছিল, সেটির খোঁজ চালাচ্ছিল পুলিশ। জেরায় রতন জানায়, নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় ওই বন্দুক লুকিয়ে রাখা হয়েছে।সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য রতনকে সঙ্গে নিয়ে ইটভাঁটায় পৌঁছয় পুলিশের দল। পুলিশের দাবি, সেখানে লুকিয়ে রাখা বন্দুকটি বের করার পরই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রতন। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। সেই গুলিতে জখম হয় রতন।এর পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।রতন শেখের অপরাধের রেকর্ড নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা নথিভুক্ত রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, গুলি যদি বুকে লাগত, তা হলে কনস্টেবলের মৃত্যু হতে পারত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। দুর্ধর্ষ আসামি। সপ্তম খুনের চেষ্টাও করেছিল।কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনার পর থেকেই রতনকে ধরতে তৎপর ছিল পুলিশ। শেষ পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যে তার খোঁজ মেলে। তবে অস্ত্র উদ্ধারের সময় ঠিক কী পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটে, তা নিয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টও গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

ছটপুজোর ভিড়ে মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছিল পোষ্য কুকুর! চোখে পড়তেই যা করলেন মন্ত্রী, প্রশংসায় নেটপাড়া

ছটপুজোর ভিড়ের মধ্যেই মাঝগঙ্গায় বিপত্তি। চোখের সামনে গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও স্রোতের সঙ্গে পেরে উঠছিল না সে। প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে কুকুরটিকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করেন কয়েক জন। সেই সময় ঘটনাটি নজরে আসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তাঁর তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় সারমেয়টিকে। উদ্ধারের পর কুকুরটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে গরম দুধও খাওয়ান মন্ত্রী।সোমবার সকালে ছটপুজো চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎই মন্ত্রীর নজরে আসে, একটি কুকুর মাঝগঙ্গায় ভেসে যাচ্ছে। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে জলে ভেসে থাকার চেষ্টা করছিল সে। কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী।এর পর তিনটি দ্রুতগতির নৌকা নিয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের জেটির কাছে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধারের পরই সারমেয়টির কাছে ছুটে যান মন্ত্রী। তখন ঠান্ডায় কাঁপছিল কুকুরটি। পাশে থাকা একটি সাদা তোয়ালে দিয়ে তার সারা শরীর মুড়িয়ে দেওয়া হয়। যাতে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য তাকে গরম দুধও খাওয়ান ইন্দ্রনীল।মন্ত্রী জানান, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ রয়েছে। দেখছিলাম, স্রোতে ভেসে যাচ্ছে। তবুও বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।ছটপুজোর ব্যস্ততার মধ্যেও একটি অবলা প্রাণীকে বাঁচাতে মন্ত্রী ও উদ্ধারকারী দলের এই উদ্যোগ নজর কেড়েছে। সময়মতো উদ্ধার করা না গেলে বড় বিপদ হতে পারত সারমেয়টির। আপাতত নিরাপদে রয়েছে পোষ্যটি।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

নাম-প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরে লড়াই, তার মধ্যেই বড় ধাক্কা ঋতব্রতদের! হঠাৎ বন্ধ এক্স অ্যাকাউন্ট

তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের লড়াই ক্রমশ জোরালো হচ্ছে। এক দিকে কালীঘাটের শিবির, অন্য দিকে ঋতব্রতদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনের কাছে একাধিক নথি জমা দিয়েছে। এর মধ্যেই বড় ধাক্কা খেল ঋতব্রত শিবির। আচমকাই সমাজমাধ্যমের মঞ্চ এক্স থেকে সাসপেন্ড হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল-এর অ্যাকাউন্ট।সোমবার সকাল থেকেই ওই অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। এক্সে অ্যাকাউন্টের পাতায় ঢুকলেই অ্যাকাউন্ট সাসপেন্ডেড লেখা ভেসে উঠছে। হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট শিবির।ঋতব্রত শিবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে বারবার তাদের সমাজমাধ্যমের পাতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তার জেরেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।ঋতব্রত শিবিরের দাবি, সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের লড়াই থামানো যাবে না। কয়েক দিনের মধ্যেই তৃণমূলের নাম ও প্রতীক তারাই পাবে বলে আশাবাদী তারা।অন্য দিকে, কালীঘাট শিবির এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ করে কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।এই বিষয়ে গণতান্ত্রিক তৃণমূল-এর নেতা ঋজু দত্ত বলেন, আমরা সমাজমাধ্যমে নিজেদের পাতা তৈরি করেছিলাম। কিন্তু মমতা তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের ছেলেরা বারবার আমাদের পাতা বন্ধ করিয়ে দিচ্ছে। কারণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি পাতা রয়েছে। আমাদের কাছে এখনও এমন কোনও নথি নেই, যার মাধ্যমে প্রমাণ করতে পারব যে আমরাই আসল তৃণমূল।অন্য দিকে, মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এই ঘটনার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী ৪ তারিখ বলেছিলেন, তৃণমূলের নাম-নিশান মুছে দেবেন। এখন এমনও হতে পারে, উনি গণতান্ত্রিক তৃণমূলের নাম-নিশান মুছে দিচ্ছেন।সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই নতুন মাত্রা পেয়েছে। নির্বাচন কমিশনে কার দাবি শেষ পর্যন্ত মান্যতা পায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তার মধ্যেই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

নভেম্বর ১৬, ২০২৬
বিদেশ

পাকিস্তানের কাছে হার বাংলাদেশের, তার পরেই গ্যালারিতে আগুন! সমর্থকদের শান্ত করতে ছুটলেন হামজা

ঘরের মাঠে খেলেও শেষরক্ষা হল না বাংলাদেশের। শক্তিশালী দল নিয়েও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ০-১ গোলে হেরে গেল হামজা চৌধুরীদের দল। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হল বাংলাদেশের। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ২১ বছরের অপেক্ষাও আরও দীর্ঘ হল। কিন্তু ম্যাচের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা।গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। একটিও গোল না খেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। ফলে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হল না। প্রতিযোগিতায় প্রথম গোল হজম করেই বিদায় নিতে হল বাংলাদেশকে।ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ের ফলে প্রথম বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল তারা। অন্য দিকে, ঘরের মাঠে এমন হারে হতাশ বাংলাদেশি সমর্থকেরা।হারের পর সমর্থকদের একাংশের নিশানায় গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। তাঁদের অভিযোগ, বল ধরে দ্রুত থ্রো করতে গিয়ে ভুল করে বিপক্ষের এক ফুটবলারের পায়ে বল তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করেন সামাদ। তাঁর নিচু শট আটকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার।তবে বাংলাদেশের হারের জন্য শুধু শ্রাবণকে দায়ী করতে নারাজ অনেকেই। তাঁদের মতে, গোটা প্রতিযোগিতায় দলের অন্যতম ভরসা ছিলেন এই গোলকিপার। একাধিক নিশ্চিত গোল আটকে বাংলাদেশকে বাঁচিয়েছেন তিনি। গ্রুপ পর্বে দল একটিও গোল না খাওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল শ্রাবণের। তাই একটি ভুলের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় বলেই মনে করছেন অনেকে।তবে ম্যাচের পর ঢাকার গ্যালারিতে যা ঘটেছে, তা নিয়েই এখন বেশি আলোচনা চলছে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে সমর্থকদের একাংশ গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা। ফুটবলে হার-জিত থাকবেই। কিন্তু দলের হারের প্রতিবাদে গ্যালারিতে আগুন লাগিয়ে অন্য দর্শকদের বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।এই ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর ফুটবলমহলের। মাঠের লড়াইয়ে পাকিস্তানের কাছে হার, আর মাঠের বাইরে সমর্থকদের এমন আচরণসব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বাংলাদেশের কাছে হয়ে রইল এক তিক্ত অভিজ্ঞতা।

নভেম্বর ১৬, ২০২৬
দেশ

দক্ষিণ চিন সাগরে চিনকে চাপে ফেলতে বড় চাল ভারতের! মোদীর ম্যানিলা সফরে কোন সমীকরণ তৈরি হচ্ছে?

দক্ষিণ চিন সাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাব ও আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে এশিয়ার একাধিক দেশে। এই পরিস্থিতিতে সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে একজোট হওয়ার বার্তা দিতে চলেছে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলি। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। এ বারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স।বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতাএ বারের সম্মেলনে এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পেতে চলেছে। ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম প্রধান ভিত্তি হল আসিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও এই দেশগুলির গুরুত্ব অপরিসীম। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে দুই পক্ষের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে চান তিনি।পূর্ব এশিয়া সম্মেলন নিয়েও নিজের মত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই সম্মেলন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যিক ভারসাম্য ফেরানো এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করার উপর জোর দিতে পারে নয়াদিল্লি।সমুদ্র নিরাপত্তাও এ বারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সূত্রে দক্ষিণ চিন সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখা, জলদস্যুদের দমন, অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং সমুদ্রপথে নজরদারি বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।পাশাপাশি মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট নিয়েও আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক মহলের নজর সবচেয়ে বেশি দক্ষিণ চিন সাগরের পরিস্থিতির দিকে। ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে একাধিক দেশের। এই পরিস্থিতিতে ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সমুদ্র নিরাপত্তা নিয়ে সহযোগিতা কতটা বাড়ে, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ম্যানিলা সম্মেলন থেকে বেজিংকে কোনও কড়া বার্তা দেওয়া হয় কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

নভেম্বর ১৬, ২০২৬
টুকিটাকি

কালো জিরে: ছোট্ট দানায় সুস্থতার চাবিকাঠি

কালো জিরে একটি অত্যন্ত পরিচিত ও উপকারী মসলা। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক ও প্রচলিত চিকিৎসায় কালো জিরে ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম Nigella sativa। কালো জিরে শুধু খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় না, বরং এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ঔষধি উপাদান। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে কালো জিরে রাখা যেতে পারে।কালো জিরের অন্যতম প্রধান উপকারিতা হলো এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করতে পারে। এতে থাকা থাইমোকুইনোন নামক উপাদানে অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।এছাড়া কালো জিরে হজমশক্তি ভালো রাখতে সহায়ক হতে পারে। অনেকের ক্ষেত্রে এটি গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, কালো জিরে রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে ডায়াবেটিস ও হৃদ্স্বাস্থ্যের ক্ষেত্রেও এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা চলছে। কালো জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটার অদ্ভুত স্বাদ রয়েছে। কালো জিরেতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ উপাদান। এগুলি শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও কালো জিরের তেল ব্যবহৃত হয়। তবে এসব ক্ষেত্রে উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।তবে মনে রাখতে হবে, কালো জিরে কোনও রোগের নিশ্চিত ওষুধ নয়। অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের কালো জিরে বা এর তেল ঔষধি মাত্রায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।কালো জিরে একটি গুণসম্পন্ন প্রাকৃতিক মসলা। সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি পরিমিত পরিমাণে কালো জিরে খেলে শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

ষষ্ঠীতেই জনজোয়ার, সামলাতে হিমশিম পুলিশ! ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল মানকুন্ডুর পুজোমণ্ডপ

দুর্গাপুজো, কালীপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে হুগলি। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুন্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজোমণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কিন্তু সেই ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর সপ্তমীতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এ বার জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন।রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুন্ডুতে দর্শনার্থীদের ঢল নামে। রাত ৮টার পর একাধিক পুজোমণ্ডপে ভিড় আরও বাড়তে থাকে। মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় মানুষের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। এর মধ্যেই মণ্ডপ চত্বরে একটি ভিআইপি কনভয় ঢোকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুরু হয় হুড়োহুড়ি।বড় কোনও দুর্ঘটনা এড়াতে রাত ৮টার পরেই মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিমা দর্শনও বন্ধ রাখা হয়।ওই দিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্য নেতারা। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে ঢোকার পরেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ ও প্রশাসন।অন্য দিকে, চোরবাগানের দুর্ঘটনার পর এ বার প্রথম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনের সময় থেকেই ওই ছয় কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। তাদেরই এ বার পুজোর নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট পাঁচটি জ়োনে ভাগ করা হয়েছে। পাশাপাশি ১১টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। প্রতিটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা।দর্শনার্থীদের ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোই এ বার পুলিশের প্রধান লক্ষ্য। চোরবাগানের ভয়াবহ ঘটনার পর জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনও ভাবেই নিরাপত্তার ফাঁক না থাকে, সে দিকেই নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal