আদালত অবমাননার মামলায় শেষ পর্যন্ত পদক্ষেপ করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি ফিরে পাওয়ার আশা দেখছেন ওই ৭৯ জন।
আদালতের নির্দেশের পরেও কোনও পদক্ষেপ করেনি এসএসসি। সেই কারণে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন শিক্ষক-শিক্ষিকারা। মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে কমিশন জানায়, ছ’সপ্তাহের মধ্যে তাঁদের চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি মেনেই এ বার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি।
মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, ৭৯ জনই যোগ্য শিক্ষক। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—তিনটি স্তরেই তাঁরা অংশ নিয়েছিলেন। প্রতিটি স্তরের চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম ছিল। কিন্তু নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আগে শেষ হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর অংশ নেওয়া হয়নি তাঁদের।
এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার নিয়োগ বাতিল হয়। সেই তালিকায় নাম ছিল এই ৭৯ জনেরও। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আগের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা যোগ্য এবং যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ নেই, তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগের কথা বলা হয়েছিল। সেই সুযোগ পাওয়ার দাবিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ৭৯ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের আইনজীবীর বক্তব্য, এসএসসির গাফিলতির কারণেই এই শিক্ষক-শিক্ষিকাদের চাকরি হারাতে হয়েছে।
আপার প্রাইমারির কাউন্সেলিং চলার সময় ৭৯ জনকে সেখানে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারীদের বক্তব্য খতিয়ে দেখে এসএসসিকে নির্দেশ দেন, সব দিক বিবেচনা করে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। কিন্তু সেই নির্দেশের পরেও কমিশন কোনও কার্যকর পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তাই ফের আদালতের দ্বারস্থ হন শিক্ষক-শিক্ষিকারা। দায়ের হয় আদালত অবমাননার মামলা।
সেই মামলার শুনানিতে এসএসসির তরফে জানানো হয়, শূন্যপদের হিসাব খতিয়ে দেখে ছ’সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আদালতে সেই প্রতিশ্রুতি দিয়ে মুচলেকাও জমা দেয় কমিশন। অবশেষে সেই প্রতিশ্রুতি মেনেই ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। দীর্ঘ অপেক্ষার পর তাঁদের চাকরি ফিরে পাওয়ার পথ খুলল।
- More Stories On :
- SSC
- Calcutta High Court

