• ২৭ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Ban

বিনোদুনিয়া

বাড়ি থেকে সোজা শ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুলের দেব! কী জানালেন প্রিয়াঙ্কা

ময়নাতদন্ত শেষ হওয়ার পর অভিনেতা রাহুলের দেহ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছে শববাহী গাড়ি। সোমবার দুপুরে তমলুকে সমস্ত প্রক্রিয়া শেষ হয়। তারপরই তাঁর দেহ নিয়ে রওনা দেন গাড়িচালক, ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যান্য সহকর্মীরা। শেষবারের মতো তাঁকে তাঁর কলকাতার বাড়িতে নিয়ে আসা হয়েছে।তমলুক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনাজল পাওয়া গিয়েছে। শুধু ফুসফুস নয়, খাদ্যনালি, শ্বাসনালি এবং পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল।চিকিৎসকদের অনুমান, খুব অল্প সময় নয়, বরং বেশ কিছুক্ষণ জলের নিচে থাকলে এই ধরনের অবস্থা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন অভিনেতা। এই তথ্য সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে জানা গিয়েছে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ইচ্ছে, বাড়ি থেকে সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হোক রাহুলের দেহ। সেই কারণে ভোলা বসু ভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকের ধারণা, হয়তো সরাসরি মহাশ্মশানেই নিয়ে যাওয়া হবে।সমাজমাধ্যমে রাহুলের বন্ধু এবং নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর দেহ নিয়ে কলকাতায় ফিরছেন তাঁরা। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন ঘনিষ্ঠ। দুপুর আড়াইটে নাগাদ বিজয়গড়ের বাড়িতে পৌঁছনোর কথা রয়েছে। সেখানে শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হতে পারে, তবে তা নিয়েও এখনও স্পষ্ট সিদ্ধান্ত হয়নি।

মার্চ ৩০, ২০২৬
রাজ্য

টিকিট না পেয়ে বিদ্রোহ? পাশকুড়া থেকেই কড়া বার্তা মমতার—‘এভাবে বিরোধিতা মেনে নেওয়া হবে না’

প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক জায়গায় ক্ষোভ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দলকে সামাল দিতে সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় এক সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, টিকিট না পেয়ে বিরোধিতা করা একেবারেই ঠিক নয়।মমতা বলেন, অনেক জায়গায় আগের প্রার্থীদের টিকিট দেওয়া সম্ভব হয়নি। তাঁর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন দরকার। নতুনদের সুযোগ দিতে হবে। মহিলাদের সুযোগ দিতে হবে, সংখ্যালঘুদেরও জায়গা দিতে হবে। কেউ যদি ভাবেন, সবসময় একাই থাকবেন, তা ভুল। দল সবার জন্য, সবাইকে নিয়েই চলতে হবে। তিনি আরও বলেন, যারা ভাল কাজ করবেন, তারাই সুযোগ পাবেন। কিন্তু কাজ না করলে দলকে সিদ্ধান্ত নিতেই হবে। তাই শৃঙ্খলাবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।সংখ্যালঘু প্রার্থী নিয়ে কিছু জায়গায় যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই বিষয়েও কথা বলেন মমতা। তিনি জানান, কোনও ভেদাভেদ নেই। কোনও প্রার্থীকে শুধু ধর্ম দিয়ে বিচার করা ঠিক নয়। তিনি বলেন, কেউ যেন না ভাবে কোনও প্রার্থী শুধুমাত্র মুসলমান বলেই তাঁকে আলাদা করে দেখা হবে। তাঁর কথায়, তিনি যদি দলের নেতা হন, তবে তাঁর কাছে সব ধর্মের মানুষ সমান। তিনি প্রশ্ন তোলেন, কোনওদিন কি মুসলমানরা তাঁকে ব্রাহ্মণ পরিবারের মেয়ে বলে প্রশ্ন তুলেছে? যদি না তুলে থাকে, তাহলে সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা মুখ ফিরিয়ে নেবেন কেন? এতে তাঁরই অসম্মান হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, প্রতিটি আসনই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। গত সতেরোই মার্চ তালিকা ঘোষণার পর এই ক্ষোভ সামনে আসে। এবার প্রায় চুয়াত্তর জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া হয়েছে। ফলে অনেক জায়গায় তাঁদের অনুগামীরা প্রতিবাদে নেমেছেন। কোথাও কোথাও নতুন মুখ বা তরুণ প্রার্থী দেওয়ায় পুরনো নেতারা অসন্তুষ্ট। আবার কিছু ক্ষেত্রে অন্য এলাকা থেকে প্রার্থী দেওয়ায় বহিরাগত অভিযোগ উঠছে।এর আগেও একই ছবি দেখা গেছে মুর্শিদাবাদের নওদায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিক্ষোভ শুরু হয়। ব্লক সভাপতিকে প্রার্থী না করায় তাঁর সমর্থকেরা ক্ষোভ দেখান। চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে সভামঞ্চ থেকেই বিক্ষোভকারীদের কড়া সতর্কবার্তা দেন অভিষেক। তিনি বলেন, কেউ যদি বিশৃঙ্খলা করে দলকে চাপে ফেলতে চান, তাহলে দল তা মেনে নেবে না। তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে তাঁর কড়া নজর রয়েছে।পুরো ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। তবে নেতৃত্বের বার্তা স্পষ্ট, সব মতভেদ ভুলে একসঙ্গে কাজ করতেই হবে।

মার্চ ৩০, ২০২৬
বিনোদুনিয়া

ফুলে ঢাকা দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ল বিজয়গড়! শেষবারের মতো ‘বাবিন’কে দেখে স্তব্ধ পাড়া

গোটা বিজয়গড় এখন শোকে স্তব্ধ। চারদিকে শুধু কান্নার শব্দ। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না, তাঁদের প্রিয় বাবিন আর নেই। এমন দৃশ্য যে দেখতে হবে, তা কোনওদিন কল্পনাও করেননি পাড়ার মানুষ। গত রাত থেকেই ভারী হয়ে ছিল পরিবেশ। আজ সেই নীরবতা ভেঙে চারদিকে শুধুই শোক আর আর্তনাদ।আজ সকালে রাহুলের নিথর দেহ ফিরল তাঁর নিজের বাড়িতে। ফুল দিয়ে সাজানো শববাহী গাড়িতে করে নিজের পাড়ায় ফিরে এলেন তিনি। জীবনের মঞ্চে যিনি নায়ক ছিলেন, তিনি আজ নীরব হয়ে শুয়ে রইলেন সবার সামনে।সকাল থেকেই রাহুলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। একে একে পৌঁছে যান তাঁর ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী এবং টলিউডের একাধিক পরিচিত মুখ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী, রূপাঞ্জনা মৈত্র, চৈতী ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, রুকমা রায়ের মতো অনেকেই এসে শেষ শ্রদ্ধা জানান। সকলের চোখে জল, মুখে একটাই কথাএভাবে বিদায় জানাতে হবে, তা কেউ ভাবতে পারেননি।রবিবার আচমকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে ডুবে যায় টলিউড। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে সবার সামনে তিনি জলে তলিয়ে গেলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই।ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যদিও এখনও সরকারি রিপোর্ট প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণে নোনাজল ঢুকে গিয়েছিল। সেই সঙ্গে বালিও ঢুকে যায় শরীরে। এর ফলে শ্বাস বন্ধ হয়ে যায় এবং হৃদস্পন্দন থেমে যায়। এই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।পুরো ঘটনাকে ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। পরিবার, বন্ধু এবং অনুরাগীরা উত্তর খুঁজছেন, কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল। শোকের মধ্যেই এখন সেই প্রশ্নই ঘুরছে সবার মনে।

মার্চ ৩০, ২০২৬
বিনোদুনিয়া

তালসারির শান্ত সমুদ্রে কীভাবে ডুবে মৃত্যু রাহুলের? অনুমতি ছাড়াই শুটিং, উঠছে একের পর এক চাঞ্চল্যকর প্রশ্ন

রবিবার, ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা রাহুলের। একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই এই বিপর্যয় ঘটে। সমুদ্রে তলিয়ে যাওয়ার পর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।জানা গিয়েছে, ভোলে বাবা পার করবে ধারাবাহিকের শুটিং চলছিল তালসারিতে। পুলিশ সূত্রে খবর, এই শুটিংয়ের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকি সমুদ্রে নেমে শুটিং করারও কোনও অনুমোদন ছিল না। পুলিশের দাবি, প্রোডাকশন টিম এই বিষয়ে প্রশাসনকে কিছুই জানায়নি।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি বিকেল প্রায় পাঁচটা তিরিশ মিনিট নাগাদ ঘটে। শুটিং চলাকালীন রাহুল ও তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র হাঁটু সমান জলে নাচছিলেন। হঠাৎই তারা একটি গভীর গর্তে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাহুলকে বাঁচানো যায়নি।এই ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে আসছে। ইউনিটের দাবি, খুব অল্প জলে শুটিং হচ্ছিল। কিন্তু সেই অবস্থায় কীভাবে এমন বিপদ হল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, তালসারি সৈকতে চোরাবালির মতো বিপজ্জনক অংশ রয়েছে। অনেকের অনুমান, সেই কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।সহ-অভিনেত্রী শ্বেতা জানিয়েছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কোনওভাবে তীরে ফিরে আসতে সক্ষম হন। অন্যদিকে, রাহুল ভেসে যান। কেন তাঁকে দ্রুত উদ্ধার করা গেল না, সেই প্রশ্নও উঠছে।ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন বর্ণনাও সামনে এসেছে। শুটিংয়ের ম্যানেজার দাবি করেছেন, কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক জানিয়েছেন, তখনও কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল। এই পরিস্থিতিতে রাহুল কীভাবে সমুদ্রে এগিয়ে গেলেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় শুটিং ইউনিট থাকা সত্ত্বেও কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না। লাইফগার্ড বা জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ছাড়াই কীভাবে সমুদ্রের ধারে শুটিং চলছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।আজ তমলুক মেডিক্যাল কলেজে রাহুলের দেহের ময়নাতদন্ত করা হবে। এরপর তাঁর দেহ কলকাতায় আনা হবে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং পুরো বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

মার্চ ৩০, ২০২৬
বিনোদুনিয়া

রাহুলের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা! কী আবেদন জানালেন সকলের কাছে?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গভীর শোকের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে এই কঠিন সময় কাটানোর চেষ্টা করছেন তাঁরা।প্রিয়াঙ্কা তাঁর বার্তায় লিখেছেন, এটি তাঁদের জীবনের অত্যন্ত দুঃখের সময়। এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে অনুরোধ করেছেন, যেন তাঁদের কিছুটা ব্যক্তিগত সময় দেওয়া হয় এবং গোপনীয়তা বজায় রাখা হয়। তিনি জানিয়েছেন, তাঁদের ছোট সন্তান, পরিবারের সদস্য এবং কাছের মানুষরা মিলে এই বড় ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন।তিনি আরও অনুরোধ করেছেন, বন্ধু এবং সংবাদমাধ্যমের সহকর্মীরা যেন এই সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন এবং শান্তিতে শোক পালনের সুযোগ দেন। এই কঠিন সময়ে মানুষের সহমর্মিতা ও সমর্থন তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, রবিবার তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিংয়ের কাজে সেখানে গিয়েছিলেন তিনি। শুটিং শেষ হওয়ার পর সমুদ্রে নামলে আচমকাই তলিয়ে যান বলে জানা যায়। তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।মাত্র তেতাল্লিশ বছর বয়সে রাহুলের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বিনোদন জগৎ। বড়পর্দা, ছোটপর্দা এবং থিয়েটারে তাঁর সমান সাফল্য ছিল। তাঁর এই হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে অনুরাগীকেউই।রাহুল ও প্রিয়াঙ্কার একমাত্র সন্তান রয়েছে। এই কঠিন সময়ে পরিবারকে ঘিরে রয়েছে গভীর শোকের ছায়া।

মার্চ ৩০, ২০২৬
বিনোদুনিয়া

মুহূর্তে নিভে গেল উজ্জ্বল নক্ষত্র! শুটিং শেষে জলে নেমেই আর ফিরলেন না রাহুল

রবিবার ছুটির দিনে আচমকা এক দুঃসংবাদে স্তব্ধ হয়ে গেল স্টুডিও পাড়া। বাংলা সিনেমা ও ধারাবাহিকের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। শুটিং করতে গিয়ে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।পরিচালক সৌরভ পালোধি এই মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিংয়ের পর রাহুল সমুদ্রে নামেন। সেই সময় হঠাৎ জোয়ার চলে আসে। এরপরই তিনি জলে তলিয়ে যান বলে জানা যাচ্ছে।সঙ্গে থাকা টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দ্রুত দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যুর কথাই জানা যাচ্ছে, যদিও পুরো ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে রাহুলের অভিনয় দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। ঠিক এই সময়েই তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া। তাঁর চলে যাওয়া বাংলা বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি।রাহুল বড়পর্দা, ছোটপর্দা এবং থিয়েটারসব ক্ষেত্রেই সমানভাবে সফল ছিলেন। দুই হাজার সালে চাকা ছবির মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়। এরপর চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা পান। আবার আসব ফিরে, জ্যাকপট, জুলফিকার সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বিদায় ব্যোমকেশ ও ব্যোমকেশ গোত্র ছবিতে তিনি অভিনয়ের পাশাপাশি লেখাতেও নিজের দক্ষতার পরিচয় দেন।অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চা, সমাজ ও নানা বিষয়ে সরব উপস্থিতিসব মিলিয়ে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন দায়িত্বশীল বাবা। ছেলে সহজের জন্যই স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আবার নতুন করে সংসার শুরু করেছিলেন। নিজের সন্তানের নামেই শুরু করেছিলেন পডকাস্ট সহজ কথা।রাহুলের এই আকস্মিক প্রয়াণে তাঁর সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা বাকরুদ্ধ। এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না, এত তাড়াতাড়ি এভাবে সব শেষ হয়ে যেতে পারে।

মার্চ ৩০, ২০২৬
রাজ্য

পুনর্নির্বাচন ঘিরে তীব্র অভিযোগ, “আমাদের এলাকাতেই টার্গেট”— মমতার দাবি

পুরুলিয়ার সভা থেকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই পরিকল্পিতভাবে পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা-বোনেরা নির্বাচনের দিন ভাল করে বুথ পাহারা দেবেন। ওদের পরিকল্পনা আমাদের এলাকাগুলোতে পুনর্নির্বাচন করানো। অনেক চক্রান্ত হচ্ছে, এটা দিল্লির চক্রান্ত। এই চক্রান্ত আমরা ব্যর্থ করে দেব। তিনি আরও বলেন, মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর।মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাঁর কাছ থেকে প্রশাসনিক অনেক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তবে তিনি মানুষের শক্তির ওপরই ভরসা রাখছেন। তাঁর কথায়, আমি মানুষের ক্ষমতা চাই। মানুষই এর জবাব দেবে।অন্যদিকে, নির্বাচন কমিশন এ বার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়া অবস্থান নিয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, কোথাও ভয় দেখানো হলে বা ভোট দিতে বাধা দেওয়া হলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজন হলে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।কমিশনের এক পর্যবেক্ষক জানান, যদি কোনও ভোটার নিজের বুথে গিয়ে ভোট দিতে না পারেন বা বাধার মুখে পড়েন, তবে সেটিকে গুরুতর সমস্যা হিসেবে ধরা হবে। সেই ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও জানিয়েছেন, আগে পুনর্নির্বাচন ছিল ব্যতিক্রমী ঘটনা। কিন্তু এখন কোনও সন্দেহ বা অভিযোগ উঠলেই তা খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আধিকারিকরাও পুনর্নির্বাচনের সুপারিশ করতে পারবেন।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কমিশনের কড়া অবস্থান দুই মিলিয়ে রাজ্যের নির্বাচনী আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

মার্চ ২৯, ২০২৬
রাজ্য

টিকিট না পেয়ে বিস্ফোরক অসিত! রচনার বিরুদ্ধে গুরুতর অভিযোগে তোলপাড় চুঁচুড়া

সাংবাদিক বৈঠকে অসিত মজুমদার বলেন, রচনা চান না দেবাংশু জিতুক। সবাইকে নিয়ে চলার মানসিকতা তাঁর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সবাইকে সঙ্গে নিয়ে চলতে, কিন্তু তিনি তা মানছেন না। এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর অভিযোগ, রচনার জন্যই তিনি টিকিট পাননি। তাঁর কথায়, আমি এখনও বিধায়ক, অথচ মিছিলে আমার নাম নেই। রচনা দেবাংশুকে নিয়ে মিছিল করবে আর নির্দেশ দেবে, এটা মেনে নেওয়া যায় না।তিনি আরও বলেন, যাঁরা টিকিট পাননি সেই ৭৪ জন বিধায়ককে অপমান করা হয়েছে। রচনাকে কটাক্ষ করে তিনি বলেন, ও নতুন এসে দল শেখাবে? ও চান না দেবাংশু জিতুক। দীর্ঘদিনের সংগঠক হিসেবে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন অসিত।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দীর্ঘদিন লড়াই করে দলকে এগিয়ে এনেছি। এখন যারা নতুন, তারা এসে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে। তাঁর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্বের কাছে ভুল তথ্য পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।ক্ষোভের সুরে তিনি আরও বলেন, দল যা বলেছে তাই করেছি। কিন্তু এখন মনে হচ্ছে পুরনোদের আর বিশ্বাস করা হচ্ছে না। রচনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দম থাকলে চুঁচুড়ায় নির্দলে দাঁড়ান। আমিও দাঁড়াব। যদি ওর থেকে বেশি ভোট না পাই, তবে মাথা ন্যাড়া করে জেলায় ঘুরব।অন্যদিকে, রচনা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ প্রসঙ্গে বলেন, নতুন প্রার্থী নির্ধারণ করেন দলের শীর্ষ নেতৃত্ব। পুরনো প্রার্থীদের ক্ষেত্রে মানুষের বিশ্বাস এবং সমর্থনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে তিনি জানান।এই ঘটনার পর চুঁচুড়া সহ গোটা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরমহলের এই দ্বন্দ্ব আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

মার্চ ২৯, ২০২৬
রাজ্য

অভিষেক আসার আগেই সভায় হাঙ্গামা, তৃণমূলের অন্দরেই সংঘাত প্রকাশ্যে

নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে আচমকা চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল। সভামঞ্চের সামনেই তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে। একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারার ঘটনাও দেখা যায়। ফলে সভাস্থলের একটি বড় অংশ লণ্ডভণ্ড হয়ে যায়।চোখে পড়ে, এক যুবক মঞ্চের সামনে এসে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর পরনে ছিল সাদা রঙের টি-শার্ট। মূলত বিধানসভা নির্বাচনে পছন্দের নেতাকে টিকিট না দেওয়ার অভিযোগেই এই বিক্ষোভ শুরু হয়।জানা গিয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়ায় তাঁর অনুগামীরাই এই বিক্ষোভে সামিল হন। তাঁরা মিছিল করে সভামঞ্চের সামনে চলে আসেন। প্রথমে তাঁরা দর্শক আসনের বাইরে ছিলেন। পরে ব্লক সভাপতি ভিতরে ঢোকার পর হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মঞ্চ থেকে দলের নেতারা বারবার কর্মীদের শান্ত থাকার আবেদন জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই সভায় উপস্থিত হওয়ার কথা ছিল। তার আগেই ভাঙা চেয়ার গুছিয়ে নেওয়ার কথাও বলা হয়। কিন্তু সেই কথা অনেকেই উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান। আগে থেকে বসে থাকা অনেককে সেখান থেকে উঠে যেতে বাধ্য করা হয়।এই ঘটনার জেরে সভাস্থলে উত্তেজনা আরও বেড়ে যায়। সূত্রের খবর, নওদা কেন্দ্রে এ বার টিকিট পেয়েছেন শাহিনা মমতাজ। সেই কারণেই ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।এই ঘটনার পর এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

মার্চ ২৯, ২০২৬
রাজ্য

“আমাকে মারার ছক কষছে?” পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা, তীব্র আক্রমণ শাহকে

শনিবার রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার একটি হোটেলে বসে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, তিনি নাকি বারবার ভিক্টিম কার্ড খেলেন। এই মন্তব্যের জবাব দিতে গিয়ে পুরুলিয়ার জনসভা থেকে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, এবার কি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে?শাহর অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও পায়ে চোট পান, কখনও কপালে ব্যান্ডেজ বাঁধেন, আবার কখনও অসুস্থ হয়ে নিজেকে অসহায় হিসেবে তুলে ধরেন। তাঁর মতে, বাংলার মানুষ এই ধরনের রাজনীতি ভালোভাবেই বুঝে গিয়েছে এবং নির্বাচন কমিশনকে অপমান করা বাংলার সংস্কৃতির বিরোধী।এই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বলছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরি। আমি বহুবার মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরেছি। হাসপাতালে গিয়ে আমার রিপোর্ট দেখে আসুন। আমার ওপর কী অত্যাচার হয়েছে, তা আপনারা জানেন না। তিনি আরও দাবি করেন, আগের নির্বাচনের সময় ইচ্ছা করে তাঁর পায়ে আঘাত করা হয়েছিল। তখনও তিনি প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে করে মানুষের কাছে পৌঁছেছিলেন।নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের আগে তাঁর পায়ে চোট লাগার ঘটনাও তিনি তুলে ধরেন। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ধাক্কা দেয়, যার ফলে গাড়ির দরজা তাঁর পায়ে লাগে। যদিও তদন্তে জানানো হয়েছিল, সেটি পরিকল্পিত হামলা নয়, বরং দুর্ঘটনা।মুখ্যমন্ত্রী বলেন, এভাবে কথা বলার মানে কী? কেউ কাউকে আক্রমণ করার আগে পরিকল্পনা করে। যে ভুল করে, সে কিছু প্রমাণ রেখে যায়। তাঁর কথাতেই বোঝা যাচ্ছে, কিছু একটা পরিকল্পনা চলছে।২০২৪ সালেও তাঁর মাথায় গুরুতর চোট লাগে। তখন জানা গিয়েছিল, নিজের বাড়িতে পড়ে গিয়ে তিনি আঘাত পান এবং কয়েকদিন তাঁর মাথায় ব্যান্ডেজ ছিল।মমতার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী আসলে ভয় পেয়েছেন। তাঁর দাবি, এই অভিযোগপত্র বাংলার মানুষের কথা বলছে এবং মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলা।

মার্চ ২৯, ২০২৬
কলকাতা

এক ধাক্কায় বড় ঘোষণা! চার বছরের বকেয়া মহার্ঘ ভাতা একসঙ্গে, খুশির হাওয়া কর্মীদের মধ্যে

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এল বড় সুখবর। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের বকেয়া মহার্ঘ ভাতা এবার আর দুই দফায় নয়, একসঙ্গেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আগামী ৩১ মার্চের মধ্যেই অথবা তার আগেই এই বকেয়া টাকা পেয়ে যাবেন সমস্ত প্রাপকরা।এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। সেই অনুযায়ী রাজ্য সরকার গত ১৩ মার্চ জানায়, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা আপাতত দেওয়া হবে, তবে তা দুই দফায় দেওয়া হবে।কিন্তু সেই সিদ্ধান্তেই এবার বদল আনা হল। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ওই চার বছরের বকেয়া মহার্ঘ ভাতা এক দফাতেই দেওয়া হবে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত শতভাগ বকেয়া টাকা ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। আগে পরিকল্পনা ছিল মার্চ এবং সেপ্টেম্বরএই দুই দফায় টাকা দেওয়ার। সেই সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন ওঠার পরই এই পরিবর্তন করা হয়েছে।ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে সমস্ত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে।চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। অন্যদিকে, কর্মরত কর্মীদের ক্ষেত্রে এই টাকা জমা হবে তাঁদের জিপিএফ অ্যাকাউন্টে। এই জিপিএফে জমা টাকা সাধারণত দুই বছর পর্যন্ত তোলা যাবে না। তবে কেউ যদি এই সময়ের মধ্যে অবসর নেন, চাকরি ছাড়েন বা মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে এই টাকা সঙ্গে সঙ্গে তোলা যাবে।অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সরাসরি তাঁদের পেনশন অ্যাকাউন্টে জমা হবে। একইভাবে পারিবারিক পেনশনভোগীরাও সরাসরি এই সুবিধা পাবেন।

মার্চ ২৯, ২০২৬
রাজ্য

সভা শেষে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা অভিষেকের

শনিবার বীরভূমের লাভপুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে হঠাৎ মঞ্চের একাংশে আগুন লাগে। এই ঘটনায় সভাস্থলে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই আগুন লাগে। তিনি তখন হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন। ফলে তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেন। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের কথাও তুলে ধরেন এবং ভবিষ্যতের পরিকল্পনার কথাও জানান।সভা শেষ হওয়ার পর হঠাৎ মঞ্চের উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কাপড়ে আগুন ধরে যায়। সেখানে উপস্থিত দমকল কর্মীরা দ্রুত মঞ্চে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন। নিরাপত্তার জন্য এলাকাটি ফাঁকা করে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটি সভা করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে তিনি কলকাতায় ফিরে ভারচুয়াল মাধ্যমে প্রচার করবেন বলে জানা গেছে।

মার্চ ২৮, ২০২৬
রাজ্য

রঘুনাথগঞ্জে সংঘর্ষে বিস্ফোরক মমতা, সরাসরি কমিশন ও বিজেপিকে দায়ী

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে অফিসারদের সরিয়ে দিয়ে দাঙ্গা বাধানো হয়েছে। তাঁর হুঁশিয়ারি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, কাউকেই ছাড়া হবে না।শনিবার রানিগঞ্জের খান্দরা ফুটবল মাঠে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কারা দাঙ্গা বাধানোর অধিকার দিল, তা খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে টাকা ঢোকানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্র নিয়ে বের হওয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।এই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশও করেন। বলেন, প্রশাসন বর্তমানে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকায় কিছু ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখা গিয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বে থাকা আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং এলাকায় শান্তি বজায় রাখবেন।নির্বাচন ঘোষণার পর শীর্ষ স্তর থেকে জেলা প্রশাসনের একাধিক অফিসার বদলি করা হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। তৃণমূলের দাবি, রঘুনাথগঞ্জের ঘটনা সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণ করেছে।প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও রঘুনাথগঞ্জে রাম নবমীর শোভাযাত্রা বের হয়। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল ম্যাকাঞ্জি পার্কের দিকে যাচ্ছিল। সিসাতলা এলাকায় একটি মিছিল পৌঁছলে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।মিছিলে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে এবং এলাকা মুহূর্তে অশান্ত হয়ে পড়ে। অন্যদিকে বড় শোভাযাত্রা ফুলতলা মোড় এলাকায় পৌঁছলে আবারও উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি চলতে থাকে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা কয়েকটি ফলের দোকানে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় র্যাপিড অ্যাকশন ফোর্স, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মার্চ ২৮, ২০২৬
কলকাতা

শেষ মুহূর্তে বড় বদল! অবশেষে বিমানে অন্ডাল যাচ্ছেন মমতা, সকাল থেকে টানটান নাটক

সকাল থেকে অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত অন্ডাল সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে সূচি পাঠানো হয়েছে বিমানবন্দরে। ঠিক হয়েছে, দুপুর দুটো দশের বিমানে তিনি কলকাতা থেকে অন্ডাল রওনা দেবেন।আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে আবহাওয়া খারাপ হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেই রিপোর্ট পাওয়ার পরই দুপুরের বিমানে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।এদিন সকালে অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছিল। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিমানযাত্রা বাতিল করা হয়। তখন খবর পাওয়া যায়, তিনি সড়কপথে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন। কলকাতা বিমানবন্দর সূত্রেও জানানো হয়েছিল, নির্ধারিত বিমানে তিনি যাচ্ছেন না।সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সফর নিয়ে দুটি বিকল্প পরিকল্পনা রাখা হয়েছিল। একটি ছিল সড়কপথে যাওয়া, অন্যটি বিমানপথে। জানা গিয়েছিল, নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে তিনি সড়কপথে রওনা দিতে পারেন। সে ক্ষেত্রে বিকেল দুটো থেকে আড়াইটের মধ্যে বেরোনোর সম্ভাবনা ছিল। তবে কাজ শেষ হতে দেরি হলে এবং বিকেলের দিকে বেরোতে হলে বিমানপথে যাওয়ার পরিকল্পনা রাখা হয়েছিল।শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী বিমানেই অন্ডাল যাবেন। সকাল থেকে এই সফর ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে অবশেষে নির্দিষ্ট সময়েই তাঁর যাত্রা নিশ্চিত হল।

মার্চ ২৭, ২০২৬
কলকাতা

ভবানীপুরে বড় বিতর্ক! শুভেন্দুর ঘনিষ্ঠকে বসানোয় তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, নড়েচড়ে কমিশন

ভবানীপুর কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ এক ব্যক্তিকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এই অভিযোগ সামনে আসতেই নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠানো হয়। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কমিশন এবং রাজ্যের কাছে নতুন করে নাম চাওয়া হয়েছে।নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসার করা নিয়ে আপত্তি জানায় তৃণমূল। এই কেন্দ্রের প্রার্থী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা জরুরি, তাই এমন নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে।গত সোমবার একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করে নির্বাচন কমিশন। সেই তালিকাতেই ছিল সুরজিৎ রায়ের নাম। তিনি আগে নন্দীগ্রামের বিডিও ছিলেন, যে কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। বর্তমানে ভবানীপুর কেন্দ্রেই বিজেপির প্রার্থী হিসেবে তিনি লড়ছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ফলে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূলের সতর্কতা আরও বেড়েছে।সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠানো হয়। গত চব্বিশ মার্চ সেই চিঠি পাঠানো হয়েছিল। এরপর কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালাকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে রিটার্নিং অফিসার পদে তিনজনের নাম প্রস্তাব করতে বলা হয়েছে।এদিকে বৃহস্পতিবার রাতেও আরও ২৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। যাদবপুর, কাঁথি, হলদিয়া, ময়না, সোনামুখী-সহ একাধিক কেন্দ্রে এই পরিবর্তন করা হয়েছে। যে কোনও নির্বাচনে রিটার্নিং অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরো ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব তাঁদের উপরেই থাকে।এই পরিস্থিতিতে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মার্চ ২৭, ২০২৬
কলকাতা

দমদমে নামার আগেই বিপত্তি! প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর মমতার বিমান

জেলা সফর সেরে ফেরার পথে বড় বিপত্তির মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার দুপুরে পাণ্ডবেশ্বর ও বীরভূমে সভা সেরে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দমদম বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর বিশেষ বিমানের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই অবতরণ সম্ভব হয়নি।সময়ের পর সময় কেটে গেলেও বিমান নামতে পারেনি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর বিকেল ৫টা ১৮ মিনিটে দমদমে অবতরণ করে মুখ্যমন্ত্রীর চার্টার্ড বিমান।আবহাওয়া দফতর আগেই সতর্কবার্তা দিয়েছিল। বিকেলের দিকে দমদম ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বজ্রগর্ভ মেঘ জমে ওঠে। তার জেরে শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতির কারণে বিমান নামানো সম্ভব হয়নি বলে জানা যায়।এই সময় বিমানের গতিপথও পরিবর্তন করতে হয়। কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবারের আকাশে ঘুরতে থাকে বিমানটি। দমদমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বারবার অবতরণের চেষ্টা ব্যর্থ হয়।ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বিমানবন্দরের সামনে মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করা সামিয়ানাও উল্টে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল, যার ফলেই এই দুর্যোগের সৃষ্টি হয়।শেষমেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিমানটি নিরাপদে অবতরণ করে। তবে এই ঘটনায় কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়েছিল।

মার্চ ২৬, ২০২৬
রাজ্য

এক মাস আগে থেকেই ঝড় তুললেন মমতা! বাঙালি আবেগে ভর করে ভোটের ডাক

বিধানসভা ভোটের আর মাত্র একমাস বাকি। তার আগেই রাজ্যজুড়ে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করার পরের দিনই তিনি চলে আসেন দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে শুরু করে বীরভূমের দুবরাজপুর পর্যন্ত একাধিক কেন্দ্রে দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি।এদিন দুপুরে পাণ্ডবেশ্বর থেকে খয়রাশোলে পৌঁছে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাঙালি আবেগকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, অমর্ত্য সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে বিজেপি। সেই কারণেই তিনি মানুষকে আহ্বান জানান, বিজেপিকে একটি ভোটও না দেওয়ার জন্য এবং তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য।সভা মঞ্চে তিনি একে একে দলের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, অভিজিৎ রায় এবং নীলাবতী সাহাকে সামনে এনে সকলের জন্য ভোট চান। তিনি বলেন, এই নির্বাচনে তৃণমূলকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।এছাড়াও তিনি ভোটার তালিকা নিয়ে সতর্কবার্তা দেন। তাঁর দাবি, বিজেপি ধাপে ধাপে এনআরসি, সীমানা পুনর্নির্ধারণ এবং জনগণনা করে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে। তাই এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এখন বিজেপি বেছে বেছে মানুষকে আলাদা করার চেষ্টা করছে। তবে তাঁর কথায়, সাধারণ মানুষ বিজেপিকে পছন্দ করে না এবং তাদের এই পরিকল্পনা সফল হবে না।

মার্চ ২৬, ২০২৬
রাজ্য

নন্দীগ্রামে বড় লড়াই! শুভেন্দুর ঘাঁটিতে অভিষেকের চ্যালেঞ্জ, ‘ডি জে বাজবে’ বার্তায় তোলপাড়

এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নন্দীগ্রাম। এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শুভেন্দু অধিকারীর এই কেন্দ্রে এবার তাঁরই প্রাক্তন ঘনিষ্ঠ পবিত্র করকে সামনে রেখে লড়াই করছে তৃণমূল। শুভেন্দু নিজের ঘাঁটি ধরে রাখতে পারবেন, নাকি পুরনো সঙ্গীর কাছে চ্যালেঞ্জের মুখে পড়বেন, সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরছে।বুধবার নন্দীগ্রামে গিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পবিত্র করকে পাশে নিয়ে তিনি বলেন, আগামী ২৫ দিনের দায়িত্ব কর্মীদের নিতে হবে এবং তারপরের পাঁচ বছরের দায়িত্ব তিনি নিজে নেবেন। তিনি জোর দিয়ে বলেন, এমনভাবে লড়াই করতে হবে যাতে একটি বুথ থেকেও বিজেপি মাথা তুলতে না পারে।অভিষেক জানান, নন্দীগ্রামে প্রায় উনিশ হাজারের বেশি যুবসাথীর আবেদন জমা পড়েছে এবং সকলেই সেই সুবিধা পাবেন। তিনি আশ্বাস দেন, প্রয়োজন হলে তিনি বারবার নন্দীগ্রামে আসবেন। পাশাপাশি তিনি বলেন, কেউ ভয় দেখালে বা চাপ সৃষ্টি করলে মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এবং যে ভাষায় বোঝে, তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে।তিনি আরও বলেন, চার তারিখের পর নন্দীগ্রামে উৎসবের পরিবেশ তৈরি হবে এবং রবীন্দ্রসংগীতের সঙ্গে ডি জে বাজানো হবে। মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, ভয় পাওয়ার কোনও কারণ নেই।শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল এবং এখনও আছে। তিনি অভিযোগ করেন, এলাকার বর্তমান বিধায়ক মানুষের জন্য কোনও উন্নয়নমূলক কাজ করেননি। কেন্দ্রের সহায়তায় কী প্রকল্প আনা হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, মানুষের প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে কাজ না করে শুধু ধর্মের রাজনীতি করা হচ্ছে।দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে নন্দীগ্রামকে সেরা করতে হবে। পবিত্র কর জিতলে প্রতিটি বুথে সেবাশ্রয় প্রকল্প চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যেমন চলবে, তেমনই স্থানীয় স্তরেও উন্নয়ন হবে।সব মিলিয়ে স্পষ্ট, নন্দীগ্রামকে কেন্দ্র করে এবারের নির্বাচন আরও উত্তপ্ত হতে চলেছে এবং এই কেন্দ্রের দিকে সবার নজর থাকবে।

মার্চ ২৫, ২০২৬
রাজ্য

ভোটের আগে তীব্র সংঘাত! মমতা ও শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল রাজ্য

ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ জানিয়ে কমিশনের কাছে গিয়েছে তৃণমূল। দুই শিবিরের এই পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেও ভবানীপুরের বিভিন্ন এলাকায় তাঁর উন্নয়নমূলক প্রকল্পের ছবি এবং কাটআউট এখনও লাগানো রয়েছে। এই বিষয়টিকেই আচরণবিধি লঙ্ঘন বলে দাবি করেছে তারা এবং সেই কারণেই কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে।এর মধ্যে আরও একটি বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়। জানা যায়, ভোটে প্রার্থী হওয়ার আগে নিয়ম মেনে একাধিক লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে খবর আসে তিনি ২৬ থেকে ২৮টি পদ ছেড়েছেন। তবে পরে জানা যায়, সেই ইস্তফা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরে নতুন করে জমা দেওয়া হবে।অন্যদিকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তৃণমূল। বুধবার নন্দীগ্রামে একটি সভায় তৃণমূল প্রার্থী পবিত্র করকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা অসম্মানজনক স্লোগান দেন বলে অভিযোগ। এই ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।সব মিলিয়ে ভোটের আগে দুই শিবিরের এই সংঘাতে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কমিশন এই অভিযোগগুলির ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সবার।

মার্চ ২৫, ২০২৬
বিদেশ

পদ্মায় মৃত্যুফাঁদ! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা জলে বাস, এখনও নিখোঁজ বহু যাত্রী

বাংলাদেশের ফরিদপুরে পদ্মা নদীতে এক ভয়ংকর দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে ভেসেলে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পাঁচটার কিছু পরে বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে পৌঁছায়। পদ্মা নদী পারাপারের জন্য সেটি ভেসেলের অপেক্ষায় ছিল। প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভেসেলটি ঘাটে আসে। সেই সময় ভেসেলে ওঠার সময়ই বাসটির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সেটি সোজা নদীতে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই বাসটি জলের তলায় চলে যায়। সঙ্গে সঙ্গে এলাকায় হইচই শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। নদীতে ডুবুরি নামিয়ে জোরকদমে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।দৌলতদিয়া ফেরিঘাটের এক আধিকারিক মহম্মদ মনির হোসেন বলেন, তাঁদের চোখের সামনে বাসটি নদীতে উলটে পড়ে যায় এবং কিছু করার সুযোগই পাননি। তিনি জানান, বাসে নারী ও শিশু সহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। কয়েকজন কোনওভাবে প্রাণে বাঁচতে পারলেও অনেকেই বাসের ভিতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।এখনও পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেছে, তা স্পষ্ট নয়। তবে উদ্ধারকাজ জোরদারভাবে চলছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে।

মার্চ ২৫, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • ...
  • 99
  • 100
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র উপকূলে ১৪৫ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা

ইরানের দেওয়া নাম অ্যাকভান-এর অর্থ ঘিরেও কৌতূহল, পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসনিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম দেওয়া হয়েছে অ্যাকভান। উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনে আরও শক্তি সঞ্চয় করে এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান।বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। উপকূলের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনী শহরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানাম এবং ওড়িশা উপকূলেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।ঘূর্ণিঝড়ের নাম অ্যাকভান নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এই নামটি দিয়েছে ইরান। পারসি ভাষার সঙ্গে যুক্ত এই নামের উৎস পাওয়া যায় কবি ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য শাহনামা-তে। সেখানে অ্যাকভান দিভ নামে এক দানব চরিত্রের উল্লেখ রয়েছে। কাহিনিতে এই চরিত্রটি দুষ্ট ও রূপ পরিবর্তনকারী সত্তা হিসেবে পরিচিত। সেই চরিত্রের নাম থেকেই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে।পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাসঅ্যাকভানের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে পড়ার আশঙ্কা আপাতত না থাকলেও রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সেখানে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর পর একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাবের মুখে পড়েছে। সেই পরিস্থিতিতে নতুন করে অ্যাকভান-এর আগমন ঘিরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

৩৬টি মামলা, ৬টি খুনের অভিযোগ! কনস্টেবলকে গুলি করে পালিয়েও শেষরক্ষা হল না রতন শেখের, কীভাবে ঘটল এনকাউন্টার?

৩৬টি মামলা। তার মধ্যে ছটি খুনের মামলা। শান্তিনিকেতনের লায়েক বাজারে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। শুক্রবারের ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই তার খোঁজ পায় পুলিশ। রবিবার নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় রতনের। পুলিশের দাবি, লুকিয়ে রাখা বন্দুক বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল সে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। কীভাবে ঘটল এই এনকাউন্টার? কী পরিস্থিতিতে মৃত্যু হল রতন শেখের?পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে রতন শেখকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেই দলে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। শুক্রবার শান্তিনিকেতনের লায়েক বাজারে রতনকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ। তাঁর পায়ে গুলি লাগে। তার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল রতন। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।প্রায় ৪৮ ঘণ্টার চেষ্টায় রবিবার নানুর এলাকায় রতনের খোঁজ মেলে। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। যে বন্দুক দিয়ে বিশ্বজিৎকে গুলি করা হয়েছিল, সেটির খোঁজ চালাচ্ছিল পুলিশ। জেরায় রতন জানায়, নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় ওই বন্দুক লুকিয়ে রাখা হয়েছে।সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য রতনকে সঙ্গে নিয়ে ইটভাঁটায় পৌঁছয় পুলিশের দল। পুলিশের দাবি, সেখানে লুকিয়ে রাখা বন্দুকটি বের করার পরই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রতন। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। সেই গুলিতে জখম হয় রতন।এর পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।রতন শেখের অপরাধের রেকর্ড নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা নথিভুক্ত রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, গুলি যদি বুকে লাগত, তা হলে কনস্টেবলের মৃত্যু হতে পারত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। দুর্ধর্ষ আসামি। সপ্তম খুনের চেষ্টাও করেছিল।কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনার পর থেকেই রতনকে ধরতে তৎপর ছিল পুলিশ। শেষ পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যে তার খোঁজ মেলে। তবে অস্ত্র উদ্ধারের সময় ঠিক কী পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটে, তা নিয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টও গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

ছটপুজোর ভিড়ে মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছিল পোষ্য কুকুর! চোখে পড়তেই যা করলেন মন্ত্রী, প্রশংসায় নেটপাড়া

ছটপুজোর ভিড়ের মধ্যেই মাঝগঙ্গায় বিপত্তি। চোখের সামনে গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও স্রোতের সঙ্গে পেরে উঠছিল না সে। প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে কুকুরটিকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করেন কয়েক জন। সেই সময় ঘটনাটি নজরে আসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তাঁর তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় সারমেয়টিকে। উদ্ধারের পর কুকুরটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে গরম দুধও খাওয়ান মন্ত্রী।সোমবার সকালে ছটপুজো চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎই মন্ত্রীর নজরে আসে, একটি কুকুর মাঝগঙ্গায় ভেসে যাচ্ছে। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে জলে ভেসে থাকার চেষ্টা করছিল সে। কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী।এর পর তিনটি দ্রুতগতির নৌকা নিয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের জেটির কাছে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধারের পরই সারমেয়টির কাছে ছুটে যান মন্ত্রী। তখন ঠান্ডায় কাঁপছিল কুকুরটি। পাশে থাকা একটি সাদা তোয়ালে দিয়ে তার সারা শরীর মুড়িয়ে দেওয়া হয়। যাতে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য তাকে গরম দুধও খাওয়ান ইন্দ্রনীল।মন্ত্রী জানান, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ রয়েছে। দেখছিলাম, স্রোতে ভেসে যাচ্ছে। তবুও বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।ছটপুজোর ব্যস্ততার মধ্যেও একটি অবলা প্রাণীকে বাঁচাতে মন্ত্রী ও উদ্ধারকারী দলের এই উদ্যোগ নজর কেড়েছে। সময়মতো উদ্ধার করা না গেলে বড় বিপদ হতে পারত সারমেয়টির। আপাতত নিরাপদে রয়েছে পোষ্যটি।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

নাম-প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরে লড়াই, তার মধ্যেই বড় ধাক্কা ঋতব্রতদের! হঠাৎ বন্ধ এক্স অ্যাকাউন্ট

তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের লড়াই ক্রমশ জোরালো হচ্ছে। এক দিকে কালীঘাটের শিবির, অন্য দিকে ঋতব্রতদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনের কাছে একাধিক নথি জমা দিয়েছে। এর মধ্যেই বড় ধাক্কা খেল ঋতব্রত শিবির। আচমকাই সমাজমাধ্যমের মঞ্চ এক্স থেকে সাসপেন্ড হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল-এর অ্যাকাউন্ট।সোমবার সকাল থেকেই ওই অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। এক্সে অ্যাকাউন্টের পাতায় ঢুকলেই অ্যাকাউন্ট সাসপেন্ডেড লেখা ভেসে উঠছে। হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট শিবির।ঋতব্রত শিবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে বারবার তাদের সমাজমাধ্যমের পাতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তার জেরেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।ঋতব্রত শিবিরের দাবি, সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের লড়াই থামানো যাবে না। কয়েক দিনের মধ্যেই তৃণমূলের নাম ও প্রতীক তারাই পাবে বলে আশাবাদী তারা।অন্য দিকে, কালীঘাট শিবির এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ করে কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।এই বিষয়ে গণতান্ত্রিক তৃণমূল-এর নেতা ঋজু দত্ত বলেন, আমরা সমাজমাধ্যমে নিজেদের পাতা তৈরি করেছিলাম। কিন্তু মমতা তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের ছেলেরা বারবার আমাদের পাতা বন্ধ করিয়ে দিচ্ছে। কারণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি পাতা রয়েছে। আমাদের কাছে এখনও এমন কোনও নথি নেই, যার মাধ্যমে প্রমাণ করতে পারব যে আমরাই আসল তৃণমূল।অন্য দিকে, মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এই ঘটনার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী ৪ তারিখ বলেছিলেন, তৃণমূলের নাম-নিশান মুছে দেবেন। এখন এমনও হতে পারে, উনি গণতান্ত্রিক তৃণমূলের নাম-নিশান মুছে দিচ্ছেন।সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই নতুন মাত্রা পেয়েছে। নির্বাচন কমিশনে কার দাবি শেষ পর্যন্ত মান্যতা পায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তার মধ্যেই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

নভেম্বর ১৬, ২০২৬
বিদেশ

পাকিস্তানের কাছে হার বাংলাদেশের, তার পরেই গ্যালারিতে আগুন! সমর্থকদের শান্ত করতে ছুটলেন হামজা

ঘরের মাঠে খেলেও শেষরক্ষা হল না বাংলাদেশের। শক্তিশালী দল নিয়েও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ০-১ গোলে হেরে গেল হামজা চৌধুরীদের দল। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হল বাংলাদেশের। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ২১ বছরের অপেক্ষাও আরও দীর্ঘ হল। কিন্তু ম্যাচের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা।গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। একটিও গোল না খেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। ফলে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হল না। প্রতিযোগিতায় প্রথম গোল হজম করেই বিদায় নিতে হল বাংলাদেশকে।ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ের ফলে প্রথম বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল তারা। অন্য দিকে, ঘরের মাঠে এমন হারে হতাশ বাংলাদেশি সমর্থকেরা।হারের পর সমর্থকদের একাংশের নিশানায় গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। তাঁদের অভিযোগ, বল ধরে দ্রুত থ্রো করতে গিয়ে ভুল করে বিপক্ষের এক ফুটবলারের পায়ে বল তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করেন সামাদ। তাঁর নিচু শট আটকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার।তবে বাংলাদেশের হারের জন্য শুধু শ্রাবণকে দায়ী করতে নারাজ অনেকেই। তাঁদের মতে, গোটা প্রতিযোগিতায় দলের অন্যতম ভরসা ছিলেন এই গোলকিপার। একাধিক নিশ্চিত গোল আটকে বাংলাদেশকে বাঁচিয়েছেন তিনি। গ্রুপ পর্বে দল একটিও গোল না খাওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল শ্রাবণের। তাই একটি ভুলের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় বলেই মনে করছেন অনেকে।তবে ম্যাচের পর ঢাকার গ্যালারিতে যা ঘটেছে, তা নিয়েই এখন বেশি আলোচনা চলছে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে সমর্থকদের একাংশ গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা। ফুটবলে হার-জিত থাকবেই। কিন্তু দলের হারের প্রতিবাদে গ্যালারিতে আগুন লাগিয়ে অন্য দর্শকদের বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।এই ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর ফুটবলমহলের। মাঠের লড়াইয়ে পাকিস্তানের কাছে হার, আর মাঠের বাইরে সমর্থকদের এমন আচরণসব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বাংলাদেশের কাছে হয়ে রইল এক তিক্ত অভিজ্ঞতা।

নভেম্বর ১৬, ২০২৬
দেশ

দক্ষিণ চিন সাগরে চিনকে চাপে ফেলতে বড় চাল ভারতের! মোদীর ম্যানিলা সফরে কোন সমীকরণ তৈরি হচ্ছে?

দক্ষিণ চিন সাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাব ও আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে এশিয়ার একাধিক দেশে। এই পরিস্থিতিতে সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে একজোট হওয়ার বার্তা দিতে চলেছে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলি। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। এ বারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স।বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতাএ বারের সম্মেলনে এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পেতে চলেছে। ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম প্রধান ভিত্তি হল আসিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও এই দেশগুলির গুরুত্ব অপরিসীম। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে দুই পক্ষের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে চান তিনি।পূর্ব এশিয়া সম্মেলন নিয়েও নিজের মত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই সম্মেলন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যিক ভারসাম্য ফেরানো এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করার উপর জোর দিতে পারে নয়াদিল্লি।সমুদ্র নিরাপত্তাও এ বারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সূত্রে দক্ষিণ চিন সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখা, জলদস্যুদের দমন, অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং সমুদ্রপথে নজরদারি বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।পাশাপাশি মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট নিয়েও আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক মহলের নজর সবচেয়ে বেশি দক্ষিণ চিন সাগরের পরিস্থিতির দিকে। ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে একাধিক দেশের। এই পরিস্থিতিতে ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সমুদ্র নিরাপত্তা নিয়ে সহযোগিতা কতটা বাড়ে, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ম্যানিলা সম্মেলন থেকে বেজিংকে কোনও কড়া বার্তা দেওয়া হয় কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

নভেম্বর ১৬, ২০২৬
টুকিটাকি

কালো জিরে: ছোট্ট দানায় সুস্থতার চাবিকাঠি

কালো জিরে একটি অত্যন্ত পরিচিত ও উপকারী মসলা। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক ও প্রচলিত চিকিৎসায় কালো জিরে ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম Nigella sativa। কালো জিরে শুধু খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় না, বরং এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ঔষধি উপাদান। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে কালো জিরে রাখা যেতে পারে।কালো জিরের অন্যতম প্রধান উপকারিতা হলো এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করতে পারে। এতে থাকা থাইমোকুইনোন নামক উপাদানে অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।এছাড়া কালো জিরে হজমশক্তি ভালো রাখতে সহায়ক হতে পারে। অনেকের ক্ষেত্রে এটি গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, কালো জিরে রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে ডায়াবেটিস ও হৃদ্স্বাস্থ্যের ক্ষেত্রেও এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা চলছে। কালো জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটার অদ্ভুত স্বাদ রয়েছে। কালো জিরেতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ উপাদান। এগুলি শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও কালো জিরের তেল ব্যবহৃত হয়। তবে এসব ক্ষেত্রে উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।তবে মনে রাখতে হবে, কালো জিরে কোনও রোগের নিশ্চিত ওষুধ নয়। অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের কালো জিরে বা এর তেল ঔষধি মাত্রায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।কালো জিরে একটি গুণসম্পন্ন প্রাকৃতিক মসলা। সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি পরিমিত পরিমাণে কালো জিরে খেলে শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

ষষ্ঠীতেই জনজোয়ার, সামলাতে হিমশিম পুলিশ! ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল মানকুন্ডুর পুজোমণ্ডপ

দুর্গাপুজো, কালীপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে হুগলি। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুন্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজোমণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কিন্তু সেই ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর সপ্তমীতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এ বার জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন।রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুন্ডুতে দর্শনার্থীদের ঢল নামে। রাত ৮টার পর একাধিক পুজোমণ্ডপে ভিড় আরও বাড়তে থাকে। মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় মানুষের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। এর মধ্যেই মণ্ডপ চত্বরে একটি ভিআইপি কনভয় ঢোকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুরু হয় হুড়োহুড়ি।বড় কোনও দুর্ঘটনা এড়াতে রাত ৮টার পরেই মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিমা দর্শনও বন্ধ রাখা হয়।ওই দিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্য নেতারা। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে ঢোকার পরেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ ও প্রশাসন।অন্য দিকে, চোরবাগানের দুর্ঘটনার পর এ বার প্রথম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনের সময় থেকেই ওই ছয় কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। তাদেরই এ বার পুজোর নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট পাঁচটি জ়োনে ভাগ করা হয়েছে। পাশাপাশি ১১টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। প্রতিটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা।দর্শনার্থীদের ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোই এ বার পুলিশের প্রধান লক্ষ্য। চোরবাগানের ভয়াবহ ঘটনার পর জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনও ভাবেই নিরাপত্তার ফাঁক না থাকে, সে দিকেই নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal