পাকিস্তানকে ভেঙে ১৫ টুকরো করার ছক? আসিম মুনিরের পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক
পাকিস্তানকে ভেঙে ছোট ছোট প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পাক সেনাপ্রধান আসিম মুনিরের উদ্যোগে দেশের চারটি প্রদেশ ভেঙে ১২ থেকে ১৫টি নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে খবর। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাকিস্তানের প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে কি আদৌ লাভ হবে পাকিস্তানের?বর্তমানে পাকিস্তানে চারটি প্রদেশ রয়েছেপাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান। প্রস্তাব অনুযায়ী, এই চারটি প্রদেশকে ভেঙে আরও ছোট ছোট প্রশাসনিক অঞ্চলে ভাগ করার কথা ভাবা হচ্ছে। তবে নতুন অঞ্চলগুলির সীমানা কেমন হবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিকল্পনা সামনে আসতেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে অসন্তোষ বাড়ছে।বিশেষ করে সিন্ধু প্রদেশে এই প্রস্তাব ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। করাচি-সহ সিন্ধুর একাধিক শহরে সম্প্রতি হাজার হাজার মানুষ বিক্ষোভে শামিল হয়েছেন। সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ স্বাধীন সিন্ধুদেশ-এর দাবিতে সরব হয়েছে। ফলে নতুন করে প্রদেশ ভাগের পরিকল্পনা পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পাকিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেকই পাঞ্জাব প্রদেশে বাস করেন। সেখানে মানুষের সংখ্যা প্রায় ১২ কোটি ৮০ লক্ষ। অন্য দিকে, আয়তনে দেশের সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানে জনসংখ্যা প্রায় দেড় কোটি। দুই প্রদেশের জনসংখ্যার এই বিপুল পার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তাই প্রশাসনিক সুবিধা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে প্রদেশগুলিকে ছোট করার পক্ষে যুক্তি দিতে পারেন পরিকল্পনার সমর্থকেরা।তবে এই সিদ্ধান্ত কার্যকর করা মোটেই সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সাংবিধানিক সংশোধনী হয়নি। রাজনৈতিক দলগুলির মধ্যেও তৈরি হয়নি ঐকমত্য। আসিম মুনিরের দাবি, নতুন প্রশাসনিক কাঠামো তৈরি হলে দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও মজবুত হবে। কিন্তু সমালোচকদের আশঙ্কা, এর ফলে পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। কেন্দ্র ও প্রদেশগুলির মধ্যে ক্ষমতার ভারসাম্যও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার কৌশলে সিন্ধু প্রদেশকে ভেঙে দিতে চাইছে। এমন কোনও পদক্ষেপ করা হলে করাচিতে রক্তের বন্যা বইতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সব মিলিয়ে, পাকিস্তানের প্রশাসনিক মানচিত্র বদলের প্রস্তাব ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এক দিকে প্রশাসনিক সুবিধা ও জনসংখ্যার ভারসাম্যের যুক্তি, অন্য দিকে প্রাদেশিক পরিচয় এবং ক্ষমতা হারানোর আশঙ্কা। এই পরিস্থিতিতে আসিম মুনিরের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কি না, সেটাই এখন দেখার। তবে প্রস্তাব ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা পাকিস্তানের রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

