প্রেসিডেন্সি জেলের ভিতরে বিচারাধীন বন্দি মহম্মদ আলিকে পরিকল্পনা করেই খুন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মাথা ও মুখে ভারী ভোঁতা বস্তু দিয়ে একাধিকবার আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। খুনের পর অস্ত্রটি জেলের ভিতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ। সেটি ইট, লোহার পাইপ, নাকি অন্য কোনও ভারী বস্তু, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে শৌচাগারের কাছের সিসিটিভি ক্যামেরাটি আগে থেকেই বিকল করে রাখা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এই ঘটনায় ইতিমধ্যেই জেলের প্রায় ৫০ জন বন্দিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জেরা করা হয়েছে একাধিক জেলকর্মীকেও। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলের শৌচাগারের কাছে মাথা থেঁতলানো অবস্থায় উদ্ধার হয় মহম্মদ আলির দেহ। কে বা কারা তাঁকে খুন করল, তা জানতে জেলের ভিতরে বন্দিদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মাথার পাশের অংশ এবং মুখে ভারী কোনও ভোঁতা বস্তু দিয়ে আঘাত করার ফলেই মৃত্যু হয়েছে মহম্মদ আলির। তাঁকে একাধিকবার আঘাত করা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, আলির উপর খুনি বা খুনিদের আগে থেকেই রাগ ছিল। সেই কারণেই পরিকল্পনা করে তাঁকে জেলের দক্ষিণ দিকের শৌচাগারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের অনুমান, বৃহস্পতিবার বিকেল চারটের পর ওই শৌচাগারের কাছে মহম্মদ আলিকে ডেকে নিয়ে যাওয়া হয়। নেশার বস্তু নিয়ে পুরনো কোনও বিবাদ থেকেই তাঁর সঙ্গে অন্য বন্দিদের বচসা হয়ে থাকতে পারে। তার পরেই ভারী কোনও বস্তু দিয়ে মাথা ও মুখে আঘাত করে তাঁকে খুন করা হয় বলে সন্দেহ। খুনের পর অস্ত্রটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। জেলের ভিতরে কড়া নিরাপত্তা থাকায় সেটি বাইরে নিয়ে যাওয়ার সুযোগ কম। তাই জেলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।খুনের পিছনে কারা থাকতে পারে, তা জানতে বন্দিদের পুরনো বিবাদ এবং সম্পর্কের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। একাধিকবার ভারী বস্তু দিয়ে আঘাত করতে যথেষ্ট শারীরিক শক্তির প্রয়োজন। তাই জেলের কোন বন্দির পক্ষে এমন কাজ করা সম্ভব, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।এই তদন্তে পুলিশের অন্যতম ভরসা জেলের সিসিটিভি ফুটেজ। শৌচাগারের পাশের ক্যামেরাটি বিকল থাকায় সেখানে ঠিক কী ঘটেছিল, তা সরাসরি দেখা সম্ভব হচ্ছে না। তবে আশপাশের অন্য ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের আগে ও পরে ওই এলাকায় কারা যাতায়াত করেছিলেন, কে কখন সেখান থেকে বেরিয়েছিলেন, কারও আচরণে অস্বাভাবিক কিছু ছিল কি না, তা বোঝার চেষ্টা চলছে। বন্দিদের বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশের সন্দেহ, ওই শৌচাগারের আশপাশে গোপনে নেশার বস্তু ব্যবহার করতেন কয়েক জন বন্দি। মহম্মদ আলি-সহ কয়েক জনেরও সেখানে যাতায়াত ছিল। নেশার বস্তু অথবা তা বিক্রি করে পাওয়া টাকার ভাগ নিয়ে বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। জেলের ভিতরে নেশার বস্তু সরবরাহের কোনও চক্র কাজ করত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারবারের বিষয়ে জেলকর্মীদের একাংশ কিছু জানতেন কি না, সেই প্রশ্নও উঠেছে তদন্তে।খুনটি আগে থেকে পরিকল্পনা করে করা হয়েছিল, নাকি আচমকা বচসার জেরে আঘাত করা হয়, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যায় বন্দিদের গণনা পর্যন্ত কী কী ঘটেছিল, তার পুরো ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ। সন্ধ্যায় বন্দিদের গণনার সময়ই মহম্মদ আলির অনুপস্থিতি নজরে আসে।এন্টালির মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে আসার আগেও রেল পুলিশের একটি মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন মহম্মদ আলি। ফলে এই জেল তাঁর পরিচিত ছিল। সেই সূত্র ধরে তাঁর পুরনো সহবন্দিদের তালিকা তৈরি করছেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে আলির সম্পর্ক কেমন ছিল, কারও সঙ্গে শত্রুতা বা টাকা-পয়সা নিয়ে বিবাদ ছিল কি না, তা জানার চেষ্টা চলছে। আপাতত জেলের ভিতরে লুকিয়ে থাকা খুনের অস্ত্র এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।